বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কাম সারছে

 তাহাদের কি হইয়াছিলো জানি না তবে তাহারা বিদ্রোহী হইয়াছেন। হায়রে দ্রোহ শব্দে ঘাট হইয়াছে। এইরূপ শব্দ অভিধানে আসিল কোথা হইতে? এই শব্দ হয় বিদ্যাসাগর মহাশয় অথবা বঙ্কিমচন্দ্রের ন্যায় কোনো সচিবের কাজ। সেই পুনর্বার বিনাশ শব্দের কথা বলিতে হয়। কারণ  ইহাই বিপরীত বুদ্ধির কর্ম কর্তা। কিছুই মনকে আকৃষ্ট করে না। তবে দ্রোহ আর নাশ কাহার সৃষ্ট। 

অনুভূতি বলিল মানুষের।

ইহা মনুষ্য দ্বারা সৃষ্ট এবং পরিশ্রুত।

ইহা পানিয়ের ন্যায় তরল আবার গলাধঃকরণের পরিপন্থী।

গোল বাধিলো। কে আছেন আজ যে বা যাহারা তাহার আপন স্বভাব পরিবর্তনে, ন্যায়নিষ্ঠ না হইয়া আপন তেজস্বীকতাকে তেজস্ক্রিয়তায় পরিবর্তিত করিয়া আয়ুস্মান হইতে বদ্ধপরিকর। 

সহাস্য প্রতিবেদন না পাওয়াই অত্যন্ত স্বাভাবিক।

যাহার দায় নাই তাহার আবার দায়িত্ব।

ছোলা একটি শব্দ কিন্ত আছোলা কোথা হইতে আসিল?

অধিক লিখিলে আপনারাই বলিবেন

"কাম সারছে"।

বুধবার, ২৯ জুন, ২০২২

নস্টালজিক শরৎ

 "পরদিন প্রমীলা পড়িতে আসিল না, সুরেন্দ্রেরও তত মনে হইল না। তার পরদিনও আসিল না- সেদিনও অমনি গেলো। 

তৃতীয় দিবস প্রমীলাকে দেখিতে পাইয়া ,  সুরেন্দ্রনাথ একজন ভৃত্যকে কহিল, প্রমীলাকে ডেকে আন। 

ভৃত্য ভিতর হইতে ফিরিয়া আসিয়া কহিল, ছোটদিদি আপনার কাছে পড়বেন না।

কার কাছে পড়বে?

ভৃত্য বুদ্ধি খরচ করিয়া বলিল, অন্য মাস্টার আসবে।"


শরৎ চন্দ্রের নস্টালজিয়া আজও অকৃত্রিম ভাবে রয়ে গেছে। বাংলা ভাষা ও ন্যারেটিভ শেখার সবথেকে ভালো মাধ্যম "শরৎ-সাহিত্য।"

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বৃহন্নলা

তারা বৃহন্নলা, আমাকে ভাই মানে। রাস্তায় দেখা পেলেই কি ভাবে আপ‍্যায়ন করবে ভেবে পায় না। আমি একদিন বললাম, "দিদি তুই আমায় খুব ভালোবাসিস আমি বুঝি, কিন্তু সমাজ তোদের কোনো সম্মান করে না। আমাকে তোরা মায়ার বাঁধনে আর বাঁধিস না।"

দিদি বললো, "ভালো বলছিস ভাই। আমরা সবাই তোকে শুধু ফোঁটা দিয়ে যাবো। ঐ দিনটা আসতে ভুলিস না।"

এভাবেই চলছিল। সেবার আমি ব্যাবসায়িক কারনে কোলকাতার বাইরে ছিলাম। সেবার ভুলেই গেছিলাম দিদির কথা। বাড়িতে ফিরলাম ভাইফোঁটার কয়েক দিন পর। 

আজও বলতে দ্বিধা নেই, আমার মেয়ে বললো, "পিসি সেই থেকে উপবাসি। তুমি আগে পিসির বাড়ি যাও।"

সেদিন গেছিলাম। দিদি ফোঁটা দিয়েছিল। তারপর একসাথে বসে আনন্দ করে দু'জনে দুপুরের খাওয়া- দাওয়া সেরে বাড়ি ফিরেছিলাম। বলে ছিলাম, "দিদি আর ভুল হবে না।"

এরপর কি ভাবে বছর ঘুরে গেছে জানি না। কালীপূজোর পর দিদির নেমন্তন্নের অপেক্ষায় ছিলাম। না দিদি ডাকলো না। ভাবলাম হয়তো পরীক্ষা করছে আমাকে।

ভাইফো়ঁটার দিন সকালে সাজগোজ করে পৌছলাম ওর বাড়িতে।

কিন্তু কোথায় কে? 

শুনলাম ওর কোভিড হয়েছিল। 

বৃহন্নলাদের মৃত্যুর খবর পরিবেশিত হয় না। মৃত্যুর পর তার সমাজ তাকে মৃত ঘোষনা করেনা। অন্ধকারের আড়াল তাদের সমাহিত করা হয়।

দিদি চলে গেছে তবে স্মৃতি রেখে গেছে। আমার কাছে এটাই অমৃত।

সোমবার, ২৭ জুন, ২০২২

চোখের আলোয়

পঞ্চ ইন্দ্রিয়ের প্রথম স্থানে আছে চক্ষু বা চোখ। আমরা যখন নিদ্রিত থাকি আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং তার মধ্যে যে প্রথম অর্থাৎ চোখ সর্বপ্রথম নিস্ক্রিয় হয়। আমরা যখন চেতনা হারাই অর্থাৎ অজ্ঞান হই তখনও চোখ প্রথম নিস্ক্রিয় হয়। আর পঞ্চত্ব? সেখানেও তাই। মুখ্যত চোখ বড় বিষম ইন্দ্রিয়। এ সর্বদা ই প্রথম।


এজন্যই দান এর প্রথম উৎস চোখ। চোখ এর মাধ্যমে আমাদের মানসিকতার প্রতিফলন পাওয়ার কথা মনোবিদরা বলে থাকেন। প্রেম পরিণয় ইত্যাদি বিষয়েও চোখ প্রাধান্য পায়। "চোখের আলোয় দেখেছিলেম" ......... একথা কবিও বলেন।  

তবে যা  আজও অজানা তা হলো পাপাত্মা কখনো মহাত্মার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আমি এর উৎস খুঁজে বেড়াচ্ছি। জানতে পারলে মানুষের দরবারে তা তুলে ধরবো।

রবিবার, ২৬ জুন, ২০২২

পদ্মা

 সেই সেকালের পদ্মা নদীর মাঝি।  এবার পদ্মার  খরস্রোত আর বৃহৎ বিষয় রইলো না। ওহে পদ্মা  তুমি তোমার নানা রংয়ের দিন ভুলে যাও। আমি  ঋজু হতে পারি তবে  ছ'টা ঋতুতে তোমার ভয়ে মরবো না। তোমাকে পিষ্ট করবো চাকার ঘর্ষণে। তবে প্রতিদিন তোমাকে নিয়েই ভাববো। তুমি আর হাসি কান্না হিরে পান্না নও। গঙ্গা, ব্রহ্মপুত্রের পর তোমাকে ও হার মানতে হলো। সভ্যতার কথা অসভ্যের মতন লিখছি।

শুক্রবার, ২৪ জুন, ২০২২

বাঁটুল

 

:বাঁটুল:

হেতেন কোচ আমার দাদা এবং বন্ধু। গারো পাহাড়ে তার সাথে পরিচয়। আমার সাত মাস বয়সের মেয়েটাকে কোলে নিয়ে তার সরল নৃত্য দেখে আমি মুগ্ধ। তাদের নিজেদের নাচের তাল ও লয় আজও আমি শুনতে পাই। ছোট্টো মেয়েটাও কি খুশি। বাড়িতে এলেই ঝাঁপিয়ে চলে যেত ওর কাছে। শুরু হত নাচ " ধাগে ন্নাকে নাকেন্না"। গারো পাহাড়ে আমার শ্বশুরবাড়ি। সেই টানেই অনেক বার গেছি ওখানে। এই সরল সহজ মানুষটার  প্রথম জীবনের অনেক গল্প শুনেছি। 

পাহাড়ি মানুষের চেহারা খুব শক্ত সমর্থ হয়। হেতেনদাও ঠিক সেরকমই। আর বিশ্বাসের কথা না হয় নাই বললাম। আমার শ্বশুর মশাই যখন কোলকাতায় আসতেন তখন ওই বাড়ীর মালিক হেতেনদা।

স্কুলে পড়ার সময় ও খুব ভালো ফুটবল খেলতো। কলেজে পড়াকালীন স্টেট লেভেলের প্লেয়ার। পশ্চিম গারো পাহাড়ের মানুষ বলতো ও একদিন দেশের হয়ে খেলবে। বিধবা মা'কে একা ফেলে রেখে ও আসতে পারে নি। এটা ভবিতব্য। পাহাড়ের মানুষ পাহাড়ের চুড়োয় উঠবে এ কথা পাহাড়ের মানুষ বলে না। সে তো জাতেই শেরপা এটা আর বলার কি আছে? 

আমার সাথে যখন ওর পরিচয়, ও তখন চকপত  খাদান থেকে কয়লা সাপ্লাই করতো বাংলাদেশে। ব্যবসাটা ছিল স্থানীয় এম এল এ'র। ও গাড়ি প্রতি একটা টাকা পেত। বেশী দিন এ কাজও করতে পারেনি। ওর সারল্য এই ব্যবসার জন্যে ক্ষতিকর। কাজেই কালক্রমে আবার বেকার। 

রাজনীতিতে এই রকম ছেলে ছোকরাদের যা হয় তাই হল। সকাল সন্ধ্যা মদে ডুবে গেলো হেতেন দা। আর পরিণতি আমাদের ছেড়ে ওর চলে যাওয়া। ছ-বছর হলো হেতেনদা যার  ডাকনাম বাঁটুল, দিয়েছিলো আমার ভাই, সে অভিমানী হয়েছে। আমাদের সাথে আর কোনদিন সে দেখা করবে না।

বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বাংলার আম

 আম পাঠাবেন এটাই স্বাভাবিক। এতো বাংলার অনন্য সম্পদ। এই স্বাদ সকলেরই ভালো লাগে। রসালো ফল যা সারা বিশ্বে নিজের স্থান স্পষ্ট করেছে। পলাশীর সেই প্রান্তর একদিন  রায় দুর্লভ আর জগৎসেঠ এর। তবে আম ওদের পক্ষেই আছে আজও। সে মিরজাফর হয়নি।

অবিভক্ত বাংলা যে স্বাদে গন্ধে আহ্লাদ করত বিভক্ত বাংলার মানুষ আজ ও সেই স্বাদ থেকে বঞ্চিত নন। মহান মুর্শিদাবাদ তৎসহ মালদা আম উৎপাদনে আজও অসামান্য। 

শুধু আম পাঠিয়ে নয়, আমসি, আচার, আমচুর, আমসত্ব সবকিছুই এই বাংলার। 

শুধু বৈচিত্র ব্যবহারে।

সেই গানটার মতন

ছন্দে ছন্দে গানে কি বলে যায়

ঘুঙরু।

বুধবার, ২২ জুন, ২০২২

মর্মার্থ কোটেশন নয়

 কোনো লেখা কোটেশন বদ্ধ হওয়ার একটাই অর্থ হয়। আমি আর পারছি না।  যেমন গরুর রচনা। গরু গৃহপালিত। গরু ঘাষ খায় জাবরায়। গরুর গোবর ইত্যাদি প্রভৃতি। এর পর লিখতে বসে বললাম, এই প্রাণী সাম্প্রদায়িক প্রাণী। ইহাকে কাটিয়া খাইলে হিন্দু বর্গের মানুষ রাগান্বিত হন। হিন্দুরা এই পশুকে মা মানেন।

এভাবে আমি কখনো লিখি না । অন্যভাবে বললে এটাই বলবো আমার সাধারন জ্ঞানে এটা নেই। তবে এটা কোনো উৎকৃষ্ট মানুষের পাথেয় হতে পারে কি? বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত মানুষ " শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একথা বারবার লিখেছেন। তিনি ইংরাজি সাহিত্যের মানুষ। পরবর্তীকালে বাংলাভাষার উন্নয়নের পথপ্রদর্শক।

অবশেষে এটা বললাম কারণ এটা বাংলা সাহিত্যের মাধুরীকে প্রলম্বিত করবে।

বাংলা সংস্কৃতি কাম করনিকে কখনোই উৎকৃষ্ট না ঘৃণ্য তা বলতে বা প্রকাশ করতে বলে না। কারণ অন্তর্নিহিত। এটা ইউরোপ বা আমেরিকা নয়।  এখানে এইভাবে কোনো মানুষ যদি বলেন যে বাড়ির কাম করণি আমার লেখার মর্মার্থ বুঝে তওবা তওবা করেছেন। অর্থাৎ এ লেখা উৎকৃষ্ট, সমাজ  মানবে না।

আমি এ ভাবেই ভাবি এবং লিখি।

বর্ষার শিলিগুড়ি ১

 বর্ষা আমার প্রিয় ঋতু।  আমার কর্মজীবন শুরু হয় বর্ষায়। প্রথম শুরুটা এই শিলিগুড়িতে। মজার কথা হল ঐ সময় উত্তরবঙ্গ বরাবর ই বানভাসি হোতো। আমার কাছে খুব আশীর্বাদ এই বর্ষা। প্রথম দু-মাসে কাজ করতে হয়েছিল দশ-বারো দিন। বাকি পঞ্চাশ দিন নাগা। চা বাগানে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ আসতো না। কাজ বলতে একটাই। ট্রিমিং। আসল পড়াশোনা ঐ সময়েই শুরু হয়। সাহিত্যের প্রতি অনুরাগ মূলত রবীন্দ্র সাহিত্যে ঐ সময়টায়। আমার কাছে আজও যা অমূল্য। 

কাজের সাথে বা আমার পেশার সাথে সেই যুবক বয়সেই আমার বৈরিতা। 

এরপর কানপুর, লক্ষ্ণৌ, ইন্দোর, কচ্ছ, অবশেষে সেই উত্তরবঙ্গ।

নতুন করে আলপচারিতা আর কতিপয় সিনিয়র বামপন্থী বন্ধুর সাথে সাহিত্য আর সঙ্গীত নিয়ে প্রতিদিনের আড্ডাবাজি। পিযুসদা, উজ্জ্বলদা, অশোকদা, সুকুমারদা তখন আমার বন্ধু। আমার বাবা কিভাবে এইসব খবর পেয়েছিলেন জানি না। আমাকে বললেন আর চাকরি নয়, বাড়িতে ফিরে এসো। সেই শেষ বার আমার শিলিগুড়ি যাওয়া। ভাগ্যিস মধ্যগগনে ওখানে যাই নি!!

মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বর্ষার শিলিগুড়ি

 একদিকে হিলকার্ট রোড আর তির্যক ভাবে তাকে ছেদ করেছে সেবক রোড। পাহাড়ে বৃষ্টি হলে মহানন্দা ছাপিয়ে জলে ভরে ওঠে গোটা শিলিগুড়ি। আমি আশির দশকের শেষের দিকে প্রথম শিলিগুড়ি যাই। তখন থাকতাম হাকিম পাড়ায়। কাজের পরিসর ছিল কার্শিয়াং সংলগ্ন চা বাগান। ঐ সময় হাকিম পাড়ায় বেশিরভাগ ঘরবাড়ী ছিলো কাঠের। আমি থাকতাম সান্যাল সাহেবের বাংলোয়। ওনার বাবা রবীন্দ্র অনুরাগী ছিলেন। বাড়ি ছিলো অঢেল বই পত্রে ভরা। ওনার নিজস্ব লাইব্রেরী ছিল ম্যাজানাইন ফ্লোরে। ওই ঘরটা আমার থাকার জন্য দেওয়া হলো। রবীন্দ্র সাহিত্যে হাতেখড়ি হয় ঐ সময়। কাজ করার জন্যে ভোর বেলায় বেড়িয়ে যেতাম কার্শিয়াং। সন্ধ্যার আগেই ফিরতাম বাড়িতে। বর্ষার অভিজ্ঞতা তখনকার। তখন নদীর জল দেখে সেদিনের কাজ কর্মের ফিরিস্তি দিতেন সাহেব। হোটেলে থাকা শুরু হয় নব্বইয়ের দশকে। থাকতাম হোটেল এয়ারভিউ। খাওয়া দাওয়ার জন্যে চলে যেতাম হরিয়ানা হোটেল মারোয়ারি খানায়। এতকিছু বলছি এই কারণে শিলিগুড়ির বর্ষা আমি দেখেছি। গতকাল যখন অতিবৃষ্টি তে সমস্ত শিলিগুড়ি দেখলাম মনে পড়ছিল এই সব দৃশ্য। তখন প্রথম ভাসতো গুরুং বস্তি এরপর একে একে প্রধান নগর, হাকিম পাড়া এক কথায় সমগ্ৰ শিলিগুড়ি। হোটেলের বারান্দায় বসে ধোঁয়ায় ঢাকা দার্জিলিং পাহাড় আজ আর দেখা যায় কিনা জানি না। মনটা খুব চঞ্চল হয়েছে কিন্ত শরীর মানছে না।

সোমবার, ২০ জুন, ২০২২

বিলাপ

 ছাল বাকলা যাচ্ছে উঠে

যাচ্ছে উঠে ছাল বাকলা

আমরা সবাই ভৈরব গাই

সকাল থেকে সন্ধ্যা বেলা।

এমন কেন গাইছে গায়ক

দেখতে এলেন আলাউদ্দিন

বলল সবাই এক নিমেষে

জানি নাতো কে রাত কে দিন।

রাগের সুরের দিন আজ নেই

এখন শুধুই বিলাপ করা,

আপনি ছিলেন আপনি আছেন

আমরা শিখেছি বেসুর করা।

অদ্ভুত গণতন্ত্র

 আমরা আপনাদের চাকরি দিয়েছি কিন্তু আপনাদের এই চাকরি থেকে বহিষ্কার করার অধিকার আমাদের নেই। আর আপনারা আমাদের দ্বারা চাকরি পেয়ে আমাদের চাকরি দেওয়ার ও না দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। এটা অদ্ভুত এক গণতন্ত্র। গানটা ছেলেবেলা থেকে শুনে আসছি। "বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা।" ব্রিটিশ রাজের বিরুদ্ধে সেদিন কবি যা লিখেছিলেন সেই ইতিহাস পুনরাবৃত্তির  সময় এসেছে। প্রতিদিন, প্রতিক্ষণ মানুষের কাছে গণতন্ত্রের এই নগ্নতা ধরা পরছে। শাসকদের বিরুদ্ধে কিছু বলা, সে কালে যা ছিলো একালেও তা'ই আছে। অর্থাৎ আমি রাজদ্রোহি। করার কিছু নেই। সেকালে গৌর কিশোর ঘোষ এই অপরাধে অপরাধী আজ না হয় অন্য কেউ। প্রতিবাদ না করাটা এর থেকেও বড় অপরাধ বলে আমি মনে করি। কবির সেই আক্ষেপ আজ মনে পড়ে ' তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।'

রবিবার, ১৯ জুন, ২০২২

ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল

 ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল সম্প্রদায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সর্বকালের অনন্য অধিভৌতিক একটি চরিত্র। ইহা বিলোপ ঘটিবার নহে। ইহারা কেবল বাকচাতুর্যে বলীয়ান নন বাহুবলী রূপ ধারণেও ইহারা সিদ্ধহস্ত। দেবাদিদেব এর বাহন ক্রোধান্বিত হইলে ইহারা যমরাজ এর বাহনের শরনাপন্ন হন। কতিপয় বাহন ভৌ ভৌ রবে ভূবন বিদীর্ণ করেন কতিপয় ভীত হইয়া আপন কর্মে পৌরুষ রক্ষায় ব্রতী হন। 

বর্তমানে মর্ত্যে স্বয়ংসিদ্ধ সাধুসম্প্রদায় এর আবির্ভাব ঘটিয়াছে। তাঁহারা নব্য ভারত গঠনে ব্রতী হইয়াছেন। তাঁহাদের প্রকল্প হইল নব্য ব্রজধাম নির্মাণ। ইহার নির্মাণ কার্য সম্পাদনে তাহারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বরাত দিতেও পিছুপা নন। হায় রাম ইহাও দেখিবার ছিল? যাহারা রজ গুনি তাহারা রাবণের ন্যায় ভাবিতে অভ্যস্ত। অতঃপর যাহা ঘটিবে তাহা এইরূপ। মহাদেবের ষাঁড় পথমধ্যে ক্রোধ দেখাইবে, যমরাজের সারমেয় ভীত-সন্ত্রস্ত হইয়া ভৌ ভৌ করিবে আর জীবশ্রেষ্ঠ মনুষ্য সম্প্রদায় হায় হায় করিবে। 

বিঃ দ্রঃ কৃয়ৎ মনুষ্যবর্গ লড়াইয়ে ব্রতী হইবেন।

শনিবার, ১৮ জুন, ২০২২

সপাট

 সেই সপাট বাজনা এখন আর বাজে না। কোথায় যেন একটা খামতি। উদাত্ত্ব গলায় গান গাওয়া সপাট বাজনা বাজানো কথা গুলো স্বাভাবিক কথা থেকে উবে গেছে। সপাট শব্দটা ক্রিকেট ধারাবিবরণীতেও ব্যবহার হত। যেমন গুন্ডাপ্পা বিশ্বনাথ সপাটে ব্যাট চালিয়েছেন ইত্যাদি। এখন বাংলা ভাষার চলন বদলে গেছে। সপাট কথাটা তারের বাদ্যযন্ত্রে সম্পূর্ণ রূপ ব্যাখ্যায় ব্যবহার হয় আর ক্রিকেটিয় পরিভাষায় একে অপ্রতিরোধ্য বলা যেতে পারে। সপাটে থাপ্পর কথাটা ও আমাদের কাছে পরিচিত। আসল কথা হল উপসর্গের প্রয়োগ এখনও হয় তবে সেগুলো বাংলা শব্দে নয়। তবে অনুপ্রাসকে নকল করতে পারে নি । 

গগনে গরজি মেঘ 

ঘন বরষা।

শুক্রবার, ১৭ জুন, ২০২২

তারা গোরু নয়

 অবশেষে গোবলয় ক্রোধান্বিত হইয়াছে তৎসহ তাহাদের যুবসমাজ। পিতৃপিতামহ রাম নামে আল্হাদিত হইত কিন্ত্ত তাহারা নন। তাহাদের টনক নড়িয়াছে। তাহাদের মন আজ এইরূপ ভাবিতেছেন, জন্মের পর নির্বিকল্প সমাধি? তাহারা রাম নাম সত্য হ্যায় মানেন তবে তাহা যৌবনে নয়। 

সাধুসং মন্দ নয় তবে অসাধুর সহিত একাত্ব হইয়া, যৎপরোনাস্তি বুঝিয়া, আনাড়ির ন্যায় জীবন যাপনে যদি বা মন-মস্তিষ্ক মূর্খের ন্যায় চালিত হইত, স্টম্যাক বাধ সাধিল।  অতঃপর যাহা ঘটিতেছে তাহা ঘটিবারই ছিল। 

গোবলয়ের মানুষ প্রমান করিবে, তাহারা গো নন।

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

কারে কয় সাংবাদিকতা

 আজ সাপ্তাহিক বর্তমান পত্রিকায় লেখক অমর মিত্র'র কলমে বিশেষ রচনাটি পড়লাম। লেখাটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। যে ব্যাক্তিত্বের বিষয় তিনি উপস্থাপন করেছেন তিনি অত্যন্ত বিরল ব্যাক্তিত্ব সাংবাদিকতায়। একজন ঔপন্যাসিক হিসেবে তিনি এক স্বতন্র ব্যাক্তিত্ব। আগামী ২০শে জুন তিনি শতবর্ষে পৌঁছবেন। আজকের দিনে সেই প্রাসঙ্গিক মানুষটি হলেন " গৌরকিশোর ঘোষ"।  পরিবারের সাংস্কৃতিক পরিমন্ডল খুব ছোট বয়সেই নানান পত্র-পত্রিকা, সংবাদ পত্র পড়ার একটা অভ্যাস তৈরী করে দিয়েছিল। সেই কারণেই 'গৌড়ানন্দ কবি ভনে ' সূচক সাপ্তাহিক আনন্দবাজার পত্রিকার লেখা গুলো আমার পড়া। ১১-১২ বছর বয়সে প্রতি মঙ্গলবার পড়া সেই লেখা গুলো আজকে ও ভাবতে ভালো লাগে। কালক্রমে সে লেখায় ইতি পরে। আজ তার কারণ জানলাম। এর পর প্রাপ্ত বয়সে তার লেখা উপন্যাসের সাথে আত্মিক এক সম্পর্ক তৈরি হয়। নতুন প্রজন্মের কাছে তাকে পরিচিত করে তোলা আমাদের কর্তব্য।

মধুর অতীত

 পশ্চিম গারো পাহাড় তুরা থেকে রওনা দিলাম বারেঙ্গাপাড়া। প্রথম বার এই গারো পাহাড়ে। নিচের সমতলে আমার শ্বশুর বাড়ি। চলেছি জামাইষষ্ঠিতে। উল্টো দিকটা বাংলাদেশের ময়মনসিংহ জেলা। গাড়ি টা থামলো। এটা নাকি এখানকার কামাক্ষ্যা মন্দির। নাম খারেংগিরি। তারপর গাড়ি ছুটছে। সামনের দিকে তাকিয়ে সরলরৈখিক পথ দেখছি আর ভাবছি কত দূর? না গাড়ি থামলো। নতুন জামাইকে দেখে গ্রামবাসীর মন ভরলো না। মুখে মুখে রটে গেলো ভটবাবুর ছোটজামাই একদম কচি খোকা। আমি মনে মনে হেসেছিলাম। আমি কড়ায় গন্ডায় তিন দশক পার করে ফেলেছি এটা এরা কেউ বোঝে নি।

রসে-বশে

 বেশ রান্না করেছো। ধোকার ডালনা আর চিংড়ির মালাইকারি। আমার মনে হচ্ছে এটা স্বাদ আর আল্হাদের রান্না। কে আসবে আর কেনোই বা আসবে ? কিন্তু রান্না তৈরী শুধু খাদকের অপেক্ষা। দেখা যাক কোন মানুষ এহেন খাবার খেতে আসে। পাত পেড়ে খাওয়ার যুগ শেষ। এখন রাজা নেই আছে রাজসিক খাবার দাবার।  খাদক পাওয়া খুব কঠিন।

সেকুলারিজম

 সেকুলার শব্দটা এদেশে জন্মলগ্ন থেকেই ধর্মীয় স্বার্থে ব্যবহৃত। সব ধর্মের সমান অধিকার রক্ষার নাম সেকুলারিজম। ধর্মের নামে যে যা করবে সেটাই গ্রহনযোগ্য। অর্থাৎ 

যে ধর্মে যা আছে তা থাকবে। কুমির ছানা দেখানোর সেই পুরোনো কৌশল। ধর্ম বিষয়টা এক বস্তা পচা বিষয়। ওটাকে রাখতে হবে। ওটাকে সর্বান্তকরণে হটিয়ে দেওয়া যাবে না।


সরল অর্থে ধর্ম থাকবে না তবে ধর্মের ষাঁড় সমাজে প্রতিস্ঠা পাবে। 


কিম্ভুতকিমাকার সেকুলারিজম।

মাইকেল

 তিনি ছিলেন মধূসুদন দত্ত। কালক্রমে মাইকেল হলেন। শিক্ষা তাঁকে ধর্মত্যাগী করলো। সমুদ্র পার হলেন। পার হলেন বাংলার এই আদ্যপ্রান্ত ধর্মের সংস্কার থেকে। মুক্ত হতে গিয়ে তিনি আবিস্কার করলেন আর ও নতুন ধর্মের। প্রাগ থেকে নব। তবে তার ও বাধ্যবাধকতা কম নয়। অবশেষে ভাবাবেগ প্রশমিত হলো। বড়ো দেরি হয়ে গেছে তখন। ভাবাবেগে ক্ষমা করতে বলছেন তাঁর প্রাগ পিতৃপুরুষ কে। তারপর? মহাপ্রলয়। মহাকাব্যের মহাকাব্যিক।