:১:
ইউরোপের এক সাহেব এ বাংলার একটা মেয়েকে নিয়ে সংসার পেতেছিলো । ভালো লাগতো না তার ইউরোপীয় একবগ্যা নেকড়ের জীবন। যেখানে তারা দেখা, চাঁদ দেখা, শুকতারা আর সন্ধ্যাতারা অথবা যেখানে সপ্ত ঋষি নেই, কালপুরুষ নেই, নেই সেই শিকারি কুকুর লুব্ধক অথবা শীতকালের বিছে, চা এর কেটলি, বৃহস্পতি, মঙ্গল, শনি এমনকি বুধ গ্রহকেও যেখানে দেখা যায় খালি চোখে, সেখানেই তিনি স্থিত হলেন।
এদেশের কিছু অতিকায় জ্ঞানী, অতিজ্ঞানী স্বনামধন্য আঁতেলেরা বললো, এই সাহেব হয় সি.আই এর এজেন্ট অথবা নারী লোলুপ কেউ।
সাহেব নির্বিকার। উনি সুতো বোনেন, ছেঁড়া ওনার কাজ নয়।
:২:
দার্জিলিংয়ের টয় ট্রেনে বসে তরাই ঘুরছিলাম দারিং সাহেবের সাথে। ওর গিন্নি, প্রতিমা গুনগুন করে রবিঠাকুরের গান গাইছিলো। ডিসেম্বরে খৃষ্টমাসের ছুটি কাটাতে এসেছিলাম। এখানেই পরিচয়, তারপর ভালোলাগা, প্রতিমার গান শোনা আর না আর কিছু নয়। আমি গুনগুন করি না, গলা ছেড়ে গান করতে ভালোলাগে। দারিং সাহেবও তেমন। মাঝে মধ্যেই আমার গান শুনে তার চোখ বাঁধ মানে না। যিশুকে সে দেখতে পায় এখানে বসে। চিৎকার করে বলে ওঠে, 'ব্রুটাস, তুমিও?'
এ যেনো চলার পথে হোঁচট খাওয়া। পথের দোষ না চলার দোষ বিচার করতে জজ্ সাহেব তিতিবিরক্ত। পথ দেখাতে আকাশে পূর্নিমার চাঁদ উঠেছিলো তখন। সহায় সম্বলহীন মানুষেরা বললো ঐ পথ আমাদের চলার পথ, আমরাই ঠিক করে নেবো।
দারিং সাহেব তাই রয়ে গেছেন এখানে। গান শোনেন গৃহিনীর গলায়, মন দেন রবিঠাকুরের লেখায়, টয়ট্রেন হয়ে ওঠে সুকুমার এক লেখকের কথার মতন।
আজকাল সাহেব বনফুল পড়ছেন। তাকিয়ে থাকেন রাস্তার দিকে। ছুটে যান দিকবিদিকহীন ভাবে, যখন পুঁ হুইসেল শুনতে পান।
:৩:
স্বপ্নে নয়, সাক্ষাতে দেখে বনফুলের সেই রেলগাড়ির পিছনে বিপুল গতিতে এগিয়ে যান। ফেরার পথ তাকে দেখানোর কেউ নেই।
রক্তে তার অদম্য বিশ্বাস। ধ্রুবতারা তাকে যে ভাবে চলতে শেখায় সেভাবেই পৌঁছে ছিল এই বঙ্গে।
বিমুগ্ধ সাহেব প্রতিমাকে বললো গান শোনাবে?
:৪:
দার্জিলিং পাহাড়ের মাথার উপর যে ঘোমটা দেওয়া আকাশ সেখানে মেঘ জমেছিল। বৃষ্টি নামলো না জানিয়ে। শীতের র্যাপার নিয়ে এসেছি কিন্তু বর্ষাতি বা ছাতা কিছুই সাথে নেই। ডিসেম্বরে বৃষ্টি হবে এ কথা মনে আসেনি। এটা ঠিক বৃষ্টি নয় তুষার পাত হতে পারে। আগে কখনো দেখিনি। সাহেব বললেন এরপর পাহাড়ের সব গাছগুলোর পাতা আর সবুজ থাকবে না। পাতার রং হবে তামাক পাতার মতন।
কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। বললেন, আমার ছোটবেলা আমি চোখ বুজলেই দেখতে পাই। এরকম বৃষ্টি শুরু হতো আমার পৃতৃভূমে। যে কটা গাছ মাথা তুলে থাকতো তারা বিবর্ণ হতো ঠান্ডায় আর বৃষ্টিতে।
এখানে যে আইসুদিং সবুজের ভীড়, ওখানে এমন ভাবাটা দিবা স্বপ্নের মতন। ফসল ফলেনা ঐ দেশে, শুধু কর্কশ শব্দে কারখানার মেশিন গুলো চলে, আকাশের দিকে মুখ করে ধোঁয়ার পাহাড় উড়ে চলে আকাশ দিয়ে। ওটা যন্ত্র মানবের দেশ। মানবের নাম বদলে দিয়েছেন জ্যাকলন্ডন সাহেব। ওদের পোষাকি নাম হলো নেকড়ে।
আমি নেকড়ে হতে পারিনি।
:৫:
সকাল বেলায় দ্যুতি এলো। সরকারি চাকরির সুবাদে কার্শিয়ং এ বাংলো পেয়েছে। ডাক্তরি শিখে নানান যায়গায় ঘুরে এখন কার্শিয়াং এ আছে। তবলার ছন্দে অপূর্ব ওর কত্থক আমি দেখেছি। বললাম এই তুই এখন আগের মতন নাচতে পারবি। লজ্জা পেলো ঠিক আগে যেমন দেখেছি, তেমন। সাহেব বললো প্রতিমা এখনো সুন্দর গাইতে পারে। আমি বললাম আমি কিন্ত্ত সেতার বাজানো ছাড়িনি। দ্যুতি বললো এই সাত সকালে আমাকে ধিতাং ধিতাং বোলের সাথে নাচতে হবে? বললাম তোর এই সহজ সুন্দর কথাটা না শুনলে ...। সাহেব প্রতিমাকে বললো দ্যুতি ঠিক তোমার মতন। এই লাজুক মুখটাই সেদিন আমাকে তোমার কাছে এনেছিলো; আর আজও আছি ঐ মুখটার দিকে তাকিয়ে। দ্যুতি লজ্জা পেলো। আমি বললাম এই সাহেব আধুনিক হয়নি এখনো। লজ্জা করিস না। ওর দেশের সাথে আমাদের ও মেলাতে চায় না।
এই ভালো লাগা ওর আকর্ষণ। হয়তো কোনো একদিন আমরাও তলিয়ে যাবো ঐ দেশের আধুনিকতার কাছে। আর সাহেব সেদিন আমাদের পরম্পরার ইতিহাস লিখবে।
প্রতিমা গুনগুন করে গাইছিলো ' জনম জনম গেলো, আসা পথ চাহি।'
:৬:
দ্যুতি ফুল গুনছিলো। বৃষ্টির পর ওরা থাকবেনা তাই। শীতল হাওয়ায় পেরে উঠলো না। প্রতিমা বললো, সাহেব কখনো ভুল করে না। দ্যুতি বললো ঠিক বুঝলাম না। বললো ওরা আবার জেগে উঠবে তবে একা নয় অসংখ্য ফুল হয়ে। দ্যুতি কিছুই বুঝতে পারলো না। প্রতিমা বললো এদেশে ফুল ঝরে যায় আবার নতুন করে ফুটে ওঠে। পোড়া সাহেবের দেশে এসব ঘটে না। এইতো কয়েক বছর আগে বৃষ্টি হলো, তুষার ঝরলো, ঝরা ফুলের দেশে আবার ফুটলো ফুল। যে গাছ গুলো প্লাস্টিকে চাপা দেওয়া হয়নি তারাও আবার ফুটলো। সাহেবকে সেদিন বলেছিলাম তোমার দেশে যাবো। নিয়ে গেলো আদর করে। কিন্তু ওদেশে সত্যিই এমন হয় না। ওখানে সবুজের সমারোহ নেই। পাতা ঝড়া পর্নমোচি সেখানে জন্মায় না। এমনকি ক্যাকটাসও দুস্প্রাপ্য।
দ্যুতি বললো অথচ ঐ দেশেই সর্বোচ্চ ডাক্তারি ডিগ্রি পেয়ে আমি সমৃদ্ধ আজ। ওরা ঐ দুর্লংঘ অবস্থাকেই সাথে নিয়ে চলেছে অনন্তকাল ধরে। ওদেশে কাপড় পরিস্কার করাতে কাপড় পাঠাতো এদেশের লোক আর বিনিময়ে ওরা এই সবুজ এর বীজ নিয়ে দিনরাত এক করে পরীক্ষা নিরিক্ষা চালাতো। শেষ কথা ওরাই বলতো। আসলে শিক্ষা বিষয়টা এমনই। আমরা এখনো তা অর্জন করতে পারিনি।
:৭:
বৃষ্টি আমাকে পথ দেখালে। বললো সব ধূলো-ধোঁয়া আমি আমার ফুসফুসে নিয়ে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখার পথ করে দিয়েছি। এবার যাও, দেখে এসো কাঞ্চনজঙ্ঘার সুন্দরী রূপ।
এদিকে জাঁকিয়ে বসেছে শীত। লেপ কম্বল সব ভেজা ভেজা লাগে। চা এর কাপে চিনির বদলে মধু দিলাম গা গরম করার জন্য। কাজ হলো কিনা বুঝলাম না। কাক জাগার আগেই রওনা দিলাম।
ভেবেছিলাম রাস্তা থাকবে কুয়াশায় ভরা, গাড়ি চলবে শূন্য গতিতে। না তা হয়নি। গাড়ি চলছে নিজের গতিতে নিঃশব্দ রাস্তায় ।
পৌঁছতে দেরি হলো সামান্য বৃষ্টির জন্যে। পৌঁছলাম সূর্যোদয়ের অনেক খানি আগে। লোকজন নেই কোথাও, কুকুরগুলো ঠান্ডায় কুঁই কুঁই করছে। ডাকছে কম দৌড়চ্ছে বেজায়। গাড়ির বাইরে বেরিয়ে বুঝলাম হাড় কখন হিম হয়।
:৮:
এবার কাঞ্চনজঙ্ঘা দেখার পালা সূর্যোদয়ের সাথে। দ্যুতি বলেছিল আমি যদি সূর্যোদয় দেখতে পাই ও ঘর বাঁধবে। প্রতিমা বলেছিলো সাহেব দেশ ছাড়বে। ভাবছিলাম ফিরে যাই হোটেলে। এই দেখার সাথে অনেক কিছু অদেখা জড়িয়ে আছে। আমি আমার কাছেই প্রশ্ন করলাম। মন বললো দেখো যা তোমার অদেখা ছিল; প্রাণ বললো এই বয়সে না হয় না'ই দেখলে।
ঐ ভোররাতে প্রথম ফোন এলো দ্যুতির কাছ থেকে। বললো দাদা এই চান্স মিস কোরো না। আমি প্রলুব্ধ হলেম। যখন সূর্যোদয় দেখে ফিরছি ফোন পেলাম প্রতিমার। বললো সাহেব আর শ্বাস নিচ্ছে না।
দ্যুতি আমার পৌঁছনোর আগেই পৌঁছেছিলো প্রতিমার বাড়িতে। সাহেব সত্যিই তখন চিরনিদ্রায়। আমি তাকিয়ে ছিলেম তাঁর দিকে। এক অজানা স্বপ্নের সাথে আজ পরিচয় হলো। প্রতিমা কিন্তু কাঁদেনি।