শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

এই নরদেহই যেন আজকের ইমারত

 রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিটের ধারণাটা এযুগে আবিস্কৃত নয়। এটা ৪৫০ মিলিয়ন বছর আগের ধারণা। আমরা প্রজাতিগত ভাবে ম্যামালস পর্যায়ে পরি। এই আমার প্রজাতির আবির্ভাব প্রায় ২৫০ মিলিয়ন বছর আগে। মস্তিষ্কের গঠন ক্রমবর্ধমান মিউটেশন এ আজকের এই আমরা হয়েছি। বারবার নিজেদেরকে নিজেরা খুঁজে পাচ্ছি এই পৃথিবীতে। এই শরীরের হাড়গোড়, চামড়া, পশম সময়ের আহ্বানে কঠিন থেকে কঠিনতম পরিবেশের সাথে মানিয়ে তুলতে বিবর্তিত হয়েছে কোনো অঙ্ক না কষেই। আমাদের অঙ্ক কষা শুরু হয় আর্যভট্টের হাত ধরে। সেটা প্রকৃতির বয়সের সাপেক্ষে শিশু। কত হয়েছে তাঁর বয়েস? এই তো সেদিন খৃষ্টপূর্ব ৪৭৬ বছর। ওনার ওই শূন্যের হাত ধরেই পিথাগোরাস থেকে অয়লার; নিউটন থেকে আইনস্টাইন; ভাববাদ থেকে বস্তুবাদ সবকিছুই হেঁটে চলে বেড়ানোর পথ পেয়েছে। আমরা এই আধুনিক যন্ত্রমানুষেরাও একই পথের পথিক।

বড়, ছোটো ইমারত গড়তে কত সমস্ত অঙ্ক কষতে হয়। প্রথমেই সিয়ার ফোর্স নিয়ে ভাবতে হয়। ওটা জন্মানোর পরে প্রথম দু-পায়ে দাঁড়ানোর বিজ্ঞান। 

সেই যে দাঁড়ানো শেখা সেখানেই প্রশ্ন ওঠে মনে পরে যাবোনা তো? 

আসলে দু-পায়ে দাঁড়ানো রিস্কি। সাইকেল, মোটর বাইকের স্ট্যান্ড আছে তেপায়ার মতন যা আমাদের নেই। আসলে তিনপেয়ে হলে কমপক্ষে একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। এটা সুস্থির সাম্য। আর যারা চারপেয়ে? এটা রেডনড্র্যান্ট।

এই দুপেয়ে থেকে চারপেয়ে হওয়া অনেক ভালো। অন্তত পক্ষে পরে মরা থেকে বাঁচা যেত। থাক এসব আফসোসের কথা, প্রসঙ্গে ফিরি।

সিয়ার আর বেন্ডিংমোমেন্ট ম্যানেজ করার পর যেটা ভাবতে হয় সেটা স্ট্যাটিকাল ইকুইলিব্রাম বিষয়টা। এটা দুপেয়ে থেকে শত পেয়েদেরও ভাবনার বস্তু। সেখানে আবার প্রধান দুজন মেম্বার আছেন। একজনকে টেনে ছিঁড়তে হয়, অন্যজনকে পিষে মারতে হয়। এরা দুই ভাই। একজন টেনসান আর অন্যজন কম্প্রেসান। এই দুজনের সমাপতন তৈরী করে ওই সুস্থির সাম্য। অঙ্ক কষে-টষে অট্টালিকা বানাই এই আমরা যারা কারিগরিক শিক্ষায় অতি সমৃদ্ধ। 

হায়রে কপাল, এটাতো ২৫০ মিলিয়ন বছর আগেই সৃষ্ট। এতো এই নরদেহ। এই দেহ সেই কোনকালে কোনো অঙ্ক না কষেই দিব্যি মায়ের গর্ভে তৈরী হয়েছিলো। 

শেষে একটাই কথা মনে আসে তা হলো বস্তু থেকেই চিন্তার উৎপত্তি। এই হাড়মাস থাকা দেহ একটা রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ধারণার প্রথম পসচুলেট। সেটাই দীর্ঘায়িত বা অতি দীর্ঘায়িত হচ্ছে শক্ত বানাতে দু-পায়ে দাঁড়াতে।

আসলে নিজেকে চারপেয়ে বলতে আমাদের শরমে বাধে। আমরা গরু-ছাগলের সাথে সমমানের হতে লজ্জা পাই। তাই আজ এমন এক নতুন লেখা।



বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সেই প্রথম আমি বিমূর্ত হলাম

বলে দিলাম সংসার জীবনে যদি নিয়ে আসি, তুমি সামলাতে পারবে? বললো পারবো। বললাম যৌথ পরিবার দেখেছো? বললো আমি যৌথ পরিবারের। বললাম মায়ের কাছে রান্না করা শিখেছো? বললো মা কেন ঠাকুমাও ছিলেন যখন আমার রান্নায় হাতেখড়ি। বলে ফেললাম মিথ্যা বলছো? বললো কি আঙ্গিকে বুঝলে? বললাম মাছ ভাজতে গিয়ে গরম তেলের ছ্যাঁকা যার হাতে লাগেনি, তাকে কি করে বলি সে সত্যি বলছে? বললো তুমি দেখে নিও।

এবার দেখে নেওয়ার পালা।

বাজারে গিয়ে গুছিয়ে মাছ কিনলাম। সব্জি আনাজ কিনলাম। ব্যাগ রাখলাম বারান্দায়। বললাম, এই একটু সর্ষে পোস্ত দিয়ে করলা আর আলুর শুক্তো করো। বললাম পাবদা মাছের ঝাল বানাও। বললাম একটু মুড়ি আর আলুভাজা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। 

কিছুই বললো না। যখন পেটে ছুঁচোর ডন শুরু হলো বললাম কি হলো টিফিন বানাও নি।

উত্তর দিলো না। 

বললাম বানিয়ে নেবো?

নিরুত্তর। বললাম কেন এতো মিথ্যে বলেছিলে?

বললো তোমাকে পাবো বলে।

সেই প্রথম আমি বিমূর্ত হলাম।

বুধবার, ২৯ মার্চ, ২০২৩

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

 :১:

আমাদের মতন কালারড্ পিউপিল যারা তাদের ত্বক আর নাসিকার প্রতি একটা দুর্বলতা আছে। উন্নত নাসা আর অভিযোজিত শুভ্র ত্বক বড়ো কাছে টানে। কয়েক বছর আগে যখন কাশ্মীরের কলিকে গৃহবঁধু করার অধিকার পাওয়া গেলো, ভেবেছিলাম বর্ণগত ভাবে কিছু মানি বা না মানি, ব্রাহ্মণ হওয়ার সুবাদে ইচ্ছে হয়েছিলো কোনো এক কাশ্মীরের ব্রাহ্মণ পরিবারের মেয়েকে গৃহবঁধু করে নিয়ে আসবো এই কোলকাতার বাড়িতে। তা হলো না। বুঝলাম ওই উপত্যকা এই সমতলে আসতে চায় না। ওরা ওই উপত্যকার মতন সুন্দর, কাজেই সমতলে আসবে কেনো? 

কথায় আছে না "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।" এই ঐতিহাসিক সত্যটা আমরা সবাই ভুলে যাই। ভুলে যাই পরিচয় যার যার দেশটা সবার।

আমার এক কাকু বিয়ে করেছিলেন একজন মেক্সিকান যুবতিকে। ঠাকুর্দা বললেন আমার জাত গিয়েছে চুরি। কাকু যেদিন স্ববঁধূ ঘরে ফিরলেন, ঠাকুর্দা তখন বিছানা নিয়েছেন। ছেলের বৌ যখন পায়ে হাত রাখছেন, তিনি পা সরিয়ে নিয়েছিলেন। যখন মুখ দেখলেন, কি আর বলবো এ যেন অকালবোধন হয়েছে।

তার উজ্জ্বল মুখ দেখে ঠাকুর্দা মোহিত। এক কথা দু কথায় তিনি বলেই ফেললেন এ যেন এক দূর্গা প্রতিমা। পাশ ফিরে শুয়ে বললেন ছেলেটাও আমার মহাদেবের মতন।

ভাবুন কি অবাক জলপান। ঠিক যেনো জলপাই ফিরিয়ে দিয়ে জলপাই বিমুখ মানুষের জল খুঁজে পাওয়া।

নাতি বলে কথা। ঠাকুর্দার রোগ যাবে কোথায়? তবে ওই উন্নত নাসা, শুভ্রকান্তি, কালো চুল সুন্দরী পাওয়া হলো না। যাকে পেলাম সে সত্যিই আমার গৃহবঁধূ। সেই ছোটো বেলা থেকে বাপের আদরে মা এর শাসনে স্নিগ্ধ নয়ন দিয়ে বড়ো হওয়া এক যুবতি। 

রঙ যেমনই হোক না কেনো মনটা একেবারে ঘরোয়া বাঙালির মতন। ছেলে খুশি আমিও সুখি।

:২:

ঠাকুর্দা চলে যাওয়ার পর অনেক কিছুই পরিবারের বাহিরে ভিতরে চর্চা হয়েছে। যা হয়নি সে কথাই এবার বলবো। 

মরিয়ম কাকিমা এদেশে এসে নিঃসন্তান  ছিলেন। ওর নিজের দেশে যে সন্তানকে ও ফেলে এসেছিলো সেই ছোটো বাচ্চাটাকে ও খুঁজে পেতে চায়।

সমাজে কথা ওঠে ওটা কার সন্তান? কি একটা ঔরষ নামের শব্দ আছে না?

কাকু যতই বলতে যায় মরিয়ম ততই বলতে দেয় না। এক অসুন্দর সৌন্দর্যের সাথে দুজনের বসবাস। প্রথম দিনের সত্য শেষ লগ্নে পৌঁছে প্রকাশ পেলো। 

ছেলেটা যেদিন এলো এই দেশে মরিয়ম আবেগ আপ্লুত। কাকু বললো তোর বউ কোথায়? বললো ও আসে নি। বললো আসবে না? বললো জানি না।

মরিয়ম কাকিমা আর কাকু সেদিন আমাকে বললো, এটা তুই দেখবি? তখন আমি ওই কাশ্মীর আর বাংলা নিয়ে নানান কথা ভাবছিলাম। শেষে বুঝলাম কোটি কোটি যোজন দূরে থাকা তারারা মিটমিট করে আর লক্ষ যোজনের গ্রহ স্থির থাকে।

আমি চোখের জল মুছিয়ে কাকিমাকে বললাম থামাও এই কান্না‌।

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

পাঁচাইনের বিড়ম্বনা


পাঁচাইনের বিড়ম্বনা

ভাবতাম এই বায়ো অর্গানিক ডিকম্পোস্ড মাঠ-প্রান্তরে ছেড়ে আসা ভালো। যে ফসল গান্ডেপিন্ডে গিলে, হজম করে অথবা বদহজমের শেষে তরল, সেমি সলিড কিংবা সলিড হিসেবে স্বরূপে ক্ষুদ্রান্ত-বৃহদান্ত পার করে প্রকৃতির বুকে এসেছে, তাকে প্রকৃতির কাছেই রেখে আসি।

বল্মীকের স্তুপে ত্যাগ করে ফেরার পথে লাঠি হাতে পুলিশ আমাকে আটকালো। গ্রেফতার হলাম। এই গ্রেফতার এর আগে আমার ছোড়দাদুও হয়েছিলেন। বাড়ি ফিরে সেই রাতে আর কথা হয়নি।

কথা বললাম পরের দিন সকালে। বললেন আমি তখন ইষ্টার্ন রেলের কর্মী। কাপর ভিজে যাওয়ার উপক্রম। রাজভবনের গেট পার হয়ে সবে মাত্র অন্ধকার নামা সন্ধ্যায় বসে পরলাম ড্রেনের পাশে।

সবেমাত্র হাল্কা হওয়ার আরাম এসেছে শরীরে। কোঁচা দেওয়া ধুতি - আন্ডারপ্যান্ট সহ কে যেন আমাকে ধরে রেখেছে। ঘুরে দেখলাম পুলিশ।

স্বাধীনতার একটা পর সংবিধান তৈরী হয়েছিল। পড়া হয়ে ওঠেনি। গর্জন করে বলার পর পুলিশ বলেছিলো আপনি পাঁচ আইনে অপরাধী। আপনাকে থানায় যেতে হবে।

সরকারি কর্মী হিসেবে তার আকুতিতে তাকে সেদিন ছেড়ে দিয়েছিলো পুলিশ। 

আমাকে কিন্তু ছাড়েনি।

হাওড়া সদরের গোলাবাড়ি থানা যখন আমাকে ছাড়লো তখন রাত প্রায় বারোটা।

এবার আমার কৃতকর্মটা বলা দরকার। সেদিন অঝরে বৃষ্টি চলছে সন্ধ্যা থেকে। আমি ছাত্র পড়িয়ে ডবসন লেন থেকে হাওড়ার বাস স্ট্যান্ডের দিকে চলেছি। প্রকৃতির ডাক তখন আর বাঁধ মানছে না। অন্ধকার রাত্রে দাঁড়ালাম রাস্তার পাসে। যখন খুব শান্তি এলো তখন কোমরের বেল্ট ধরে টানাটানি।

বললাম ছাড়ুন। বললো শালা আগর পঞ্জাব হোতে তো গোলি মার দেতে।

বললাম কিঁউ?

বললেন ইয়ে ভগৎ সিং কা মূর্তি হ্যায়। পিসাব করনে সে শরম নেহি হ্যায়?

বললাম এই অন্ধকারে বুঝতে পারিনি স্যার।

মানলো না কোনো কথা। তুলে নিয়ে গেলো থানায়।

তারপর?

ওই যে এক গতানুগতিক প্রক্রিয়া আছে না?

আইন? শালা লক্ষীছাড়া।

সোমবার, ২৭ মার্চ, ২০২৩

ষষ্ঠ প্রহরের শেষে ঘুম ভেঙে গেল

শুরু হলো নতুন বছরের রমজান মাস। শেষ হবে ঈদের চাঁদ দেখে। কাজী নজরুল ইসলাম তার লেখা গানের আবহে যে চাঁদ দেখেছিলেন সেটা ছিলো ধর্মবিবর্জিত। তিনি মানুষের কাছে ওই এক পল চাঁদের কথা বলতে চেয়েছিলেন বলেই আমার মনে হয়। এক পলের চাঁদ সত্যিই বড় বিষম বস্তু। 

আমি প্রথমে বাঙালি পরে হিন্দু। আমার সমাজ যে হিঁদুয়ানা নিয়ে বেড়ে উঠেছে তা একালীন হিন্দুত্বের সাথে খাপ খায় না। একালের হিসেবে আমি হলেম এক হিন্দু কাফের। যদিও এই কাফের শব্দটা আজকের হিন্দুত্বের ভাষায় "ব্যাভিচারি"। 

এই নদীমাতৃক বাংলায় মানুষেরা মাছে-ভাতে মানুষ। আর ওরা?

ওরা বাজরা, গেঁহুর রোটি আর দাল ছাড়া কিছু দেখেনি জীবনে। নেহাৎ জলটা ভালো। তাই পাচন প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটেনি। যেটা প্রকৃত অর্থে ঘটেছে সেটা কূপমন্ডুক এক অপসংস্কৃতি। মাথার ঘিলু ঊর্বর হয়নি। ভীমের গদার মতন মাথা নিয়ে কলুর বলদের মতন ধর্ম না বুঝে অধর্মের ঘানি ঘুরিয়েই চলেছে। 

একদিন আমার সৌভাগ্য হয়েছিল ওই হিন্দুত্বের ধ্বজা বহনকারী আমার ভাষা না বুঝতে পারা এক তিলক ধারণকারী হিন্দুর সাথে।

তখন দিনের ষষ্ঠ প্রহর ট্রেনের স্লীপার ক্লাসের থ্রি টায়ারের তুঙ্গে বসে রামায়ণ পাঠ করে চলেছেন। কি বিরক্তিকর ভাবুন। প্রথম আজান যখন হয়, অন্তত খুঁটে খাওয়া পাখিরা জাগে। 

আর এই ষষ্ঠ প্রহরে?

এখানে হাতি জাগে, ঘোড়া জাগে, তালপত্র খাড়া যাগে, টিকিধারি হিন্দুত্ব জাগে। পালানোর উপায় ছিলো না। গাল পাড়লে আবার এই হিন্দি ভাষাভাষী রাজ্যে পুলিশ যদি কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়? 

আমি মূক থাকলাম। যেহেতু আমি বধির নই, কানে তুলো দিয়ে ঘুমোনোর চেষ্টা করলাম। আরে বাবা পুঁতিগন্ধ ধূপকাঠি দিয়ে কমে? এই ক্যালাসের গাঁজার আসক্তিতে যখন ধর্মপাঠ শেষ হলো তখন আমার ঘুম ভাঙলো।

আসলে, নয়েসে অভ্যস্ত কান নয়েস শেষ হলেই মস্তিষ্কে আঘাত করে।

বুঝলেন হিন্দুত্বের ব্যাখ্যা?

নেতাজী সুভাষচন্দ্র ভাগ্যিস জুতো জোড়া রেখে যাননি। রেখে গেলে ওই গালে মারা জুতো জোড়া মাথায় নিয়ে, অকথ্য মিথ্যে দিয়ে তাঁর পাদুকা সিংহাসনে বসিয়ে নির্ঘাত আঘাত করতো এই বাঙালি জাতিকে।

না হবে না। মস্তিষ্কের উন্নতি হবে না। ধর্মের উন্নতি হবে না। শিক্ষায় এগিয়ে যাওয়া হবে না। ডাল,ভাত মাছ খাওয়া হবে না। কিছুই হবে না এই হনুমানের গদার মতন মস্তিষ্কের। 

আসলে প্রজাতিগত ভাবে এই হনুমান এখনো মানুষ পর্যায়ে উত্তীর্ণ হয়নি। 

বিবর্তনের রূপরেখায় এরা এখনো বাঁদর বা হনুমান প্রজাতিরই রয়ে গেছে।



রবিবার, ২৬ মার্চ, ২০২৩

থাকে ভাই থাকে অনেক কিছু

 থাকে ভাই থাকে অনেক কিছু

লজ্জা শব্দটা দ্বিমাত্রীয়। সে কখনো ভূষণ হয়ে মেদুরিত হয় আবার কখনো সেই ভূষণ খুলিয়ে রাস্তার পাশে সবার সমক্ষে দাঁড় করিয়ে রাখে। এবার এই লাজ, লজ্জা বিষয় নিয়ে কিছু প্রারম্ভিক কথা বলছি। 

একটা গানের কলি মনে পরে? লাজ রাখো হরি। কে এই হরিদাস? কেন এই আকুতি? এই হরি কি সেই নানান বর্ণে গন্ধে রঙিন ব্যাক্তি? 

একি সেই হরি হরায় নমঃ কৃষ্ণ মাধব? তার আবার ১০৮ নাম নিয়ে গান গেয়ে স্বনামধন্য হয়েছেন কোনো এক শিল্পী। 

এই ওরফে অমুক, ওরফে তমুক লিখে প্রকৃত ব্যাক্তিকে খুঁজে পাওয়া কি সম্ভব হয়েছিল? এই একালে সি আই ডি, ইডি, সি বি আই যত্তসব সংস্থা বেনামি-বহুনামীদের পিছনে দৌঁড়চ্ছে তারা কি পারবে একে ধরতে? 

এরপর আবার তার ভক্তবৃন্দ হলো ফেমিনাইন। দুশ্চরিত্র পুরুষের কাছে এ কেমন আত্মসমর্পণ?

ও হরি, মনে হচ্ছে পসচুলেটটাই ভুল। কারণ ইনি নারীর লাজ রাখেন। মানে নারীর সম্মান তার কাছে যুযুধান বিষয়।

এ  এক গানের কলি। এটা কথিত আছে গানের সুরে " রাম রাঘব রাম রাঘব রাম রাঘব প্রাহিমাং, কৃষ্ণ কেশব....... প্রাহিমাং।"

আচ্ছা পরিক্ষিৎ নামটা একটু আশ্চর্যজনক নয়? এটা পরীক্ষিত হবে কি? মানে জেনে বুঝে ধনুকে তীর ধরেছিলেন? পাখি সব কোনো রব শোনায়নি? 

এ আর এক নতুন বিষয় যেখানে তিনি পার্থ সারথি। আজকের সমীকরণে এটাও কোঅড্রেটিক ইকুয়েশন।

সেই কোনো এক আচার্যের সমীকরণ সমাধান আজও প্রনিধানযোগ্য। 

এদিকে আবার শুরু হয়েছে, এই রাজা তোর পোষাক কোথায়? লক্ষ-কোটির পোষাক পরেও সব অঙ্গ দেখা দিচ্ছে লেন্সের তলায়। যেখানে খুনি সাধু হচ্ছে আর সাধু নামের নিচে কলঙ্কের স্তূপ জমা হচ্ছে।

এ যেনো দিগন্তে না ডোবা সূর্য পশ্চিম আকাশের কালো বৈশাখী মেঘে লুকিয়ে পরেছে। সূর্যাস্তের শেষেও সমুদ্র নদীর পারে আলোর ছটা।

এও সম্ভব হয়েছে।

অনতিকাল আগে গরমকালে কুকুর গুলো শুঁকতো ধূলো। এখন পুরুষ গুলো সেই পর্যায়ে পৌঁছেছে। তারা বলতে শেখেনি, লাজ রাখো হরি।

টোপা কুলের টক খেয়ে বসন্তে বসন্ত না হওয়ার বৃত্তে নিজের একটু জায়গা বানাতে তারা ব্যাস্ত। আসলে বসন্ত যখন অভিশাপ হয়ে পরেছে তখন একালের পুরুষেরা বুঝতে পেরেছে, এটা এই কালে গ্লানি।

ওদিকে আবার পুরুষের পৌরুষেই আকর্ষণ। এটা বড় দায় বুঝে ওঠা। পৌরুষ কাকে বলে? শুধুই কি ম্যাসকুলাইন? না কি ব্লেড দিয়ে চেঁছেও যা উঠলো না, সেটাই মুল বিষয়। 

এসবের পরে আর থাকে কি? 

থাকে ভাই থাকে অনেক কিছু। 



শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বিদেহী আকাশবাণীর আত্মা


বিদেহী আকাশবাণীর আত্মা

সকাল হলে আকাশবাণী কোলকাতার কনসার্ট মিউজিক না শুনলে দিনটা ভালো কাটে না। যেদিন ঘুম ভাঙে না সেদিন বুঝি শরীর ঠিক নেই। অনেক কালের অভ্যাস ওই শব্দ শুনে বিছানা ছাড়ার। 

এরপর দাঁত ব্রাশ করা, তার সাথে শুভাষিত শোনা।কোনোদিন বঙ্কিমচন্দ্রের রচনা থেকে পাঠ, কোনোদিন বিদ্যাসাগর, রামমোহন রায় বা রবীন্দ্রনাথ ঠাকুর। এ এক অপূর্ব সূর্যোদয়। 

এবার শুরু হবে সঙ্গীতাঞ্জলী। কখনো সুপ্রভা সরকার কখনো সুপ্রীতি ঘোষ কখনো আবার ভীমসেন যোশীর তির্থ বিত্থল তির্থ বিত্থল এক ঐতিহাসিক রোমন্থিত মার্গ সঙ্গীত দিয়ে। মন তখন একেবারে চির উদার সরণিতে। বাধা বন্ধহীন সোজা রাস্তায়।

তারপর?

তারপর শুরু হতো প্রাত্যহিকি। কোনো একটা পূর্বে ঘোষিত বিষয়ের উপর আমাদের মতন উঠতি মানুষের লেখা কিছু অনুভূতি। রোমাঞ্চ জাগতো সূর্য মাথার উপরে আসার অনেক আগে।

অধিবেশন শেষ হতো, কখনো নীলিমা স্যান্যাল, কখনো  দেবদুলাল বন্দ্যোপাধ্যায়  খবর বলা দিয়ে। 

মহালয়ার সকাল টা একটু আলাদা। সেদিন শুভাষিত থেকে প্রাত্যহিকি সব বাদ পরতো। এক পঙ্কজ কুমার মল্লিক আর এক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দুগ্গাপূজোর শেষ দিন পর্যন্ত হারিয়ে দিতেন সারাবছর ধরে শুনে আসা কোলকাতা 'ক' এর প্রথম অধিবেশন।

আরো কিছু লেখার আছে। এটা ষ্টেশন বিবিধ ভারতী। সেখানেই আমার প্রথম রাগ সঙ্গীত শেখা। সঙ্গীত সরিতা। বেশ আধুনিক সঙ্গীত যা কোনো এক রাগের আধারে গেয়েছেন কোনো এক শিল্পী।

এরপরে ছিলো স্বরসুধা আর অনুরঞ্জনী এবং আরো অনেক কিছু। মন আজ আর মনে করতে পারছে না।

তারপর?

তারপর শুরু হতো মার্গ সঙ্গীত। কখনো কন্ঠে কখনো যন্ত্রে। আমি যন্ত্র বাজাই তবে যান্ত্রিক নই।

আসলে কর্ণ আর কন্ঠ না থাকলে সুরের জগত অযান্ত্রিক হয়ে পরে একথা বিদিত। 

আমি আমির খান,  কিশোরী ইমনকর এঁদের  অপেক্ষায় থেকে কোনোদিন জয়সরাজ কোনোদিন ভীমসেন কখনো বা তাঁর পূর্বজ ডক্টর বসন্ত রাও দেশমুখ নামের মহামানব এর কন্ঠ শুনেছি। শেষ শুনেছি লতা মঙ্গেশকর শুনেছি সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র, শ্যামল, নির্মলেন্দু, পান্নালাল, অংশুমান আরো কত কে।

আর যন্ত্রে?

নিখিল ব্যানার্জি, রবিশঙ্কর, আলি আকবর, মনিলাল নাগ, ব্রেঞ্জামিন গোমস আরো কতো কে।

রাত ন'টার পর আর এগারোটার পর ন‍্যাশনাল প্রোগ্রাম যা শুনতাম মন দিয়ে। সেই রাগ সম্বলিত সমস্ত জ্ঞান সেখান থেকেই পেয়েছি। 

ছোটো বয়েসে পাওয়ায় তাদের জীবনের কুঠুরিতে আজও রেখে বেঁচে আছি।

ভয় লাগে ভেবে এই নতুন প্রজন্ম কি ধরে বাঁচবে? মনে হয়েছে আমি যা নিয়ে ভালো আছি সেগুলো আজ জানিয়ে যাই। এগুলোই ভালোভাবে বেঁচে থাকার রসদ।

ভালো লাগুক বা খারাপ লাগুক কিছু বলার নেই। আমি না বলে চলে যেতে চাই না।

নিজেদের বিভ্রম ওরা নিজেরাই বুঝবে একদিন।


বুধবার, ২২ মার্চ, ২০২৩

সি বুল ইঞ্জিনিয়ার।


সি বুল ইঞ্জিনিয়ার।

:১:

 বয়েস বাড়ার সাথে কর্মক্ষমতা কমতে থাকার ব্যাপারটা প্রতাপবাবু আজকাল টের পান। কাজের নেশায় হিল্লি-দিল্লী করে বিয়েটাও ঠিক বয়সে সেরে ফেলা হয়ে ওঠেনি। ছেলেকেও নিজের পেশায় আনতে বি-টেক পড়াচ্ছেন। আগে চাকরির জীবনে কিছু না কিছু ছুটি থাকতো। পেশাদারিত্ব সেই ছুটিও কেড়ে নিয়েছে। যারা তার কাছে চাকরিতে আছে তাদের সপ্তাহে ছুটি আছে তবে তার নিজের ছুটি বলে কিছুই নেই। 

সকাল বেলায় ছেলে সৌম্য বলছিলো কলেজের প্রথম সেম এর কথা। তিনি ভাবছিলেন প্রফেসর মহাশয় কি পড়ান না পড়ান আজ অবধি সে সব কিছুই তাকে বলেনি সৌম্য। প্রথম সেমিষ্টার এর টাকাটা জমা দিতে হবে এ সপ্তাহে, তাই বাবার কাছে আসা।

বললো বাবা ফিসটা অন লাইনে জমা করে দাও।

প্রতাপবাবু বললেন ঠিক আছে। বললেন তোদের পড়াশুনা কেমন হচ্ছে।

বললো এখন তো ওই থিওরির ক্লাস চলছে।

বললেন তোদের প্রথম দিনের ক্লাসে কোনো চমক দেননি প্রফেসার মশাই।

বললো ঠিক বলতে চাইছো একটু বলবে?

প্রতাপবাবুর মনে এলো সেই সবেমাত্র হালকা গোঁফটা মোটা হয়েছে। গালে ভরা অগোছালো দাঁড়ি নিয়ে প্রথম টেকনিক্যাল কলেজের শুরুর দিনটা।

চুপ করে ভাবছিলেন আর মনে হচ্ছিল তিনি যেন তার ছেলের মতন ক্লাসঘরের পিছনের বেঞ্চে বসে জানলার দিকে হাঁ করে তাকিয়ে আছেন।

ছেলের ডাকে ঘোর ভাঙলো আজ। আর সেদিন এই ঘোর ভাঙিয়েছিলেন কলেজের প্রিন্সিপাল সাহেব।

বললেন প্রথম দিনটা খুব স্মরণীয়। সে কথাই ভাবছিলাম।

ছেলে একটু হাসলো। আমার গিন্নি বললো নিশ্চয়ই কারোর প্রেমে পরেছিলে?

বললাম ঠিক বলেছো। এর থেকে বেশী প্রেম তোমার সাথেও হয়নি, যা হয়েছিলো ওই প্রথম ক্লাস এর সাথে।

সাহেব শুরু করলেন, বলোতো ডিগ্রীটা পাওয়ার পর তোমাদের পরিচয় কি হবে?

ফার্স্ট বেঞ্চার রঘু বললো, কেনো স্যার সিভিল ইঞ্জিনিয়র।

স্যার বললেন ঠিকই বলেছো তবে চৈত্র-বৈশাখে কাঠফাটা রোদ্রে মাঠে যারা কাজ করে তাদের ডেসিগনেশনের সাথে হাল বাওয়া বলদের একটা মিল আছে। ওরা লাঙল টেনে মাটি কাটে আর আমরা মাঠে দাড়িয়ে ফাউন্ডেশনের লে-আউট করি।এজন্যেই আমাদের নতুন নাম " See Bull Engineer "।

ছেলে বললো কি বেরসিক মানুষ রে বাবা।

আমি হেসে বললাম কথাটা কিন্তু আজও আমরা বন্ধুরা মনে রেখেছি। দু-পাঁচ বছর পরেও যখন রি-ইউনিয়ন হয় আমরা স্যারের পুরোনো কথায় ফিরে যাই। যুবক বয়েসে হেসেছি আর আজ এই কঠিন সত্যিটা অনুভব করি। যাই হোক। 

তোর মা'কে বল। টাকাটা অনলাইনে পাঠিয়ে দিতে।

:২:

আমার বাড়ির দরজার ওরা নাম দিয়েছে বুলন্দ দরওয়াজা। সেই দরজার পাশে বসে কাজের খবরাখবর নিচ্ছিলাম মোবাইল ফোনে। কথা শেষ হলো। 

আমার পুরোনো সাকরেদ বলরাজ বললো "  বাবু আজ আপকো যানা পড়েগা।"

বললাম' কিঁউ, কা হই'

বললো ' ন কুছ ন হই, ফিরভি যানা জরুরি হ'

বললাম চল। 

এই হাঁসফাঁস গরমে আজ আবার মাঠে যেতে হলো। মাঠের গা বেয়ে চাষের জমি গুলো সবে জলহীন হয়েছে। সেচ দপ্তর বড়ো পাম্প পাঠিয়েছে। মাঠের সাব-মার্সিবেল পাম্পগুলো চলছে না। ওগুলো ইলেকট্রিক পাম্প। লাইন কেটে দিয়েছে দুমাস আগে বাংলা মাস মাঘে। কাজেই ভরপুর ডিসেল-কেরোসিনের গন্ধে ম ম করছে এই গ্রাম।

এই গ্রামের পাশেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাতে এসেছি আমরা সদলবলে।

ছাতি ফাটা তেষ্টা মেটাতে আজকাল আমি পান করি না, পরিবর্তে পান খাই। 

একখিলি পান মুখে নিয়ে বলরাজকে বললাম ' বোল তো কিউ লায়া মেরেকো'।

বলরাজ বললো "  আপনে পঁহুছে আর ও লোক ভাগ গয়ে"।

বললাম ' লেকিন কিঁউ '।

বলরাজ একটাই কথা বললো ' বাবু ইয়ে অওকত কা বাত হ। আপকো বোলেথে না যানা জরুরী হ। তো পুরা কাহানি অব খতম হ। চলিয়ে আপনা ঘর।'

সেদিনের সমস্ত ঘটনা শুনে ছেলে বললো তোমার যাওয়া ঠিক হয়নি। গিন্নি বললো বলরাজকে একবার পাই‌।

আমি বললাম মাঠের কথা মাঠেই হয়, বাড়িতে নয়।

:৩:

বলরাজকে ওর দাদা এনেছিল আমার কাছে। ও তখন খুব ছোটো। ওকে কাজ করাতে মন লাগতো না। ওর তখন পড়ার বয়েস। 

বলরামের কথায় ওকে রাখলাম। ও আমাকে প্রথম দিকে চা-জল এনে দিতো। মাস মাইনে পেত না। তবে যখন যা চাইতো দিয়ে দিতাম। 

বলরাম খুব পরিশ্রমী। কাজের পরে মাঠে দৌড়োতো ফুটবল খেলতে। গোলের সামনে ওকে রুখবে কে? ঠিক যেন ওই খালি পায়ে খেলে যাওয়া বীর ফুটবলার বলরাম।

ওকে ছেড়ে দিতাম কাজ শেষের অনেক আগে। ও বড় ভালো খেলোয়াড়। ভাবতাম যদি একটু এগিয়ে দিতে পারি।

না তা হয়নি। 

খেলার মাঠেই ওর মদ খাওয়ার শুরু, আর ওই মাঠ এর পাশেই ও মরে পরেছিলো।

বলরাজ সেদিন থেকেই আমার বলাই।

:৪:

প্রতাপ বাবুর ঘুম ভাঙে পাখিদের ঘুম ভাঙার সাথে। এ অভ্যাস তার বাবার কাছ থেকেই রপ্ত। তার হাত ধরেই একসময় বাড়ির ছাদে উঠতেন। সকাল ফুটে উঠতো পূবের কোন দিয়ে। পাখিগুলোও ওদিক থেকেই উড়ে আসতো। বাবা ওদের গম খাওয়াতেন। সে অভ্যাস এখোনো রয়ে গেছে। তবে এখন নানান রংয়ের শালিক, চড়ুই, দোয়েল আর আসে না। সে জায়গায় এখন পায়রার আর ঘুঘুর ভীড়। প্রতাপ বাবু গম নয় সরষে খাওয়ান সকালের আলো ফোটার সাথে। তারপর ফটফট পাখার আওয়াজ শুনিয়ে ওরা চলে যায় আবার আসে পরের দিন ভোরে ঠিক ওই সময়ে।

এর পর বাড়ির এল প্যাটার্নের চওড়া বারান্দায় মানুষের মেলায় যেতে হয়। ওখানে সবাই আসে রেশন নিতে। হাতে ছোটো ছোটো খাতা। ওটা হাজিরা খাতা। ফারুক, মনিরুল, বাক্কার, বলাই সবাই থাকে খাতা হাতে। সবার অনুযোগ অভিযোগ শোনা আর কখনো ওদের কথামতো, কখনো নিজের ইচ্ছায় শুরু হয় রেশন দেওয়া। 

সবাইকে রোজ হাসি মুখে মাঠে পাঠিয়ে শুরু হয় দিন। কয়েক কাঁচের গ্লাস চা আর জগ থেকে জল তার সকালের গলা ভেজার উপকরন।

গিন্নির বিরক্তি আর বলাইয়ের সরল মুখের হাসিই তার সকালের সম্বল।

ছেলে সৌম্যর সকালের ঘুম ভাঙার আগেই ছোট্ট একটা ফোলিও ব্যাগ হাতে নিয়ে চলে যান তার ওই নিত্যদিনের অফিসে।

দোর্দন্ড প্রতাপ এক নিমেষেই শেষ হয় যেদিন ভোরবেলায় ঘুম ভাঙে না। সকালে না শোনা বকবকুম শব্দটা বারবার কানের পর্দায় আঘাত করে, ঠিক তেমনই লেবার-মিস্ত্রির বাড়ির অলিন্দে  না এলে তাদের করুণ মুখ ভেবে সে রাতে তার ঘুম আসে না। এ যেন কোনো এক বৈপরীত্যের সাথে সহাবস্থান। ছুটি নেই বলেন ঠিকই তবে যে সংসারে তার মন সেই সংসার নেই ভাবলে প্রতাপবাবুর শিহরণ জাগে। 

তিনি সূর্যোদয় না দেখা সৌম্যকে এ কথা বলতে পারেন না। অঙ্গারাত্মীকরণ করে শুধু খাদ্য যুগিয়ে তার মন মানে না। 

তার মনে হয় এমন একটা দিন আসবে যখন ক্লোরোফিল বর্জিত পাতায় ভরে উঠবে গাছপালা। তাদেরকে তার পূর্বজেরা খাবার যুগিয়ে বাঁচিয়ে রাখবে।

সৌম্য বললো বাবা এমন কথা তোমাকে আর কখনোই বলতে হবে না।

সৌম্য বাবার হাত ধরে ব্যবসায় এলো।

প্রতাপবাবু এই পর্যন্ত দেখে গেছেন। তার ব্যবসা আর সংসার ছেড়ে চলে যাওয়া এক সমাপত বিষয়। সংসারে নতুন এক বিভ্রম বাধলো এসব নিয়ে।

আর সৌম্য? 

সব বাদ দিয়ে সে চাকরিতে যোগ দিলো।




মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

শ্বশুরের কামাই খাচ্ছে জামাই

তেনার বাপের পরিচয় আজ অব্দি প্রকাশ্যে আসে নি। তার ব্যাক্তি পরিচয় এমন কিছু নয় যেমন হয় একজন নোবেল লরিয়েট, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী ইত্যাদি প্রভৃতির। বাজারী ভাবে তার একটা পরিচয় হয়েছে সমাজের অভ্যন্তরে, সেটাও আবার তার শ্বশুরের দৌলতে।

সামাজিক আখ্যান শুনলে তার লজ্জা লাগেনা। ওটা তার মোটা চামড়ার ভিতরে এখনো অব্দি ঢুকতে পারেনি। আসলে এক কান কাটাদের তবুও লাজ-লজ্জার কথা ভাবতে হয়। এ দু-কান কাটার দলে নাম লিখিয়েই ঘরজামাই হতে নন-জুডিশিয়াল দশ টাকার স্ট্যাম্প সম্বলিত একটা এগ্রিমেন্টে স্বাক্ষর করে পদে এসেছেন।

শ্বশুরের পোষা আমলা, মন্ত্রী, সান্ত্রী যেমন যেমন বলতে বলবেন ঠিক তেমন ভাবে এঙ্কারিং করে জামাই আদরে তিনি জীবন কাটাতে বদ্ধপরিকর। তাই এই মালটা জুডিশিয়াল ব্যবস্থাকে লক্কর বানিয়ে মহামান্য জজের আসনে বসে প্রতিদিন প্রতিনিয়ত কতিপয় স্তাবক রাজনৈতিক ব্যাক্তি, আকাঠ বুদ্ধিজীবী, নির্দায় ডিভোর্সির সাথে উচ্চমার্গীয় তথ্যহীন অসত্য ও অকথ্য কথায় সমাজকে কলুসিত করে চলেছেন।

আসলে ওই পুরোনো একটা প্রবাদ আছে না? শ্বশুরের কামাই খাচ্ছে জামাই?

মনে পরে যায় তাঁহাদের কথা। সেই কুলদীপ নায়ার, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত এমন সব প্রদীপ যারা গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ হিসেবে সমাজকে সমৃদ্ধ করে গত হয়েছেন। 

সাংবাদিকদের একটা নিরপেক্ষ ব্যাক্তিত্ব লাগে। যা ওই জামাই আদরে পদে বসলে হয়না। ওটা সামাজিক পরিসরে সংগ্রাম করে অর্জন করতে হয়।

পুলিশ কে? সেনা কে? তদন্ত কারি কে?  এনফোর্সমেন্ট ডিরেক্টর কে? সিবিআই কে? রাজনীতিবিদ কে? আদর্শবাদী কে? মহামান্য বিচারপতি কে? উকিল কে? ব্যারিস্টার কে? গোটা বিশ্বে সর্বালঙ্কার ভূষিত কে? এই প্রশ্নের উত্তর একটাই।

তিনি সেই তিনি যাকে এক বাক্যে বললে সকলেই বুঝবে। বাক্যটা আর একবার লিখছি।

" শ্বশুরের কামাই খাচ্ছে জামাই।"

সরকার সরকারের ব্যাপারে মৌন। লক্ষ-কোটি মামলার ফল যে সরকার বাবুর হাতে তাকে সমৃদ্ধ করাই সরকারের কাজ।

এই তৃতীয় স্তম্ভের নোংরামি চলছে এবং চলবে।

আসলে জনসাধারণের কাছে যে সত্য দুর্নিবার তা হলো " ধনে-প্রানে মেরো না।" 

এ এক অসাধারণ সত্য, প্রাণ নয় ধন আগে।




সোমবার, ২০ মার্চ, ২০২৩

অন্ধজনে দেহ আলো

 " সাতকোটি সন্তানেরে হে মুগ্ধ জননী,

রেখেছো বাঙালি করে মানুষ করো নি।"

হায় রে মাতা,  ধন্য আমি জন্মেছি মা তোমার কোলে। তুমি আমার মা আমি তোমার মেয়ে অথবা মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে।

মা এখন মৌনি। তিনি এই এগারো কোটির পশ্চিম বাংলায় বড় একা। অশ্রুজল তাঁর শুকনো হয়েছে। চোখের আড়ালে আর দাঁড়িয়ে থাকা আজ অসম্ভব। সন্তানের জন্যে কোনো শুভকামনাই তার আর ইচ্ছে করে না পরম ব্রহ্মের কাছে বলতে। শুধুই মনে হয় আয় তোরে দিয়ে আসি সাগরের জলে।

সন্তানের প্রতি আর তার কোনো মোহ নেই। শুধু একটুকু আকুতি আছে। সেটা মাইকেল মধুসূদনের শেষ বার্তা।

" হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন;

তা সবে, অবোধ আমি অবহেলা করি,

পর-ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ"

হায়রে! এদেশের এই বাংলার এই অবনমন?

আশাতীত ভাবে যাকে বিশ্বাস করেছিলো বাংলার মানুষ, তাদের এই বঙ্গধর্ষন, বঙ্গমাতা মানতে পারেন না। শুধু অশ্রুপাত ক‍রেন। মাতা, ভগিনী, গৃহবঁধূ সকলেই তো ওই মায়েরই রূপ।

বাংলায় এই ব্যাভিচার তাদের এই প্রথম দেখা। একে একে তারা চক্ষুদান করে অন্ধের চোখে দৃষ্টি ফেরালেন। 

অন্ধকারের যাত্রী আলোর দৃষ্টি পেলো মা-বোন-বঁধূর আশীর্বাদে। 

শুরু হল অন্য সব চোখ খুলে চলা অন্ধদের চিহ্নিতকরণ প্রক্রিয়া।

রবিঠাকুর বললেন আমি একথা লিখে রেখে গেছি। এ বড় কঠিন সত্য যা তিনি লিখে রেখে গেছেন।

" অন্ধজনে দেহ আলো, মৃত জনে দেহ প্রাণ-- "

এই সব কথাগুলোই আমাদের অমৃতের সন্তান বানিয়েছেন। আর আজ?

যে আমার এই জাতিসত্ত্বাকে নষ্ট করেছে তাকে ক্ষমা নয়। এই উচ্ছিষ্ট মানুষ যেন না থাকে এই বাংলায়।

বড়ো ঘৃণা।

না থাক। আর লিখবো না।

রবিবার, ১৯ মার্চ, ২০২৩

জীবন যৌবন এবং মৌ

 সন্ধ্যাদিদি আপনার কন্ঠে ' প্রেম একবার এসেছিলো নিরবে 'এই গান নিয়ে দু-চার কথা লিখলে অনেকেরই আনন্দ হবে। তাদের কলম এ কথা লিখতে অপারগ। আমি সবার হয়েই আজ একটু লিখতে বসেছি।

প্রথমেই লিখতে ইচ্ছে হলো প্রেম একবার নয় বহুবার আসে। জীবনটা যতই ক্ষুদ্র হোক প্রেম সে কথা মানে না।

আসলে প্রেমের সংজ্ঞা সামাজিক নিয়মে ধর্ষিত। ছোটো বেলার একটা খেলা মনে পড়লো।

আগডুম বাগডুম …….. শেষে সেই টগর।

এটা আসলে নির্বিরোধ প্রেম বিষয়ক। 

আজকাল এটা এরকম নেই। এটার নতুন রূপ হলো ' আমরা এনেছি কাশের গুচ্ছ আমরা এনেছি শেফালী মালা 'এমন এক তির্যক কথন।

বাল্যের চারহাত এক হওয়ার প্রেম আধুনিক সমাজের লিভ টুগেদারের সাথে ঠিক মেলে না। এজন্যেই আজকের পরিণয় কালকের পরকিয়ার নামান্ত হয়ে পরে। তারপর আবার ওই ' সুন্দরী দোহাই তোমায় আঁচল টেনে ধোরো না ' সংস্কৃতির সমাধি হয়েছে।

লোকে যা বললে আগে লজ্জা হতো সেটাই এখন ভূষণ।

অকৃতদার পূর্বজেরাও কম যেতেন না। সুতানুটিতে যে সাঝঘর সেটা ওদের হাতেই তৈরী।

সেই ফিল্মি ডায়লগটা মনে পরে? ও বাবু মশাই এত ভালোবাসা ভালো নয়।

আসলে বয়েস বাড়লে প্রেম কমবে এটা এক সার্বজনীন সিদ্ধান্ত। বিষয়টা ঠিক উল্টো।

যৌনতা আর প্রেম এক নয়। মাঝখানে থাকে সংস্কৃতি। এই সংস্কৃতিহীন প্রেম আসলে ইউরোপীয় এক অসভ্যতা। 

আমি ভারতীয় সংস্কৃতি বুঝি। সেখানে এটা অপসংস্কৃতির বিষয়।।

তবে ভালোবাসতে জানতে হয় এক সহজ সাধারণ মন নিয়ে। বাকিটা কৃষ্টিহীন। যৌনতা জীবনের শেষ কথা নয়।


শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

লোহিতের হিত হয়না

উত্তর-পশ্চিম আকাশে ডালপালা মেলে ফুলঝুড়ির মতন এক চমক যখন লোহিতের চোখে পরলো তখনো সন্ধ্যা নামেনি। পশ্চিমের অশ্বারোহীর দল টগবগ শব্দে সবে তার গতিবেগ বাড়িয়েছে। 

লোহিত পথচলা মানুষদের বললো আমাকে একটা রাস্তার পাশের গড়ে ওঠা ছাতের তলায় পৌঁছে দেবেন?

কে শুনবে তার কথা। এই পথচারীদের বিপদবোধ অতি ভয়ঙ্কর। তারা ভিখারী লোহিতের কথা শুনলেও না শোনার ভান করে দৌড়লো বাস ধরতে।

এই ঝড়ের আগে সবাই ছুটছে বাস ধরতে।

লোহিত এসব পারে না। ওকে গাড়িতে চাপিয়ে সকাল দশটায় এখানে বসিয়ে রেখে যায় আর সন্ধ্যা গড়ানোর পর আবার নিতে আসে।

গ্রীষ্মের ঠিক আগে সারাদিন বেশ কেটে যায় ভিক্ষা মেঙে। সূর্যের পাটে ডোবার আগে  চোখ রাঙানো আকাশ বাতাস তাকে অনাবিল ভাবে চলে যেতে বলে কোনো এক সুরক্ষিত ছাতের তলায়।

কে নিয়ে যাবে তাকে?

কেউ আসেনি। সবাই দৌড়েছে বাড়িতে ফেরার তাগাদায়। আর মেয়ো রোড বাসস্টপের গায়ে এক বটগাছের তলায় শুধু আকশের দিকে তাকিয়ে সে আকুতি জানিয়েছে কোনো এক অযান্ত্রিক ভগবানের কাছে।

সেদিন লোহিতের বাড়ি ফেরা হলোনা। ঝড়ের তান্ডবে গাছ হলো পাতাহীন। ডালগুলো ভেঙে-চুরে দলা পাকিয়ে পরে রইলো রাস্তার উপরে।

একে একে গাড়ি এলো, জেসিবি এলো, পুলিশ এলো, দমকল এলো, সেনা এলো আরো কত কি।

রাস্তা পরিষ্কার হওয়া সে দেখছিলো। কখন যে সে ইহজগৎ ছেড়েছে কে বা বলতে পারে।

সব শেষে দুর্গন্ধ পেয়ে সেদিন যারা এসেছিলেন তারা প্রশাসক।

লোহিত তখন এক দুর্গন্ধময় ঠুঁটো জগন্নাথের বয়ব।



বুধবার, ১৫ মার্চ, ২০২৩

মায়ের আশীর্বাদ

:১:

হাবড়া লোকালটা যখন দমদম প্লাটফর্মে থামলো তখন দিন গড়িয়ে সন্ধ্যা এসেছে। ফাল্গুনের শেষে এই চটচটে গরম এই প্রথম। গত বছর বর্ষা না আসায় মাটিতে জল পরেনি প্রায় আট আটটা মাস। নয়নজুলিতে পদ্ম, পানিফল এবার ফলেনি। শুধু ইঁদুর আর সাপ দৌরাত্ম্য চালাচ্ছে। আকন্দের ফল এবার সময়ের আগেই ফেটে চৌচির। বুড়ির তুলো উড়ে চলেছে মাঠ থেকে প্রান্তর। বকগুলো মাছের খোঁজ পেতে হাহাকার করছে। খেতে না পেয়ে তাদের এখন আর উড়তে ইচ্ছে হয় না। ওদের তো দেশান্তর হতে হয় না। পৃথিবীর প্রতিটা দেশই ওদের। 

ট্রেনটা যখন হুইসেল বাজিয়ে চলে গেলো দৌঁড়লাম ওপারের মেট্রো স্টেশনে। লম্বা লাইন দিয়ে টিকিট কাটলাম। 

তারপর মেট্রোর ঠান্ডা বগিতে বসে চললাম টালিগঞ্জ।

সেই সেকালের টালিসাহেবের কাটা খাল আজ নেই। আছে টালিনালা। আছে আবর্জনার স্তুপে ভরা এক দুঃস্বপ্ন। তার পার ধরে গড়ে উঠেছে অসংখ্য আকাশচুম্বী ইমারত। তারা আকাশের কাছ থেকে অক্সিজেন পায়। আর নালার পাড় বেয়ে গড়ে ওঠা বস্তির বাসিন্দারা পায় কটুগন্ধ। যদিও গন্ধ বিচারের নিরিখে বললে বলতেই হয় শহুরে এই গন্ধে তারা ভুলেছে দুর্গন্ধ আর সুগন্ধের ফারাক।

শুধু দোল- দুর্গোৎসব, বিবাহে-শ্রাদ্ধে রজনীগন্ধার আচমকা এসে পড়ায় তারা শ্বাস নেয় মিশ্র গন্ধে।

থাক এসব কথা।

:২:

এই টালিনালার উপরে আগে একটা কাঠের পোল ছিলো। সে এখন কংক্রিটের ব্রিজ। ওপারেই সাবেক কোলকাতার জমিদার রায়চৌধুরীদের বানানো করুণাময়ীর মন্দির। এখানে কালীমূর্তি করুণাময়ী। ব্রিজের নাম তাই করুণাময়ী ব্রিজ। ঠিক তার কিছু আগেই টালিগঞ্জ স্টেশন। 

স্টেশনের আশপাশ শুধু গাড়ি আর গাড়ি। কোনো দ্বিচক্র কোনোটা আবার ত্রিচক্র। সারিসারি মানুষ নামছে আর ওই সব গাড়িতে বসে ছুটছে। এ এক রোজনামচা। আমিও এর শরীক।

প্রতিদিনের মতন এদিনও যখন এলাম তখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা। লম্বা লাইন পড়েছে অটোস্ট্যান্ডে। অভ্যাস মতন একটা সিগারেট ধরিয়ে মোবাইল ফোনের দিকে চোখ রেখে সময় কাটানো। লাইনে দাঁড়ানোর সময় মাথা গুনে বুঝেছিলাম সতেরোটা অটো আমাকে না নিয়ে চলে যাবে।

অটোর লাইনের অন্যপারে সঙ্গীত অ্যাকাডেমি। সেখানে ক্যাব গুলো দাঁড়াচ্ছে আর ছুটছে। ঠিক তার পাশেই ইন্দ্রপুরী স্টুডিও। এখানে উত্তম কুমার, সুচিত্রা সেন, অপর্ণা, সাবিত্রী, সুমিত্রা, মহুয়া, দেবশ্রী কে না এসেছেন।

বুঝলাম বড্ড বুড়ো হয়েছি।

:৩:

একটা বিরক্তিকর অটোরিক্সার লাইনে দাঁড়িয়ে যখন খুব ডিসগাস্টেড লাগছিলো তখন চোখ পরলো এক বৃদ্ধাকে। তিনি অপেক্ষায় আছেন। গাড়িগুলো আসছে আর চলে যাচ্ছে। তিনি কেমন এক নির্বিকার। 

ঠিক তার কাছাকাছি যখন এলাম বললাম অবাক লাগলো। সেই কখন তিনি চলে যেতে পারতেন অথচ যাননি। বললাম মাসিমা চলুন। কেনো এভাবে একের পর এক অটো গুলো ছেড়ে দিচ্ছেন।

বললো বাবা আমার কাছে টাকা পয়সা কিছু নেই।

বললাম আপনি চলুন। আমি দিয়ে দেবো।

বললো, না বাবা থাক। ছেলে আমার রাগ করবে।

বললো এই রুটেই আমার ছেলে অটো চালায়। আমি ওর জন্যই অপেক্ষা করছি।

ধাঁধা বাঁধলো মনে। কতক্ষণ কেটে গেছে জানি না।

রিক্সাওয়ালা বললো …......

না থাক সে সব কথা।

মাসিমার পাশে দাড়িয়ে থাকলাম‌।

:৪:

একটা অটোরিকশা আমার সামনে এসে থামলো। কাঁচাপাকা দাড়ির লোকটা বললো, মা তুমি কতক্ষণ আগে এসেছ?

মা বললো বাদ দে।

বললো চলো।

মা বললো এই লোকটাকে নিবি? এতো লাইন ছেড়েছে একসাথে যাবে বলে।

না বাঁধ সাধলো জনগণ।

মা'কে নিয়ে চলে গেলো তার ছেলে।

সেদিন ওই গাড়িটা ভালো ভাবে দেখেছিলাম। ওটা ওর মায়ের আশীর্বাদ।

বেশ কয়েকমাস পর সেদিন লম্বা লাইন পরার আগেই পৌঁছলাম টালিগঞ্জে। অটোরিক্সার নম্বরটা দেখে মনে পড়লো সেই সে দিনের কথা।

বললাম মা কেমন আছেন?

বললো খুব ভালো।

বললাম আজকাল বড়ো একটা দেখি না ওনাকে।

বললো আমি তো সর্বক্ষণ তাকে দেখতে পাই।

বললাম আমার সাথে একবার দেখা করতে বলবে?

না আর তাকে দেখিনি। শুনলাম তিনি চলে গেছেন।

চটচটে শরীরটা এই শেষবার শুকোলো  বাতাসে।



রবিবার, ১২ মার্চ, ২০২৩

হাতে গু পাতে গু সবাই বলে থুথু

:১:

এই বুড়ো বয়েসেও বামপন্থী ধ্বজাধারী দক্ষিণপন্থী দলটা হাতের ফ্ল্যাগটাকে লাঠি বানিয়ে পদব্রজে চলেছে ক্ষমতা পুনরুদ্ধারের জন্যে। 

সারাটা জীবন যে কং ছিলো কংস সে হয়েছে দোসর। না সে দোসর আজ হয়নি। সেই কি একটা UPA  হয়েছিলো মনে পরে? তার আবার 1,2.

সেই 2 তেই ওই করাতের গু খাওয়া শুরু। শেষে বাচ্চাবেলায় সেই "হাতে গু পাতে গু সবাই বলে থুথু" শোনার পরেও ক্ষান্ত হয়নি।

সর্বশেষে ওই বহুরূপী তার আসল রূপ দেখালো। লক্ষ্মীছাড়া লক্ষ‍্যহীন হয়ে সেই ১৯৬৪ সাল থেকেই যে লক্ষ্মীরতন পেয়েছিলো, তা প্রকাশ্যে এলো।

এবার সেই ছেষট্টির নখরাটা বলি। অবিভক্ত কম্যুনিস্ট পার্টি টুকরো টুকরো হলো। সেদিন ডাঙ্গে মহাশয়কে এই উচ্ছিষ্ট মাল গুলোই বলেছিলো, ইন্দিরা দি কি পাস যাকে ভিক্ষ মাঙ।

আর এক দল মাওসেতুং এর লংমার্চ দেখে আদর্শগত ভাবে বুর্জোয়াদের বিরুদ্ধে সশস্ত্র হয় উঠলো।

হায়রে ভবিতব্য! তারা মারা পরলো তাদের হাতেই, কোনো একদিন যাদের সাথে এক টুকরো রুটি ভাগ করে খেয়ে, আদর্শের জন্যে‌ সবকিছু ত্যাগ করে এখানে এসেছিল।

কখনো কখনো ভগবান গোলোযোগ শুনতে চান না। তার নিদ্রায় ব্যাঘাত ঘটে।

এখানেও তাই হলো। 

উৎপাত শুরু হলো অসুরকুলের। আসুরিক অট্টহাসিতে প্রলুব্ধ হয়ে দ্বিচারী জননায়কেরা তৈরী করলেন নতুন এক যাত্রা দল।

খেটে খাওয়া বাংলার মানুষ এই প্রথম বুঝলো, বারবার স্ব‍রাজ আনতে গিয়ে আমরা পোড়া বার্তাকু এনেছি।

না আর নয়।

:২:

রাজনীতিতে যে পুনরাবৃত্তি তা আবহমান সময় ধরে চলছে। সবেমাত্র অনেক সংগ্রামের শেষে ৭৭'এ একটা বামফ্রন্ট নামের দল মসনদ দখল করেছিলো। সেই সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস সমাজের মজ্জায় প্রবেশ করেছিলো। মানুষ এক মুক্তির স্বাদ পেয়ে লাল গোলাপের গাছ গুলোকে নির্মূল করে সংগ্রহ করেছিলো লাল গোলাপ। পাপড়ি গুলোকে আলাদা করে সুগন্ধী সহযোগে আকাশে বাতাসে উড়িয়ে নতুন ভাবে সমাজ গড়তে এক হৃদয় স্পন্দন এসেছিলো সমাজব্যবস্থায়। 

লাল আবির আর বিরোধী দলের কর্মীদের রক্তে শিমূল, পলাশ ফুটলেও ছিলো বর্ণহীন।  

সেদিন রবিঠাকুর হয়ে পরেছিলেন বুর্জোয়াদের মুখপত্র আর নেতাজি সুভাষ তোজোর .... না লিখতে লজ্জা লাগছে।

শুরু হয়েছিলো আমূল ভূমি সংস্কার। এটা এক অসাধারণ যাত্রাপালা। ওপার বাংলা থেকে উদ্বাস্তুদের রিহেবিলিটেশন চললো পুরো দমে।

এটা ছিলো ল্যান্ড ব্যাঙ্ক না বানিয়ে ভোট ব্যাঙ্ক বানানোর নতুন প্রক্রিয়া।

আসলে স্বাধীনতা আন্দোলনে যারা  অলিন্দে দাঁড়িয়ে পশ্চিমের বাতাসে গা ভাসিয়ে ছিলো, এটা ছিলো তাদের পুরোনো ইতিহাসকে কবরে রাখার বিকৃত প্রক্রিয়া।

তারপর?

হ্যাঁ তারপর তেলের শিশি ভাঙলো বলে খোকার উপর রাগ হলো।

এই খোকা সাধারণ খোকা নয়। অত্যন্ত জ্ঞানী এক বুড়ো খোকা। বিনয় তার রূপ বিনয়ী তার মুখবন্ধ। 

খোকা বললো থাকবো না এই সংসারে। তিনি বিবাগী হলেন।

বাকি সবাই তখন কি করলেন? 

তাদের মার্গদর্শন ছিলো ভোট ব্যাঙ্ক। কাজেই সকলে সর্বান্তকরনে বললেন "ডোন্ট পরোয়া আল রাইট, হাউ ডু ইউ ডু গুড নাইট"।

ঠিক এর পরেই এ বাংলায় প্রথম প্রতিভাবান ব্যাক্তি চিট ফান্ডের প্রবর্তক "সঞ্চয়িতা" এলো শিরোনামে। 

ভোট এদেশে করানো হয় আর সেই করানো ভোট প্রক্রিয়ায় টাকার যোগান লাগে। 

কে দেবে এত টাকা?

সেই সাধারণ মানুষকে ঠকানোর শুরু। ওই চিট ফান্ডের মালিক বন্দি দশায় তিন তলার বাথরুমের জানালা ভেঙে অবাধ পতনের পর গত হলেন।

ভগবানের সব কাজই এক নতুন আশ্চর্য।

যাক এসব কথা। এরপর এলো বাংলা বাতি নামের নতুন এক বৈষয়িক বিষয়। সেদিন গনেশের শুঁড় শাসকের কোপে ভূলুন্ঠিত হলো। 

বিশ্বকর্মা এসব দেখেই মনে হয় শুরু করলেন কম্পিউটার বিরোধিতা। 

কথায় আছে না "নিজের ভাল পাগলেও বোঝে"। আসলে শিক্ষা না থাকায় এই চেতনার সংকট।

এই আমার মতন সাধারণেরা মাছ না খাওয়া বিড়ালদের চিনে ফেলেছে। 

এখন আবার এক নতুন সাধুর আবির্ভাব হয়েছে। এরা আবার টিকি-দাড়ি দুটোই বয়ে চলেছে গালে আর মাথায়।

না টিকিধারী পুরোহিত নয়। অসামান্য প্রতিভায় ভর করে খুব সৎ মাটির মানুষজন এসেছেন। তাদের সাথেও সখ্য সাধারণের।

আসলে সাধারণ হলো দাবার বোরে। ওই প্রথম সারিতে থাকা সৈন্য। শালারা চিরকাল মরেছে রাজনৈতিক পদাঘাতে। তবুও শিক্ষা হয়নি। লাইনে দাঁড়িয়ে খালি মনে হয় এই এবার আমরা ভালো থাকবো।

আগে পেয়েছে রুটি-গুড় আর এখন বিরিয়ানী বাড়ি আনি।

তাদের মন বলে, " মনে হয় স্বর্গে আছি" ।

 নিয়তির পরিহাস দেখে পরের কথা গুলো শিখলো।

বললো শিকড় ছাড়া গাছ বাঁচে না, জল ছাড়া মাছ বাঁচে না, আর আমরা বাঁচি আশায়।

সেদিন ঢেউ উঠলো তারা জাগলো আলো ফুটলো। নতুন এক বৈপ্লবিক যুগ এলো সাধারণ বা জনসাধারণের কাছে।

অনতিবিলম্বে ভুল ভাঙলো। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সেদিন বরফের দেখা নেই। বড়ো ভয় হলো।

মহানন্দা ভরে উঠলো। পারাপার বাদ দিয়ে বিস্তৃত হলো গোটা তরাইন।

গোলাপ ফুটলো না আর। কতক কাঠবিড়ালি কিটকিট শব্দ করে কোনো এক আরামের হাতের স্পর্শে লাইট পোষ্ট বেয়ে চড়ে বসলো বৈদ্যুতিক তারে। যখন শরীরটা জ্বলছে তখন ওই ঝলসানো মাংস-লোলুপেরা আনন্দে আত্মহারা। 

ঠিক এভাবেই খরগোশ পোড়া খাওয়া শুরু।

না ললাট লিখন আমি মানি না। ওই যে একটা গোলক আহ্নিক-বার্ষিক গতিতে ঘোরে সেই ঘূর্ণন নিয়েই চলছে সাধারণ মানুষ।

আচ্ছা এই মানুষ গুলো যদি না থাকে এই রাজনীতি চলবে?

:৩:

রাজনীতি সেদিন এমন ছিলো না। ছাত্রজীবন ছিলো চরিত্র গঠনের প্রথম পাঠ। তখনই শিখতাম ' সদা সত্য কথা বলিব'। সে পাঠ বহুযুগ হলো বন্ধ হয়েছে। ছোটো বেলার ছবিতে রামায়ণ, এর পর সহজ পাঠ, নীতিকথা, বর্ণ পরিচয়, সুকুমার রায় আরো কত কি! এটা ছিলো সুকুমার বৃত্তি অর্জনের প্রথম সোপান।

এরপর এসে পরতেন শরৎচন্দ্রের 'মেজদা, বিলে', বঙ্কিমচন্দ্রের 'নবকুমার'  বনফুলের 'অপু-দূর্গা' আরো কতো কিছু।

সেই সাজানো বাগান যখন শুকোতে শুরু করলো, পাঠ্যক্রমে ব্যাকডেটেড প্রতিপন্ন হলো সেই দিন থেকেই মানবতার হত্যা শুরু। এর পর ইংরেজি না পড়ার নতুন ফরমান এলো। ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠলো সারি সারি অযোগ্য শিক্ষকে ভরা ইংরেজী মাধ্যমের স্কুল। 

এখানেও হত্যালীলার শেষ নয়, শেষ হলো পাশ ফেল প্রথা তুলে দেওয়া, কুড়ি পেলেই প্রোমটেড, শিক্ষকের শাসনের অধিকার ভঙ্গ, মানবতার নামে সেদিনই সুকুমার বৃত্তি সহ মানোবতাবিরোধী এক নতুন অধ্যায়।

আসলে শিক্ষায় মানুষ যত পিছিয়ে পরে শাসকের তত সুবিধা বৃদ্ধি হয় একথা ঐতিহাসিক সত্য। 

একটা মানবিক উৎকর্ষ ধ্বংসের প্রথম অস্ত্র হলো শিক্ষায় আঘাত হানা। যে কাজ অতি সুনিয়ন্ত্রিত ভাবে বিপ্লবী তকমার আড়ালে তিলে তিলে শেষ করে গেছেন আমাদের রাজনৈতিক পূর্বসূড়িরা।

ফলে ছাত্রসমাজ ক্রমশ ক্লিব হয়ে পরে।  বন্ধ হয় সমাজ ব্যবস্থার মধ্যে থেকে রাজনৈতিক নেতৃত্বের উৎপত্তি। একটা বিরাট শুন্যতা নেমে আসে সমাজে।

নেতা হওয়াটা হয়ে পরে এক জন্মগত অধিকার। নেতৃত্ব হয়ে পরে ঠাকুর দেবতার মতন। সমাজকে কুক্ষিগত করার প্রভাব আজকের রাজনীতিতে চকচক করছে।

লজ্জা, অপরাধবোধ, হিনমন্যতা, অশিক্ষা, সম্মানবোধ সব তাই ম্রিয়মান। 

শাসন আজ তাই মানবতাবিরোধী কোনো দুর্জনের হাতে।

:৪:

ইংরেজের এদেশের শাসক হওয়ার আগে এদেশের যে বৈশিষ্ট্য গুলো ছিলো তাকে আজকের পরিভাষায় বলা  হয় প্রাদেশিক। যে মাৎসন্যায় ছিলো তারই এক নতুন অবস্থা আজ দেশে এবং প্রদেশে। একসূত্রে গাঁথার যে কাজটা ওই সাহেবেরা করে গিয়েছিলেন সেই সুতোকে অটুট রেখে এই দেশ গঠন করে গেছেন রেঁনেসার রূপরেখার অবলম্বনে বিশিষ্ট এই দেশের বরেণ্য মনিষীগণ। 

এই রেঁনেসার উত্থান সর্বপ্রথম এই বাংলায়। আমি অবিভক্ত বাংলা ও বাঙালির কথা বলছি। অন্যান্য প্রদেশ গুলোর মধ্যে দেশ বিভাগের পর যেগুলো এদেশের তাদের মধ্যে উল্লেখযোগ্য আরো দুটো নাম বলে রাখা প্রয়োজন।

দ্বিতীয় ও তৃতীয় প্রদেশগুলো যথাক্রমে পঞ্জাব ও মহারাষ্ট্র। পঞ্জাব আর বাংলা খন্ডিতাকার। প্রথম উৎসমুখ নেভাতেই বঙ্গভঙ্গ। তবে সেই তাপ সে যুগে প্রদেশের ঊর্ধ্বে উঠেছিলো। সমস্ত মানুষ একসাথ করেই এসেছিল স্বাধীনতা। 

বস্তুত রাজদন্ড যখন থেকে সামাজিক পটভুমিকে অস্বীকার করতে শুরু করে তখন যে মালা মনিষীগণ অটুট রেখেছিলেন সেই মালার সূতোয় টান পরে। 

কংগ্রেশ  হয়ে পরে ব্যাক্তিকানার দল। অসংখ্য ভগ্নাংশ সেই প্রাচীন ছোটো রাষ্ট্রের যে অতীত তারই যেনো এক পুনরাবৃত্তি। আমরা যতই প্রাদেশিক কথাটাকে নতুন সাজ-পাট দেইনা কেন ছোটো রাষ্ট্রের ঘ্রাণকে ঢাকা যায় কি?

আসলে রাজতন্ত্রের যে একত্ব সেই স্বাদ শিক্ষা বাড়লে কমে আর কমলে ঠিক বিপরীত হয়। আজ গোটা দেশে এমনই একটা সময় বহমান।

অন্যদিকে সামন্ততন্ত্রের যত ধরনের পরিত্যাজ্য বিষয় ওই রেঁনেসার যুগে রামমোহন, বিদ্যাসাগর অথবা চিত্তরঞ্জন, নেতাজীর হাত ধরে এসেছিলো তাকে আবার নতুন রূপে ফিরিয়ে আনার এক প্রচেষ্টা। এই যে এক দেশ, এক ভাষা, এক ধর্মের রসায়ন শুরু হয়েছে এটা সামন্ততন্ত্রের রকমফের। এ যে নেপোলিয়ন বোনাপার্টের নতুন করে ফিরে আসা।

তবে ফরাসী দেশে যে আদরে তার প্রত্যাবর্তন ঘটেছিল, এদেশে তা ঘটবার নয়। সেখানেও বলতেই হবে শিক্ষার কথা।

দেখছেন তো শিক্ষা কাহাকে বলে? 

এক দেশ বিতারিত রাজাকে পেয়ে আহ্লাদে আটখানা আর আমার দেশ ভীত-সন্ত্রস্ত।

প্রাথমিক ভাবে মোঘল রাজের ইচ্ছা, বৃটিশ রাজের ইচ্ছা ধর্মের রশিতে এই দেশটাকে এক করা।  উভয় ইচ্ছাই ব্যার্থ। ভেবেছিলো ধর্মের সূতোয় ভারতকে বাধবে তা হয়নি। অতীতের সেই শিক্ষা ভুলে যাওয়া অশিক্ষার লক্ষণ এ কথা মনে রাখা উচিত।

বৈচিত্র‍্য এবং ঐক্য যার প্রাণভ্রমর, তাকে বিচিত্র বানানোর, একছত্র করার ইচ্ছে শাসকের হতেই পারে। ইচ্ছের আড়ালে কোনো এক প্রাদেশিক শক্তি মহামতি অশোক হতে চাইলেও যৎ সামান্য শিক্ষার আলোতেও মানুষের সে কথা বুঝতে অসুবিধা হয় না।

:৫:

শুরু করেছিলাম বাংলা নিয়ে শেষ কথাটাও তাকে সামনে রেখেই বলবো। স্বাধীনতার পর এই বাংলার দায়িত্ব যাঁর হাতে পরেছিলো তিনি ডাক্তারবাবু। তিনি নতুন করে এই অর্ধেক বাংলার রূপকার।

তিনি চলে যাওয়ার পর ওপার বাংলায় আরো এক নতুন রূপকার এসেছিলো। তখন বাংলার চরিত্র দেখে বাঙালি আরো একবার স্বপ্ন দেখেছিলো অবিভক্ত বাংলার। হয়নি। আর্থ-সামাজিক কারণে হয়নি ঠিক এমন নয়। আমার ধারণা বৃহত্তম বাংলাকে শুধু বৃটিশ এক হতে দেয়নি এমন নয়। এই ভাগ অন্য কোনো কায়েমী স্বার্থের সাথে অন্তর্মুখী। থাক সে সব কথা। 

এরপরে দুই ব্যারিস্টার বসেছেন বাংলার মসনদে। এদের কারোর সৃষ্টির যে সুখ সেই অন্তরদৃষ্টি ছিলো না। ছিলো ওই রামচন্দ্রের পাদুকা রেখে রাজ্য চালানো। তাই শেষের দিনেও তারা পুঁতিগন্ধই রেখে গেছেন। 

এরপর আরো এক নতুন সূর্যোদয়। গোটা সমাজ যেন ফিরে পেয়েছে তার প্রতিভুকে। 

:৬:

দেশ স্বাধীন হলো কিন্তু বাংলা থেকে গেলো বিভাজিত। পাকিস্তানের মাতৃভাষা হলো উর্দু কাজেই তাদের উর্দু শেখা হলো বাধ্যতামূলক আর এই ভারতে বাঙালি শিখতে বাধ্য হলো হিন্দি। না বিষয়টা মন্দ নয়। এ বাংলার মানুষ তখন আন্দোলন বিমুখ। স্বাধীনতার রেশ তখনো তার কাটেনি। ওপার বাংলা মানলো না। ওরাই গেয়েছিল "মোদের গরব মোদের আশা ....." অবশেষে জিতলো তারাই। 

এ বাংলায় তখন ডাক্তারবাবু দেশমাতৃকার বন্দনায় রত। তিনি ছিলেন ' মা ' নামে সম্পৃক্ত দেশভক্ত কংগ্রেসী।

পরের বিপ্লবীরা ' মা ' আর ' মাটি ' নিয়ে নতুন ভাবধারার জন্ম দিলেন। আগেই লিখেছিলাম আমূল ভূমি সংস্কার এর মাধ্যমে ভোট ব্যাঙ্ক বনানোর প্রক্রিয়া।

এরপর সর্বাগ্রে মা, তারপর মাটি আর শেষে যুক্ত হলো 'মানুষ' শব্দ।

গোটা বিশ্বের দরবারে বাঙালি অনেকটা সূর্যের রশ্মির মতন। 

ডাক্তার বাবু মা'কে পরমা পর্যায়ে রেখে বিদায় নিলেন। তবে পরের জন ব্যারিস্টার হয়েও পরমার স্বাধীনস্বত্তা রক্ষায় ব্যার্থ হলেন।

এলেন নতুন আর একজন তারই ভ্রাতৃপ্রতিম। তিনিও ব্যারিস্টার। মজার কথা হলো এই আইন কানুন জানা মানুষ দুজনেই সমাজের দরবারে অত্যন্ত রক্ষণশীল। এনারা কেউই এই অরক্ষণীয়া বাংলা মাকে অন্তর থেকে বোঝেন নি।

এনাদের জীবন ধন্য হয়েছে হয় কব্জির জোরে অথবা ভোট ব্যাঙ্ক বানানোর প্রক্রিয়ায়।

এই সব থেকেই তার ঐতিহাসিক শিক্ষা। নিজেকে সামনে না রেখে, রাখলেন কিছু মানুষকে যারা তার আত্মীয় বা ভ্রাতৃ/ভগিনীপ্রতিম।

বাংলার আকাশে আবির্ভূত সকল ভ্রাতা-ভগিনী নিজের পরিচয় দিলেন। দেখা গেলো শুধু চোর, ডাকাত নয় সাথে আছেন ঘুসখোর পুলিশ-দারোগাও। 

এই বাংলা আজ অদৃষ্টবাদ মানতে শুরু করেছে। মা গেলো, মাটি গেছে শেষে কি না মানুষও। সত্যি বলছি আজ লিখতে ইচ্ছে হচ্ছে " ব্রুটাশ তুমিও?"

এই বাংলা সেই ১৭৫৭ থেকে শনির সাড়ে সাতিতে পরেছে। ১৯০৫ এ দ্বিতীয় বার। আর এই ২০২৩ এ মনে হচ্ছে তৃতীয় বার।

জনগন এখন ফিরনি-শিরনি দুটোই সমার্থক মনে করে।














শনিবার, ১১ মার্চ, ২০২৩

আজকের সমাজদর্পণ

প্রতিমূহুর্তে আমাদের অপরাধবোধ কমছে। সাহসী হচ্ছি কি? শেয়ালের স্বপ্ন দেখার মতন অবস্থানে আছি। কুকুরের তাড়া খেয়ে যারা লেজ গুটিয়েছিলো সেই তারাই পূর্ণিমার ঝকঝকে আলোয় শুরু করলো দলবদ্ধ হাঁঁকাহাঁকি। কুকুর পাত্তা দিলো না। একশো মিটার দৌড় ও বুঝে নেবে।

এসব বুঝতে পেরে সেদিন ভয়ে ভয়ে গুটিগুটি পায়ে একটা শেয়াল এলো গ্রামে। ওদিকে জঙ্গলের পাশ ধরে দলবদ্ধ শিয়ালের ডাক শুনে কুকুর গুলো ছুটলো। 

একটা শিয়াল তখন গ্রামের মধ্যে ঢুকে খুঁজে বেড়াচ্ছে, হাঁস, মুরগি, ছাগলছানা, কুত্তারবাচ্চা আরো কতো কি।

হুক্কা-হুয়া শব্দে উদ্বুদ্ধ কুকুরের দল যুদ্ধ করে যখন ফিরলো, দেখলো চুরি হয়ে গেছে তার ছোট্টো ছানাটা।

প্রথমেই বলেছি অপরাধ বোধ বিষয়ে। 

প্রথমে বুঝলো কুকুরগুলো। অপরাধ বুঝতে গিয়ে বুঝলো প্রভুভক্ত হওয়ার ফল।

শিয়াল তেমন কিছু ভাবলো না। 

একে একে শীত, বসন্ত শেষ হলো। গ্রীষ্মের তাপে মাঠ শুকোলো। পাখি ফিরে গেলো শীতের দেশে। জলজ প্রাণীরা শুকনো মাঠের মাটির তলায় বর্ষার অপেক্ষায় নিদ্রায়। পোকামাকড় সব টিকটিকির পেটে চলে গেছে। 

কুকুর বুঝলো না তার বাচ্চাটা কোথায় গেছে। অপরাধবোধ কমে যাওয়া এক ক্রিমিনাল বললো, ও খাদ্য হয়ে পেট ভরেছে শিয়ালের।

প্রভুভক্ত সে দিন প্রভুত্ব আর দাসত্ব প্রথম বুঝেছিল।

এখন সে এসব মানে না। 



শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নীতিরাজ না কি রাজনীতি

 বার্ধক্যে যখন খাওয়ার ইচ্ছে বাড়ে তখন পাকযন্ত্র নিস্প্রভ হজম শক্তিতে। জিভ তখন ওই সব ফেলে আসা দিনে খেয়ে আসা মোগলাই-মাংস, বিরিয়ানি-চাপ কমপক্ষে লুচি-পরোটা পেতে চায়। পাতে কোনোক্রমে যদি পরলো স্বশব্দে সব শেষ। জল গিলে ঢেকুর তুলে সে কি শান্তি তা সে প্রকাশ করতে পারে না। অতঃপর ভোররাতের সেই জয়ঢাক পেট আর ঢেকুরের চোটে প্রাণ প্রায় যায় যায়। ছেলেরা গাল পারে। বলে বসে জিভে লালা ঝরা এই বয়সেও? হাসপাতাল কর্মীরা বলেন সুগার, প্রেসার আরো কতো রকমের কথা। ছেলের বৌ বলে ওনাকে কতবার বোঝাবো বলো। উনি প্রাচীন প্রবাদটাও ভুলেছেন।

শ্বশুর মশাই ওই কষ্টের মধ্যেই বলে উঠলেন বৌমা তুমি ঠিক বলেছো। "লোভে পাপ আর পাপেই মৃত্যু"।

রাজনীতির আখরা জমে উঠলো এই আলোচনায়।

বয়ঃবৃদ্ধ মানুষ লাজ-লজ্জাহীন বললে ধর্মে সইবে না। আবার রাজনৈতিক ভাবে যারা বৃদ্ধ তারা নিজেদেরকে মনে করেন শেষ বয়স এসেছে। এখন আবার নীতি-নৈতিকতা? থাকবো কদিন? বাঁচবো কদিন? যা ইচ্ছে তাই করবো। তার মনে হয় ওই যে যৌবন, মধ্যগগন ওই রেকর্ডটাই আমার করিসমা। কে বাঁধবে আমাকে? 

কিন্তু অতীতের প্রাচুর্য আর আধুনিক চিন্তার মেলবন্ধনে তৈরী হয়ে পড়লো নতুন এক ভাবধারা।ঠিক আজকালকার ফাস্ট ফুডের মতন। যৌবনেও চোঁয়া ঢেকুর উঠলো ভোররাতে ওই উৎকৃষ্ট খাবারের দৌলতে।

একটা কথা আছে 'অর্থই অনর্থের মূল' ঠিক তাই হলো। 

ছোলা গুড়, মুড়ি বাতাসা, ছাতুর জল, চিকেন ষ্টু, ঘুগনি পাউরুটি, মাছ-ভাত, আলুসেদ্ধ সব কিছুই কোনো এক কালে ছিলো। এখন সে দুষ্প্রাপ্য। 

আসলে বয়েস বাড়লে এসব হয়। সে সাধারণ বৃদ্ধ হোক বা রাজনৈতিক বৃদ্ধ।

এই কাঙালপনা স্বাভাবিক জীবনে মানায় তা বলে এই নেতা-নেত্রী?

এরা কি বুভুক্ষু? 

কবির কথায় এদের বিষয়ে বললে বলতে হয় " বাপের জন্মে একসাথে এতো বেজন্মা দেখিনি শালা"।

প্রথমে লিখেছিলেম বুড়ো বয়সে ওই  মোগলাই মাংস ইত্যাদি লোভ এর কথা। এই লোভের ফলে এরা স্বদর্পে স্বর্গে যেতেন।

আর বাকি সব রাজনৈতিক স্যরি দুর্নৈতিক লোভি, কৃতঘ্ন, শক্তিধর শাবকেরা কোন প্রজাতির গর্ভে-ঔরসে জন্মছে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে।

মনে হয় এরা মশক প্রজাতির হতে পারে। এদের খাদ্য রক্ত আর কাজ জার্ম ছড়ানো।







বুধবার, ৮ মার্চ, ২০২৩

আঙুল

 আমাদের হাতের আঙুল এক আশ্চর্য সৃষ্টি। চেহারায় কখনো স্থূল কখনো কৃশ কখনো গড় মূল্য মানের। ফ্রয়েড সাহেব এই নিয়ে এক চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু স্ট্যাটিস্টিকাল গল্প ফেঁদে ছিলেন। সেই ফাঁদ অতিক্রম করতে গিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য এলো সবার সামনে। যেমন, মোটা মোটা আঙুল এক ইড মনের পরিচায়ক। 

ইড কি?

এটা ওই মনুষ্যত্ব বর্জিত মানুষ। আর কৃশকায় আঙুল হলো এর বৈপরীত্য। মানে অতিমানব, কৃতি, শিল্পী আরো কত ভূষণ তার। 

ভাগ্যিস সেখানে জেন্ডার বলেছিলেন, অন্যথায় শিল্প, সাহিত্য, বিজ্ঞান সব জায়গায় সব স্তরে শুধু ফেমিনাইন আর ফেমিনাইন হয়ে যেতো।

আসলে তাঁর নিজের আঙুলের প্রতি তিনি অত্যন্ত রক্ষনশীল।

যাক এসব কথা। এবার বাস্তবে ফিরতেই হয়।

শুরুতেই হাতে খড়ির হাত আর কোদাল ধরার হাত নিয়ে ভাববো।

সেই ব্যাতিক্রান্ত সম্প্রসারণ।

যে খাগের কলম দিয়ে নিজের খেয়ালে প্রথম নিজের নাম লিখে স্কুলে ভর্তি হলো তার আঙুল হয় কৃশ নয় মধ্য কৃশ হওটাই স্বাভাবিক।

আর ওই কোদাল, কুড়োল ধরায় তার আঙুলের গঠন তো স্থূল বা অতি স্থূল হতেই হবে। এটা একটা শারীরিক প্রক্রিয়া।

এবার এই আঙুলের ওঠা নামা নিয়ে কিছু বলি। সরু আঙুল তুলে কথা বলা আর স্থুল আঙুল তোলার কি কোনো আলাদা অর্থ হয়?

আরো একটা কথা বড়ো প্রাসঙ্গিক।  যে আঙুল কলম ধরে সে আঙুল পিস্তল ধরে। 

যে আঙুলের স্পর্শে আনন্দ সেই আঙুলেই আবার নিকৃষ্টতম ব্যাভিচার।

যে আঙুল বোতাম টিপে সভ্যতা ধ্বংস করে সেই আঙুল সভ্যতা রক্ষার চুক্তি স্বাক্ষর করে।

যে আঙুল সিঁথিতে সিঁদুর দেয় সেই আঙুলে ক্ষত-বিক্ষত হয় কোনো এক শরীর।

এই আঙুলের ছাপ দিয়ে অক্ষরজ্ঞানহীনেরা পরিচয় রাখে। আবার মৃত মানুষের আঙুলের ছাপ স্মৃতিতে মেদুরিত হয়।

এত সব ব্যঞ্জনার শেষে আঙুল কথা বললো।

বললো আমি যদি না থাকি কেমন হয়? বললো, ধরে নাও আমার এই আঙুল আইন প্রণয়ন করলো,  সত্য অসত্যের নিরিখে আঙুল থাকা না থাকা নিরূপিত হবে।

হয় থাকবে না হয় কেটে ফেলে দেওয়া হবে এই আঙুল।

মা বললেন আমার পায়ে তুই যখন হাত দিতি, তোর আঙুলের স্পর্শ পেতাম। ওটা না থাকার নির্দেশ তোর আঙুল দিয়ে লিখলে আমি তোর প্রণাম নেবো না।

জজ সাহেব কলম ছারলেন। বললেন আঙুল আমাকে কলম ধরতে বারণ করেছে। আঙুল না থাকলে আমার হাতে কলম থাকবে না। থাকবে শুধু কালি।

না আমি আমি কালি মাখতে চাই না। কলমের আঘাতে আঙুলের আলিঙ্গনে আমি বেঁচে থাকতে চাই।

অঞ্জনা বললো তোমাকে পেয়েছি তোমার লেখার মধ্যে। 

আঙুল তোলা আর নামানো শেষ হলো এই কথার পর‍। 

আমি ভাবি সিগারেট ধরতে, জলের গ্লাস মুখে তুলতে, পাতের ভাত মুখে তুলতে, মারতে ধরতে সবকিছুতেই এই আঙুল।

কুমারটুলির পটুয়ারা বললো আঙুল না থাকা দেব-দেবী বানাবো?

আমি বললাম তিষ্ঠ!


মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

আজ দোল

 আজ রবীন্দ্র আবেগ সবাইকে আনন্দের সাগর থেকে যে প্রানের সন্ধান দিয়েছিলেন সেই আবেগের আমিও এক শরীক।

কি আনন্দ, কি আনন্দ কি আনন্দ।

এ যেন সেই রামকুমারের কন্ঠে 'আমি কি কখনো তোমারে, ছাড়িয়া থাকিতে পারি' শব্দ বন্ধনের মতন রংয়ের সংসার। এসব এই নিউক্লিয়ার পরিবারের যুগে নাইক্রোটিক। 

যে নেশায় এই সমাজ মশগুল, সেখানে যৌথ পরিবার অবসোলেট। আসলে দুধ থেকে ছানা বানাতে যারা দেখেনি তারা রসগোল্লার মর্ম বুঝতে অক্ষম। তারা ওই কিনে কেটে খেয়ে, ত্যাগ করে ভাবে এই বেশ ভালো আছি।

না তা নয়।

সেই কাক ডাকার আগে জেগে ওঠা, সেই ঘর নিঙানো, সেই প্রাতঃ স্নান সেরে নারায়ণের ভোগ রান্না, সেই মা এর পায়ে আবির দেওয়া, সেই স্বজন পরিজন একসাথ হওয়া, সেই পাশের বাড়ির ভালো লাগা মেয়েটার স্পর্শে একটু আবিরে রাঙানো, সেই রাঙামাটিতে বাউল শোনা, সেই শিমুল-পলাশ ফুটে ওঠা অথবা  ঘন্টা খানেক ধরে রং তোলার পর পিতাশ্রীর তর্জনীহেলনে পুকুর থেকে উঠে পরা।

এসব আর এখন নেই।

এখন দাদু-ঠাকুদ্দা শব্দটা সন্তান শোনেনি, এখন দোল একটা পলিউটেড নোংরা অশিক্ষাজনিত খেলা, এখন কিছু লোকজন ওই কি যেন একটা গান 'আজ না খেলেঙ্গে.....' একটা গান ঘোড়ার মতন লম্বা মুখের খেরো কন্ঠ, তার সাথে পান্তাভাতের নির্যাস।

ওদিকে আবার হোলিকা'র অগ্নিনির্বাপক ব্যবস্থা সঙ্গীর হাত ধরায় জ্বলছে। 

আসলে শাপ আর বর সমার্থক। কে কখন কোথায় কিভাবে কাকে কেন এই নানান কথার শেষে একান্তে বলবে; অন্ধ আমি অন্তরে শরীরে।

এতক্ষণ ভাবছিলাম পরিবারের উপাখ্যান লিখবো। নিয়তির হাত ধরে সে যে কখন সামাজিক উপাখ‍্যানে পরিণত হয়েছে বুঝলাম পোষ্ট করার পর।

যাদের ভালো লেগেছে তাদের বাদ দিচ্ছি, যাদের লাগেনি তাদের বন্দুকের নল যেন আমাকে ব্যাতিরেকে কাউকে আঘাত না করে এই ভেবে।

তবে লেখা আমি ছাড়ছি না।



সোমবার, ৬ মার্চ, ২০২৩

প্রযত্নে হনুমান

 লঙ্কায় অতন্দ্র প্রহরীর চোখ এড়িয়ে যে ভদ্রলোক সেদিন অশোক বনে পৌঁছে আড় চোখে তিন্নিকে দেখে দেদার আনন্দে গাছের ডালপালা ভেঙে ফল সংগ্রহ করে, ভরপেট ফলাহারের শেষে নাক ডাকিয়ে নিদ্রা গেলেন তিনিই আজ পরম পূজ্য।

মানি মানুষের নামের পাশে একটা সুন্দর বাংলা প্রত্যয় যুক্ত হয়। যেমন ধরুন আপনার ছেলের নামের শুরুতে শ্রীমান, বুদ্ধি থাকলে বুদ্ধিমান, চলে বেড়ালে চলমান, শেষের আগে যারা শেষ হতে চলেছেন তারা ম্রিয়মান, সবশেষে যা কিছু পরে থাকে ক্রমবর্ধমান, হনুমান ইত্যাদি প্রভৃতি।

না এই শিক্ষকতায় আমি নেই। আমি মূর্খ মানুষ মনের মাধুরীতে মানবতা, মনুষ্যত্ব, মেধা নিয়ে এগুতে চাই না। ছাত্রের হাতে চড়-থাপ্পর খেতে ইচ্ছে হয় না। 

থাক এসব ব্যাপার। আমি বরং একটু প্রেম পরিণয় ইত্যাদি বিষয়ক কিছু লিখি।

সেখানেও সমস্যা। যদি লিখি ' কে প্রথম ....." অথবা 'এই পথ…' সবাই আঙুল তুলে বলবে ব্যাকডেটেড‌।  আমার এখন এরকম একটা রূপ মনে হয় সর্বশ্রেষ্ঠ। ' ' 'ছিলো রুমাল....' ।

সেই লেজটা মনে পরে? বাড়ছে তো বাড়ছেই। কি আনন্দ। লেজের আগায় জ্বলছে আগুন আর সেই আগুন নিয়ে সর্বত্র বিচরণ। সবশেষে সোনার লঙ্কাপুরী পুড়ে ছাড়খার প্রযত্নে হনুমান।

তাঁর বংশরক্ষার দরকার পরেনি‌। আমাদের পরেছে। তার নাম নিয়ে এই আমাদের মতন বশংবদ চালিয়ে যাচ্ছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি জ্বালিয়ে পুড়িয়ে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে।

আসলে আমরা বাঁদরের বংশধর। হনুমান অন্য প্রজাতির। ধর্মতলায় মনুমেন্টের নিচে দড়ির উপর দিয়ে হেঁটে চলা ব্যাক্তিত্ব।