শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ডাক্তার বললো সিগারেট ছাড়তে।  বললাম, "কেনো?" বললেন ছাড়তেই হবে, বললাম, "পারলাম না।" বললেন "কেনো?" বললাম "জীবনের সাথে মিল পাচ্ছি না তাই।" বললেন, "জীবনটা যদি না থাকে?'' বললাম, "ওটা অনন্ত নয়।" এরপরে প্রায় এক যুগ শেষ হলো ২০২২শে  আবার সেই কথা বলতে গিয়ে পারছিনা বলতে। স্বর কেন যে আর কন্ঠে বাজছে না বুঝতেই পারলাম না। গরম জলের সাথে সামান্য পরিমাণ চা ছিলো। খুলে গেলো স্বর।
গান শোনানো শুরু সেই প্রথমবার।

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

শুঁয়োপোকার পাহাড়

 :১:

আমরা যখন গভীর চিন্তায় থাকি তখন মাথার চুল ঘাটি, গায়ের চামড়া চিড়বিড় করে না। যা কিছু সব মাথার কয়েকশো কোটি চুল সে কথার জানান দেয়। গায়ের চামড়া, লোম, এমনকি চোখদুটোও কচলে কচলে আমি নাজেহাল।

প্রথমে ভাবছিলাম এই পাহাড়ের গায়ে এত বড় এক দেওয়াল কে তুললো? তারপর সেই উড়ে বেড়ানো রোঁয়ার কথা ভেবে সারা শরীরটা শিরশির করে উঠলো। 

মনে হলো এ যাত্রায় পালিয়ে বাঁচি। কিন্তু তা হওয়ার নয়। এদিকে আবার ঠোঁটে নিয়ে আছাড় দিয়ে রোম ছাড়িয়ে পেট ভরাচ্ছে শালিক। এখানে শালিকের নতুন নাম শুনলাম। ওরা ওকে ময়নি বলে ডাকে। 

লাখ কোটির প্রোজেক্ট, ছেড়ে আসাও এক ভাবনার ব্যাপার। তাই থেকে গেলাম কয়েক লিটার ডেটল কে ভরসা করে।

অম্রুত বাগোয়ানি হবে এই পাহাড় চূড়োয়। মহুয়া গাছের পাশে গোল হয়ে ডালপালা মেলে ফলে ফুলে ভরিয়ে দেবে পাহাড়। ফলাহার করবে টিয়া, চন্দনা, বুলবুলি আর  আমরা মানে মানুষেরা। সেই আনন্দেই থেকে গেলাম।

ঝুমরিতালাইয়ার পাশে আরে-বহরে যেমন পাহার ঠিক তেমন মহুয়ার জঙ্গল। মহুয়ার গাছ এখানে কাটাকাটি করা নিষেধ। এই মহুয়ার পাহাড় সবার প্রাণের ভোমরা অনেকটা দেবতার মতন। মহুয়া আর অম্রুত পাশাপাশি। বাংলায় পেয়ারা আর ওখানে অম্রুত।

এতক্ষণ হাজারীবাগ দেখছিলাম।

:২:

ভোররাতে ট্রেন থামলো কোডরমা স্টেশনে। একটা আবছায়া আর স্যাঁতস্যাঁতে রাস্তায় চললাম পায়ে হেঁটে। স্টেশনের আশপাশে জেগে থাকা দোকানগুলো সবেমাত্র পসরা সাজাচ্ছে। কেউ ভাজছে জেলিবি, কেউ ভাজছে সমোসা। পুরি-সব্জিও বিস্তর ভাজা হয়ে গেছে। সবাই কি সুন্দর শালপাতার ঠোঙায় নিয়ে ঐ ভোররাতে খাচ্ছে দেখে আমি ভরসা পেলাম। খিদে পেয়েছে বিস্তর তবে এই ভোররাতে আমি চা-বিস্কুটে অভ্যস্ত। ওদের খাওয়া দেখে সাহস করে পুরি-সব্জি নিয়ে নিলাম। 

অন্যদিকে আবার আমার সাথে থাকা মানুষ জন তখন  ভাজা তালমাখানা আর ভৈষী দুধের চা খেতে ব্যস্ত।

কোলকাতায় বসে ইচ্ছে হলেও সাহস হয় না এসব খেতে। ওই আবছায়া আর অন্ধকারে খাওয়া খাবারগুলো সূর্যোদয়ে পরে হারিয়ে গেলো পাকস্থলী ছেড়ে। 

বুঝলাম সেদিন জল আর জীবন ব্যাপারটা।


বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

প্রকৃত প্রতিভা মরে না

বখাটে ছেলেটা বললো তার বাবাকে,

নতুন শিক্ষক গুলো 

ঠিক আমার মতোই বখাটে;

মারবো ঘুষি ললাটে।

বেজায় চটে বললো বাবা

বলতো বুঝলি কিভাবে?

বখাটে ছেলেটা বোঝালো বাবাকে দুভাবে।

ঘন্টা বাজান হেডমাস্টার

অঙ্ক করান ক্লার্ক,

ভাবতে পারো, কেমন দুর্বিপাক?

এমন সময় মা'এর আবির্ভাব

তাকে তোয়াজ করা বাবার স্বভাব।

বাজলো তালি দুটো খালি হাতে

সারমেয়রা যেমন মধ্যরাতে

চিৎকার করে বেতাল শব্দ শুনে

ঠিক সে রকম।

হাসতে থাকে মানুষ জনে,

মন হেঁটে যায় শিক্ষাঙ্গনে,

সেই সেখানেই প্রথম পাওয়া গুরু।

বাড়ি ফিরে এসে গলা তুলে কেসে

ছেলের মুখটা দেখে,

বাপের আর আহ্লাদ ধরেনা,

বললেন প্রকৃত প্রতিভা মরে না।








সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

প্রাজ্ঞের নজরে শিক্ষক দুর্নীতি

 :১:

প্রায় তিন দশক আগের কথা। শিক্ষকের শাসন ছাত্রদের পড়া না পড়ার উপরে কর্তৃত্ব করতেন। মানবাধিকার রক্ষার কবজে মুড়ে দেওয়া হয়েছিল শিক্ষক এর শাসন ব্যবস্থা। ছাত্রজীবনের শিক্ষক-ছাত্র সম্পর্কে সেদিন থেকেই পেড়েক পোঁতা শুরু হয়েছিলো। শেষ পেড়েকটা কারোর আর পুততে হবে না। আগামীদিন ছাত্ররাই পুঁতে দেবে এই পুঁতিগন্ধ শিক্ষক কুলকে। দরকারে অভিভাবকও সাথে থাকবে।

এরপর আবার মানবাধিকার কমিশন নতুন ভাবে শিক্ষকের প্যাঁদানি রুখতে নতুন নিয়ম আনবেন। তখন শিক্ষক থাকবেন তা অফিস ঘরে আর ছাত্ররা থাকবে ক্লাসরুমে। তাহলে পড়াশোনার কি হবে? আমরা বলবো হয় হয় তোমরা বুইতে পারোনা।

এভাবে কয়েক কাল পার করা যদি যায় তৈরী হবে এক নতুন সংকট। সেই দুর্বিপাক ভেবে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া এই মুহুর্তে দরকার। 

সরকারকে এ কথা ভাবতে হবে।

:২:

Y2K দশক থেকে শিক্ষিত মানুষের রাজনীতিতে আসা বন্ধ হয়। কারণ তাদেরকে তাচ্ছিল্যের শেষ কথা শুনতে হয়েছিল। যদিও নব্বইয়ের দশক থেকেই তাঁরা নতুন প্রজন্মের কাছে ধর্ষিত।  টেকনিক্যাল আপলিফ্টমেন্ট মানে একটা কারিগরি শিক্ষা। যে শিক্ষায় তারা উন্নিত তার সাথে প্রাজ্ঞতার ছাপ ছিলোনা। অনেকটা টাইপ রাইটার আর হাতে লেখার তুলনা করা চলে। এর সাথে যুক্ত হলো  Apps, এইটা সেই যুগের সর্টহ্যান্ডের মতন। 

Y2K যুগ ভাবলো হাতে আছে কম্পিউটার। এটা এই দেশের ক্ষেত্রে ব্যাধের বেদ পাঠের মতন। এ এমন একটা প্রজন্ম যারা যোগ-বিয়োগের পাঠ ক্যালকুলেটর দিয়ে সামলায় আর অঙ্কের শিক্ষককে বলে ... না থাক ওই সব কু-কথা।

আর এই ২০২২ সে এসে যতসব শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মিডিয়ায় বিচার-ব্যবস্থা দেখছি, মনে পরে যাচ্ছে অযোগ্যের আরোগ্যের উপাখ্যান। এই মিডিয়া কে?

:৩:

আসলে Y2K যুগে শিক্ষা শিক্ষকহীন করে ফেলেছে রাষ্ট্রশক্তি। অর্থাৎ সে যুগে ITI প্রশিক্ষিতের মতন কতিপয়ের দ্বারা অশিক্ষিত আবাল দিয়েও চলে যাবে শিক্ষা। একথা অতীতে এই মিডিয়ার জন্যেই এতদূর পৌঁছেছে। এখনও তারাই পথপ্রদর্শক। 

রাজনীতি থেকে মুখ ফেরানো শিক্ষিত মানুষেরা এসব দেখছেন। আর আমি?

আমি তাদের শেষ কথা শোনার অপেক্ষায় আছি।


রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

:১:

 সপ্তাহের সায়াহ্নে সন্ধ্যে আসার আগে ছাদে দাঁড়িয়ে খোলা আকাশ দেখার একটু অবসর মেলে। সাতটা দিনের অসহায় বৈচিত্র্যময় ছটা-দিন ঐ সান্ধ্যকালীন তাঁবুর নিচের আসল পৃথিবীটা ফিরে পায়। দমবন্ধ করা ছটা-দিনকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে শ্বাস নেওয়া। নিঃশ্বাসের পর জমে থাকা কার্বন গুলো হৃদয়কে লকেট পরিয়ে নতুন রূপে চোখ খুলে কালো কালো ধূলোর পাহাড় সরিয়ে পাখির পাখনা ঝটকানোর হাওয়ায় দম নেয়। গোধূলির লাল আকাশ দিয়ে পাখি আর আর পানকৌড়ির ঝাঁক যখন বাড়ি ফেরে তখন আমি চোখ মেলে এক উদার আকাশ দেখি। পাখিরা ঘরে ফেরার সাথে সাথে পশ্চিমের লাল আকাশ হয়ে ওঠে নীলাভো। জ্বলজ্বল করে এককাড়ি রূপের সাথে আকাশকে ভরিয়ে তোলে সন্ধ্যাতারা। সমস্ত ধূলোর পাহার তার কাছে হার মানে। 

আমি হাঁ করে তাকিয়ে থাকি আকাশের দিকে যে আকাশের নিচে এই পৃথিবী।

:২:

নদীর পাড়ে বসে থাকলে আকাশকে ভালো লাগে না। ভালো লাগে গতিময়, এঁকে বেঁকে ছুটে চলা নদীকে। শুশুকের ডিগবাজি আর জেলে ডিঙির মোচার খোলের মতন ভেসে থাকার সাথে জীবনের খুব মিল পাই। নদীর দূরন্তপনা ঠিক ছোটো বাচ্চার মতন আর আকাশ সেখানে এক পরিণত মানুষ। তবে সমুদ্র পার অন্য কথা বলে। নোনা হাওয়ায় চোখে যতই ঘুম আনুক না কেন, ঐ ঔদ্ধত্যের গর্জনে আকাশ হয়ে ওঠে কাছের। সমুদ্র যেন মহাভারতের ভীষ্ম। মহাবীর হলেও বয়েসের ভারে সে যেনো নুব্জ।

আমি মা অহল্যাকে জেগে উঠতে দেখিনি তাকে পাষান হতে দেখেছি; আর সমুদ্রকে দেখেছি তুফান আর ঝড়কে সাথে নিয়ে জেগে উঠতে। পার্থক্যের ছাপ দুচোখের মনিকে বলছে নদীর পারে আকাশে থাকে তারা, গ্রহ আর গ্যালাক্সি। সমুদ্রের পারে এরা বিলিন হয় থেকেও না থাকায়। লক্ষ তারার ভিড়ে নিজের একটা স্থায়ী থাকার জন্যেই তার শব্দ করা। 

নিশ্বব্দের ভালোবাসা শব্দকে প্রশ্ন করে। সমুদ্র, নদী আর তারায় ভরা আকাশ যেদিন মুখ খুলে কথা বলতে পারবে সেদিন আমার এই উপলব্ধি সত্য-মিথ্যার বাইরে এসে হয়তো হাসবে।

আমি প্রাণ খুলে অনেক কাল হাসিনি। দেখি ওরা কি করে?

:৩:


শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

থাক, আজ থাক

 :১:

যখন প্রথম হারিয়ে যাই তখন মায়ের হাত ধরে হেঁটে বেড়াতাম। সবেমাত্র টলোমলো পা'টা সবল হয়েছে। রাস্তায় হাত ছাড়া পেলে গাড়ি, বাড়ি, অটো বাসের বাধা মানে না। দূরন্ত প্রান্তর তখন চোখের তারায়। অদম্য উৎসাহে ছোটো বাচ্চার মনে চরৈবেতি চরৈবেতি। মা এর চোখও বাঁধ মানে না। হারিয়ে ফেলেছেন সন্তানকে কোনো এক মেলায়। 

বাবার দশা খুব করুণ । একদিকে চোখের জল মোছা অন্যদিকে চোখের জল ঢাকা। সন্তান তার হারিয়ে গেছে অনেক মানুষের ভিড়ে। গুটি গুটি পায়ে বৌ আর বাচ্চার পিছনে থাকা সেই মানুষটা আকাশ-বাতাস-অন্তরীক্ষে পৌঁছতেও প্রস্তুত। 

যখন আমাকে খুঁজে পেল পিঠের চামড়ায় কালসিঁটে দাগ ধরায়নি। বুকে জাপটে নতুন করে ফিরে পাওয়ার বুকভাসা জলে সেদিন স্নাত হওয়া। এরপর কেটে গেছে  দু-দুটো যুগ। বয়সের মাপে সেদিন স‍রকারি চাকরির বয়েস প্রায় শেষ সীমায়। সেদিন দ্বিতীয়বার হারিয়ে যাওয়া। 

সেদিনের মা-বাবা একটু আলাদা মানের। সেদিন কোন এক অপদার্থ সন্তানের ভারে তারা ক্লান্ত;  সন্তান তখন তাদের বোঝা। যদিও ছেলে আর মেয়ের মধ্যে একটা তির্যক ফারাক দেখা যায়।

:২:

দ্বিতীয়বার হারিয়ে যাওয়াটা দ্বিমাত্রিক। প্রথম মাত্রায় যে কথাগুলো ব্যবহারিক সেগুলো এরকম।

মেয়ের বিয়ের পর সর্বস্বান্ত হয়ে অদৃষ্টের কাছে এ-কথা বলা "শত পুত্র কন্যা সম যদি পাত্রে পরে।" আর দ্বিতীয়টা ? না লিখবো না। কারণ আমি এক পুত্র সন্তান।

তবে শিশু শ্রমিকের পরিসংখ্যান দেখে আমার এখন মনে হয় এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ। এই সব দেখেই বুড়ো হলাম তবে বড় হলাম না। 

অন্ধমুনির পুত্র সিন্ধুর মতন দুই বাঁকে মা আর বাবাকে নিয়ে আমার মতন অনেক ছেলেরা পথ চলে। কোনো এক সকালে সে যখন বৃদ্ধ হয়, ইচ্ছে হয় আবার একবার সেই মা এর হাত ছেড়ে হারিয়ে যেতে। যেখানে মা-বাবা দুজনের চারটে চোখ চিকচিক করে কয়েক ফোঁটা জলে শুধু তার সন্তানকে খুঁজে পেতে।

ফুল ফল কুঁড়ি নিয়েই বৃক্ষের জীবন‌। তিনি আজ বৃদ্ধ হলেন।

থাক, আজ থাক।


বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

:১:

 ' যে রাতে মোর দূয়ার গুলি ভাঙলো ঝড়ে' সুর, লয়, তাল ও শব্দের মর্মে কেমন এক চোখ ছলছল করা পরিবেশ তৈরী হয়। কেনো এমন হয় সে কথাই ভাবতে বসেছি। এই বস্তু জগতের সাথে নিজেকে মিলিয়ে নিতে ব্যস্ত আমরা। মহা শক্তিধর দেবতার মূর্তি অথবা রোবট এসব বোঝেনা। ওরা আমাদের কল্পনার কারিগরিক এক রূপ। অথচ কি আশ্চর্য ওদের নিয়েই মানুষের ভাবনা। ওখান থেকেই শক্তির সন্ধান খোঁজে অনেকে। আমি সেই অনেকের বাইরে। আমি আমার তৈরী মূর্তি বা রোবটের কাছে পদানত নই। আমার ইচ্ছের বিরুদ্ধে ওরা কোনো কিছু বলা বা করার আগে আমাকে জানায়। ওরা আমার কথায় চলে, ওরা জানে আমিই ওদের স্রষ্টা।

:২:

এনার্কিষ্ট আর এথিষ্ট দুটো ভিন্ন শব্দ। সবাই এই দুটোকে গুলিয়ে ফেলে। সশব্দে বলে ফেলে গু এর আবার এপিঠ ওপিঠ? ধর্ম যাদের স্রষ্টা তারা এর বাইরে বেরোতে পারে না। গোবিন্দের নাচে তাদের নাচাটাই দস্তুর। তবে আসেপাশে সখী থাকাটাও এই রাজনৈতিক আবহে দস্তুর হয়ে পরেছে। সমাজ নির্বাক থাকলেও মরমের অনুসন্ধান করতে থাকে অহোরাত্রি। বুঝতে দেরি হলেও বুঝে ফেলে এই সব অসাধারণ অসভ্যতামি। 

গীতার সেই বিখ্যাত শ্লোক ' যদা যদা…' শব্দের সাথেই প্রকাশ পায় কোরাপশান। অহেতুক ধর্মের ধ্বজায় জং ধরছে এমন নয়, এই কারণেই আজ এত সব ধর্মের জন্ম হয়েছে। সনাতনের কেতন তাই নিম্নে নিমিত।

এরপর আবার নতুন এক ধর্মের প্রবর্তন। না এ কথা দার্শনিক কার্ল মার্ক্স সাহেব বলেননি। না লেনিন সাহেব ও বলেননি। তাহলে কে বললো?

লন্ডনের বাঁ দিকে বসে থাকার নাম বামপন্থী একথা কিছু শিক্ষিতের মুখে শুনেছি। আমি অবশ্যই তাদের তেমন মনে করি না। বলেছেন অজ্ঞাত বলে নয়, মিথ্যাচার মরমে পৌঁছে গেছে কোনো এক কায়েমি স্বার্থে। এই বিষয়টা ভয়ঙ্কর। সভ্যতার অভিশাপ। মার্ক্স  আর লেনিন যা বলেননি তা নিয়ে কেনো এই ব্যাভিচার? গোটা বিশ্বে এই ব্যাভিচার পরিকল্পিত। এর পুরোধা মহান স্তালিন।

কাজেই সোনাঝড়া সন্ধ্যার সন্ধান করতে হবে। সামনের সারিতে কে থাকবে, সে কথাও আমরাই বলবো।


সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপ ফুটবল ও আমি

 বিশ্বকাপ ফুটবল শেষ হওয়া অনেকটা রাজায়-রাজায় যুদ্ধ শেষ হওয়ার মতন। সেই কোন সূদুর অতীতে সামন্ত রাজের তৈরী এক পৈশাচিক খেলা। তখন শত্রুর মাথা কেটে বদ্ধভূমিতে লাথালাথি করার আদিম আনন্দ আজও রয়ে গেছে। সেই আদিমতার সাথে যুক্ত হয়েছে শিল্প। যুযুধান দুই দলের মধ্যে শারীরিক আক্রমনের উপর এসেছে নানাবিধ নিয়ম। ঠিক যেনো কারাগার বড়ো করে বানিয়ে স্বাধীনতা দেওয়ার মতন। তবে পাশবিক খেলাকে ত্যাগ করতে পারেনি মানব সভ্যতা। এখন ' মারি অরি পারি যে কৌশলে' সেই সভ্যতার এডিট চলছে।

এই সভ্যতা এমন এক নৃশংস প্রথা খেলার নিরিখে বেঁধে রাখলো কেনো? এই রাতের পর রাত জেগে থাকার পিছনে যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে ঠিক সেদিকেই একটু তাকাতে হয়। মেসি, এম্বাপে এই দুটো নামের জয়-জয়কার এই বিশ্বকাপে। আমিও আনন্দ পেয়েছি, মানে আমিও ঐ আদিম সভ্যতার পানিগ্রাহি। মানে আমার মধ্যেও সেই পাশবিকতা অধিষ্ঠান করে। বলুনতো কেনো এমন হয়?

আসলে এটা হলো এনিম্যাল ইনষ্টিংক্ট। একে বাদ দিয়ে বেঁচে থাকা বদান্যতা; তাই স্বীকার করে নিলাম। 

ফ্রয়েড সাহেব মানুষকে তিনটে পর্যায়ে বিভক্ত করেছিলেন।

১. ইড

২. ইগো

৩. সুপার ইগো।

আমরা কি এখনো সেই ইড পর্যায়েই  বসে আছি?

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

ভালোবাসার সেই সাত সপ্তক।


ভালোবাসার সেই সাত সপ্তক।

 :১:

কাকলির মাথায় হাত দিয়ে চুল গুলোকে পাট করছিলো। বললো জট ছাড়াতে হবে; চিরুনী এনেছিস? বললো হ্যাঁ এই নে। চিরুনির আঁচড়ে জট ছারলো, পাট করা চুলের গোছা হাতে ধরে বললো তেল মাখবি? বললো হ্যাঁ দিয়ে দে।

আঙুল গুলো তেল নিয়ে পৌঁছলো চুলের গোড়ায়। কখন যে ঘুম এসেছিলো ও জানে না। ডেকে তুলে একসাথে খেতে বসলো। কাকলির মা তখন শুয়ে পরেছে। গ্রামের পথ তখন ঝিঁঝিঁ পোকার কান্না শুনছে আর তখন ভাত, ডাল আর বেগুন পোড়ার স্বাদেই সন্তুষ্ট। সেই সুন্দর মুখ দুটো আমি এখনো দেখতে পাই। প্রথম দেখে ছিলাম কয়েক যুগ আগে , ইউক্যালিপটাস এর জঙ্গলের ধারে চন্দ্রোকোনায়।

খুব সুন্দর এই জুটি এক হয়নি। দুজনে দুটো নতুন সংসার পেতেছে অথচ দুজনেই খুঁজে বেড়ায় দুজনকে। আর আমি শুধু খাতার পাতায় এদের কথা লিখি।

:২:

সে বছর বসন্ত এলো চৈত্রের শুরুতে। পাতা ঝরা গাছে সবুজ পাতা দেরি করলো মুখ দেখাতে। পাতার খসখস শব্দে সাপের হাটাচলা জানান দিতো। গরমের আবহে এলো চাঁচর উৎসব, মাঠের মাঝে তৈরী হলো বুড়ির ঘর। শুকনো পাতায় সাজানো ঘরগুলো সন্ধ্যের পর জ্বলে উঠবে নানা প্রান্তে, দিগন্তে লাল স্ফুলিঙ্গের সাথে চাঁদের হাসি বাঁধ ভাঙবে। ব্যাঘাত ঘটালো পশ্চিমে আকাশ। দানবের চেহারায় চৈত্রের শুরুতেই কালবৈশাখী। 

যখন বৃষ্টি থামলো, বুড়ির ঘর তখন হারিয়ে গেছে। 

:৩:

আমের মুকুল ধরা, গাছে সবুজ পাতা গজানো, শিমুল-পলাশ সবাই এবারে দেরি করলো। যদিওবা এলো সূর্যের তাপে যৌবন ফিরে পেলো না। একে একে চৈত্র-বৈশাখ শেষ হলো বিনা কালবৈশাখীতে।  মাঠের মুথাঘাস গুলো লাল হয়ে আছে। শুকনো মাটিতে এখানে ফাটল ধরে না। এলোমেলো শুকনো হাওয়ায় যে ধুলো ওরে তার রং লাল। গাছের পাতায় এই লাল ধুলো বাসা বেঁধেছে। এখানে মাটির রং পোড়া মাটির মতন। এক ফোটা জল পেলে ছড়িয়ে পরে পেলব এক দুধ-আলতায়। 

যখন সন্ধ্যা নামে, উঠোনে ঝ্যাদলা বিছিয়ে তালপাতার পাখার হাওয়ায় একটু শীতল হওয়া এক অভ্যাসে পরিণত হয়েছে। লাল মাটির সাথে গা মিলিয়ে শীত ঘুম ভাঙা সাপ গুলোও শুয়ে থাকে এখানে সেখানে। হাতে টর্চ নিয়ে এখানে ভয়ে ভয়ে পথ চলে সকলে কিন্তু কে বুঝবে পুকুর ঘাটে জোলো হাওয়ায় শরীর ঠান্ডা করছে চন্দ্রবোরা সাপের দল? হাঁসফাঁস গরমে শরীর ঠিক ছিলোনা। ঘুম ভেঙেছিলো সূর্য ওঠার আগেই। পুকুর ঘাটে নেমে হাতে মুখে জল দিয়ে একটু আরাম পেতে চেয়েছিলো কিন্তু তা হলো না। 

কাকলির মা'কে সাপে কাটলো।

:৪:

স্বাভাবিক জীবনে  অস্বাভাবিক বিষয় ঠিক যেন জীবনবোধেরই পরাকাষ্ঠা। বোধোদয়ের ঠেলায় আকাশের দিকে তাকিয়ে মনে হয়, না এটা তাঁবু নয়। দিগন্ত কিছুতেই তখন মাটিকে স্পর্শ করে না। যতই এগিয়ে যাও দিগন্ত যেন ততই সুদূর হয়ে ওঠে। হাসপাতালের লাউঞ্জে বসে কাকলি এমনই এক অনুভূতির শিখরে পৌঁছেছিলো। খুঁজে বেড়াচ্ছিলো কোন একটা সহায়-সম্বল। চোখের জল শুকিয়ে গেছিলো ভোরবেলায় যখন পায়ে দু-দুটো বাঁধন দিয়েও জীবন ও মৃত‍্যুর মাঝে সে একমাত্র সেতু। কোনো এক নির্ভরশীল হাত যখন মাথায় পরলো চোখ আর বাঁধ মানলো না। 

মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে শিশুর মতন বলে উঠলো, এই, মা বাঁচবে তো?

:৫:

মা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে ইচ্ছে হলো কোলকাতায় একটু বাসস্থান। সহসা বর্ষা এলেও বাসা মেলে না। বাড়ির বারান্দায় বসে সহস্র কথার শেষে, মা বললো চলে এসো। কাকলি এলো আমার বাড়িতে। সবে মাত্র ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং'এ। জ্যামিতির বোধ একদম ঠিকঠাক। বেশ মিলে গেলো পরিবারের সাথে। গানের গলাও মধুর। মা যেন কিছু একটা পেলো। 

ওদিকে ও আবার আমার বন্ধুর বান্ধবী। সম্পর্কের জাল আমাকে অতিষ্ঠ করছে, আর আমি বন্ধুর ইচ্ছে জেনে বুঝে এনেছি ওকে শুধুমাত্র বাসস্থান দেবো বলে। 

নির্বাক থাকার একটা সুবিধে হলো শতক্রোশ পেরোনোর পরও সে বলবেনা পথের কথা। এখানে একটা কথা বলতেই হয় আমিও তার পছন্দের নই। আমারও পছন্দ হয়নি। তবে যৌবন কোনো বাঁধ মানে না। ভেঙে চলে সময়ের বাঁধন। 

কাকলি মনে হয় রূপ নয় অরূপ পেয়ে শুধুমাত্র একটা বাসস্থান খুঁজছিল। কে কি বলবে জানি না তবে সমুদ্রে খড়কুটো ধরে প্রাণ বাঁচানোর কাজ এত সহজেই হবে হয়তো ভাবনার অতীত ছিলো। বাস্তব কঠিন থেকেও যখন সরল সাবলীল হলো তখন আমাকে আমার মা বললো বড়ো ভুল হয়ে গেছে। তুই আর বড় হবিনা।

আমি আমার বন্ধুর চেতনার নিরিখে বিমূর্ত।

:৬:

কখনো কখনো সামান্য এক ছোঁয়া নেশা ধরায়। সেই নেশা কিছুতেই পিছু ছাড়েনা। কাকলি ঠিক এমনই এক নেশা ধরিয়েছিলো। সন্ধ্যায় সে কিনেছে একটা জুঁই ফুলের মালা । খোঁপায় গোল করে পরেছে একদম নিজের মতন। হয়তো কিছু না ভেবেই পরেছে। আসলে আমার শহর এমন কিছু ভুলেছে বহুকাল আগে,  আর গ্রাম তা ধরে রেখেছে আজও।  পারফিউমের ঠেলায় প্রকৃতির ঘ্রাণ মলিন হয়েছে শহরে এটা ওর ছোঁয়াতেই শেখা। 

এখন অফিস থেকে ফিরতে দেরী হয়। বাসের ভীড় এড়াতে কার্জন পার্কের পাশে চিত্তদার দোকানে চাএর আড্ডায় বসি। তারপর ফাঁকা ট্রাম ঘন্টা বাজিয়ে সরীসৃপ কেন্নোর মতন চলতে থাকে রেসকোর্সের গা ঘেঁষে। ফ্যানের হাওয়ায় চোখ বুজে পৌঁছই ট্রামডিপোয়। বুঝতে পারি আর সময় নেই, দেরী হচ্ছে বলে মা চিন্তা করবে। তড়িঘড়ি বাসে চেপে বসি।

এভাবেই সেদিন পৌঁছলাম। ঘরে ঢোকার আগেই বুঝলাম মা মেতেছে কাকলিকে নিয়ে। গান বেঁধেছে প্রতিমার গাওয়া 'চলকে পরে কলকে ফুলে....'। দেখলাম কাকলির মাথায় লেপটে থাকা জুঁইয়ের মালা। সেই সেদিন থেকেই শুরু এই নেশা। তবে ইচ্ছে হলেও কেনা হয়নি কখনো কোনো এক লজ্জাবোধে। তখন একটু আরাম চাইছিলো শরীর, হোলো না। মা বললো তানপুরাটার তার ছিঁড়ে আছে একটু বেঁধে দে। ঠিক তখনই একটা ফোন এলো। বুঝলাম এটা কাকলির আত্মীয়ের ফোন। বললাম সবে ফিরলাম, চলে আয়। কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলাম ও বটে। এ যেনো এক মিছে জালাতন।

মা এক গ্লাস জল আনলো।












মাষ্টারদার আঁকা পোর্ট্রেট

 :১:

যখন ফাঁসুড়ে সকাল-সন্ধ্যা মোম গালিয়ে ফাঁসের রশির সাথে নট্ এর সহজ গেঁড়ো নিয়ে ব্যস্ত ঠিক তখন নিব ভাঙা পেনটা সংরক্ষণে রাজ্যের কাগজ নিয়ে ব্যস্ত সংগ্রহশালা। কয়েদিদের মধ্যেও গুঞ্জন চলছে। কারারক্ষী চাবি সামলাতে রাতদিন এক করে দিবাস্বপ্ন দেখছে। দেখছে আসামী পালিয়ে গেছে কারাগার থেকে। চাবির গোছাও পাওয়া যাচ্ছে না। পাগলা ঘন্টির শব্দে তোলপাড় জেল চত্ত্বর। আর যার ফাঁসি হবে তিনি নিরুত্তাপ। গীতা পড়ছেন মন দিয়ে। 

এটা একটা চিত্রকারের তৈরী পোর্ট্রেট। এঁকেছেন এক অনামি শিল্পী। ভোরের সূর্যোদয় সে দেখতে চায় না। ওর তুলির আঁচড় হনুমানের মতন সূর্যকে বগলে ধরে রাখতে চায়। না তা হয়নি।

:২:

বাজ পড়লে যেমন শঙ্খধ্বনি হয় গৃহস্থের বাড়িতে ঠিক তেমন এক অবস্থার অবতারণা হলো এই শিল্পীর কারুকার্যে। সবাই বললো ধ‍রে আনো শিল্পীকে। তিনি তখন পরের শ্লট নিয়ে ব্যস্ত। দরজার কড়া যখন বাজছে তখন দ্বিতীয় শ্লটটাও শেষ। শববাহী গাড়িটা ছুঁটে চলেছে কোনো এক শ্মশানের দিকে। দিনের আলো ফোটার আগে ফিরে যেতে হবে।

নাটা ফাঁসুড়ের ফাঁস যে রাতে মাষ্টারদা গলায় পরেছিলো আমি সেই রাতের কথাই বলছি। শিল্পীকে বললাম তোমার নামটা বলো। বললো আমি সূর্য সেন।


বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

কাতলা বলে কাতলা দেখো

 :১:

বাংলা ভাষার দুটো বাগধারা আজ খুব প্রতিষ্ঠিত হয়ে উঠেছে। একটা হলো আমরাগাছী, আরেকটা হলো খেজুর। 

বুড়ো বাপকে ছেলে  বললো " আমরাগাছী" কোরো না আমি কালকেই তোমাকে পাঁঠার মাংস খাওয়াবো কিংবা বন্ধু বন্ধুকে বলছে কিরে খেজুর করছিস? 

তোষামোদ অথবা কপট আলাপচারিতা এই দুটো বাগধারায় প্রকাশিত হয়।

আজকাল অবশ্য উদ্ভটভাবে এই বাগধারার ব্যবহার চলছে। উদাহরণ হিসেবে প্রথমেই বহু প্রচলিত একটা কথা বলতেই হয়।

কিরে ভাই নাটক করছিস অথবা অনেক নাটক দেখেছি বা এই সব নাটক আর ভালো লাগে না।

এই নাটক শব্দটাও ব্যবহারিক অর্থে একটি বাগধারা।

থাক এই তাত্ত্বিক কথা। আসল কথায় ফিরি।

:২:

এই তিনটে শব্দ তথা বাগধারায় একটা গল্প লিখতে বসেছি। মনে হয় মন্দ হবে না।

ধরুন কোনো এক বিয়ের আসরে খেজুরে আলাপ হলো ছেলে বাপের সাথে। তিনি সুস্থ স্বাভাবিক শরীরে তার বাপের শ্রাদ্ধে মৎস‍্যমুখী নিয়ে শুরু করলেন। মৎস‍্য বলে কথা। ঘোলা জলে নয়, একদম জালফেলে খাল, বিল, নদী, নালা বাদ দিয়ে মাঝ সমুদ্রে মাছ ধরা। মিষ্টি জলের মাছ ধরা পরলো মাঝ সমুদ্রে। মাছের ওজনটাও কম নয়। একচল্লিশ কেজি তার ওজন। একটা চল্লিশ কেজি বললেও কেউ মানছেনা দেখে তিনি বললেন এক কেজির চল্লিশটা মাছ। অবস্থা এমন শ্রোতারা হাসতে হাসতে হাঁস হলো।

ভাগ্যিস সুকুমারের রায়। কে কাটবে এই অকাট্য শব্দ? 

এরপর শুরু হলো আমরাগাছী। মধ্যপ্রদেশে ভূপালের ছোটো তালাবের মহাশোল মাছের ঐতিহাসিক বর্ণনা। রূপে রুই মাপে তিমির মতন।  

এরপর শুরু হলো নাটক। না নাটক আধুনিক কাজেই এটা যাত্রাপালা। ভাঙা তলোয়ার দেখেছেন? টিনের তলোয়ার দেখেছেন? এটা টিনের তরোয়াল।

:৩:

এই আধুনিক যুগে বসে অতিতের বাগধারায় ভরসা রেখে সামান্য একটি প্রেক্ষিত লিখলাম। বলার বিষয় যা আছে সেটা ভবিষ্যতের হাতেই তুলে দিচ্ছি।

স্প্যানিশ শব্দে বলছি "হোলা হোলা।"


মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

সাবধান সাধু

 :১:

যে দিনকাল পরেছে সে কথা ভেবেই আমার মনে হলো যে কোনো মৃত দেহ বিনষ্ট করার আগে তার ডি এন এ টেষ্ট করা প্রয়োজন। আজকের এই প্লাস্টিক সার্জারির যুগে মুখাবয়ব দেখে আইডেন্টিফাই করা সম্ভব নয়। জটিলতার শীর্ষে ওঠা কোনো বিষয় একটা মৃত্যুতে শেষ হলে সন্দেহ হতে বাধ্য। সত্যিই কি মৃত ব্যক্তির DNA তার জীবিত সন্তানের সাথে এক ও অদ্বিতীয়? যারা নির্বীজ, যারা সন্তানের জন্মদানে অক্ষম আমি তাদেরকে বাদের খাতায় রাখছি। 

শুধু রূপ আর দোষ-গুণ দেখে  এই আধুনিক  বিজ্ঞানের যুগে সত্যতার প্রমাণ দেওয়া যায় না।

মনে পরে উত্তর প্রদেশের কংগ্রেসের নেতা এন ডি তেওয়ারীর কথা?  ছেলেকে প্রমাণ করতে হয়েছিল কে তার বাপ ঠিক কাদম্বরীর মতন। 

:২:

হায়রে ভারত-ভাগ্য-বিধাতা। চব্বিশ এর নির্বাচন আসছে আর উড়ছে সুখোই চিন সীমান্তে। এ যেন রাজনীতির প্রাত্যাহিক বিষয়। বন্ধুরা আমাকে বলছে, "সাবধান সাধু।" দেশদ্রোহীতার দায় আমার ঘাড়ে চাপতে পারে। কিন্তু কি করবো বন্ধু? সেই কার্গিল থেকে এই  অরণ্যে বোমাবাজি অথবা দুটো পাকিস্তান যুদ্ধ ছিল রাজনীতির জয়যাত্রার হাতিয়ার। 

শুনেছি নেতাজির সেই কথা "তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।"

শুনেছি " ইয়ে আজাদী ঝুট হ্যায়।"

শুনেছি "মেরা ভারত মহান হ্যায়।"

শুনছি "ভারত মাতাকি জয়।"

শিষ্টাচার উধাও হলো কোন সোনার কাঠিতে কে জানে। 

এ যেন নেতাজির বৃটিশ বিরোধিতার স্লোগানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার। 

এই কারণেই অসুস্থ সমাজে সুস্থ কথা বলা কতিপয় মানুষের  DNA টেষ্ট করা দরকার সে লালন সেখ হোক বা লালন ফকির হন।


সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

আগামীর উত্তর

:১:
না আলবিদা নয়, মজে যাওয়া নদীতে বন্যা হয়। যে রসালো দিন গুলো হেলায় পেরিয়ে এসেছি সে দিন গুলো আজকেও জাগ্রত। এটা মানব মন্ত্রণালয়ে যৌবনের আধিপত্য। যন্ত্রনার জীবনবোধ অস্বাভাবিক এক উন্মাদনায় ফিরে পায় অতীতের সুখ। কবি-সাহিত্যিক সকলেই বেঁচে থাকে এই ভাবনায়। হতে পারে ব্যাতিক্রমী ভাবনা কিন্তু বাস্তবতার নিরিখেই ভাবনার জন্ম। তাকে অস্বীকার করবে কে? আমি তাকে স্বীকার করি। হেঁটে চলে থাকার সাথে যে আমাকে উজ্জীবিত করে সে আমার প্রেম। অনেকে বকুল ফুলের মালা গাঁথে, অনেকে আবার খোঁপায় জুঁইয়ের মালা পরে মাতিয়ে রাখে সকলকে। সেসকলের বাইরে থেকেও আমি আহ্লাদ করি। এই আনন্দই আমি পেতে চাইলাম, আর পেলাম এই সায়াহ্নে। আমি পেয়েছি। এটাই সান্তনা।
:২:
কলমের কালি ফোরালো তখন যখন উপসংহার লিখছি। এটা পরীক্ষার খাতা নয়, এটা নিজের মনের খাতা আর কলমটা হলো আমার মন। মন আর হৃদয় এক হয় দর্শনের সখ্যে। ওদিকে আবার বুকে হাত দিয়ে হৃদয়কে চালু রাখতে ডাক্তারের দল গ্রাফ দেখে কম্পিউটারের মনিটরে। মনিটরটা আমাদেরই হাতে তৈরী। আশ্চর্য লাগে না? না লাগে না। কারণ আমরা জানি এই পৃথিবীর বুকে আমরাই অনাদি, অনন্ত, অরূপ এবং অক্ষয়।
কোটি তারার আকাশে যেমন চাঁদ, সহস্র কোটি চিন্তার শেষে পৃথিবীর বুকে মানুষ। 
:৩:
আমরা কবে সুর, তাল, লয় বুঝেছিলাম জানি না। কি দরকার পরেছিলো? কেনো এ সব বুঝতে ইচ্ছে হলো? কেনো এতসব যন্ত্র সুর করে বেড়ায়? কেন তুমিও গলায় সুর তোলো কানে হাত চেপে? ঢাক-ঢোল কে বানিয়েছেন? কি দরকার হয়েছিল? সাতটা তার নিয়ে কেন এই সপ্তক নির্মাণ? কেনো তানপুরার তার বেঁধেছো? কেনো তার ছিঁড়ে যায় ভায়োলিনের? কেনো রবিঠাকুর গীতাঞ্জলি লেখেন? 
প্রশ্নমালা তৈরী হয়েছে কয়েক কাল ধরে। আমি উত্তর খুঁজি বোহেমিয়ান এক জীবনবোধের নিরিখে। 
ফেলে দিতে পারো আমাকে কিন্তু প্রশ্ন গুলো থেকে যাবে। আমি এর উত্তর দেবোনা। তোমরাই দেবে কোনো একদিন, যেদিন স্বর্গের পথে আমি পদচারণ করবো।
থাক আজ আর নয়, আরো লিখবো আগামীতে।

রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

সেকালের হল্লাগাড়ি

 :১:

হাতিবাগান থেকে হাওড়ার মঙ্গলা হাট, বেহালা থেকে গড়িয়া হাট ছোট ব্যবসার প্রাণ ভ্রমর। পসরা সাজায় যে যার মতন। হাঁক ডাক শুনে রাস্তায় হেঁটেচলা মানুষ দরদাম করেন বেজায় তবে কেনাকাটা যার যার। 

একটু পুরোনো দিনের পদছায়ার কথা বলবো। পদছায়া বলছি এই কারণে এই ছায়া ব্যবসায়ীদের কাছে ভয়-ভীতির এক হিমালয় পর্বত। ডাকনাম হল্লাগাড়ি। হল্লাই বটে। পসরা সাজিয়ে বসে দুপয়সা রোজগার করতে বসা ব্যবসায়ীরা মাঝে মধ্যেই উদ্বাস্তু হয়ে খালি হাতে খালি পকেটে চোখের জলে বুক ভিজিয়ে ফিরে যেতো বাড়ির পথে।

আহারে, ওদের ব্যবসা করতে দিলোনা প্রশাসক। নিস্ব হয়ে নতুন ভাবে দ্বিতীয় বার কোদাল-কুড়োল ধরার শপথ নিতে হলো নতুন করে।

:২:

কাব্যিক লিখবেন,

 " হকারের উৎপাত, 

খালি নেই ফুটপাত, 

রাস্তায় ভরপুর গাড়ি।

জাম জট বিস্তর

লক্কর লস্কর

ফিরবে কখন কে বাড়ি?"

গ্রামের মানুষ যখন শহরমুখী হয় রোজগারের তাগিদে তখন এক অনিবার্য কথা বলতে হয়; গ্রামে আহার নেই, আহার আছে শহরে। আড়ে-বহরে বেড়ে উঠছে গরীব রথ পরিসেবা, ঠিক সেই পুরোনো প্রবাদের মতন।

" রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি;

মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।।"

:৩:

ছেলেটা তখন লায়েক হয়েছে। ব্যবসায় লক্ষ্মী তখন দু'হাত তুলে আছেন। ছেলেকে রেখে বাড়িতে ফিরে শান্তিতে ঘুমিয়ে ক্লান্তি দুর হলো। সেদিন গরম ভাত, ডাল আর মাছের ঝোল খেয়ে ট্রেন ধরেছিল প্রশান্ত। দুপুরে পৌঁছে ছেলেটাকে রিলিফ দেবে ভেবে সকাল সকাল বাহিরপোয়া হল্টে বসেছিলো অনেকক্ষণ। ট্রেনটা ধিকধিক করে  থামলো। তখন সময় দুপুর দু'টো। বালিগঞ্জ থেকে হেঁটে গড়িয়াহাট পৌঁছে ছেলে, দোকান, পসরা খুঁজে পেলোনা। 

অজানা পথে চলা যার অভ্যাস তাকে ভয় দেখাবে কে? হল্লাগাড়ি সব নিয়ে গেছে শুনলো পথিকের মুখে। ছেলেটা কোথায় ? 

লায়েক তখন খোশমেজাজে রফায় ব্যস্ত। হ‍্যাঁ সব কিছু নিয়ে সে ফিরেছে। 

এটাই আজকের সমাজ, ছিঃ …....



শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

শিপ্রার তটে

 :১:

বয়েস তখন বছর চব্বিশ। কাজের সুবাদে চলেছি মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। শিপ্রা নদীর নামে নাম তার। সে দেড় দিন ছুঁটে সাগর, সাতনা পার করে পৌঁছোয় শিপ্রার পারে। হাড়কাঁপানো ঠাণ্ডায় সে দিনটা আজও স্মৃতির শিখরে। পাশেই বয়ে চলেছে নর্মদা। সেখানে পারাপার করতে ডিঙি চলে দাঁড় আর হাল নিয়ে। স্রোতস্বিনী নর্মদে। কত মানুষকে সে নিয়ে গেছে নিজের মনে করে নিস্প্রাণ করে সে এসবের কথা বলে না। বলে আমি নর্মদা। এ এক কঠিন সত্য। গঙ্গা, সিন্ধু, নর্মদা আগের মতন প্রবাহমান। 

ভালো মানুষ পেলেই এরা কাছে টেনে নেয়।

:২:

নর্মদার পারে বসে ঢেউ গোনা যায় না। খুব শান্ত মুখ তার। যত গভীরে যাওয়া যায় ততই সে কঠোর কঠিন। আধপোড়া দেহগুলো অচিরেই চলে যায় গভীরে, কয়েক শতাব্দীর পর পাওয়া যায় স্কেলিটন গুলো। থাক এসব কথা।

কাজের শেষে ঘুরে বেড়াতাম নর্মদার পার ধ‍রে। সাধুদের সাথে খুব সখ্যতার কারণে মনে হলো নর্মদা পরিক্রমণ। বাড়িতে ফিরে মা'কে বললাম মনের কথা। মা বললো তুই কি সাধু হবি? বললাম কেনো? বললো এ বয়েসে এই ইচ্ছা? বললাম শক্ত সমর্থ‍্য তাই। বললো যেদিন অসমর্থ‍্য হবি, ভিক্ষা করবি সেদিন তোকে কেউ আটকাবে না। সেদিন শেষ হলো নর্মদার ডাক। 

আজকাল আবার ইচ্ছে হয়। মা এখন নেই তবে মেয়েটা এখন বড় হয়েছে। ও বললো যেখানে ইচ্ছে হয় যাও, আমি আর মা তোমার সাথে যাবো।

:৩:

বেয়াল্লিশের যুদ্ধে গোটা পরিবার শেষ হয়ে যায়, একমাত্র আমি বেঁচে আছি। শেকড় গুলো নারকেল, সুপুরি গাছের মতন আঁকড়ে থাকে মাটি। মাটি যেদিন আমাকে ছেড়ে গেলো সেদিন পাহাড় ভেঙে পরলো। আমি বৌ বাচ্চা সামলাতে ব্যস্ত ছিলাম। পাহাড় হাসলো, ভেড়ার দল ছুটলো দিকবিদিক শূন্যে। আমি ছিলেম আমার মতন আকাশের দিকে তাকিয়ে। সে বললো একদিন নর্মদা তোমাকে সন্ন‍্যাসী হতে বলবে, অপেক্ষায় থাকো।

এই সাতান্নে এসে মনে হয়, সাধু হওয়া হলো না। সাধুর দল বললো তুমিতো অসাধু নও।

ভাগ্যিস মা সেদিন .......

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

যদি থাকতো বনফুল

 :১:

তিনদিন পরে আজ একটু লিখতে ইচ্ছে হলো। তিনদিন যে খুব ব্যস্ত ছিলাম তা নয় তবে আনন্দে ছিলাম। রোজকের কাজের ব্যস্ততা নেই, অফিসের তাগাদা নেই, খাওয়ার তাড়া নেই, সব কাজকর্ম আনসিডিউলড। অনিয়ম হয়েছে বিস্তর তবে শরীর ভালোই আছে। আসলে পিঠে, ঘাড়ে,মাথায় কোথাও কোনো ভার নেই। ফলে আদি অকৃত্রিম শরীর পুরোনো অবস্থায় ফিরে গেছে। এখানে এখন শুধু খাওয়া আর প্রকৃতি দর্শন চলছে। দু-চারটে কূটকচালি ছাড়া তেমন কোনো জটিলতার কিছু নেই। আসলে বিয়ে লেগেছে দিদির মেয়ের। মিশ্র সংস্কৃ‌তির বিরল বিষয় বাঙালির সমাজে কতটা প্রভাব বিস্তার করছে এই প্রথম তার দর্শন পেলাম।

এক বৈচিত্র্যময় উৎসবের সাক্ষী হলাম।

:২:

পাকাপাক চলছে। ঘুরছে কনে, বর বসে আছে আরাম কেদারায়। ফুল দিচ্ছে বরের পায়ে আর লাফ দিচ্ছে ছেলের বাড়ির কর্তা থেকে কামকরণি সকলে। না সকলে নয় হক্কলে। এর পর মালা বদলের পালা। আমি ওদের ভাষা নকল করে বললাম "কাম সারছে"। দেখো কান্ড ঠিক সেটাই হলো? মাগুর যায় কাদার তলে আর রুই ভাসে আকাশ তলে। এক সুন্দর বেঠিক প্রেমপর্ব। চারিদিকে রাশি রাশি হাসি হাসি মুখগুলো আমি এর আগে একবার দেখেছিলাম। সেটা ছিলো পুরুলিয়ার গন্ডগ্রামে। এই শহুরে মানুষের কাছে এরকম কিছু পাবো, আশা করিনি।

বুঝলাম বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য।

:৩:

বিচিত্র এ পৃথিবী, কতটুকু জানি? জানতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেললাম। বিয়েতে বর আসে কখনো মাদল কখনো সানাইয়ের শব্দে। পথের পাঁচালীর অপু এসেছিল শব্দের বাহিরে। 

না এ বর তেমন নয়। হাট, বাজার, রাস্তা সব বন্ধ করে উল্লাস করে সদলবলে বর এলো। এখন সহসা আর বর্ষা আসে না। জগৎ সংসার এখন উপদ্রবের মতন। 

আমি দেখলাম এক নতুন সভ্যতা, যেখানে সতত মানুষ থাকতো। 

:৪:

এ হেন কাম কাজ দেখে আমি মূর্ছা গেলাম। সবাই বললো তিনি  মূর্ছা গেছেন। আমি ছিলেম জাগ্রত। এইসব ঢলাঢল দেখতে দেখতে কথা হলো এক মাতালের সাথে। সে বললো "সব ঠিক হ্যায়।"


বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

 :১:

রাস্তা কমানোর জন্যে মাঠের রাস্তা ধরলাম। পৌষ ধানে তখন মাঠ ভরে উঠেছে, মিষ্টি খৈ ভাজার গন্ধে ম ম করছে মাঠ। আসে পাশের গাছগুলোর পাতা ঝরে গেছে। দাঁড়িয়ে আছে বেশোর কাঠের মতন। ইঁদুরের দল বড় স্বাচ্ছন্দে চলাচল করছে, সাপের দল শীত ঘুমে গেছে বলে। 

আগে বাবুইরা দল বেঁধে আসতো এই পাকা ধানের গন্ধে। সুন্দর বাসা বানাতো তাল গাছের পাতায়। গোবর আনতো ঠোঁটে করে। জোনাকি ধরে ঐ গোবরের উপর উল্টো করে আটকে দিতো। রাতে বাসায় আলো জ্বলতো। শাবকগুলো আলোর সাথে কথা শিখতো। 

নবান্নের পর নতুন চালের ভাত আর গুরুলি আলুসিদ্ধ দিয়ে দুপুরের খাওয়া দাওয়া। মোটা ফেনটা খুব ভালো খেতো শামু। শামু হলো আমাদের সাদা রংয়ের গাই। দুধ দিতো কম তবে আদর পেত বিস্তর। ও একটা এঁড়ের জন্ম দিলো। বাবা বললো ওকে বৃষোৎসর্গের ষাঁড় করবে। যেমন কথার পর কথা পরে, ঠিক সেটাই হলো। আমা ঠাকুর্দা চলে গেলেন সাথে নিয়ে গেলেন শামুর ছেলেটাকে।

:২:

শহরে বড় হয়ে যা কিছু কম পরেছিলো গ্রামের বাড়িতে সেগুলো পূর্ণতা পেলো। শামুর বাচ্চা হলো শিবের ষাঁড় আর এ পাড়ার চারটে সারমেয় আমাদের পোষ‍্য হয়ে উঠলো। জীবন কিভাবে বদলায় বুঝলাম ওদের আনুগত্যে। ওরা দু-ভাই, দু-বোন। এর আগে আমাদের দেখলেই তারস্বরে চেঁচাতো আর এখন ডাকলেই মুখের দিকে তাকিয়ে বুকডন দিয়ে মাথা বাড়িয়ে দেয়, হ্যান্ডসেক করে। খুব সুন্দর ওদের কথাবার্তা। আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। ওদের নাম দিয়েছে আমার বৌ আর মেয়ে। লালু, ভোলা নাম ভুলে এখন গোলু নামে ডাকলে আহ্লাদে আটখানা। কালোটা ইউনিভার্সাল কালু নামেই খুশি। বোন দুটোর একজনের নাম দিলেম আমি। মঙ্গলা নয় নাম দিয়েছি মঙ্গল। শিকার করে বলে ওকে কখনো কখনো আমার বৌ বলতো তুই ডাকু মঙ্গল সিং। আমি বললাম না। ও মঙ্গল। সেই থেকে ওর এই নাম। আর সাদা কালোটা স্বনামধন্য বাচ্চা আর ছোটো কালু হিসেবে। তবে গোলুর তুলোনা গলুই। সম্বৎসর বেড়াতে যাওয়া বাঙালির রক্তে। কোভিড যেতে দেয়নি বছর কাল। একুশের শেষে বেড়িয়ে পড়লাম। ডিসেম্বরের শেষে শিলং। পাড়ার লোক বলতে দু-এক জন। বলে গেছিলাম ঘুরতে যাচ্ছি একটু খেয়াল রাখবেন দাদা। যেদিন বাড়িতে ফিরলাম ওদের আনন্দ দেখে কে? গায়ে উঠে, গন্ধ শুঁকে, বুকডন দিয়ে ডগ থেকে গড হয়ে বাড়ি অব্দি এলো। 

পাড়ার সকলেরই এক কথা, ওরা থাকলে নিশ্চিন্তে ঘুরতে যাও, কোনো কেউ পা দেবেনা।

সেদিন ওদের আনন্দ দেখে কে।

:৩:

ফেব্রুয়ারিকে পিছনে ফেলে বৃষ্টি এলো। তখনও ধান মাঠের মধ্যে পরে গরাগরি খাচ্ছে। কাটা ঝারা হয়নি।