মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
না হয় মানুষ!
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
বোধনাশা
:১:
একটা অতি পুরাতন নাটকের সংলাপ মনে পরলো। মনে পরার অবশ্যই একটা যথার্থ কারণ আছে। সেটা বৃটিশ শাসনকাল। চাকর বাকর সব এই দেশেরই মানুষ। বিপ্লবী, বিদ্রোহী, লেখক, শিল্পী শুধু নয়, গোটা অবিভক্ত ভারতবর্ষের প্রতিটি মানুষ তখন দেশপ্রেমিক।আশ্চর্য এটাই তৎকালীন সরকারের চাকরি করা মানুষগুলো দেশ হিতৈষী হয়ে উঠতে পারে নি। তারা শুধুমাত্র বৃটিশদের হুকুমের সাথে সম্পৃক্ত ছিল।
ঠিক এমনই এক পুলিশ কর্মকর্তার নাম ওসমান। বিপ্লবীদের দ্বীপান্তর নির্বাসনের জাহাজে ভারপ্রাপ্ত তিনি। শুধুই বিপ্লবী নয়, সাথে তাদের অসংখ্য সহচর সেই জাহাজের যাত্রী। নানান হাহাকার, উন্মাদনায় মুখর গোটা জাহাজ। সেটা চলেছে সেলুলার জেলের উদ্দেশ্যে।
এইখানেই সেই ওসমানের একটা সংলাপ আজকে এই নব ভারত গঠন প্রক্রিয়ার সাথে মনে পরেছে।
সেই সরকারি কর্মীর সামনে ঔদ্ধত্যের সাথে কোন এক ব্রিটিশ হুঙ্কার দিচ্ছেন, "কেহ কাঁদিবে না। কাঁদিলে লোহার শিক আগুনে পুড়াইয়া, হাতের তালু ছেঁদা করিয়া, দড়ি পুরিয়া সমুদ্রের জলে ফেলিয়া দিবো।"
ওসমানের পরনে খাঁকি হাফ প্যান্ট, হাতে বেতের লাঠি, কাঁধে গাদা বন্দুক।
দুই বিঘা জমির সেই পুরানো স্তবকটা এখানে বিশেষভাবে প্রযোজ্য।
"বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।" এখানে ওসমানের ভূমিকাটা ঠিক সেইরকম। সেই পুরাতন প্রথা আজকেও দিব্বি চলছে। যদি তেমনটা না হত নামের পাশে 'মহারাজ' লাগিয়ে কোনো এক অর্বাচীন বলতে পারে 'নেতাজি সুভাষচন্দ্রট' দেশদ্রোহী?
কোনো এক সময় রাজনীতিতে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন বলে পার পাওয়া যেত। আজকের সমাজও তা থেকে ব্যাতিক্রম নয়।
অন্যথায় ঠিক এই মহারাজ কে নাগপাশে বন্দী করে সাধারণ মানুষ একে নরকের পথে নির্বাসিত করে দিত এবং কোন গড়ুর পাখি তাকে তার বন্দী দশা থেকে মুক্ত করতে আসতো না।
সত্যিই কি বাঙালি জাতি আজকে দিশা হারিয়েছে?
হ্যাঁ হারিয়েছে। অন্যথায় সুভাষ কে তলব করতো না ভবানীপুরে। মুখ্য যখন মূর্খ শব্দের সাথে সমরেখ হয়ে পরে তখন এর বাইরে আর কিই বা হতে পারে?
জানেনতো ছাগলেরও দাড়ি গজায়? ভাবছেন আমি ভুল বলছি? একবারেই নয়। ইতিহাস পড়ুন, পাবেন। মহিলাদের যেমন গোঁফ গজায় ঠিক তেমন ছাগলেরও দাড়ি গজায় বৈকি।
আসলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে একটা পেডিগ্রি প্রয়োজন। এই দেশে সে সবের দরকার পরে না। অধিকন্তু মহালাজ, মহাসতী, মহারথী মহীরুহ হয়ে কয়েক যুগ ধরে শাসকের পর্যায়ে পৌঁছে যায়।
কবিরাজ যদি বলেন স্বাস্থ্য রক্ষায় ছাগলের দুধ প্রযোজ্য তাহলে ছাগল নিয়েই চলতে হবে। এভাবেই চলছে, রাজনীতি। বেশিদিন আর চলবে কি?
:২:
বাবলুর চা এর দোকানে এদিন কাঞ্চন এসেছিল। ও বললো খোট্টারা না কি এখন বাঙালি দের কাঁকড়া বলে। ও আরো বললো দশ হাতের দশ লাখ সমস্যার কথা। একহাত বলবে অহিংস হতে, আর এক হাত বলবে দোনলা ধরতে, বাকি আটটা হাত আকাশের দিকে উঠিয়ে গান ধরবে ' আছে গৌর নিতাই নদীয়াতে...।' বাবলুর দোকানের যথেচ্ছ ক্রেতা এক পেয়ালা চা পান করে, সিগারেট ধরিয়ে ফিরলো বাড়িতে। বাঙালি এখন একেবারেই গৃহপালিত।
কাঞ্চন বললো এটা পঞ্চাশ -ষাট বছরের বাঙালি। একটু ছোট, মাঝারী অথবা কিছু সত্তর ছুঁইছুঁই বাঙালি যারা বাবলুর দোকানে আসে তারা বাজপাখির মতন তীক্ষ্ণ দৃষ্টিতে ওই রিটায়ার্ড, বিজ্ঞ, নন প্রোডাক্টিভ স্তন্যপায়ী মানুষ গুলোকে পছন্দ করে না। ওরা বলে তিনকাল শেষ হলেও বাকি এক কালটা অন্তত ভাবতে শিখুন। অতীতের শিক্ষা থেকে একটা শ্লোক তার মনে পরলো। " কস্মিন্ দেশঃ কশ্চ মিত্রং কানি মিত্ৰং কানি কানি চ / কা ভার্যা কশ্চ পুত্রেয়ং কস্মাদ্ দুঃখং কুতঃ সুখম্। "
সে বললো ইদানিং কালে নাটকের সংলাপে এই শ্লোকের অপভ্রংশ শোনা যায়। সেটা এই রকম ' কা তব কান্তা কস্তে বাপ জ্যাঠা, তুই কে?' কাঞ্চন এক রাশ টাকা হাতে নিয়ে সমাজকে বললো আমি কাঞ্চন। শুধু সংলাপ বদলায়, সমাজ থাকে ধ্রুবক। ভাবের ঘরে চুরি করাটা চুড়ান্ত পর্যায়ে পৌঁছতে গিয়ে একটু হোঁচট খাচ্ছে এখন। কারন বাচ্চা গুলো বড়ো দুষ্টু হয়েছে। কাঞ্চন বললো এরা কিন্তু আপনাদেরই বংশোদ্ভূত। এরা নহে বশংবদ নহে বরাহনন্দন বা নন্দিনী।
একজন নাবিকের মোচার খোলে বসে সমুদ্র মন্থন দেখা ভয়ঙ্কর সুন্দর। সুন্দরের ব্যাখ্যায় এই ভয়ঙ্কর অথবা অতি ভয়ঙ্কর বিষয় টা কখনো আসে না। আসে তখন যেদিন একটা জাহাজ ডোবে। চতুর্দিকে জল শুধু জল। যে জল দেখে নাবিকের চিত্ত হয়ে যায় বিকল।
সমাজটা অনেকটাই এ রকম। শুধু নাই আর নাই। কি নাই? কেনো নাই? কি জন্য নাই?
বুক ঠুকে কে বলতে পারবে সব আছে আমার কাছে? বেঁচে থাকতে কি লাগে? কারোর এক টুকরো রুটি, কারোর একমুঠো ভাত। সেটুকুও না থাকার কারন কি? সেই সোনার তরী এসে পরছে আদর্শের নিরিখে।
এখানেই সেই কাঞ্চন। জ্যান্ত কাঞ্চন শুধু এই কথাই ভাবে। আর আসল কাঞ্চন চায় এই কাঞ্চন কে চিতায় তুলতে।
:৩:
ভারতে এখন জাতীয়তাবাদী উন্মেষ চলছে। মিডিয়াও চলছে। একটা ডাব এর খোলা, একটা প্লাষ্টিকের প্যাকেট কুড়োতে স্বয়ং প্রধানমন্ত্রী। মিডিয়া চলছে। এখানেও সংলাপ। প্রথমে শহুরে পরে মানসিক ভাবে। এই সেদিন এক ডাক্তার বন্ধু কে কাঞ্চন বললো এই শহুরে আর মানসিক বলছেন যিনি তিনি কি মানষিক ভাবে সুস্থ? পুলিশ কর্রতার দাঁত তিরিশ টা। আক্কেল দাঁত ওনার ওঠে নি। বেয়াক্কেলের মতন ও বললো কথাটার মধ্যেই আছে প্রশ্নের উত্তর। হাঁটতে হাঁটতে কাঞ্চন পৌঁছেছে থানায়। পরের দিন কোর্টে নিয়ে যাওয়া হবে।
কাঞ্চন আনন্দিত। কটা দিন ভালোই কাটবে। চলবে ভূরিভোজ সাথে সরকারি সুরা। রাত তিনটের সময় কাঞ্চন নাচ শুরু করলো। গানটাও একটু অন্যরকম। সে বিন্দাস গলা ছেড়ে গাইছে, " আহা কি আনন্দ। দোকানপাট বন্ধ। সাথে আছে গো বিন্দ।" শালা সেদিন গরুদের লাফ দেখে কে? কারণ এই কাঞ্চনের দৌলতে বিনা কাঞ্চনে গোটা হাজত একটা সুখি পরিবারের মতন কাটাচ্ছেন।
বলদ একটা যুগান্তকারী বিষয়। তবে গো বলদ অন্য মাত্রার। এরা হাল বায়না, এরা শুধু গোঁতায়। বাঙালি আগে এই বলদ নিয়ে হাউ হাউ ছি ছি করতো, এখন আর করে না। বাঙালির পরিবার এখন বলদ পূর্ণ। বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ সব রাজ্যের বলদ এখন বাংলায়।
কি বাঙালি ভাই কেমন আছো? বেশ আছে তারা। আছে স্বপ্ন, আছে বইপত্র, আছে বেঁচে থাকা সহস্র বছরের সম্মান। আরো আছে, আছে গাধার বিদ্রুপ, ঘোড়ার দাঁত বার করে হাসা। আছে বিদ্যা নিয়ে জেগে ওঠার সম্পদ। আরো অনেক কিছু আছে এই বাঙালির কাছে। বাঙালি সেই শেষ সত্যিটা কখনোই বলবে না।
বাঙালি বলবে খাও রুটি পরোটা, এখন রাত বারোটা। বাঙালি বলবে ' বাঙালি জাগো, বাতাসা /বাতাস খাও। কাঞ্চন ভেবেছে জামিন পাওয়ার পরেই সে একটা মেরুদন্ড বানানোর কারখানা খুলবে গড়ের মাঠের পাশে। কিন্তু স্যাম্পলিং করাটা নিয়ে সে চিন্তিত। সে ভেবেছে একটা দূরবীন যন্ত্র কিনতেই হবে শুধু বাঙালি খুঁজতে।
জামিন হলো খুব সূক্ষ্ম বিচারের শেষে। জজ সাহেব সরকারি উকিল মহোদয় এর ব্যাখ্যা শুনে বুঝলেন কাঞ্চন যদি আরো সাতদিন পুলিশ কাস্টডিতে থাকে হাজত বাসের জন্য থানার বাইরে লম্বা লাইন পরবে।অথঃ কাঞ্চন জামিন পেলেন।
:৪:
এই জামিনে মুক্ত হওয়ার পর থেকে কাঞ্চনের বদল ঘটেছে। তার মনে হয়েছে এই সমাজ আর বদলানোর অবস্থায় নেই। একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে গেছে সমাজের। সবকিছুই ব্যাঁকা দেখতে মনে হয়। এই সব কারনেই সে আজকাল রোবোটিক জীবন নিয়ে ভাবতে বসেছে। তবে আধুনিক রোবোটিক বিষয় নয়। এটা সদ্য অতীতের গল্পের ফ্রাঙ্কেনস্টাইন নয়। সেটা টম এন্ড জেরী তে টমের চাকরি খোয়া যাওয়া এন্টেনা বিশিষ্ট ইঁদুর শিকারী নয়। আরো একটু প্রাচীন। একটু বিশদে বলা দরকার। যেমন শব্দ ভেদি মিসাইল ব্যবহার কারী একটি রোবট। যেমন অহল্যাকে পাষাণে পরিণত কারি একটি রোবট। যেমন শকুন্তলাকে ফর দ্যা টাইম বিং অ্যালজাইমার এর পেশেন্ট বানিয়ে দেওয়া। অতীতের মুন্নাভাই মতন যিনি শরীরে কটি হাড় থাকে না জেনেও নিজের শরীরের প্রতিটি হাড়কে বজ্র বানাতে পারতেন। অথবা এমন একটি রোবট যার পা এর স্পর্শে অহল্যার প্রাণ ফিরে পেত এই গোত্রের কিছু সে বানাতে চায়।
সেখানেও সমস্যা। পুঁথি পত্র সব গোল্লায় গেছে। কলম কালি গোল্লায় গেছে। সবকিছুই ডিজিটাল হওয়ার কারনে কাগজ অমিল। চোখ মেলে সারাক্ষণ ডিজিটাল পুঁথি পড়তে গিয়ে চোখের দফারফা। ওই ডিজিটাল পুঁথির সত্যতা নিরুপনের উপায় নেই উপরন্তু আবার এ.আই। সেখানেও সমস্যা। এটা অনেকটাই অধীক সন্যাসী তে মাথা নষ্ট হওয়ার যোগাড়। এরপরে আছে আবার বৈজ্ঞানিক আস্ফালন। একটা দেশে তেলের বদলে জল দিয়ে গাড়ি চালানোর রিসার্চ, একটা দেশে ইথানল মিশিয়ে গাড়ি চালানোর রিসার্চ তার সাথে দেড় ব্যাটারি গাড়ির মাঝরাস্তায় দাঁড়িয়ে যাওয়া।
সমস্যার আর শেষ নেই। চিনি ছাড়া চা ফুঁ দিয়ে খেতে বলা, ধানের ক্ষেতে রৌদ্র ছাঁয়ায় ভুট্টার লুকোচুরি, চুল কাটাতে সাত শত মোহর, বিনা পয়সায় চাল সেদ্ধ করতে ১০০টাকা কেজির গ্যাস, সুস্থ থাকতে সামান্য ওষুধের অসামান্য মূল্য, ডাক্তার দেখাতে গেলেই গুহ্যদ্বার থেকে হরিদ্বার পর্যন্ত টেষ্ট আরো কত বিচিত্র বিষয়। ওই অতীত কালের রোবট বানানোর ইচ্ছা এই কারনেই কাঞ্চন কে অহরাত্র ভাবাচ্ছে।
এতো হাজার প্রতিকুলতার মধ্যেও কাঞ্চন অবিচল। দিব্য সে একটা রোবট তৈরি করে ফেলেছেন। লক্ষ্মণ কে শক্তিশেল মারার পর সে রোবট যেমনটি গোটা গন্ধমাদন বয়ে আনতে পারে তেমন এক ফুতকারে বিজ্ঞানকে পিছনে ফেলে সমস্ত রোজকেরে সমস্যার এক ন্যানো সেকেন্ডে সমাধান সে করে ফেলতে সক্ষম। তিনি তার নাম রেখেছেন বনলতা ভাবছেন? না না তেমন নাম নয়। ওটাতো কৃত্রিম। নামটা একদমই আটপৌরে। সবুজের আহ্বান তার পিছন ছাড়ে না সে মাথার, মুখের, কানের সব চুল সাদা হলেও।
তিনি নাম রেখেছেন ' বোধনাশা'।
এই রোবট সকল শাস্ত্রে পন্ডিত। কি গণিত, কি দর্শন, কি বিজ্ঞান, কি বিজ্ঞাপন, কি বিজ্ঞাফোন। সর্বত্র এই বোধ নাশা। যখন যা সমস্যা আসুক ঐ ন্যানো সেকেন্ডেই তার সমাধান।
দেবরাজ এই প্রথম বুঝলেন কলিকালের এই মুনি ঋষি সবার শীর্ষে। বশিষ্ঠ, অত্রি, দুর্বাসা, দধীচি, ক্রুতু, অঙ্গিরা, পুলহ, পুলস্ত্য, প্রচেতা, ভৃগু, মরীচি, নারদ কোন ছাড়! একক ভাবে এই রকম বোধনাশা সত্য-ত্রেতা-দ্বাপরেও তৈরী হয় নি।
এর পর থেকেই এ কালে বোধশক্তির বিকাশ। কাঞ্চন তার লেখার শেষাংশে একটা কথা লিখতে ভুল করেননি। তিনি লিখেছেন " বোধনাশা দীর্ঘজীবী হোক।"
কাঞ্চন উষা কাল আসার আগেই বুঝতে পারলো মশার দল তার সব রক্ত শুষে নিয়েছে আর সে শুয়ে আছে বহু ট্রিলিয়ন স্বর্ণ মুদ্রার বিছানায়।