শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

চলন্তিকা

 :১:

আগে গাড়ির ডাক নাম ছিলো। যেমন রোড রোলারকে সবাই গদাই নামে ডাকতো। টেম্পু গাড়ি এখন আর দেখা যায় না। এটা ছিলো ছোটো মালবাহী গাড়ি । এখন যেমন ছোটো হাতি। টেম্পুর ডাক নাম ছিলো গণেশ। এরপরে এলো ইঁদুর। অটোরিকশার এটা ডাক নাম। এই পদ্ধতিতে দু'দেশের বর্ডারে ক্যারিয়ার আলা সাইকেলকে সবাই হেলিকপ্টার নামে চেনে। ঠিক যেমন ঠেলা গাড়িকে বলা হতো গাদাবোট। কত বিচিত্র সব নামকরণ। কিন্তু এর স্রষ্টার নাম কেউ জানে না। কালের গতিতে আজ কেউ আছে কেউ ভিন্টেজ হয়ে আছে। বিহারের গয়া জেলায় এখোনো এক্কাগাড়ি আছে। মধ্যপ্রদেশের ইন্দোরে এখনো টেম্পু চলে। ফিটন দেখার ইচ্ছে হয়। তারও দেখা মিললো প্রত্যন্ত গ্রামে। তার ভালো নাম টোটো।

:২:

টিকিওয়ালা ট্রাম আর ডবলডেকার দেখতে লন্ডন যাবে টেনিদা। টেনিদা মানে আমি। আজকে টেনিদার ঝুলিতে এক নতুন যান। ডাক নাম ডায়নোসর। সঠিক নাম বটে। জেসিবি'র চলন কোনো অংশে কম নয়। সত্যযুগে পক্ষীরাজ ঘোড়ায় টানা রথ নিয়ে সীতাকে হরণ করলেন রাবন। সেই নামটাই এখন ভলভো বাসের ডাক নাম। পাল্কিতে চেপে যাওয়ার অর্থ রোপ ওয়ে আর পায়ে হেঁটে যাওয়াকে বলে এগারো নম্বর। এগুলো সুন্দর না বিচিত্র কে জানে? তবে এটা আঁতেলের ভাষায় চরৈবেতি চরৈবেতি।

:৩:

হনুমান-বাঁদর জাত নাম নিয়ে এদেশে প্রায় চার দশক আগে একটা নতুন গাড়ির কারখানা খুলেছিলো এক বহুজাতিক সংস্থা। সব জাতির পূর্বপুরুষের নাম হিসেবেই মনেহয় এমন নামকরণ। তখন পত্র-পত্রিকায় কার্টুন ছাপতো। ছাদে পড়লে ডাভ, সিকিউরিটির অভাব। তোবরানো ছাদের ছবি প্রানবন্ত লাগতো। আবার কখনো ছাপা হতো জল জমা রাস্তায় নাক ডুবিয়ে প্রাণহীন গাড়ি। প্রানচঞ্চল গাড়িটা আজ রাস্তার প্রাণ। নাম মারুতি।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

রাঢ়ভূমের রবি

 :১:

জমিদারির দিন শেষ, আর জাহাজের খোরাক যোগাতে তখন তিনি জেরবার। জাহাজ শেষে ডুবেই গেলো গঙ্গায়। আর একজন চুপচাপ বসে থাকে আর কাগজে আঁকিবুকি কাটে। সে ছোটো ছেলে। স্কুল যেতে তার মন লাগেনি। সকাল বেলায় বাসি লুচির সাথে কিছু একটু পেলেই সে খুশী। বড় ছেলেটার প্রতিভা তাঁর মন কেড়ে নেয়। আর এই স্কুলছুট ছোটোটার উপর তার কোনো আস্থা নেই। চুলের চাপে মাথা-মুখ ঢেকে রাখে যে ছেলে, তাকে ভরসা করা যায়?  বয়সের ভারে লড়ঝড়ে অবস্থায় তখন মহর্ষি। জ্যোতিকে বললো সব দিলেম তোর কাছে। শুধু রাঢ়ভূমের পতিত জমিটা রবিকে। লাল মাটিতে গরমে ঘেমে ওর মাথাটা যদিবা উর্বর হয়। 

কিছু বিশ্বয়কর কথা লিখলাম। এসব শিখেছি পারিবারিক পরিধিতে। ভুল হয়নি মনে হয়। সত্যিই তিনি শুষ্ক রুক্ষ রাঢ় ভূমিতেই আশ্রয় নিলেন। বানালেন এক পর্নকুটির। নাম দিলেন শান্তিনিকেতন। ইংরেজের এই শহরে তাঁর মন ছিল তবে প্রাণ ছিলো না। লাল ভূমে প্রাণ ফিরলো।

:২:

লাল মাটিতে ফসল ফলে না। যা ফলে তা বয়ন শিল্পের কাঁচা মাল কার্পাস। জল বলতে কোপাই আর খোয়াই। সেখানে বর্ষা না এলে আকাশমনির ঝংকার ছাড়া আর কিছু শোনা যায় না। ঢের হয়েছে খোয়াইয়ের পাড়ে শ্মশানে বসে। এমন নদীও বয়? যেখানে জেলে ডিঙি নেই? এমন মাটি হয় যেখানে ফসল ফলে না? সত্যিই লাল মাটি? মানে এটা কি পোড়া মাটির দেশ? 

:৩:

রবিঠাকুর আকাশমনির নতুন নাম দিলেন সোনাঝুরি। পলাশ উঠলো রেগে। বসন্তে ভরিয়ে দিলো তাঁর মন। মান ভাঙাতে শিমুল এলো বসন্তের শেষে। আর কৃষ্ণচূড়া দায়িত্ব নিলো প্রখর গ্রীষ্মের। তারপর বয়ে গেছে অনেক গুলো বসন্ত। মহর্ষি তখন অমৃতলোকে।

:৪:

রাঢ়ভূমের সাথে আমি পরিচিত। প্রথম পরিচয় পৌষ মেলায়। পৌষের ঠান্ডায় আমাদের  অ্যাম্বাস‍্যাডর দাঁড়ালো শক্তিগড়ে।  ওখানে গাঁজা কিনলো নেশারুরা। আমি ল্যাংচা কিনলাম।  তারপর পৌঁছলাম ইলামবাজার। তখন ওটা ডাকাতের পিঠস্থান। সারিসারি গাড়ি জরো হলো। সবার হর্ণের ঐকতানে শুরু হলো চলা শান্তিনিকেতনে। শান্তির আবহে আমি নিশ্চিত, চৈতন্য হারিয়েছেন রবিঠাকুর।

:৫:

সুস্থির ব্রহ্মের ভূমি বীরভূম। হাড়হিম করা শ্মশানের পাশে বশিষ্ঠ মুনির সাধনার স্থল। যা আজকের  তারাপীঠ। সেও রাঢ়ভূমিতেই। রবিঠাকুর জানা অজানার পরে সেই লালমাটিতে আরাধনা করেছিলেন সাহিত্যের। ১৯০৫ এ মহর্ষির প্রয়াণের পর ১৯১৩। থাক সে কথা। চুরি হয়ে গেছে সেই সব এ যুগে। 

:৬:

সত্যি কথা। আনন্দ ধারা বহিছে ভুবনে। এক কালজয়ী শব্দ বন্ধন। বন্ধনহীন একথা বলতে পারে। অবশেষে বা সবশেষে মেডিকেল কলেজে সে কি কঠিন দিন। বিধান বিধান দিতে গিয়ে ..…অপরিণামদর্শী হলেন। রবি চললেন নীলাচলে। ভাঙলো নিমতলার দুয়ার।


বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কিস্কু আর পিসি

 :১: 

কিস্কুর নামটা ভুলে গেছি। ও পদবীতেই পরিচিত। পুরুলিয়ার লাল ফুলে ভরা গ্রামে ওর ঘর। আমরা তখন কলেজের ছাত্র। আমরাই নাম দিয়ছিলাম কিস্কু। জাতে সাঁওতাল। গায়ের রং কালো। মুখটা খুব মিষ্টি। ওর বাংলা কথা আমরা নকল করতাম শুনতে ভালো লাগতো বলে। আমাদের এক বন্ধু ওর কথার সুরে একটা নাটক লিখেছিল।  সেখানে কিস্কু ছিলো নামভূমিকায়। গ্রামের ছেলে। খুব লাজুক। নাটকটা কলেজের সোসালে আমরা একটা চমক দেখাবো ভেবে রিহার্সাল শুরু করলাম।

:২:

কিস্কুর রোলটা নাট্যকার শৈবাল নিজেই করতে চাইলো। কিস্কুকে বলে বুঝিয়ে শৈবাল জেরবার। একটা সাবলীল কথায় যা করা যায়, নকল করে ঠিক তেমন হয় না। কিন্তু কিস্কুকে রাজী করানো গেলো না। হাল ধরলো লেখক, নাট্যকার শৈবাল। আবহ বানানোর দায়িত্ব পড়লো বীরপুরুষের সাথে মাদলবাদক পাপ্পু। কোলকাতার অহীন্দ্রমঞ্চে সেদিন আর লোক ধরে না। সেদিন থেকে শৈবালের নতুন নাম হলো কিস্কু। শিমুল, পলাশ আর রাগ সোহিনীর বিলম্বিত লয় পুরুলিয়া জেলায় আবদ্ধ ছিলো না। সাঁওতাল বিদ্রোহের পূর্বপুরুষ সিধু-কানহুও আবহমান হলো শৈবালের নাটকে। 

:৩:

কিস্কুর কাছে কোলকাতা তার স্বপ্নের শহর। আমাদের সাথে একসাথ হওয়ার পর সেটা আজ সত্যি হয়েছে। গানের লহমায় বললে বলবো ' একা মোর গানের তরী ভাসিয়ে দিলেম নয়ন জলে।' এরকম খুব কমই হয়। আজ কিস্কুর রব আর শৈবালের উপস্থাপন একটা এমন আবহ তৈরী করলো তালি যেনো আর থামে না।

:৪:

কিস্কুর পিসির বিয়ে। আমরা মানে ওর বন্ধুরা আমন্ত্রিত। শৈবাল কিস্কুকে বললো, এখনতো তোর বিয়েতে যাওয়ার কথা। তোর পিসি? বুঝে বল । দিদিকে পিসি বলছিস না তো? লাজুক মুখে বললো, তোরা বুঝবি না। তোরা শহুরে। 

:৫:

সেদিন পিসির বিয়তে আমরা সবাই। আমরা মানে নাটকের দল। ওদের বিয়ে-থা আমাদের মতন না। কাঁধে বাঁক আর হাতে কোদাল নিয়ে জামাইবাবার প্রতিজ্ঞা দেখতে যখন আমরা ব্যাকুল তখন ওর পিসিকে দেখতে পেলাম। সাঁওতাল কন্যা এত সুন্দরী?  বর্ণে, গন্ধে, ছন্ধে, গীতিতে ... তুমি শুধু তুমি বলার মতন। ভাবছিলাম কেন এমন? কিস্কু কিছুই গোপন করে নি। থাক এসব। লিখতে বসে আমি আমার কাছেও ক্লান্ত।




মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শ্ব-এ সব

 আমার বাড়িতে যখন মা দূর্গা আসেন তখন শিউলি ফোটে না। তখন তার বসন্ত। পর্ণমোচী তখন যুবতী। ওদিকে আবার শিমুল তখন রূপসী। তার সাথে থাকে গন্ধরাজ আর মাধবীলতা। ঠিক যেনো হেম-বেহাগের  সাথে আলাপন। মা যেন মোহিত, সুরের লহমায়। ঢাকের শব্দ তখন চরক আর নীলে নীল। মহাদেব আহ্লাদে আটখানা। পার্বতীর রূপ নয় অরূপ ঝরে পরছে। এটা পূজোর আবহ, উৎসবের নয়। 


তারপর কে আসেন? শুক্লা আসে। পঞ্চমীতে হাতে বীণা আর বই তার সাথে রাজহাঁস। ছেলে বেলা ফিরে আসে। ফিরে আসে মাষ্টারমশাই-দিদিমনি সবাই। বাবা-মা এনাদের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত হতেন। আমরাও নতুন প্রাণ-মন পেতাম। তাঁরা আমাদের শিক্ষাগুরু। তাঁদের পা শেষ জীবন পর্যন্ত মনে হত হাতে ধরে রাখি।


আরো কিছু বলবো। দোল পূর্ণিমা। রং মাখামাখি। ঠিক তার আগের রাতে বুড়ির ঘর পোড়ানো। রবিঠাকুর বলতেন " আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন" ঠিক সেরকম এক আবহ। আবর্জনা নয়। শুকনো পাতা কুড়োনো যা কিনা বসন্তে পর্ণমোচীরা রেখে গেছে। রাধা-কৃষ্ণ দোলনায় বসে ফুটকড়াই খাবে , আমরা তার প্রসাদ পাবো। 


এভাবেই চলতে চলতে থেমে গেছি। এসবের পরেও কিছু হয় তা জেনেছি। 

এগুলো আধুনিক সভ্যতায় পাওয়া। সংক্ষেপে বলছি। মদমত্ত হয়ে রাস্তায় পরে থাকা কিংবা মহাদেবের নাম নিয়ে গাঁজা খেয়ে  শিব ঠাকুর কে বোম ভোলানাথ বলে নৃত্য করা।


না আর নয়। ঈশ্বরের 'শ্ব' নশ্বরের 'শ্ব' এর অর্থ বুঝবে কে? সমস্যা এখানে।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

দুগ্গোৎসব

 কৈলাশ থেকে রওনা দিয়েছেন তিনি। হাতে সময় তিন দিন। অকালে ডেকেছেন রামচন্দ্র। তাই যাওয়া। চার সন্তান নিয়ে চলেছেন। পাহাড় থেকে উদ্বায়ী পথে বাংলায়। সেখান থেকে ধেনধেন করে আরামে পৌঁছবেন কৈলাশে। ওটা তিব্বতের কাছে। কোলকাতা থেকে রকসোল হয়ে তিব্বতে যাওয়ার প্ল্যান। হায় রামচন্দ্র। কোলকাতায় এসেছি দেখে মানুষ রাস্তায় নেমে পড়েছে। উৎসব শুরু হয়ে গেছে। এখন কি করি? কে আমাকে মা মেনকার কাছে নিয়ে যাবে? ফুটপাতেও জায়গা নেই। মহাদেব এতক্ষন সুস্থ ছিলেন। কালিঘাটে এসে কয়েক ছিলিম গেঁজা নিলেন। তারপর তার রাজা সাজার পালা। উৎসবের ভীড় দেখে বললেন এই সব মানুষের ভীড় কোথা থেকে? এরা কারা? এরা দুগ্গা দেখতে আসছে। দুগ্গা আসবে কবে? থাকবে কদিন? কে খাওয়াতে এসেছে? হিন্দু না মুসলিম? 


প্রশ্নের আর শেষ হয় না। কে এই মহাদেব? তার বাড়ি কোথায়? এরকম সাম্প্রদায়িক কথা কার মুখে? 


মহাদেব তান্ডব নৃত্য শুরু করলেন। মেদিনী কেঁপে উঠলো। উৎসব বন্ধ হলো।  তারপর?

তারপর রাস্তাঘাট ফাঁকা হলো। বাস, গাড়ি চললো। পরিবার নিয়ে মহাদেব পৌঁছলেন কৈলাশে।


মা বললেন, অনেক হয়েছে বাংলায়। উৎসব সবার হতে পারে কিন্তু সারা বছ‍র  উৎসব এখানে। ছুটি আর ছুটি। 


আমি খাই তিনদিন। ছুটি এগারো দিন। উৎসব পনেরো দিন। এরা কারা? 

আমি চললাম হিমালয়ে। ওখানে এরকম অসভ্যতামি হয় না।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আ-মরি বাংলা ভাষা

 এখন আর যাত্রা পালা হয় না। চিৎপুরে যাত্রা দলের বুকিং অফিস নেই। বিনা দাসগুপ্ত নেই। শান্তিগোপাল নেই। বেলা সরকার নেই। এদের প্রয়োজন ফুরিয়েছে। আমি এদের খুঁজি। এরা শহরে নয়, গ্রামে ছড়াতো স্ফুলিঙ্গ। সেখান থেকেই তৈরী হত অগ্নিশিখা। তৈরী হতো আদর্শের উন্মেষ। এ ছিলো লোকশিক্ষা। প্রয়োজন কখন ফুরিয়ে যায়? যখন সে জায়গায় অন্য কিছু আসে পরিপূরক হিসাবে। তেমন কিছু এসেছে কি? তাহলে কেনো এমন হলো? আমার যা মনে হয় তা বলবো। খারাপ ভালো লাগা যার যার।


এটা একটা অবক্ষয়। এটা কালচারাল ডিগ্রেডেশন। এটা বাংলা বিভাগের ফল। হিন্দি ভাষা উন্নত না অনুন্নত এটা কোটি টাকার প্রশ্ন। বাংলা বিভাগের বৃহত্তর এক কুফল। একটা অসমৃদ্ধ ভাষা যে দেশের জাতীয় ভাষা তাকে অবলম্বন করে গোটা জাতি চলতে পারে? পারে না তবে পারতে হচ্ছে। এ এমন এক ভাষা যেখানে জঙ্গলের জন্তু আর রাষ্ট্রনায়ক এক কথায় বলে। আমাকে যদি রাষ্ট্র ভাষায় বলতে হয় "নেতাজি সুভাষচন্দ্র বোস বহুত বড়া শের থা" আমি লিখবো না। অনুন্নত ভাষার এটাই বৈশিষ্ট্য। এখন এসব কথা লিখলে  হাতকড়া পড়িয়ে জেলে নিয়ে গিয়ে রাজদ্রোহের অপরাধী বানালে আমার পরিবারকে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দিলেও আশ্চর্য হওয়ার নয়। সৈয়দ মুজতবা আলীকে কি কারণে ভারত বিরোধী বলা হয়েছিলো সে কথা আজ জানি। আর আমি? আজকের সময় কালে? সত্যি বলছি । কিছু লিখতে ভয় লাগে। 


তবে লজ্জা, ঘৃণা, ভয় তিনটেই আছে। যাদের এগুলো নেই তাদের আক্রমণ মানতে কোনো সংশয় নেই। বাংলাদেশের ভাষা আন্দোলন, এ বাংলায় করারও অধিকার আছে। উন্নত আর অনুন্নত বলাটা বিচার করা দরকার। অন্যথায় তিমিরেই থাকবে পশ্চিমবঙ্গ।

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

মোচ্ছব

 কোলকাতার পথ আজ পথ ছিলো না। হয়েছিলো জনারণ্য। কেনো এমন হলো? পূজো এসেছে তাই। কাল অমাবস্যার কোটাল। বান ডাকবে গঙ্গায়। জল উঠবে আউট্রাম ঘাট ছাপিয়ে স্ট্র্যান্ড রোডে। কাল আবার মহালয়া। বাঙালি মহালয়া বলতে বোঝে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডিপাঠ আর পঙ্কজ কুমার মল্লিকের কন্ঠের নম চন্ডী গান। বাংলার গ্রামগুলোতে আজ সন্ধ্যা থেকেই সেই HMV র রেকর্ড বাজছে। 


আজ আমি একবার মানুষের মাথা গোনার চেষ্টা করেছিলাম। উৎসবমুখী মানুষের। নিজেকে মনে হচ্ছিল মিস্টার বিন। সে যেমন ভেড়ার দলের ভেড়া গুনছিলো আজ আমারো সেই অবস্থাই হলো। নিজেকে নিজেই ছাগল বললাম। আশ্বিনের ঝড় উঠতে পারে এবছর। গরমে, আর্দ্রতায় গায়ের  ত্বকে শেওলা ধরার অবস্থা। এর মধ্যে আবার শিঙা ফুঁকছে ফেরিওয়ালা। যারা কিনছে তারাও ফুঁকছে। হকারেরাও বসে নেই। তবে তাদের ভাষা বিচিত্র। ওটা বাংলা নয়। ভাবলাম হিব্রু? না, অত শিক্ষিত ভাষা নয়। শেষে বুঝলাম এটা বহুজাতিক ভাষা। পূজো বলে কথা। ভাষায় কি আসে যায়? হ্যাঁ নিশ্চই আসে যায়। বাংলা তার ভাষা বোঝে। যারা ব্যবসা করছে বাংলায় তারা বাঙালি নয়। তারা বিজাতীয়। তারা কোথা থেকে এলো? কেনোই বা আসে? তারা বাংলাকে কি ভালোবাসে? বাংলার মন্দে ভালোয় তাদের কি কিছু আসে যায়? আমার মনে হয় না। এরা এসব বুঝে আসেনি। ফুটপাত কিনেছে টাকা দিয়ে। বাপের সম্পত্তি বানিয়েছে সরকারি নয় জনগণের হেঁটে য়াওয়ার পথকে। কি ভাবে এমন হয়? এটা কি বাঙালির বৃহৎ হৃদয়ের জন্য? এটা সর্বধর্মের সহাবস্থান দেখানোর জন্য? এটাকি অর্থনীতির উন্নয়নে স্বার্থে? আচ্ছা কি মনে আপনাদের?  উৎসবের আনন্দে ভেসে গেছেন কি? একবারও আপনাদের মনে হচ্ছেনা যে আপনার বুকের উপর দাঁড়িয়ে কিছু বর্বর নেতা, মন্ত্রী-সান্ত্রী আপনার জাতিকে অসম্মান করছে? 


না এসব আজ আর হয় না। সবকিছুই এখন সহ্যের মধ্যে। কারণ আমাদের এসব ভাবার সময় নেই। আমরা নিরপেক্ষ উন্নত এক জাতি পূর্বপুরুষের পরিচয়ে। নিজের পরিচয় দিতে কাল গঙ্গার ঘাটে কোশা-কুশী নিয়ে, তিল-তুলসীতে ধন্য করবো তাদের। তর্পণ না?

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কেন্দুপাতা

 মাধব চন্দের কেন্দু পাতার ব্যবসা চার পুরুষ ধরে চলছে। সে শিল্পপতি। তার বিড়ির কারখানা বড়িশাল জেলার পটুয়াখালিতে। আজ এদেশে যেমন  ITC র সিগারেট, ওদেশে তেমন মাধব চন্দের বিড়ি। সিগার, সিগারেট দেখে তার ছেলে রবীন চন্দ কেন্দুপাতা ছেড়ে কাগজ দিয়ে বিড়ি বানিয়েছিল। তবে চলেনি। সবাই রে রে করে বললো এটা বিড়ি না বিষ্ঠা? মৌঁতাতে বিষ্ঠার গন্ধ?

রবীন ছিলো মদ্যপ। তার কাছে " যাহা বিড়ি তাহাই সিগার বা সিগারেট।" 

লক্ষ্মীছাড়া ইংরেজ বাংলাকে দু'টুকরো করে দিলো ১৯৪৭এ। মাধব এখন কেন্দুপাতার ইমপোর্টার। ITC  কাগজ ইমপোর্ট করে আর মাধবও তাই। এ বলে এটা ভালো, ও বলে ওটা। ক্ষতির কথা বলে না। 

এই ভারতে কেন্দু চাষ বন্ধ হলো। তৈরী হলো উন্নত কাগজ কল। সে কাগজেও বিষ্ঠার দুর্গন্ধ দূর হলো না। কেন্দু এলো অন্য দেশ থেকে বাংলাদেশে। রবীন চন্দ তখন সেয়ানা হয়ে উঠেছে। বাপকে বলদ বলে গালি দিতে শিখেছে। বিড়ির ছাই আর সিগারেটের ছাই এক হচ্ছে কেনো, তার বৈজ্ঞানিক কারণ বলতে শিখেছে। প্রবাদ ভুললে হবে? রবীন জাতে মাতাল তবে তাল আর বেতাল বোঝে। পাতা আর কাগজের ব্যাখ্যায় ছাই এক বৈজ্ঞানিক উপাদান;  এ কথা সে জনগণের কাছে পৌঁছে দিলো। সাদা ছাই মানে, উন্নতমান।


বিড়িতে সুখটান দিয়ে ঘক ঘক করে কেষে শেষ সুখটান দিলো রবীন। ডাক্তার বললো লাং ক্যান্সার।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দুগ্গা দুগ্গা

 আসছে এবার দুগ্গা ঠাকুর

আসছে নিয়ে  DA

বাধ সাধলেন যুক্তি দিয়ে

কার দিচ্ছো বিয়ে?

করছো টা কি টাকাগুলো

বলছে মানুষ গুলো

সবকিছু কি চলবে এবার

যেমন পথের ধূলো?

থাকনা এসব গল্পকথা

থাকনা কূটক্যাচালি

এসব দেখে সবাই আমায়

করছে গালাগালি।

হরিশচন্দ্র চাইছো হতে

দান অনেক তো করলে

দানের সঙ্গে অনেক নেতা

নিজের পকেট ভরলে।

বলতে গেলে মুখ বুজে যাও

তাইতো যায়না বোঝা,

মান-হুঁশহীন সবাই তো নয়

আজকে তুমিই বোঝা।

বোঝো এবার করবে টা কি

মাতা দুগ্গা এলে

বলছে সবাই বলছে মানুষ

দেবেন চিতা জ্বেলে।

দাসু

 অতিনদা বললো জানিস দাসু মারা গেছে। আমি কিছুটা অবাক হলাম। আজ সকালেই দাসুকে দেখেছি। ও আর ওর মা ফুল বিক্রি করছিলো। বললাম কোন দাসু? বললো আরে যে দাসুকে নেমন্তন্য বাড়িতে ভারা করতো সবাই। ও। বলবে তো । ও আকাট দাসু। আমি পাগলা দাসুর কথা ভাবছিলাম। আগে বাড়ি বাড়ি গিয়ে ফুল দিতো। গান শোনাতো। বলতো পুরোনো একটা হারমোনিয়াম দেবে? আমি ভোর বেলায় গলা সাধবো। হরিঠাকুরের গান গাইবো। শেষে কোনো কিছু না পেয়ে ভোরবেলায় তারস্বরে গাইতো " হরি বলো, ও হরি বলো।" 


আকাট দাসুর একটা ইতিহাস আছে। ওর খাওয়াদাওয়া অনেকটা পুরোনো কবিতার ' রামসুক তেওয়ারীর মতন।' ওকে ছাতু দিলে হাফ কেজি চাই। সাথে পেঁয়াজ, রসুন আর আমড়া। ভাত খেতে বললে ও বাড়ি থেকে এক হাঁড়ি পান্তা নিয়ে আসত। মাংস ভাতের পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা। আর রুটি? রুটি বানানোর উৎপাতে ওর বৌ বিবাগী। তবে সাহস ছিলো বেজায়। দশ পা দৌঁড়ে এসে পুকুরে ঝাঁপ দিতো। পুকুরে হতো সমুদ্র। মাছ লাফ দিয়ে পারে উঠতো। ওর গাছে চড়া যারা দেখেছে তারা কোনোদিন গাছতলায় যাবে না। ডাল ভেঙে অবাধ পতন ছিলো আনন্দের। তবে হাত-পা ভাঙেনি। আকাটের গুণও ছিলো বিস্তর। ফুটবল মাঠে গোলকিপার। ক্রিকেটে অলরাউন্ডার। গোলে দাঁড়ালে স্টপার লাগতো না। কখনো কখনো বল নিয়ে অন্যের গোলে বল পাঠিয়ে,কাদা মেখে, শিষ দিয়ে, গোওওওওওওল বলে শূন্যে ভোল্ট দিতো। আর ব্যাট বল? বল নিয়ে ছুঁড়ে দিতো বাটুলের মতো। থাক সে গল্প।


পাগলা দাসু। এরকম নয়। সংসার ওর প্রান। এখন দোকান করেছে। বোকে বানায়। বিয়ের খাট থেকে গেট, সব ওর হাতের চেটোয়। শববাহী গাড়িতে ওর বড় ভয়। একদিন বলেছিলো এর কারন। না, ঠিক কথা। ওর গাড়িটা কে সাজাবে? বুঝলাম ও আজকে আর নেই।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

হে পৃথ্বী স্থিরা ভব:

 আজকাল খুব ভয় হয় পরের প্রজন্মের কথা ভেবে। ভয় হয় কি ভাষায় তারা কথা বলবে এ কথা ভেবে। রাজনীতির তর্জা শুনে কেমন একটা গা ঘিনঘিন করে। এই প্রজাতির কি কোনো বিবর্তন ঘটেছে? যদি বা ঘটেও থাকে সেটা কি উত্তরণ? মানুষ সর্বোৎকৃষ্ট প্রাণী। সে কি ধীরে ধীরে পশুর দিকে পা বাড়াচ্ছে? এনিমাল ইনস্টিংক্ট কি বাড়ছে? আমি যা লিখছি তা বাস্তবে ঘটেছে দেখেই লিখছি। ভালো বা সুন্দরের চর্চা করে মানুষ। তাতে সুন্দর যা কিছু তা প্রসারিত হয়। একথাতো মানুষেরই কথা। তাহলে এমনটা হচ্ছে কেন? এটা কি শিক্ষার অভাবে? একথা বলছে কারা? বলছে রাজনৈতিক ব্যাক্তিত্বেরা। কিন্তু অতীতে এমন কিছু কি পাওয়া যায়? না যায়নি। সামান্য যা কিছু পাওয়া যায় তা এই কৃষ্টির পরীপন্থী। তাই কালের নিয়মে এগুলো বিলুপ্তপ্রায়। তবে কি সেই বিলুপ্ত প্রজাতি জেগে উঠেছে? না ঠিক তেমন নয়। তবে দিনের আলোয় যে বা যারা দেখতে পেত তারা এখন নেই। এখন তারাই রাজনীতির স্তম্ভ যারা দিনের আলোয় দেখতে পায় না। দেখতে পায় রাতের অন্ধকারে। তার মানে এখন কি অন্ধকারের যুগ? না ঠিক তা নয়। তবে রাতের অন্ধকারে যারা দেখতে পায় তারাই আজ রাজনীতিতে। অনেক লিখলাম। এবার ব্যাখ্যার দিকে আসি।


প্রায় সাত বছর আগের বক্তার কিছু বক্তব্য লেখা দরকার। তখন ডঃ মনমোহন সিংহ মহাশয়কে মৌন মোহন বলে করতালির আনন্দে আত্মহারা হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী। সম্ভ্রম বিষয়টা হত্যা হয়েছিলো সেদিন। আরো একটা কথা লিখতেই হয়। দৃপ্ত গলায় তিনি বললেন পাকিস্তান সন্ত্রাস করলেই তিনি "ওবামা ওবামা" করতেন। হাসি আর তালি সেদিন থামেনি। ভূবন বিদীর্ণ হয়েছিল। তারপর? হ্যাঁ তারপর সেই বিখ্যাত (আমি মনে করি কুখ্যাত) ডায়লগ। পাকিস্তান যে ভাষায় কথা বলে সেই ভাষায় তার উত্তর দিতে হবে।


না আমি মানতে পারবো না। আমার পূর্বজ বলে গেছেন " কুকুরের কাজ কুকুর করেছে......।" সত্যিই মানুষের শোভা পায় না। তবুও সেই কৃষ্টির কপি চলছে আমার বাংলায়। কেনো এমন হচ্ছে? এটা কি শিক্ষার অভাব? রাজনীতি কি আজ শিক্ষা বিবর্জিত? এটা কি নেতৃত্বের পদস্খলন? 


না ঠিক এভাবে বললে গরু আর গাধা এক বলা হবে। সেকালেও গাধা ছিলো একালেও আছে। তবে গাধার হাতে বল্গা ছিলো না। এখন উল্টো। গাধারা বল্গা ধরেছে । তাহলে কে ছুটছে? সেকি ঘোড়া? হ্যাঁ ঘোড়া। তবে বেতো ঘোড়া। তাহলে মানুষ কি করবে? 


আমি মানুষের যদি প্রতিনিধি হতাম তা হলে যা বলতাম তা লিখছি।


১. বন্দুকের গুলি পা এর উপরে এবং কোমরের নিচে করতে হয়। একথা পড়াশোনা না করলে শেখা হয়না। ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন কেনো?


২. জন্মবৃত্তান্ত নিয়ে আঘাত করা মানে নিজের মাকেও প্রশ্নের সামনে দাঁড় করানো। মাকে একথা কি বলা যায়?


৩. বোম ফাটিয়ে পাখি তাড়ানো যায়। মানুষকে পরমাণু বোমা ফাটিয়েও ছত্রভঙ্গ করা যায়নি। এটা ইতিহাসের শিক্ষা।


শেষে বলবো হে পৃথ্বী স্থিরা ভব:

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

প্রশ্নে পরিচয়

 :১:

সেই চৈত্র মাস থেকে সূর্যের দাঁত বার করা, চোয়াল কাঁপানো গরম শুরু হয়েছে। মাঠ ফেটে মানচিত্র হয়েছে। মাথায় হাত পরেছে মঙ্গলির বাবার। ছেলেটাও এবার মাঠের কাজ করেছে। স্কুলে যাওয়া হয়নি বেশ কয়েক মাস। মাস্টার খুব বকাবকি করেছে। কালবৈশাখী হয়নি। বর্ষাও আসেনি। খেত শুকিয়ে গেছে। ঋণের বোঝা রেখে কৈলাশ মাঝী আত্মঘাতী হলো। একবারও ভাবেনি ছেলেটা তার আট ক্লাসে পড়ে। মেধাবী। মেয়েটা চার ছেড়ে পাঁচ ক্লাস। স্কুলে যাওয়া বন্ধ হল বলরামের। হাল ধরলো সে। মা'কে বললো সব ঠিক হয়ে যাবে।

:২:

জাতে ওরা ধীবর। পদবীতে সে কথা লেখা হয়েছিল পাঁচ পুরুষ আগে। বলরাম দুটো হাল ধরতে জানে। একটা মাঠে আরেকটা নদীতে। মাথা তুলে বাঁচতেই হবে। দেনা শোধ করতেই হবে। মনের মধ্যে এসবই ছিলো। বর্ষা এলো ভাদ্রে। মা কিছু বলতে গিয়েও না বলায় থাকলো। বলরামের হাতে এলো নৌকোর দাঁড়। নৌকো নয় ট্রলার। বলরাম চললো সমুদ্রের কাছে এই প্রথমবার।

তার শকল সকলের মতন নয়। কেউ বলেনি মাঝি তোর নাম জানিনা। বলেছে বলরাম দাঁড় বাইছে। মোচার খোলের উপর বসে মা এর কথা ভাবছিলো। ভাবা হলো না। এক থালা ভাত আর মাছের ঝাল নিয়ে এল পরেশ। পরেশ এক দক্ষ হালদার। 

:৩:

স্টিয়ারিং ঘোরাতে শিখেছে বলাই। বলাই মানে বলরাম। নামটা মাঝি হওয়ার পর হয়েছে। রোজগার খারাপ হচ্ছে না তবে শিখছেও অনেক কিছু। কখনো সে ভাবে, একটা ছোট নৌকো বানাবে। ভেসে চলবে ভাস্কো ডা গামার মতন। আবিষ্কার করবে নতুন নতুন দেশ। নানা দেশে পৌঁছে নানা ভাষা শিখবে। কথা বলবে তাদের সাথে তাদের ভাষায়। 

এখন জাল থেকে মাছ তোলার সময় তখন হাঁ করে থাকে। মাছের নাম শোনে আর লিখে রাখে মনের খাতায়।  অবাক হয় রং-বেরংয়ের মাছ দেখে। অবাক হয় গোঁফ দেখে, শুঁড় দেখে, চোখ দেখে। সব কিছুই ওর কাছে নতুন। মাঝে মাঝে শামুক, ঝিনুক, গুগলি, গেঁড়িও ধরা পরে জালে। সেগুলোও সংগ্রহ করে জেলেরা। কখনো কখনো রান্না হয় এসব গুলো। আসলে সমুদ্রে ভেসে যাওয়ার সময় যখন যা সংগ্রহ হয় তখন সেগুলোই খাওয়া হয় । খেতে বসে সুস্বাদুও লাগে। এটাই স্বাভাবিক। বলাই খায় দায়, লিখে রাখে যেদিন যা নতুন। ও বুঝতে পারে অসীমের সাথে ভাগ্যক্রমে ওর পরিচয় হয়েছে। আজ এটাই ওকে শিখতে, জানতে হবে। একদিন ওর কথাই হবে সমুদ্রের জানা অজানার গল্প।

মেধা এমন এক বিষয় সে স্থান-কাল-পাত্র মানে না। গতানুগতিক শিক্ষার বাইরে থেকেও সে থেমে থাকে না।  বিষয় যাই হোক সব জায়গাই তার পরিচিত।যেখনে থাকে সেখানেই সে চলে বিদ্যুৎ গতিতে। স্কুলের গন্ডি শেষ করা হয়ে ওঠেনি তার। গোটা পৃথিবীই যার স্কুল তার এই বিধিবদ্ধ স্কুল মনে হয় লাগেনা। যা দরকার হয় তা হলো উৎসের সন্ধান। সেখানেই সে খুঁজে পায় তার পড়াশুনার বইপত্র।

:৪:

এখানেও সকালে সূর্য ওঠে। অস্ত যায় সন্ধ্যায়। তারপর চাঁদ ওঠে। দিনের আলো ফুটলেই চাঁদকে খুঁজে পায়না বলাই। সমুদ্রে ভেসে থেকে ও এসব দেখতো। কোনো মিল পায়না। উদয় আর অস্ত সূর্য আর চাঁদের কত সুন্দর হতে পারে তা সে দেখেছে। কয়েকটা ভয়েজ সমুদ্রে থেকে, সমুদ্র ওকে টানে। বাড়িতে মন বসে না। গল্প শুনে মা ভয় পায় আর ছোট্ট বোন বলে দাদা আমাকে নিয়ে যাবি? 

দূরন্তের ভালো লাগে চঞ্চল জীবন। তাকে বাঁধবে কে? এটা ঠিক তেমন। আর মা'র কাছে এক শিহরণ। প্রাণের সন্ধান এসবের মধ্যে সে পায়না। আগলে রাখতে চায় সন্তানকে। বলাই যখন সমুদ্রের গল্প শোনায়, বোন তাকে আঁকড়ে ধরে ; মা'ও আঁকড়ায়। একজন আনন্দে, অন্যজন? থাক না হয় না'ই বললাম।



শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সাংখ্য আর বর্ণ

 :১:

সাংখ‍্য আর বর্ণ ছেলেবেলায় শুরু। সংখ্যার সাথে পরিচয় যেদিন হয় সেদিন তাকেই বেছে নেই। এর একটা আলাদা রূপ। এ অনেক কিছু নিঃশব্দে নিসংশয়ে  বলে। ঠিক ধ্রুবতারার মতন উত্তর দেয়। আর বর্ণ? সে চিরকাল শুধুই কালি-কলমের বাইরে। তাকে বার বার উত্তরণের পর্যায়ে থাকতে হয়। তাকে টেনে তুলতে হয়। সে কখনো যদিও বা মনগ্রাহ্য হলো, যুক্তিগ্রাহ্য হলো না। তাই পেন্সিল বা চক দিয়েই তার শুরু। শেষও এভাবেই। এ হল প্রজন্মের তাগিদ। কে কখন তাকে মুছে দেবে এ কথা সেও যানে না। আমি এখন শব্দমালা নিয়ে নিজের কথা বলি। যৌবনের প্রিয় বিষয় সাংখ‍্য নিয়ে কখনো কেউ দ্বিমত হয়নি। তবে শব্দের সাথে অনেক নতুন কিছু পাই। কারো ভালো লাগে, কারোর কিছুটা ভালো লাগে আর কারোর অপছন্দ হয়। শব্দের প্রতিবাদ আসে শব্দ নিয়ে। কখনো উঁচু কখনো নিচু সুরে বাধা। 

:২:

শব্দের মালা গাঁথতে বসে যুক্তি আর বুদ্ধির সংঘাত হয়। সাংখ‍্যে এসব নেই। তার প্রকাশ অমোঘ। যুক্তির সংঘাত তখনো ছিলো। বঙ্কিমকে বঙ্কিম চট্টো বলা অথবা রবিঠাকুর কে এলোকেশ দেখার কথা বলা আজ বুঝি। বুঝি কখন ভাব আমার ভাষার নাগাল না পেয়ে ছটফট করে। বুঝি নয়ন কখন মুদে আসে। আসলে বর্ণের গন্ধ আছে। সেই গন্ধেই শব্দমালার গৌরব গাঁথা। এ যেনো দর্শনের প্রকার ভেদ। 

:৩:

আমরা যখন আলোর উৎস খুঁজতাম তখনই আমরা আগুন আবিষ্কার করি। বুঝতে পারি আগুনই আলোর উৎস। আরো অনেক পরে বুঝতে পারি আগুনই অঙ্গারের কারন। এটা হৃদয় থেকে শুরু হয় আর শেষ হয় পোড়া ছাই দিয়ে। অনেকটা বর্ণ আর বর্ণের বিপর্যয়। সমাজ চিরায়ত। চিন্তা সর্বকালীন। মস্তিষ্ক উর্বর। বেশিরভাগ মানুষ শব্দ শুনে প্রতিক্রিয়া করে। এটা সংবেদনশীল এক বিষয়। সাংখ‍্য তেমন নয়।

:৪:

আজ বিড়ম্বনায় পরলাম কুকুর নিয়ে ভাবতে বসে। সে নাকি অত্যন্ত প্রভুভক্ত। প্রভু কিন্তু কুকুর নয় সে একজন মানুষ। মানে কুকুর মানুষ ভক্ত। না তাও নয়। কারন সে নিজের মানুষ খুঁজে বেড়ায়। ঠিক আমার মতন। না আমার মতন নয়। সব মানুষ যেভাবে ভাবে ঠিক সেরকম।। আশ্চর্য লাগছে না এই শব্দমালা দেখে? মনে হচ্ছে না পাগলের প্রলাপ। না মনে এলেও এটা যুক্তিগ্রাহ্য । অনেকটা এরকম ' সব কুকুর প্রভুভক্ত কিন্ত সব প্রভু মানুষ নয়'। এজন্যই হয়তো মানুষের প্রকারভেদ আজ কুকুরেও বোঝে। এতক্ষন ধরে শুধু কিছু পসচুলেটস লিখলাম। এরপর শুরু করবো সূত্র লেখা।

:৫:

বর্ণের মালা শব্দ। আমি শব্দের মালা গাঁথতে বসেছি। এটা আমাদের কথা। যা বলি তা লিখে দেখানো। মৌনতার সাথে ভাব প্রকাশ। যেমন একজন লিখলেন  ' যখন উঠিলো ফুটে পূর্ণমার চাঁদ, মরিবার হলো সাধ।' আবার অন্যজন লিখলেন ' যে আকাশে ঝড়ে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি?'  শব্দের সমাহারে চাঁদ কখনো আকাশে আবার সাহিত্যের মেদুরতায় তার না আসা।  এসব খুব সুন্দর কল্পনা। কিন্তু সত্যিই কি চাঁদ  এরকম এক কথা নির্ভর? না । অঙ্কের হিসাব একথা বলে না। নদীতে জোয়ার  ভাটা রোজকের নিয়ম। চাঁদ না থাকলে এসব বন্ধ হয়ে যেতো। মাথার উপর চাঁদ জোয়ার নিয়ে আসে। কোনো ঝঞ্ঝা, ঝড় তাকে আটকাতে পারে না। আসলে সাহিত্য এত রুঢ় নয়। গণিতও নয়। পথ দুটো আলাদা। বক্ররেখায় সাহিত্য যেখানে পৌঁছায়, গণিত সেখানে  সরলরেখায় যায়।এখানে সরণের সংজ্ঞা জানা প্রয়োজন। কল্পনার রথ কিন্তু আজ আকাশযান।

:৬:

কল্পনা আর কল্পলোক এক নয়। আমাদের ভুল হয়। আমরা এদের এক করে ফেলি। একটা দর্শন অন্যটা অপবিজ্ঞান। কল্পলোকে গণিত নেই। সেখানে পৃথিবী স্থির। সূর্য গতিশীল। সে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর কল্পনা হলো দর্শন। তার আত্মা হল গণিত। তার শেষ কথার এক কথা 'পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।' সেদিন গ্যালিলিও একথা বলে কল্পলোকের শিকার হয়েছিলেন। সাহিত্য, বাক্য, শব্দ, বর্ণ তাই বারবার মুছতে হয়। তবুও আমি এখন বর্ণ পন্থী। সে আমার কথার মতন। রোজ যে ভাবে আমি কথা বলি। সাংখ্য তেমন নয়।

:৭:

সাহিত্য খুব সাবলীল। সে কথা বলে, এগিয়ে চলে। সে নৌকো নিয়ে চলে। যেখানে চড়া সে বোঝে। দাঁড় বাইতে থাকে মাঝি। হাল লেখকের হাতে। সে পথ দেখায়। সে ধ্রুবতারা। কিছু পথ সে ঘোরে একথা ঠিক তবে গন্তব্য ভোলে না। সাংখ্য এর পাশেই থাকে। সে চড়াচড়ের ঊর্ধ্বে। সে বলে দেয় গন্তব্যের আদি অকৃত্রিম অবস্থান। তবে পথ দেখায় বর্ণ। তাই  আমি বর্ণে ফিরেছি। গণিত যদি রূপ হয় সাহিত্য অরূপ। আমি অরূপের সাথে আছি।

:৮:

যৌবনে আমি অলিককে আঁকড়ে ধরেছিলাম। সে আমার প্রেম। সে হয় তুলি না হয় তিতলি। সুন্দর তার গতি। আমি ক্লান্ত  হয়ে সেই অলিককে বাদ দিয়েছিলাম। সেই অলিক বলের সূতো আজও রয়েই গেছে। সাহিত্যের এটাই সৌন্দর্য। সাহিত্য অঙ্ক মানে না। সে হলো দর্শন।  তাকে বাঁধবে কার সাধ্য? চলন বেঁকা হোক বা সোজা তাকে রুখবে কে? সেতো কথার সাথে পথ দেখায়। তার একটা মন আছে। গণিতের মন নেই তবে প্রাণচঞ্চল। সে শুধু ঠিক কথা আর ঠিক পথ দেখায়। সে পথ  বন্ধুর না স্বচ্ছল তার হিসাব সে রাখে না। দায় আমাদের। আর আমরা সাংখ্য নয় বর্ণই আমাদের শব্দের প্রান আর বাক্য আমার প্রাত্যহিক জীবনের তারা।

---------------------------০-----------------------------


বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মহাজাতিসদন আর কেলাবাগান

 আমি কিছু লিখিনা। কথার মালা গাঁথি। রোজ নতুন নতুন কথা আর নতুন নতুন মালা। এর গন্ধ আর স্বাদও আলাদা। আমি আমার সাথে গল্প করি পাড়ার রোয়াকে বসে। অনেকে বলে আমি নাকি আমার ছায়া। ঠিক যেভাবে মানুষ মানুষের সাথে কথা বলে আমি নাকি সেভাবেই আমার সাথে কথা বলি। আজকে আমার একটা নতুন মালা কেশব সেনকে নিয়ে। ঠিক ধরেছেন। কেশব চন্দ্র সেন। তাঁর নামের রাস্তা ধরে আমি চলে যাই রাজাবাজারে। অটোওয়ালারা কেশব সেন কে বদলে দিয়েছে। ওরা বলে কেলা বাগান। প্রজাতিগত কারণে ওরা কলা কে কেলা বলে। আর বাগান কোথায় পেলো জানিনা। আসলে এই চৌমাথার উল্টো পারে ফলের বাজার। একে সবাই মেছুয়া বাজার নামে চেনে। রকমারি ফল পাওয়া যায় এই বাজারে। তবে নানান রংয়ের কলা এই বাজারে পাওয়া যায়। কেউ সবুজ, কেউ হলুদ কেউ লাল,  কোনোটা বড়, কোনোটা ছোট। কাঁদি কাঁদি কলা রাস্তার ধারে সাজানো। এর ঠিক অন্য পারে রবিঠাকুর আর নেতাজির স্মৃতি মেদুর মহাজাতিসদন। এত সুন্দর একটা ল্যান্ডমার্কের নাম বাদ দিয়ে নাম হয়েছে কেলা বাগান। শুনে আপনার আশ্চর্য লাগছে না? বিচিত্র এ শহর।


এই কেশব সেন স্ট্রিট ধরে এগোলে প্রথম চৌমাথাটা হলো কলেজস্ট্রিট বাটা মোড়। বাটা হলো একটা জুতোর দোকান। এটাও আশ্চর্যের। আরো একটু এগিয়ে দ্বিতীয় চৌমাথা। নাম ফাটাকেষ্টর মোড়। আসলে আর্মহার্স্ট স্ট্রিট আর কেশব সেনের চৌমাথা। ইনি হলেন সত্তরের দশকের বাহুবলী। এক কোপে রাস্তা রক্তে রঙিন হতো। শেষে মা কালীর উপাসক। ইতিহাসে রত্নাকর থেকে বাল্মীকি, চন্ডাশোক থেকে ধর্মাশোক আর এই কোলকাতায় কেষ্ট থেকে ফাটাকেষ্ট। প্রতিভার ছড়াছড়ি এই কোলকাতায়। 


এর মধ্যেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে, কেশব চন্দ্র সেন। আজকের মালাটা তাঁকে উৎসর্গ করলাম।


বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

সুরের চর্চা

 ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ভ্রমর একটা পতঙ্গ। ডানা ঝটকায়। বাতাসের সাথে পাখনা কাঁপিয়ে সে ওড়ে। পাখনার কম্পনের শব্দটাই গুনগুন শব্দ। তাহলে কম্পনটাই প্রতিপাদ্য। গলা থেকে যে শব্দ শুনি সেটাও কম্পন। সেই শব্দ কখনো মধুর, কখনো কর্কশ। এটা কি খাদ আর চূড়োর পার্থক্য? না এরকম নয়। বাঘা-গুপির কথা প্রাসঙ্গিক। প্রথমে বেসুরো পরে সুরেলা। সেই খাদের সা আর চূড়োর সা। তারপর দেখো রে নয়ন মেলে অথবা তৃতীয় সুর আর ষষ্ঠ সুর। দুবার দু'বার সা সা গেয়েছে। বেসুর থেকে সুরে। অদ্ভুত না? না এটাই বোঝার। না হলে গান, নয়েজ এক হয়ে যাবে। যখন হাওয়া বয় তখন শব্দ হয়। কখনো মর্মর শব্দ আবার কখনো কিঙ্কিনির বোল। এখন আবার একটা নতুন শব্দ লিখলাম 'বোল'। সেটা কেমন? তবলায় বোল তোলা যায়। সেতার, সরোদেও বোল তোলা যায়। সেটা এমন একটা ধ্বনি যা গ্রামাঞ্চলে সন্ধ‍্যায় গলা খুলে পড়ার সাথে মিলে যায়। এটার সাথে ধ্বনির একটা বিরাট তফাৎ। হরিবোল একটা ধ্বনি আর পড়ার সুর একটা রোল বা বোল। এত সব বলার একটা কারণ আছে। এটা স্বর আর শ্রুতি শোনা।

কাক ডাকলে অশুভ ভাবি। আর কোকিল? যতই ডাকে ততই ভালো লাগে। মেল আর সমমেল এই সব ঘটায়।  গান শুনতে ভালো লাগে কিন্তু চিৎকার? দুটোই শব্দের ব্যবহার। কেন এমন হয়? আসল ব্যাপার হলো গায়কি। এটা চলন। এর পর যুক্ত হয় বলন। বলন মানে কথা। হ্যাঁ মুখে আমরা যা বলি। ঝগড়াও একটা বলন। তার গায়কি ভিন্ন। 


আমি গানের কথা বলতে গিয়ে এসব বললাম। ঘরেতে ভ্রমরের গুনগুন গান খুব ভালো লাগে। ও আবার যখন কর্কশ স্বরে কিছু বলে তখন তা আঘাত করে। কারন ওটা বেসুরো। 


এর পর আছে সংগত করা। যেমন তবলা, সারেংগি। এরা ছান্দিক। যেমন , "হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমিই অনন্য।" মনে হয় ঠিক ভাবে লিখতে পেরেছি। সব বাক্য গুলো আট মাত্রার।


আমি গুছিয়ে বলতে চাইছি সুর কি? এখন শ্রুতিকটু শব্দে রাস্তায় ডিজে বাজলে বগল তুলে লাফালাফি হয়। 


সত্যিই অদ্ভুত লাগে এসব। কুকুরেরা এমন কিছু শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না। এটা কি সেরকম কিছু?

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

জাহান্নামে রাম আর মা দুর্গা

 কোলকাতায় দু'দিন ধরে দুর্যোগ চলছে। নিম্নচাপ হয়েছে  সমুদ্রে। বৃষ্টি হয়েছে অনেক, ঝড় হয়নি। সমুদ্র উত্তাল হয়েছে। বাঁধ ভেঙে মৌসুনি দ্বীপ ডুবে গেছে। সুন্দরবন জলে ভেসেছে। কোলকাতায় এটা পূজোর মরসুম। বাজার খোলা আছে, ক্রেতা নেই। ট্রলার গুলো সমুদ্রে মাছ ধরতে যায়নি, সরকারের নিষেধ মেনে। ভাদ্রের শেষ দিনে ইলিশের চাহিদা বাড়ে। জেলেরা ক'টা পয়সা রোজগার করে। সেখানে ও বাধ সেধেছে প্রকৃতি। মা সব কিছুই জানে। তবুও তাড়াতাড়ি করছে। এটা ইউনেস্কোর স্বীকৃতির জন্য। মা এসবের ঊর্ধ্বে। অকালে এনেছিলেন রামচন্দ্র। ইউনেস্কোকে স্বীকৃতি দিতে কে বলেছে? এটা মা এর প্রশ্ন। মা কে পিস হেভেনে রেখে স্বীকৃতি? ছিঃ।


না লজ্জা ঘৃণা নেই। তাই শিউলি ফুটুক না ফুটুক, কাশফুল দুলুক না দুলুক কিছু এসে যায় না। তাড়াতাড়ি দায় সেরে যাওয়ার ব্যাপার। মা তাই আসবেন আর যাবেন।


মা আসলে বাজার ওঠে, ব্যবসা বাড়ে, রোজগার হয় ব্যবসায়ীর-সরকারের। আড়ে-বহরে কি হচ্ছে না হচ্ছে এই এবার বুঝলো মা দুগ্গা। এরপর নতুন দুগ্গা আসবে। উচ্চতা আর বহরে ভারতে যে সব কৃতি মানুষের মূর্তি বসানো হচ্ছে ঠিক সেই মাপে। 


রাম'কে কমার্শিয়াল করেছেন একজন আর দুগ্গাকে আর একজন। এটা অনেকটা দুনিয়া কাঁপানো দশদিনের মতন।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

গঙ্গা পাড়ের কথা


গঙ্গা পাড়ের কথা

 :১:

হাওড়া স্টেশনের পূর্ব পাড়ে হুগলী নদী। হুগলী নদীর সেকালের বাঁধটা আজকের ফরসো রোড। আগে এই বাঁধের পাশ দিয়ে সারি সারি গুদামঘর ছিল। আর ছিলো জুট মিল। এখানে নানান জাতির মানুষের ভীড়। উড়িয়া, বিহারী, তামিল, তেলেগু, নেপালি সব আছে এখানে। এ হিসেবে বাঙালি কম। জুটমিল ছাড়াও কিছু সুগার মিল ছিলো। সেগুলো বাংলা বিভাগের পর একে একে উঠে গেছে। এই হুগলী নদীতে বজরা লাগতো। গুদামঘর গুলো ভরে যেত কাঁচা মালে। সেগুলোই ছিল উৎপাদনের কাঁচা সামগ্রী। কোলকাতা আর হাওড়া  সংযুক্ত হল নতুন ব্রীজ দিয়ে। পরিবহনের সুবিধা বাড়ল। কিন্তু নদী তার জীবন হারালো। মজে গেলো নদী। কোলকাতা পোর্ট হয়ে পড়লো বন্ধ্যা। প্রথমে জাহাজ আসা, পরে বজরা আসাও বন্ধ হলো। সমস্ত নদীর পাড় ক্রমশঃ হারিয়ে ফেললো জ্যান্ত অবস্থা। তবু তার মৃত হওয়া হলো না। তৈরী হল দ্বিতীয় হুগলী সেতু। দুই সেতুর চাপে বাণিজ্য নগরী হয়ে উঠলো মানুষের বাসস্থান। নামেরও হিড়িক দেখে কে! শ্রীরাম বদলে নাম হলো বিবেক বিহার, দর্পনারায়ণ, গঙ্গাকুঞ্জ, গোমতি আরও কত যুযুধান নাম। শ্রমিক কাজ হারালো আর অর্থবানরা গঙ্গার মুক্ত বাতাস পেয়ে ধেয়ে এলো হুগলী নদীর পাড়ে।

:২:

আজ আরো আধুনিক হয়েছে এই পূর্বপাড়। আউট্রামঘাট থেকে হাওড়া স্টেশন আসার জন্য তৈরী হয়েছে লঞ্চঘাট। নদীতে লঞ্চ চলে। বাংলা গানের নাম করা এক লিরিকিস্ট পুলক বাবু এই লঞ্চ থেকেই গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন। মৃতদেহ পাওয়া গেছিলো। মান্না দে সারা জীবন তাঁর লেখা অজস্র গান গেয়েছেন। তাঁর এভাবে মৃত্যুর কারণ খুঁজে পাননি। এখন আবার ট্যাক্সি স্ট্যান্ডের উল্টো পাড়ে তৈরী হয়েছে অ্যাপ ক্যাব স্ট্যান্ড। মানুষ ট্রেন থেকে নেমেই বাড়িতে পৌঁছে যায়। আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগোচ্ছে হুগলীর পাড়। এখন এক নতুন জিনিস এসেছে হুগলীর পাড়ে। এখানে আসে গ্রামান্তরের  অনেক বেকার ছেলেদের দল। তারা কেউ শাড়ি, কেউ চুড়িদার, অনেকে আবার কুর্তা পরে। ওরা সারাদিন শহর জুড়ে ঘুরে বেড়ায়। ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি, ট্যাক্সি সবখানে ওদের হাঁটাচলা। হাততালি দেয় বিন্দাস। ওরা রূপ বদল করে। ওরা রোজগার করে রূপ বদলে। 

সেদিন হাওড়া স্টেশন চত্বরে হিজড়েদের মারামারি দেখে বমকে গিয়েছিলাম। তাই আজ এত সব লেখা। হুগলী নদী নির্বিকার।

:৩:

সেই পূর্বপাড়ের কথাই লিখবো। হুগলী নদীর পূর্বদিকে ফোর্ট উইলিয়াম দূর্গ। বানিয়েছেন নেকড়ের দল। বাংলার শেষ স্বাধীন নবাব তখন আজকের ভাষায় জুভেনাইল। প্রতিবাদ তিনিই করেছিলেন। তার নাচঘর, সাঝঘর সবকিছু এখানেই। নবাব বলে কথা। বার্ধক্যে নয় যৌবনে এসব মেনে নেওয়া যায়? হ্যাঁ যায়। কারণ সে তখনো বুঝে উঠতে পারেনি; তার দাদু তাকে কোন কারাগারে রেখে গেছেন। আলীবর্দী খাঁ এক দুর্লভ চরিত্র। একজন দেশপ্রেমিক। তার পৌত্র সিরাজ।

থাক এসব কথা। আরও একটু পূর্বে অবিভক্ত বাংলার ফুটবল ক্লাব। মোহনবাগান। হারিয়ে দিয়ে জয়ের মুকুট পরিয়েছিল এই ভারতবর্ষকে। কেউ ভাবুক না ভাবুক এটা বাংলার গৌরব গাঁথা। সেই খালি পায়ে বাঙালি আর বুট পরে ইংরেজ দল। কে মনে রাখে এসব? কালে কালে দু'টুকরো হওয়া বাংলায় জন্ম হলো ইষ্টবেঙ্গলের। দ্বিজাতি তত্ত্বে মহামেডানও তৈরী হলো। যুদ্ধ করা নেকড়েরা সুপরিকল্পিত ভাবেই এই তত্ত্ব বাংলাতেও রেখে গেলো। 

যারা মানুষের মুন্ডু কেটে ফুটবল খেলার জন্ম দিয়েছিলো তারাতো এসব করবেই। বাংলা এভাবে ভাবেনা। ইতিহাস তার অতীত আর শিক্ষা তার অন্তরে। ভারত আজও এই পথেই চলে। পৃথিবীর একমাত্র সেক্যুলার আজও তারাই।

:৪:

অন্তর খুব বৃহৎ। এটা অংকের ভাষায় বিয়োগান্ত হতে পারে তবে লেখক-কবির কথায় যোগাত্বক। বিরাট তার পরিসর। যা কিছু মনে আসে রাখা যায় সেখানে। ইতিহাস রচনার একমাত্র হার্ডডিস্ক এটা।

:৫:

আরো  একটু পূবের দিকে এলাম। সে আকাশের দিকে তাকিয়ে আছে। সে বিজয়ী। সে জয়স্তম্ভ। জয় কিসের? আমাদের যেখানে পরাজয় সেখানেই তার জয়। এটা তারই প্রতিলিপি। আগের নাম মনুমেন্ট। আমি এর মাথায় চড়েছি । তখন ছাত্র ছিলাম। গোটা কোলকাতা দেখা যেতো। মাথা তুলে তখন কোনো অট্টালিকা ওঠেনি এই কোলকাতায়। সত্যিই সে এক স্তম্ভ । এরপর তার  নতুন নাম হয়েছে। রূপ? না ওটা একই আছে। জয়স্তম্ভ ভাঙবে কে? নাম বদলেছেন নতুন প্রশাসক। মাথায় লাল রং দিয়ে মনুমেন্ট হলো শহীদ মিনার। শহীদেরা তো এসব দেখেনি। আমরা ছাত্র জীবনে এইসব উৎকট ব্যাপার দেখেছি। সে সব আজও চলছে। তাই মুঘলসরাই আর নেই। নাম হয়েছে অন্য কিছু। কি যেন এক দীনদয়ালের নামে।

:৬:

পূর্বে হেঁটে চলেছি। সত্যিই পূর্বে বা অতীতে। মনুমেন্টের পূর্বে জমেছিলো মাটির পাহাড়। ভারতের প্রথম মেট্রো রেলের কাজ চলছিল। সেই পাহড়ের চূড়োয় নানান গাছ গ্রীবা তুলে তখন সূর্য দেখতো। উদয় আর অস্ত কোলকাতার এই মাটির পাহাড়ে চড়ে দেখার সুযোগ হয়েছিলো। সেদিনের দুপুর আমি আর কঙ্কন কখনো ভুলতে পারবো না।  পার্কস্ট্রীট ফিরিংগি পারার বিপরীতে ছিলো এই পাহাড়। অনেক কাল এভাবেই ছিলো। তখন কোলকাতা বইমেলা হতো রবীন্দ্রসদনের ওপারে। যেখানে এখন মোহরকুঞ্জ। রবীন্দ্রসদন আর ময়দান স্টেশনের উত্তোলিত মাটি রাখা হতো ওই জায়গায়। ব্যাঘাত ঘটালো মেঘ। আচমকা সন্ধ্যা নেমে এলো। ঝর উঠলো। কঙ্কন সেদিন নির্বাক থাকলে আমরা দুজনেই মাটির নিচে কবরস্ত হতাম। ওর সন্ধানী চোখ আমাকে টেনে নিয়ে গেল রাস্তায়। সূর্যাস্ত দেখা হয়নি। বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলায় ট্রামে চড়লাম। পৌঁছে গেলাম বেহালা ট্রাম ডিপো। 

শুনেছি এই মাটিতেই লবন হ্রদ বা কথ্য ভাষায় সল্টলেক ভরাট করা হয়েছিল। আজ এসব কে জানে?

:৭:

আবার সেই পূর্ব। কথিত আছে যখন ফোর্টউইলিয়াম দূর্গ তৈরী হয় তখনও বিপুল মাটির পাহাড় জমেছিলো ঠিক এসপ্লানেড স্টেশন যেখানে ঠিক সেখানেই। আদীগঙ্গা যেটা এখন কালীঘাট শ্মশানের পাস দিয়ে নর্দমার মতন বয়ে চলেছে সেটা কালীগঙ্গা ছিল। সেখানেও বজরা ভিড়তো। গুদামঘর গুলো আজও রয়ে গেছে জেলে বাজারের পাশে। এই মাটির স্তুপ দিয়ে গঙ্গার পথ বদলানো হয়। আজ যে হুগলী নদী দেখি এটা এক কৃত্রিম ভাবে পথ বদলানো নদী। অধর্ম ঢাকতেই নাম হয়েছে ধর্মতলা। নিমতলা, কেওড়াতলার সাথে ছন্দ মিলিয়ে নাম দেওয়া।

:৮: 

কঙ্কনের দিদি কিঙ্কিনি। ও ভালোবাসে পূর্বায়নকে। এখানেও সেই পূর্ব। অনেক পরে বুঝেছিলাম আমার পূর্ব ওর পূর্বায়ন। জনাকতক মানুষের মধ্যে আমি নেই। আমি আছি আমার মতন। লিখতে ভালো লাগে তাই লিখি। আগে অঙ্ক কষতাম মনদিয়ে। ক্যেওস খুব মন কেড়েছিলো। উদাহরণ দিতাম ক্যেওস বোঝাবার জন্যে। 

বলতাম, ধরো কোনো একটা দোকান মাল পত্রে বোঝাই। কিভাবে বোঝাবে দোকানদার? 

দোকানে ঢোকার মুখে একটা পুতুল উপর থেকে নিচে পরলো অথবা ফ্রিজ বন্ধ রেখে চকলেট গুলো স্বেচ্ছায় গলিয়েছেন দোকানদার। শুধুমাত্র দেখানোর জন্যে। বোঝাতে চেয়েছেন সব চকলেট এ দোকানে আছে। যে কোনো চকলেট পাবে এই দোকানে। এটা একটা ম্যাথেমেটিক্যাল প্রকল্প। নামে ক্যেওস। সারবত্তা  হলো সাধারণের কাছে নিজেকে অনন্য করে তোলা।

কিঙ্কিনি এটা বুঝেই মনে হয় কিছু ভেবেছিল। আমি ভাবিনি।

:৯:

আগেও একবার হুগলীর পূর্ব পাড়ে সুতানটিতে এসেছি। এসে ছিলাম বাগবাজার মায়ের বাড়ি। মা মানে মা সারদা। গেছিলাম কুমোরটুলিতে ঠাকুর দেখতে। শরৎকালের দুগ্গা ঠাকুর। রাখাল পালের স্টুডিওর সামনে এসে দাঁড়িয়ে পরলাম। দুজন পাহারা দিচ্ছেন। তারা নির্বাক। ভয়ে ভয়ে ঢুকে পরলাম। ওরা কিছুই বললোনা। এরা  মূর্তিমান রাখাল পালের মা-বাবা। তারা চলে গেছেন অনেক কাল আগে। ছেলে তাদেরকে যেতে দেয়নি। তার শিল্পে তারা আজও যেনো বেঁচে আছেন।

সুতানুটি খুব সুন্দর। ওখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। নাম জোড়াসাঁকো। বাবা ব্যবসা করতেন, তবে সফল নন। তাঁর জাহাজ ছিলো। জাহাজ ভাসতো হুগলীতে। সে ডুবে গেছে। কারণ জানা নেই। 

এর পাশেই আবার নরেনের ঘর। বিচ্ছু নরেন। পরে তিনি স্বামীজী। তাও কিনা ঠাকুরের দয়ায়। ঠাকুর মানে পাগলা ঠাকুর। সে মাকালীকে নিজের হাতে খাওয়াতো। রাণী রাগ করতেন। তাই সে পাগলা ঠাকুর। তার বুজরুকি ভাঙতে নরেন গেছিলো। ছিলো আরো একজন। সেও সুতানুটির। সবাই মাতাল বললে এক ডাকে তাকে চেনে। কথিত আছে নরেন গাঁজা খেতো স্কুল বয়সে। দুই নেশারু দেখতে গেছিলো ঠাকুর কি খায়। দেখা হয়নি। দেখতে গিয়ে শেখা হয়েছে বিস্তর। বলা হয়নি কিছুই।

:১০:

এ যেন পূর্ব পাড় ধরে হেঁটে চলা। বাঙালির সুখের দিন। থেলো হুঁকো আর আফিমের মোজ। সন্ধ্যা বেলায়  মৈথিলি গান। ভোর বেলায় ট্রামের ঘন্টি। এতক্ষন শুধু  আমাদের কথা লিখেছি। তাদের কথাও লিখতে হবে। তারা স্রষ্টা। কোলকাতা তার সৃষ্টি। জয় করে নয়। পয়সা দিয়ে কেনা। জব চার্ণক না হয় নয়। এ শহরের স্থপতি তাঁরাই।  তাদের কথা না লিখলে বাঙালির সম্মান নষ্ট হবে। হ্যাঁ আমি ব্রিটিশ রাজের কথা বলছি।

:১১:

তারা নাকি বণিক। না এ কথা সত্যি নয়। এটা আমি বলছি। বলছি প্রাচুর্য দেখে। সৃষ্টিতে কোনো খাদ নেই। কোলকাতার এই রূপ তাদের দেওয়া। যেখানে শ্বাপদ ঘুরতো সেখানে শহর। টিকি বাধা ট্রাম আর ফিটনের দৌড় তারাই এনেছে। তাদের স্থাপত্ব আমাদের সম্পদ। তাদের রেলপথ হুগলীর পাড় থেকে ফলতা পর্যন্ত যেতো। ওখানে জগদীশ বসুর বাড়ি আজও স্বাক্ষী হয়ে আছে। তাঁদের সাহস ছিল। আড়ম্বর ছিলো কম। তাদের বাদ দিলে এ লেখা অসম্পূর্ণ থেকে যাবে।

:১২:

পূর্বের আরো কিছু বলে শেষ করবো। তারা ছিলো বিদ্বান, সাহসী এবং কুশলী। তাদের দেশে সূর্য অস্ত যেত না। তারা দেশ জয় করতো। নতুন দেশ তৈরী করত। তারা অকুতোভয়। কোলকাতা ছিলো তাদের সৃষ্টি। টাউন প্ল‍্যানিং এর তারাই স্রষ্টা এদেশে। তাদের দেশের কৃতী মানুষের মূর্তি গুলোই কোলকাতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। টাউন হল ছিল আড্ডার হল। সেখানে একটা লাইব্রেরী ছিলো। পড়াশুনো তাদের মেরুদন্ড। মন ছিল অদম্য সাহসী।  আর চোখ ছিলো দুরদর্শী। কখনো নেকড়ের মতন তীক্ষ্ণ কখনো দার্শনিকদের মতো শান্ত। তারা শাসন করেছেন। সৃষ্টি করেছেন। অত্যাচার করেছেন। কুসংস্কারাচ্ছন্ন সমাজে রেনেসাঁ এনেছেন। ভারতীয় সভ্যতাকে ঘৃণা করেছেন। আবার শ্রদ্ধাও করেছেন এই প্রাচীন সভ্যতাকে। লিখতে গেলে সবকিছুই লিখতে হয়। স্বাধীনতা কি? কেন আমি পরাধীন সেটাও শেখা তাদের শিক্ষা থেকেই। তাদের শিক্ষাই একদিন সমৃদ্ধ করেছে আমার জাতিকে। তা না হলে আমরা আজ কোথায় থাকতাম জানি না। হয়তো কোনো এক জটাধারী সাধু পাহাড়ের কোলে অথবা গভীর জঙ্গলে বসে মানুষের খুলিতে ঢেলে সুরা পান করতেন আর আমরা আফিম আচ্ছন্নের মতন সভ্যতার বিষয়ে অজ্ঞ থেকে এই পৃথিবীতে উচ্ছিষ্ট হয়ে থাকতাম।

-------------------------------০--------------------------------



বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাহাড়, বাঙালী ও মহামারী

 বাঙালির বেড়ানো বন্ধ। মহামারী এসেছে। ইউরোপ, আমেরিকার পর ভারতে। সবাই ভেবেছিলো আসবে না। আসার পর বলেছিলো ওরা নিয়ে এসেছে। ওরা মানে প্রবাসীরা। ওরাও ভারতীয়। দেশে ফেরা ছিলো দস্তুর। তাদের ফেরাতে ব্যাকুল সরকার। দেড়শো কোটি মানুষের বিষয়ে সরকার ডোন্ট কেয়ার। থাক সে কথা। মহামারী এলেন। শ্মশান হলো ভারত। ভ্রমণ হলো বন্ধ। দূর্গা পূজোর আড়ম্বরে নিষেধাজ্ঞা পরলো। বন্ধ হলো বাস, ট্রাম, ট্রেন। লকডাউন শব্দটা নতুন করে শিখলো গোটা জাতি। রোজগার স্তব্ধ। মোটা চাল, রুটি,ডাল সরকার জোগালো। বছর ঘুরলো ঘরে বসে খেয়ে না খেয়ে।  এরপর ভ্যাকসিন এলো। লাইন পড়লো স্বাস্থ্যকেন্দ্রে। লাইন দেওয়া নতুন নয়। সেই নোট বন্দির দগদগে ঘা শুকোনোর আগেই আবার লাইন। 

এসব এখনো শেষ হয়নি। মহামারীর সময়কাল চার বছর। ঠিক যেনো হিসেব কসেই ব্যবসায়ীরা এসব ভেবেছেন। কিন্তু কেউ জানে না, পাহাড়ে ফুল ফোটা বেড়েছে। ঠিক সময়ে বরফ পাচ্ছে পাহাড়। আনাড়িরা বেড়াতে যাচ্ছে না। এবার শীতে শিলংয়ে ক্যামেলিয়ার বাহার দেখলাম। পাইনের দুলুনি ফিরেছে। এলিফ্যান্ট ফল্সে জলের উচ্ছাস। আর মৌলিনং দেখলে মনে হবে পরিস্কার পরিচ্ছন্ন কবরস্থান। মৌসিনরাম যেতে বারণ করলো। গেলাম না। হট স্প্রিং ও যাইনি।প্রায় দু'বছর পর এবার গিয়েছিলাম মেয়ে আর বৌ সাথে নিয়ে শিলং। ওরা খ্রিস্টমাসে আনন্দ করেছে তবে মন ভরেনি।

বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ত্রিস্তম্ভ

 পাপী না নিষ্পাপ জানি না। এখন জুভেনাইলরা যেভাবে ক্রাইমে যুক্ত হচ্ছে সেটা খুব তির্যক। তবে দুটো ছেলে খুন হলো। প্রশাসন তার দায় কি এড়াতে পারে? হ্যাঁ পারে। বিরোধী দলগুলো কি ঝাঁপাতে পারে? হ্যাঁ পারে। এদের মা-বাবা কি দায় অন্যের উপর চাপাতে পারে? না পারে না। কারন অনূর্দ্ধ আঠেরোর জন্য দু'চাকা চালানো আইন বিরুদ্ধ। 


এদেশে এখন আইন কেউ মানে কি? হ্যাঁ মানে। কারা মানে? আমরা যারা বড় অসহায় ভাবে বেঁচে আছি। 


তাহলে এত আইন-কানুনের কথা নিয়ে আলোকপাত করার কারন?

কারন, নীতিহীনতাই আজ দস্তুর। দুর্ভাগার চাকরি গেলো, অভাগা মর্গে দশদিন ধরে ডিকম্পোস্ড হোলো, প্রচার মাধ্যম বিচারের দায়িত্ব নিয়ে টি.আর.পি'র ফায়দা লুটলো। 


সমাজ কি পেলো? হ্যাঁ পেলো। বিবেকহীন রাজনীতি, অমানবিক প্রশাসক আর দানবীয় মানবিকতা।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

হতাশায় সৌন্দর্য

 ভালো লাগার রকম ফের আছে। নীল আকাশ -সমুদ্র যেখানে মেলে মন ভরে যায় দেখে।  ইদের চাঁদের পাশে লুব্ধক ঠিক যেন গভীর জঙ্গলে বাঘের চোখ দেখা। ব্রহ্মপুত্রের উপর নৌকায় বসে হিমেল হাওয়ায় সাথে সূর্যের তাপ নেওয়া। আর শিলং পাহাড়ে প্রেমিক হয়ে ক্যামেলিয়া ফুল ছোঁয়া। 


এটা আমার প্রকৃতি দর্শন। এসব এই  কোলকাতা শহরে বসেও পাই। আউট্রামঘাটে নোঙর করা জাহাজের মাস্তুলে বসে ছিপ দিয়ে মাছ ধরা। মনুমেন্টের মাথায় চড়ে পুরোনো কলকাতা দেখা অথবা নিবেদিতা সেতু থেকে দক্ষিনেশ্বর মন্দির। 


এসবের পরেও কিছু আছে। এ যেন বিষাদের আনন্দ। এও পেতে ভালো লাগে। কালীপূজোর সন্ধ্যায় বাতি জ্বেলে পূর্বপুরুষ স্মরণ। দর্শন মেলে তাদের শুনেছি । তাইতো যাই নিমতলা গঙ্গার ঘাটে  প্রদীপ ভাসাতে। 


বাড়ছে বয়স কমছে জীবন। এটা নতুন করে পুরোনো সংসারে ফিরে যাওয়ার মতন। ভাগ্যিস এদেশের প্রকৃতি মানুষকে সব দেখায়!

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পেশা এক রঙ্গ

 গাছ কাটতে দেখলেই আমার শরীর শিরশির করে। অনেকটা নির্মমভাবে জীব হত্যার মতন। প্রথমে ছোটো ছোটো ডাল গুলো ছাঁটা ঠিক যেন হাত আর পায়ের আঙুল গুলো কেটে দেওয়া। তারপর ডালপালা। ঠিক যেনো হাত আর পা কেটে দেওয়া। তারপর মোটা গুড়িটাকে খন্ড খন্ড করা। অনেকটা যেন দেহটাকে টুকরো করা। শেষে মূল থেকে ওঠানো। মনে হয় আমাকে ছিন্নমূল করছে। এসব একান্তই একটা অনুভব। আর আমার মতনই কেউ এ কাজ করে। হৃদয়ের পাঠশালায় তারও জায়গা আছে। সেও কারিগর। ঠিক যেমন ফাঁসুরে। সে মানুষকে ফাঁসি কাঠে ঝোলায়। এটাই তার কাজ। কি অদ্ভুত না?


নাপিত যখন মা-বাবার মৃত্যুর দশদিন পর আমাকে নেড়া করলো হাসিমুখে সেদিনও আমার ঠিক এমনই লগেছিলো। 


পেশা কিন্তু এই সব ভাবে না। চোর চুরি করে; পেশা। ডাকাত ডাকাতি করে;পেশা। গুন্ডা গুন্ডামি করে; পেশা। উকিল.... না থাক। এরপর লিখে ফেলবো রাজনীতিও.. ?।

রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

আমি ও তীর্থ

 কলেজ জীবনের একটা ঘটনা আজ মনে পরলো। আমরা এগারো ক্লাস থেকেই কলেজে পড়তাম। ঐ বয়েসটা খুব সাহসী। সব কিছুতেই উৎসাহ। শ্মশান থেকে বিয়ে বাড়ি, পূজো থেকে বড়দিন সবকিছুতেই আগ্রহী। প্রাণচঞ্চল সময়। 


আমার বন্ধু তীর্থ মাউটেনিয়ারিং করত। ট্রেক করা ওর অভ্যাস। আর আমি পায়ে হেঁটে ঘুরে বেড়ানোয় অভ্যস্ত। গাছে চড়ে জামরুল, পেয়ারা, কুল, আম পেরে আনতাম স্কুল বয়সে। নারকেল বা সুপুরি গাছে ওঠা বা দুলিয়ে নিয়ে এক গাছ থেকে অন্য গাছে যাওয়া ছিলো নেশার মতন। 


একবার দু'জনের ইচ্ছা হল কাটাপুকুরে যাওয়ার। ওখানে বডির পোস্টমর্টেম হয়। কোলকাতার পুরাতন  ডিসেকসান সেন্টার। যারা কাজ করে তারা হয় ডোম নয় ডাক্তার। তীর্থ ম্যানেজিং ডিরেক্টর। ও সব পারে সত্যিই পারে। কাজেই আমরা চললাম কাটাপুকুরে।


যে রাস্তাটা দিয়ে যেতে হয়, নাম রিমাউন্ট রোড। এটা সাহেবদের দেওয়া নাম। ঠিক তার আগেই অর্ডিন্যান্স ডিপো। সৈন্যদের অস্ত্রের ভান্ডার। এসবই সাহেবদের বানানো। এর পরে কোলকাতা পোর্টের জমিতে সেই সেকালের তৈরী হওয়া গোডাউন। সারি সারি গোডাউনের ঠিক মাঝখানে এই বডি ডিসেকসান সেন্টার। যাতায়াতের কোন সুবিধা নেই, পায়ে হেঁটে যেতে হয়।


পৌঁছলাম কাটাপুকুরে। শীতকালে সন্ধ্যা আসে তাড়াতাড়ি। যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। এটা কিন্তু গা ছমছম করা সময়। আমরা বীরপুরুষ কাজেই গেটে করা নাড়লাম। বিকট চেহারার একজন এলো, গেট খুলতে। বললেন বডি আজ নেহি মিলেগা। কাল আও। তীর্থ বললো সাবকো বুলাও। ডাক্তারবাবু ততক্ষনে এসে পরেছেন।


চললাম মর্গ দেখতে। বিকট দুর্গন্ধে মাথা ঝিমঝিম করে উঠলো। সামনেই পরে আছে আমাদের বয়সী একটা মেয়ে। তাজা বডি। এখনো তার রূপ দেখা যাচ্ছে। মৃত না জীবিত ভাবতেও অসুবিধা হচ্ছে। ঠিক যেন মর্গের রিসপসনিস্ট। দুর্গন্ধের কারনে ওখানে যারা কাজ করে তারা মদের উপরেই ভরসা করে। আমরা দুজনে সে দিন জীবনেও ভুলতে পারবোনা।

ঐ দুঃস্বপ্নের কুঠিতে সারি সারি মরদেহ সাথে ডাক্তার-ডোমেদের যৌথ কাজকর্ম দেখে।


বাড়িতে ফিরে মা'কে কিছু বলিনি। গা ঘিনঘিনে মন সেদিন পুকুরে নামতে বাধ্য করলো। শেষে বললাম মা আজ শ্মশান দেখতে গেছিলাম আমি আর তীর্থ, তাই স্নান। 


মা বললো ওরে হতভাগা, শ্মশান পুণ‍্যস্থান।

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বাজারী নিউজ চ‍্যানেল

 বাংলা নিউজ চ্যানেল গুলো দেখতে বসলে মনে হয় প্রাত্যহিক জীবনে কোনো কিছুই বাংলায় ঘটছে না। জনজীবনে সব যা ছিলো তাই আছে। মানুষের সাধারণ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশের বেকারত্বের খবর তারা জানান না। জানান না মূল্যবৃদ্ধির কথা, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ‍্যের দাম কমানোর খবর। এই চ্যানেল গুলো ভুলে গেছে ভারতীয় অর্থনীতি নিয়ে যে ডায়লেমা চলছে তার ব্যাখ্যার প্রচার ক‍রতে। শিক্ষাক্ষেত্রে অর্থ বরাদ্দের খবর তারা দেন না। প্রতিরক্ষা খাতে ব্যায় বরাদ্দ বা ডিসক্রিপেন্সি তারা দেখতে পায় না। বাংলার উৎসব মরসুমে বাজারের খবর তারা রাখে না। প্যাকেটজাত বিভিন্ন দ্রব্যের মূল্য কোথা থেকে কোথায় পৌঁছেছে সে কথা বলার দায় নেই তাদের। ঠিক যেমন দায় নেই নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির কথা। দায় নেই বন্যা বিদ্ধস্ত পাকিস্তান কে দেখানোর, দায় নেই ইউক্রেনের উপরে রুশ আক্রমন অথবা এশিয়া কাপ। 

শুধুই সিবিআই, ইডি, গরু চুরি, কুকুর চুরি, পার্থ, অনুব্রত নতুন সংযোজন রাজু, কাজু, কিসমিস, কুনাল, শৃগাল, হালাল, হারাম,আরাম, ব্যারাম ইত্যাদি। নব যুগে আবার জহর এসেছেন। আর গতানুগতিক ভাবে আছেন সৌগত।

শুভেন্দু, শান্তনু, অভিষেক, ভাইপো, ভাগ্নে, মামা, কাকা, জ্যেঠু আরও কত কে। 

বাকি আছে দাদু দেখানো। দাদুর কথা বলতে গেলে আমরা এই সব চ্যানেল এর রিপোর্টারদের গলায় .... তুলে দেবো। দম নিতে দেবো না।

বাংলায় চোর-চামার বাস করে এই খবর যারা সদর্পে প্রচার করে তাদের এটা বোঝা দরকার বাংলার মানুষ কি ভাবছে তাদের ব্যাপারে।

নীতিনৈতিকতার প্রশ্নে আজ খুব মনে পরে গৌরকিশোর ঘোষ এর কথা। 

নিউজ চ্যানেল গুলো কি তাকে জানেনা?

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

নতুন শৈশব

 আজ হাঁটু পর্যন্ত জলে ভরা মাঠে নেমেছিলাম। সাথে ছিলো তাপসদা।জায়গাটা বিদ্যাধরী নদীর খুব কাছে। বর্ষায় মাঠের জল ওঠানামা করে। এটা বিরাট একটা ধান চাষের জমি। এখানে গড়ে উঠবে প্রকান্ড একটা ন্যাশনাল স্কুল। স্থপতি হিসাবে আমি আর ঠিকাদার হিসাবে তাপসদা দেখতে গিয়েছিলাম এই বর্ষায় কাজটা এখন শুরু করা যাবে কি? এজন্যই এভাবে মাঠে নামা। মাঠের জলে নেমে মনে পরছিলো আমার ছেলেবেলার কথা। মাঠে জল জমতো আর আমরা শামুক কুড়োতে যেতাম। বাড়িতে পোষা পাতিহাঁসগুলো শামুক খেয়ে পেট ঝুলিয়ে প্যাঁক প্যাঁক করতে করতে উঠোন পেরিয়ে পুকুরে সাঁতার দিতো। আজ অবশ্য শামুক ধরিনি। আজ গামবুট পায়ে মাঠে নেমেছিলাম জল মাপতে। তাপসদার আছাড় খাওয়া দেখে আমি হাসি চাপতে পারিনি। 


জল মাপা শেষ হতে সন্ধ্যা গড়ালো। মাঠের পাশেই পাকা রাস্তা। বাস, লরি, মোটর ভ্যান মাতিয়ে রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর পর শান্ত হয় পরিবেশ। সেই শান্ত পরিবেশে বসে আজ আলুর চপ আর মুড়ি তারপর এক কাপ চা। সন্ধ্যা নেমে এলো, শুরু হলো ঝিঁঝিঁ পোকার কান্না আর ব্যাঙের ডাক। অনেককাল পরে বাংলার ডাকসাইটে এসেছি কাজের সুবাদে। কাজের পরে ফিরে পেলাম আমার ফেলে আসা শৈশব। বুঝলাম এত কাজের মধ্যেও আমি বদলাইনি। বাংলার মনসুন সত্যিই অপূর্ব।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এ কেমন পূজো?

 সকাল সকাল সন্ধ্যা এসে গেলো। শীতের জানান দেওয়া। হাসফাঁস গরমে এক শান্তির বার্তা। ওদিকে কেশোরাম মিল বন্ধ বলে সেখানে কাশফুল ফুটছে। আর বিড়লাপুরে কাশ ফুল নেই। আছে গঙ্গার পাড়ের ধূসর আকাশ আর চাই চাই রব। কি চাই? জুট মিলে আজ কাজ নেই। পুজো তাদের কাছে এসেও আসেনি। ষঠ পূজো এখন ওদের বড় বালাই। তাই পূজোর আসছে বটে তবে মনে আনন্দ নেই।

এদিকে রাস্তা-ঘাট বন্ধ করে উৎসব শুরু হয়ে গেছে। মেতে উঠেছে কোলকাতা। ভেবে পারছেনা পুলিশ। লাঠি-বন্দুক নিয়ে ঠুঁটো জগন্নাথ দাঁড়িয়ে আছে। প্রতিযোগী নিতাই এর কথা নিজের কানে শুনেছে। পরের ছেলের বাপ হওয়া কি ভাবে সম্ভব তা ভাবছে; আর ভাবছে সত্যিই পূজো এসেছে কি?