রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ভালোবাসি কাজ পাবো বলে

 :১:

আজকের পরিভাষায় শ্রমিক দু -প্রকারের আগে এমন ছিলো না। যারা সরকারের অধীনে তারা বাবু শ্রমিক তবে বেতন কম। আর অন্যেরা শিল্পাঞ্চলের বেসরকারি শ্রমিক। বেতন অনেক, তবে অস্থায়ী। ওখানে আবার দাবি-সনদ আদায়ের জন্যে একটা সংগঠন ছিলো। নাম দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়ন। কর্মিরা তখন বেসরকারি কাজে বেশী আগ্রহী ছিলো। সরকার কখনো ঐ সব প্রতিষ্ঠান গুলোর উপরে উঠতো না। কালক্রমে সেই প্রথার বিলোপ ঘটলো। সরকারি সাহাজ্য মিললো সেইসব ট্রেন্ড ইউনিয়ন গুলোর। আর তারপর? তারপর যা হয়েছিল, সেই ইতিহাস লিখতে বসেছি। গালি খাবো সহস্র, সাথে থাকবে অজুত, নিজুত মানুষ। যারা আজ কর্মহীন। এরপর অসাধারণ কিছু কনসেপ্ট এসেছে সরকারের কর্মপদ্ধতিতে। তারা যাদের সেদিন কর্ম বিমুখ হতে বলেছিলো দাবি-সনদ আদায়ের সমিপে, তারাই আজ  সেই মুখি। অজস্র পরিবারের চোখের জল যখন শুকিয়ে গেলো নতুন করে সেই জল আসার প্রচেষ্টায় তারা ষ্কিম এনেছে। প্রথম যখন এই দাবি আদায়ের পথ ধরে শ্রমিকরা বন্ধ কারখানার সামনে অবস্থান করতো তখন, আর আজ  যখন সেই একই প্রক্রিয়ায় কর্মী সংকোচনে তারা রত তখন মানুষ তাদের স্বরূপ বুঝলো। বুঝলো এতকাল যা হয়ে এসেছে তা অনেক কাল আগেই তারা জেনেছিলো। তাদের বিশ্বাসের মূলে যে আঘাত আজ হচ্ছে সেটা সংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা। সেজন্যেই ডকের নাম বদলায়, শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না।

:২:

কোলকাতা পোর্ট সংলগ্ন একটা বিরাট অঞ্চল তখন ছিলো ইন্ডাস্ট্রিতে ভরা। চিমনি দিয়ে ধুঁয়ো উড়তো হুগলী নদীর পূব পাড়ে। সেখানে বাসগাড়ি গুলোতে বাদুর ঝোলা ভীড় হতো। সেখানে সাইরেন বাজতো সকাল নটায় আর রাত দশটায়। রাস্তগুলো ছিলো কালো ইটের। ইট বানানো হতো কানপুর থেকে ঝাঁসি পর্যন্ত। গ্রানাইট কাটা হতো  শ্রমিকদের  হাতে। সেই কালো ইট দিয়ে এই শিল্পাঞ্চলের রাস্তা বানানো হতো। বড়ো বড়ো গাড়ি চলতো এই পথ দিয়ে।  তবে দশ, বাড়ো, কুড়ি, তিরিশ চাকার গাড়ি ছিলো না। রেল রাস্তা ছিলো বেজায়। ওয়াগন ভিড়তো ইন্ডাস্ট্রিতে। রাস্তায় যানবাহন বলতে লরি আর বাস। এসব আজ অতীত। তবে বাস্তব বললে বলবো, না ইন্ডাস্ট্রি নেই। আছে চাক্কার ঘেনঘেনানি। আছে রাস্তার সংকট। এটা শহরের নাম বদলে দিয়েছে। হয়েছে নির্বিবাদে বেওয়ারিস রোজগারের পথ। ফিউডালরা এটাকে ঘৃণা করে। তাহলে এরকম কেনো হলো? 

ঐ শিল্পাঞ্চল আমার জন্মভূমি ওখানেই আমি রেখে এসেছি আমার যৌবনকে। তাই ভাবছি এ নিয়েই লিখবো।

:৩:

তখন সাদিয়ার বর আনোয়ার হাড়কাঁপানো মস্তান ডক ইয়ার্ডে আর সুবোধদা আমাদের নেতা। মেয়েটা ইংরেজিতে অনার্স পড়ছে। আনোয়ার যত হুমকি দেয় সুবোধদা ততই হাসেন। ভাবেন একদিন এমন হবে আমার পাশে দাঁড়িয়ে আনোয়ার বলবে কাজ পাওয়া আমার অধিকার। না তা হয়নি। সেই তাঁর কথাতেই বলছি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি। 

আজকাল আবার আনোয়ার নতুন অস্ত্র পেয়েছে। সাবেকি নয় অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয়। তাতে রুটি সেঁকা যায় আবার পোড়া মাংস, আধুনিকতায় যার নতুন নাম হয়েছে কি যেন তন্দুর টন্দুর এরকম কিছু একটা। হুমকি শুনে সুবোধদা একদিন বলছিল, শ্মশানে অঘোরিরা তন্দুর খেতো। ওটা ছিলো মরা মানুষের আধপোড়া শরীর। এখন রাস্তায় বিকোয় এই সব। কোনদিন মুরগি আর মোরগের পরিবর্তে আমরা সেই জায়গায় পৌঁছবো জানি না, তবে যাওয়াটা যে আসন্ন তা বুঝি।

ভ্রুণের স্বাদ পাওয়া মানুষ একদিন মানুষ খাবে এতো বলার অপেক্ষা রাখে না। সুন্দর এক প্রাগৈতিহাসিক সময় এসেছে সময়ের সাথে সাথে। 

ইলেকট্রিক চুল্লিটা ফালতু ফার্নেস। মাত্র পঁয়তাল্লিশ মিনিট? ছিঃ এই সভ্যতাকে।

:৪:

সুভাষ হারিয়ে ছিলো আকাশে তাই বিমানপোত তাঁর নামে আর শ্যামা মায়ের প্রসাদ শুকনো বন্দরে শুকিয়ে মরে। আমি এই সব বলছি বামাখ্যাপা হয়ে। যখন কাজে কর্মে ব্যাস্ত ছিলো গঙ্গা, যখন জাহাজ দাঁড়াতো এই ঘাটে, যখন কাজ জুটতো সকলের তখন নাম ছিলো কোলকাতার নামে। হঠাৎ ক‍রে ভূমধ্যসাগরের ঢেউয়ে মিশে গেলো। 

কাজ কর্ম যেটুকু ছিলো হয়ে উঠলো প্রসাদে। সেটা খাওয়া যেমন দুষ্কর পায়ে দলাও ভীতিকর। কাজকর্মের অভাবের কারণ পরিনত হল বহুরে এক নামে। শ্রাদ্ধ হলো শ্রদ্ধার নামান্তর। কাজ হলো কৃত কর্মফল। জীবন হলো অশরীরী আত্মা। আমি সেখানেই আমার যৌবনকে ফেলে এসছি। 

হন্যে হয়ে আবার ফিরলাম সেখানেই। বলতে এসেছি, চোখ মুদে তোমরা কি দেখতে পাও এই আধুনিক যুগে অশরীরীর দল কর্ম ব্যাস্ত? চোখ বুজলেই দেখতে পাবে।

:৫:

রক্ত যখন জমাট বাধে তার রং হয় মেরুন। সুবোধদার বউ বললো সেদিন। কে যেনো দাদাকে মেরে ফেলেছে। গুলিটা ওঁর মাথায় লেগেছিল। ও তো হিটলার নয়। একটা গুলি যখন পার হয়ে গেলো তখন আনোয়ার দুহাতে দুটো বন্দুক নিয়ে উদভ্রান্ত । বললো না পারলাম না। ওরা মেরে ফেললো দাদাকে। দুটো বন্দুক মাথার দুদিকে ঠেকিয়ে ট্রিগার টিপলো। মৃত দাদার চোখ দুটো জলে জ্বল জ্বল।

পুলিশ এলো, নিয়ে গেলো মর্গে। মর্গের মৃত মানুষ গুলো আচম্বিতে জেগে উঠলো। হাজার হাজার কোটি মৃত মানুষের মিছিল দেখে তখন জ্যান্ত মানুষেরা হাত তুললো।

সুবোধদার চিতা আজও নেভেনি।

আমারও কাজ পাওয়া হয়নি।


বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

শেষ ট্রেনে ঘরে ফিরবো না

 

শেষ ট্রেনে ঘরে ফিরবো না

:১:

লোকাল ট্রেনে বড় একটা ঘোরা হয় না। টিপটিপ বৃষ্টি অকালে। হেমন্তে শীত এসে পরায় জলভরা মেঘ এসেছে হাওয়ার পাখনায় ভর করে। ভাবছিলাম রূপনারায়ণে পানসি চড়বো। মাঝি না বললো।  মন চঞ্চল হলো। এদিকে হাল্কা হাওয়া শুরু হয়েছে।  দরজার বাইরে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন শঙ্খিনিরা।  সামনে একটা বাস হাঁটছিল। চড়ে বসলাম। ভাঙা গাছ, ভাঙা লাইটপোষ্ট পেরিয়ে সে থামলো রেল ষ্টেশনের পাশে। একবার ভাবলাম ফিরে যাই। বাড়িতে বসে দরজা, জানলা বন্ধ করে নিজর মতন থাকি। অন্য মনটা বললো ট্রেন যখন চলছে, চড়ে বসো। লোকাল ট্রেন চললো গঙ্গার পার ধরে।

:২:

ঘরবাড়ি গাছপালা সব পিছিয়ে চলেছে, নদীতে ঝঞ্ঝার ভ্রুকুটিতে ঢেউ গোনা দুষ্কর, তবুও জানলার পাশে বসে একমনে ঢেউ গুনছিলাম। কখন যে চোখ বুজে এসেছে জানি না। সময়ের হিসেব দেখতে হলো কোনো এক টিটির ডাকে। বললো এটা শেষ ষ্টেশন মশাই, নামুন। নামলাম যখন প্রায় সন্ধ্যা। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে।

:৩:

প্লাটফর্মে বসে সিগারেট ধরালাম। অন্ধকার প্লাটফর্মে আমি একদম একা। বেশ লাগছিলো। ভাবছিলাম দুর্যোগের রাতটা এখানেই কাটাবো। কিন্তু হলোনা। স্মার্টফোন বেজে উঠলো কোথায় আছি এখন জানার জন্যে। ক্ষেপে গেলাম। বললাম স্বর্গের কাছেই আছি। তারপর? পুঁ হুইসেল বাজিয়ে ফেরার গাড়িটা এলো। আচম্বিতে চড়ে বসলাম। ফাঁকা কামরা। বাইরে ঝড়-বৃষ্টি। হকারেরাও বাড়ি ফিরে গেছে। বেশ এক নির্জনতা। ঠিক যা পেতে আজ এই ট্যুর। সত্যিই আনন্দে তখন আমি বিহ্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। 

ঘুম ভাঙালো নিজের মতন করে এক স্কুলের সহপাঠী। বললো সুবীর বাড়িতে যাবি না? মুখটা দেখলাম মুখের কাছে এনে, বললাম এতকাল কোথায় ছিলি?

উত্তর দিলো না।

:৪:

কোনো চুলচেরা বিচারে বসিনি। বাড়িতে ফিরে সেই চিন্তায় ডুব দিলাম। সেদিন ঐ দুর্যোগের রাতে দিব্যি নিশ্চন্তে আমার ঘুম এসেছিলো। একবার নয়, দু-দুবার। প্রকৃতির সাথে, গাছপালা, নদী, পথ সবার সাথে একেবারে নিশ্চিন্তে এক হয়ে ছিলাম। একবারও কোনো বিপদের গন্ধে ভয় হয়নি। অন্ধকার ষ্টেশনে বসে দিব্বি সিগারেট হাতে সুখটানে নির্লিপ্ত ছিলাম। কোনো কেউ দুশ্চিন্তায় ডাক দিয়ছিলো। হুইসেল এর শব্দে বিরক্ত হয়ে অনেকটা ইচ্ছের বিরুদ্ধে সেদিন বাড়ি ফিরছিলাম। ক্লান্তিতে চোখ বুজেছিলো সেই রাতে। ঘুম ভাঙিয়ে দিয়ে এক নতুন ঘোরে সেদিন গুটি-গুটি পায়ে এগিয়ে রাস্তার নেভা আলোয় নিজেকে দেখছিলাম। আমার সহপাঠী বন্ধু বললো, কিরে কি ভাবছিস বলতো? উত্তর দেইনি।

সেদিন কোনো ক্যাব পেলাম না। শেয়ালদা ষ্টেশনের বাইরে সবার তখন বাড়ি ফেরার হুল্লোর। কিছু অপেক্ষার পর একটা হলুদ ট্যাক্সি রাজি হলো যেতে। ভাড়ার কথা না হয় নাই বললাম। 

:৫:

অন্ধকার ফুঁড়ে গাড়িটা চলেছে। আমি আছি আমাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আলো নেভা লাইট পোষ্ট গুলো যেমন  বিমূর্ত, এই ঝড়-ঝঞ্ঝায় আমিও তখন ঠিক তেমনই। রাস্তার উপরে পরে আছে গাছ। গাছের ডাল গুলো ছিন্ন-বিচ্ছিন্ন। একজন গাড়ি পাওয়ার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে। এইসব দেখছিলাম। সিগারেট টানার ইচ্ছে হলো। বুক পকেট থেকে প্যাকেটটা বার করলাম। 

ড্রাইভার বললো বাবু উতরিয়ে। পাশ থেকে সে বললো, নেহি ঔর আগে চলিয়ে। আমার ঘোর ভাঙলো। সে দিন গাড়ি টা থামলো চক-ঠাকুরাণী হাটের সরকারি আবাসনের গেটে।

:৬:

সমস্ত দিনের শেষে এদিনেও সন্ধ্যা এসেছিলো। পাখনা মেলে উড়ে যাওয়া হয়নি। নীড় খুঁজতে যায়নি কোনো পাখি। কলাগাছ গুলো মাথা ঝুঁকিয়ে পুকুর দেখছিলো। শুধু ডানা মেলে উড়ছিলো ঝড়া পাতা গুলো। এই যেন তার প্রথম হাওয়ায় দিগ্বিদিক ভোলা। কুনো ব্যাঙের দল জল পেয়েও সেদিন গান ধরেনি। জরাজীর্ণ ঘরগুলো ছারখার হয়েগিয়েছিলো। কাকের কলরবে উঠলাম ভোরবেলায়। চক-ঠাকুরানী তখনো জেগে ছিলো মনের গভীরে। শুধু একরাশ যৌবন যেন আজ জাগ্রত।

বুঝলাম আমি বৃদ্ধ হইনি।

:৭:

চোখে তখনও ট্রেনের ঘুমটা লেগে ছিলো, বাড়িতে পৌঁছনো অনেকটা ফর্মালিটির মতন। তাই নিশ্চিন্তে নিদ্রা। সেই ঘুম ভাঙানোর দায় তার ছিলোনা। তবুও কেন ডেকে তুললো ভাবতে ভাবতে  ধূলো ঝেরে পুরোনো ডায়েরিটা খুঁজছিলাম। পাওয়াটা সহজ ছিলো না; অথচ খুব সহজেই পেয়ে গেলাম। হয়তো বিধাতা এটাই চাইছিলেন। ডায়রিটার যে যত্নের অভাব হয়নি খুঁজে পেয়ে বুঝলাম। প্রথম পাতায় লেখা ছিলো, My prime time and ideology. প্রথম পাতায় পাঁচ জন সহপাঠীর হাতের স্বাক্ষর। এই চক-ঠাকুরানীর সরকারি আবাসনে তাদেরই কোনো একজন আজ থাকে। সে সেদিন ছিল আমার মনে পরিত্যাজ্য আর আজ ক্ষনিকের নতুন পথচলার শেষে সে খুব প্রাসঙ্গিক হয়ে উঠলো।

:৮:

দুর্যোগ শেষ হয়ে রোদে ঝলমল হয়েছে আকাশ। ভাঙা গাছগুলো আকাশকে বলছে আমার ডালপালা গুলো ফিরিয়ে দিতে পারবে? ছেঁড়া পাতাগুলো হাড় গিলগিলে শিরা উপশিরা দেখিয়ে বলছে একবারও ভাবলেনা আমার কথা? নদী বললো এতো আমার নিত্য সঙ্গী। পাখিরা ফরফর করে উড়ে গেলো, তাদের কথা বলার সময় নেই। সন্ধ্যায় চাঁদ উঠলো একটু দেরী করে। বললো কালকের হাওয়ায় আমি ক্লান্ত, তাই উঠতে একটু দেরি হলো।  স্মার্টফোনটা রঙ্গ বোঝে না। অপ্রাসঙ্গিক একজন এখন পরিবারের সদস্যের মতন কথা বলে ওঠে। আর ওর কথা শুনতেই হবে। ঠিক ছোট্ট বাচ্চারা মা-বাবা যখন কথা বলে তার মাঝখানে ঢুকে পরে ঠিক তেমন।

না এই ফোনটা একটু আলাদা মানের। সাগ্নিক অন্যপ্রান্তে। বললো দিদি বললো ফিরেছেন অনেক রাতে। কালকের প্রোগ্রামটা মনে করাচ্ছি। শিরিন'ও আসবে। আপনি সব পারেন দাদা। না হলে কিনা শিরিন?

বললাম আসছি।

:৯:

সময়ে পৌঁছোনো  আমার চিরকালের অভ্যাস। সেদিন ইচ্ছে করেই সময়ে পৌঁছুলাম না। হা পিত্যেস করে সবাই আমার অপেক্ষায়। শিরিন বললো,"দেখ আসে কি না?" সাগ্নিক বড় উদ্বিগ্ন। বললো,"দিদি এসব ভাবছো কেনো। তুমি যে আসবে দাদা জানেন। অন্তত তোমার কথা ভেবে দাদা আসবেই।" সাগ্নিক আমার দিকে একবার আর শিরিনের দিকে একবার দেখলো। আমি হেসে ফেললাম, বললাম,"আমি চিরকালের সমস্যা আর আমাকেই ডাকবি। কি করবো সংসার সামলে আসতে হয়। প্রেম ছিলো তখন, আগে এসে অপেক্ষায় থাকতাম। তবে সেটা আছে বলেই দেরী হলেও এলাম।" শিরিন একথা নিশ্চয়ই বুঝেছে। 

মনে পরলো প্রাইম টাইম ইডিওলজি। একজন আজ এসেছে এখানে আর অন্যজন দুদিন আগে আমার ঘুম ভাঙিয়েছে। কথা কিছু হয়নি ঠিকই তবে ঘর তার আমার ঘরের পাশেই সে কথা সে গোপন করেনি। ভাবলাম আবার কি এমন হতে যাচ্ছে যা রবিঠাকুর বলেছিলেন? " তোমায় নতুন করে পাবো বলে.....।" না তেমন নয়। এটা মৃত্যুর আগে আর ওটা? না থাক। অনেক নতুন কিছু করা যেতে পারে কিন্তু নতুন করে পুরোনোকে পাওয়ার যে আশায় আমরা থাকি, তা কোনোদিনই হওয়ার নয়।  জীবনটাকে আমরা মেনে নিয়েছি এভাবেই। কাল আর আজের তফাৎ অনন্তের মতন। কেউ বোঝে, কেউ না বোঝার ভান করে। 

আমি এখানে আসার পর থেকে চুপ করে বসেছিলাম। অনেক কথাই আমাকে ভাবাচ্ছিলো। বর্তমান নয় অতীত যেনো আজ সামনে দাঁড়িয়ে। কিছু কমিটমেন্ট যা আজও পরিপূর্ণ হয়নি। ঝড়ের গতিতে অতলে তলিয়ে গেছে সময়। তবুও আজ ধ্রুবতারা দিক দেখাচ্ছে, এছাড়াও আরও কত কিছু ভাবছিলাম।শিরিন হাতটা ধরে মুখের দিকে একমনে তাকিয়ে বলল, "বল কি হয়েছে?"  বললাম, "না কিছু নয়।" বললো, "তোকে রাস্তাতেই বিদায় জানিয়েছে?" বললাম, "জানি না, শুধু জানি সেদিন ঐ হলুদ ট্যাক্সিটা না পেলে.....।" শিরিন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলো। রুমাল হাতে নিয়ে বললো, "তুই কি বদলাবি না?" আমি আকাশ দেখলাম আর ও চোখ মুছলো।

:১০:

আমি হালেল আর হারেম শুনেছি। প্রেম সে সব যে মানে না তাও দেখেছি। আমি তাজমহল দেখেছি পূর্ণিমার রাত্রে। আমি আমাকে দেখেছি অমাবস্যার চাঁদ এর মতন; যে গগন পরিবর্তন করে কালের আধারে। আমি ধর্ম মানি, বাঁঁধন মানি না। জীবন মানি চরৈবেতি চরৈবেতি যেভাবে, ঠিক সেভাবেই। তাই চলা আমার থামেনি। থামাবে কে?  শিরিনের মতন সবাই যখন চোখ মুছবে আমি তখন চলবো আমার মতন। 

এটা প্রেম। এ এক অন্তহীন বিষয়। এখানে শরীর অনেকটা সম্পাদ্যের মতন। উপপাদ্য যা বুঝিয়েছে সেটাই কম্পাস আর স্কেল দিয়ে এঁকে দেওয়ার মতন। এর পর গণিত। সে শুধু যুক্তি বোঝে, ভাব বোঝে না। অকালবোধন দুগ্গা? সে এক কাল্পনিক বিষয়। 

আমার একটা নাম দিয়েছেন স্বজনেরা। সুবীর কে বীরপুরুষ না বলে লিখেছেন 'কাপুরুষ'। আমি খুব খুশি এই নামে। 

কে কার নাম দেয় বলুন? এটুকু বুঝেছি, আমি স্তাবক নই।

:১১:

একটা ঘরোয়া সভা; ধরনটা বৈঠকী। সেখানে যেমন চা আসে ঘন্টায় ঘন্টায় তেমন দু-চারজন গলা ছেড়ে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে নিজেকে প্রাসঙ্গিক করে তোলে। এ সেই পুরোনো কোলকাতার মোড়কে আধুনিকতার প্রদর্শন। জমিদার বাড়ির ঠাকুর দালান । বাড়ির মধ্যেই খুঁজে পাওয়া যায়, সুরেন বাঁড়ুজ্জে, কেশব সেন অথবা টেকচাঁদ ঠাকুরকে। এটা শীল বাড়ি। ঠাকুর্দার নামের কলেজটা আজও দাঁড়িয়ে আছে। স্কটিশ থেকে স্নাতক, তারপর কোলকাতা ইউনিভার্সিটির স্নাতোকোত্তর। আরো কিছু যোগ হয়েছে কালের নিয়মে। জুটেছে কলেজর অধ্যাপনা। তবে পরিবারের ধুতি-পাঞ্জাবি ঐতিহ্য ভোলে নি। চোঙা প্যান্ট পরতে হয় সময়ের নিয়ম মেনে। তবে সভাঘরে সেই পৈতৃক পোষাক। বড় সুন্দর লাগছিল এই বাঙলিয়ানায়। এতক্ষণ সাগ্নিক এর কথা বললাম।।

এদিকে আবার কাশী সেন লেনের ষোলো-সতেরোর ছেলেটা রূপক তালে তবলা বাজাচ্ছে। এটা সভা শুরুর সংকেত। শেয়ালদা চার্চের ফাদার ছেলেকে পাঠিয়েছেন বেহালায় লয় ধরে রাখার কাজে। মাথা নড়ছে সবার, কারোর তালে আবার কারো কারো বেতালে। শিরিন আজ খুব মুডে আছে। সমাজ যা'ই হোক ওর পরিবার হিজাব-বোর্খা বিমুখ। সমাজ ওর বাপ চোদ্দ পুরুষদের কাফের বলে। এই ব্যাপারে আমার সাথে ওর একটা সাযুজ্জ‍্য আছে। আমি কাপুরুষ আর ও কাফের।

:১২:

শুরুটা সাগ্নিক'ই করলো। বিষয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি। নিয়মের গতিতে রাজনীতি'ও এলো। এলেন রবীঠাকুর থেকে বনফুল, মানিক থেকে রমাপদ সকলেই। সাগ্নিক বাগ্মী কবে হয়েছে দেখা হয়নি। আজ শুনলাম। শিরিন আমাকে বললো,"এরপর আর কি বলার আছে বলবি?" আমি বললাম,"জীবনবোধে মরিচা পরেনি এটুকুই আমাদের বলার।" সাগ্নিক পসরা সাজাবে আর আমরা ফিতে কাটবো সে স্কুলেতো আমরা পড়িনি। শিরিন শুধু মুখ চেপে হাসলো। মনে পরলো এ সেই হাসি যেটা কলেজের সোশ‍্যালে দেখেছিলাম।

:১৩:

মৌলানা আবুল কালাম আজাদ নামটা শুনলে এই প্রজন্মের স্নাতক স্টুডেন্টদের বুঝতে অনেক সময় লেগে যায়। শিরিন ঐ কলেজের স্নাতক। কিন্তু এই নামটা আজ অচল পয়সার মতন। নতুন পোশাকে এখন নাম হয়েছে ম্যাকাউট। শিরিনকে কথাটা বলবো ভাবছিলাম, বললাম না। ভাবলাম দেখি ও এখনও সেই আদ্যিকালে পরে আছে কি না। ভুল ভাঙলো ওর কথার শুরুতেই। প্রাইম টাইম ইডিওলজি ওর পিছন ছাড়েনি। বারবার কথার ঘেরাটোপে ও খুঁজে বেড়াচ্ছিলো সেই বোকা বোকা আনন্দের দিন গুলোকে। বলছিলো আমরা কেউ সংসারী, কেউ গৃহী আবার কোনো কেউ অলিন্দের আড়ালে বসে দিন কাটাই, তবুও মনটা থাকে এদিকে তাকিয়ে। দার্শনিকের মতন শেষ করলো এ ভাবে, 'আজকের দিনটা কালকে আর ফিরে পাবো না।' 

ভালো লাগলো সবটুকু শোনার পর। ভাবছিলাম হয়তো মহানন্দে ডুব দিয়ে ও হয়তো পাঁচালী বলবে। আজকালতো সবাই পাঁচালিই পড়ে। মনে পরছিলো মা এর পড়া লক্ষ্মীর পাঁচালীর লাইন গুলো। "দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, বহিতেছে মন্দ মন্দ মলয় বাতাস।"

না সেভাবে বয়নি। শিরিন ওর কথাতে বুঝিয়ে দিলো। পাসে এসে বললো,"এই সব ঠিক আছে তো?" বললাম,"আমরা পাল্টাতে পারি?" সেদিন আমি ছিলেম শেষ বক্তা। বললাম আমার বক্তব্য আজ গানের সুরে বলবো। মনে পরলো সেই অনাদি অনন্ত অরূপ অক্ষয় আমার রবিঠাকুর কে। ভায়োলিন আর তবলা ছিলো প্রস্তুত। ওরা আমার কথায় তৈরী করলো এক আবহ। আমি আকাশের দিকে মুখ করে শুরু করলাম 'আমার শেষ পারানের কড়ি, কন্ঠে নিলেম, গান কন্ঠে নিলেম।' শেষটা এভাবেই হলো। 


:১৪:

শিরিনকে ওর বাড়িতে পৌঁছাতে গেলাম। দরকার ছিলো না, তবুও গেলাম। কথা বলা হয়না এখন আর। ওরও একই অবস্থা। কথার সংসারের পলেস্তারা খসে পরছে। বসলাম গাড়ির বাঁদিকে ড্রাইভারের পাশে। ও খুব পাকা ড্রাইভার। ফিটন ছেড়ে মারুতি ধরেছে, চলাটা ঠিক আগের মতন। ধীর, স্থির, পেলব। ঠিক ওর রূপের মতন। আমি অরূপ, কাজেই বাঁদিকের সিটটা নিস্প্রভ নয়, শুধু নারী আর পুরুষের তফাত। শুরুটা ওই করলো, ওর একহাত লম্বা প্রশ্ন, বিষয় আদর্শ। আমি বললাম, "এ কেমন কথা? এইতো একটু আগে তুই শতেক কথা বলে মানুষের মন কাড়লি অথচ এটাই এখন প্রশ্নে? বলতে হয় তাই বলি। বিশ্বাস প্রতিদিন পরিবর্তিত হচ্ছে আর আমরা যে তিমিরে ছিলেম সেই তিমিরেই বসে আছি। দিন দিন গ্রহণযোগ্যতা হারাচ্ছি, তোর এরকম মনে হয়নি।


কিছুক্ষণ চুপ করে বসে শুনছিলাম। বলতে এখন খুব একটা ইচ্ছে হয় না। আমি সচল চিরকাল, সবাই আমাকে বলে আমি অন্যের ছায়া। আমি বিজ্ঞানের অঙ্কে ধ্রুবক। পরিবর্তন হওয়া না হওয়া এক অপ্রাসঙ্গিক বিষয় আমার জীবনে। অনেকে আবার আমাকে ভীষ্ম বলে ইঙ্গিত বাহী কথা বলে। আমি শুনতে অভ্যস্ত, শুনছিলাম ওর কথা। শেষে কিছু বলতে বাধ্য করলো শিরিন।

বললাম মনে পরে সেই বঙ্কিমের কপালকুন্ডলা, আনন্দমঠ? সে এক প্রাগৈতিহাসিক যুগ। সতীদাহ শেষ হয়েও হয়নি। এদিকে বন্দেমাতরম তখন এক মন্ত্র। এই মন্ত্র শুনলেই বৃটিশদের হৃদকম্প। জেলের ঘানি টানতে হতো সামান্য এক শব্দের জন্যে। কি ছিলো ঐ শব্দে? এটা কোন আদর্শের প্রতিক? দেশ আর বিদেশের বিভাজন রেখার সাথে সহাবস্থান। সেই কথা পরবর্তীতে হয়ে উঠলো জাতীয় গান। কারণ কি? কারন জাতীয়তাবাদী উন্মেষ। তখন লিটারেটের সংখ্যা কত? তবুও জেগে উঠল সময়ের ঘড়ি। 

তারপর? তারপর কি হলো?  নতুন আদর্শের উত্থান হলো ইউরোপে। কতিপয় লোক বললো এটাই সমাজকে পথ দেখাবে। হলো কি কিছু? হ্যাঁ হয়েছে বিস্তর তবে বিজ্ঞানের ভাষায় বললে বলা যায় ধাক্কাধাক্কি অনেক হয়েছে কিন্ত বস্তুটা ন যযৌ ন তস্থৌ। খালি ক্ষয় আর ক্ষয়। জর্জরিত সাধারণ সম্প্রদায়ের মানুষ। তাদের উপরেই পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেদিন মানুষকে যারা মানুষ ভাবেনি, আজকেও তা ভাবে না। 

আদর্শের মানদন্ডে এসব ভাবলে আরো একটু বলতে হয়। স্বাধীনোত্বর সময়ে বন্দেমাতরম শব্দে মানুষের জুটতো লাঠি, গুলি, বেয়নেট আর স্বাধীনতর হয়ে শেয়ালদা স্টেশনের বাইরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সলিল যখন গাইতো "ঢেউ উঠছে কারা জাগছে..." তখনও সেই লাঠি, গুলি, বেয়নেট‌।

গানের মানে শুনে ক্ষমতার প্রয়োগ যেমন ছিলো তেমনই আছে। মিছিমিছি আমি সেদিন সবছাড়াদের সাথে ছিলাম, আর আজও তাই; তাই বোধ হয় চক ঠাকুরাণী হাট এর পরে আর এগুতে পারিনি। 

শেষ কথার আগের কথা তুই আজকে বলে এলি এই সভায়। যে দিনটা শেষ হয়েছে তাকে আর ফিরে পাওয়া যায় না।"

শিরিন অনেকক্ষণ আগেই পৌঁছে যেতো ওর বাড়িতে, কথায় কথায় রাত হয়ে গেলো। একাডেমির সামনে ও গাড়িটা দাঁড় করিয়ে শুনছিলো আমার কথা। বললো," চল্ একটু চা খাই।" আমি খুব বিব্রত বোধ করছিলাম। মনে পড়লো রোমান রাজ নিরোর কথা।

:১৫:

একটা ইল্যুশান চলছে কিছুকাল ধরে। জীবন চলছে সেই এক গতে। বাড়ছে অসহায়ত্ব, বাড়ছে বৃদ্ধাশ্রম। স্কুলগুলো ফাঁকা হচ্ছে, দুপুরের খাবার খেতে ছাত্ররা আসছেনা আর। নিরো সেদিন নাট্যাঙ্গন, উচ্চাঙ্গ সঙ্গীত কে প্রাধান্য দিয়েছিলো। এটা যৌবনের স্বাভাবিক প্রবৃত্তিবেগ। না সফল হয়নি এসব। যেদিন রাজপ্রাসাদে আগুন ধরালো সেদিন তাকে শোকে মুহ্যমান হতে হয়নি । সে তখন একাকী প্রতীকী ভাবে বেহালায় মূর্ছনায় ব্যস্ত ছিলেন। এটা শিল্পীর সত্বার প্রকাশ। আরো অনেক ভাবে এর ব্যাখ্যা প্রচলিত আছে। আমি এসব মানি না। ষোলো বছরে ষোলোআনা ফল পেতে যারা বোহেমিয়ান কথা লেখেন আমি তাদের দলের নই। এটা পারাবত প্রিয়ার দল নয়। এটা এক সংস্কৃতির পরাকাষ্ঠা বললে ভুল হবে না।

হায়রে, নবকুমারের কাঠ সংগ্রহ যেন আর শেষ হয় না। নিজের চিতার কাঠও সে সংগ্রহ করে  রেখেছে; শুধু যেন মৃত্যুর জন্যেই অপেক্ষা তার। যা স্বাভাবিক সত্য তাতে নবকুমারের মৃত্যু নেই।  

সাগ্নিক শুধু শোনে আর শোনে। ভাবার আর দরকার পরেনা। কখনো শিরিন, কখনো  রিয়াদি। সেই সেদিন চকঠাকুরাণি হাট থেকে বাড়িতে ফিরে নিজের ভুল খুঁঁজতে বসে তিনি যা বুঝেছিলেন সেটা সাগ্নিক বুঝতে চায়। 

সূর্য ডোবার পর তারারা ভিড় করে আকাশ জুড়ে। মিটমিট আলো সূর্যকে নেভাতে পারেনা। মনে হয় শিরিন বলো আর রিয়া, সবাই এই আস্তাকুঁড়ে সুবীরকে আজও আগলিয়ে রাখে। তারা আজকাল বোঝে, নিরো কেনো সেতার বাজায়, কেনো গলা ছেড়ে মার্গ সঙ্গীতে নিজেকে আবদ্ধ রাখে। এটা ভুলে থাকা নয় বরং নামান্তর।

:১৬:

নিরন্তর এগিয়ে যাওয়ার ইচ্ছে আমার হয়ে ওঠেনি তবে গন্তব্যে না পৌঁছলেও যেখানে পৌঁছেছিলাম সেখান থেকে পিছোতো হয়নি। সংসার বোধহয় এভাবেই চলতে শিখেছে।  আমি খুব কাছ থেকে যে সমাজ দেখেছি সেখানেই আমার আবাস। ছিপ দিয়ে মাছ ধরতাম। একবার একটা ঢোঁরা সাপ ধরেছিলাম। হলুদ আর কালো ছোপ ছোপ সাপটা সাঁওতাল বন্ধু বলরাজ নিয়ে গেলো। জীবন খুব বিচিত্র, আমরাও কম নই বৈচিত্র‍্যে । নাহলে কুঁচে মাছ ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে রান্না? 

সেদিন যখন অন্ধকার রেলষ্টেশনে বসে সিগারেট ধরিয়ে ওখানে রাত কাটাবো ভাবছি, মনটা এক অসীম সন্তুষ্টির কাছে পৌঁছেছিলো। ফেরার ট্রেনের হুইসেল যতেক বিরক্তিকর বিষয় হয়ে উঠেছিল। প্রান্তিক ষ্টেশনে রিয়া যখন ডেকে তুললো তখন সংসারের কথা মনে পরেনি। চকঠাকুরাণি ছেড়ে যখন বাড়ির দিকে চলছিলাম মনে হলো যৌবন আজ আর নেই। আমি বৃদ্ধ হয়েছি। শরীর যেন সেই কথার জানান দিচ্ছে। থাক সে কথা।

:১৭:

বাড়ির বেলটা বাজলো। বাবাই দরজা খুলে দিলো। বললো,"সাগ্নিক এসেছে।" আমি বিরক্ত স্বরে বললাম, "এখন?"

সাগ্নিক মুখ খুললো, বললো,"দেখো কাকে সাথে এনেছি।"  বাবাই বললো,"দিদি আমার সাথে এসো।" সাগ্নিক চললো পিছু পিছু, আমি শান্তি পেলাম। ভাবলাম বাবাই না থাকলে আমি ওদের ...

:১৮:

রিয়া বললো,"ঐ দুর্যোগের  রাতে আমার মুখটা ওভাবে মুখের কাছে আনতে তোর ভয় লাগেনি?" বললাম,"কই নাতো।" "আমাকে চিনতে পেরেছিলি?" মিথ্যে বলতে পারলাম না। বললো,"তবে ওভাবে আকাশ দেখছিলি কেনো?" বললাম,"না কিছু নয়।" "সাগ্নিক আমার কথা কখনো তোকে বলে নি?" বললাম,"না।" একটু তির্যক ভাবে বললাম, "ও কেনো বলবে?" বললো,"ভালো হয়েছে না বলায়।" বললাম,"কেমন আছিস বল।" বললো,"তোকে এতকাল ছেড়ে থেকে যে আনন্দ পেয়েছি তা আমার বলার ভাষা নেই।" বললাম,"কেনো ফিরে এলি?" বললো, "তোকে ভালো রাখার জন্যে।" বললাম, "আমিতো খারাপ নেই।" বললো,"আবার গোপন করছিস?"  

মনে হলো অনন্তের পথেই আমি পথ চলেছি। সেখানে সবাই আসে যায়। পরে থাকে পুরোনো অনেক কথা ব্যাথাহীন ভাবে।

রিয়া বললো, "এবার বাবাইকে ডাকতে হয়।"











বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

তিনি কল্কি পেলেন

 :১:

না তিনি কল্কে পেলেন না, শুধু সেজে গেলেন সারাজীবন। কখনো শিমুল ফুলে, কখনো কাঠ গোলাপে, শেষে ছিলিমে। ছিলিম এসেছিলো বাংলাদেশের পটুয়াখালি থেকে। সেখানে খড়ের উপর বস্তা পেতে ছোবড়ার লাল আঙার দিয়ে মৌতাতে মাততো মন। এপাড়ে সেই কোন কালে আসা কিন্তু কলকে পায়নি। সাজার শেষে জুটেছে দুর্নাম। সেটাকে কম ভাবে না সে। তাই এখনো কল্কে সাজানোয় তিনি এক নম্বরে।

:২:

একদিন বীর ভূমের প্রত্যন্ত গ্রামে তার ডাক পরলো। আনন্দে চার পা তুলে ঝুলে থাকার মতন। কুমারটুলি থেকে কিনে আনলে শিমুল আর কাঠগোলাপ, পটুয়াখালির কল্কে ঘরেই ছিলো। চললেন তিনি বীরভূমে আসা নিয়ে। ভাবলেন কল্কে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পৌষের ঝড়া পাতার গদিতে বসে সাজালেন নানা রংয়ের কল্কে। প্রথমে মন্ত্রী-সান্ত্রী তারপর একের পর এক মানুষের দল। কারো হাতে শিমুল, কেউ আবার সিগারেটে ভরে সুখটানে মত্ত। শেষে পুলিশ এলো। কল্কে পাওয়ার জন্যে দু'ঘন্টা ধরে হাতের তালুর ঘষায় তৈরী শেষ কল্কেটা ধরালেন কর্তাকে। মৌতাতে চোখ দুটো হয়েছিল আলতা রংয়ের। পাটালি গুড় প্রায় শেষ হওয়ার জোগার। তখনো তার কল্কে পাওয়া হয়নি। শুধু সেজেই চলেছে, সেজেই চলেছে।

:৩:

শেষে তার কল্কে পাওয়া হলো। পায়ে পড়লো বেড়ি, কোমরে পড়লো দড়ি। রক্তচক্ষু কল্কেসেবক পুলিশ তাকে ধরে নিয়ে গেলো। রাস্তার পাশে সারিসারি মানুষ তাকিয়ে থাকলো তার দিকে। সে আজ বুঝলো, কল্কে নয় কল্কি পেয়েছে। 

আকাশের দিকে তাকিয়ে তার একটা দীর্ঘশ্বাস পড়লো।


রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

হক কথার এক কথা

 একে একে শেষ হবে সব ঘরবাড়ি। থাকবে না চাষের জমি চাষীদের কাছে। সবকিছু নিয়ে নেবে স‍রকার বাহাদুর। বলবে শ্রম দিয়ে যাও, দু'মুঠো অন্ন পাবে তার বিনিময়ে। এটা হোলো সমাজতন্ত্রের কথা।

এবার ধরুন সরকার বাহাদুর নয় কারবারীরা এই কাজ করবে। সরকার শুধু সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করে মন্ত্রী-সান্ত্রী দিয়ে ঐসব কারবারীদের রক্ষা করবে। 

এটা কোন তন্ত্র দিয়ে ব্যাখ্যা করি? এটা রাজতন্ত্র কি? না মিলছে না। তবে এটা কি স্বৈরতন্ত্র? না তাও নয়। তাহলে এটা কি? 

খবরদারি চালাবে কেউ আর ফলভোগী অন্য কেউ। মানুষকে কোন চোখে দেখছে সরকার? ফলভোগীরা কোন চোখে দেখছে মানুষকে?  কেন এমন হয়? সরকার কখন এই ভাবে চলে? কেনো চলে? কোথায় এর শেষ? কে এর শেষ কথা বলবে?

মানুষ বলবে।

তার বলারই কথা। তার প্রাপ্য তাকে বুঝে নিতে হবে। তাহলে সরকার ব্যাপারটা কি? এদের এনেছে কারা? না মানুষই এনেছে এদের। এরা আজ সমাজ ছাড়া। এরা আজ সমাজ নয় নিজের স্বার্থের কথা ভাবে অর্থশীল কতিপয় মানুষের অর্থে প্রলুব্ধ হয় ঠিক মিরজাফরের মতন। 

গোয়ালের গরু গোয়ালেই সুন্দর। তার পৃথিবী এই গোয়ালেই। মানুষের দরবারে তারা নিতান্তই অর্বাচীন। সমাজতন্ত্রীরা এই রাজন্যবর্গকে নাম দিয়েছেন ফ্যাসিস্ট। আমি আমার বোধ-বুদ্ধিতে যা বুঝি তা লিখছি।

স্কেলিটন বেরিয়ে পরেছে,

মজ্জাও নেই তোর হারে

যদিও রূপ তোর মানুষের,

বুঝে নেবো তোকে এই পাড়ে।

ওপারে যাওয়ার পথ বন্ধ

ওপারে তারাই যেতে পারে,

প্রলুব্ধ জগতে ঘর যার

স্থান নেই যমের দুয়ারে।।

:২:

জীবনের কিছু সময় সাধুসঙ্গে কাটিয়েছি। সেটা আজ বলবো। বিলাসবহুল জিবন কি, তা ওদের কাছেই শেখা। ওরা বাসে চড়ে না, সেকেন্ড ক্লাস ট্রেনের অভিজ্ঞতা ওদের হয় নি, মেট্রো রেল আছে ওরা শুনেছে তবে ওঠা হয়ে ওঠে নি। আকাশ পথে উড়ে যায় দিক থেকে দিগন্তে। ভালো লাগেনি সাধুসং। 

সাধুদের লেখাপড়া একদম রাজনৈতিক নেতাদের মতন। তারা সর্বজ্ঞ। তারা বেদান্তের সাথে মার্ক্সের সমাজতন্ত্র বিচার করতে বসে কতিপয় মানুষের কাছে। এই কতিপয় মানুষ আবার নিউইয়র্কে থাকে। সাধুদের ভাষণ শুনে সাধুবাদ বলে।

কেন এমন হলো? সাধু নামের মানুষ গুলো সাধু কি? আর ঐ কতিপয় মানুষগুলো কারা? কেন তারা সাধুবাদ কে তওবা তওবা করে ভূবন বিদীর্ণ করে? আসলে প্রচার বড় বালাই। কে করছে, কেনো করছে, স্বার্থ কিসের এসব কেউ ভাবেনা। গরীব অসহায় মানুষ একমুঠো ভাতেই সন্তুষ্ট। অসাধুরা এসব বুঝেই কিছু এমন মানুষ বানিয়েছে। 

তারা ফুল তোলে, সাজি ভরে ঠাকুর ঘরে যায়। আরাধনা করে সাধারণ গরীব গুর্ব মানুষ। সাক্ষী থাকেন নির্বাক মূর্তি। সে কথা বলেনা মাথা নাড়ে না। গুরু গম্ভীর ভাবে বসে থাকাই তার অনিত্য কাজ। তাই লেখা হয়েছিল " লাজ রাখো হরি।" না হরি তা রাখেনি।

এসব দেখার পর আমার আর সাধু হওয়া হলো না। আমি অ-সাধুই রয়ে গেলাম। ঠাকুর বলতেন আগে পাগল হতে হয়, পরে সাধু। তিনি থাকলে কিছু বলতাম, তিনি নেই তাই ষ্পর্ধা দেখাচ্ছি না।  সরল অন্তর তোমার। তাই তুমি সবার ঠাকুর। কিন্তু এরা তেমন নয়।

:৩:

অজানার সাথে মেলবন্ধন তখন হয় যখন জানা বিষয় খুঁজতে অজানাকে জানার প্রয়োজন পরে। এখন তেমন এক সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। ফুটবল নিয়ে হাত ঘুরিয়ে বল হচ্ছে আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বাহবা কুড়োচ্ছে খেলোয়াড়। হ্যাঁ সত্যিই খেলোয়াড় বটে। আগে ১০ওভার খেলার পর বলটা বড় দেখতো আর এখন? থাক খেলার কথা। একটু পথের কথা বলি। ঠাকুর বললেন "যত মত তত পথ।"  আজকের দিনে ঠাকুর থাকলে কি বলতেন জানি না, আমার কথায় বললে বলবো 

"বদলাই মত বদলাই পথ 

রূপ বদলাই শেষে,

অক্লেশে।"






শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

হরিজন বস্তি

 :১:

কেলাবাগান থেকে অটো রিক্সায় করে নামলাম রাজাবাজারে। রাজাবাজারের আগেই নামার কথা ছিলো, হরিজন বস্তিতে। হেঁটে এলাম সেখানে। রাজন আমাকে স্যার বলে সম্বোধন করলো। ও চরণ সিং এর পরিবারের লোক। খারাপ লাগলেও কিছু বলার নেই, বললাম চলুন। দেখলাম, শুনলাম, আবিষ্কার করলাম। একটা জীবিত গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা। গাছটাতে তখন ফুল ধরেছে। গন্ধে সবাই অতিষ্ঠ। ওটা ছাতিম গাছ। ভাবতে ভাবতে ভোর হলো শান্তিনিকেতনের ছাতিম গাছের কথা ভেবে।

:২:

এ যেনো এরকম মানুষের চিন্তন। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। এসব ভেবে বললাম না, ছাতিম গাছটা থাকবে। হরিজন বস্তিতে সেদিন এক মহারোল। ঘরে ঘরে নানা পদে রান্না সাথে বাজরার রুটি। খাইনি তবে নিয়ে এসেছিলাম। মিষ্টি হাতের ছোঁয়ায় বাজরার রুটি অমৃত বললেও কম বলা হবে। রাত কাটলো দিন এলো, চললাম ঐ পথেই।

:৩:

রাজাবাজার চারমাথার মোর থেকে উত্তরে একটু এগোলেই সায়েন্স কলেজ। ঠিক উল্টো পারে লেডিস পার্ক আর ব্রহ্মবালিকা স্কুল। আরো একটু এগোলেই গড়পাড় রোড। ওখানে সলীল চৌধুরীর একটা বাড়ি আছে। ঠিক তার গা ঘেঁষে একটা বস্তি। এটাকে সবাই জেলে বস্তি নামে চেনে। ভালো নাম জগন্নাথ দত্ত লেন। বেআইনি একটা বাড়ি ভাঙার জন্যে ওদিকে যাওয়া। তবে তা হয়নি সেদিন; সাহেব বাধ সাধলেন। 



শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

স্মৃতিকথা

 :১:

বটগাছের ঝুড়িতে দোল খেতে শিখেছি ছেলেবেলায়। একটা পতঙ্গ ধরে মুখে ঝেঁটা কাঠি গুঁজে গ্রীষ্মের দুপুরে আমরা হাওয়া খেতাম । এই পোকা খুব শক্ত পোক্ত শরীরের। কামড়ালে রক্ত আর যন্ত্রণা দুটোই খুব কষ্টের। তবুও দোল খেতে বটের ঝুড়িতে দিব্যি ইচ্ছে হতো যেতে। এখন এসব কেউ পায় না। গতি আজ অগতির গতিপথে মাথা ঝাঁকায়। পথ খুঁজে পায় না। 

:২:

বট-অশ্বত্থ গাছের পাসেই একটা খড়কল। এখানে খড়কাটা হয়। ঠিক তার পিছনেই একটা স্থলপদ্মের গাছ। সকালে ফুল ফোটে রঙিন, দুপুরের পর রং বদলে সে সাতরঙের এক রং। পাশেই বাবলাদার বাড়ি। ওদের জমির পরিমাণ অনেক তব সবটাই বাঁশ ঝারে ভরা। ওটাকে সবাই নাম দিয়ছে সাপের আড়া। বিশাক্ত সাপের বসবাস সেখানে। এর পর রেল কোম্পানির জমি। জমি নয় কাটা খাল। আধুনিক ভাষায় এর নাম নয়ানজুলি। রেলপথ উঠে গেছে  অনেক কাল আগে। তবে রেল লাইন নামটা রয়ে গেছে। 

:৩:

সে বছর বাঁশ বাগানে ফুল ফুটলো। বাঁশ ফুল ইঁদুরের বড় প্রিয়। এই খাবার পেলে জীবন বাজি রেখে চলে আসে বাঁশ বনে। একথা গোখরো, কেউটেরও অজানা নয়। তাই বাঁশের ফুল ফোটার পর শুরু হয় সাপের উপদ্রব। গ্রাম উজাড় হয় মৃত্যুর মিছিলে। বাঁশ গাছে ফুল এলে গাছ গুলো দেহ রাখে সাথে নিয়ে যায় গোটা গ্রামটাকে। সাপের দলও বাসস্থান হারায়। 

বাঁঁশ গাছে ফুল ফোটা মানে সমাজের অকল্যাণ।

:৪:

না না করেও প্রায় তিন দশক পরে এলাম আমার জন্মভিটেতে। সেদিন মানুষজনহীন এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম শহরে। পৌঁছে দেখি মেজমামী মারা গেছেন, মদনদা, দুলালদা, কেষ্টদা কেউ নেই। বেশো দি  হাঁটতে চলতে পারে না। তবে চিনে ফেললো আমার কথা শুনে। এমন আদর কে পেয়েছে জানি না। চোখ আমার বাঁধ মানলো না। জল ভরা চোখে বললাম দিদি আমি এসেছি।

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দারিং সাহেব না ফড়িং মুনি


দারিং সাহেব না ফড়িং মুনি

 :১:

লাগেজ গুছিয়ে নিয়ে দিন গুনছিলাম। অনেককাল খোলা আকাশ দেখা হয়নি। তার উপর চৈত্র থেকে আশ্বিন এবছর গরমের ভ্রুকুটি। কোনো পোশাক পরে শান্তি নেই। সেগুলো কখনো কড়কড়ে কখনো চিটচিটে। চামড়ায় ভেগনো ধরছে আবার সূর্যের উত্তাপে ট্যানড হচ্ছে। মনের শক্ত বুনিয়াদ ভেঙে পরেছে প্রকৃতির পায়ে। মিনতি শুনতে চায়নি সে। বিজ্ঞজনেরা অনেক কথা বলেন। কখনো এলনিনো, কখনো বিশ্ব উষ্ণায়ণ আরো বেবাক অজানা শব্দ। যাওয়া হলো না কোথাও। সমুদ্র-পাহাড় সবাই যেনো হাঁ করে আছে প্রাণ নিতে। তারা আর চায় না আমাদের। কারণ, আমরাই তাদেরকে কলুসিত করি। বেড়ানো হলো না। লাগেজ গুলো ধুলোয় ভরে উঠলো ঘরে বসে বসে।

:২:

আমার মেয়ে একটা নতুন পরিকল্পনা করেছে। উড়িষ্যার দারিংবাদি ঘুরতে যাওয়ার। জায়গাটা মনে হলো মন্দ নয়। সেখানে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাওয়া যায়। টিকিট কাটবো উড়িষ্যার বেরহামপুর পর্যন্ত। ঝিকঝিক করে সেখানে পৌঁছনোর পর চারচাকায় যেতে হবে প্রায় ১২১ কিলোমিটার। এটা পার্বত্য এলাকা, নাম দারিংবাদি। হোটেল খরচ বেজায়। এটা একটা হিল ষ্টেশন। ইংরেজ রাজের কাজ কারবার থেকেই একে আজ সবাই চেনে। জানি না কখন আবার কোনো অশিক্ষিত ভারতীয় প্রশাসক দারিং সাহেবের নামের জায়গায় ফড়িংমুনির নাম দিয়ে দেবে। ফড়িং টরিং নাম হওয়ার আগেই আমরা যাচ্ছি সেখানে। কপালে থাকলে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাবো।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

রসায়ন তত্ত্ব

 :১:

দেশবন্ধুর অকালপ্রয়াণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অন্ধকার অধ্যায় বয়ে এনেছিলো। উনি থাকলে স্বাধীন ভারতবর্ষে মহাত্মা আসতেন না। ভারত ভারতবর্ষ থাকতো, বিভাজিত হতো না। এটা আজ এই বাংলা বোঝে। মহাত্মা না থাকলে সুভাষচন্দ্র বোস ম্যালাইন হতেন না। দরকার হতো না নতুন দল গঠনের। স্বাধীন ভারতবর্ষে হিন্দু-মুসলিম মেরুকরণ স্তব্ধ হতো। এদেশে থাকতেন না জওহরলাল আর ঐ দেশে থাকতন না জিন্নাহ্ মহাশয়। সবাই থাকতেন এক ছাতার তলায়। একটা স্বাধীন সুস্থ্য ভারতবর্ষে থাকতাম আমরা সবাই। এই দেশ হতো পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রশক্তি। যাক যা হয়নি তা ভেবে আজ আর লাভ নেই। একটু চিন্তা হয় এখন, দেশে এখন আবার নতুন করে মেরুকরণ চলছে। অনতিক্রমে হিন্দু রাষ্ট্রের প্রতি তার অভিমুখ। বাঙালিরা চিরকাল ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। ইতিহাস এ কথা স্বীকার করে। হিন্দুরাষ্ট্রে বাঙালী জাতিকে ম্লেচ্ছ হিসেবে দেখা আশ্চর্যের নয়। আমি এভাবেই ভাবছি।

:২:

এবার একটু রসায়নে ফিরতে হয়। স্বাধীনতার অমৃত মহোৎসবে লালকেল্লার সামনে দাঁড়িয়ে যে বরিষ্ঠ ভাষণ শুনেছি সত্যিই তা নিয়ে রসায়ন করা যায়। জৈব রসায়নে তিনি যে নীতির কথা বলেছিলেন সেটা এক অবিনশ্বর সত্য। আমি মার্কোভনিকভ এর নিয়মের কথা বলছি। এটা ইংরেজিতে লিখলে বুঝতে সুবিধা হয়। " Negative part of the addendum will add at that carbon atom which contains the least number of hydrogen atom." এক প্রায় চরম সত্যের দিকে তার আহ্বান। তবে সে ঋনাত্বক। সমাজের এই নেগেটিভ শক্তি আজ দেশ চালাচ্ছে। এই বৈচিত্রের দেশে এটা এক বিপজ্জনক বিষয়। যদি এই সূত্রের সম্প্রসারণ হয় এই ভারতে, যুক্তরাষ্ট্র থাকবে কি? আমি মনে করি থাকবে না। ব্রিটিশ রাজ মালা গেঁথে দিলো, আর ছিঁড়ে খন্ড বিখন্ডের দিকে এগোচ্ছে এই রসায়ন।

:৩:

আসলে মার্কোভনিকভ এর রসায়নে সঠিকভাবে চললে সমাজবিজ্ঞানের উত্তোরণ এক অনিবার্য বিষয়। তার তত্ত্বের প্রয়োগ আমাদের ভাবাচ্ছে। যস্মিন দেশ যদাচার একথা অবৈজ্ঞানিক। স্থপতি যেই হোক দূরদৃষ্টিতে তাঁর খামতি দেখা যায়। যখন মনুষ্য সভ্যতা প্রতিপাদ্যের বিষয় তখন দেশ থাকে কি? না থাকে না। যদি তা থাকে তা মানব সভ্যতার বিরোধী এক চিন্তা। যে চিন্তার আধারে এই নতুন দেশ, নতুন জাতি, বর্ণ, গন্ধ, ধর্মের মূলাধার; বিজ্ঞান সেখানেই আজ আঘাত করতে চায়।

আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে সেই স্বপ্ন দেখি।


মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সন্নিষন্না

 :১:

এটা আমার ছাত্র জীবনের কথা। পড়াতেন শিক্ষক-শিক্ষিকা আবার মাঝে মধ্যে স্কুলের করণিকও ক্লাস নিতেন। বাড়ির লোকেরা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতো ' তাহাদের কথা।' তাহারা মানে যারা স্কুলে পড়াতেন। বলেও ফেলতাম বাড়িতে। অমুক মাষ্টার পেটান, তমুক মাষ্টার পেচ্ছাপ করার, জল খাওয়ার স্লিপ লেখান, তবে ইনি খুব ভালো বোঝান। আমাদের পাশে এসে বসেন, খাতা দেখেন, যেটা ভুল সেটা ঠিক করে দেন আর বলেন, "হ্যাঁরে উনি এসব দেখেন নি?" সত্যিই তিনি দেখতেন না। আমরা আমাদের মতন করে পড়তাম, বুঝতাম, লিখতাম। বাড়ির লোক কখনোই এ বিষয় নিয়ে মাথা ঘামাতো না। মেধা একারণেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। অযোগ্য কিছু লোক এ দেশে সেদিন থেকেই আছেন শিক্ষকতায়। তাই শিক্ষায় ব্যায় বরাদ্দ কখনো বাড়াতে হয়নি। তল্পি বওয়া রাজনৈতিক দলের অশিক্ষিত ছাগলেরা শিক্ষক হয়েছে। ভাগ্যিস ছাত্র পেটানো বন্ধ হয়েছে। মানবাধিকার কর্মীরা এই জল্লাদদের প্রথম চিহ্নিত করেছিল, আমার দৃঢ় বিশ্বাস।

:২:

অলীক কিছু লিখতে বসিনি।। বাস্তবতার নির্মম সত্যি এখন লিখছি। আমাদের সময় চার ক্লাসে একটা সরকারি পরীক্ষা হতো। ওটার নাম ছিলো বৃত্তি পরীক্ষা। তবে মাষ্টার-মাষ্টরনিরা বলতেন বিত্তি পরীক্ষা।  থাক এই হক কথা। এবার জুনিয়র হাইস্কুল পর্বের গল্প লিখবো।

তখন সবেমাত্র নিজের মতামত বলতে শিখেছি। হেডমাস্টার খালি সিগারেট ফোকেন, বিজ্ঞান বিভাগের মাষ্টার বার বার চা পান করেন আর ভাষা বিভাগের মহামহিম যারা তারা কখনো কখনো স্কুলে আসেন আর ব্যাকরণ আর ব্যাকারণ বুঝিয়ে টান টান ধুতি পাঞ্জাবি ঝেড়ে নাকে এক টিপ নস্যি নিয়ে রিক্সায় বসে পলায়ন। আজ সেইসব অকৃতদার বুদবুদের কথা মনের আসে। এখন বুঝি এরকম কেনো হয়?

:৩:

সেই সে বিদ্যাসাগরের কথাই বলতে ইচ্ছে হলো। "ববর চরণ নমস করণ টক ন পঠত ভত ভত মরণ"। এটা এক আকাশের নিচে দাঁড়িয়ে অন্য আকাশ দেখা। অশিক্ষিতের সাধারণ শিক্ষার আধারে বিদ্যাসাগর মহাশয় তির্যক ভাবে অশিক্ষিতের ভাবপ্রকাশের ব্যাখ্যা দিয়েছেন। এই আধুনিক যুগে আমি কি করবো বুঝে পাই না। না পাচ্ছি। অসামান্য কিছু কথায় আর ব্যাথায়। চোখের জলে ভেসে যায় পাহাড়-পর্বত। হড়পা বান নেমে আসে সমাজের অভ্যন্তরে। রাস্তায় বসে কাঁদছে জানিনা কারা। একটুখানি বলতেই পারি আমরা‌, দেখি তুই কেমন পড়াস।

শিক্ষকদের নশ্বরতা দেখবো এবার।


সোমবার, ১০ অক্টোবর, ২০২২

চড়িয়াল খাল এক নর্দমার নাম

:১:

আমার বাড়ির সামনেই সে অবস্থান করতো। দীর্ঘ তিরিশ কিলোমিটার তার দৈর্ঘ‍্য, প্রস্থ আর নাব্যতা সেভাবেই তৈরী হয়েছিল। এটা নিকাশি পরিকল্পনা। স্থপতি ব্রিটিশ রাজ। এখন সেই নিকাশি খাল প্রায় তিনশো মিটার দূরে সরে গেছে। না ভুল লিখলাম। প্রস্থের অংশে এখন বসতি তৈরী হয়েছে। কে এসব করলো? কেনো এমন হয়? আমরা জেনেও চুপ থাকি। প্রশাসকের যুযুধান কাজের বিরোধিতা করবে কে? বরং বর্ষার সময় রাস্তায় প্যান্ট গুটিয়ে হাঁটা অথবা জমা জলের প্রকোপে ম্যালেরিয়া অথবা ডেঙ্গু হয়ে বেসরকারি হাসপাতালে পরে থাকা অনেক সুখের। এখন চড়িয়াল খাল নর্দমায় পরিণত হয়েছে। নিকাশি খালের জমিতে ঘর-বাড়ি গজিয়েছে। পরিকল্পনা মাফিক ভূগর্ভস্থ নর্দমার নির্মাণ চলছে। পাম্পিং স্টেশন হচ্ছে। জল এবার মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দৌড়বে আর আমরা এইসব মধ্যযুগীয় অসুস্থ‍্যতা থেকে মুক্ত হব।

:২:

বগল বাজাতে শিখতে হবে এই বুড়ো বয়সে। কৈশোরে দেখতাম এসব, একবার চেষ্টাও করেছিলাম। স্বশব্দে বেজেও উঠেছিল আমার বগল। ঠাকুরদার এক থাপ্পড়ে বুঝতে পেরেছিলাম কিছু অন্যায় করেছি। হ্যাঁ সত্যিই তাই। মা বুঝিয়ে বললেন এটা অসভ্যতার প্রকাশ। সভ্যেরা হাততালি দিয়ে সমর্থন জানায় আর বাকিরা..... না থাক। আসল কথা হলো এই নতুন ব্যবস্থাপনা দেখে সকলেই বগল বাজাচ্ছে আর আমি প্রথমে দেখেছিলাম আন্ত্রিক রোগে আক্রান্ত মানুষ আর এখন ডেঙ্গু, ম্যালেরিয়া। বিজ্ঞানীরা ভুল বকেন। আমরা পরিকল্পনামাফিক ভাইরাস আর ব্যাকটেরিয়াকে ভূগর্ভে পাঠাতে বদ্ধপরিকর। তাই এই বৃহৎ কাজের স্বার্থে সাময়িক কিছু ক্লিচ্ছসাধন মেনে নিয়ছি। 

দেখা যাক প্রকৃতি মানে কি না?

রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বিশ্বস্ত শ্রমিক

 :১:

পায়ে পায়ে রাস্তায় পৌঁছানোর ইচ্ছে ছিলো, হলো না। ওদিকে সন্ধ্যাতারা আর এদিকে ইট ভাটার চুলা জ্বালিয়ে বাড়ি পৌঁছনোর তাড়া। এটা নদীর পাড়। সূর্য ডুবলেই সন্ধ্যা নামে। হিম পরে বর্ষার পর হেমন্তে। মাঠে জল থাকে, ব্যাঙ ডাকে। গঙ্গাফড়িং এর ডাক শুনলে মনে হয় সেই ঝিঁঝিঁ পোকার কান্না। এক পশলা বৃষ্টি হলো। আকাশের দিকে তাকালাম।  তারার ঝাঁক বলেলো 'হে পান্থ! হেঁটে চলো।' সমস্ত দিনের ক্লান্তি এক শব্দে দূর হলো। শুরু করলাম পায়ে হেঁটে পথ চলা, আকাশের তারাদের সাথে।

:২:

তারারা ওকে পথ চেনায় না,  ও ওর চেনা পথ ধরে চলে আর তারা দেখে ছোটবেলার কথা ভাবে। আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখে অনেকে বলে এটা আমার মা, আবার অন্য কোনো একজন বলে আমার দাদু। ও এসবের ধার ধারে না। শুধু কোথায় কার থাকার কথা, কে স্বাতি, কে রোহিনী, কে লুব্ধক এসব খোঁজে আর নিজের কিশোর জীবন খুঁজে পায়। কোলকাতা শহরের আলোয় এসব দেখা যায় না।

:৩:

ঐ দিন আর ফেরা হলোনা শহরে। ইটভাটার অফিসে থাকতে হলো। পাশেই রূপনারায়ণ আর হুগলীর মেলবন্ধন। অমাবস‍্যার কোটাল সবে গেলো। ভ্রাতৃদ্বিতীয়ার সন্ধ্যা। চাঁদের আর সারা নেই। সে বুঝলো এই রাতে সে উল্টো দিকে আলো দিচ্ছে। মান্তুকে ডাকলো। মান্তু এই ইটভাটার শ্রমিক। প্রিয় পাত্র মালিকের। বাংলা হরফে মন্টু কিন্তু ওকে মান্তু বলে ডাকতাম। মান্তু সেদিন সাহেবের অপেক্ষায় ছিলো। 

:৪:

সাহেব নদীর কিনারায় বসে জাহাজের ঢেউয়ে নৌকো গুলোর নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে পাড়ের সাথে ধাক্কা খাওয়া দেখছিলো। মান্তু একবাটি মুড়ি আর দু'টো বেগুনি দিয়ে গেলো। সাহেব নিজের মনে হিসেবের খাতা দেখে চলেছে। কপালে পিস্তল ঠেকিয়ে কোনো এক অর্বাচীন বললো, বাদ দিন হিসেব কসা। সাহেব মান্তুকে ডাকলো। মান্তু হাসতে হাসতে এলো। বললো ওরা আমাদের লোক।





শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নপুংসক

 ভাবছিলাম জমানো পয়সায় একটা মন্দির বানালে কেমন হয়? মা বেঁচে নেই, থাকলে নির্ঘাত বলতেন না ওসব করিস না। বাবা থাকলে বলতেন মন্দির আর মদের দোকান করিস না। এই ব্যবসা রাজনীতির ব্যাপারীরা করে। বন্ধুরা এসব কথা পড়ে বলতে পারে অনেক কিছু, কিন্তু বলবে না। ধর্ম আর রাজনীতি নিয়ে কিছু বলা নিষেধ। ওরা জানে এই চরাচরে বৌ-বাচ্চা বাদ দিয়ে কিছু না করাই আজকের সমাজে দস্তুর। আর আমার বামন বন্ধুরা তওবা তওবা করবে কারন বুড়ো কলম ধরেছে। আমার গিন্নী নির্দ্বিধায় বলবে লিখতে পারো তাই লেখো, যারা লিখতে শিখেও নিরক্ষর তাদের প্রতিবাদ তুমি তোমার লেখাতেই বুঝে নিতে পারবে। মেয়ে এখন তৃতীয় বর্ষের ছাত্রী। দুর্নিবার সাহসী। ও মুচকি হাসিতে বুঝিয়ে গেলো ওর সম্মতি। আলিপুরদুয়ার থেকে মেয়ের পিসাদাদু মাঝরাতে মোবাইল ফোনে নাতনিকে বললো, মা বাবাকে বারণ কর লেখালেখি করতে। তুই বড় হচ্ছিস তোর বাবাকে এটা বুঝতে হবে।

মেয়ে সেদিন একথার উত্তর দেয়নি। বাবাকে একথা জানায়নি। পূজোর পর যেদিন কলেজ খুললো সেদিন বাড়ি ফেরার পথে জনা কয়েক ওর গা ঘেঁষে হাটছিলো। ওর তেমন কিছু মনে হয়নি। যখন গাল পেড়ে বললো বাপকে বলিস আমরা তোকে চিনি তখন একটু ভয় পেলো আর যখন হাত ধরে টানাটানির উপক্রম তখন ও নিজের আকার ধারণ করলো। যুযুৎসুর প্যাঁচে এক বাদ দিয়ে এক। 

এই শিক্ষা ওর ছাত্রী বয়সে। শিক্ষার সাথে এসব শেখা সেই সময়ে। বাড়িতে ফিরতে দেরি হচ্ছে বলে গিন্নী আমাকে বললো একটা ফোন করো তো। না দরকার পরেনি। থানেদার আর মেয়ে দরজায় দাঁড়িয়ে। আমি উদ্বিগ্ন ভাবে তাকিয়ে ওদের দিকে। শত প্রশ্নে মন আমার ক্ষতবিক্ষত। 

মেয়ে আমার ঘোর ভাঙালো। বললো, বাবা তুমি লিখে যাও। তোমার লেখা আমাকে খরস্রোতা নদীতে সাঁতার কাটতে শেখালো। আমি আরো শিখতে চাই।

থানেদার আমার দিকে তাকিয়ে নির্বিকার।

শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

মুনি মুশিক কথা

:১:  

লর্ড কার্জনের নামে বহাল তবিয়তে তাকে আমরা পেয়ছি। সে ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছে এই কোলকাতায়। এই মহামহিম বাংলাকে দু'খন্ড করেছিলো ১৯০৫ সালে। বাংলার মানুষ এটা মানতে পারে নি। প্রতিবাদের ভাষা বাংলা থেকেই শুরু। ১৯১১ সাল। বঙ্গভঙ্গ রদ করা হলো। কোলকাতার রাজপথে চলাফেরায় ভয় পেয়েছিলো ব্রিটিশ রাজ। রাজধানী নিয়ে হাঁটা দিলো তারা এমন এক জায়গায় যেখানে বাংলার ছোঁয়া পৌঁছবে না। পৌঁছেছিলো স্বাভাবিক নিয়মে। তাই দৃপ্ত কন্ঠে স্বাধীনোত্ত্বর ভারতে সুভাষচন্দ্রের আহ্বান, চলো চলো, দিল্লি চলো।

:২:

সেই কার্জনের নামেই তৈরী হয়ছিল কার্জন পার্ক।  টিকিধারী ট্রাম এখানে এসে তার পথ পরিবর্তন করত। ছুটে চলত ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত। কার্জন সাহেবের পার্কে দিব্বি রাত কাটাতো, দিন কাটতো রাস্তায় রাস্তায়। নব্বই এর দশকে এই পার্কের উত্তর পশ্চিম কোণে ছিলো ইঁদুরের বসতি। মানুষ এখানে এসে খাবার দিত। কেউ বাদাম, কেই ছোলা, আবার বড় লোকেরা মানে ব্যবসায়ীরা দিত নানা ধরনের ফল। ইঁদুর পোষার দিন ছিলো সেটা ব্যবসায়ীদের কাছে। এখন ঠিক উল্টোরথ চলছে। মাসির বাড়ি থেকে মম মন্দিরে।

:৩:

এই বিদর্ভ নগরে পূর্বমুখী গেট আর দক্ষিণমুখী অট্টালিকার সামনেই ইঁদুরের আনাগোনা। এরা কখন এলো, কোথা থেকে এলো, কেনোই বা এলো, কে এদের আনলো, কেনো আনলো এ কথা কেউ জানে না। আর এখন এরা কোথায় গেছে, কেনো গেছে, কে নিয়ে গেছে, কেনো নিয়ে গেছে সেটাও কেউ জানে না। কার্জন পার্কের নতুন নাম নিশ্চই ইতিমধ্যে তৈরী হয়েছে। হয়তো ইঁদুরের নামেই হবে সেই নাম সাথে যুক্ত হবে সেই অবিভক্ত বাংলার নাম। আমি সেই হিসেবেই না দিচ্ছি। মেট্রোর সাথে মুশিকের একটা মিল পাই, এদের দু'জনেরই সৌষ্ঠব মাটির তলায় ।সেই হিসেবেই মেট্রোরেল স্টেশনের নাম হতেই পারে, "মুনি মুশিক কথা।" 

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঘুম ভাঙানো হুইসেল

বোমাবাজি চলছিলো রাত থেকে। ঘরবাড়ি সব সাফ হলো আগুনে। ফলন্ত সব্জির খেতে পরেছিলো বলরাজের দেহ। ও ঐ খেতের প্রহরী। উচ্ছে, লঙ্কা বেগুন এবছরে আর ফলবে না। সব মাটিতে মিশে গেছে। সবে মাত্র ফুল আর বাঁধা বসিয়েছিলো। সেগুলোও নেই। পুকুর পাড়ের কলাগাছ গুলো ঝুলে পরেছে পুকুরের দিকে। অক্ষত চেহারায় একাই দাঁড়িয়ে আছে ইউক্যালিপটাস। সে হা-হুতাশ করছে বারুদের গন্ধে। সে এই গন্ধ চেনেনা।

লিখতে মন লাগছে না তবুও লিখতেই হয়। তুলসীর মঞ্চটাও উড়িয়ে দিয়েছিল বোম মেরে। এটা ওদের কষ্ট দেয়না। বলরাজের নিথর শরীরটা ঠিক ওখানেই পরেছিলো। মায়ের শুকনো চোখ ছেলের মাথায় হাত দিয়ে চুপ করে চেয়েছিলো আকাশের দিকে। কালো গাইটার দু'চোখ জলে জল জল করছে। বলরাজ ওকে চারবেলা খাওয়াতো।

বলরাজের মা সেদিন এতো কিছু ভাবেনি। বসেছিলো শালবনি ষ্টেশনে। ভেবেছিলো মহুয়া ফুল কুড়িয়ে, ভাত পচিয়ে, মাদলের সাথে নাচতে নাচতে বলরাজকে ফিরিয়ে আনবে। কিন্তু মহুয়া ফুল ফুটলো না, হাঁড়ির ভাত গুলোতে পিঁপড়ে ধরলো আর মাদলের বুকে ছাতা ধরলো। এটা একটা ভাবনা। ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল ওর। দুরন্ত গতিতে হুইসেল বাজিয়ে ট্রেনটা চলে গেল। এক ঝটকায় সেই যে ঘুম ভাঙলো এর পর আর ঘুম আসে নি ওর।


বুধবার, ৫ অক্টোবর, ২০২২

প্রবন্ধ

 :১:

প্রেম পরিণয় ইত্যাদি একটা বিজাতিয় সংস্কৃতি। এদেশে সে ছিলো না। সে আমদানিকৃত। আমাদের সমাজে স্নেহ ছিলো, ভালোবাসা ছিলো শ্রদ্ধা ছিলো, নারী-পুরুষের যৌবনের আহ্বান ছিলো তবে প্রেম থেকে পরিণয়ে উন্নীত হওয়াটা ছিলো না। ওটা ইমপোর্টেড। লেখক, শিল্পী, ঔপন্যাসিক সমাজ নিয়েই ব্যাস্ত ছিলেন তার লেখায়। প্রকৃতি ছিল লেখার এক বড় সম্পদ। এদেশের লেখকেরা মূলত প্রকৃতি আর সমাজকেই ব্যবহার করেছেন ন্যারেটিভ হিসেবে। আর আমদানি করা প্রেম বস্তুটা অপসাহিত্যে প্রভাব বাড়িয়েছে। সাহিত্য দিনদিনে লুচ্চার ভালোলাগার বিষয় হয়ে পরেছে। আরো একটু এগিয়ে বললে বলতেই হয় সাহিত্যের বাজারি হওয়ার প্রধান উপকরন হলো প্রেম।  আসলে সামাজিক অবস্থানের উপর নির্ভর করে এগিয়ে চলে সংস্কৃতি। 

:২:

একটু গোড়ার কথা বলি। বিদেশী সাহিত্য আমরা যখন পড়ি তখন নিজের সাথে তার মিল খুঁজি। মিল পেলে মনে গাঁথে না হলে নয়। যেমন খেতে বসে ডাল, ভাত, তরকারি, মাছ ইত্যাদির বদলে যদি পোড়া মাংস, যা আজকের ভাষায় তন্দুর আর রুটি, অথবা বাঁধাকপির ঝোল আর রুটি, কিংবা তরমুজ আর শুকনো রুটি  পাতে দেওয়া হয় তা কখনোই মুখে রুচবেনা। সাহিত্যও একেবারে সেরকম। তাকে সুস্বাদু হতে হবে সমাজের নিরিখে। আমি সাহিত্য বা সাহিত্যিক কোনো কিছুকে ছোটো বা বড়ো বলতে চাইনা। শুধু এটুকুই বলছি, দেশ ও কালের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। না হলে  ভ্রান্তিবিলাশ তৈরী হবে।

:৩:

আমরা যে সাহিত্যে আজ সমৃদ্ধ তার শুরু সেই বঙ্কিমচন্দ্র থেকে। এর পর যারা আমাদের কাছে প্রতিনিয়ত আসেন তাঁরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বিভূতিভূষণ। তাঁদের লেখায় যে প্রেম সেই প্রেমেই আমরা আপ্লুত হই। অনেকে বলবেন ওটা নৈস্বর্গিক। না তা নয়। একটু গভীরে যেতে হবে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী সমাজকে যে উচ্চতায় নিয়ে যেতে চাইতেন সেই ভাবনার প্রতিফলন মেলে ঐসব সাহিত্যের প্রেমে। এটা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য। 

আধুনিক সাহিত্য এ সবে ধার ধারে না। বিজ্ঞানের গতির সাথে সাহিত্য-সংস্কৃতির গতি মাপলে ভুল হবে। সাহিত্যের এক দিন বিজ্ঞানের একশ বছরের মতন। তাকে চলতে হয় ফুল, ফল, মাটি আর প্রকৃতিকে একসাথে নিয়ে। সে পরিবার নিয়ে চলে। বিজ্ঞান তার কাছে একজন ফ্যামিলি মেম্বার। আধুনিক সাহিত্যিকদের এই কথাটা বুঝতে হবে।



মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

লেখক আগে না পত্রিকা?

 :১:

এবছর কোনো পূজো সংখ্যা নেইনি। এগুলো আর আগের মতন নেই। আকর্ষনের বদলে বিকর্ষণ বেড়েছে। পুরোনো প্রবাদ অনুযায়ী রিজেক্ট করলাম এবছর। পুঁটি মাছ মাছ, রুই মাছ মাছ, কাতলা মাছ মাছ, সব মাছই যে মাছ একথা মানলে; ছাগলের দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি এক হয়ে যাবে। তাই বন্ধ করলাম। 

:২:

পূজোতে লেখা এখন অনেকেই লেখেন। যাদের এই সব বাজারী আনন্দ বা অন্যান্যরা দেখতে পান না। সবাই বাজারী হতে চায় না। আপন সত্ত্বাকে বাজারী করতে চায় না। তারা দেহপ্যোদগ্ধা নন। তারা লেখেন লেখার তাগিদে। যা সমাজে প্রস্ফুটিত হয় নতুন এক প্রত্যয়ী মানুষ হিসেবে। 

:৩:

দেশ পত্রিকা নেওয়া বন্ধ করেছি বছর দুই আগে। আর আনন্দ সম্মান বিষয়টা পঙ্কে নিমজ্জিত বুঝেই এই সিদ্ধান্ত। আমি এত বিজ্ঞ প্রাজ্ঞ নই। তবে সাদা কালোর বিভেদ বুঝি।

:৪:

ঠাকুর নরেন কে বলতেন কিরে কিছু চাইবি? চাইতেন। পাগলা ঠাকুর বলতো কি চাইলি বলবি? নরেন বলতো বিবেক আর বৈরাগ্য। ঠাকুর অবাক হয়ে তাকিয়ে থাকতেন। তিনি মনে মনে বুঝতেন তিনি সফল। এসব বলা আর না বলায় কি আসে যায়? শিক্ষা আর সংস্কৃতির অবক্ষয় যাদের দ্বারা সংগঠিত তাদের কাছে ভালো কিছু কি আশা করা যায়? 

:৫:

নেট দুনিয়ার দৌলতে এমন একদিন প্রায় আগত, যখন মানুষ এদের বাদ দিয়ে নিজের কথা নিজেই সবার সামনে লিখতে পারবে আর এই সব লোলুপেরা বিলুপ্ত হবে। এটাই আমার কাছে আজ দস্তুর।



সোমবার, ৩ অক্টোবর, ২০২২

পূজো আলাপন

:১:
চার দশক আগে বসন্ত এসেছিলো। কলেজ জীবন আজও খুব উপভোগ করি। আমরা মানে আমি আমার বন্ধুরা খুব আনন্দে থাকতাম পূজোয় তিনদিন। পূজো তো তিন দিনের। এখন পনেরো দিন। আমি ঐ তিনদিন কি ভাবে কাটতো সেটাই লিখবো। প্রথমদিন আমার বাড়িতে আমরা সবাই। এটা ছিলো গানের আড্ডা। এটা আমার মা এর জন্য। মা খুব সুন্দর গাইতেন। আমার বন্ধুরা গলা মেলাতো তার সাথে। এভাবেই সন্ধ্যা গড়াতো। মা ফাস্টফুড বানিয়ে দিতো। ওটা সেকালের বানিয়ে দেওয়া লুচি আর ছোলার ডাল। দুপুর কেটে যেত এসবেই। তারপর আমরা একসাথে বসে ভাত, ডাল, ভাজা আর মাছের ঝোল দিয়ে হৈ হৈ করে একসাথে বসে সপ্তমীর দিন শেষ করতাম। সবাই সাইকেল চেপে ফিরে যেতো পরের দিনের অপেক্ষায়।
:২:

এদিন অরূপের বাড়িতে। ওর মা বাণীচক্রের সঙ্গীত শিক্ষিকা আর বাবা মার্গ সঙ্গীতের শিল্পী। আর আমি? আমি তখন অ-আ-ক-খ শেখা সেতারবাদক। আর এক বন্ধু সুব্রত বেহালা বাজাতো। আমরা দুজন সেদিন মেগাস্টার আর অরূপ ওর মাকে সাথে নিয়ে গানের লড়াই করতো। অরূপের বাবা আমাকে বলতো গো-হারান হারবি। কিন্ত হারিনি কখনো। এক বন্ধু কথা লিখলো আর আমি আর সুব্রত সুর দিয়ে তাৎক্ষনিক গান তৈরী করলাম। কিস্তিমাত। ফিরে যেতাম যে যার আস্তানায়।

:৩:

এটা পন্ডিতের বাড়ি। নাম মানিক। ওর মা খুব ভালো রান্না করতো। ইলাদি মানে ওর দিদি ছিলো নাট্যরসিক। মানিকও কম যেতো না। ওর বাবা থাকতো বিদেশে। ভয়েজ শেষ করে কালে-ভদ্রে আসতো। মানিক শুরু করতো কিছু একটা নিয়ে, তাল মেলাতো সৌভিক আর সাথে থাকতো মিতা। পরবর্তীতে মিতা আর মানিক সংসার পাতলো। সে সংসার ভেঙে গেছে। মানিক এখন স্কটল্যান্ডে আর মিতা? এসব পরে বলবো।

:৩:

আজ নবমীর প্রাক্কালে যৌবনের প্রাচুর্যের কথা ভাবছি। ভাবছি দূর্গাপূজোয় আমরা থাকতাম আমাদের আনন্দে। এ এক বাৎসরিক আনন্দ। অপেক্ষা করতে হত বারোটা মাস। এখন এসব নেই। তিনি আসেন, থাকেন আগের মতন তিনদিন কিন্তু এটা এখন মোচ্ছ‍ব। 

:৪:

বলতেও ভালো লাগে আজ আমরা বন্ধুরা খুব কমই একসাথ হই। কফি হাউসের আড্ডাটা সত্যিই আজ নেই। পন্ডিত স্কটল্যান্ড, অরূপ নাইজেরিয়া, শিলা আছে সুইডেন। কোলকাতায় বেশ আছি আমি। স্মৃতিতে স্মরণ করি কফিহাউসের আড্ডাটা।

রবিবার, ২ অক্টোবর, ২০২২

এটা মনে হল

 এটা এখন অভ্যাসে পরিনত হয়ছে। কখনো বিবেকানন্দ, কখনো ব্রহ্মানন্দ আবার কখনো সর্বপ্রিয়ানন্দ। এটা বেদান্ত চর্চার বিষয়। এতো কিছুতো পড়ে দেখতে পারিনি। তাই শুনি, বড় মন দিয়ে শুনি। এটা নেট এর জগৎ। সবাইকে এখানে পাওয়া যায়। সবার মতামত শোনা যায়। সে সূর্য  পৃথিবীর চারদিকে ঘুরছে একথাও শোনায় আবার ঈশ্বর  হলো একটা বিশ্বাস একথাও শোনা যায়। কে যে কিসের উপরে দাঁড়িয়ে কি কথা বলছে সেটা তার দায়িত্ববদ্ধ বিষয় নয়। তার বলার বিষয় সে বলছে। অনেকটা যেন এটা তার পেটের দায়। কখনো কখনো এমনও হয় তিনি যুক্তি দিয়ে বোঝাতে পারছেন না। কারন অনেকটা এভাবে বর্ণিত হয় যে এটা বোঝার জন্য অমুক স্তরে পৌঁছতে হবে। না হলে বোঝা যাবে না। কি মুশকিল বলুনতো? না কিছু বলতে বলছি না। শুধু ভাবছি এতসব বোঝানোর দায় তাকে কে দিয়েছে। এটা তাদেরকেই বলতে হবে।

এবার বস্তুবাদের কথা বলি। মার্ক্সবাদ একটা বিজ্ঞান স্বয়ং কার্ল মার্ক্স সাহেব একথা বলেন নি। সমাজে যখন যা পরিবর্তন তিনি বা তার পূর্বসুরি যা দেখেছেন তার একটা রূপরেখা তিনি লিখেছেন। তিনি একথা কখনোই লেখেননি এটা অরূপ। এরপর এলেন লেনিন। তিনি সমাজের স্বাভাবিক গতিপ্রকৃতি দেখে যে সাদৃশ্য পেলেন মার্ক্স সাহেবের গতিপ্রকৃতির সাথে সে কথা লিখলেন। তার পর এলেন স্তালিন। তিনি আগের দুজনকে একসাথ করে বললেন, এটাই সমাজের শেষ অধ্যায়। অর্থাৎ মহাকাশ বা মহাকাল পৌঁছনো। কিছু উপাদান এমন হয় যার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না যারা বলে বা লেখে। আসলে দায় বা দায়িত্ব কে নেয়? আমরা সাধারণ  সংসারী মানুষেরা এভাবে ভাবি না। 

বিবেকানন্দ, ব্রহ্মানন্দ বা আজকের সর্বপ্রিয়ানন্দ পুঁথি পড়ে বা না পড়ে, শুনে বা না শুনে কিছু প্রতিষ্ঠা করতে চান। একই ভাবে বিপরীতে যারা যা বলেন সেটাও প্রতিষ্ঠার স্বার্থে। কি প্রতিষ্ঠা? আমরা তোমাদের শাসন করবো। তোমরা সব অজ্ঞ আর আমরা সব বিজ্ঞ। সুন্দর শব্দবন্ধে অসুন্দর বা কুৎসিত কিছু রক্ষার তাগিদ। এই তাগিদ যাদের নেই বা কোনো কালেও ছিলো না তাঁদের কথা লিখবো।

এবার লিখবো সাংস্কৃতিক জগতের মানুষের সাহিত্যের কথা। যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল অথবা বিভূতিভূষণ, মানিক। এঁরা সমাজদর্পন কালি আর কলমে প্রকাশ করে গেছেন। আমরা আজ তাঁদের লেখার আধারে সমৃদ্ধ। 

সুকুমার রায় রসিকতার সুরে অনেক আগেই একথা লিখে গেছেন। আমি সে কথাকেই আজ প্রাসঙ্গিক হিসেবে নতুন একটা সংযোজনী লিখলাম। সমাজের পরিবর্তন হওয়া না হওয়া সমাজের মধ্যে থাকা মানুষেরা বুঝবে। দয়া করে কেউ আর বোঝাতে আসবেন না কারণ এতে আমাদের মানে মানুষের বোঝা বেড়ে যায়।


শনিবার, ১ অক্টোবর, ২০২২

রোজনামচা

:১:

 যেখানে রোজ যাওয়া আসা ছিলো কোনো এক কালে সেখানে পৌঁছতে বিভ্রম বাধলো। চিনতে পারছি না। সেই দুব্যো ঘাস নেই। পাঁচিলের গায়ে কোনো লিখন নেই। ইটের দেওয়াল টালির ছাউনির ঘর গুলো নেই। ছোট্ট পুষ্করিণীটা নেই। ফুটবল মাঠে কেউ খেলছে না। উঠতি বয়সি ছেলে গুলো সকাল সন্ধ্যায় আড্ডা মারছে না। চপের দোকান বেসন ফেটাচ্ছে না। উনুনের ধুঁয়ার গন্ধ উড়ছে না। ফিঙে পাখি গুলো মশা ধরছে না। নারকেল গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে নেই। চিল  নেই। চিঁ-হাহাহা চিল চিৎকার শোনা যাচ্ছে না। ভাবলাম হলো কি? আমি কি পথ ভুলে অন্য কোথাও এসেছি? 

:২:

না আমি ঠিক জায়গায় এসেছি। অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলছে। আধুনিক গুগুল ম্যাপ বলছে এটাই আমার গন্তব্য। কিন্তু অনুভবের সাথে কোনো সাযুজ্য নেই। ভাবছিলাম এটা কি হ্যালুসিনেশন?  সংকটের সমাধান হলো শ্মশানে। নদীটা একটু সরে গেছে। শ্মশান সামান্য বেড়েছে আড়ে-বহরে। মৃতদেহও বেড়েছে বিস্তর। তবে ধোঁয়া আর চামড়া পোড়া গন্ধ আর নেই। শ্মশান কালীও বিমূর্ত। নদী পারের শ্মশান আজও অমলিন।

:৩:

ভাবছিলাম ওদেরতো একটা বাড়ি ছিলো। বাড়ির ছাদে একটা নিশান ছিলো। পায়রা গুলো ওটা দেখেই ফিরে আসতো। ও হাততালি দিতো আর পায়রা গুলো ফটফট পাখার আওয়াজ করে উড়ে যেত অসীম আকাশে। বাড়িটা কি হাওয়ায় উড়ে গেছে? না আছে। আছে এই নদীবক্ষে।

নদীর নাম পদ্মা।