বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
রিটায়ারমেন্ট
সুবীর চৌধুরী
রিটায়ারমেন্টের আর কয়েকটা বছর বাকী। কিন্তু কীভাবে যে এই
সময়টা কাটাবে সেটা ভেবেই ভি.আর.এস নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনুরূপ। বিগত
কয়েকটা বছর কেমন যেন একটা স্থবিরের মতন হয়ে পড়েছে অফিসটা। কতগুলো কম্পিউটার আর
কয়েকটা নতুন জয়েন করা কর্মী ছাড়া আর কারোর কোনো কাজ নেই। অথচ রোজ সকাল থেকেই নিয়ম
মেনে স্নান-খাওয়া সেরে ভীড় বাসে চেপে দশটা-পাঁচটা ডিউটি। অনুরূপের মনে পরে যায় ওর এক কলিগ সমীরনের কথা। ওকে ঘুষ খাওয়ার অভিযোগে
কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। সারাটা দিন ও চুপ করে বসে আড্ডা মেরে কাটাতো আর আমাদের বলতো
আমাকে অন্য কোনো সাজা দিতে পারলো না।
অনুরূপ এখন বোঝে এই সাজাটা কী ভয়ঙ্কর।
এই সব এলোমেলো ভাবনার মধ্যে শংকর এসে বললো, অনুরূপদা, কিছু
করছো?
ধূর, অফিসে কোনো কাজ তোরা রেখেছিস যে কাজ করবো? বসে বসে
ভি.আর.এস নিলে কী লাভ-লোকসান হবে সেই হিসাবটাই কষছি।
কি বলছো বলতো! গত দু বছরে প্রায় একুশ জন সিনিয়র ভি.আর.এস
নিয়েছে। অফিসটা কেমন ভূতুড়ে জায়গা হয়ে উঠেছে। আর তুমি চলে গেলে আমরা যে অভিভাবকহীন
হয়ে পড়বো সেটা একটু ভাববে না। ধরো, এই যে রোজ তোমাকে দিয়ে আমি আমার মেয়ের স্কুলের
জ্যামিতির একস্ট্রা বা বাংলা রচনা লেখা, কিংবা এই সেদিন অভি তোমাকে দিয়ে ওর দিদির ছেলের
জন্য একটা হিস্ট্রির প্রশ্নের উত্তর লিখিয়ে নিয়ে গেল এগুলো কী কাজ না?
অনুরূপ হেসে ফেলে। হ্যাঁ ওগুলোও কাজ। আচ্ছা শংকর, তোরা
আমাকে তোদের ছাত্র ভাবতে পারিস না? ধর তোরা তিন চার জন সারাদিন ওই বাক্সের সামনে
বসে খুট খুট করে কাজ করেই চলেছিস। আমাকে ওই কাজটা শিখিয়ে নিতে পারিস না?
এর মধ্যে অভিও কখন পাশে এসে দাঁড়িয়েছে অনুরূপ তা দেখেনি।
অভি হাসতে হাসতে বলে, তোমারতো মেরে কেটে বছর দু-এক চাকরী
আছে।
কী হবে এসব শিখে?
অনুরূপ বুঝতে পারে প্রফেশনালিজম কিভাবে আয়ত্ত করেছে এই
জেনারেশানের ছেলে-মেয়েরা। ভাগ্যিস বলে নি, যে তোমার ছেলেওতো কম্পিউটার ইঞ্জিনিয়ার,
তুমিতো বাড়িতেই নিজেকে মেজে ঘষে নিতে পারো। কথাটা যদি বলেও বসত, আমাকে মেনে নিতেই
হত, কারণ কথাটা একদম ঠিক।
বাড়িতে ছেলের কম্পিউটারে দু-এক বার বসার চেষ্টা অনুরূপ
করেনি তা নয় কিন্তু বাবাকে শেখানো তো দূরের কথা, ওঠো ওঠো বলে উঠিয়ে দিয়েছে। অথচ,
সারাদিন ফেসবুক নিয়ে, গেম খেলে বহু সময় নষ্ট করে কিন্তু বিদ্যা দান? নৈব নৈব চ।
অভি’র কথাটা ভালো ভাবে নেয় না অনুরূপ। মনে মনে একটা কথাই ভাবে পড়ার আবার বয়স?
সেদিন অফিস ফেরত অনুরূপ ঢুকে পড়ে একটা কম্পিউটার এর দোকানে।
এখান থেকেই কয়েক মাস আগে ছেলের জন্য নতুন মেশিনটা কিনেছে। কেমন এক অজানাকে জানার
মন নিয়ে কিনে ফেলে একটা ল্যাপটপ। সে ভাবছিল বাড়িতে ঢুকে শিউলীকে একটা সারপ্রাইজ
দেওয়া যাবে কিন্তু বাবার হাতে নতুন ল্যাপটপ দেখে নিজেকে ধরে রাখতে পারে না, দৌড়ে
এগিয়ে আসে।
বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা, তুমি কীভাবে বুঝলে যে আমার এটা
লাগবে? জানো আমি ভয়ে ভয়ে তোমাকে বলতে পারছিলাম না।
(২)
অফিস পাড়ার ফুটপাতটা চিরকালই অনুরূপের খুব প্রিয়। ছাত্রজীবন
থেকেই বই এর নেশা, আর অফিস পাড়ার ফুটপাত থেকে বহু মূল্যবান বই সে কিনেছে সস্তা
দামে। শিউলীর সাথে সংসার পাতার পর থেকে সে টিফিন নিয়ে অফিস আসে, তাই বড়ো একটা এখন
আর ফুটপাত ঘোরা হয় না। সেদিন টিফিন টাইমে সে বেড়িয়ে পরে কম্পিউটার সংক্রান্ত বইয়ের
সন্ধানে। ফুটপাতে বই দেখতে দেখতে MS DOS লেখা একটা মোটা বই হাতে নিয়ে দাম জিজ্ঞাসা
করে। দাম শুনে খটকা লাগে। এত মোটা প্রায় তিনশো পাতার বইটার দাম মাত্র একশ
টাকা? নিশ্চয় আজে বাজে কিছু একটা হবে। না নেওয়ার জন্য সে দোকানীকে বলে পঞ্চাশ টাকা
দেব, হবে? দোকানদার তাতেই রাজী, লজ্জায় পরে সে না নিয়েও পারে না।
অফিসে এসে বইটার পাতা উল্টে-পাল্টে দেখছে;......... অভি পাশে এসে দাঁড়ায়।
কী বই পড়ছো অনুরূপদা?
ও কিছু না, কিছুটা লজ্জা পায় অনুরূপ।
অভি বলে MS DOS! এটা কোন কাজে লাগবে? এটাতো এখন
অবসোলেট। ভালো টুপি খেয়েছ ।
অনুরূপ বিরক্ত হয়, বই থেকে চোখ তুলে বলে;
পড়েছ নাকি বইটা?
হ্যাঁ...একটু থেমে বলে না,
না মানে এটা পুরোনো মেশিন অপারেটিং সিস্টেম এর বই বলে শুনেছি।
ও, তাহলে পড়নি বল?
অভি একটু অস্বস্তি বোধ করে; খানিকটা সময় ভেবে নিয়ে জিজ্ঞাসা
করে,
তা আপনি হঠাত্ এসব নিয়ে পড়লেন কেন?
না, মানে তোমাদের ছেলে-মেয়েরা যদি এ বিষয়ে কিছু প্রশ্ন করে,
তখন আমি কী ভাবে বোঝাবো বল?
অভি বুঝতে পারে কথার শুরুতেই সে নিজের দৈন্যতাটা দেখিয়ে
ফেলেছে। আর কথা না বাড়িয়ে সে বলে, অনুরূপদা, তোমাকে আমি অপারেটিং সিস্টেম এর কিছু বই
দেব। দ্যাখো কিছু উদ্ধার করতে পার যদি। আমরা বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেম নিয়ে
রেগুলার কাজ করে যাচ্ছি। ক্রিয়েটিভ কিছু করতে গেলে বিষয়টার ভিতরে যেতে হয়, যেটা
আমার দ্বারা হয়ে ওঠে নি, তবে মোটা মোটা অনেক বই আছে । তুমিতো খুব বুকিস, ওগুলো
তোমাকে দেবো, দ্যাখো আমরা যেগুলো উপর উপর
জানি সেগুলো তুমি যদি উদ্ধার করে দিতে পারো, আমাদেরও কাজে লাগবে।
অনুরূপের ভারি অবাক লাগে অভি’র কথায়, কারন এখানেও সেই প্রফেশনালিজম! খালি গিভ এন্ড টেক। কেনা বইটার প্রথম কয়েক পাতা পড়ে অনুরূপ এটুকু
বুঝতে পারে, যে পঞ্চাশটা টাকা তার জলে যায়নি।
অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়েই অনুরূপ বিছানার উপর ল্যাপটপ
নিয়ে বসে গেছে। শিউলী চা নিয়ে আসে দুজনের জন্য, সাথে সামান্য কিছু খাবার।
পাশে বসে বলতে থাকে,
শনিবার বিয়ের নেমতন্ন আছে ভুলে যাওনি তো?
এই যাঃ, সত্যিতো ভুলেই গেছিলাম।
কিছুতো কেনা হয় নি। চল না, একটু বেড়োই।
অনুরূপ, শিউলীর মুখের দিকে তাকিয়ে বলে, যা হোক কিছু নিয়ে
এসো না। খুব টায়ার্ড লাগছে।
শিউলী রাগের সুরে বলে; রোজই তো বলছো অফিসে কোনো কাজ নেই,
ভি.আর.এস নেবে,
তাতেই এত টায়ার্ড?
অনুরূপ শিউলীর মুকের দিকে তাকিয়ে বলে, না মানে ঠিক তা নয়, আসলে
ল্যাপটপটা একটু ঘাঁটতাম।
কথাটা শুনে শিউলী আরো রেগে ওঠে; নিজের মনেই বলতে থাকে;
সারাদিন একা একা ঘরে কাটাই। ছেলেটা ওর মতন পরে আছে
কম্পিউটার নিয়ে, আর তুমি কিনলে ল্যাপটপ। কী অদ্ভূত ভূতের সংসার.........।।
অন্যদিনের থেকে আজ অনুরূপের অফিসের ব্যাগটা মোটা দেখে শিউলী
জিজ্ঞাসা করে,
কী, আবার কিছু কিনেছ বুঝি?
অনুরূপ চুপ করে থাকায়, শিউলী নিজেই ব্যাগটা খোলে। অভিযোগের
সুরে বলতে থাকে, তুমি আবার বই কিনেছ?
কথাটা ছেলেরও কানে যায়, মাকে জিজ্ঞাসা করে কী বই গো মা?
শিউলী ভীষন রাগে উঠে যায়, ছেলেকে বলে, যা গিয়ে দেখে নে; আমি
বাজারে চললাম।
রাত্রে খাবার টেবিলে, অনুরূপ ছেলেকে বলে, হ্যাঁরে MS
DOS পড়েছিস?
হ্যাঁ পড়েছি, কিন্তু......... বাবা তুমিতো আমাকে কখনো এসব
প্রশ্ন করো না;
বরং কম্পিউটার
বিষয়টা তুললেই বলো এসব বাদ দে বুঝি না; ম্যাথ, ফিজিক্স নিয়ে কিছু জানার থাকলে বল্; কিন্তু, আজ হঠাত্ করে একটা পিওর অপারেটিং সিস্টেম নিয়ে পড়লে
কেনো বলতো?
অনুরূপ বলে, না রে ও কিছু না।
আচ্ছা বাবা, তুমি যে কোনো বই কিনলেই প্রথমে আমাকে দেখাও।
আজকে কিন্তু দেখাও নি।
আর এজন্য আমি দেখতেও যাইনি।
অনুরূপ একটু বিব্রত বোধ করে বলে, আরে তোকে তো দেখাবোই।
কী বই কিনেছো?
আরে ছাড় না।
কী ব্যাপার বলোতো?
মৈনাক যে বিষয় নিয়ে পড়াশুনো করছে, সেই বিষয়েরই বই কিনেছে,
অথচ কেনার আগে একবারও ওকে জানায় নি, ব্যাপারটা
অনুরূপকে কেমন একটা সংকুচিত করে তোলে।
মৈনাক টেবিল ছেড়ে উঠে যায়, বাবার ব্যাগ থেকে বইটা বার করে
বাঁ হাতে নিয়ে টেবিলে রাখে।
খাওয়ার ফাঁকে দু-চার পাতা উল্টোতে উল্টোতে বলে বাবা, এই
বইটা পেলে কোথায়?
আমিও এটা খুঁজছি অনেক দিন ধরে। যাদেরকেই বইটার কথা জিজ্ঞাসা
করি হেসে উড়িয়ে দেয়।
বলে আরে ওই অবসোলেট বইটা দিয়ে কী করবি?
অনুরূপের কানে অবসোলেট কথাটা লেগে যায়।
অভির মুখে অফিসে ঠিক এই কথাটাই আজ ও শুনেছে। নিজের মনেই
ভাবতে থাকে, বই কখনো অবসোলেট হয়?.........
অনুরূপ শিউলীর দিকে তাকিয়ে বলে, কিগো এখনো তোমার খাবার নাও
নি যে? খাবে না?
শিউলী দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ভাবে যাক বাপ-ছেলের তবু হুঁশ
হয়েছে যে ঘরে আমিও আছি।
(৩)
পরদিন অনুরূপ অফিসে গিয়ে অভির খোঁজ করে, বই এর কথাটা ওকে
স্মরণ করানোর জন্য।
শংকর বলে অভি আসতে পারবে না। ওর মা খুব অসুস্থ্।
কী হয়েছে? কিছু বলেছে? বাড়িতেই আছে না কি নার্সিংহোম টোমে
ভর্তি করাতে হয়েছে?
না সে সব কিছু বললো না।
অনুরূপ অভিকে ফোন করে। কিন্তু ফোনটা ধরে ওর মা।
অনুরূপ একটু অবাক হয়, প্রশ্ন করে, আপনি কেমন আছেন দিদি।
আমিতো ভালোই আছি ভাই, কিন্তু অভিটা মাঝে মাঝেই এরকম অসুস্থ
হচ্ছে।
কই অভি কখনোতো কিছু
জানায় নি! কী হয়েছে একটু বলবেন? ও কি বাড়িতে আছে?
না বাড়িতে তো নেই। এইমাত্র ওর দিদি এসে ওকে স্ক্যান করাতে
নিয়ে গেল। ওর মাথার ব্যাথাটা আমাকে খুব ভাবাচ্ছে। সব কিছু চেপে রাখে। পেইন কিলার
খেয়ে ব্যাথা ম্যানেজ করে। এমন কি আমাদেরও কিছু জানায় না। অভি ফিরলে ওর দিদির সাথে
কথা বোলো। অভির মা ফোনটা ছেড়ে দেয়।
অনুরূপ কিছুক্ষন চুপ করে থাকে।
শংকর জিজ্ঞাসা করে, কি, কিছু খবর পেলে?
না রে কিছু বলল না। চল্ না অফিস ফেরত ওর বাড়ি হয়ে
যাই।
শংকর বলে, আমার
আজকে হবে না। টিউশন আছে।
অনুরূপ শংকরকে অসুস্থতাটা যে অভির, সে কথা আর বলে না।
অফিস ফেরত অভির বাড়িতে যায়।
অভির বাড়িতে ঢুকে, অনুরূপ বুঝতে পারে যে, পরিবেশটা কেমন যেন
থম্থমে।
অভির মা চা এনে দেয়।
অভি এক দিনেই অনেকটা
কাহিল হয়ে পড়েছে মনে হয়।
অনুরূপ অভির মা’র মুখের দিকে তাকায়। ওর মা উঠে চলে যায়।
ঘর ফাঁকা দেখে, অভিকে বলে, তোর এমন কী হয়েছে যে, শংকরকেও
চেপে গেলি?
অভি এদিক- ওদিক একটু দেখে নেয় তারপর বলে, গত মাস খানেক হল মাথা ব্যাথাটা শুরু হয়েছে।
প্রথমে ভাবলাম চোখের পাওয়ারটা বেড়েছে। চোখ দেখিয়ে পাওয়ারটা চেঞ্জ করলাম। কিন্তু
ব্যাথাটা কমল না। গতকাল রাত্রে ব্যাথাটা ভীষণ বাড়াবাড়ি হল। সারারাত প্রায় জাগা।
সকালে দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। পেইন কিলার চার্য করে সাময়িক ভাবে
ব্যাথাটা কমিয়ে, সোজা স্ক্যান করতে পাঠিয়ে দিলো। এখনো পর্যন্ত রিপোর্ট পাইনি। কাল
বুঝতে পারবো।
নিজের ছেলেটাও বড় হয়ছে, আর ওর স্বভাবটাও অনেকটা অভির মতন, খুব রিজার্ভ। আজ বাদে কাল হয়ত ও একটা চাকরীও
পাবে, তারপর......এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই একরাশ উত্কন্ঠা নিয়ে বাড়ি ফিরলো
অনুরূপ।
(৪)
আগে অনুরূপের বাড়ি থেকে বেড়োনোটা ফিক্সড্ ছিল, কিন্তু
ফেরাটা যখন যেমন তখন তেমন। এখন ঠিক আর সেভাবে
চলে না। গত চার-পাঁচ বছর ফেরাটাও নির্দিষ্ট সময়ের সাথে চলছে। আজ অনেক দেরী
হয়ে গেছে, আর শিউলীকে একটা ইন্টিমেশনও দেওয়া হয়নি। ওর কথা ভেবেই একটা ফোন করবে বলে
মোবাইলটা বের করে। কিন্তু বাস স্ট্যান্ডে সিগারেট ধরানোর আগেই মৈনাক সামনে এসে
দাঁড়ায়।
কী ব্যাপার বলোতো। কটা বাজে হুঁশ আছে?
আমি আর মা প্রায় এক ঘন্টা হল বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি।
অনুরূপ হেসে ওঠে, বলে আরতো দু-বছরও নেই রিটাইয়ার্ডমেন্টের;
এরপর তো আর উত্কন্ঠা বলে কিছু থাকবে না তোদের। কুড়িটা মাস না হয় ... অনুরূপ থেমে
যায়।
শিউলীও চুপ করে থাকে;
মৈনাক রেগে গিয়ে বলে জানো, তোমার কথা ভেবে আমি ল্যাপটপটা
সন্ধ্যার পর আর ধরি নি?
অনুরূপ আর এক দফা হেসে ওঠে মৈনাকের রাগের কারণ শুনে। ভাবে
ছেলেটা আজও ঠিক আগের মতনই আছে তবে পাশাপাশি শিউলীর উত্তাপটাও অনুভব করে;
কখন যেন সে ভুলেই
যায় অভির স্ক্যান রিপোর্টটা কালকে জানা যাবে।
(৫)
খাবার টেবিলে শিউলী প্রশ্ন করে, আজকে তোমার এত দেরী হল কেন?
একটু অভির বাড়িতে গেছিলাম, ওর শরীরটা ঠিক নেই।
সকালে অফিসে গিয়ে শংকরের মুখে শুনলাম, ওর মা খুব অসুস্থ।
ফোন করলাম ওর মা’ই ধরল।
বললো অভি নিজেই অসুস্থ। শংকরকে অবশ্য বিষয়টা এখনো জানাই নি। শংকরকেও যেতে
বলেছিলাম, ওর টিউশন আছে বলে ও যেতে চাইল না। আমি একাই গেছিলাম।
মৈনাক বলে, বাবা, এই ছেলেটা তোমাকে কম্পিউটার অপারেট করার
ব্যাপারে ইনসাল্ট করেছিল না?
হ্যাঁ হ্যাঁ, বাব্বাঃ তুই ঠিক মনে রেখেছিস তো।
শিউলী জিজ্ঞাসা করে, কী হয়েছে? এইতো কয়েক বছর হল চাকরিতে
জয়েন করেছে।
অনুরূপ কিছুক্ষন চুপ করে থাকে তারপর বলতে থাকে;
ওর মাথায় অসহ্য যন্ত্রনা, ডাক্তার দেখিয়েছে, আজ ব্রেন
স্ক্যান করিয়েছে, কালকে জানা যাবে।
শিউলী উদ্বেগের স্বরে বলে, ভয়ের কিছু নেই তো?
আরে না রে বাবা। সব ব্যাপারেই তোমার এই টেনসন্ ব্যাপারটা
আর গেল না।
এর মধ্যেই শংকরের ফোন আসে।
শিউলীকে ফোনটা ধরতে বলে, অনুরূপ হাত-মুখ ধুয়ে আসে; অভির ব্যাপারটা
জানায়, এরপর অফিসের কাজের ব্যাপারে দুজনে কথা বলতে ব্যাস্ত হয়ে পরে।
(৬)
মৈনাক, বাবার কথাগুলো হাঁ করে শুনছে আর ভাবছে এই
সামান্য অপারেটিং সিস্টেম না জানার
জন্য অফিসে অন্যেরা কত কেতা করে। ও বুঝতে
পারে যে, তার বাবা মানুষটা কখনোই পিছিয়ে থাকার লোক নয়, আর মনে মনে ভাবতে থাকে,
বাবা এই সামান্য বিষয় শিখেই নেবে।
শিউলী অনুরূপের জন্য জল আর ওষুধ নিয়ে আসে।
অনুরূপ ফোনটা ছেড়ে শিউলীকে বলে, কম্পিউটার ব্যবহারটা এবার
শিখেই নেব।
মৈনাক-শিউলী দুজনেই বোঝে
যে, কিছুদিন আবার অনুরূপকে নিজেদের মধ্যে পাওয়া যাবে না। উনি নিজের জগতে
নিজের মতন কাটাবেন।
মৈনাক-শিউলী দুজনে বুঝতে পারে যে, কিছু মানুষ এরকমই হয়। যাদের
শেখার ব্যাপারে কখনোই পিছিয়ে দেওয়া যায় না। এদের নতুন কিছু শিখতে কোনো অনীহা নেই। শেখাটা
এদের কাছে একটা স্বাভাবিক প্রবৃত্তির মতন বিষয়, এজন্য এরা সব বয়সেই যে কোনো কিছু শিখে
নিতে পারে।
শিউলী অনুরূপকে বলে, ওষুধটা নাও আমি ও ঘরে যাব।
(৭)
অভি’র রিপোর্ট গুলো হাতে এসেছে।
তেমন কিছু নয়, স্পন্ডেলাইটিস।
ঘাড় গুঁজে কাজ করার ব্যাপারে শুধু রেসট্রিকসান।
আর কিছুদিন ফিজিওর কাছে যাওয়া।
শংকর এসে বললো অনুরূপদা, তুমি একটু হেল্প কোরো। অভিকে কিছুদিন
রেস্ট দিতে হবে।
অভি চুপ করে শুনতে থাকে আর ভাবে, এইতো কদিন আগে সে-ই না
বলেছে...আর তো দুবছর আছে অনুরূপদা, এখন আর কী শিখবে......
লজ্জায় অভির মুখটা
লাল হয়ে ওঠে।
অনুরূপ আদ্যপ্রান্ত MS Dos বইটায় চোখ বুলিয়ে এটুকু বুঝেছে, এটা
প্রাথমিক অপারেটিং সিস্টেম। আর অভি, মৈনাক
বা শংকর একটু মডিফায়েড বা আপগ্রেডেড অপারেটিং সিস্টেম শিখে অপারেট করছে।
নিজের মনেই ওর মনে হয় অফিসের কাজটা সামলে দেওয়া তেমন কিছু কঠিন নয়।
নিজেকে প্রথমে টাইপিস্ট হতে হবে আর বাকীটা?
নিজের মনেই হেসে ফেলে অনুরূপ।
অভি বলে কি গো হাসছো কেন?
না মানে, এই বুড়ো বয়সে টাইপ শিখতে হবে ভাবছিলাম।
প্রথম কয়েকদিন অভি, শংকরদের সাথে বসে অনুরূপ কাজ গুলো বুঝে নিতে থাকে।
ওদের কাজ করার পদ্ধতি অনুরূপের পছন্দ হয় না। বুঝতে পারে,
কোথায় যেন একটা ফাঁক থেকে যাচ্ছে।
অভিকে বলে, বইপত্র দিবি বলেছিলি, কবে দিবি?
ছেলের আর অভির টিচিং তার সাথে বইপত্র ঘাঁটাঘাঁটি আর নিত্য নতুন ইচ্ছার তাগিদে অনুরূপ
পরিচিত হয়ে উঠতে থাকে Windows95,
Windows98, Windows2000, Windows ME, Window XP, Vista, Windows7, Windows8 আপগ্রেডেড অপারেটিং সিস্টেম গুলো।
অভি কম্পিউটারের সামনে দাঁড়িয়ে দেখতে থাকে অনুরূপদাকে। যেন
কতকাল খেতে না পাওয়া কেউ খাবার পেয়েছে। একাগ্রতা দেখে ভীষণ হিংসা হয়। মনে হয়, এই
সেদিনও না জানার কারণে ভি. আর. এস নিয়ে
নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল। কিন্তু কী অদম্য ইচ্ছা। আমরা যারা তরতাজা ব্রেন দিয়ে
বছর-দুবছর ধরে যেটা আয়ত্ত করেছি, সেটা কিনা মাত্র দুমাসের টাস্ক?
পাশের টেবিলে বসে শংকর তাস খেলছে দেখে অভি লজ্জা পায়।
অনুরূপ কাজ শেষ করার পর প্রতিদিন নিত্য নতুন বিষয় নিয়ে ঘাঁটে।
কখনো ফটোসপ্, কখনো এক্সেল, কখনো অটোক্যাড আরো কতো কী! আজকাল আবার ল্যাঙ্গুয়েজ
নিয়ে পড়েছে। মাঝে মধ্যে আমাকে, শংকরকে
বাচ্চাদের মতন ডেকে দেখায়, রেডিমেড উইন্ডো বা টুলস গুলো আমরা নিজেরাই
কিভাবে বানিয়ে নিতে পারি এই সব নানান জিনিস।
আজকাল অনুরূপের আর বাঁধা-ধরা সময়ে অফিস থেকে ফেরা হয়ে ওঠে
না। অফিসের কাজ সেরে নিজের পড়ায় মন দেয়। ওর জন্য এখন অন্যরাও বসে থাকতে বাধ্য হয়।
অনেকেই এখন আড়ালে গিয়ে আলোচনা করে, অনুরূপের রিটায়ারমেন্টটা হলে বাঁচা যায়!
(৮)
শিউলী খাবার টেবিলে এসে ছেলেকে বলে, এই তোর বাবা কে ডাক।
রাত বারোটা বাজতে চললো যে।
মৈনাক বাবাকে বলে খাবে চলো।
শিউলী জিজ্ঞাসা করে এই, তোমার ফেয়ারওয়েল কবে?
আর একমাস তিনদিন বাকী?
কিন্তু কেন বলোতো?
না মানে, এখন ছেলেটাও তো চাকরী করে; আমার যেন সময় কাটতে চায়
না।
মৈনাক হেসে বলে, বাবার লাইফে ফেয়ারওয়েল বলে কিছু আছে না কি?
মা তুমি মিলিয়ে নিও বাবা কোনোদিন রিটায়ার্ড হবে না।
অনুরূপ শিউলীর দিকে মুখ করে বলতে থাকে, তোমার কাজ থেকে তুমি
কি রিটায়ার্ড হবে?
তাছারা তুমি চাইলেও কী তোমাকে আমি রিটায়ার্ড হতে দেবো?
শিউলী উত্তর দিতে পারে না।
মৈনাক শিউরে ওঠে বাবার অভিব্যাক্তিতে।
বুঝতে পারে যে, বাবার কাছে রিটায়ারমেন্ট কথাটার অর্থ কী।
নীরবতা ভেঙে, চার্চের ঘড়িটায় একটার ঘন্টা বেজে ওঠে।
(৯)
আজ একমাস তিন দিন শেষ হলো।
অনুরূপ স্নানের পরে খেতে বসে শিউলীকে বলে, কাল থেকে
তোমার-আমার এই দীর্ঘ বছরের দশটা-পাঁচটা ডিউটি শেষ হচ্ছে।
তোমার ঠিক কেমন লাগছে বলো তো?
শিউলী চুপ করে থাকে।
আজ মৈনাকও অফিস যাবে না। বাবার ফেয়ারওয়েল বলে ছুটি নিয়েছে।
ওরা তিন জনই আজ একসাথে কাটাবে সারাদিন।
বাবার দিকে তাকিয়ে মৈনাক জিজ্ঞাসা করে, বাবা অফিস তোমাকে
ছাড়বে তো?
শিউলী বলে, তুমি ভি.আর.এস নিলেই মনে হয় ভালো হতো।
কারন চাকরীটা তোমাকে ছাড়তে পারতো না।
অফিসে পৌঁছনোর পর অনুরূপ একটু থমকে যায়।
কারণ যারা ওকে কখনোই পছন্দ করতো না তারাও আজ এসেছে নানান রকম উপহার নিয়ে।
শংকর মৈনাকের সাথে গল্প জমায়।
অভি মৈনাককে বলে, অনুরূপদা আমাদের কাছে একটা মডেল চরিত্র।
অনুষ্ঠানের শেষে সহকর্মীরা অনুরূপকে কিছু বক্তব্য রাখার
জন্য অনুরোধ করে।
সমস্ত অফিস কর্মীরা স্তদ্ধ হয়ে যায় অনুরূপের এক অতি সাধারন
বক্তব্যে।
অনুরূপ বলতে থাকে কম্পিউটার এর উদ্ভাবন থেকে আজ পর্যন্ত যে
যে ভাবে এই বিজ্ঞান অগ্রসর হয়েছে তার বর্ণময় ইতিহাস। হার্ডঅয়্যার, সফটঅয়্যার আর
ভাষার মেলবন্ধন সমৃদ্ধ এক অনুরূপকে ছাড়তে চায় না অফিস। ব্যাতিক্রম যেন আরো একবার
আঙুল তোলে নিয়মের দিকে।
তারিখ: ০৪/০৫/২০১৩
___________________________সমাপ্ত_______________________________________
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)