শনিবার, ২৭ মে, ২০২৩

শক্তিতে সিক্ত সঞ্জয়বুড়ো

শক্তিতে সিক্ত সঞ্জয়বুড়ো

 :১:

সঞ্জয় সেদিন বেরসিক কতগুলো কথা বলতে শুরু করলো। তবে বলার শুরুতেই তাকে থামতে হলো। ভুল বললাম ওকে থামানো হলো। শক্তি থাকলে থামানো যেত না। শক্তি নেই। তার কলম-দোয়াত পরে আছে টেবিলের উপর। ধূলো ভরা টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে টুকরো কাগজ, বাংলা মদহীন শুকনো গ্লাস। দোয়াতের কালিটা শুকিয়ে গেছে। কলমের নিভটা এখনো উদ‍্যত মনিবহীন মসি। সে অথর্ব হয়েছে শক্তি চলে যাওয়ার পর। সঞ্জয় নির্লিপ্ত ভাবে এই কথাতে শুরু করেছিলো। কোলকাতার বারদুয়ারীতে দুয়ার কমেছে। বেড়েছে আধুনিকতার সম্ভার। কে চেনে এই শক্তিকে? 

এই এগারো বছর পেড়িয়ে সঞ্জয়ের মনে পরলো তার কথা। শুরুতে বললো সেই মহাকরণ যা আজ সংগ্রহশালা হতে চলেছে শালা। আসলে পেটে ওই দু-চার বিন্দু সোমরস শক্তি যোগায়। নির্ভীক হয়ে পরে মন। সেই নির্ভীকতার ফসল এই শালা।

আরো কয়েক ফোঁটা পরতেই শুরু করলো অতীত ভোলানোর কোনো এক কারিগরের কথা। বললো ওই যে বিনয়-বাদল-দীনেশ এর রক্তের ছাপ লাগা দেওয়াল সেখানে বসে থাকা যার অসহ্য লাগে, মনে হয় কোনো এক উগ্র টেরোরের রক্ত, শ‍্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, সে'ই পারে মহাকরণ ছেড়ে মহানরকের পথে যেতে।

এরপর তার কন্ঠ রোধ করা হলো। বার করে দিলো বারদুয়ারীর বারোমেস্যেরা। তাতে কি আর সঞ্জয়ের অলৌকিক চোখ আটকানো যায়?

রাস্তার মোড়ে চা এর দোকানের খালি পরে থাকা বেঞ্চ আছে। সেখানেও মানুষ আসে। মান নির্ণয়ে তারা যতই অবুঝ হোক না কেন, দিনের আলো আর রাতে আঁধার তাদের না বোঝা নয়। 

সারি সারি অন্ধ ধৃতরাষ্ট্র এসে বসে সেখানে। সঞ্জয় তাদের শোনায় সমাজের কথা। শেখায় নতুন এক যুদ্ধে নতুন এক অস্ত্রের কথা। যে অস্ত্র অতি ক্ষুরধার। যে অস্ত্রের আরেক নাম শিক্ষা। যে শিক্ষা আসে অতীতকে সমুখেতে রেখে। যে অস্ত্রে ছবি আঁকতে বসেন শিল্পী। কথায় আর সুরে সে সুর পৌঁছে যায় মূর্খ ভারতবাসীর দরবারে। 

এই এগারোটা বছর বলার কারণ নতুন এক স্থাপত্য। অযুত-নিযুত পার করে পুরোনো বাদশাহদের স্বেচ্ছাচারিতার মতন একালের আরো এক নব তাজমহল। 

এই অদৃষ্টের উৎপত্তিস্থল এই বাংলায়। বাংলা চিরকালই পথ দেখিয়ে এসেছে একালেও সে থেমে নেই। 

ওয়াজির-এ-আজম এবার নতুন করে গড়ে ফেললেন এক ইমারত প্রযত্নে এগারো বছর আগের বাংলার অনুকরণে।

আসল কথা অতীত হলো ইতিহাস। নতুন প্রজন্ম পাছে অতীতের পথ বেয়ে আদর্শবান হয়ে পরে? তাই ওই সব গৃহের গৃহস্থালি রাখা যাবে না। ঐ সব আদর্শবাদী তরুনের স্বপ্ন নতুনের কাছে পৌঁছলে সমূহ বিপদ। তাই এ যুগে তাদেরকে লাশকাটা ঘরে পাঠিয়ে সাময়িক শান্তি পেতে অনুভবে বৃহৎ এই ইমারতের সৃষ্টি।

সঞ্জয় তার দিব্যদৃষ্টিতে এসব দেখতে পেয়েছিলো। আর ওই সোমরসে ভর করে শক্তির মতন বলতে শুরু করেছিলো এই সমাপতনের কথা। তাকে থামানো হলো। না সে থামেনি।

শক্তির কলমটা মুঠো করে ধরে শুরু করলো লেখা। এ লেখাটা কয়েক কাল ধরে ওকে লিখতেই হবে।

:২:

সঞ্জয়ের চুলে পাক ধরেনি কখনো। ওর বন্ধুরা চুলে কালি করে বয়েস কমাতো। ও এসবের ঊর্দ্ধে। আসলে জন্মগতভাবে ওর এটা খুব বড়ো প্রাপ্তি। স্কুলে ভর্তির সময় ওর সাদাচুল দেখে শিক্ষকেরাই নাম রেখেছিলেন বুড়ো। এখন ওকে সবাই বলে বুড়োদা। সঞ্জয় নামটা খাতায় কলমে।

স্কুলের পাঠ শেষ হওয়ার কিছু পরে সে প্রাপ্তবয়স্কদের দলে পৌঁছয়। আর সেখানেই শুরু হয় জন্মবৃত্তান্ত বিষয়বস্তু। কখনো তার মা, কখনো বাবা লাঞ্ছিত হন তাহাদের কথায়। 

অশিক্ষিত সমাজ জিনের বৈশিষ্ট্য বোঝেনা। তারা শুধু সামাজিক ব্যাভিচার বোঝে। এই জন্মগত সাদা কেশ কখনো কখনো তাকে ক্লেশ দিতো। আজ আর দেয়না। 

আসলে শতসহস্র সাম্রাজ্য যখন ভেঙে পরে তখন এই চুল নিয়ে চুলচেরা বিচারে বসতে মন দেয় না। তার সঙ্গে আবার এক নতুন সমস্যা এসেছে। রং করা কেশ। কালো, বাদামি তো আছেই সাথে জুটেছে কালো চুল সাদা করা। এখন ঠগ বাছতে গাঁ উজাড়।

সঞ্জয় সেদিন বলছিলো ভাগ্যিস পূর্বপুরুষেরা কোনো দুষ্কর্মের মধ্যে আসেননি। নাহলে ওই জল ঘোলা করার অজুহাতে আমাকে জেলের ঘানি টানতে হতো।

দুর্যোধনকে সবাই কাপুরুষ বললেও এই বুড়ো তা বলে না। সে বলে এটা অসত্য কথন। তার মাথাটা ভীমের গদার মতন হতে পারে। তবে মা এর কাছে সে নগ্ন শরীরে যেতে পারে নি। ওই কৃষ্টি বলে একটা কি আছে না?

যে যাই বলুক না কেনো এই লজ্জাই আমাদের সংস্কৃতি।

:৩:

শক্তি কখনো বুড়োকে দেখেনি। বুড়ো খুঁজে পেয়েছিলো শক্তিকে। শক্তি সঞ্চয়ও খুব কম হয় নি। আর যা হয় নি সেটা এই বুড়োর বয়েসে বুড়ো হওয়া। 

যেদিন চুলে পাক ধরেছিলো লাইনের রিক্সাওয়ালার মুখে সে শুনতো, দাদা তুমি কেনো বুড়ো হচ্ছো?

শক্তি শুকনো গ্লাসটা সিক্ত করে শুকনো মুখে বলতো, শোন শক্তি শুকোয় না, সে নশ্বর নয়। বলতো কলমের কালি আর গ্লাসের জল যেদিন শুকিয়ে যাবে সেদিন তোরা ভাবিস শক্তি নেই শক্তির স্টমাকে।

সঞ্জয়বুড়ো এ ব্যাপারে খুব অহংকারী। সে মনে করে সে মরুভূমের মহীরুহ। তার মরুদ্যান লাগে না। সে সেই সেকালের দর্পনাথ খুড়ো।

এই সাদা কেশ, সাদা দুধ আর সাদা খাতা তার খুব ভালো লাগে। এই সাদা সাতরঙ এর রঙ্গ যারা বোঝে না তাদের তার বলতে ইচ্ছে হয়, আমি জন্ম থেকে যা পেয়েছি সেটা পেতে তোমাদের চার-সাত দশক লেগে যায়। শক্তিও আফশোস করে। বলে হায় যদি জন্ম হোতো সেই নরকূলে যেখানে চোখের রং নীল, কেশ শ্বেত বর্ণ, আমি কোনোদিন বুড়ো হতাম না।

এই প্রথম সঞ্জয়ের জগৎ পরিপুষ্ট হলো সফেদ কেশে।এই যে অর্কেস্ট্রার দল আছে না, সেখানে একটা ম‍্যারাকাস আছে। বাঙালিদের ভাষায় এটা ছোটো বয়সে বাজানো ঝুমঝুমির রূপান্তর। শক্তি বলতো এ কথা। বলতো আমি এখন ম‍্যারাকাস হয়ে পরেছি। বলতো অশক্ত শ‍রীরে আমি থাকতে চাই না।

সেটাই সেদিন ঘটলো। সংসার হলো শ্মশান, শ্মশান হলো পুণ‍্যভূমি। অসংখ্য মানুষের ভিড়ে সঞ্জয়বুড়ো ও সেদিন শ্মশানঘাটের পথে।

সঞ্জয়বুড়োর মতন কেশ তখনো তার পাওয়া হয় নি।

:৪:

না হয় রহিলো কাশের গুচ্ছ, না হয় রহিলো শেফালী মালা। সংসার চলবে কি ভাবে? শক্তি বললো কেনো? বললাম আপনার সংসার বিমুখতা এ কথা কি ভাবে বুঝেছে বলবেন?

বললেন অথর্ব বেদের ভাষায়। সে ভাষা কেউ না বুঝলেও এই বুড়ো বুঝলো।

আসলে এই দুটোই জাতে বামন। ধম্মকম্ম সব ছিলো হাতে। কতিপয় অপাংক্তেয় বামন প্রতিবাদী হয়ে যথেচ্ছ বাজে কথা বলে ওই সব ম্লেচ্ছদের বুকে টেনে সংসার পেতেছিলো। ইংরেজের বেতের গুঁতোয় বলে ফেলেছে এসব। বলেছে চৈতন্যদেবকে মেরেছে পুরীতে। তার কাঠামোটা আজও আছে ওই গর্ভগৃহে। বলেছে এসবের পিছনে না পড়াই ভালো। বলেছে দানবেরা আপনাকেও ভাসিয়ে দেবে ওই স্বর্গদ্বারের সামনে প্রবাহিত সমুদ্রে।

ওখানেই না কি সমুদ্রে বিলীন হয়েছিলেন মহাপ্রভু।

কিঞ্চিত চিন্তা এলো। বঁধূকে বললাম, বাঁচার পাথেয় আছে কি? 

ছলছল চোখে বললে আছে।

বললাম তাহলে আমি এখন চললাম পৃথিবীর পথে। পথহারা পাখি হলাম সেদিন থেকেই। পথের ধূলোয় খুঁজে পাই ঈশ্বরের পদধূলি। এ ঈশ্বর সে ঈশ্বর নয়। এ হলো রক্ত মাংসের ঈশ্বর। গরীব গুর্বরা ওর কাছে ভুট্টা খেতে আসতো। আবদার করে পা ছড়িয়ে উঠোনে বসে হাঁক পেড়ে বলতো বিদ্যাসাগর খেতে দে। ভুট্টার সাথে সাথে দিব্বি তারা হয়ে উঠতো স্বাক্ষর। 

এর পরে পথের পাসে বসে থাকা মূর্তির পায়ের কাছে দাঁড়িয়ে থেকে মনখারাপ হল। পায়ের ধূলোর সাথে মুক্তির মন্ত্র পেলাম নিচের ফলক পড়ে। এই ছত্রধরকে ছাতা ছাড়া এই প্রথম দেখছি। মাথায় বসে আছে সাতটা ছাতারে। কেউ কাঁধে, কেউ পায়ে, কেউ মাথায়। ওদের চ্যাঁচামেচিতে তার ভ্রুক্ষেপ নেই। সাড়া নেই প্রকৃতির ডাকে ছাতারের সারার পরেও।

মন চাইলেও বেয়ে উঠে মাথায় হাত দেওয়া এখানে অপরাধসূচক। ওনার এই পুঁতিগন্ধে বসে থাকাই আজকের দিনের দস্তুর। 

সঞ্জয় জয়স্তম্ভ খোঁজে। পায় না। আবার শুরু করে পথ চলা। ভাবে নিশ্চয়ই শেষে কিছু পাবে। কোলকাতার রাজপথে সাজিয়ে রাখা ক্লেদার্ত মূর্তিগুলো মধ্যরাতে হেঁচকি তুলে কাঁদে। এসব সে দেখেছে এই নগরকীর্তনে। সে দেখেছে দিনের বয়ে চলা পাপ এই মূর্তির পাদদেশে বহমান।

এক রাতে তার সাধ হলো সে প্রশ্ন করবে এই সব চিরকেলে দাঁড় করিয়ে রাখা মহামানবদের। প্রশ্নের উত্তর এলো না। এলো চোর-ডাকাত-পুলিশেরা। তবে আটক করেনি তাকে, পাছে খেতে দিতে হয়! 

শক্তি বলেছিলো নাক অবধি নিয়ে, মূর্তির সামনে দাঁড়িয়ে পুরোনো এক ইতিহাস। বলেছিলো মূর্তি স্থাপনের ব্রিটিশ সংস্কৃতির কথা। একটা করে জয় আর নতুন নতুন জয়স্তম্ভ স্থাপন। তার উপরে বসানো হতো কোনো এক নেকড়ের মূর্তি। নেকড়ে গুলো শৌর্যর আর স্তম্ভগুলো যুদ্ধের। 

স্বাধীনতার পরে ওই স্তম্ভের উপরেই বসিয়ে দিয়েছে এদেশের কৃতি সন্তানদের। শক্তি বললো এমনি কি ওই দাড়িওয়ালা বুড়োটাও এসব বলেছিলো। না কেউ কথা শোনে নি।

মনে পরে সেই ব্যাঞ্জনা? "রাজছত্র ভেঙে পরে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে ....।" আহারে? এত শোকতাপ সব বিসর্জিত? বড়সড় বিপর্যয়ের পর কীট-পতঙ্গও সাবধান হয়। আর আর না জানি মানুষ?

শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মর্মর মূর্তিগুলো চোখের জল হারিয়েছে। বুঝেছে এই জলে গঙ্গায় বান আসবে না। পয়ঃ-প্রণালির উচ্ছিষ্টে তারা রিক্ত, এই অবয়ব মূর্তি গুলোর মতন।

আজকাল মূর্তি ভাঙার রেওয়াজ চলছে। শুরুতে সেই ঈশ্বর। তারপর? 

সঞ্জয় বললো আমার দৃষ্টিতে যা দেখতে পাই তা বলতে নেই।  এই যে কৃষ্ণ, এই যে কৃষ্ণচূড়া, এই যে বোহেমিয়ান ভীষ্ম, এই যে ধর্মপুত্র, এই যে দ্রোণ, এই যে শিখন্ডী, এই যে হাতি অশ্বত্থমা এটাইতো ধর্মযুদ্ধের পাথেয়। শক্তি বলতো আমি আজও বুঝলাম না ধর্ম।

সঞ্জয় মিচকি হাসি হেসে বলতো এটা সত্ত্বার বিষয়। 

:৫:

শেষ সত্ত্বা ভেবে ওইসব সাধুদের সাথে মিলিত হল সঞ্জয়। এবার নর্মদা পরিক্রমণ। মনে পরলো এই কোলকাতার মধ্যে এক বিপ্রর কথা। তিনি মিথ, তিনি ঠাকুর অথচ তিনি সাধু নন। এই ঠাকুর দিক্ষা দিতেন। সে দিক্ষা সাধু হওয়ার জন্য নয়। সে যেনো কোনো এক লোকোশিক্ষার মাধ্যমে মানুষের মনকে বিবেক বৈরাগ্যের পাঠ। এই সামাজিক পরিসরে শত-সহস্র বর্ণের কাছেও তিনি ঠাকুর। 

সেই সাত সকালে ধূপ-দীপ জ্বেলে মা'কে জাগানো, শিব মন্দিরের পিছনে গঙ্গার পারে বসে তার সাথে কথা বলা। 

এসব দেখে পাশের পঞ্চবটিতে থাকা বানর গুলো খুব হাসতো কিচির কিচির করে। ঠাকুর প্রসাদের ফল ছুঁড়ে দিয়ে দিব্বি কথা বলতো ওদের সাথে। এসব দেখে কিছু উন্নত মার্গের বিপ্রর দল তাকে বলা শুরু করল পাগল ঠাকুর। কিছু কাল পর এই নাম'ই হলো তার অলঙ্কার। তাহলে এরা কারা?

সঞ্জয়ের এই প্রথম উপলব্ধিতে এলো শক্তি। বুঝলো কেনো তিনি ধর্ম  বুঝে উঠতে পারেননি। কেন ডাক পেয়েও নর্মদা পরিক্রমণ না করে কোলকাতার কোনো এক নর্দমার পাসে বসে তার ওই দর্শন শেষ হয়েছিল।

সঞ্জয় স্মৃতিপটের চিত্র  দেখতে পায় না। সে বর্তমানের সব চিত্র দেখতে পায় ঘরের কোনায় চোখ বুজে বসে। সেখানে নর্মদার দু-পারের ধ্বজায় ভরা মন্দির, দেব, দেবী ছাড়াও ভক্তদের সমারোহ সে দেখেছে। অতিকায় গোঁফ-কেশের বহরে পোকামাকড়ের নিরবচ্ছিন্ন পাত পাওয়া সে দেখেছে। সে দেখেছে মূল্যহীন শ্রমের এক মুঠো ভাত (প্রসাদ) পাওয়ার নির্মম ধর্মোৎসব। দেখেছে ঝাঁ ঝাঁ রৌদ্রে এই সব জটাধারীদের শীততাপ নিয়ন্ত্রিত পাহাড়ের গুহায় বসে দিন যাপন। দেখেছে অর্থের, অন্নের, বস্ত্রের জোগান আসছে কোথা থেকে। শুধু দেখা হয়নি চরম পাওয়ার আসক্তিতে চলা এই ভক্তবৃন্দকে স্বর্গে পৌঁছতে। 

শক্তির স্মৃতিপটের সাথে সপাট বর্তমান তার কাছে বড় গোলমেলে লাগলো। 

গল্প শোনাতে শোনাতে কত যুগ চলে গেছে সে বুঝতে পারেনি। চারিদিকে অসংখ্য মানুষের আর্তনাদ তাকে সজাগ করলো। 

বন্ধ চোখ খুলে সে বুঝলো তার সেই চোখ আর নেই। সে অন্তর্দৃষ্টি হারিয়েছে। সে এখন সমাজ সংসারে বাঁধা পরা একজন। সে শেষ বারের মতন চোখ বুজলো।

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

বলার মতন কিছু খুঁজে পেলাম না।

ঝড় বলেনি আসছি। মেঘ দেখা দেয়নি আকাশে। সূর্য সবে মাত্র পাটে বসেছে। সকাল থেকে ঘরে বসে বসে একটা একঘেয়েমি লাগছিলো। কাঁঁঠাল পাকা গরম নেই। বাজারে এবার লিচু ওঠেনি। বারুইপুরে এবার লিচু ফলেনি। সেদিন কচি তালশাঁস কিনেছিলাম। ভাবলাম খেয়ে মিষ্টি তাড়ির স্বাদ পাবো। শিউলিকে বললাম হ্যাঁ রে শাঁসটা কচি তো? যতবার বাবু বাবু করলো তাতে পাকা শাঁসও কচি হয়ে যাওয়ার কথা। হলো বিপরীত। ব্রয়লার মুরগির কচকচ করা হাড়ের মতন।

পরদিন বাবু বাবু বলে ডেকেছিলো। কিছু বলিনি। বললে পাছে ওর ক্ষতি হয়।

বাড়ি থেকে কয়েক পা এগোলেই পালদার চা এর দোকান। ঝড়-ঝঞ্ঝা নেই দেখে বসলাম আড্ডায়। গরম কাপে মুখ লাগিয়েছি সবে। পশ্চিমে মেঘ সদর্পে ধেয়ে এলো। 

আশপাশে ছাদের উপর বানানো বে-আইনী টিনের ছাউনি গুলো রব তুললো। ঝড়ের গতির থেকে ওই টিনের হুঙ্কার অনেক বেশী।

ঠিক যেন হারে রেরে রেরে শুরু হয়েছে।

আমি দোকানিকে বললাম, আর এক পেয়ালা চা বানাতে।

দোকানি বললো দুধ নেই। বললাম তাহলে লিকার দাও। হেসে বললো এই রে? বললাম কেনো? বললো ফ্লেবার বেড়োবে এবার।

রাগ হলো। পয়সা দিতে উঠে পরলাম। হয়তো বুঝে বা না বুঝে বললো, রাগ করছো কেনো দাদা? জানোতো জামাইষষ্ঠী আজ। 

বুঝলাম বাজারের বিষয়। বুঝলাম কেন দুধ কেনেনি আজ।

বললাম অন্তত ব্ল‍্যাক কফি তো হবে?  দিলো বানিয়ে। এরপর দুজনে দুটো সিগারেট ধরালাম। 

কিছু সময় গেলো সিগারেটের টানে। এরপর কথার শুরুতেই জিজ্ঞাসা করলো আপনি যাননি? বললাম কোথায়? ইতস্তত ভাবে বললো শ্বশুরবাড়ি?

ঘুরিয়ে আমি বললাম তোমার আজ দোকান খোলা থাকবে আমি ভাবিনি। আজ যাওনি কেনো?

বললো থাক এসব। কিন্তু আপনি?

আমি নিশ্চিত কতগুলো কথা বললাম। আমার শ্বশুর থাকতে মেঘালয়ে। তিনি যমালয়ে গেছেন আমার বিয়ের বছর চারেকের মাথায়। 

আমার খুড়শ্বশুর থাকেন আলিপুরদুয়ার এ। বছর দশ এক আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছিলো। আর খুড়শাশুড়ি ক্যান্সারে ভুগছেন।

কি করি বলবে?

কোনো কিছুই বললো না এ সব শুনে। যখন বেঞ্চ ছেড়ে বাড়িতে ফিরতে উঠছি, বললো এবছরই ও নেই। ও থাকলে আজ দোকান বন্ধ থাকতো।

বলার কথা খুঁজে পেলাম না।


মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

শ্লেষ হইলো শেষ

 চৈত্র মাসের শেষের দিকে শহর কোলকাতায় একটা নামসংকীর্তন হলো। নাম ভূমিকায় মহানায়ক উত্তম কুমার। আহা ভিড় কাকে বলে। তাঁর অনুজ গলায় রজনীগন্ধার মালা পরে, কপালে রাধে রাধে তিলক কেটে, মাইক হাতে নিয়ে ধুয়া তুলছেন। 

এদিকে আবার মদন মোহন মালব্য লাল খোল সাদা পাড় ধুতি, তার সাথে মেরুন পাঞ্জাবি পরিধান করে ওই তরুণ বাবুর মতনই তিলক কেটে সংকীর্তনের পালা বদল করতে এসেছেন।

টালিগঞ্জের স্টুডিও পাড়ার স্বনামধন্য নায়িকারাও এসেছেন এই উৎসবে। 

আমাদের দাদুর বয়সী লোকেরা বললেন, " পারি না আর পারি না।"

সেদিন এই যুব মদন মোহন এর করাক ফোন পেয়ে থানা থেকে পুলিশ এলো। তুলে নিয়ে গেলো দাদুদের।

অবশেষে সর্বশেষে দাদুর দল মুক্ত হলো। সমস্ত পর্যবেক্ষণ এর শেষে মহামান্য আদালত রায় দিলেন 

" ইহারা যৎপরোনাস্তি বয়ঃবৃদ্ধ। ইহাদের স্মৃতিভ্রম স্বাভাবিক। ইহারা যাহা বলেন তাহা অসত্য না হইলেও সত্য বলিয়া গন্য করা অসম্ভব। এই সকল সমৃদ্ধ মনু্ষ্যদিগের হারাহারি ফুটো পয়সা ও কয়েক পল কারাদন্ডে দন্ডিত করা হইলো।"

জজ সাহেবের এই অর্ডার দেখার পর এই প্রথমবার বাংলার সব মানুষ জ্ঞান হারালেন।

রবিবার, ২১ মে, ২০২৩

আমার আবহমান অবস্থা

আমার আবহমান অবস্থা 

:১:

নানান কাজের ফেরে কলেজ ছাড়ার পর কে কোথায় ছিটকে ছড়িয়ে আছি খুঁজতে ইচ্ছে হলো। ইচ্ছে হলো পরাণের চা এর দোকানে বসে সন্ধ্যেবেলায় চা খাওয়ার। পরাণ বললো দাদা এতদিন কোথায় ছিলে? মৃদু হেসে বললাম, কেনো? চা টা বাড়িয়ে দিয়ে বললো ভেবেছিলাম তুমিও মারা গেছো। চমক লাগলো ওর কথা শুনে। ভাবছিলাম এমন ভাবনা ওর কোথা থেকে এলো? 

ও নিজেই শুরু করলো। বললো তোমাদের দলের প্রায় সবাই চলে গেছে। ভাবতাম তোমরা সবাই বিদেশ-বিভুঁইয়ে ঘর বেধেছো। তারপর খবর এলো হাওয়ায় ভর করে।

বিপ্লবদা বর্ধমান রোড পার করে মাঝেরহাট ব্রিজের মুখে বাইক এক্সিডেন্টে মারা গেছে। 

রমেশদা মারা গেছে হার্ট অ্যটাকে। ঠিক তার পরেই দেবুদা সুইসাইড করলো। ওনার ক্যানসার হয়েছিলো।

পার্থদা যে কিনা তোমার ছাত্রী নীলাঞ্জনার প্রেমে ডগমগ ছিলো সে মারা গেছে সেরিব্রাল অ্যাটাকে স্নান করতে এসে পল্লীমঙ্গল ক্লাবের পুকুর পারে।

আর ভাষ্কর দা এই সেদিন চলে গেলো। ওর গলাটা খুব ভাবগম্ভীর ছিলো। সুন্দর গল্প বলতো। তোমরা যেমন শুনতে আমিও শুনতাম।

শেষে বললো এখন এখানে তোমাদের মতন কেউ আসে না। বিক্রি বেড়েছে অনেক তবে তোমাদের মতন এই অনেক কাল পরে তোমাকেই পেলাম।

এতগুলো মৃত্যুর খবর এভাবে কখনো আসেনি। কিছুক্ষণ স্তব্ধ ছিলাম।

গরম চা এর গ্লাসটা হাতে দিতে চেতনা ফিরলো। বললাম এত খবর কে দিয়েছে?

বললো সমাজ দিয়েছে। বললো তোমাকে দেখে আজ আমি আবার সেই পুরোনো পরাণ হয়ে পরেছি।

বলো তো কত বছর পরে এসেছো?

কথা খুঁজে পাইনি তখন। পেলাম ওর কথাতেই। চা এর দাম দিতে গিয়ে ও নিলো না। বললো আবার এসো দাদা।

:২:

পরাণের দোকানে ঘুগনি-মুড়ি আর ডিম ভাজা কোনো এক কালে আমার সকালের টিফিন ছিলো। আমার নাম করে অনেক লেবার-মিস্ত্রীও খেয়ে যেতো। সন্ধ্যায় বিল দিতাম আমি। বলতাম এতো কে খেয়ে গেছে বল। বলতো নামতো জানি না। বলতাম তবে কেনো দিয়েছিস? বলতো তোমার নাম বললে না দিয়ে পারি? 

কিছু বলতে মন সায় দিতো না। রাগ হতো বেজায়। শেষে একদিন ওকে বলছিলাম তুই নিজেও খেয়ে নিস আমার নাম নিয়ে। সেদিন ওর মুখে প্রথম কটু কথা শুনলাম। 

বললো তোমার লোকেদের আর খাবার দেবো না। যদি উপোস ভাঙতে আসে বলবো না ভাই।

বড্ড খারাপ লাগলো। বললাম ভুল হয়েছে। 

এরপর থেকেই খাবারের সাথে ওর সান্নিধ্য। ভিখারির খাবারের ব্যবস্থা ওই করতো। আমিও কখনো কিছু আর বলি নি।

বেশ ছিলো সেই দিন গুলো যা আজ নেই।

:৩:

সবাই বলে জীবনটা খুব ছোটো। আমার একথা কখনোই মনে হয়নি। ভীষ্মের জীবন আমার কাঙ্খিত নয়। আমি শরশয‍্যায় চিৎ হয়ে মা গঙ্গাকে এক গন্ডুস জল দিয়ে গলা ভিজিয়ে দিতে বলবো না কখনো।

জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, এ কথাও আমি বলবো না। শুধু একটাই কথা বলতে ইচ্ছে হয়।

অশীতিপর যারা তারা স্পন্দনের সাথে তাল মিলিয়ে চলে। সেই স্পন্দন যখন সভ্যতা ধ্বংসে মত্ত হয় তখন ভগবানের নাম স্মরন করারও সময় থাকে না।

পরে থাকে শরীরের স্কেলিটন টুকু। 

এই কথাগুলো জীবনের সায়াহ্নে এসে ধরা পরে। পুরোনো প্রেম উঁকি দেয়। উঁকি দেয় ফেলে আসা জীবনের দারিদ্রতা অথবা বিলাসিতা।

সে শেখায় শেষ কথা যেগুলো কখনোই আগে না বলা ছিলো। 

কুমির ছানা গুলো ঝুলি থেকে বেড়িয়ে স্বরূপ দেখায়। দেখায় অনেক অকৃতকাজের অসমাপ্ত দিন। দেখায় বাস্তব আর ঐশ্বরিক ধারণার এক মেলবন্ধন।

যৌবনের খুরধার অস্ত্র হয়ে পরে ভোঁতা। মালকোচ্চা দিয়ে পরে থাকা ধুতির কোঁচা খুলে পরে। আসপাশ থেকে ফিরে আসে হাস্যরব। মাথা হয়ে পরে ভীমের গদা। মন হয়ে পরে জরাথ্রুষ্টের মতন। 

এ যেন সেই পুরোনো কথার পুনরাবির্ভাব।

' ইতি তোমার হাত পা বাঁধা বাবা।'

:৪:

জীবনের কোনো এক পর্যায়ে কৌমার্য শেষ হতেই পেয়েছিলাম ফুটফুটে একটা সন্তান। তাকে নিয়েই নতুন জীবনের শুরু।

কি সুন্দর সেই সময়টা। ফুটফুটে চেহারার জীবন্ত পুতুল নিয়ে চলা।

তাকে বাদ দিয়ে অন্যের সাথে কথা বলা নিষেধ। যদিওবা বলা শুরু হলো বাধ সাধলো সামনে এসে।

এ অধিকার আমি দেখেছি ওই পুতুল ছানার মধ্যে।

বাবা আর মা শুধু ওর সাথেই কথা বলবে। আসলে সবেমাত্র কথা বলা শেখা ময়না, টিয়া, কাকাতুয়া যেমন ঠিক তেমন।

 এই বাচ্চাটা যখন বড়ো হলো তখনো বাচ্চা শব্দবন্ধ থেকে গেলো।

এটা আমার আবহমান অবস্থা।

শুক্রবার, ১৯ মে, ২০২৩

কে থামাবে এদের?

 :১:

আকাশের কোণে মেঘ উঠলে ময়ূর পেখম তুলে দেয়।কোলকাতার পুরুষ মানুষ এখন সেই পর্যায়ে আছে। ঝাঁঝাঁ রোদ্দুরে শুকনো হাওয়ার পরে আর মেঘলা দিনে ঘেমো গরম এর পরে আকাশের কোণে যখন কালো মেঘ ওঠে তখন পুরুষ মানুষগুলো পেখম ম্যালে। বাড়িতে ফিরে ভিজে গামছায় গা মুছতে হয় না গৃহ বঁধূর। গা মুছে আরাম দেওয়ার ফলে  পরের দিন সকালে খক খক কাশিতে গৃহকর্তা গলা সেধে, আগের দিনের ওই সাময়িক আরাম ভুলে, গালি দিয়ে গা গরম করে অফিসে যাত্রা করে। সেদিন কপালে চুমু দেওয়াটা বাদ পরে। 

এই যে মেঘ উঠতে দেখেই পেখম মেলা, ফুটপাতে দাঁড়িয়ে চা এর পেয়ালায় তুফান তোলা, তারপর যথারীতি সেই ঘরে পৌঁছনো এবং প্রাত্যাহিক গা মুছে দিয়ে এক গ্লাস জল হাতে নিয়ে চা এর অর্ডার দেওয়া এসব ওই খক খক কাশি ভুলিয়ে দেয়। 

নিয়মের ধার না ধেরে চলা পুরুষ নিয়ম মেনে চলা মেয়েটার উপর রাগ বর্ষায়। অফিস থেকে বাড়ি ফেরার পথে এ কথাই তাকে আঘাত করে। কিন্তু কাজের ভিড়ে অসংখ্য ভুলের হিসাব সে রাখে না।

তবে গৃহবঁধূ রাখে। এই পেখম না মেলা তার অপছন্দের। বকাঝকা সহ্য করা যায়, শুধু তার পুরুষ যদি পেখম মেলে দেয় আকাশের মেঘ দেখে।

মলিনার মুখ কখনো মলিন হয়নি মিলনের ব্যবহারে। বরং ভালো লেগেছে। এরকম রাগ না থাকলে এরকম আদরও পাওয়া যায় না একথা সে অনুভব করে।

এই যে সকালে কপালে চুমু জোটেনি এটা জীবনবোধের অঙ্গ। এই একটা চুমু শত চুমু হয়ে ফিরে আসবে এটাও সে বুঝেছে।

মিলনকে কখনো সে বলেনি। তবে মনে মনে সে বোঝে মিলনের পৌরুষ। ফুটপাতে চা খাওয়া মিলনও এখন বুঝতে শিখেছে  সংসারের আনন্দ।

:২:

ঘর সংসার যারা চায় মিলন সেই দলের নয়। হিল্লি-দিল্লি, পাহাড় -পর্বত, সমভূমি-মালভূমি, নদী-সাগর এসব ঘুরতে তার মন চায়। তার মন জঙ্গলের পথ ধরে পৌঁছয় পাহাড়ের নিচে ছায়াপরা শান্ত এক গ্রামে। রান্না হয় বিস্তর, খাওয়াটা সামান্য। সকলের খাওয়াতেই তার পেট ভরে যায়। এভাবেই একটা আলোক থেকে অন্য আলোকে তার পৌঁছনো।

অধিক শ্রম যেমন ক্লান্ত করে ঠিক তেমন পন্ডশ্রম। ওই যে ভেজা গামছা ঠিক তেমন ফুটপাতে বসে চা পান।

হারানো সুর যে পর্দায় বাজে জীবনের সুরও সেখানেই পৌঁছয় প্রতিদিন।

আসলে আমরা তো অমৃতের সন্তান। আমাদের কে কি বোঝাবে? 

অসংখ্য বোঝা পিঠে করে চলে সমাজের অভ্যন্তরে এই মলিনা আর মিলনেরা।

আনন্দও কম নেই।

আদ্যপ্রান্ত স্বাভাবিক সত্ত্বায় এই পথ চলা। কখনো অভাব কখনো অতিশয‍্য।

কে থামাবে এদের?

বুধবার, ১৭ মে, ২০২৩

জনমানুষের রাগ শুনেছো?

জনমানুষের রাগ শুনেছো? 

:১:

কোনো এক উচ্চ মার্গের রাজনৈতিক নেতা আমার বন্ধু। আমি এক সাধারণ মানুষ। এ কথা সে জানে। কোনো এক আসরে তাকে বললাম সাধারনের কথা নিয়ে কিছু ভাবিস? 

সাধারণ মানুষ যে পর্যায়ে অসাধারণ ভূমিকায় থাকে, সেটা ইলেক্সান। তখন থাকি। তারপর আর মনে থাকে না। 

এই সব কাগজ কুড়ানি শুধু ইলেক্সানের সামগ্রি খুঁজে বেড়ায়। যেখানে যা করা দরকার সে না কি তা'ই বস্তায় ভরতে অভ্যস্ত। 

আশ্চর্য হলাম। বললাম এই উন্নতির সোনার চাবিটা কি? সদর্পে বললো টাকা। দাঁত বের করে হাসলাম। ভাবছিলাম এই টাকা পেলি কোথা থেকে?

ঝিমুচ্ছিলাম।

অসভ্যের মতন বলেই ফেললো, বেশি চাপিয়ে এসেছি। অনুন্নত শব্দে বললো এভাবে এ বাড়িতে না আসাই ভালো।

কর্ষিত কন্ঠে বললাম আসবো। বার বার আসবো। কে আটকাবে আমাকে? তোর বাবা-মা ? 

কর্কশ গলায় বললো, এই বেয়ারা একে বার করে দাও। কথা শুনলো না। আরো কর্কশ শব্দে হাঁক পারলো। কোনো কেহ সারা দিলো না। শেষে সে নিজেই আমার ঘাড় ধ‍রলো। 

আমি ব্যাক্তি হিসেবে যা'ই হই না কেনো, হাতের কব্জিটা কশাকের মতন। 

হাতটা চেপে ধরতেই কুকুরের বাচ্চা গুলো প্রচন্ড শীতের রাতে যেমন কুঁই কুঁই করে ঠিক তেমন হলো।

হাতটা ছেড়ে দিয়ে বললাম "বল বল বাহুবল"। ট‍্যাঁরা চোখে তাকানো দেখে হংসরাজ সিনেমার টিয়ার কথা মনে পরলো। সে অবশ্য একটা ছোট্ট মেয়ে। আর এ? রাজনীতির রং না বুঝেও বীর বাহাদুর ছেত্রী।

ওঠার আগে বললাম, যে ঝুলিতে ছেঁড়া কাগজ আর টয়েলেট পেপার রাখতে লজ্জা  হয় না; যে ঝুলিতে চুরির উপাদান বিনম্র ভাবে বোমভোলানাথ সেজে চৈত্রের দিনে অকপটে বাড়ি ফেরা যায়, সেই বাড়িতে আমি যাই না। ছিঃ!

বিকেলে বৃষ্টি এলো। ঠান্ডা হলো শরীর। মর্কটেরা মদ আনলো মনিবের টাকায়। মনিব তাই, আমাকে তাড়াতেই তড়িৎ।

না বিকল্প নেই। গণতন্ত্রের বিকল্প না কি উন্নত গ‌ণতন্ত্র। কি জানি কি সেটা? 

:২:

রাজনীতি রঙিন দেহ নয়। এখানে ত্যাগ প্রথম কথা। একালে এ সব অন্তর্হিত। এখন এখন হিন্দিতে লিখছি। "  ইয়ে তো মালামাল হ্যায়।" হায় রামচন্দ্র?

রাম, রামারাম, আরাম, হাড়াম, হায় রাম এই কথা গুলো একালে অপরিচিত। এটা খালি অশিক্ষিত মানুষদের শিক্ষিত হয়ে না উঠতে দেওয়ার জন্যে পরিকল্পিত রাজতন্ত্রের নামে গণতন্ত্র।

এখন একথা সাধারণ মানুষ বুঝতে শিখেছে। যাদের তিনকাল শেষ হয়েছে তারাই প্রথম বুঝেছে এই কথা।  সাবধান সাধু। ললিত শুনিয়ে বসন্ত রাগ বলে আজকে পার পাওয়া কঠিন। বরং সুস্থ শরীরে সকালে ঘুম থেকে উঠে ভায়রো শোনো। ভোর হওয়ার আগে যে টোরি শোনা যায় সে জ্ঞান তোমার নেই।

তুমি একটাই জানো। ওটা কোনো একজন বলেছিলেন সদা সুহাগন।

এটা 'সদা থাকো আনন্দে'র মতন।

জনমানুষের রাগ শুনেছো? 

মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

ছেড়ো না মোরে ছেড়ো না

টেক আ সিপ অ্যন্ড স্টার্ট। এটা গলা খুলে গান গাইতে সাহায‍্য করে। এটা সত্যিই সুধারস আনে। শুদ্ধ  মা আর কড়ি মা নিয়ে কল্যাণ ইমন এর মতন। এরপর অনেক সা গা পা ধা নি এসেছে। সে কলাবতি। আরো কিছু আছে যা এসব মানে না। ঠিক চির সখার মতন। সুরে লয়ে বারবার বলে ছেড়ো না মোরে ছেড়ো না।

কে ছাড়বে তাকে? এ যেন সেই বেহাগ। না রাজি হলে অন্য কিছু।

এ যেন সেই সুরের সাথে চলছে " প্যারি প্যারি বতিয়া"  আজন্মকাল ধরে মা এর কাছেই শেখা এসব।

এই আজকের দিনেই তিনি চলে গেছেন অনন্তের পথে। রেখে গেছেন আমাকে। অন্য যারা তারা শুধু তপন ছেড়ে দফন দেখতেই ব্যাস্ত।

মা আমাকে না দেখেই চলে গেছেন শেষ দিনে। এই আক্ষেপ আমি আজ তাকেই জানাচ্ছি। বাকি যারা তার কাছে ছিলো তারা তার ছবিতে মালা পরিয়ে, মিষ্টি দিয়ে সন্তুষ্ট থাকেন। 

আমি তেমন নই। আমি তার কন্ঠস্বর খুঁজে ফিরি। গান গাই তার সাথে। বুঝি আমার কাছেপিঠেই ঘুরে ফিরে আসেন।

অভিমানের সুরে বলেন, যারা তোকে বাদ দেয় তারা জানে না তোর বাবার তনোকে। 

আর নাতনির নামটাও তাই তনয়া।

এই চলে যাওয়ার দিনটা বারবার আসবে। মা আর ফিরবে না। পরে থাকবে মা-বাবার স্মৃতি।

আজ তাই গলা ছেড়ে গাইলাম " চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।"


বুধবার, ১০ মে, ২০২৩

দৌড়োনো শেষ অলোকদার কথায়

দৌড়োনো শেষ অলোকদার কথায়

:১:

এই কোলকাতা অলোকদার কাছে অপরিচিত। না না করে প্রায় সত্তর বছর ধরে সে দেখছে একে। হরিরাম গোয়েঙ্কা লেনের বাড়িটা দু-পুরুষ আগের। এখানেই কেটে গেছে ছেলেবেলা থেকে এই পর্যন্ত। সকাল বেলায় পায়ে হেটে গঙ্গার পারে বসা। ব্যায়ামের  পর গঙ্গামাটি গায়ে মেখে স্নান করা। সন্ধ্যের পর ঘাটপাড়ে পা দুলিয়ে বসে হাওয়া খাওয়া এসব এখন আর হয় না। এই বৈশাখের তাপে জ্বলে ওঠা কোলকাতা তার কাছে একেবারে নতুন।

আগেও সূর্য উত্তাপ ছড়াতো, ঘেমো শরীরটা ক্লান্ত হতো। বিকেল বেলায় পাটে ডোবার আগেই তাকে আড়াল করতো কালো মেঘ। পশ্চিম থেকে পূবে ধেয়ে আসতো তারা। ল্যাম্পপোস্টের আলো গুলো জ্বলতো না দিন কয়েক। শরীর শান্তি পেত। গাছের পাতারা সজীব হতো। আম বৃষ্টি পেয়ে মিষ্টি হতো। ট্রাম ড্রাইভার এর জামা-কাপড় ভিজতো। টিকি ছেড়ে গিয়ে মাঝ রাস্তায় সারি বেঁধে দাড়িয়ে থাকতো। লোডশেডিং হতো। বাড়ি ফিরতে দেরী হতো। আরো কত কি!

এখন এসব হয় না। এখন পশ্চিমে মেঘ ওঠে না। সান্ধ্যকালীন বৃষ্টি বিদায় নিয়েছে। কিছু গাছ তার পাতায় ডিজেলের কালি মেখে তার সবুজ রং হারিয়েছে। লোডশেডিং বন্ধ হয়েছে। রাস্তার তাপ বেড়েছে। কংক্রিটের জঙ্গল হাওয়া বাতাস আটকে আকাশ দেখছে। তার শরীরের তাপ সকাল থেকে রাত বিকিরিত হচ্ছে। এসি চলছে সারে সারে। মাঠ-ঘাট সব শুকিয়ে গেছে। গঙ্গার পার কংক্রিটে ঢাকা পরেছে। ইডেন গার্ডেনে গেট বসেছে। মিলেনিয়াম নামে একটা পার্ক হয়েছে। মায়ের বাড়িতে মা নেই। তুলো গাছের তুলো ফলগুলো সময়ের আগে ফেটে সাদা তুলো উড়িয়ে হাল্কা হয়েছে। নিমতলা ঘাটের ভেঙে যাওয়া গেটটা সারানো হয়েছে। হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে লোক চলাচল বেড়েছে। থাকার বসত ভিটেতে পলেস্তারা খসেছে। এসবের পরেও অলোকদা নির্বাক ছিলেন।

কথা বললেন সেদিন, যখন ঠোঁটে জিভ লাগলো‌। আগেও লাগতো। এটা ঠোঁট ভেজানো। এখন ঠোঁটের স্বাদ হয়েছে নোনতা। শালিক দুটো এখন আর আগের মতন উঠোনে বসে ঠোঁটে ঠোঁট লাগায় না। শাবক গুলো হাঁ করে থাকলেও মা শালিক মুখে খাবার গুঁজে দেয় না। যদিও দিয়ে ফেলে এই গরমে নোনতা খাবার তারা খেতে পারে না। 

ঠিক যেন ছোটো বয়েসে নুন খাইয়ে মেরে ফেলার মতন। 

একদিন এক সৃষ্টিছাড়া ঝড় উঠলো। পাখিরা তখনও বাসায় ফেরেনি। গৃহস্থের রান্না হয়নি। অফিস থেকে ফেরেনি গৃহকর্তা। ছাদের ট্যাঙ্কে জল তোলেনি গৃহবধূ। কুকুরগুলো জিভ বার করে লীনতাপ দিয়ে শরীর ঠান্ডায় ব্যস্ত। চাষিরা ফসল কেটে ঘরে তোলেনি। গাছগুলো নতুন পাতা দেখেনি। বসন্ত এসেও আসেনি। অলোকদার স্কুটারটা তখনো উঠোনে রাখা। বৌদি জানালা দরজা বন্ধ করতে ব্যাস্ত হয়ে পরেছে। শাঁখ বাজছে গার্হস্থের ঘরে ঘরে। উড়ে যাচ্ছে দোকানের সাইন বোর্ড। ফুটপাতের হকাররা গুছিয়ে উঠতে পারেনি পসরা।

সূর্য সেদিন হঠাৎ করে ঘুমিয়ে পরেছে। সেদিন সব লন্ডভন্ড হলো। তবে কংক্রিটের রাস্তা, দেওয়াল, ঘাট সবাই একেবারে নিজের মতন দাঁড়িয়ে থাকলো।

পরের সকালে অলোকদা ঠোঁটে জিভ লাগালেন। সে মিষ্টি হলো না। ঠোঁট দুটোতে যেন নুনের পাহাড়।

:২:

অলোকদা বলতেন কোলকাতার প্রি-মনসুন খুব সুন্দর।কেটে দেওয়া মোটা মোটা ডালগুলোর পাশ দিয়ে সবুজ পাতাময় ডাল দেখা দেয়। ফুলপরীরা এসে পরে ওই সবুজ পাতায় ভর করে। তালপাতার পাহাড়ের নিচে তালশাঁস নিয়ে বসে শিউলিরা।

সেইসব দিন দেখেছেন তিনি।

এখন দেখেন কাঁচের বাক্সে নিয়ে যাওয়া নরদেহ আর কাকের কলরব।

কখনো দেখেন ভূতনাথ মন্দিরে শিবের গাজনের দিনে হিন্দি শব্দে জয় ভোলে নাথ। বাবা ভোলানাথ বলার দিন যেন শেষ হয়েছে। 

অলোকদা বলেছিলেন তার ছেলেবেলায় বেহারী কিছু চাকর বাকর ছিলো। তখন বিহার রাজ্যের লোকেদের কোলকাতায় বেহারী বলা হতো। তখন সন্ধ্যা নামার পর গঙ্গা স্নান শেষে তারা দেহাতি গান গাইতো নিজেদের মতন ভাবে। সে গান তার আজও মনে আছে।

হিন্দি ভাষা জানেন না বলে একটু ইতস্তত করছিলেন। শেষে সুরেলা গলায় কোনো এক শব্দে গাইলেন সেই গান।

গানটার কথাগুলো এরকম ' আরে কানহা লে গয়ে মখনিয়া দধিয়া কে কে কে মা হো ।'  শব্দবন্ধের ব্যাপারে কিছু ভুল থাকতে পারে একথাও বলতে ভোলেননি।

আরো একটা নতুন বিষয় তার মুখেই শোনা। তখন নাকি চামড়ার ব্যাগে জল নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে উড়েরা। ওদের সেকালের নামটা মনে পরলো না। 

বললেন বয়েসের সাথে মাথাটাও দিন দিন মোটা হচ্ছে। বললেন আমার মাথাটা হনুমানের গদা হয়ে পরেছে।

আবার শুরু করলেন নিজের মতন। বললেন সেকালে বাগানের কাজ করতো উড়ে মালি। আরো বললেন সুকুমার রায় মহাশয়ের কবিতার একটা লাইন। বললেন তার ছড়াটার সামান্য একটা লাইন। "বাগানের এক উড়ে মালি, মালি নয় সে মেহেরালি। মনের সুখে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ।' 

কি অসাধারণ তার গল্প বলা। শুনতাম আর ছেলে বেলায় ফিরে যেতাম।

অলোকদার বাড়ির পিছনেই কুমোর পাড়া। রবিঠাকুর এদের দেখেই না কি লিখেছিলেন ' কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি।'

বললেন কোলকাতায় যখন টাঙা চলতো তার সহিসকে তার দাদু ডাকতেন বংশীবদন নামে। সেও খুশী হতো। এরপরে ফিটন এলো। সেই ফিটন গাড়িতে তার বাবা চড়েছেন। তার তা পাওয়া হয়নি। 

অলোকদা অ্যাম্বাস্যাডারের সওয়ারি। হিল্লি-দিল্লি না গেলেও দক্ষিণে ডায়মন্ড হারবার আর উত্তরের দার্জিলিং পাহাড় ঘুরেছেন।

বললেন নিজের গাড়ি এসেছে বছর বিশেক আগে। বললেন ঠিক তার মতনই তার গাড়িরও শরীরের কথা।

বললেন আমার শরীর নরম হয়েছে বার্ধক্যে আর নতুন গাড়িটা যৌবনেই বৃদ্ধ।

বড় সুন্দর তার উপলব্ধি। 

কোলকাতার এই বৈশাখী গরম তাকে বড় ক্লান্ত করে আজকাল। আবারও বললেন এই কোলকাতা তার কাছে আজ বড়ো অপরিচিত।

:৩:

সত্তরের দশক অলোকদার কলেজ জীবন শুরু। পায়ে হাঁটা পথ পেরিয়ে কলেজস্ট্রিটের বিদ্যাসাগর কলেজে  আসা শুরু। সে সময় কলেজ পাড়াটা ছিলো কৃতী ছাত্র-ছাত্রীদের কলাকেন্দ্র। সেই উন্মুক্ত রাজনৈতিক পরিসর তাকেও টেনে এনেছিলো রাস্তায়। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসঙ্গীত এর সুর বেঁধে প্রতিবাদের সূচনা। কলেজস্ট্রিটে কৃষ্টির কখনো অভাব হয়নি। দু-আড়াই দশক আগে ব্রিটিশ ছিলো।প্রশাসক  এর পরিবর্তন হয়েছে। তবুও আন্দোলনের রেশ রয়ে গেছে ছাত্রদের শরীরে। 

ছাত্র, বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী সকলেই বন্দে মাতরম মন্ত্রে তখন দীক্ষা নিয়ে ইংরেজ রাজ এর দৃষ্টিতে ছিলেন আর আজ?

স্বাধীন দেশের শাসক ঠিক যেন একই শ্যেন দৃষ্টিতে তাকিয়ে। তবে আন্দোলন থামেনি এই কলেজ পাড়ায়। সেই একই কথা আর একই সুরে গলা ফাটাচ্ছে একই দেশের মানুষ আর দমন, পীড়ন, হত্যা রয়ে গেছে আগেরই মতন।

আক্ষেপের সুরে তিনি বলতেন বাবা-কাকা ব্রিটিশ তাড়াতে পথে নেমেছিলেন কিন্তু আমরা?

বলতেন আদর্শের চাবিকাঠি রয়ে গেছে আমাদের কাছে আর শাসক থেকে গেছে শাসক। 

বলতেন কি পেয়েছেন আমার পূর্বজ সেটা যেন তাদের কাছেই রয়ে গেছে অজ্ঞাত।

সময় একটু বেশি লাগলেও পড়াটাকে ছাড়তে পারেননি। তিনি কোলকাতা ইউনিভার্সিটির ছাত্র হলেন।

:৪:

যুক্তিশাস্ত্র আর ন্যায়শাস্ত্র এক পথে চলে না এ কথা তিনি রাজনৈতিক ভাবে বুঝেছিলেন। এজন্যেই তার পঠন পাঠন এর থেকে অনেকটাই উচ্চ মার্গের। সাধারণ ভাবে যে বিষয় নিয়ে তিনি গভীর নিবন্ধে নিজেকে বেঁধেছেন সেটা অ্যাবস্ট্রাক্ট বিষয়। গানের তাল-লয় যেমন ওই বিষয় মেনে চলে ঠিক তেমনই ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনোমিক্স, স্ট্যাটিস্টিক্স সকলের জন্যেই এই বিষয়টা প্রাথমিক বিষয়।

এটা এমন এক বিষয় যেখানে যুক্তি-ন্যায় দুটোই অকাট্য ভাবে এক পথ ধরে চলে।

আমি বললাম একটু সহজ করে বলবেন?

বললেন ওরে অঙ্ক কর বোকা।

যখন তার কাছে একথা শুনছি তখন আমিও পঞ্চাশ পার করে ফেলেছি।

বললাম বড় দেরী হয়েছে আপনার কথাটা বলতে।

মৃদু হেসে বললেন বলেছিলাম। তবে তখন তুই সবে কথা বলতে শিখেছিস।

বুঝলাম দু-দশক কাকে বলে, বুঝলাম দু-দশক পিছিয়ে থাকার ফল। চুপ করে আকাশ দেখছিলাম। কাঁধে হাত পরলো। বললাম হ্যাঁ বলুন। বললেন সমাজটাই পিছিয়ে পরেছে। তুই তবু আকাশ খুঁজছিস, অন্যেরা এই বিপর্যয়ের পরেও খরকুটো ধরে অনর্থের সমুদ্রে নিজেকে ভাসাতে মশগুল।

বললেন, আসলে এরা প্লবতা বোঝে না। কখন যে কোথায় হারিয়ে যাবে কে জানে? 

বললাম অলোকদা আমিও কি সে দলে? 

একটুকাল চুপ করে থাকলেন। তারপর তিনিও আকাশ দেখলেন। আকাশের নির্দেশ শুনে বললেন, এটা হতেই পারে না। এইতো তোরা এসেছিস। আমিও মরিনি। বললেন সত্য বড়ো কঠিন। সেখানে পৌঁছনোও কঠিন। তবুও আমি আছি। হাল ছাড়িনি। তোরাও এসেছিস সেখানে।

মনে হচ্ছে আমরা সঠিক রাস্তায় চলেছি।

:৫:

জ্যাকলন্ডনের গল্প পড়ে অলোকদার খুব ভালো লেগেছিল। কারণটা অ্যডভেঞ্চার নয়। কারনটা আলাদা। সেখানে একজন সাহেব নিজের চরিত্রকে নেকড়ের সাথে তুলনা টেনেছেন তাই। এই পাশবিক রূপ এদেশে যারা অ্যাডভেঞ্চারকামী তারা হতে পারে নি। তারা মানুষই রয়ে গেছে। তিনি সমাজ পরিবর্তনের রূপরেখা বদলাতে চেয়েছেন কোনো এক অভাবহীন সমাজের কথা ভেবে। যারা এসবের বিরুদ্ধে তাদের সামনে গিয়ে লাঠি, গুলি জুটেছে। একের পর এক সহপাঠী হয় এ জগৎ সংসারে আজ নেই অথবা না বাঁচার মতন ভাবে অন্ধকার ঘরের কোনে একেবারে একা পদচারণা করে চলেছেন। মুক্তির আকাঙ্খা তার শেষ হয়নি। পাহাড়ের নিচে ঘন জঙ্গল হয়েছে তার বাড়িঘর। একদিকে জঙ্গলের নেকড়ে অন্যদিকে মানুষের রূপ ধরা নেকড়েরা নখ দাঁত উঁচিয়ে আছে।

তবু এই জঙ্গলেই সে প্রাণ খুঁজে পায়। খুঁজে পায় তাদের যারা সেদিন স্বনাম ছেড়ে ছদ্মনাম নিয়েছিলো। মনে পরে যায় কিঙ্করের কথা। নাম বদল করে আশ্রমের সাধুদের মতন নাম হয়েছিলো বিপ্লব। মনে পরে যায় আস্তিন গুটিয়ে ঝাঁপিয়ে পরা বন্ধু হিরন্ময়ের কথা। সে নাম নিয়ে ছিলো হিরু। আর শেষ বার যাকে দেখতেও যেতে পারে নি সেই বিনোদদার বাপকেলে দেওয়া নামটা আজও বড় মন খারাপ করায়। তিনি দক্ষিণ ভারত থেকে আসা গণেশন।

এ যেনো এক গল্পদাদুর আসর। ছোটোবেলায় রেডিওতে শুনতাম আর আজ অলোকদার মুখে শুনি। দু-কাপ লিকার চা দিয়ে গেলো সুকুমারদা। সুকুমারদা অটো রিক্সা চালান। অলোকদার ছোটো বেলার বন্ধু।

আজ লিখতে বসে মনে হচ্ছে বড়ো ভুল হয়ে গেছে লিখতে বসে। এই অলোকদা থাকলে আরো অনেকেই এসে পরে ফেলে যাওয়া পৃথিবীর পথে। সেখানে কেউ মৃত, কেউ জীবিত, আর যারা অর্ধমৃত হয়ে আদর্শের সাথে বেঁচে আছেন তিনি এই সুকুমার দা।

সেদিন চা আমার গলা দিয়ে নামলো না। 

সুকুমারদা চলে গেলেন।

:৬:

ফেলে আসা বা চলে যাওয়া যা'ই বলি না কেনো তারা যায় না। তাদের সাথেই আমরা হাত ধরে চলি। তারাই আমার অতীত, তারাই জীবন সংসারের ইতিহাস। 

যারা চলে যায়, কিছু রেখেও যায়। সেখান থেকেই নতুন প্রজন্ম শুরু করে। 

আসলে চলে যাওয়ার অর্থ এই নয় যা হয় আমার মতন সাধারণের ক্ষেত্রে। শ্মশান আমার শেষ যাত্রাপথ আমি জানি অথচ অনেক কাল আগেও যার শ্মশানে পৌঁছনো হয়নি তারা আজও জীবিতের ভূমিকায়।

এই হলো আদর্শ‌ । 

বিরাজ বৌ যেমন বিরাজ করতো ঠিক তেমন।

অলোকদা বললেন আর কতদিন এভাবে থাকবি? এবার সংসারী হ।

বললাম ব্রুটাশ তুমিও?

বললেন হ্যাঁ। বললেন যখন একা হয়ে পরলাম তখন থেকেই এ কথা মনে হয়েছে। মনে হয়েছে আমার একবিন্দু রক্তও যদি রেখে যেতে পারি ...। 

থেমে গিয়ে বললেন বিপ্লব হবে না। যে পথের শেষ সীমা গণিতে নেই সেই সীমার পিছনে দৌঁড়ে পন্ডশ্রম করে কি লাভ?

বললাম তুমি নির্ঘাত বলতে চাইছো নেকড়ের বংশধর রেখে যেতে হয়।

বললেন ঠিক তা নয়। তবে তাও সত্য। 

এই দেখ এখন আমার নাতনি জন্মেছে। ইচ্ছে হয় পাহাড়ে চড়তে বলি।

কিন্তু আমার এই নিরবচ্ছিন্ন জীবন যাপন, জীবনের নিরিখে একটা নির্দিষ্ট সময় পার করেছে। সেই সময় পার করে সংসার পাতাটা শুরু হয়েছিল। আর নাতি-নাতনিকে টলমল পায়ে চলার দিনে নিজের পা দুটো ঠিক ওদের মতন। মেয়ে এসেছে ছোট্টো বাচ্চাটাকে নিয়ে। তার সাথে হাঁটতে চলতে মন চায়। হয়ে ওঠে না।

সবমানাদের দলে আমি নেই। বললাম আমার রক্ত আমার কাছেই থাকুক।

অলোকদা শেষ বার কথা বললেন। বললেন নেকড়ের যায়গায় এখন পতঙ্গ এসেছে। আদর করে শরীরের রক্ত খায়। আর মরে যায় ঠিক জন্মানোর তিন দিন পর।

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

তাঁহার রেশ রহিল নিমতলায়

 তিনি মরিয়া বাঁচিলেন। অন্যথায় তিনি কলম ধরিতেন। যাহারা তাঁহাকে ফুলডোরে বাঁধিয়া যৎপরোনাস্তি স্যালুট করিলেন তাহারা ঊনবিংশের কোনো এক পর্যায়ে তাঁহাকে কোনো এক আদর্শের প্রতীকী রূপ হিসেবে বর্ণময় সংলাপ করিয়া কারাগার দেখাইয়াই ক্ষান্ত হন নাই, উপর্যূপরি তাহার কলমের নিব ভাঙিয়া, মৃতের মেরুদণ্ড দেখিয়া, অঙ্গুরীমালের ন্যায় ভূমি কর্দমে লুকাইতে বাধ্য হইয়াছিলেন।

এক্ষণে ইতিহাসের পরিহাস লিখিতেও গোল বাঁধে। কোন ইতিহাস লিখিবো? আজ যাহা ইতিহাস হিসাবে লিখিলাম কাল তাহাই কূপমন্ডুক কতিপয় মনুষ্যের মস্তিষ্ক প্রসুত অভিনয় হইয়া পরিয়া পুনরায় নূতন এক ভ্রমের সৃষ্টিকর্তা হইয়া পরিতেই পারে।

হায় রবীন্দ্রনাথ! ভাগ্যিস ইহলোকে আপনার দেখা নাই। আপনার ভূমিতে অদ্য কতিপয় জাতীয় মনুষ্যবর্গ ডিজে পিটাইয়া, মিথ্যা বলিয়া, সত্য বলিয়া, মিথ্যা-সত্য মিশাইয়া, ঘোল বানাইয়া, জনগণের তেষ্টা মিটাইয়া অতঃপর আপন খেয়ালে বাতুল রাজনৈতিক দর্পে আপনার বাসভবন পরিক্রমণ করিয়া, বাংলা ভাষা না বুঝিয়া সব বুঝি বলিয়া অবিভক্ত বাংলার ছেদ বিন্দুতে দাঁড়াইয়া বিক্রমের সহিত বলিলেন " জয় হিন্দ।"

অন্যদিকে অন্য কোন কেহ অতি সন্তর্পণে মসি ছাড়িয়া অসি ধরিয়া বশংবদের ন্যায় আস্ফালন করিয়া, অন্যকে অবজ্ঞা করিয়া, আপনাকে স্বকন্ঠে জ্ঞানী বলিয়া, কতিপয় মুসাবিদাকরের লিখিত উল্লম্ব কালো মেঘের ঘনঘটায় অস্তে যাওয়া রবীন্দ্রনাথের লিখিত এক কাব্যের ব্যবহারিক প্রয়োগ বুঝাইতে মহাভারতের বাণী প্রচারে মত্ত হইলেন।

এত সব প্রলাপ আলাপ শুনিয়াও তিনি জাগিলেন না। 

নিমতলা শ্মশানের অগ্নি স্ফুলিঙ্গ তাহার বাণী প্রচার করিলো।

স্ফুলিঙ্গ বলিলো আবার আসিবো ফিরে অগ্নিশিখা হইয়া।

সকলেই মৌন রহিলেন।


সোমবার, ৮ মে, ২০২৩

বিলাবল আর অশোক একই সুরে বাজে


বিলাবল আর অশোক একই সুরে বাজে


বিলাবল একটা ঠাঁট। সে স্বনামী এক রাগও বটে। সে সপ্তস্বর নিয়ে চলে। তবে সেটা ওই সারেগামাপাধানি নয়। ওই সব স্বরগুলোই আছে তবে এভাবে আরোহণ অবরোহণ নয়।

আরোহণে সে যে পথ ধরে সেটা সপ্তস্বরকে নিয়ে চলে ঠিক এভাবে, সা রে গা মা, গা পা, ধা নি ধা নি সা'।

অবরোহণ সা, নি ধা, পা...... সা।

তবে এনার পুত্রী বড় সুন্দরী। বড় আহ্লাদী। যেমন সুন্দর গাল দুটো ঠিক তেমন তার উন্নত নাসা। আর চলন? সে আলাহিয়া বিলাবল।

সামান্য ভাবে বললে বলতে হয় সুন্দরী গো দোহাই তোমার মান করো না।

তার মান ভাঙানোর প্রয়োজন নেই তার চলা ফেরা সকলের মান ভাঙায়।

যন্ত্র আর কন্ঠের একটা পার্থক্য আছে। একটা যান্ত্রিক অন্যটা হার্দিক। 

একটু ভুল বলা হলো। যন্ত্রটা বেজে চলে হৃদয় স্পর্শে।

আসলে সুরের লহমায় হৃদয় থাকাটা দস্তুর। ভোকাল কর্ডের কম্পনের শব্দ আর তার বা বাঁশির শব্দ তখনই মধুর হয় যখন তার অন্তরে একটা সুর সৃষ্টি হয়।

এই যে কাক কর্কশ আর কোকিল মধুর এতো আমাদের কান দুটোই বলেছে।

এই যে রুদালিদের কান্না আর সদ্য পুত্র হারানো মা এর  কান্না কখনো এক হতে পারে?

হ্যাঁ পারে।

তখন সে এক হয় যখন হৃদয়ের তার যন্ত্রের তার সমমেলে বেজে ওঠে।

আমি তারের শব্দেই নিজেকে ছোটোবেলায় বেঁধেছিলাম তারে। আমার যন্ত্রে ছিলো সাত সুরের সমাহার। সে সেতার।

তবে কন্ঠ আমার রুদ্ধ ছিলো না। প্রানের আহার পেতাম কন্ঠে। 

একটু ভুল হলো। কন্ঠস্বর মস্তিষ্ক দিয়েই যে বেজে ওঠে একথা যান্ত্রিকদের থেকে বেশী কেউ বোঝে না।

আমার মনে হয় এই যন্ত্র শিল্পীরা বস্তুত পক্ষে অযান্ত্রিক।

বিশমিল্লা খান, বিলায়েত খান, রবিশঙ্কর এই দিকপাল যারা তাঁরা তার বা ফুটো করা বাঁশ দিয়ে নয়, সব বলতেন কন্ঠ দিয়ে।

কি অপূর্ব সে সব আখ্যান।

কিছু শিল্পী নামের মানুষ আছেন। তারা এসবের নিন্দা, ব্যাঞ্জনা করে তুষ্ট হন।

বলতেই হয় এই পঁচিশে বৈশাখের আগের দিনে, স্বয়ং রবীঠাকুর তাঁর অসক্ত কন্ঠে যা কিছু গেয়ে গেছেন তা শ্রুতিমধুর না হলেও স্বরমধুর।

সঙ্গীত আর সুর নিয়ে একটাই শেষ কথা বলতে ইচ্ছে হয়। চন্ডাশোক বা ধর্মাশোক যাই বলি না কেনো তিনি অশোক।

রবিবার, ৭ মে, ২০২৩

সেই প্রথম বোঝা বড় হয়েছি

সেই প্রথম বোঝা বড় হয়েছি

:১:

মাটির ঘর তখনও পাকা হয়নি। ঠাকুর দেবতাদের জন্যে উঁচু করে একটা তাক বানানো হয়েছে। সেখানে লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, মা কালী সবাই বসে আছেন। ঘরের দরজার পরে বেশ চওড়া বারান্দা। তারপর উঠোন। বাড়ির থেকে উঠোনটা অনেক বড়। সারিসারি সুপুরি গাছ লাগানো আছে সুতো মেপে। একটা জামরুলের গাছ, টোকো আমড়া গাছ, একটা হিমসাগর আমগাছ মাথা উঁচিয়ে ফল দিয়ে টিনের চালটা ঠান্ডা রাখে গরম কালে। 

মা একটা কৃষ্ণচূড়া গাছ লাগালেন দোরগোড়ায়। তিনি আবার বছর-দুবছরেই লাল ফুলে ভরে গেলো। ওর ঝরা ফুল ঝেঁটাতে মা এর কোমরের ব্যাথাটাও বাড়লো।

বললাম কেটে দেবো গাছটা? মা এর চোখ দুটো চিক চিক করে উঠলো। বুঝলাম বলাটা ভুল হয়েছে। পরের দিন থেকে আমিই উঠোন ঝাঁট পাট শুরু করলাম।

কৃষ্ণচূড়ার হাসি আর থামে না।

:২:

গ্রীষ্মের দুপুরে বুলবুলি, বসন্তবৌড়ি বড় একটা দেখা যায় না। আম, কাঁঠাল, জাম-জামরুল খেতে ওরা আসে না। ওরা শীতের সময় তাল-খেজুরের রস খেয়ে চলে যায় অন্য কোনো দেশে।

গ্রীষ্মে ভিড় করে টিয়া, ময়না, ছাতার, দোয়েল এরা সবাই। এদের ফল না পেলেও দিব্যি চলে যায় পোকামাকড় খেয়ে।

তবে ময়না একটু ব্যাতিক্রমী। ফলাহার তার কাছে উৎকৃষ্ট। সে পাকা আম, পেঁপে এসব পেলেই ঠোঁট বসায়। ভালো লাগলে খায় আর না লাগলে গোটা গাছ ধরে ঘোরে আর ঠোঁকরায়।

একবার একটা টিয়া পেয়ারা গাছের পেকে যাওয়া পেয়ারাটা প্রায় পুরোটাই খেয়ে ফেলেছিল। গাছতলায় শেষ টুকরোটা আমি মুখে দিলাম। মা বললো মরবি বিষ খেয়ে।

খাওয়ার পর বললাম,  মা মধুর স্বাদ এই প্রথম পেলাম ফলে।

মৃদু হেসে বললো তুই ঠিক আমার মতন হয়েছিস। 

এরপর পাখিদের ঠোকরানো আম গুলো আমরা দুজনেই খেতাম মুড়ি দিয়ে মেখে।

কালের নিয়মে তিনি চলে গেছেন। রেখে গেছেন আমি ছাড়া আরো চার চারটি সন্তান। 

আমি আম খাওয়া বাদ দিয়েছি।

:৩:

বিয়ের পর আম-কাঁঠালের ভিড়েই জৈষ্ঠ্যে এলো জামাইষষ্ঠী। একদিকে বৌ বললো ষাটের জল আর মা বলে ষষ্ঠীর ফল। 

শেষে চললাম হিমালয়ের পথে আমার নিজের শ্বশুর বাড়িতে। শ্বাশুড়ি মা কি সব আনলেন বলি। একটা তালপাতার পাখা, একটা করমচা গাছের ফলসুদ্ধু ডাল, লম্বা লম্বা ঘাস আর ঘাসফুল, তার সাথে স্বাভাবিক নিয়মে যারা এলো তারা হলেন ঘাস ফড়িং আর ঘুগরা পোকার দল।

এই নানাবিধ উপকরণে সমৃদ্ধ ছেঁটানো জল আমার আয়ুকে প্রলম্বিত করলো।

এদিকে আবার মা আমার তালপাখা দিয়ে বেজায় হাওয়া দিয়েছে ইটের দেওয়ালে। 

বাড়িতে ফিরে এসে এসব বুঝলাম। বুঝলাম ব্যাপক ফ্যাসাদ বেধেছে। 

সব ঠিক হয়ে গেলো বাড়িতে ফেরার কিছু পরে মা এর চোখের জল দিয়ে।

সেদিনই  প্রথম বললাম, কোথায় যাবো বলতে পারো?

কিছু না বলার ভাষা আমি বুঝি।

এই প্রথম বুঝলাম আমি বড়ো হয়েছি।

শনিবার, ৬ মে, ২০২৩

শেষ নিবেদন বিষয়ক প্রেম কথা।

 :১:

প্রেম নিবেদন আমার করে ওঠা হয়নি। যদি তা হতো নির্ঘাত তিনি এই প্রকোপে পরে দেহ রাখতেন। 

একটা উদাহরণ দেওয়া প্রয়োজন। 

যেমন " হাজার জনম ধরে তোমারি ছিলাম। তোমারি হয়েই আমি থাকবো।" 

আমি একদম নিশ্চিত এ বিষয়ে তার অভিব্যক্তি। তিনি বলতেন .... মেরেছে।

বাস্তব আর নৈসর্গিক বিষয়টা এই রকম।

ভাবুন ভাবাতুর মন বলছে তোমারই ছিলাম আর সে বা তিনি ভাবছেন.... মেরেছে।

আচ্ছা এই মেরেছে কথাটার অর্থ কি?

না অশ্লীল নয় শ্লীল ভাবে বলুন।

অসংখ্য আধুনিক শ্লেষ ভরে তুললো ওই কথা ক'টার ব্যাখ্যায়। যদিও ইচ্ছে ছিলো ভুল ধরানোর, হয়ে উঠলো না।

আমি এই গানটা যখন শুনতে বললাম, বললো অসাধারণ। বললাম কেনো? বললো এতো ভালোবাসা কোথায় পেয়েছো বলবে?

মৃদু হেসে অট্টহাসি চেপে বললাম মেরেছে।

প্রেমের কথোপকথনে কতোগুলো কথা এসে পরে। যেমন তুমি কে?

আমি বলতাম ধরে নাও রক্তমাংসের এক বস্তু।

কানের পাশে মুখ এনে চুপিচুপি জোর গলায় বললো, এতো গরু ছাগলের মতন।

ওগুলো খাদ্য, আর তুমি?

বুঝলাম ভুল হয়েছে। বললাম তোমার মতন একটা ব্রেইন যদি আমার থাকতো! 

তিরিক্ষি মেজাজে রেগে উঠলো। কথা বলা বন্ধ হলো।

বিরহ তখন আমার আর ধরে না। 

শরৎবাবুর দেবদাস পড়ে ফেললাম। কাঁদলাম বেজায়। যেটা না বোঝা রয়ে গেলো, সেটা প্রেমালাপ।

এরপর থেকে আলাপ, বিস্তার, জোড়, মধ্যলয়, বন্দিস সব বাজিয়েছি।

তবে প্রেমালাপ নেই সেই পর্যায়ে।

দেখি খুঁজে পেতে পাই কি না?

:২: 

এই প্রেম প্রণয় আলাপ বিষয়ক কিছু রিসার্চ পেপার পড়ে বুঝেছি ওটা ভুল ছিলো। 

সেই ভুল সংশোধন করে দ্বিতীয়বার প্রেমালাপ এর সময় বললাম " আমার অলিন্দ-নিলয় ভেদ করে যা এসেছে, তা তুমি।"

কথার মানে বুঝতে প্রথমে তিনি মাষ্টারের কাছে এলেন। এই মাষ্টার খুব নামকরা দর্জি।

তিনি বললেন বুঝতে পারছি না, বোন!

এরপর গেলেন ফেলে আসা স্কুলের প্রধান শিক্ষকের কাছে।

তিনি বললে দে! কি কি এটাষ্টেড করতে হবে।

বললো না স্যার এসব নয়।

বললেন তবে কেনো জ্বালাতে এসেছিস?

সেদিন কিছু না বলেই বাড়ি ফিরতে হলো। শরীর অসুস্থ হলো। মন পর্যদুস্ত হলো।

মনে হলো রক্ত মাংসের কথা মানুষের মুখে শোনার পর কেন এমন মনে হয়েছিলো সেদিন?

মনে পড়লো আধুনিক জীবন। 

সেদিন তার মনে হয়েছিল পৌঁছতে, ওই নিবেদকের বাড়ির দরজায়।

লজ্জায় সেদিন যাওয়া হয়নি। পরের দিন খোঁজ নিতে পৌঁছনোর পর শুনলো তিনি বৃন্দাবনে গেছেন।

বৃন্দাবনের সখী সমরায় তাকে প্রেমে বাঁধলো। ঠিক যেন " সব ছেড়ে দিয়ে করলেম বিয়ে।"

এসবের শেষে একদিন দেখা হলো দু'জনায়। 

সেদিন শুধু শোনা আর শোনা। সব সোনা দেওয়ার পরেও সে শুনতে চায়।

তখন এক কপর্দকহীন ছেলেটা এক নতুন গান বাঁধলো।

নিজেকে আড়ালে রেখে শুরু করলো।

" সেদিনের সোনা ঝরা সন্ধ্যা...... "

:৩:

কি একটা কথা ছিলো না সেকালে? কি যেন সেই অসূর্যম্পস্যা? তাদের ঠোঁট খুব সুন্দর আর চিকন।এটা পাওয়ার পর ভুলে যাওয়া মন শুধুই হয়ে পরে শারীরিক।

লজ্জা হলো এ সমস্ত ভেবে। বয়সের ভার আর হাতে পেলো না দুর্নিবার রাইফেল। 

এক কোমল হাতের স্পর্শ সেই সেদিনই প্রথম পাওয়া।

আবার সেই প্রথম দিনের গানটাই মনে এলো। হাজার জনম না লিখে লিখলাম শতেক জনম।

সেখানেও সেই একই শব্দ…মেরেছে।

পরিশেষে বললাম ঘাট হয়েছে ওই সব লিখে।

বললাম এক জনমের কথা।

বললাম " যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে..."

না এসব  যান্ত্রিক চিন্তন আমার নেই।

প্রেম যেন আজ মানবতার শত্রু।




বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

কে লইবে তোর কার্য

 কে লইবে তোর কার্য

:১:

কলেজের নবীন বরণ আর প্রবীণ বর্জন অনুষ্ঠান হতো পূজোর ছুটির ঠিক আগে। আমি নবীন, সাথে আছে পন্ডিত, জলি, মহসিন, চিদ্রুপ, সম্রাট আরো কতো কে। আছে চন্দনা, সোমা, জয়ন্তী, কাকলি। আর প্রবীণ এর দলে  বুড়োদা, ইন্দ্রদা, আশীষদা, তপনদা, শ্যামলদা এনারা। এই আনন্দের দিনেই মহসিন নতুন নাম পেলো। নাম দিলো তপনদা। তিনি আবার মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী। জীবন উৎসর্গীকৃত ত্যাগে। সে ত্যাগ সমাজ সংস্কারের জন্যে। তাকে কখনো ফেলে দিতে পারিনি। হয়তো সে আমার কেউ নন তবুও তার কৃচ্ছসাধন, বোহেমিয়ান জীবন যাপন আমাকে মুগ্ধ করেছে।

মহসিনের নতুন নাম হলো ভেক্টর। এই কয়েক মাসের মধ্যেই তার চলাফেরা, শিক্ষা দেখেই এই নামকরণ। তপনদা হলেন এই নাম দেওয়ার কারিগর।

ভেক্টর ফার্স্ট বেঞ্চার। আর আমি? থাক সে কথা।

আসলে শেষ বেঞ্চে বসে প্রফেসরদের বিরক্ত করতে আমার জুড়ি মেলা ভার।

প্রত্যেক ক্লাসেই হাত তুলে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছিনা বলার মতন ছাত্র আমি।

নেহাত গণিতে সমৃদ্ধ তাই পার পেয়ে যাই। এ শিক্ষা আমার বংশগত।

ভেক্টর ফিজিক্স, কেমিস্ট্রি তোলপাড় করতো। কিন্তু ম্যাথ আর দাবায় আমিই ফার্স্ট বেঞ্চার।

পরের বছর বাৎসরিক অনুষ্ঠানে যে প্রাইজ নিতে আমি স্টেজে উঠলাম সেখানে ভেক্টর জায়গা পায় নি।

যদিও এ বিষয়ে কোনো ঈর্ষা নেই ওর। ও থাকে ওর জগৎ নিয়ে। আমার মতন উৎপটাং কথা ওর মাথায় আসে না।

এটা শহর আর গ্রামের পার্থক্য। শহরে যা স্বাভাবিক বিষয় গ্রামে তা ব্যাতিক্রমী।

ভেক্টর আমার প্রিয় বন্ধু।

:২:

ফিজিক্স ক্লাসে ভেক্টর এর মন নেই। সে অন্যমনা। প্রফেসর তাকে বললেন কি ভাবছিস বল। বললো স্যার কোয়ান্টাম নিয়ে ভাবছি।

বললেন এরতো একটাই অর্থ। এসব তুই পড়ে ফেলেছিস।

বললো হ্যাঁ স্যার।

বললেন এরপর?

হাসি মুখে বললো স্যার রিলেটিভিটি আর স্পেশাল থিওরী অফ রিলেটিভিটি।

তিনি থামলেন। বললেন তোর সাথে এই গণিতের শিল্পী ও আছে? 

বলল যদি না পারি, পারার লোক আছে আমার সাথে। বললেন এই পর্যায়টা তো পার কর। 

উৎপটাং ছেলেটা পিছনের বেঞ্চ থেকে বলল পার হওয়া পথ পেরোতেই ভেক্টরের সাথে আমি হাত মিলিয়েছি। যদি মনে হয় চিদ্রুপকেও নেব এই দলে।

ব্ল‍্যাকবোর্ডে তাত্ত্বিক অঙ্কগুলো তিনি মুছলেন। বললেন পরের ক্লাস গুলোয় আর করাবো না। বললেন অসংখ্য শিক্ষকের দেশে পড়ানোর তাল-মান খুঁজে পাচ্ছি না।

সেই প্রথম ভেক্টর মুখ খুললো, বলল আপনার কাজ আপনি করুন আর আমরা তিনজন কোনো এক সকালে আপনার কাছেই যাব শুধুমাত্র পড়াশুনোর তাগিদে।

লেখাপড়া, খেলাধুলা আর উৎসবের অলক্ষে পার হয় দিনগুলো। টান পরে কাজ আর রোজগারের তাগিদ। আর সেই তাগিদ যখন শেষ মাত্রায় পৌঁছয় তখন ওই প্রথম বেঞ্চার উপস্থিত হয় সবকিছু ছেড়ে গ্রীষ্মের উত্তপ্ত দুপুরে ময়দানের ধারঘেঁসে দৌড়তে।

এদেশে দেশ রক্ষা শিক্ষা দিয়ে হয় না, হয় সৈন্য দিয়ে।

মাঠের ছেলেটা মাঠ পার করলো সব ছেলেদের আগে। হাল বওয়া, দাঁড় টানা পেশীবহুল হাত পা প্রমাণ করলো রোজগারের ময়দানে মস্তিষ্কের আগে সে। 

ভেক্টর যেদিন পদাতিক হলো সেদিন জানালো সে আর কলেজে আসবে না। মহা ধুমধামে খাওয়া দাওয়া হলো।

চিদ্রুপ সেদিন রাগ করে বললো, তুই মস্তিস্ক ছেড়ে শরীরের সাথে আসক্ত হলি?

তপনদা বললো শিক্ষা ছেড়ে শক্তিকেই বেছে নিয়েছে ভেক্টর। শাসকের দিক খুঁজে পাওয়া ভেক্টর আজ স্কেলার হলো।

বুঝলাম দারিদ্র্যের পরিনতি। সেদিন কোনো কথাই মুখে আসে নি। এলো সেদিন, যেদিন ওই দল থেকে বেড়িয়ে অনেকটা পিছিয়ে ভেক্টর নতুন করে কলেজে ভর্তি হতে এলো।

ততদিনে আমরা ইউনিভার্সিটির পথে পা দিয়েছি।

:৩:

দু বছর সংখ্যার নিরিখে যতই ছোটো হোক জীবনের নিরিখে সে কম নয়। ওর কোর্ট মার্শাল হয় নি। তবে যুক্তিগ্রাহ্য শারীরিক সমস্যা ওকে নির্বাসিত করেছে। দু  বছরের সৈনিক জীবনে যেটুকু সহায় সম্বল যোগার হয়েছে তাতে আরো পাঁচ বছর চলে যাবে ডাল ভাত খেয়ে।

আমি বললাম আই আই টি তে বস। 

বললো পাবো?

যে পড়ার গতিতে ওকে দেখছিলাম সেই হিসেব করে বললাম, কে আটকাবে তোকে? 

বললাম আমরাও থাকবো তোর সাথে। এটা সরকারে দরকারে ব্যবহার করা সাধারণ মানুষ ভেবে ভয় পাস না। এটা বন্ধুত্বের শৃঙ্খল যেটা এখনো আছে অটুট।p

খড়্গপুর আই আই টি ক্যাম্পাসে সেদিন আমরা সবাই। সেদিন ভেক্টরে পরিবারের কোনো সদস্য আসে নি। পরিচয় জানতে এসে কোনো এক আধিকারিক বললেন আপনারা কে?

চিদ্রুপ বললো বন্ধু, আমি বললাম আত্মীয়, তপনদা বললেন ছাত্র।

ভেক্টর সেই সেদিন থেকেই ফিরে পেলো নতুন এক ছাত্র জীবন।

এর পর ও আর থেমে থাকে নি।

:৪:

জীবন আর যৌবনের এক চোরা স্রোত মানুষকে টেনে নিয়ে চলে প্রানের গভীরে। যে গভীরতার পরিমাপ করার উপায় নেই। যা আছে তা হলো চোরা স্রোতে তলিয়ে না যাওয়ার লড়াই।

সে লড়াইয়ে যে হারে সে হারিয়ে যায়, যার জিত হয় সে হয়ে ওঠে বিশ্বের কাছে বিস্ময়।

ভেক্টর বলি আর মহসিন বলি ওকে খুব কাছ থেকে আমরা দেখেছি। ওর অভাব যেখানে সেখানে আমরা নেই। পৈতৃক হোক বা পারিবারিক হোক অর্থাভাব আমরা কখনো বুঝিনি। 

জীবনের এই ছোট্ট পরিসর আমাদের যা দিয়েছে, ও তা পায়নি। আর কপালের এমন ফের শরীরও বাঁধ সেধেছে।

কখনো কখনো অন্ধমুনির অভিশাপ আশীর্বাদ হয়ে ফিরে  আসে। সিন্ধুর বাঁক বওয়া হয়ে ওঠে এক সামাজিক শিক্ষা।

এক্ষেত্রেও সেটাই হলো। শারীরিক উৎকর্ষের অর্থে সংসার চললো স্বাভাবিক নিয়মে আর শিক্ষার সমৃদ্ধিতে ভেক্টর হয়ে উঠলো মহম্মদ মহসিন।

:৫:

তখন সবাই আমরা সংসারী হয়ে পরেছি। স্বীকৃতিও জুটেছে অনেক। কেউ ইসরোয়, কেউ আই এস আই তে, কেউ আবার আই আই টির কৃতি ছাত্র।

এই সংসারের বাইরে থেকে যে মানুষটা প্রতিপদে আমাদের সাথে ছিলেন, তিনি তেমনই আছেন।

তিনি আজও আমাদের স্বপ্ন দেখান। তার জীবন যাত্রার মান একটুও বদলায়নি। 

সে এক সুন্দর সকাল। আমরা সবাই সেদিন একসাথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তপনদার আহ্বানে।

সবাই সবার সমৃদ্ধির সাথে ঠাঁট-বাট গাড়ি বাড়ি বানিয়েছি। পৌঁছেছি ওই ময়দানে। লুকোচুরিও চলছে প্রশাসনের সাথে।

কারণ তপনদা তখন ওয়ানটেড। মাথার মূল্য অনেক।কোনো এক জীবন সৌজন্য তাঁর কথাকে অমান্য করতে পারেনি। 

ময়দান ভরা মানুষের অরণ‍্যে আমরাও সেদিন হারিয়ে গেলাম। 

নিষ্প্রাণ হলাম তখন, যখন প্রশাসক তাঁকে তুলে নিয়ে গেলো। তপনদা অন্ধকারায় বন্দি হলেন।

আর আমরা?

আমরা একসাথে সেদিন উচ্চারণ করলাম "কে লইবে তোর কার্য?"