মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সমাপ্ত ভালোবাসা

তবে কি কিছু ভুল হয়েছিল সেদিন? কুশল অনেক কিছুই বুঝতে পারে তবুও শ্মশানের পথে সেদিন কুশল হেঁটেছিল। যিনি নিঃস্পন্দ হয়ে পরেছিলেন নিজের ঘরে সেই ঘরে তার পরিবারের সবাই থাকতো কোনো একদিন। তারা এখনও আছে তবে এই ঘরে নয় বাইরে। এ সবের পরেও একজন তার খবর রাখতো। সুস্থ আর অসুস্থতার মাঝখানে একটা সুন্দর প্রতিবাদী মুখ কুশলের কাছে অননুমেয় ।

দেহটা ভষ্মীভূত হওয়ার পরে সে বুঝলো তার চতুষ্কোণে অসংখ্য চোখ । সেই চোখ গুলো খুব হিংস্র। সেখানে এমন একজন আছে যার চোখ হিংস্র না হওয়ারই কথা ছিল। সেই সুন্দর চোখ দুটো কেনো এমন হিংস্র হয়ে উঠেছে কুশল ভাবতে বসলো। 

কুশলের ইচ্ছা ওই চোখটায় চোখ রাখতে। এই আজকের দিনে নিমেষেই যোগাযোগ গড়ে ওঠে। সেই পন্থা কুশলের পছন্দের নয়, সে সেদিন তার বাড়িতে পৌঁছে কলিং বেল এর বোতামে চাপ দিলো। ঘন্টা বেজেই চললো। একবার, দুবার, তিন বার; শেষে সে ফিরে গেলো। শুধু একটা চিরকুট সে ফেলে এসেছিল ওই বাড়ির মুক্ত বারান্দায়। সে  লিখেছিল কুশল এসেছিলো তোর বাড়িতে কিন্তু কোনো কুশল তোর জানতে পারলাম না। আবার আসবো নিজের ইচ্ছায় আর তাগিদে।

চিরকুটটা পরের সকালে পেয়ে বালিশের তলায় রেখে দিল সুচিত্রা। 

সুচিত্রা চিরকাল অতি সুন্দরী। এখনও সে ঠিক যেন তেমনি আছে।

আসলে ওই চিরকুট টা পেয়ে সুচিত্রা শুধু কুশল কে চোখ বুজে স্মরণ করেছে। সে জানে বড় সুদর্শন এই কুশল। সে জানে তার মা নিজের ছেলে-মেয়ের পাশে আরো একটা ছেলে পেয়েছিলেন। সেই ছেলেটাই তার মৃত মুখে আগুন দিতে অস্বীকার করেছিলো। 

এখানেই সেই অতীত সুচিত্রা কে টেনে নিয়ে গেছিলো অন্য এক চিন্তায়। সেখানে যেমন কুশল ঠিক তেমন অন্য কোনো একজনও ছিল ।বিবাহিত জীবনে সে কিছুকাল ছিল তার সাথে। এরপর কিছু অনিয়ম, অসংযম এসেছিলো, সেখান থেকেই তার প্রশ্নের শুরু। সময় প্রবাহমান, সময়ই জীবনের শেষ কথা বলে এই বিশ্বাস থেকেই সে কোনো এক অবস্থার প্রেক্ষিতে আজ একেবারে একা।

সন্তান আসার পরে প্রায় আঠেরো মাস সুচিত্রা ছিলো মায়ের আওতায়। সুন্দর শিশুর যত্ন আত্মী সে শিখেছে তার মা এর কাছে। বাচ্চাটা যখন কথা শিখেছিল প্রথম মা বলেছিল এরপর আম্মা; অথচ বাবা বলতে শেখে নি। সাথে ছিলো জীবনের নতুন এক ন্যারেটিভ এই কুশল এর আসা যাওয়া। কুশল ছিলো তার মা এর কাছে সন্তান সম নয় বরং সন্তানের ঊর্ধ্বে।

এজন্যেই সে তার চোখের আলোতে চোখ রাখতে চায় নি। এর আগে একটা সামাজিক বিবাহের সাথে যে পুরুষ তার সন্তানের বাবা তাকেও সে ত্যাগ করেছে।

সুচিত্রা ভেবেছিল অনন্ত কাল তার মা-বাবা বেঁচে থাকবে। দাদা আর বৌদিকে নিয়ে সেই ভাই আর বোন সাথে সন্তান বেশ একসাথে একটা সুন্দর পরিবার থাকবে।

যেদিন দাদা বৌদি বাড়ি ছাড়লো সেদিন সে ছিলো ওই বাড়িতে। এরপর অন্য বাড়িতে পৌঁছে কিছু সময় সাকুল্যে একটা সন্তান। এর পরে এই শুধু আক্ষেপ আর আক্ষেপ। এর পরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু, শেষে একেবারে একা হওয়া। মা এর কাছে থাকাটাও শেষ হয়েছিলো দাদা-বৌদির নানান কটুক্তির পর। আর এরপর থেকে এই কুশল শুধু এই বাড়িতে এসেছে প্রতিদিন। কোনো স্বার্থে নয় শুধু শ্রদ্ধা আর ভালোবাসায়।

এই প্রথম এক সংকটে পরেছে সুচিত্রা। চোখের সামনে আসতে যেমন ইচ্ছে হয় পরক্ষণেই মনে হয় তার মাএর ভালোবাসার ধন আমার কাছেও কি আপন? সম্ভবত নিজেকে সাবমিশন করার মতন কোনো শব্দ আজ এই জৈবিক সায়াহ্নে একটা লজ্জার মতন হয়ে পরেছে।

এর পরে কুশল আবার একদিন কলিং বেল বাজালো, দরজাটা খুললো, কিছু সময় সে বসলো কিছু কথা বললো, উঠে গেলো। সুচিত্রা কিছু বলতে পারে নি। আসলে ভালোলাগাকে সে দুর্বলতা বলতে দ্বিধাবোধ করে। তার কাছে ভালোবাসা এক দুর্লভ বস্তু। প্রায় পাঁচ যুগ শেষ হয়েছে, কুশল আছে কুশলেই। সেখানে কোনো পাপ, কোনো দুরাচার, কোনো অসহিষ্ণুতা ধরা পরে নি এখনো। কখনো মনে হয় বড় ভুল হয়ে গেছে, পরক্ষনেই মনে হয় সময়ের পাঠশালায় সবকিছুই সঠিক। সুচিত্রা বুঝতে পারে সময়ের সাথে সে বদলাচ্ছে। রদবদল শব্দটা এই প্রথম বুঝতে পারলো। জীবনে কখনো কখনো কিছু সময়কে বাদ দিতে হয় আর এর পর নিজেকে বদলাতে হয় নানান জিজ্ঞাসা কে উপেক্ষা করে। যে ক্যানভাস টা সে আঁকতে শুরু করেছিলো যৌবনে সেখানে ঠিক যেন এখন শেষ তুলির আঁচড় দেওয়ার সময় এসেছে।

কুশলের ব্যবহারিক জীবনটা একটু অন্যরকম। শিক্ষার পরিসরে সেটা প্রলম্বিত। সে ছাত্র পড়ানো শুরু করেছিল কৈশোরে। এরপর যৌবন পার করে  এই ভাবেই সে চলতে অভ্যস্ত হয়ে পড়েছে।তার পরিবারের সাথে সাজুয্য রেখে সে চলতে ভালোবাসে। সেখানেই এই দূরত্ব, সেখানেই ব্যাক্তিত্বের সংঘাত। এজন্যেই মা যে ছেলেটাকে তার ভালোবাসার ধন বলতেন তার সাথে সখ্যতা সুচিত্রার ভালো লাগেনি। অথচ কোনো এক অনু গল্পে কুশল তার কাছে একটা ধীর স্থির সংকল্পের একমাত্র উদাহরণ।

নিজেকে নিজের কাছে হারিয়ে ফেলে নতুন করে কিছু পাওয়ার জন্যে সুচিত্রা ভেবেছে, না হয় একবার আমি কারোর কাছে একান্ত আপন হতে নিজেকেই বিলিয়ে দিলাম!

শেষবারের মতন সেদিন কুশল সুচিত্রার বাড়িতে কড়া নাড়লো। সুচিত্রা দরজা খুললো। কুশল বললো বোন তুই কেমন আছিস? সুচিত্রা কিছু বললো না। উদ্বেগের সাথে কুশল আবার বললো, কিরে কিছুতো বল?

সুচিত্রা চা এর কাপ দুটো রেখে বললো, ভালো আছি। কুশল বললো এই টুকু বলতে এতটা সময় লাগে? 

সুচিত্রা চুপ করে কুশলের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা তার মুখে এলো না। কুশল উঠে দাঁড়ালো, বললো তাহলে আজ চললাম। সুচিত্রা শুধু শুনলো কোনো উত্তর দিলো না।

মনে মনে সে ভেবেছে এটাই যৌবনের শেষ অধ্যায় নিয়ে ভাবনার একমাত্র বিকল্প পথ-পরিক্রমা। যে পথ দিয়ে এতগুলো বছর শেষ হয়েছে সেই পথের পরেও একটা পথ আছে। সেটা আসলে পৃথিবীর পথ।

কুশল এত সমস্ত ভাবতেই চায় না। ছাত্রেরা আসে যায়। প্রাতিষ্ঠানিক ভাবে উন্নতির শিখরে ওঠে। কখনো সখনো মনে পরে শিক্ষক কুশল কে। এক প্যাকেট দামি সিগারেট দিয়ে যায়। এতেই কুশল খুশী। সুচিত্রা  হয়তো এমন নয়! তবে সে জানতো কুশল অত্যন্ত সুরোরিয়ালিস্টিক। সে শিস দেয় পাখির মতন। তার ঠোঁট দুটো সুর সৃষ্টিতে অথবা পরিবেশনে সক্ষম। 

শীতের দিনে সন্ধ্যা এসে পরে দৈনিক দিন শেষ  হওয়ার একটু আগে। পাখিরা বাসায় ফিরে পরের দিনের অপেক্ষায় মাঝ রাতেই জেগে ওঠে। অন্ধকার থাকলে আবার লেজের কাছে ঠোঁট গুঁজে ঘুমিয়ে পরে। পূর্ণিমার রাতে তাদের বিভ্রম বাঁধে। ভোর হয়েছে মনে করে তারা শুরু করে কুজন।

কুশল ব্যাতিক্রমী নয়। সেদিন পূর্ণিমার সন্ধ্যায় সে শিষ দিয়ে একটা গান শুরু করলো সুচিত্রার বাড়ির পথে। সেই গানটা অসম্ভব সুন্দর সুর ও কথায়।  

তার ঠোঁটে ফুটে উঠলো  সেই কথা আর সুর। কথাটা  বড়ই সুন্দর " না মন লাগে না। এ জীবনে কিছু যেন লাগে না।"

দু'তলার বারান্দায় বসে সেই ঠোঁটের সু্রেলা শব্দে সুচিত্রা রাস্তার দিকে চোখ রাখলো। দেখলো কুশল নিজের মতন চলেছে। অভ্যাসের সাথে অনেক কিছু আজও থেকে গেছে কুশলের কাছে। এই অভ্যাস পূর্ণিমা -অমাবস্যা মানে না। সেদিন সুচিত্রার ইচ্ছে হয়েছিল কুশল কে ডাকতে কিন্তু পারেনি।

পারবেই বা কি ভাবে?

রীতি মেনে মালাবদল হয়ে ওঠেনি তবুও বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথা হয়েছিল একদিন। এটা আসলে সুচিত্রার স্কুল জীবন। সুন্দর একটা দৃশ্যে সে বকুল ফুলের মালা গেঁথে নৃত্যনাট্যে অংশ নিয়েছিল। যদিও কুশল কখনোই এই সব রঙ্গ মঞ্চে সামিল হয় নি। ছোটো বেলা থেকেই সে একটু সেকি স্বভাবের। বড় হয়ে কেনো যেনো তার ইচ্ছে হয় নি নিজেকে বদলাতে। তার কাছে কাগজ,কলম, পুস্তক খুব কাছের। বাড়ির পুষ্করিণী তার খুব পরিচিত। সেখানে দিব্বি ঝাঁপ দেওয়া যায়, সাঁতার কাটা যায়, ডুব দিয়ে অতলে পৌঁছে মাটি আনা যায়। সেখানে হাঁস এর জলকেলি দেখা যায়, গাঁয়ের বঁধূর বাসন মাজার দৃশ্য দেখা যায়, দেখা যায় পাশের গাছের ডাল থেকে ঝুপ করে এসে মাছ ধরে নিয়ে যাওয়া মাছরাঙা, পানকৌড়ির ডুব কিংবা সাদা ও সাদা-ধূসর রং এর বক পাখিদের জিরাফের মতন গলা উঁচিয়ে কাঁদায় পা ডুবিয়ে ছোটো ছোটো মাছ ধরা। এগুলো কুশলের খুব ভালো লাগে। ছোটো বেলায় সে দুপুর কাটাতো এই পুকুরের পারে। স্বযত্নে মনের মণিকোঠায় সেই স্মৃতি গুলো এখনো জ্বল জ্বল করে।

এছাড়াও আছে অনেক কিছু। যেমন গলায় গুলতি ঝুলিয়ে শিকার করা, বকুল এর দানা দেওয়ালে ঘষে সেফটিপিন দিয়ে শাঁস বার করে সিটি বাজানো, আছে হোগলার শিষ এর মিষ্টি স্বাদ নেওয়া, আছে বাবলা গাছের গা থেকে আঠা সংগ্রহ করে ঘুড়ি বানানো আরো কতো কি! এগুলোই কুশলের জীবনবোধ এ সৃষ্টির রসদ যোগায়।  সেই ছেলেবেলায় শুধু সন্ধ্যা সকালে পড়া পাঠ ছাড়াও অংক কষা ছিল তার নেশার মতন। তার বাবা বলতো কি খুঁজে পেয়েছিস অংক কষে? বাবাকে সে কিছু বলতে পারে নি তবে শুধু সেই দিন নয় আজও সে অংক থেকে বেরোতে পারে নি, সঙ্গে রয়ে গেছে সুরের স্বর্গ।

কুশল সত্যিই বাহির নয় অন্তরেও এক সুবোধ বালক। এই মধ্য বয়েসেও সে একই  রয়ে গেছে। সুচিত্রার কাছে এটাই বড় আশ্চর্যের।

আসলে সন্ধ্যাতারা সন্ধ্যা বেলায় যেমন তার সহচরদের নিয়ে বিস্তীর্ণ আকাশে এসে পরে কুশল সেই তারার দলে থেকেও তেমনটা পারে না। ওই অসংখ্য আলোক দ্যুতির মধ্যে থেকেও সে একদম একা। পছন্দ বা অপছন্দ বিষয়ে সে কখনো ভাবতে শেখেনি। সে শুধু তার সামান্য কিছু ভালোলাগার চর্চা করে গেছে।

আসলে ফুল কেনো ফোটে, কখন ফোটে, কেনো ফোটে এটা তার কাছে বিচার্য বিষয় নয়। তার কাছে বিষয় হলো ফুল ফোটে।

মানুষের জন্ম অথবা মৃত্যু বিষয়টা তার কাছে কোনো বিষয় নয়, তার কাছে বিষয় একটাই তা হলো জগৎ সংসার মানুষের দ্বারা পরিপূর্ণ।

আরো একটা বিষয় সে নির্দ্বিধায় বুঝতে পারে সেটা এই মানুষ শব্দটা। বড় বিপদে ফেলে এই শব্দ।

যেহেতু এই শব্দের স্রষ্টা তার কাছে প্রণিধানযোগ্য তাই সে বার বার বলে মানুষ কথাটা আধুনিক জীবনের সাথে অন্য একটা দূরত্বে পৌঁছে গেছে। 

এরপর কুশল আবার ফিরে গেছে নৈব্যাক্তিক কুশলে। সুচিত্রা শুধু ব্যাকুল হয়েছে, ইচ্ছে হয়েছে কিছু বলার, তবুও কিছু বলার স্পর্ধা সে দেখাতে পারে নি। আসলে আপাত আড়ম্বরে আড়ালে যে ভালোবাসা তৈরী হয়েছিলো সেটাকে সে বাঁচিয়ে রাখতে চায়।

এবার একটা পারস্পরিক সম্পর্কের আড়ালে একটা স্পর্ধার কথা বলতেই হয়। শুরুতেই সুচিত্রা বললো সুরের আকাশে শুকতারা হয়ে কি লাভ। এই কাল্পনিক সৌন্দর্যের সাথে আমি নেই। আমি আছি সেই নাবিকের সাথে। যেখানে একটা ধ্রুবতারা দিকদর্শন জীবন-জিজ্ঞাসায় প্রাসঙ্গিক। সেখানে যেমন নিজের মা আছেন তেমন আরো অনেকেই আছে, সেখানে যেমন ভগ্নী- ভার্যা অথবা আরো অনেক অনেক আপনজন আছেন ঠিক তেমন।

আসলে এই কুশল শুধু কুশলের সাথে আছে, কৌশলে নেই। সে কোনো দোহাই মানে না। সে আন্তরিক আবেদন শুনেও ঘাটে ডিঙি লাগিয়ে পান খেতে অভ্যস্ত নয়। সে রবিঠাকুরের শব্দবন্ধ মানে না। সে কখনোই বলে না অন্ধ আমি অন্তরে বাহিরে।

সে ব্যাতিক্রমী নয়, সে লম্বোদর নয়, সে অর্বাচীন নয় সে কুশল। তার বাপ কেলে নামেই সে সন্তুষ্ট।

এই প্রথম সুচিত্রা ব্যাথিত হলো। বুঝলো এই ছেলেটাকে ভালোবাসতে জানতে হয়। বুঝলো তার মা কেনো এতো আপন ভাবতো কুশল কে। যেটা না বোঝা থেকে গেছে সেটা সে হয়তো বলতে চাইলেও আজ তার জীভ নড়বে না। না কোনো আসক্তি নয় শুধু শক্তির সন্ধান খুঁজে বেড়ায় সুচিত্রা। 

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

চারাগাছ কথা বলে বারবার

:চারাগাছ কথা বলে বারবার:


শরৎ ঝড় ঝঞ্ঝায় ছত্রভঙ্গ হওয়ার পর হেমন্তও তার সুরেলা কন্ঠে শোনায় নি গাঁয়ের বঁধূর কথা। অবশেষে উত্তরা বাতাসে ভর করে ছুটে এসেছে শীত। অশীতিপর ফুলগাছ গুলো সেই বর্ষা থেকে এই হেমন্তে যেমন ধরাশায়ী ছিল তেমনই রয়ে গেছে থুয়ে গেছে শুধু তাদের মৃত শরীর। ফুলের বাজার ফুলে ফেঁপে উঠেছিল মৃত দেহের পাশে। মৃতের গলার মালা হয়ে পরেছিল টাকার মালা। এই টাকা গুলো কোনো ফুল্লরা পায় নি।

কে পেয়েছে এই অর্থ?

এখানেই যতেক অনর্থ। 

নিয়ম মেনেই শীত এসেছে, পর্নমোচী পাতা ঝড়িয়ে হাল্কা করেছে তার শরীর অথচ শারীরিক ভাবে তারা বলেছে কোনো ফুল যখন ফুটলো না তখন ফলও ফলবে না।

ফলশ্রুতিতে যা ঘটলো সেটা বন্ধাত্ব। 

প্রথম প্রতিবাদ করলো কোলকাতা ময়দানের গাছগুলো। ঝড়-ঝঞ্ঝায় তারা লুটিয়ে পরে রাজপথের উপরে। রাজা পথ পরিষ্কার করতে এসে তার গোটা দেহটাকে কেটে নিয়ে যায়।

এটা অনেকটা পুত্র, পিতা, প্রপিতা সহ বৃদ্ধ প্রপিতাও বিলুপ্ত হওয়ার প্রকল্প।

এ নিয়ে প্রতিবাদ করলো ছোট্ট একটা চারাগাছ। আসলে সে তার পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চায়।

এই চারাগাছের একটা নাম দেওয়া যাক। ধরুন সে ভিখারী, না বেহুদা। চাহিদা নয় শুধু চাকরির স্বার্থে তাকে চোখে কালো চশমা লাগিয়ে ধর্মতলা চত্বরে হেঁকে বলতে হয় ' অন্ধকে দান করো'।

চশমার আড়াল থেকে যেটুকু সে দেখতে পায় সেখানে মরে যাওয়া, উপড়ে যাওয়া অথবা ভেঙে পরা গাছের যে সংকট সে নিজেও ঠিক সেই সংকটে বিদীর্ণ।

এই কালো চশমা টা ঠিক গান্ধারীর চোখে বাধা কালো কাপড়ের মতন। 

কালো কাপড়ের নিচে যে প্রখর রুদ্র দৃষ্টি থাকে সেখানে সব কিছুই ধরা পড়ে, তবে কার্যকর হয় না; ঠিক যেমন পরাজিত দুর্যোধন।

বেহুদা ভিখারীর একজন মনিব আছে, নাম ভিকু, জাত নেপালি। এই ধর্মতলা চত্বরে সবাই তাকে চেনে জানে। সে অসংখ্য ভিখারীর মনিব ও অন্নদাতা। 

সকালে ছেড়ে যায় রাতে নিয়ে যায়। বিশাল একটা গোডাউনে এই মালগুলো রেখে পরের দিন সকালে আবার গাড়িতে তুলে স্ব স্ব অবস্থানে তাদের বসিয়ে দেওয়া তার নিত্য কর্ম।

ভিকু এই ঝড়া পাতা সংগ্রহ করে এই কোলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটপাত থেকে। 

যেমন ভেঙে পরা গাছের কান্ড কাটা হয় তেমন ভেঙে পরা মানুষের বেড়ে ওঠার অবলম্বন কেড়ে নেওয়া হয়।

ভিকু এই সমাজের প্রাতিষ্ঠানিক শিক্ষায় প্রশিক্ষিত।

এভাবেই শেষ হয় দিনের পর দিন, বছরের পর বছর অথবা যুগান্ত।

প্রতিদিন সকাল সন্ধ্যায় হাল্কা হাসে পথের ধুলো। ঝড় ঝঞ্ঝায় সে তড়িৎ গতিতে উরে চলে অনন্তের পথে। সেই পথে সে দেখতে পায়নি কখনো এই ভিকুকে। সে শুধু ধুলায় মলিন চোখ বাঁধা কচিকাঁচা রাস্তার পাশে বসে থাকা অথবা ঝড়ের শেষে পরে যাওয়া ঝড়ে যাওয়া পাতা, কান্ড, শরীর দেখেছে।

এই ধুলো গুলো এক সাথ হলো। মাটি হতে তাদের অল্প সময় লাগলো। সেখানে উদ্ভিদ জন্মালো, মহীরুহ হয়ে উঠলো সেই উদ্ভিদ অথবা সেই চারাগাছ।

এই প্রথম ভিকু ভয় পেলো। সে অপরাহ্নে পৌঁছে বুঝলো দিনান্তের কথা।পৌঁছল বিজয় বার্তা কিন্তু কান্না থামল না। 

বৃদ্ধ চারাগাছের ডালপালা সব শেষ হয়ে গেছে শুধু আছে একটা বটগাছ। তার শিকড় বাকর কখনোই শেষ হয় না।

ভিকু কখনো মরে নি মরে না বট বৃক্ষ। 

চারাগাছ কথা বলে বারবার।

সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

যতীনের পৈতে কাটা

অকুল বিরহের বেদনায় যেদিন জীবন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরলো সেদিন সবাই শুনলো সে ভালোবাসতো কালিদাস বাবুর বড় মেয়েকে। এর পর থেকেই প্রত্যেক সন্ধ্যায় জীবনের মা এর মুখব্যাদন আর অশ্রুপাত শুরু। অবশেষে কালিদাস তার জমি জায়গা জলের দামে বিক্রি করে অন্য এক পাড়ায় পাড়ি দিলেন।

পাড়া বলতে তখন এই বিশর পাড়ায় পাঁচ-ছটা পরিবারের বাস। এই গলিতে তিনটে পরিবার থাকে। প্রথম বাড়ির মালিক যতীন, পদবী বিশারদ, পেশায় পুরোহিত। এছাড়াও তিনি কোনো এক গেঞ্জি মিলের মাস্টার। ইনি আবার স্বভাবে বদরাগী ও সাহসী।

আর একজন তিন নম্বরে পরেন। তিনি অতি সাম্য, সংযমী ও শিক্ষিত। তিনি এই কালিদাস বাবু। তিন মেয়ে আর দুই ছেলে নিয়ে তার পরিবার। 

এই দুটো পরিবারের মাঝখানে এই সমাদ্দার বাড়ি। এই জমির মালিক ছিলেন একজন প্রথিতযশা মুসলমান পরিবার। আজকের দিনেও ইদু হাজি নামটাই যথেষ্ট। 

দেশ বিভাগের অনেক আগে থেকেই এখানে কালিদাস বাবু আর যতীন বাবু থাকতেন। ইদু হাজির সাথে তাদের সম্পর্কও ছিলো অভিন্নহৃদয়। 

দেশ বিভাগের পরে যখন হিন্দু -মুসলিম রায়ট শুরু হয়, তখন ইদু হাজির বাড়িতে চড়াও হয় অসংখ্য ওপার বাংলা থেকে আসা হিন্দুরা। ইদুর দুটো হাত ওরা কেটে দিয়েছিল। ইদু দৌড়ে প্রাণ বাঁচাতে এসেছিলো যতিন বাবুর বাড়িতে।

সে দিন সারারাত ইদুর হাতদুটো সুতির মশারি দিয়ে বেঁধে রেখেছিলেন যতীন বাবু। যখন তিনি মারা গেলেন তখন দেওয়ালে ঝোলানো রাম দাঁ হাতে নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়ালেন।

ইদু হাজির কবরে মাটি দিয়ে ফিরে তার দুই ছেলে ভোলানাথ আর শম্ভুনাথ কে বললেন, অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়াবি।

ইদু হাজির জমিটায় সমাদ্দার পরিবার এর পরেই বসতি স্থাপন করে। যতিন বাবু মন থেকে এটা মানতে পারেন নি।

প্রতিদিন সকালে শালগ্রাম শিলায় তুলসী দেওয়ার আগে তিনি তার রাম দাঁ তে শান দিতেন। তিনি বুঝেছিলেন সম্প্রদায় নয়, মূল বিষয় আসলে লুঠ। এই লুটেরাদের বিরুদ্ধে তার একটা রাম দাঁ ই যথেষ্ট।

যতীন বাবুর বড় ছেলে মানসিক ভাবে একদম যতীন বাবুর মতন। কালী পূজোর সময় এক হাতে রাম দাঁ দিয়ে সে পাঁঠা গুলোকে ছিন্নমস্তা বানিয়ে রুধির এর পাত্র ভরিয়ে দিতেন। আর ছোটো ছেলে শম্ভু দুটো কাঠি হাতে নিয়ে ঢাক বাজিয়ে মাতিয়ে তুলতেন এই মন্ডপ। সেই ঢ্যাং কুরাকুর  শব্দে শুধু পাঁঠা নয় মানুষের শরীরেও একটা পাশবিকতা এসে পরতো।

যতীন বাবু জানতেন এরপর এই বিশর পাড়ায় ডাকাত পরবে, এই ডাকাতির দায় পরবে ইদু সম্প্রদায়ের মাথায়। তিনি বুঝতেন এটা একটা মিথ্যার, অনাচারের এক নতুন পথনাটক শুরু হবে। 

এজন্যেই তিনি শুধু নিজের রাম দাঁ নয় অন্য যারা আছেন এই পাড়ায় তাদের রাম দাঁ তেও ধার দিয়ে রাখতে বলেছিলেন।

ধ্রুবতারার মতন সেটাই সত্যিই সত্য হলো। ডাকাত পড়লো বিশর পাড়ায়। লুঠপাট এর শেষে শুরু হলো নারী নিগ্রহ।

মধ্যরাতে যতীন বাবু শেষ বারের মতন রাম দাঁ হাতে নিয়ে দৌঁড়লেন। পিছনে তার দুই ছেলে ভোলা আর শম্ভু। ধরা পরার পর দেখা গেলো, না এরা ইদুর কেউ নয়।রক্তাক্ত রাম দাঁ এরপরে আর পাঁঠার শিরচ্ছেদ করে নি।

জীবন এর মৃত্যুর পর রোজ সন্ধ্যায় জীবনের মা হাঁক পেড়ে কাঁদতে বসতেন। তার সুরেলা কন্ঠে ধ্বনিত হতো ' আমার জীবন না খাইলে আমি খাবো না রেএএএএ'।

দিন সপ্তাহ নয়, মাস শেষ হলো এই অশ্রুজলহীন ক্রন্দনে। এই কারনেই অতিষ্ঠ হয়ে কালিদাস বাবু তার জমি বাড়ি বিক্রি করে অন্য পাড়ায় পাড়ি দিয়েছিলেন। এর পরেও ওই নাকি কান্না চলতেই থাকলো। 

একরাতে যতীন বাবু রামদা হাতে নিয়ে পৌঁছলেন সেখানে। 

বললেন কোন বিবেকানন্দের জন্ম দিয়েছিস মাগি?

কোন বিরহে মরেছে এই চরিত্রহীন জীবন?

কত মুসলমান পরিবার কে উৎখাত করেছিস তোরা?

জীবনের মা মুখ খোলার আগেই দেখলো যতিন বাবুর সেই পুড়ানো রাম দাঁ টা। সে জানতো কি ভাবে সেদিন ইদুর দেহে মাটি দিয়ে দুই ছেলের হাত ধরে এই যতীন বাবু বাড়িতে ফিরেছিলেন।

সামান্য সময়ের মধ্যেই খাঁড়াটা নেমে এলো জীবনে মা এর কাঁধে। ঠিক পৈতার মতন দু টুকরো হয়ে গেলো জীবনের মা।

এই ঘটনার পর সমাদ্দার পরিবার পালিয়েছিলো বিশর পাড়া থেকে।

আর যতীন বাবুর কি হলো?

তিনি পাগল হয়ে গেলেন। সারাদিন সারারাত তিনি শুধু একটা মা দূর্গার হাতের থেকে নেওয়া টিনের তলোয়ার দিয়ে নিজের শরীরকে আঘাত করে চললেন।

শেষে তার সারাটা শরীর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হলো। 

তিনি মৃত হলেন।

বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ষাট এম এল

প্রথম ষাট এম এল সবে সবে শেষ হয়েছে, আরও একটু চাপিয়ে এক টুকরো মাছের টিক্কা মুখে নিয়ে পরবর্তী পরিকল্পনা। পিন্টু বোতলের দিকে চোখ রেখে ছিপ এর ফাতনাটা দেখছিলো। যেই না ফাতনা ডুবলো বেদম প্রতাপে হ্যাঁচকা টান দিলো পিন্টু। শোল মাছটা ধরা পরলো। হায়রে দুর্ভাগা শোল, আসলে খাদ্যের নির্বাচনে মাছের টিক্কা খাওয়ার বিষয়টা এই শোল বা সোল তার প্রজাতিই বুঝতে পারে নি। জলজ হয়েও জলের কথা না বোঝার অপরাধে সে আজ ধৃত।

এই পিন্টু আসলে সেই পুরনো শোলে সিনেমার গব্বর। মাছেরা না বুঝলেও এটা তার বড়দা নিরপেক্ষ ভাবে বোঝে। সামরিক অস্ত্র নয় খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত যারা তাদের বঁড়শিতে গেঁথে তুলতে তার বড়দা সিদ্ধহস্ত ছিলেন এটা সে দেখেছে, সে দেখেছে 

"এপার থেকে মারলাম ছুরি লাগলো কলাগাছে, 

হাঁটু বেয়ে রক্ত ঝড়ে কার বাবার সাধ্যি?"

আসলে কবিতা কখনো কখনো কপিতা হয়ে পরে, এটা আপাত আড়ম্বরের আড়ালে অতি সত্যি সহজ শব্দবন্ধ। 

বুঝতে একটু সময় লাগে, সেটা অনন্ত সময় নয়।সে সময় অত্যন্ত ন্যূনতম। সেটা ন্যানো সেকেন্ড বললেও বেশি বলা হয়। যদিও এই বোতাম টেপার যুগে বাস্তব বুঝতে আমৃত্যু ভাবতে হচ্ছে। মহাকাশ এ এখন কুকুর নয়, পুরুষ নয়, মহিলাও যাচ্ছে। অথচ এই শব্দবন্ধ বুঝতে কোনো মস্তিষ্কের এখন আর বহিঃপ্রকাশ দেখা যায় না।

পিন্টু দুইয়ে দুইয়ে চার বিষয়টা করতে পারে আর বাকি সব করে রব নেট এর লাইন ফুরাইলো।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে বড়দা পুকুরের দিকে তাকিয়ে বললেন হায় রামচন্দ্র। ঠিক তখন একটা শোল ঘাই দিলো।

শুরু হলো নতুন ভাবে চিনা প্রযুক্তির সাথে সাযুজ্য রেখে প্রাকৃতিক খাদ্যে মৎস্য কন্যা ও পুরুষকে আকর্ষণ করা। 

স্নেক যেমন শীত ঘুমের শেষে ক্ষুধার্ত হয়ে ওঠে স্নেক হেড ফিস গুলোও তেমন। পুকুরের জলের উপরিতল যখন উত্তপ্ত হয়ে থাকে তখন তারা পাঁকে মাথা গুঁজে রাখে। শীতের শেষে গ্রীষ্মের প্রাক্কালে তখন এদের পেটে থাকে ছুঁচোর ডন। পোড়া চিংড়ি মাছের আদিম ঘ্রানে সে মাথা তুললো ওই পাঁক থেকে।

এরপর এই পোড়া চিংড়ির সুগন্ধের সন্ধানে চোখ বুজে সে এগিয়ে চললো।

অবশেষে সামনে এলো সেই সুখাদ্য। গপ করে ঐ খাবারে প্রথমে পেট ভরিয়ে আর লেজের পাখনা ঝাঁকিয়ে সে দিয়েছিলো দৌড়।

জলের উপরে যে একটা ফাতনা আছে, সেটা ওই পুকুরের জলে ভাসে আর ডোবে সে বিষয় ছিলো তার কাছে অজানা।  যখন সুতোয় টান পরলো সে চার পাখনা তুলে ঝুলে পড়লো আকাশের অভিমুখে।

আজীবন পঙ্কে ডুবে থাকার ফল এই সম্প্রদায় বুঝতে শেখে নি। যুগ যুগ ধরে এই বঁড়শিতে যারা তাদের গাঁথে তাদের সাথে এই এখন সামান্য কিছু তারা বুঝতে শিখলো।

এরপর থেকেই আর চারে মাছ আসে না, ফুট দেয় না। আর পিন্টুও একটা দোলনায় চেপে পুকুর পারে বসে ওই ষাট এম এল এর স্বাদ ভুলেছে।

পিন্টুর বড়দা ওই ষাট এম এল নিয়ে এই লেখাটা শুরু করেছিল, লেখাটা শেষও হলো ওই ষাট এম এল এ।