ওয়েব সাহিত্য
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
নিঃশব্দ
শুরু করেছিলো নিখিল। এরপর একের পর এক একই পথের পথিক। রবি গেছে অস্তাচলে। এবার মনিও চলে গেলো। অযান্ত্রিক জীবনযাত্রা শেষ হলো, শুধু যন্ত্রটা দাঁড়িয়ে থাকলো। যন্ত্রটাকে নিজের মতন বাজতে শেখায় নি কোনো কেউ। যন্ত্র গুলোর অবস্থা ঠিক বেশোর কাঠের মতন। বেশোর কাঠ দাঁড়িয়ে থাকে পুকুর ঘাটে আর এরা সোজা হয়ে নিশ্চুপ থাকে কোনো একটা ঘরের কোনায়। ক্রমে মরিচা পরে সাত সাতটা তারে। রাতের অন্ধকারে টং করে একটা শব্দ হয়। তার গুলো এভাবেই ছিঁড়ে যায়। সে তার আর বাজে না। পরে থাকে একটা কারুকার্য খচিত কাঠ। হয়তো এটাই মৃত শিল্পীর বেশোর কাঠ। এখানেই এক অযান্ত্রিক শরীরের সাথে যান্ত্রিক জীবনের পার্থক্য। আমার একটা হাত অকেজো হয়ে পরার পর এভাবেই আমি যন্ত্রটার যন্ত্রণা বুঝেছি। এভাবে পচে গলে মরা কতটা বেদনার, সেটা একজন শিল্পীর থেকে বেশী বোঝার কেউ নেই। সত্যিই তার ছিঁড়ে গেছে। আধুনিক জীবনের সাথে এই যন্ত্রের সখ্যতা নেই। থাকবেই বা কেনো? এই সাত সপ্তক নিয়ে সাত সহস্র সুর কেনোই বা তারা ভাববে? তাদের ভাববার অবকাশ ও নেই। পেট চালাতে কুকুর পাগল হওয়ার পরিবেশে সৃষ্টির সাথে একাত্ম হওয়া যায়? মরিচার প্রভাব সর্বত্র। মরিচা ধরেনি শুধু কলমে। এখনো কলম ছুঁটে চলতে পারে। রোজ সে থুতু ছেঁটায়। থুতু তার শেষ হয় না। নানান এনজাইম সমৃদ্ধ এই থুতু। সব কিছুই তার দ্বারা সহজ পাচ্য হয়ে ওঠে। পরিপাক হয় সমাজ জীবনের পরিপাক যন্ত্রে।
প্রতিবর্ত ক্রিয়া সবথেকে বেশী অনুভব করেন শিল্পীরা। কন্ঠ গেয়ে চলে, হারমোনিয়ামে হাতদুটো চলে সমান গতিতে।কখনো ভুল হয় না। মস্তিষ্ক যেমন ভাবছে হাত চলছে ঠিক তার মতন। যারা তারের বাদ্যে অভ্যস্ত তাদের কাছে এটা আরো বেশী করে ভাবায়। ভাবায় শুরুর দিনগুলোর বিরক্তিকর বিষয়, ভাবায় অনেক অনেক সময়ের শেষে ঠিক একই ঐক্যে বেঁধে থাকা শরীর আর মন। অনেক সংখ্যক মানুষ আছেন এই পৃথিবীতে যাদের হাত আর মস্তিষ্ক হয়ত একভাবে, একসাথে একাত্ব হতে শেখেনি। সেখানে আছে মস্তিষ্ক আর কান। কান অবচেতন মনেও অনেক কিছুই শুনতে পায় ঠিক স্বপ্নালু একটা অভ্যাসে। দুটো চোখ ঘুমিয়ে পরে সুর আর লয় এর সাথে।
বিজ্ঞান ও বিজ্ঞানীরা বলেন ব্রেন ইজ ওয়েল ওয়্যার্ড। আমরা যারা শিল্পী তাদের ভাবনার সাথে বিজ্ঞানীর ভাবনার মাঝে একটু তফাত আছে। বিজ্ঞানী যেটা তারের সংযুক্তি ভাবেন শিল্পীরা ভাবে ইট ইজ ওয়্যারলেস একটা প্রযুক্তি। এই কারনেই হয়ত আধুনিক জগতের নানাবিধ সুর সামগ্রী আগের মতন মিষ্টি হয়ে ওঠে না। যে যন্ত্র গুলো একটা সুইচ, একটা বৈদ্যুতিক সংযোগ দিয়ে এগিয়ে চলে সেগুলোর যে গোড়ার প্রোগ্রাম সেটা যে হাতের স্পর্শে মধুর থেকে অতি মধুর হয়ে উঠতো, তা হয় না। এখানেই মস্তিষ্কের সাথে দৈহিক প্রতিবর্ত ক্রিয়ার ভাববাদের তফাত।
একটা সুর বৃষ্টি নিয়ে আসতো, একটা সুর আগুন বয়ে আনতো আবার একটা সুর আবেগমথিত ভাবে হয়ে উঠত মেডিটেশন। আধুনিক যন্ত্র বা যন্ত্রবিদ এই খানেই পিছিয়ে।
ইদানীং সময়ে কন্ঠের প্রচলন বেড়েছে। ওই সাত সপ্তক কে অনেক বেশী উচ্চতায় নিয়ে পৌঁছতে পারছে মানুষের কন্ঠ। একটু ভাবলেই অনুভব করা যায় এর কারণ।
মানুষই প্রথম অনুভব করেছিলো কাকের স্বর কর্কশ, কোকিল অথবা পাপিয়ার স্বরের মধুরতা। এটা আসলে ফ্রিকোয়েন্সির সাথে মানুষের সম্পৃক্ততা।
মানুষের অনুভবেই একই পাখির বিভিন্ন গায়কি। একটা ঘুঘু সূর্য উদয়ের পরে যে স্বরে সুর শোনায় সেটা ছন্দবদ্ধ ভাবে তাল ও লয় সংযুক্ত করে মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের অভিব্যাক্তি যে সুর সেটা এইরকম ' ঠাকুর গোপাল ওঠো ওঠো।' আবার সন্ধ্যায় তার কন্ঠে বেজে ওঠে 'ঘুম ঘুম ঘুম।'
আবার ভরদুপুরে কাঠঠোকরা পাখি ঠকাঠক শব্দে কর্মব্যস্ত অথচ ঠিক সন্ধ্যায় বাসায় ফেরার আগে ডাক ছেড়ে বলে যায় বাড়িতে অতিথি আগমনের কথা। আশ্চর্য লাগছে না?
ছোট্ট একটা হলুদ কালো পাখি নিজের মনে গাছের কোনো একটা অদৃশ্য ডালে বসে গেয়ে চলেছে ' বউ কথা কও।' আবার কখনো সে শোনাচ্ছে 'কুটুমালি।'
এই পাখির দল আসলে কন্ঠশিল্পী। এদের মৃত্যুর পর সুর আর লয় ছাড়া কিছু পরে থাকে না। অথচ আমার বাঁশি ওই সুর লয় অবিকল একভাবে শেষ করার পরেও যখন ঠোঁট দুটো থেমে যায় তখন পরে থাকে একখন্ড বাঁশের নষ্ট হয়ে যাওয়া, ফুঁটো করা টুকরো।
এই জীব জগতের নানাবিধ পশু, পাখি সহ বহু স্বর ও সুর একটা মস্তিষ্ক আপন করে নিতে পারে। এজন্যই এই অযান্ত্রিক শব্দের উদ্ভব। অর্থাৎ মানুষের অনুভবে অনেক কিছু বেজে ওঠে জীব জগতের জাগতিক অরূপ নিয়ে, যা একটা যন্ত্রের মাধ্যমে হয়ে ওঠে না। যদিও আধুনিক প্রযুক্তির AI অদূর ভবিষ্যতে কি পারবে, কতটা পারবে সেটা ভাবতেই হয়। তবুও এই পর্যন্ত মানুষের মস্তিষ্কের যে সূক্ষ্ম অনুভব বাস্তব জগৎ আর ভাব জগতের মেলবন্ধনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে সেই পর্যায়ে মস্তিষ্ক ব্যাতিরেকে সৃষ্টি করতে পারবে কি? সেই দিন এই বেশোর কাঠ অথবা নষ্ট করা বাঁশের টুকরোগুলো মূল্যহীন হয়ে পরবে কি?
হয়ত হবে, হয়তোবা হবে না। কিন্তু একটা কথা না বললে এ লেখা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হল মস্তিষ্ক কখনোই যন্ত্র হয়ে ওঠেনি এবং যন্ত্রও কখনো মানুষের ভাবাবেগ থেকে উচ্চে অবচারণ করবে না।
আমার মনে হয়েছে নিঃশব্দ বিষয়টা শুধুমাত্র মানুষেরই অনুভব হতে পারে, যন্ত্র সেখানে নৈব নৈব চ।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জীবনের ঠিকানা
এই পুজো বিষয়টা আমার কাছে একটা মন খারাপ করার দিন। এটা শুধু আজকে নয় পূর্ণ যৌবনেও এ রকমই ছিলো। তখন যে সব ইচ্ছা ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা সে সব কিছু ভেসে যেতো। বাড়িতে বসে সারা বছরের মতোই শুধু বই পড়া। পুজোবার্ষিকী গুলো খুঁটে খুঁটে পড়া। কখনো ভালোলাগা কিছু ইচ্ছা হারিয়ে যেত পারিবারিক নিয়মের দাপটে। ইচ্ছা হলেও হাতটা ধরা হতো না। ইচ্ছা হলেও কিছুক্ষণ একটু আবেগ মথিত হয়ে দু-চার কথা বলার অবকাশ ছিল না। কোনো ব্যাতিক্রম হয় নি। এখন যারা আকাশে হারিয়ে গেছে ঠিক তেমন হারিয়ে যায়নি হাত ধরে আবেগ মথিত বিষয়টা। যদিও যার জন্য আবেগ মথিত হত সে ই আজ তারাদের দলে মিশে গেছে। আবেগ এখন সন্তান, সংসার আর অতীতের কিছু অপূর্ণতা নিয়ে। এখন মন যতই অতীতের কথা ভাবতে চায়, বর্তমান ততই তাকে ভুলতে বলে। তবুও মন মানে না। মন অতীত কে বয়ে আনে এই বর্তমানের কাছে। তারা উপর থেকে কানে কানে বলে ইতিহাস ভুলিস না। যদিও মাঠঘাট পথ বদলেছে, বদলেছে সামাজিক অবস্থান; তবুও একটা চোখ ঠুলি খুলে দেখতে পায় ঠিক নেড়া মাথায় চুল গজানোর মতন। চোখ দুটো জলে ভরে ওঠে, এই চোখের জলের খবর রাখেনা কেউ। স্নেহ, প্রেম, ভালোবাসা ঠিক 'মিডনাইট সামার ড্রিম' গল্পের মতন। ব্যাতিক্রম শুধু একটাই ওখানে জ্যান্ত জীবনের একাত্বতা আর এখানে তারাদের দেশে হারিয়ে যাওয়ার নীরবতা। আমার মনে হয়েছে মন ব্যাকুল হয় যে কারণে, সেই কারণেই এই আকাশ ভরা নক্ষত্র। সবাই আছেন দৃষ্টিতে, হয়ত একদিন আমিও থাকবো। নিস্পৃহ মনের একটা অন্যদিক আছে। আছে অবচেতন এক ঘিলু। সেই ঘিলু যখন চেতনার সাথে হাত ধরে চলে, সৃষ্টির সূচনা হয়। এখানে আরও একটা কথা না লিখলে বিস্মৃতির অতলে ডুবে যেতে হয়। যেমন মা,বোন, বধূ এবং কন্যা সন্তান আর বিপরীতে পিতা, পুত্র ও পৌত্র। অথচ পুরুষ ছুটে চলে ওই সৃষ্টির পিছনে। সেখানেই শুরু হয় একটা জীবন, একটা বিস্মৃত স্মৃতি, সেখানে জীবন্ত থাকে একটা ভালোবাসা ও ভালোলাগার বিষয়।
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আলবিদা
বাড়ি তার রামনগরে, নাম তার দুলাল, বস্তুত তিনি একজন মাতাল। শুধু শিক্ষা তার সুদূরপ্রসারী। তিনি কখনো মানুষকে ছাগল বলেন কখনো ছাগলকে বলেন মানুষ। অদ্য রাজনীতি একদম দুলাল দার কথার মতন। না এই মানুষকে ছাগল বলা যায় না কারণ এই মানুষের মাংস বিষাক্ত। আহ্লাদে স্বাদে এক টুকরো পাকস্থলীতে গেলে বিষক্রিয়া অবশ্যম্ভাবী। দুলাল দা সত্যিই দুলাল। অদ্যের মেদনিপুড়িয়া দের তিনি চিনতেন। পুড়িয়া আর উড়িয়া মিশ্রিত যে জাতি এই বাংলায় বিরাজ করে তারা এই জেলার উচ্ছিষ্ট অংশ। এদের না আছে মান না আছে সম্মান বোধ। এরা শুধু বিদ্যাসাগর মহাশয় কে ভাঙিয়ে খেতে অভ্যস্ত অসভ্য এক প্রজাতি। থাক সে কথা। দুলালের এই বিষ বেদনার প্রসঙ্গে এবার ফিরতেই হয়।
দুলাল নামের সাথে তাল মিলিয়ে তাকে অনেকেই বলতেন আবাল। দুলাল কখনো এ সব শুনে রাগ করেননি। শুধু বলতেন আমি আলালের ঘরের দুলাল নই। এখানেই তাঁর প্রাণ প্রতিষ্ঠা। তিনি যেদিন মার্ডার হন সেদিন অধর মুচি কেঁদেছিলেন। এই অধর অধরা থাকেননি। দুলালের সৎকারের আগেই তার সৎকার হয়ে গেছে। কিছু মানুষ তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে।
এখানে অধর কে অধরা রাখলে পুড়িয়ারা মরিয়া হয়ে উঠবে। অধর পুড়িয়া নয়, সে মেদিনীপুরের তৃতীয় খন্ডের উপজাতি সম্প্রদায়ের মানুষ। দুলালের সাথে তার পরিচয় ওই জঙ্গল মহলের মহুয়া বনে। দুলাল তখন তিরিশ পার হয় নি। পোষাক পরিচ্ছদ জলপাই রঙের, কাঁধে বন্দুক।
অধর শিকার ধরে, শিকার করে। তার কাঁধেও পুরানো দিনের তীর আর ধনুক। শিকারি শিকার কে চেনে এবং সেটাই সূত্র এদের মেলবন্ধনের। এরপর দুলাল পোষাক ছেড়েছে, নতুন পোষাক জুটেছে। শুধু অপরিবর্তিত থেকে গেছে ওই শাল পিয়ালের বন। মন বললেই সে ছুটতো অধরের ঘরে। চলতো মহুয়ার রসাস্বাদন। দুলালের ভাবধারার সাথে মিশে শেষে সে এসেছিল এই পুড়িয়াদের প্রাঙ্গণে। এই প্রাঙ্গণ কখনোই অঙ্গন হয়ে ওঠেনি তার জীবনে। যে দিন তাকে পুড়িয়ারা জ্যান্ত জ্বালিয়ে দেয় সেদিন যদি দুলাল বেঁচে থাকতো ওই জলপাই রঙের পোষাকে, ঝাঁঝড়া করে দিত বিদ্যাসাগরের নাম মুখে আনার অনেক আগেই। ভাগ্যিস দুলাল ছিলো না!
দুলাল মেদিনীপুরের এই মধ্যাংশেই জন্মেছিল। ঠিক বিদ্যাসাগর মহাশয়ের মতন ছোটো বয়সেই কোলকাতার ফুটপাতে বসে ভোর পাঁচটায় উনুন জ্বালিয়ে চা তৈরির সাথে সে বড় হয়েছে। এর পরে ওই জলপাই পোষাক পেয়েছে শারীরিক পরিভাষায়।
কতিপয় বন্ধু বান্ধব বলতো শরীর বিক্রির একটা নামান্তর। যে ছেলেটা শরীর বিক্রির পরে দেশ রক্ষায় ব্রতী হয় সে বীর আর যে মেয়েটা শরীর বিক্রি করে সে পতিতা। দুলালের এই বাক্যবন্ধ শুধু সেকালে নয় একালেও সমস্যা। তা না হলে দুলালের আবার শত্রু হয়?
ললাটের লিখন দুলাল মানতো না। সে মনে করতো তার ললাট তার শরীরের বাইরে নয়। অর্থাৎ ললাট জীবন বোধের একটা অপরিহার্য বিষয়। সেখানে কে কি লিখবে? বিজ্ঞান যতই আগুয়ান হোক, অপবিজ্ঞান কে সে রোধ করতে পারেনি। হয়ত এজন্যই ললাট ললাটই থেকে গেছে শিক্ষার সম্ভ্রমে প্রশস্ত হয়ে ওঠে নি। অরণ্যের দিনরাত্রি, অরণ্যে রোদন অথবা দাও ফিরে সে অরণ্য এই আবেদন ও লেখন এমনি এমনি আসে নি। একটা কপাল, একটা কাপালিক নিদেনপক্ষে একটা কপালকুণ্ডলা একটা নিয়তি নয়। নিয়ত, প্রতিনিয়ত একটা বোধ কাজ করে। যে বোধ নিঃসাড় নির্বোধ মহাজাগতিক শক্তিধর কাপালিক ও এখন বুঝতে পারে। দুলাল এসবের অনেক উর্ধ্বে, আর অধর যখন জ্যান্ত জ্বলছে তখনো সে অধর।
স্বেচ্ছাচারের শেষ বৃত্তান্ত শ্রীকৃষ্ণ বলেছিলেন মহাভারতের শেষ পাতায়। সেখানে দুলাল ছিলো না। সেখানে যেমন অর্জুন এখানে ঠিক তেমন এই অধর। ভীষ্মের শরসজ্জায় যেমন অশ্রু প্লাবিত হয়েছিল এখানেও একদমই সে রকম। অর্জুন কে জ্যান্ত জ্বালিয়ে দিতে পারে নি, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ। এখানে স্বেচ্ছাচারিতার শেষ সাত সপ্তক এই দুলাল।
জলপাই পোষাক অনেকটা পাখির চোখ দেখার শিক্ষার মতন কিন্তু সেই পাখির চোখ দেখাতে একজন সারথী দরকার হয়। যে মাটি চেনে, বাতাস চেনে, জঙ্গল চেনে। মহা যোদ্ধার সারথী হওয়ার যে শিক্ষা, সেই শিক্ষায় অধর ছিল উচ্চশিক্ষিত। সে জানতো কোন জলে কুমির চলে, কোন গুহায় বাঘের আনাগোনা। সে চেনে কোন পথে বাঘ মিষ্টি জলে গলা ভেজায়, কোন নদীর চরে কুমির রোদ পোহায়। সে জানে কোন গাছের নিচে বসে পাতা মুখে দিয়ে বাঁশি বাজালে পাখির দল উড়ে আসে, কোন ফল পাকলে কাক ঠোকড়ায় না, কোন ফুল তার সৌন্দর্যের লহমায় পতঙ্গ শিকার করে। সে জানে বাবুই কোথায় বাসা বোনে, কোথায় ডিম পাড়ে ডাহুক। সে জানে ভালুক কেন মহুয়া গাছের তলায় আসে, জানে মানুষ কেবল মানুষকেই ভালো বাসে। শুধু অজানা ছিলো বন্দুকের ধোঁয়ার আড়ালে একটা বুলেট প্রান কেড়ে নেয়, অজানা ছিলো মানুষ মানুষকে শিকার করে। তার পিতৃ পুরুষ মৃগয়ায় যেত মানুষের সাথে জঙ্গলে। রাজা পশু-পাখি শিকার করত আর তারা ছিলেন ওই মৃত দেহ গুলোর বাহক মাত্র। এই যুগে রাজা আর নেই, মৃগয়া বন্ধ হয়েছে আইন করে। দিব্বি আছে বাঘ, ভাল্লুক, হরিন। ঠিক এইটুকু বুঝে উঠতেই অধরের লম্বা সময় লেগেছিল। সে হিংস্র পশুদের জঙ্গলে বেড়াতে দেখেছে নিশ্চিন্তে কিন্ত মানুষকে দেখেছে ভীত সন্ত্রস্ত। একদিন দুলাল তার জলপাই পোষাক ছেড়ে ফিরে এসেছে নিজের পুরানো ভিটেতে সাথে নিয়ে এসেছে তার সুদীর্ঘ কালের সারথী অধর কে। শুধু মৃত্যুটা তাদের এক রকম ভাবে হয় নি। মৃত্যুর অনেক আগেই আপন উপলব্ধিতে তারা বুঝতে পেরেছিলো যে কোনো মহামানব তাদের জীবনে আসে নি। যা তারা পেয়েছে আধুনিক সভ্যতা থেকে তা আদিম অবস্থার নতুন এক নগ্ন রূপ।
জীবনের শ্লেষ কাটাতে দুই বন্ধু এসেছিল নিষ্পাপ সমূদ্র উপকূলে। এসেছিল ডুয়েল লড়তে। একজন নিয়েছিল বিষাক্ত তীর আর ধনুক অন্যজন একটা নাইন এম এম পিস্তল। এখানে বাঁশি বাজানোর জন্যে কোন রেফারি ছিল না। ছিল ছলাৎ ছলাৎ সমুদ্রের ঢেউ এর ধ্বনি। তাদের কথা হয়েছিল তৃতীয় ছলাৎ শব্দের শেষে তারা পরস্পরকে লক্ষ্য করে আঘাত হানবে।
না বহুবার চলকে পড়া জলের শব্দের শেষেও কোনো আঘাত সেদিন একে অপরকে করে উঠতে পারে নি বরং সেদিন সমুদ্রের নোনা জলের সাথে দুজনের চোখের কোল ভিজে যাওয়া নোনা জল মিশেছিল ওই সাগরে। সাগর হেসেছিল ভয়ঙ্কর শব্দে; যখন তারা পরস্পর আলিঙ্গনে আবদ্ধ।
হায়রে! মানবিকতার এই পাঠ তাদেরকে কেউ কখনো শিখিয়েছিল? না সেটা শেখানো হয় না। পড়া পাঠ অনেক হয় জীবনে কিন্তু অনুভূতি যার যার তার তার। অথচ তারাই আজ নৃশংস ভাবে মৃত অন্য কারোর অন্য কোনো এক অনুভূতিতে। এখানেই রাষ্ট্র!
রাষ্ট্রের প্রবক্তা যে সমাজ সেটা আজকের এই আধুনিক সমাজ নয়। এই সমাজ গঠন সভ্যতার বিষয়। সেই থেকে মানুষ উৎকৃষ্ট প্রাণী। সেটা তৈরী হয়েছিলো আদিম মানুষের সঙ্ঘবদ্ধ সহাবস্থানের মাধ্যমে। হিংস্রতার বিরুদ্ধে উৎকৃষ্টতম প্রাণীর অনুভূতির একাত্বতা। এরপর বিকাশ হয়েছে। এগিয়েছে একটা প্রজাতি। আবিষ্কার করেছে আগুন। আশ্চর্য এটাই সেই আগুনেই জ্বলে ভষ্ম হয়েছে অধর।
একবার মহাভারতের যুদ্ধের কথা বলতেই হয় অন্যথায় রাষ্ট্র শব্দটা বিফলে যাবে। বিফল হবে চোখের জল আর সমুদ্রের জলের স্বাদের মূল প্রসঙ্গ।
মহাভারতের যুদ্ধে বিপ্র দ্রোণাচার্যের কথা মনে পরে? এ রকম অকৃতদার শিক্ষক এই আজকের আধুনিক সমাজ পেয়েছে? এখানেই মনুষ্যত্বের নির্বান। বিশ্বাসের বিষ পর্ব ঠিক এখান থেকেই শুরু। এখানেই মানুষ অধার্মিক। এখানেই সেই পাশবিক রূপ। এখানেই সত্যের অপলাপ। এখানেই নিরস্ত্রের মুন্ডচ্ছেদন। এখানেই মনুষ্যত্ব হয়ে উঠেছে স্তাবক। এখানেই মানুষ আর মানুষ নয়। এখান থেকেই শুরু রাষ্ট্র ব্যবস্থার নগ্ন একটা ছবি। যে ছবি দিনে দিনে উজ্জ্বল উৎকৃষ্ট। এটাই রাষ্ট্র। হায়রে ধৃষ্টদ্যুম্ন!
আলবিদা! না এই শব্দ আমৃত্যু অধর বলে নি। আর দুলাল? তার ওই জলপাই রঙের পোশাক এ কথা বলতে শেখায় নি। সে যুদ্ধক্ষেত্রে শেষ সৈনিক। সে বীর দর্পে মৃত্যুর কাছে মৃত্যুহীন। তাহলে আলবিদা শব্দটা কে বলেছে? রাষ্ট্র?
রাষ্ট্র যখন ধৃতরাষ্ট্রের হাতের মুঠোয় তখন এই শব্দ উচ্চারণ অসম্ভব। যখন ভীষ্মের শরসজ্জায় মা গঙ্গা কে অর্জুন পৌঁছে দিয়েছিলেন তখন সেও এ কথা বলে নি।
প্রশ্ন জাগছে না? জাগে জাগে। রূপকথার গল্পের সেই শব্দ মনে আসে সাধারণ মানুষের। একটা ভয়ার্ত, ক্লেদাক্ত পরিবেশ। সেখানে সূর্য আকাশে নেই। সেখানে চাঁদ - তারারাও নেই। সেখানে ছায়াপথ পথ দেখাতে ব্যার্থ। সেখানে শ্বাপদের আনাগোনা। সেখানে মানুষ মনুষ্যত্বের দাসত্বের সাথে থাকতে অপারগ। সেখানেই আলবিদা।
মানুষ বুঝতে শিখেছে, এই জেলা, রাজ্য, দেশ, বিদেশ তাদের স্থায়ী বাসস্থান হতে পারে না। এই ভূগোল অপরিমিত। এই ভূগোল নিয়ন্ত্রিত। এমন একটা ভৌগলিক পরিবেশ মানুষের তৈরি সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণে আর নেই। মানুষের সৃষ্টি যে বিজ্ঞান, অবিজ্ঞান, অপবিজ্ঞান সমস্তটাই হাতিয়ে নিয়েছে আজকের দিনে স্বঘোষিত একটা রাষ্ট্র। যে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। একটা ফ্রাঙ্কেনস্টাইন আজ ছড়ি ঘুরাচ্ছে। অতএব আলবিদা।
কি সুন্দর সেদিনের পরিবেশ। বায়েন বাদ্য হাতে, গায়েন গলা তুলে, শিল্পীদের হাতে তুলি ও কলম। এ যেন নতুন একটা রোম সাম্রাজ্যের পতন। পুঁথি পত্র নিয়ে সম্পদের লোভ বর্জন করে অন্য একটা বাসস্থান। এটা ঠিক অজগরের পেঁচিয়ে ধরার শক্তির শেষ লগ্ন। এখানে দুলাল আবার সজীব, অধরের হাতে আগুন পরাস্ত।
একজন নারী সেদিন সকালে খুব কাঁদছিল। কেন কাঁদছেন তিনি? মানুষের আর্ত চিৎকার শুধু গেয়ে চলেছে একটা সঙ্গীত।
" কেন চেয়ে আছো গো মা।"
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
একখন্ড আকাশ
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা
নৃসিংহ প্রসাদ ভাদুড়ি মহাশয় তার কলিযুগ লেখায় বিদুরের মুখ থেকে মূর্খ বিষয়ক যা সঙ্গায়িত করেছেন সেই উপপাদ্য অনুসারে ভারতে সে অর্থে কোনো অশিক্ষিত মূর্খ মানুষ নেই। মহাভারতের যুগের কথায়,
"লেখাপড়া না-জানা নিরক্ষর মানুষ মূর্খের সংজ্ঞার মধ্যেই পড়ে না।" চেতনার সাথেই শিক্ষা বিষয়টা সংযুক্ত।বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
গান আর শুনবো না
না গান আর শুনবো না। যখন কোনো একটা গান মনে আসবে, নিজের মনে শুধু গুনগুন করবো। কেউ শুনবে না, এই শোনার অধিকার আমার একার।
কেনই তারা শুনবে?
সঙ্গীতাঞ্জুলি, স্বরসুধা, অনুরঞ্জনি এ সব তো আমার একার। রাতে ছায়াগীত, রাত নটার উচ্চাঙ্গ সঙ্গীতের আসর, এ সব একবারেই আমার। কেন শোনাব এসব এই প্রজন্মকে। এদের কাছে এসে এই আবেগের কোনো মূল্য আছে?
সকালে এখন কে শোনে সঙ্গীত সরিতা?
এখন এসব নেই। এখন দিয়ে জ্বলতে হে, কে শুনছে? আমি শুনি, আমি ভাবি , আমি কাঁদি, আমি হাসি।
হাসতেই ইচ্ছা হয়। ড্রাম পিটিয়ে গান হয় না। ওটা প্রয়াত সঙ্গীত। আমি জীবিত তাই জ্যান্ত যা কিছু শুনেছিলাম সেটাই শুনতে ভালো লাগে। মনকে এখন শেষ করছে নষ্টালজিয়া। এটা আজকের আধুনিক সভ্যতার শিক্ষা থেকেই বলছি। আচ্ছা এই প্রজন্মের কি এই বিষয়টা আসে না?
কে জানে ক ঘন্টা যাবে রে জীবন টা।
আপনিই বলুন, এখন কি কান দিয়ে কেউ শোনে? গলা ছেড়ে কেউ গান গায়? এমন কোনো গান আপনি বলতে পারেন যেটা কোনোদিন কারোর কাছে ঠিক আমার মতন নষ্টালজিক হবে?
এখন আগের মতন আর আঁতুর ঘর নেই। শুধু জন্ম আর মৃত্যু। শুধু সামান্য সুখ সামান্য ঘাষ ছেঁড়া। ফের ঘাষ ভরে যায় গোটা যৌবনের বাগানে, বার্ধক্যের বাগিচায় অথবা বর্তমানের বালখিল্য আচার অনুষ্ঠানে।
এখন ইচ্ছা হয় বলতে, বুঝবে তোমরা বৃদ্ধ হলে।
আমি প্রায় বুড়োর পর্যায়ে পৌঁছেছি। আনন্দ বয়ে আনে ইতিহাস। জানি না আনন্দের শরীক এরা কখনো হবে কি না।
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
কুণাল
ঢিল ছোঁড়া দূরত্বে কুণালের বাড়ি
অ্যারেস্ট হওয়ার পরে এক গাল দাড়ি।
মোটা ঠোঁট বারবার ওঠে আর নামে
চন্দ্রবিন্দু যোগ করা কিছুতে না থামে।
কুণাল শব্দের অর্থ যদি পদ্ম হয়
তৃণমূল দলটা শুধু পদ্মময়।
নিশ্চিত পেয়ে যাবে পদ্মভূষণ
মহাভারতের কথা অমৃত সমান।
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
না হয় মানুষ!
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বোধনাশা
:১:
একটা অতি পুরাতন নাটকের সংলাপ মনে পরলো। মনে পরার অবশ্যই একটা যথার্থ কারণ আছে। সেটা বৃটিশ শাসনকাল। চাকর বাকর সব এই দেশেরই মানুষ। বিপ্লবী, বিদ্রোহী, লেখক, শিল্পী শুধু নয়, গোটা অবিভক্ত ভারতবর্ষের প্রতিটি মানুষ তখন দেশপ্রেমিক।আশ্চর্য এটাই তৎকালীন সরকারের চাকরি করা মানুষগুলো দেশ হিতৈষী হয়ে উঠতে পারে নি। তারা শুধুমাত্র বৃটিশদের হুকুমের সাথে সম্পৃক্ত ছিল।
ঠিক এমনই এক পুলিশ কর্মকর্তার নাম ওসমান। বিপ্লবীদের দ্বীপান্তর নির্বাসনের জাহাজে ভারপ্রাপ্ত তিনি। শুধুই বিপ্লবী নয়, সাথে তাদের অসংখ্য সহচর সেই জাহাজের যাত্রী। নানান হাহাকার, উন্মাদনায় মুখর গোটা জাহাজ। সেটা চলেছে সেলুলার জেলের উদ্দেশ্যে।
এইখানেই সেই ওসমানের একটা সংলাপ আজকে এই নব ভারত গঠন প্রক্রিয়ার সাথে মনে পরেছে।
সেই সরকারি কর্মীর সামনে ঔদ্ধত্যের সাথে কোন এক ব্রিটিশ হুঙ্কার দিচ্ছেন, "কেহ কাঁদিবে না। কাঁদিলে লোহার শিক আগুনে পুড়াইয়া, হাতের তালু ছেঁদা করিয়া, দড়ি পুরিয়া সমুদ্রের জলে ফেলিয়া দিবো।"
ওসমানের পরনে খাঁকি হাফ প্যান্ট, হাতে বেতের লাঠি, কাঁধে গাদা বন্দুক।
দুই বিঘা জমির সেই পুরানো স্তবকটা এখানে বিশেষভাবে প্রযোজ্য।
"বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।" এখানে ওসমানের ভূমিকাটা ঠিক সেইরকম। সেই পুরাতন প্রথা আজকেও দিব্বি চলছে। যদি তেমনটা না হত নামের পাশে 'মহারাজ' লাগিয়ে কোনো এক অর্বাচীন বলতে পারে 'নেতাজি সুভাষচন্দ্রট' দেশদ্রোহী?
কোনো এক সময় রাজনীতিতে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন বলে পার পাওয়া যেত। আজকের সমাজও তা থেকে ব্যাতিক্রম নয়।
অন্যথায় ঠিক এই মহারাজ কে নাগপাশে বন্দী করে সাধারণ মানুষ একে নরকের পথে নির্বাসিত করে দিত এবং কোন গড়ুর পাখি তাকে তার বন্দী দশা থেকে মুক্ত করতে আসতো না।
সত্যিই কি বাঙালি জাতি আজকে দিশা হারিয়েছে?
হ্যাঁ হারিয়েছে। অন্যথায় সুভাষ কে তলব করতো না ভবানীপুরে। মুখ্য যখন মূর্খ শব্দের সাথে সমরেখ হয়ে পরে তখন এর বাইরে আর কিই বা হতে পারে?
জানেনতো ছাগলেরও দাড়ি গজায়? ভাবছেন আমি ভুল বলছি? একবারেই নয়। ইতিহাস পড়ুন, পাবেন। মহিলাদের যেমন গোঁফ গজায় ঠিক তেমন ছাগলেরও দাড়ি গজায় বৈকি।
আসলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে একটা পেডিগ্রি প্রয়োজন। এই দেশে সে সবের দরকার পরে না। অধিকন্তু মহালাজ, মহাসতী, মহারথী মহীরুহ হয়ে কয়েক যুগ ধরে শাসকের পর্যায়ে পৌঁছে যায়।
কবিরাজ যদি বলেন স্বাস্থ্য রক্ষায় ছাগলের দুধ প্রযোজ্য তাহলে ছাগল নিয়েই চলতে হবে। এভাবেই চলছে, রাজনীতি। বেশিদিন আর চলবে কি?
:২:
বাবলুর চা এর দোকানে এদিন কাঞ্চন এসেছিল। ও বললো খোট্টারা না কি এখন বাঙালি দের কাঁকড়া বলে। ও আরো বললো দশ হাতের দশ লাখ সমস্যার কথা। একহাত বলবে অহিংস হতে, আর এক হাত বলবে দোনলা ধরতে, বাকি আটটা হাত আকাশের দিকে উঠিয়ে গান ধরবে ' আছে গৌর নিতাই নদীয়াতে...।' বাবলুর দোকানের যথেচ্ছ ক্রেতা এক পেয়ালা চা পান করে, সিগারেট ধরিয়ে ফিরলো বাড়িতে। বাঙালি এখন একেবারেই গৃহপালিত।
কাঞ্চন বললো এটা পঞ্চাশ -ষাট বছরের বাঙালি। একটু ছোট, মাঝারী অথবা কিছু সত্তর ছুঁইছুঁই বাঙালি যারা বাবলুর দোকানে আসে তারা বাজপাখির মতন তীক্ষ্ণ দৃষ্টিতে ওই রিটায়ার্ড, বিজ্ঞ, নন প্রোডাক্টিভ স্তন্যপায়ী মানুষ গুলোকে পছন্দ করে না। ওরা বলে তিনকাল শেষ হলেও বাকি এক কালটা অন্তত ভাবতে শিখুন। অতীতের শিক্ষা থেকে একটা শ্লোক তার মনে পরলো। " কস্মিন্ দেশঃ কশ্চ মিত্রং কানি মিত্ৰং কানি কানি চ / কা ভার্যা কশ্চ পুত্রেয়ং কস্মাদ্ দুঃখং কুতঃ সুখম্। "
সে বললো ইদানিং কালে নাটকের সংলাপে এই শ্লোকের অপভ্রংশ শোনা যায়। সেটা এই রকম ' কা তব কান্তা কস্তে বাপ জ্যাঠা, তুই কে?' কাঞ্চন এক রাশ টাকা হাতে নিয়ে সমাজকে বললো আমি কাঞ্চন। শুধু সংলাপ বদলায়, সমাজ থাকে ধ্রুবক। ভাবের ঘরে চুরি করাটা চুড়ান্ত পর্যায়ে পৌঁছতে গিয়ে একটু হোঁচট খাচ্ছে এখন। কারন বাচ্চা গুলো বড়ো দুষ্টু হয়েছে। কাঞ্চন বললো এরা কিন্তু আপনাদেরই বংশোদ্ভূত। এরা নহে বশংবদ নহে বরাহনন্দন বা নন্দিনী।
একজন নাবিকের মোচার খোলে বসে সমুদ্র মন্থন দেখা ভয়ঙ্কর সুন্দর। সুন্দরের ব্যাখ্যায় এই ভয়ঙ্কর অথবা অতি ভয়ঙ্কর বিষয় টা কখনো আসে না। আসে তখন যেদিন একটা জাহাজ ডোবে। চতুর্দিকে জল শুধু জল। যে জল দেখে নাবিকের চিত্ত হয়ে যায় বিকল।
সমাজটা অনেকটাই এ রকম। শুধু নাই আর নাই। কি নাই? কেনো নাই? কি জন্য নাই?
বুক ঠুকে কে বলতে পারবে সব আছে আমার কাছে? বেঁচে থাকতে কি লাগে? কারোর এক টুকরো রুটি, কারোর একমুঠো ভাত। সেটুকুও না থাকার কারন কি? সেই সোনার তরী এসে পরছে আদর্শের নিরিখে।
এখানেই সেই কাঞ্চন। জ্যান্ত কাঞ্চন শুধু এই কথাই ভাবে। আর আসল কাঞ্চন চায় এই কাঞ্চন কে চিতায় তুলতে।
:৩:
ভারতে এখন জাতীয়তাবাদী উন্মেষ চলছে। মিডিয়াও চলছে। একটা ডাব এর খোলা, একটা প্লাষ্টিকের প্যাকেট কুড়োতে স্বয়ং প্রধানমন্ত্রী। মিডিয়া চলছে। এখানেও সংলাপ। প্রথমে শহুরে পরে মানসিক ভাবে। এই সেদিন এক ডাক্তার বন্ধু কে কাঞ্চন বললো এই শহুরে আর মানসিক বলছেন যিনি তিনি কি মানষিক ভাবে সুস্থ? পুলিশ কর্রতার দাঁত তিরিশ টা। আক্কেল দাঁত ওনার ওঠে নি। বেয়াক্কেলের মতন ও বললো কথাটার মধ্যেই আছে প্রশ্নের উত্তর। হাঁটতে হাঁটতে কাঞ্চন পৌঁছেছে থানায়। পরের দিন কোর্টে নিয়ে যাওয়া হবে।
কাঞ্চন আনন্দিত। কটা দিন ভালোই কাটবে। চলবে ভূরিভোজ সাথে সরকারি সুরা। রাত তিনটের সময় কাঞ্চন নাচ শুরু করলো। গানটাও একটু অন্যরকম। সে বিন্দাস গলা ছেড়ে গাইছে, " আহা কি আনন্দ। দোকানপাট বন্ধ। সাথে আছে গো বিন্দ।" শালা সেদিন গরুদের লাফ দেখে কে? কারণ এই কাঞ্চনের দৌলতে বিনা কাঞ্চনে গোটা হাজত একটা সুখি পরিবারের মতন কাটাচ্ছেন।
বলদ একটা যুগান্তকারী বিষয়। তবে গো বলদ অন্য মাত্রার। এরা হাল বায়না, এরা শুধু গোঁতায়। বাঙালি আগে এই বলদ নিয়ে হাউ হাউ ছি ছি করতো, এখন আর করে না। বাঙালির পরিবার এখন বলদ পূর্ণ। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সব রাজ্যের বলদ এখন বাংলায়।
কি বাঙালি ভাই কেমন আছো? বেশ আছে তারা। আছে স্বপ্ন, আছে বইপত্র, আছে বেঁচে থাকা সহস্র বছরের সম্মান। আরো আছে, আছে গাধার বিদ্রুপ, ঘোড়ার দাঁত বার করে হাসা। আছে বিদ্যা নিয়ে জেগে ওঠার সম্পদ। আরো অনেক কিছু আছে এই বাঙালির কাছে। বাঙালি সেই শেষ সত্যিটা কখনোই বলবে না।
বাঙালি বলবে খাও রুটি পরোটা, এখন রাত বারোটা। বাঙালি বলবে ' বাঙালি জাগো, বাতাসা /বাতাস খাও। কাঞ্চন ভেবেছে জামিন পাওয়ার পরেই সে একটা মেরুদন্ড বানানোর কারখানা খুলবে গড়ের মাঠের পাশে। কিন্তু স্যাম্পলিং করাটা নিয়ে সে চিন্তিত। সে ভেবেছে একটা দূরবীন যন্ত্র কিনতেই হবে শুধু বাঙালি খুঁজতে।
জামিন হলো খুব সূক্ষ্ম বিচারের শেষে। জজ সাহেব সরকারি উকিল মহোদয় এর ব্যাখ্যা শুনে বুঝলেন কাঞ্চন যদি আরো সাতদিন পুলিশ কাস্টডিতে থাকে হাজত বাসের জন্য থানার বাইরে লম্বা লাইন পরবে।অথঃ কাঞ্চন জামিন পেলেন।
:৪:
এই জামিনে মুক্ত হওয়ার পর থেকে কাঞ্চনের বদল ঘটেছে। তার মনে হয়েছে এই সমাজ আর বদলানোর অবস্থায় নেই। একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে গেছে সমাজের। সবকিছুই ব্যাঁকা দেখতে মনে হয়। এই সব কারনেই সে আজকাল রোবোটিক জীবন নিয়ে ভাবতে বসেছে। তবে আধুনিক রোবোটিক বিষয় নয়। এটা সদ্য অতীতের গল্পের ফ্রাঙ্কেনস্টাইন নয়। সেটা টম এন্ড জেরী তে টমের চাকরি খোয়া যাওয়া এন্টেনা বিশিষ্ট ইঁদুর শিকারী নয়। আরো একটু প্রাচীন। একটু বিশদে বলা দরকার। যেমন শব্দ ভেদি মিসাইল ব্যবহার কারী একটি রোবট। যেমন অহল্যাকে পাষাণে পরিণত কারি একটি রোবট। যেমন শকুন্তলাকে ফর দ্যা টাইম বিং অ্যালজাইমার এর পেশেন্ট বানিয়ে দেওয়া। অতীতের মুন্নাভাই মতন যিনি শরীরে কটি হাড় থাকে না জেনেও নিজের শরীরের প্রতিটি হাড়কে বজ্র বানাতে পারতেন। অথবা এমন একটি রোবট যার পা এর স্পর্শে অহল্যার প্রাণ ফিরে পেত এই গোত্রের কিছু সে বানাতে চায়।
সেখানেও সমস্যা। পুঁথি পত্র সব গোল্লায় গেছে। কলম কালি গোল্লায় গেছে। সবকিছুই ডিজিটাল হওয়ার কারনে কাগজ অমিল। চোখ মেলে সারাক্ষণ ডিজিটাল পুঁথি পড়তে গিয়ে চোখের দফারফা। ওই ডিজিটাল পুঁথির সত্যতা নিরুপনের উপায় নেই উপরন্তু আবার এ.আই। সেখানেও সমস্যা। এটা অনেকটাই অধীক সন্যাসী তে মাথা নষ্ট হওয়ার যোগাড়। এরপরে আছে আবার বৈজ্ঞানিক আস্ফালন। একটা দেশে তেলের বদলে জল দিয়ে গাড়ি চালানোর রিসার্চ, একটা দেশে ইথানল মিশিয়ে গাড়ি চালানোর রিসার্চ তার সাথে দেড় ব্যাটারি গাড়ির মাঝরাস্তায় দাঁড়িয়ে যাওয়া।
সমস্যার আর শেষ নেই। চিনি ছাড়া চা ফুঁ দিয়ে খেতে বলা, ধানের ক্ষেতে রৌদ্র ছাঁয়ায় ভুট্টার লুকোচুরি, চুল কাটাতে সাত শত মোহর, বিনা পয়সায় চাল সেদ্ধ করতে ১০০টাকা কেজির গ্যাস, সুস্থ থাকতে সামান্য ওষুধের অসামান্য মূল্য, ডাক্তার দেখাতে গেলেই গুহ্যদ্বার থেকে হরিদ্বার পর্যন্ত টেষ্ট আরো কত বিচিত্র বিষয়। ওই অতীত কালের রোবট বানানোর ইচ্ছা এই কারনেই কাঞ্চন কে অহরাত্র ভাবাচ্ছে।
এতো হাজার প্রতিকুলতার মধ্যেও কাঞ্চন অবিচল। দিব্য সে একটা রোবট তৈরি করে ফেলেছেন। লক্ষ্মণ কে শক্তিশেল মারার পর সে রোবট যেমনটি গোটা গন্ধমাদন বয়ে আনতে পারে তেমন এক ফুতকারে বিজ্ঞানকে পিছনে ফেলে সমস্ত রোজকেরে সমস্যার এক ন্যানো সেকেন্ডে সমাধান সে করে ফেলতে সক্ষম। তিনি তার নাম রেখেছেন বনলতা ভাবছেন? না না তেমন নাম নয়। ওটাতো কৃত্রিম। নামটা একদমই আটপৌরে। সবুজের আহ্বান তার পিছন ছাড়ে না সে মাথার, মুখের, কানের সব চুল সাদা হলেও।
তিনি নাম রেখেছেন ' বোধনাশা'।
এই রোবট সকল শাস্ত্রে পন্ডিত। কি গণিত, কি দর্শন, কি বিজ্ঞান, কি বিজ্ঞাপন, কি বিজ্ঞাফোন। সর্বত্র এই বোধ নাশা। যখন যা সমস্যা আসুক ঐ ন্যানো সেকেন্ডেই তার সমাধান।
দেবরাজ এই প্রথম বুঝলেন কলিকালের এই মুনি ঋষি সবার শীর্ষে। বশিষ্ঠ, অত্রি, দুর্বাসা, দধীচি, ক্রুতু, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, প্রচেতা, ভৃগু, মরীচি, নারদ কোন ছাড়! একক ভাবে এই রকম বোধনাশা সত্য-ত্রেতা-দ্বাপরেও তৈরী হয় নি।
এর পর থেকেই এ কালে বোধশক্তির বিকাশ। কাঞ্চন তার লেখার শেষাংশে একটা কথা লিখতে ভুল করেননি। তিনি লিখেছেন " বোধনাশা দীর্ঘজীবী হোক।"
কাঞ্চন উষা কাল আসার আগেই বুঝতে পারলো মশার দল তার সব রক্ত শুষে নিয়েছে আর সে শুয়ে আছে বহু ট্রিলিয়ন স্বর্ণ মুদ্রার বিছানায়।
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
ধরে থাকা কলম
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বাঙালির চন্ডিদাস
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
মঙ্গলেই মঙ্গল
বিতর্ক কখনো সিদ্ধান্তে পৌঁছয় না সেটা বিজৈ হোক অথবা রাজনীতি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথেই বদলাচ্ছে বিজ্ঞান সঙ্গা বদলাচ্ছে রাজনীতির নীতি নির্ধারণ এবং এই কারনেই উভয় বিষয়টা ক্রমশঃ মানুষের কাছে অনেকটাই উদ্বায়ী হয়ে পরছে।
এটা কি মানব সভ্যতার কাছে আশির্বাদ হয়ে উঠবে?
এখানেও একটা বিতর্ক দানা বাঁধে।
কেমন?
আর্থ সামাজিক অবস্থান মানুষকে কিছুটা যান্ত্রিক করে ফেলছে এই বিজ্ঞানের অগ্রগতির কারনে। সমস্ত বিষয় একটা ঘেরাটোপের আড়ালে সুবিধাবাদের যে নৈতিকতা সেই পর্যায়ের ধারে পাশে পৌঁছে দিচ্ছে। মানুষ যে সুবিধা ভোগ করছে সেই সুবিধার কার্য কারন সে জানে না। অর্থাৎ কর গুনে যোগ বিয়োগ বিষয় টা যেমন ক্যালকুলেটর এর সাহায্যে সে করে ফেলছে ঠিক তেমন কি বোর্ডের উপর আঙুল রেখে নিশ্চিন্তে সে লিখে চলেছে পাতার পর পাতা। আঙুল গুলো কলম ধরতে ভুলে যাচ্ছে কোনো একটা সময়ের পর। অথচ একবারও তার মনে আসছে না যখন ওই কি বোর্ডটা তার হাতের কাছে থাকবে না সে তার ভাষার প্রকাশ করার প্রাথমিক মাধ্যম শূন্য হয়ে পরবে। যোগ করাটাও সে ভুলে যাবে।
এটা একটা সাধারণ উদাহরণ মাত্র।
আরো একটু গভীরে প্রবেশ করলেই বুঝতে পারবে দোয়াত আছে কিন্তু কালি ও কলম নাই। বুঝতে পারবে নিরক্ষর মানুষ বৃদ্ধ বয়সে যে কারনে অক্ষর লিখতে বছর ভর চেষ্টা করার পরেও পেরে ওঠে না, সে আজকে সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে।
বিজ্ঞান গ্রহন করতে হবে কিন্তু তার গোড়ার বিষয় রপ্ত করাটাও প্রাসঙ্গিক। আসলে সামাজিক ব্যবস্থার এটাই ল্যাকুনা।
সামাজিক অগ্রগতির ক্ষেত্রে এই যে আধুনিক উৎপাদনের উপকরণ সে গুলো সাধারন মানু তৈরী করতে পারে না, জানে শুধু তার ব্যবহার।
এবার একটু ভাবলে বুঝতে সহজ হবে কেন এই হাতের আঙুল আর পায়ের পাতার প্রয়োজন।
এখানে কলম ছাড়া যেমন আঙুল গুলো ক্রমেই গদা হয়ে পরছে ঠিক তেমন গাড়ি ছারা পা দুটোর হাল।
নিশ্চয়ই এবার একটু ভয় লাগছে। নিশ্চয়ই বোধগম্য হচ্ছে রাজনৈতিক পরিবর্তন অথবা বিপ্লব বিষয়টা ক্রমশই মাথার মধ্যে যতই আসুক সেটা রাস্তার বাস্তবতা হারাচ্ছে অথবা আমরা সেই অবস্থায় ফিরে যাওয়ার শারীরিক সক্ষমতা হারাচ্ছি। কোনো একটা অদৃশ্য ব্যবস্থা আমাদের আধুনিকতার মাধ্যমে একবারেই একটা স্থাবর বানিয়ে সেই পূর্বতন ক্রীতদাস পর্যায়ে নিয়ে যাচ্ছে। রাজনীতি বিষয়ে মানুষের আগ্রহ দিনে কমিয়ে তুলছে নতুন একটা শ্রেণী স্রেফ এই বিজ্ঞানকে হাতিয়ার করে।
একটু কৃষিমুখী চিন্তায় চোখ রাখা প্রয়োজন। আধুনিক কৃষি বিষয় নিয়ে ভাবা যাক। কৃষি উৎপাদনের উপকরণের কথা ভাবা যাক। ভাবা যাক অতীতের সেই বলদের ঘাড়ে জোয়াল চাপিয়ে মাটি কর্ষন । ভাবা যাক একটা মইয়ের উপরে দাঁড়িয়ে জমি সমান করা বা কৃষকের ভাষায় জমি নিরানো। ভাবা যাক একগোছা চারা গাছ হাতে রেখে অন্য হাত দিয়ে রোপন করার অতীত পদ্ধতি।
আজকের দিনে ঠিক এরকম ভাবে হয় কি?
হয় না। মাঠে ট্রাক্টর নামে। কয়েকশো একর জমির কাজ কয়েক দিনের মধ্যেই তৈরী হয়ে যায়। আছে রোপনের যন্ত্র, আছে কাটিং এর যন্ত্র, আছে ফিনিস প্রডাক্ট তৈরীর সুব্যবস্থা।
বিজ্ঞান একবারে দুহাত দিয়ে ঢেলে দিয়েছে এই সমস্তই। কিন্তু কৃষকের কাছে কোন যান্ত্রিক উপকরণ আছে? রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই কৃষক স্বার্থে আছে কি?
তবে আছে। আছে একটা যন্ত্র মালিকানা শ্রেণী। কৃষক এখন শুধু কয়েক তোলা জমির মালিক। কৃষকের আয় অন্যান্য শ্রেণীর সাপেক্ষে অতিশয় ন্যূনতম। অথচ শ্রমের যে অতীতের অভ্যাস সেখান থেকে তারা শত যোজন দূরে।
অর্থাৎ একজন চাষীও এখন নামেই চাষী থেকে গেছে, পেটের দায় ক্রমশই বাড়ছে। ফলে মহেশ যেমন মরছে, মরছে মানুষও। বস্তুত লাভের অংশ পৌঁছচ্ছে সেই একটা শ্রেনীর হাতে।
ছোট, বড় ও মাঝারী শিল্পে উৎপাদন উপকরণের মালিক কে? আমি আপনি যারা মাস মাইনের চাকরি করি তারাই বা কে? উৎপাদন হয় কি ভাবে? শ্রমিক কারা?
ইদানিং আবার বিনা শ্রমিক উৎপাদন ব্যবস্থা নিয়ে ভাবছেন মালিকেরা। মালিকেরা অর্থাৎ উৎপাদনের উপকরণ যার কাছে আছে। যেমন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কনভেয়ার নিয়ে চলেছে কয়লা, তৈরী হচ্ছে ওই তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি। সেখানে আজকে আর শ্রমিক লাগে না।
আবার বিদ্যুৎ ব্যবহারে চলছে রেলগাড়ি। সেখানে কয়লার ব্যবহার উঠে গেছে অতীতে আর এখন ডিজেল বা ফুয়েল ভরার জন্যেও কর্মী লাগে না। এটাই অটোমেশন।
জলের কল বসাতেও এখন পাইপ ধরে গানের সুরে বৃত্তাকারে প্রদক্ষিণ পদ্ধতি আর নেই। সেখানেও তথৈবচ।
অফিস অ্যাকাউন্ট, ক্লারিক্যাল কাজ ? সেখানেও দিব্য আছেন উৎপাদনের উপকরণ এর মালিক। এসে গেছে AI.
সভ্যতা এগুচ্ছে আর শ্রম দান অর্থাৎ কায়িক শ্রম দান পিছোচ্ছে।
অতঃপর?
একটা সুখের দিন আসছে অগণিত মানুষের সামনে। বিনা শ্রমে বিনা মূল্যে মিলবে খাদ্য বস্ত্র, বাসস্থান। মিলবে ওষুধ বিষুধ, মিলবে শ্মশান কবরস্থান।
বাকি থাকলো কি?
বাকি সবসময়েই কিছু না কিছু থেকে যায়।
এক্ষেত্রে বাকি আছে অন্য গ্রহে পাড়ি দেওয়া। অনতিবিলম্বে সেটাও হয়ে যাবে।
ইলন মাস্ক আছেন না?
তিনি এই মানব কল্যাণে নিশ্চয়ই একদিন একটা সুবৃহৎ আকাশ যান বানিয়ে ফেলবেন। সারি সারি মানুষ বসবে সেই উড়ুক্কু যানে।
তারপর?
ভিন গ্রহে মানুষ কাজ খুঁজে বেড়াবে। ধন্য হয়ে ক্রমশঃ ঈশ্বরের নাগাল পাওয়া।
বিজ্ঞান কিন্তু খারাপ কিছু নয়। খারাপ হলো একটা শ্রেণীর হাতে শুধু মাত্র সভ্যতার বিরুদ্ধে তার এই বিকাশ।
আজকাল একটা কথা খুব শোনা যায়। সেটা হলো রাষ্ট্র ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কেন থাকবে? সে শুধু খাজনা তুলবে আর বাজনা বাজাবে।
হয়তো একদিন তাদেরও মঙ্গল গ্রহে বসে রাজকার্য চালাতে হবে।
এটা মন্দ ইচ্ছা কি?