টাম্বলিং আফটার
বোল্ডার ভরা মোহনার পাশে কাঁচা সোনার বাজার বসে সুপ্রভাত এর সামান্য আগে। জলের শব্দের সাথে মানুষ এর শব্দের মেলবন্ধন ঘটে প্রতিদিন। সুদিনের সম্ভাবনা এই জ্যান্ত সোনার ভান্ডারে অন্তর্নিহিত। এই সোনা খনিজাত নয়, সমুদ্রজাত।
বিজয় এ কথা ব্যবসার শুরুতেই বুঝেছিলো। এই সমুদ্র পারের সাথে তার সম্পর্ক বেশী দিনের নয়, খুব বেশি হলে তিন দশক হবে।
প্রথম যেদিন সে এসেছিল ডায়মন্ড হারবারে সেদিন সকালে মহাজন এক হাজার টাকা দিয়ে বিকেলে এক হাজার একশ ফেরত নিতো। এই নির্ভরতায় ভর করেই তার ব্যবসার শুরু। শুরুতেই সে বুঝেছিলো দেখতে রূপালী হলেও সেখানে রয়েছে সোনালী স্বপ্নের স্বাদ। এই বাংলা তার পিতৃপুরুষের স্বভূমি নয়। তিন পুরুষ আগে বিহার এর পাটনা ছিলো তাদের আদি বাসস্থান। আসলে বাংলা-বিহার-ওড়িশা মিলিয়ে সে যুগের বৃহৎ বাংলার অধিবাসী তারা। এর পর এই পুড়ানো কোলকাতার এক জেলে বস্তিতে ভাই-বোন, মা-বাবা মিলিয়ে দশ জনের তার পরিবার। জেলে পাড়ার বস্তিতে যে দিন তার জন্ম হয়, সেটা ষাটের দশকের এই বাংলা। অভাবের সংসারে শিক্ষা অর্জনের সংগতি ছিলো না, হয় ও নি। এ নিয়ে তার কোনো আফসোস ও নেই। সে কখনো ফেলে আসা জীবনের কথা ভাবতে চায় না, চায় নতুনের সাথে একাত্মতা। সেখানে সে কখনো পরাজিত আবার কখনো এক ব্যাতিক্রান্ত সম্প্রসারণ।
বিজয় তখন বারো ছেড়ে তেরো বছরে পরেছে। কোলকাতা তখন উত্তাল এক মিছিল নগরী। কখনো শিয়ালদা স্টেশন চত্বরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভিখারীর পোষাকে শিক্ষিত মানুষের গান, মূহুর্তের মধ্যেই লাঠি উঁচিয়ে পুলিশের নিগ্রহ। খেটো ধুতি আর মলিন পাঞ্জাবি লাল হয়ে উঠতো প্রতিদিন প্রতিনিয়ত। বিজয় এসব দেখেছে। আড়ালে আবডালে বালতি ভরে জল নিয়ে গেছে, রক্ত ধুয়ে দিয়েছে শুকিয়ে যাবার আগে। এক গ্লাস জল বাড়িয়ে দেয় ওই রক্তাক্ত ছেলেটাকে। এই থেকেই সামান্য হাতেখড়ি রাজনীতিতে। এর পর কখনো ছেঁড়া প্যান্ট খোলা শরীরে ব্যাগ ভর্তি বোমা নিয়ে সে পৌঁছে দিয়েছে সেই রক্তাক্ত ছেলেগুলোর হাতে। কখনো সে শুনেছে কাল রাতে এনকাউন্টারে রজতদা মারা গেছেন, কখনো শুনতো বলাইয়ের বোম এর আঘাতে চারজন পুলিশ আহত হয়েছে।
এই সব খবর তাকে তেমন কষ্ট না দিলেও একটা অধিকারের অনুভূতি থেকে যেতো। সে ভাবতো কিসের জন্যে এমন হয়? বুঝতে প্রায় দশ দশটা বছর লেগেছিল। স্বাধীনতার পরেও যে পরাধীনতার রেশ থেকে গেছে এ কথা সে বুঝেছে যৌবনে। তবে সে কখনো রাজনৈতিক আঙিনায় পা রাখে নি। অভাবের তাড়নায় হয়ত হয়ে ওঠেনি। সংসার চালাতে সেই বাচ্চা বয়েস থেকেই শুরু কঠোর পরিশ্রম করা। একে একে তার ছোট তিন ভাইও শুরু করেছিল পথচলা। সেই পথই তাদের নতুন জীবন পেতে উৎসাহিত করেছে। বিজয় অতীত মনে রাখতে চায় না ঠিকই কিন্তু বন্ধুদের সাথে গল্প করতে বসলে অতীত সামনে এসে দাঁড়ায়।
আসলে বিজ্ঞানের যুগে জীবাশ্মের পর্যবেক্ষণ হয়। অদম্য উৎসাহে অতীতকে খুঁজে পাওয়ার আনন্দ একটু আলাদা মানের। হয়তো আরশোলা আজও বেঁচে আছে এক আদিম অকৃত্রিম প্রাণ হিসেবে কিন্তু যে প্রানের অবলুপ্তি ঘটেছে ঠিক সেখানেই মানুষের চোখ। এই সেই অতীত, এই সেই হারানো সুর। হয়তো সেই সুর কান দুটোর কাছে ঝিঁ ঝিঁ পোকার কান্নার মতন তবুও সে স্বর আমাদের কাছে অত্যন্ত নষ্টালজিক।
থাক এসব কথা। আরো কিছু বলা যেতে পারে এই অতীত নিয়ে। এই অতীত জীবাশ্ম থেকে কিছু আলাদা। এই অতীত প্রাত্যহিক জীবনে প্রতিদিন এসে পরে সামান্য সময়ের পরে। সে কখনো সঙ্গীত, কখনো সাহিত্য, কখনো ফল্গু নদীর পারে বসে শ্বেত বস্ত্রে চোখ বন্ধ করে নতুন করে পাওয়া।
এই মানুষ শব্দের শুরুতেই সৃষ্টির সাথে অতীতের সহমর্মিতার পথ তৈরী হয়েছিল। প্রজ্ঞার প্রতিষ্ঠা করা মানুষ শব্দের সাথেই অতীত আবর্তিত।
এখনো বকফুল গাছে বকফুল হয়, মহুয়া গাছে মহুয়া ফুল ফোটে, প্রখর গ্রীষ্মে আজকেও শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফোটে, এখনও গন্ধরাজ, মাধবীলতার প্রকাশ ঘটে এই রুদ্র শুষ্ক গ্রীষ্মে।
আসলে চরম উত্তাপে খাল, বিল, নদী, নালা শুকিয়ে গেলেও সাগর শুকোয় না। আসলে এই নব সভ্যতার যুগে আমি একজন পিছিয়ে পরা প্রাণ কারণ সে অতীতের কাছে নিজের সত্ত্বাকে খুঁজে বেড়ায়।
:২:
বাংলায় রেনেসাঁ শুরু হয়েছিল রাজা রামমোহন রায় এর হাত ধরে; তখন অবিভক্ত বাংলা। ইংরেজ বণিক অতীতের দিনগুলো আজও তাদের উইকিপিডিয়ায় শিক্ষার পরিসরের মধ্যে রেখেছে যে অতীত এই আধুনিক ভারতীয় বসম্বদেরা ভুলেছে। তারা বাংলাকে দুখন্ড করে পরিত্রাণ চেয়েছিলো, পায় নি। পেয়েছিলো আরো আরো প্রভু আরো আরো এমনি করে আমায় মারো কথায় প্রত্যুত্তর।
দশরথ পুত্র রাম লঙ্কার যুদ্ধে যখন একের পর এক বান নিক্ষেপ করছেন, আর রাবণ অট্টহাসিতে ভূবন ভরাচ্ছে তখন রাম পিছন ফিরে তাকিয়ে ছিলো।
একদিকে মৃত্যুহীন প্রান অন্যদিকে অনুতপ্ত বনবাসী রাম নিজ ভূমে পরবাসী। নির্বীজ দশরথ তিনটে মেয়েকে ঘরে এনেছিল। ওই তিনজনকে এনেও যখন সন্তান হলো না তখন কোনো এক উর্বর বর তার পরিবারে পুত্রের পর পুত্রে ভরিয়ে তুললো। সেখানেও সেই কৈ কে ই। হ্যাঁ নিদ্রার আড়ালে কে কখন কোন ঘরে এসেছে বা আসে নি সে কথা দশরথ জানেন না। শুধুই অভিশাপের পুত্র লাভ নিয়ে তিনি পৌরুষ প্রকাশ করতে ব্যাস্ত।
থাক এসব আদী আখ্যান। আধুনিকতার যুগে সবার এই রাম, হনুমানের আধিপত্য দেখে সামান্য লিখন।
বিজয় এসব শুনেছে, বলেছে তুমি বিধর্মী কিন্তু ত্যাগ করে নি। এটা কোন বন্ধুত্বের বন্ধন?
বিজয় রাম বা কৃষ্ণ কে কতটা মাথায় বহন করে, কখনো কথার বন্ধনে প্রকাশ না করলেও সে যে পরোলোক বিরোধী এবং পাপ পুণ্য সমস্ত কিছুই যে ইহলোক এর বিষয় এ কথা সে তার কাজের মাধ্যমে বুঝিয়েছে; বুঝিয়েছে জীব প্রেমের মধ্যেই শিব সেবা হয়।
অসংখ্য শ্রমিক তার ছাতার তলায় থেকে নিশ্চিন্তে সংসার চালায়, অসংখ্য মেধার বিকাশে বিজয় সিদ্ধহস্ত।মা-বাবা গত হওয়ার পরে তাকে কেউ আফশোস করতে দেখে নি শুধু সে বলেছে তাদের বাঁচিয়ে তুলতে তার মাথার পাশে থাকার বাইরে তার প্রতি আর ভরতকোনো কর্তব্য থাকতে পারে, এ কথা আমি মানি না। মনে হয় এই চুড়ান্ত বাস্তব বোধই এই গভীর বন্ধুত্বের মূল বন্ধন। তর্ক অনেক হয় দুই বন্ধুর তবে ঝগড়া হয় নি কখনো।
:৩:
রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন নিয়ে যে পরিবার সেখানে ম্যান চারজন থাকলেও ম্যান পাওয়ার টা দুজনের এ কথা সবাই জানেন। ওই রাম আর সাধের ভাই লক্ষ্মণ।
বিজয় এর চলার পথটাও ঠিক তেমন। লক্ষ শত সমস্যা সে সংসারের হোক বা ব্যবসার সব বিষয় একান্তই তাদের। ভরত আর শত্রুঘ্ন সেই রামায়নের যুগে যেমন ছিলেন এখানে একদম তেমন।
ব্যবসার শুরুতে চার ভাইয়ের চোখে একটা স্বপ্ন ছিলো; ছিলো দুর্দম যৌবন; ছিলো উচ্চাশার হাতছানি। এই বিষয়ে চার ভাই ই ছিলো হরিহর আত্মা। তাদের পরিবারে সেই সময়েই এক দুর্দৈব এসেছিলো। আসলে অভাব যার নিত্যসঙ্গী সুখ তার কপালে সইছিল না। যেদিন ডাক্তার বললেন হৃষিকেশ বাবুর ক্যান্সার হয়েছে সে দিনটা বড়ো কঠিন হয়ে পরেছিল তাদের কাছে। না চেষ্টায় তাদের কোনো ত্রুটি ছিলোনা। তিনি বেশি দিন থাকেন নি। হয়তো এই নতুন উত্থান কে তিনি না থামিয়ে সময়ের কিছু আগেই বিজয়কে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে অনন্তের পথে পা রেখেছিলেন। বিজয় এই কথা কখনো ভোলে নি। তবুও কোনো একটা বিড়ম্বনায় একদিন বড় ভাইয়ের পিতৃ সুলভ আচরণ ভরত আর শত্রুঘ্নর চোখে বৈষম্যের বাতাবরণ তৈরী করেছিলো। সেখানে লক্ষ্মণ কেও বাদ দেওয়া যায় নি। না কোনো আফসোস করে নি বিজয়, শুধুমাত্র কাছের মানুষদের বলেছিলো ওরা একদিন ওদের ভুল বুঝবে তোরা দেখিস কারন আমি খুব নিশ্চিত ভাবে বুঝতে পারি যে সেদিন আমি ওদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবো আর বাবাকে প্রশ্ন করবো, আমি কি কিছু ভুল করেছি?
বাঙালি এই বুড়োটাকে বার বার মনে রাখতে হয়। তাঁর অনুভব একদিকে যেমন সত্য অন্যদিকে অবিশ্বাস আর অসত্য। তোমার অসীমে প্রান মন লয়ে যত দূরে আমি ধাই... কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। বিজয় এই বাংলায় জন্মেছে, বড় হয়েছে, সুখ দুঃখের সাথে বড় হয়েছে, অর্থের ভান্ডার তৈরী করেছে, সুখের স্বর্গে গোটা পরিবার কে পৌঁছে দিয়েছে তবুও সে ভগবান হয়ে উঠতে পারেনি এই সংসারে। সামান্য হলেও তার আফসোস হয় এই কথাটি ভেবে যাদেরকে সন্তানের মতন ভেবেছিলাম, বড় করেছিলাম, স্বপ্ন নয় বাস্তবেই তাদের সুখ দেখিয়েছিলাম তারাই প্রশ্নবাণে তাকে শরসজ্জায় শুইয়ে আজ আনন্দ পায়? না এই চিন্তা তাকে বেশিদিন বয়ে বেড়াতে হয় নি। সে সন্তান সম ভাইয়েদের সমস্ত স্থাবর অস্থাবর ভাগ করে দিয়েছে। সে বলেছে জীবনের সায়াহ্নের সাথে যৌবনের সংঘাত আমি শুনেছি, এখন দেখছি।
এর পরেই বিজয় অসুস্থ হয়ে বিছানায় পরলো। তার পা দুটো হঠাৎ করে পঙ্গু হয়ে পরলো। বিছানায় সে শুয়ে থাকতেও অপারগ হয়ে পরলো। এভাবেই সেই বছরটা শেষ হলো।
এই প্রথম সবাই বুঝতে শিখল ব্যবসা। আর্থিক ক্ষয় সে বছর চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো।
আসলে সেই পুরোনো প্রবাদ এর মতন তাদের মনে পরলো ঘরে বসে খেলে রাজার ধন ও একদিন শেষ হয়ে যায়। সে বছর সে ভাবেই শেষ হলো।
:৪:
সম্পত্তির স্বত্ব- স্বামীত্ব বুঝে নেওয়ার পরেও সুরক্ষিত থাকার সম্ভাবনা কাকে বলে বিগত বছরের ব্যবসার হাল তিন ভাইকে নিয়মের তর্জনী উঠিয়ে বুঝতে শেখালো। তারা অন্যমনে স্বীকার করেছে, মধুর স্বাদ মিষ্টি এ কথা তাদের জীভ বুঝতে পেরেছে ঠিকই কিন্তু সেই মধু সংগ্রহ কতটা কঠিন সে উপলব্ধিও তাদের বিস্তর হয়েছে।
বিজয় বিছানা ছেড়েছে ঠিকই তবে সাথি হয় দু-দুটো ক্র্যাচ। আর ভ্রাতৃসংঘ তখন জ্যাক এন্ড জিল কবিতার 'জিল কেম টাম্বলিং আফটার' অবস্থায়। বেশিক্ষণ এই অবস্থায় থাকতে তাদের ইচ্ছে হয় নি। নানান ভাবে নানা দোষারোপ শেষ হয়েছিল এক কথায়। বিজয়রথ চালাতে হলে তাদের বড়ভাই ই একমাত্র এই রথের সারথি হতে পারে।
এরপর বিজয় এর আর ক্র্যাচ প্রয়োজন হয় নি। তারা তিন ভাই তিনশো বার বকা খেয়েছে, গালি শুনেছে কিন্তু কখনোই তার বিরুদ্ধে কিছু বলে নি। তারা কখনো মা কখনো বাবাকে উদ্দেশ্য করে বলতো তোমরা তোমাদের যোগ্য ছেলেকেই পরিবার রক্ষার দায়িত্ব দিয়ে গেছো।
এর পর এই সংসার আর থামতে শেখে নি। শিখেছে দুর্দম দুরন্ত এগিয়ে যাওয়ার অচিন লক্ষ্য। বুঝেছে বিজয় এর হাত ধরেই একমাত্র সেই পথ পার হওয়া সম্ভব।
বিজয় এর চোখ দুটো সেদিন জলে ভরে গেছিল আর ভাইয়েরা বলেছে ওটা জল নয় ওটা হীরের ঝলকানি।