শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

খালাসি

শুরুটা অভাব থেকে আর শেষটা নিয়মের সাথে বাধা। ট্রাক এর বাঁ দিকের সিটে বসে দরজা চাপড়ে এগিয়ে চলতে গিয়ে ইচ্ছে হয়েছিল ওই গোল স্টিয়ারিং টা ধরার। সময় লেগেছে অনেক গুলো বছর। খাবার বানিয়ে একসাথে রাস্তার পাশে বসে খাওয়া, খুঁজে পেতে মাটন কিনে আনা, মশলাপাতি দিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে একটু বিশ্রাম, তারপর আবার দরজা চাপড়িয়ে সমুখে এগিয়ে চলা।
প্রথম যে দিন পরিতোষ স্টিয়ারিংয়ে বসেছিল সেদিন ওই ট্রাকের সারথি মদ খেয়ে চুর। পিছনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। তারস্বরে তারা হর্ন বাজাচ্ছে। সারথি বলবীর সিং তখন নিপাট মাতাল। অগত্যা সেই প্রথম বার পরিতোষ বসলো ড্রাইভার এর সিটে। প্রথমে গিয়ার টা নিউট্রাল আছে কি না দেখে চাবিটা ঘোরালো। শুরু হলো গাড়ির ইঞ্জিনের গর্জন। আলতো করে ক্ল্যাচে পা রেখে সে গিয়ার টার এক নম্বরে দিয়ে এক্সেলেটর এ চাপ দিলো। গাড়িটা একটু এগিয়ে থেমে গেলো। পিছনের ট্রাক এর ড্রাইভার মনে হয় কিছু বুঝতে পেরেছিল সে দিন। তিনি এলেন দেখালেন এবং বললেন তু বহৎ জলদ ড্রাইভার হোনেবালা হ। বলবীর মেরা দোস্ত হ, মে উনকো বতাদেঙ্গে।
এরপর পরিতোষকে আর ভাবতে হয় নি।
তবে এটুকু সে বুঝেছে রাস্তায় হেঁটে চলা তিন পেয়ে থেকে তিনশো পেয়ে বিশাল দেহ গুলো আসলে নির্বোধ। সে নিজে চলতে জানে না ড্রাইভারের হাত ধরে তাকে চলতে হয়। তার মনে হয়েছে সেও একদিন মা-বাবার হাত ধরে চলতে শিখেছিল, তারপর আর হাত ধরে তাকে হাঁটতে হয় নি কিন্তু এদের সেই মস্তিষ্ক নেই।
মানুষ না চালালে সে হয়ে পরে পক্ষাঘাতগ্রস্ত স্থবির।
সারি সারি গাড়ি চলেছে লাল পিঁপড়ের মতন লাইন দিয়ে আর বলবীর নাক ডাকছে গভীর ঘুমে।
হবে নাই বা কেন?
কমপক্ষে প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় মানুষ ঘুমিয়ে থাকে,আর বলবীর?
বছরে দু মাস সে বাড়িতে থাকে। পরিবারের সাথে থাকতে পারে এই সামান্য সময়, বাকিটা পথে।
চলমান পথ সে দেখতে পায়, পালানোর পথ সে খুঁজে পায় না। যখন সংসারে ফিরে আসে সে দেখতে পায় ছোট্ট মেয়েটা বেশ বড় হয়েছে, বড় ছেলেটার বিয়ে হয়েছে তবে রোজগার নেই বলে নানান অশান্তিতে সে ম্রিয়মাণ।
আসলে ইচ্ছে থাকলেও বেশ গুছিয়ে বড় হওয়ার ইচ্ছা বুভুক্ষু মানুষের কাছে আজ খুব কঠিন।
সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থাকে মানুষ।
এখন প্রশ্ন ওঠে মানুষ বলতে এই পৃথিবী কি বোঝে?
বুঝতে শেখাটাও এখন একটা বোঝা। এই দুই বোঝা নিয়ে এগিয়ে চলছে সমাজ।
এ কোন সমাজ?
পরিতোষ কে বলবীর হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছে কিন্তু একালে গাড়ির স্টিয়ারিং ধরতে কোনো পরিতোষ লাগে না। গাড়িটা এগিয়ে চলে, কথা বলে, থামে, দৌড়োয়। কে তাকে চালায়? পঁচা গলা পুরোনো গাড়ি গুলো এ কথা এখন ভাবে। সে জানে বুক ধরফর করা অথবা চাকার কম হাওয়া যারা দেখতো তেমন কেউই নেই। সে চলছে থামছে আবার চলছে।
কোনো অভিভাবক নেই তার ঠিক অতীতের সিটে বসা বলবীর কিংবা পরিতোষ এর মতন।
এ যন্ত্রণা সে সহ্য করতে পারে না। বিদ্রোহ করে। যান্ত্রিক আর অযান্ত্রিক অর্থ এই প্রথম এসেছে জীবনে। 
পরিতোষ এ সব বুঝতে নারাজ। তার না আছেন মা না ছিলো বাবা, না আছে ঘর না আছে সংসার শুধু সে আছে আর একটা স্টমাক আছে।
পরিতোষ আসলে একটা পাহাড় হতে চায় নি, সে চেয়েছিল একজন ড্রাইভার হতে।
সে খালাসি ছিল এখনও খালাসিই আছে।





বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নাপিতের নেত্য

চেঙ্গিজ এর সাথে নুড়ির যখন বিয়ে হবে ঠিক হল, বয়স তাদের তখন প্রায় বাইশ ছুঁই ছুঁই। দুজনের চেহারা তখন সেপাই এর মতন হলেও সেটা তাল পাতার নয়। নুড়ির গাল দুটো আবলুস কাঠের মতন না হলেও মেহগনির কাছাকাছি, আর চেঙ্গিজ এর দাড়িটা আব্দুল মাঝির মতন না হলেও বেশ ছুঁচালো। পাছে দাড়ির খোঁচায় মেহগনির উপর কালো স্পট হয়ে পরে এই ভেবে চাপ দাড়ি সে উড়িয়ে দিলো। মোটা মোচটাকে করে ফেললো ঠিক ধনে গাছে ফুল আসার আগে পাতা গুলোর যে অবস্থা হয় ঠিক তেমন। বথুয়া শাক রান্না করার পরে যে দশা হয় বিয়ের পিঁড়িতে বসে সেই দশায় পৌঁছল নুড়ি। 
মন মজে না কিছুতেই। মনে হয় কোথায় অযোধ্যা আর কোথা সেই রাম কোথায় সেই চেঙ্গিস খান? নুড়ি নারাজ হয়ে উঠে দাঁড়ালো। আবলুস নয় স্রেফ দেশি মেহগনির কথা ভেবে এই অনর্থ করে চেঙ্গিজ চললো পুরোনো রূপে সেজে উঠতে। যাত্রা দলের মেকাপ ম্যান বেশ ম্যানলি পুরোনো চেঙ্গিজ বানাতে ছোটো বেলায় পড়ে ফেলা আব্দুল মাঝি কে ভেবে নিলেন। সুনিপুণ ভাবে তৈরী হলো সেই মুখাবয়ব। গোঁফ না থাকা মুখটা তার স্মৃতিতে আজও অটুট।
অতঃপর বিবাহ বাসরে উপস্থিত হলেন চেঙ্গিজ। হায়রে চেঙ্গিজের মুখ দেখে মেহগনির মুখ হয়ে উঠলো আবলুস এর মতন। চোখ উঠলো আকাশে, হৃদয় হয়ে উঠলো বিবাগী। সে কি বুঝেছিলো কেউ বুঝলো না বুঝলো আসরে উপস্থিত নাপিত। নিজের হিত ভেবে সে প্রথমে নরুণ, তারপর ক্ষুর শেষে কাঁচি হাতে নিয়ে শুরু করলো পুরোনো সেই অশ্লীল গান।
সভা মেতে উঠলো গানের ছন্দে, নুড়ি ভুলে গেলো মুখাবয়ব, চেঙ্গিজ ভুললো মেহগনি।
ধুমধাম করে শেষ হলো একটা বৈবাহিক প্রক্রিয়া।রাত শেষে নাপিত যখন দক্ষিণা চাইলো শুরু হলো মহারণ। 
একটানে চেঙ্গিজ এর খসে পরলো পট দাড়ি গোঁফ, ঠিক পুনঃ মূষিক ভব গল্পের মতন।
খাবার দাবার পরে রইলো ভাঁড়ারে, প্রান ভয়ে ঊর্ধ্বশ্বাসে বরযাত্রীর দল ছুটলো ছেড়ে দে মা কেঁদে বাঁচি শব্দে।
নাপিতের তখন নৃত্য দেখে কে?

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

লেখা থেকে যায়

শিবরাত্রির সলতে এখনো জ্বলছে। পাঁচ যুগ নয় প্রায় ছ যুগ ছুঁতে চলেছে এই জ্বালিয়ে যাওয়া সলতে। হয়তো একদিন নিভে যাবে আর লিপিবদ্ধ থাকবে না এই সলতে জ্বালানোর কারিগরদের, এই ভাবনা থেকেই এই লেখাটা লিখতে ইচ্ছে হলো। কোনো এক সূদূর আজকে চোখের সামনে ফুটে উঠছে। 
সেটা সত্তরের দশক। বড় কঠিন একটা সময় চলছে সারা বাংলাতে। একদিকে দলে দলে উদ্বাস্তু নিজগৃহে পরবাসীর মতন দেশ বিভাগের যন্ত্রণা বুকে নিয়ে আশ্রয় খুঁজছে অন্যদিকে শ্রেণীহীন সমাজের স্বপ্নে ছাত্র-যুব রক্তাক্ত হচ্ছে শাসকের হাতে।
আসলে এরা কখনোই এমন জীবনের কথা ভাবেন নি, ভাবেন নি শেষ সলতেগুলো এইভাবে নিভে যাক।
আমি ঠিক তেমনই এক সলতে। বাবা-মা প্রদীপের চতুর্দিকে আলো ছড়াতে হয়তো এই সলতে জ্বেলে ছিলেন, সেদিন ঠাকুর্দার হাতে ছিলো বাতাসা, নাড়ু বা নকুল দানা। 
কি খুশী, কি আনন্দ সেই কঠিন সময়েও।
সেই যুগে এই বাড়ির ডাক নাম ছিলো 'নিমবাবুর' উচ্ছে খেতের একমাত্র ব্রাহ্মণ বাড়ি। বড়িশা তখন গন্ড গ্রামের মতন পিছিয়ে থাকা এক জনপদ। সন্ধ্যা নামলে রাস্তায় মানুষ দেখা যেতো না। 
সূর্যাস্তের আগে মা গেলেন বাড়ির পুকুর পাড়ে। আজ শিবরাত্রি, শিব গড়তে মাটি লাগবে যে। সেই তরুণী মা এর হাতে তৈরী হত দ্বাদশ টা মাটির শিব লিঙ্গ। পাশে বসে আছেন বাবা আর ঠাকুর্দা কারণ পাছে শিবের মাথার উপরের বজ্র বাদ থেকে যায়।
বাড়ির উঠোনে এসে জড়ো হতেন পাড়ার অনেক মানুষ জন। এই নির্জন জনপদে অনেক মানুষ বলতে তখন দু-দশ জন। প্রহরে প্রহরে পূজো হবে, হবে রাত জাগা। কচিকাঁচা যারা, কেউ খাটে, কেউ মাটিতে পাতা চটের বস্তায় শুয়ে ঘুমিয়ে পরবে। প্রতি প্রহরের পূজোর শেষে তার মাথায় পরবে একটু শিব স্নানের বেল পাতার জল।
বাতি গুলো জ্বলে থাকবে আশীর্বাদ ধন্য হয়ে এটাই ছিল আবেগ মথিত মনের ইচ্ছা।
আজকাল একথা খুব মনে পরে কারণ এই আমি এখন দিব্বি জ্বলে আছি। কে বলতে পারে কখন নিভে যাব?
তাদের পাকানো সলতে আজ এজন্যেই এই অনুলিখন লিখছে।
লেখা থেকে যায়।

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সৃজনশীল হওয়া কি ভুল?

রাখাল গরুর পাল নিয়ে মাঠে না গিয়ে মা এর কথায় স্কুলে ভর্তি হলো কিন্তু গরু চড়ানোর লাঠিটা তার হাতেই রয়ে গেছে। হাই বেঞ্চে কাত হয়ে আছে লাঠি আর লো বেঞ্চে বসে আছে রাখাল। সে সময় পড়া না পারলে পিঠে লাঠি ভাঙাটা ছিলো নিয়ম। রাখালের লাঠি হয়ে উঠলো পড়া না পারার খুঁটি। বেবাক শিক্ষা বিফলে গেলো গরু মারা লাঠি দিয়ে পড়া মুখস্থ না হওয়া ছাত্র ছাত্রীদের পিঠের উপর সজোরে ওঠা নামা দেখে। 

এই প্রথম রাখাল গরু চিনলো। এই গরুর চোখ আছে, নাক আছে, কান আছে, জিহ্বা আছে, আছে ত্বকও। শুধু ব্রেইন নেই।

রাখাল এটা অনুভব করেছে গরুরও ব্রেইন আছে, না হলে লাঠি দিয়ে সামান্য হেরেরেরে হট বললে দিক বিদিক ভুলে দৌড়োয়?

রাখাল গরু আর নিজের মধ্যে পার্থক্য বুঝতে পারলো না। শেষে লাঠিটা হাতে নিয়ে মাষ্টার মহাশয় কে বললে এটা আপনার পিঠে পরলে কেমন হয়? আপনার যে মানবিক শিক্ষা অসম্পূর্ণ আছে সে কি সম্পূর্ণ হবে?

তখন থেকেই শুরু হয় নতুন দৌড়। শিক্ষক কখনোই এমন পদার্থ হবে না যাকে শালার মাষ্টার নামে সম্বোধন করা যায়। মাষ্টারমশাই আকাশের তারা গুনতে বলবে কি?

না বলবে না বরং বলবে আকাশের তারা গোনা সম্ভব নয়, বলবেন উচ্চ শিক্ষার শিখরে যেদিন তোরা পৌঁছবি তোরাও তারা গুনতে শিখবি আর তারারাও তোদের কে গুনতে পারবে। 

রাখাল বুঝতে পারে এই ভাবনার পিছনে কোনো শিক্ষক লাগে না যেটা লাগে সেটা প্রানের শব্দ। যে শব্দ প্রত্যেকটা প্রানের অস্তিত্ব কে স্বীকার করে। রাখাল গরুর আচার ব্যবহার বুঝতে পারে, লাঠি হাতে রাখতে সে ভালবাসে চালাতে নয়।

অথচ অতীতের মাষ্টারমশাই?

এ পাড়ায় একজন রাখাল নামে মাষ্টারমশাই আছেন ঠিক ওই রাখাল গো-পালকের মতন। এই মাষ্টারমশাই মেধাবী থেকে সাধারণ ছাত্র সবার কাছেই মাষ্টারমশাই।

বাজখাই কন্ঠের আড়ালে এক প্রানবন্ত ছাত্র বাৎসল্য। তিনি খালি হাতে যা পারতেন মোটা কঞ্চি হাতে নিয়েও বঙ্কিম বাবু তা পারতেন না। ইংরেজি গ্রামার থেকে বাংলা-সংস্কৃত সব গ্রামার বোঝাতে তিনি সাবলীল অথচ শুধু ইংরেজি গ্রামার নিয়ে বঙ্কিম বাবু বেত নির্ভর হয়ে পরেছেন।

খুব সত্যি কথা এটাই, এক রাখাল যেমন গরুদের বুঝতে পারে অন্য আর এক রাখাল মাষ্টারমশাই ছাত্র বুঝতে পারেন।

বাকিরা?

এই বাকিদের কথাটাই এখন প্রসঙ্গ। দুই গরুর পাল এর মাঝখানে দুই রাখাল। এক রাখাল শরৎবাবুর মহেশ এর মৃত্যুর বার্তায় কেঁদে ওঠে, আর রাখাল মাষ্টারমশাই কাঁদেন ব্যবসায়িকভাবে আর এক গরুর পাল দেখে। আর বাকিরা " পাখি সব করে রব রাতি পোহাইলো,কাননে কুসুম কলি সকলি ফুটিলো" শব্দ চয়ন পড়া পাঠ না পাওয়া শালার মাষ্টার।

একটু ভুল হচ্ছে, তাই না?

হ্যাঁ হচ্ছে। হওয়া উচিৎ তাই হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক তাই হচ্ছে, না হলে ভবিষ্যতে প্রশ্নের মুখে পরতে হবে তাই হচ্ছে।

রাখাল মারা গেছেন গরু চড়িয়ে আর রাখাল মাষ্টারমশাই মারা গেছেন ছাত্র পড়িয়ে। বিরম্বনা একটাই তারা কোনো সন্তান সন্ততি রেখে যান নি। যদি এমন কেউ থাকতো শরৎকালে কাশফুল, বসন্তে আমের মুকুল, বর্ষায় ব্যাঙের ডাক, নিদেন পক্ষে সরস্বতী পূজোর দিন বই-খাতা-পেন-পেন্সিল বিষয়টা বুঝতো তা হলে এই উপস্থাপন হয়ে উঠতো এক আদর বার।

সৃজনশীল হওয়া কি ভুল?




রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ছোট গল্প নয় যা

শেষ ঘুমের ট্যাবলেট টা খেয়ে নিখিল একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রোজ রাতে দুটো ট্যাবলেট ওকে খেতে হয়। রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। পাশে শুয়ে রাণী ঘুমিয়ে পরে। মাঝ রাতে যখন ঘুমটা একটু আলগা হয় পাশে হাত দিয়ে সে নিখিল কে খোঁজে। পাশে না পেলে সে বারান্দায় যায়। একটু ঝাঁঝিয়ে বলে ফেলে এতরাতে সিগারেট টা কি না খেলেই নয়? ঘুম আসবে কি ভাবে?
নিখিল উত্তর দেয় না।
রাণী অভিমান করে বলে শরীরের দিকে কখনো তাকিয়ে দেখেছো? বলে মেয়েটা এখনো পড়ার মধ্যে আছে, বড় হয়েছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের অবস্থার কথাটা ভেবেছো?
নিখিল কিছুই বলে না।
অভিমান করে রাণী চলে যায়।
নিখিল হাতটা ধরে বলে, দেখো জন্ম-মৃত্যু আমাদের কথায় চলে না। যেদিন সে আসবে কোনো ভাবেই তাকে ফিরিয়ে দেওয়া যায় না।
এবার একটু রাগের সুরে রাণী বলল, বেশ তোমাকে আর কিছু বলব না।
নিখিল হাতটা ছাড়ে না। বলে এইযে কত বছর ধরে শুধু ওষুধ আর ওষুধ খেয়ে চলেছো এভাবে কি মৃত্যুকে আটকে রাখতে পারবে?
রাণী এর পরে আর কিছু বলে না। 
নিখিল আধপোড়া সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়। বলে চলো ঘুমের চেষ্টা করি।
এটা ওদের প্রত্যেক রাতের একটা রুটিন হয়ে পরেছে। ওরা দুজনেই অসুস্থ। একজন ইনসোমনিয়া নিয়ে চলে আর অন্যজন .....
না থাক সে কথা।
তাদের একমাত্র মেয়ে কণা রোজ পড়ার মাঝেও এগুলো দেখে। আগে বাবাকে বারণ করতো, এখন শুধু দেখে।
মা-বাবার এই বেঁচে থাকার ইচ্ছা, যুক্তি, কুযুক্তি শুনতে তার ভালোই লাগে।
ভালো লাগে এই অপরিসীম ভালোবাসার বিষয়টা। মনে মনে এটাও আজকাল তার মনে হয়, এই সত্যিকারের ভালবাসাই ওদেরকে বাঁচিয়ে রেখেছে।
না হলে মা অনেক আগেই চলে যেত। কিডনির খারাপ অবস্থা তার আজ থেকে তো নয়। সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিয়ে হাত দুটো কালো হয়ে গেছে। 
বাবা তাকে নিয়ে উদ্বিগ্ন এ কথাও সে বোঝে। বাবার রাতে ঘুম না আসার কারণটাও সে বুঝতে পারে। কিন্তু চুপ করে থাকার একটা অভ্যাস সে রপ্ত করে ফেলেছে।
কম্পিউটার টা বন্ধ করে সে বললো, চলো ঘরে যাই।
সত্যিই এবার তারা শুয়ে ঘুমিয়ে পরেছে। কণা এক মনে এই আলো আঁধারে তাদের মুখ দুটো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পরেছিল জানে না।
সকালে মা এর ডাকে সে চোখ খুললো, দেখলো ঘড়িতে তখন প্রায় আটটা বাজে।
আটটা রোজই বাজে তবু আজকের আটটা একটু আলাদা। 
কোনো এক সময় নিখিলের ঘুম ভাঙতো ভোর বেলায় প্রথম ট্রামের ঠং ঠং শব্দে।
তখন তার ছিল ঠিকানা উত্তর কোলকাতা। কলু টোলা পার করে সামান্য এগিয়ে যে রাস্তা আসে তার নাম জাকারিয়া স্ট্রিট। কোন এক অতীতে সেখানে থাকতেন জিন্না সাহেব। রাস্তার ওপারে আজকের মহম্মদ আলি পার্ক। কে জানে এটা কার বাড়ি। নিখিল এগুলো জেনেছে তার বাবার কাছে। কুমুদ বাবু বলতেন এই পাড়াতে না না করেও তিন পুরুষ আছেন। ঠিক এর পরের গলিতেই রবিঠাকুরের বাস ভবন। 
এই নষ্টালজিক অনুভূতি সে রাণীকে বলতো। রাণীও কম নয় এ ব্যাপারে। তার পূর্ব পুরুষ হরি ঘোষের গোয়াল দেখেছে। দেখেছে টেক চাঁদ প্যারি চাঁদ ঠাকুরের বাসা।
কণা এসব কিছুই দেখেনি শুধু শুনেছে। কিছু না বললেও কণা ক্ষুদ্র নয় এ কথা রাণী আর নিখিল দুজনেই বুঝতে পারে।
নিখিলের বাবা  তার মায়ের ইচ্ছাতে সেকালের কোনো এক গন্ড গ্রামে একটা বাগান বাড়ি কিনেছিলো। নিতান্তই একটু  জমি আর খড়ের চালা।
কুমুদ বাবু এই বাগান বাড়ির নাম রেখেছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর পত্নীর আসল নাম ছিল মীনাক্ষী। তিনি নিজের নামের সাথে স্ত্রী প্রত্যয় যোগ করে বাড়ির নাম দিয়েছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর মৃত্যুর অনেক আগেই মীনাক্ষী চলে যায় এই নিখিলকে রেখে।
এরপর এই কুমুদিনী নামের বাড়িতে চলে আসা। অনেক আশাপূরণ না হলেও রাণী আর নিখিল আকাশ কুসুম ছেড়ে এই প্রথম মাটিতে এসেছে।
এরপর কুমুদ বাবুও চলে গেছেন। শুধু রেখে গেছেন তার সাজ পোশাক।
নিখিলের ঘুম বড়ো অপছন্দের ছিল ছাত্রাবস্থায়। সে সময় গরম চা বানিয়ে চলত রাতভর অঙ্ক কষা। নিশিথে পাপিয়া যখন নিজের মনে সুর ভাজতো  নিখিল এক মনে শুনতে শুনতে বারান্দায় এসে একটা সিগারেট ধরাতো। এই সিগারেট ছিলো সামান্য একটা ব্রেক এর মতন। কখন সকাল এসে পরেছে সে বুঝতে পারতো না। চিতপুর এর ট্রাম লাইন দিয়ে ঠং ঠং শব্দ শুনে মনে হতো একটু দু চোখের পাতা একটু এক করতে হয়।
বড় মধুর ছিল এভাবে জেগে থাকা। সেই সময়েও সকাল হতো ঘড়িতে আটটা বাজতো, বাবার ভারি গলা শুনে ধরফর করে সে উঠে বসতো। সারাদিন চোখ কড় কড় করতো। চলতো কলেজের ক্লাস, হঠাৎ করে ঝিমিয়ে পড়ায় মাশুল দিতে হত অথচ রাত এলেই আবার সেই জেগে থাকা সেই পাতার পর পাতা অঙ্কের সাথে নিরলস মনের কেমন যেন এক মেলবন্ধন।
কুমুদ বাবু ভাবতেন এত রাশি রাশি যুক্তির রসায়ন যার পছন্দের তার গায়ে কালো কোট পরাতে পারলে ভবিষ্যতে নিশ্চিত ভাবে নিখিল হয়ে উঠবে একজন প্রতাপশালী আইনজ্ঞ কিন্তু তা হয় নি, হয়ছে ইনসোমনিয়া। পাসে শুয়ে রাণী যখন নাক ডাকায়, নিখিল ঠিক পুরানো অভ্যাস মতন একটা সিগারেট ধরায় বারান্দায় দাঁড়িয়ে।
নিখিল ভাবতেই পারে না যে তার ছোট্ট মেয়েটা এখন বড়ো হয়েছে। কণা কখন কিভাবে এমন বড় হয়ে উঠলো সে ভেবে পায় না। সে যখন হাওয়ার পক্ষে সিগারেটের ধোঁয়া নিয়ে মুখ থেকে রিং বানিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়, রিং টা ভেঙে যায়। আবার চেষ্টা করে, সেটাও যখন নিষ্ফলা হয় বিরক্ত হয়ে সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়। 
কণা এসব দেখে। হাসি চেপে রাখতে চেষ্টা করে তবুও বিলম্বিত লয়ে কে যেন হেসে ওঠে। 
কণা বুঝতে পারে পড়াশোনার জিবনটা অন্য কিছু থেকে একটু আলাদা। সে জানে তার মা রাত জাগার ব্যাপারে পিছনের সারিতে থাকলেও ভোরের সূর্যের প্রথম আলো দেখতে সে অভ্যস্ত। এই যেমন আজকের সকালটাও সে প্রথম দেখেছে। 
বস্তুত রাণী নিশাচর হয়ে উঠতে পারে নি। সে নিখিলের সাথে নিখাদ বিবাহিত জীবন কাটিয়েছে ঠিকই কিন্তু নিশীথে নিশ্চিন্তে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট এ সুখটান দেওয়াটা সে দেখে নি। দেখেছে সদ্য বড় হয়ে ওঠা ছোট্ট এই মেয়েটা।
নিখিলের গান শোনার অভ্যাস ছোটোবেলা থেকে। মা মীনাক্ষী ভোর বেলায় উঠে ফুল তুলতো আর গান গাইতো নিজের আনন্দে।
মধুমাখা কন্ঠস্বর শুনতো সবাই। তিনি ফুলের সাজি ভরিয়ে বাড়িতে ফিরে হাততালি দিয়ে নতুন দিনের ভোর হয়েছে জানাতো ঘুমন্ত ঈশ্বর কে।
কোনো এক সকালে এভাবেই ফুলের সাজি রেখে তার ঘুম ভাঙিয়ে স্নান সারতে আধুনিক বাথরুমে সাওয়ার এর নিচে নিশ্চিন্তে শেষ বারের মতন বসলেন। সৎকারের আগে এটাই তার শেষ স্নান।
হায়রে, ঈশ্বর সেদিন মীনাক্ষীর হাতের সেবা না পেয়েও এক বিন্দু চোখের জল ব্যায় করে নি। চোখের জলে বুক ভেসে গেছে সন্তান সন্ততির। আসলে এটাই বাস্তবতা। সামান্য এক অতীত ঠিক যেন ভবিষ্যৎ জীবনকে আড়াল করে।
আড়ালে আবডালে যা কিছু হয়ে ওঠে নি সেটা এই মৃত মিনাক্ষী জানতেন। থাক সে কথা।
নিখিলের ভোরবেলায় গান শোনার অধ্যায় শেষ হয়েছে। এখন সে রাত বিরেতে গান গায়। তার গলায় গান শুনলেই মা তাকে বলতো তোর কন্ঠস্বর ঠিক আমার বাবার কন্ঠস্বর এর মতন। বলতেন পাঁচ ভাই বোন নিয়ে তখন এক অসহায় অবস্থায় গোটা পরিবার। অকালে মা চলে যাওয়ায় বড়দিদি মীনাক্ষীই তখন সংসারের একমাত্র অবলম্বন। নিঃশব্দ অন্ধকার পথ দিয়ে ফিরতো তার বাবা, আর মীনাক্ষী অপেক্ষা করতো বাবার কন্ঠে হাওয়ায় ভেসে আসা কোনো এক সুরেলা কন্ঠের মোহে।
এই মোহ নতুন সংসারে এসে সে ভুলতে বসেছিল। নিখিলের একটু বড় হওয়ার পর নতুন করে সে তার বাবাকে ফিরে পেয়েছিল।
এর পর?
ঠিক বাবা যেমন হারিয়ে গিয়েছিল তেমন নয়, তবুও এই কন্ঠস্বর আর হাওয়ায় ভেসে আসতো না। 
এই আফসোস সে কখনো বলে উঠতে পারে নি তবে তার অন্তরাত্মা বুঝেছিলো নিখিল একান্তে সুখে আছে এই জঙ্গলে তার ফিরে আসার কোনো দরকার নেই। পাছে আরো পাঁচ সাত কথা শুনতে হয় এজন্যেই নানান শব্দ শুনেও একটা শব্দও সে বলে নি। 
নিখিল যে রাতে উচ্চ গ্রামে গান গায় সেই রাত তার বড় সুখের। পরের দিন সকালে স্বপ্নে তার মায়ের গান শুনেই ঘুম ভাঙে।
অতীত কে সামনে রেখে তার সমীক্ষা করা, জলে ভরা চোখ দেখতে কণা সাবলীল। সে এসব দেখছে ছোটো বেলা থেকে। ভূত ভবিষ্যত নিয়েও দেখেছে। শুধু বাকি ছিল বর্তমান নিয়ে সংবেদন দেখা।
রাণী দিনে দিনে অসুস্থ থেকে মৃতপ্রায় হতে চলেছে দেখে যেমন নিখিল কে সে দেখে ঠিক একই ভাবে সে তার মা কে দেখে।
ডায়ালাইসিস এর সময় শরীরের কষ্টে যখন নিখিলের হাত চেপে ধরে রাণী বলে আমি বাঁচবো তো, নিখিল তখন কণার হাত দুটো মা এর মাথায় রাখতে বলে। সে একটু স্বস্তি পায় এই কঠিন কঠোর অবস্থায়।
কণা কখনো কাঁদে না। সে এই হরি ঘোষের গোয়ালেই বড় হয়েছে। শুধু বুঝতে পারে এই মানুষ দুটো একাঙ্গী। 
সে ভাবে এই অঙ্গের সাথেই সে সংযুক্ত। এরা একজন না থাকলে অন্যজন ও থাকবে কি?
সেদিন চোখে জল এসেছিলো তবে বর্ষায় নি। প্রথমে তার মনে পড়ল আম্মার কথা, একটু পরেই সে তার বাবার মুখটা দেখলো, শেষে মৃতপ্রায় মা।
এই কণা কখনো স্বপ্ন দেখে নি। অতীত তার কাছে সামান্য। সে শুধু বর্তমান নিয়ে চলে।
এই বাস্তব বোধ সেদিন রাণীকে শান্ত করেছিল। রাণী বুঝেছে সে চোখ বুজলে নিখিল কে নিয়ে তার আর ভাবতে হবে না।
এরপর কেটেছে বেশ কয়েক মাস। নিখিল নতুন পথে পা রেখেছে যেখানে তার পরিবারের মৃত মানুষেরা জেগে আছেন। হায় রে স্ত্রী প্রত্যয়। এটা ঠিক প্রত্যয়ীত নকল জীবনের মতন। কালক্রমে সেটা আসল হয়েছে ঠিকই তবুও একটা আসল এসেছে এই আধুনিক ভাবধারায়।
কঠিন বাস্তব কণা দেখে নি, আধপেটা খাওয়ার অর্থ তার কাছে অজ্ঞাত, যেটা সে বুঝেছে সেটা আসলে বেঁচে থাকা। সেখানে সে শ্রেষ্ঠ।
এইমাত্র রাণী চলে গেছে। সে নিখিলের কাছে পৌঁছেছে। সে রেখে গেছে একটা মণিহার।
কণা অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় নি কখনো, সে বাস্তব নিয়ে ভালোই আছে।
রাণী, নিখিল অথবা কুমুদিনী মাঝে মধ্যেই তার মনে পরে, বিশেষ পাত্তা দেয় না সে।
সে শুধু কঠিন বাস্তব বুঝতে চায়।








শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

বিচিত্র এক মস্তিষ্ক

যখন লিখতে ইচ্ছা হয় না তখন যদি লিখতে হয় কষ্টের শেষ থাকে না। এই সময়ে কিছু কঠিন কথা লেখার সুযোগ পাওয়া যায়। আসলে এটা অনিচ্ছার বহিঃপ্রকাশ।
এটা একটা বধ্যভূমি। যেখানে সারি সারি মানুষ কপালে হাত দিয়ে নিশ্চিন্তে মৃত্যুর প্রতিক্ষায় অথচ কোনো ভয় নেই ওই মুখে।
এটা সমাজ পরিবর্তনের যুগ। না এসব হয় নি।
কি হয়েছে?
হয়েছে অসংখ্য মানুষের অসংখ্য কথা। কথা শেষ হয়েছে ঠিক মৃত মানুষের বয়বে।
এই মানুষটা লাশ কাটা ঘরে শুয়ে দিবাস্বপ্ন দেখেছে। সে বুঝেছে সে জ্যান্ত ছিল একটু আগেই। অধুনা সে মৃত।
তার পেট, মাথা, আরো কত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবচ্ছেদ হয়ে চলেছে ঠিক প্রাত্যহিক রুটিন মেনে। অথচ সে সেখানে নেই, আছে তার শরীর।
সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো রাত পোহানোর পরে। সেই ছোটবেলায় মা এর মুখে শোনা সংস্কার টা কাটিয়ে ওঠা হয় নি, আর ওই পথ বেয়েই মনে হয়েছিল এই ইচ্ছে নিশ্চিত সত্য হয়ে উঠবে।
এখন তার মস্তিষ্ক টা ডিসেকশন চলছে। রক্তের ক্লট কাটানোর জন্য নয় তবু ডাক্তারের মনে হলো কোনো ক্লট নেই ব্রেনে। 
সত্যিই তো, কারন ক্লট পরা ব্রেন টা এখনো দেখে চলেছে পরিবর্তন। বুঝতে পারছে এক ঝটকায় আরো অনেক মস্তিষ্কের সক্রিয় হয়ে উঠেছে। 
সে বুঝতে পারছে যে, ডাক্তার বাবু মিথ্যা কিছু লেখেন নি। তার শ্যেন চক্ষে লাল রং ধরা পরে নি কারন অনেক লাল চোখ তাকে ক্রমশঃ কালার ব্লাইন্ড করে তুলছে।
এই টেবিলে শুয়ে থাকা অনেক শরীর সে এক সময় ডিসেকশন করেছে। হুড়মুড়িয়ে অসংখ্য অনুসন্ধিৎসু চোখ শব্দহীন ভাবে গুছিয়ে তুলেছে হরেক নমুনা। ল্যাবরেটরিতে কি অদম্য জ্ঞানের উৎকর্ষ থেকে নানান ব্যাখ্যায় ভরে উঠেছে একটা নর দেহ। 
এই নর দেহ, নর কঙ্কাল শব্দ নিয়েও তর্ক বিতর্ক শুরু হতো। কারন মৃত শরীরের শব্দ বন্ধে কখনো নর-নারী কে সনাক্ত করার রীতি তৈরী হয় নি। শুধু বডি শব্দটাই মৃত্যুর পরের পরিচয়।
তার মনে হচ্ছে এখনো সুন্দর চিন্তা করতে পারছে সে। বুঝতে পারছে সে এখনো কালার ব্লাইন্ড হয়ে পরে নি। দিব্যি দেখতে পাচ্ছে জমে থাকা রক্তে রংটা ঠিক পাঁচ পাপড়ির জবা ফুলের মতন।
ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পরেছিল। প্রচন্ড তাপের ছেঁকায় সম্বিত ফিরলো। তখন তাকে কারা যেন টেবিল থেকে নামিয়ে একটা লেলিহান আগুনে পাঠিয়েছে শেষ বারের মতন ঘুম ভাঙাতে।
তখনও ব্রেন টা বিকট শব্দে ফেটে ওঠে নি। এবার আর সে সামলাতে পারছে না। তার চোখ, কান নাক সমস্ত ইন্দ্রিয় বুঝতে পারছে দাবানল ছড়িয়ে পরেছে সমস্ত জঙ্গলে।
দাবানল কিছু মানে না। সে অনেকটা স্বয়ংক্রিয় অস্ত্রের মতন। শুধু ধ্বংসে তার আনন্দ, লাল রঙে তার রং, পোড়া গন্ধে তার উগ্রতা।
সভ্যতার শেষ তবুও কিছু রেখে যায় ঠিক ফসিলের মতন।
এক কুনকে ছাই এর সাথে ঠিক তেমনই থেকে যায় একটা অস্থি। সভ্যতা এগিয়ে চলে নদ নদী পার হয়ে এক বিরাট জলরাশির মধ্যে। অস্থি বেঁচে থাকে পৃথিবীর পথে তার বিসর্জন হয় না।