রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ডোন্ট পরোয়া আল রাইট



প্রবাদ আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। পৌষ ধান ঘরে তুলে সেই নতুন ধান কুটে চাল বানিয়ে শুরু হতো নবান্ন উৎসব। ঐতিহ্যবাহী মহাকরণ নাম যেদিন নবান্ন হয়েছিলো মহাকরণের কতিপয় পন্ডিত করণি বলেছিলো ওখানে নতুন ফসল উঠবে। ফসল আবার নতুন আর পুরানো কথাটার মধ্যে একটা শ্লেষ ছিলো। সেই শ্লেষ অনতীক্রমে সত্যের কাছে পৌঁছলো প্রযত্নে দুর্নীতি। 

এই কেরানী কূল অতি সমৃদ্ধ স্বাধীনতা অর্জনের অনেক আগে থেকে। ডাক্তার বিধান চন্দ্র রায় এঁদের আনুকূল্যে গড়ে তুলেছিলেন অসংখ্য উন্নয়নের পরিকল্পনা। সাক্ষী আছে সেগুলো এই বঙ্গে। 

পারিবারিকভাবে ডায়রেক্টরেট আর সেক্রেটারিয়েট এর মধ্যে একটা গুনগত পার্থক্য আছে। সেক্রেটারিয়েট শিক্ষিত কৃতি ছাত্রের চাকরীর জায়গা আর ডায়রেক্টরেট রাজনৈতিক স্তাবক জনের আবাস গৃহ।

অতঃপর গুনগত মান হয়ে পরলো সমমূল্যের। ফলতঃ সমাজের সর্বস্তরে যাহা বাপ্পান্ন তাহাই তিপ্পান্ন প্রতিফলিত হলো। 

রাজনীতিতে কিছুকাল পরে শিক্ষাগত বিষয় অতি তুচ্ছ হিসেবে দেখা হচ্ছে। স্বাধীনোত্তর  পর্বে রাজনৈতিক ব্যাক্তির নাম পদবীর আগে লেখা থাকতো ডাক্তার, ব্যারিস্টার, মাষ্টার, পন্ডিত, মূর্খ ইত্যাদি। যেটা প্রকৃত ভাবে ওই ব্যাক্তির সামাজিক পরিচয়। এই সব নবান্নের দৌলতে সেটা এখন দৌলতাবাদে । এর মধ্যেও এক নতুন বিষয় উপস্থিত। কতিপয় ফসল তোলা তোলাবাজ ভাগ বাটোয়ারায় সন্তুষ্ট নন। শক্তির বিচারে এই নবান্নে তার ঘরে ফসল আসবে না।

পূর্ব বঙ্গ অধুনা বাংলাদেশের কথা অনুযায়ী এই পহেলা বৈশাখ তবে কি চড়ক পূজা সমাপনেই সমাপ্ত হবে?  গা এ বঁড়শী ফুটিয়ে, আঁশ বঁটিতে ঝাঁপ দিয়ে শেষে কিনা ফসল উঠবে না ঘরে। কাজেই আর নবান্ন নয়, চলো দিল্লির সংসারে। সেখানে শিক্ষা নেই এখানেও নেই, সেখানে অর্থের যোগান আছে যা এখানেও ছিলো। শুধু পার্থক্য বন্টনে। রাজনীতির পরাকাষ্ঠা কিছু আন্ডু ঝান্ডু এ কথা বলতেই শুরু হলো আক্রমণ।

যা ছিলো তা আছে এবং থাকবে। পরাকাষ্ঠা বললেন " ডোন্ট পরোয়া আল রাইট, হাউ ডু ইউ ডু গুড নাইট।"

বুধবার, ২৭ মার্চ, ২০২৪

চোখ যখন কথা বলে


চোখ যখন কথা বলে

"১"

বাজার এর চা দোকানে বুড়োদের আড্ডায় আলোচ্য বিষয় খুব মনোগ্রাহী। বিষয়টা গাণিতিক হয়েও বাস্তব এর সাথে তার কোলাকুলি দেখে সেই ছোটো বেলার স্মৃতি সুখেন ভুলতে পারে নি। সেদিন কোনো এক বয়ঃবৃদ্ধ জন ঘুগনি-মুড়ি খেয়ে একটা ডিম সিদ্ধ দিতে বললো দোকানিকে। সদ্য যুবক হওয়া সুখেন চা শেষ করে একটা সিগারেট ধরাতে সবে মাত্র পা বাড়িয়েছে রাস্তার দিকে। সেই সময় গুরুজনের সামনে সিগারেট জ্বালিয়ে সুখ টান দেওয়া নতুন প্রজন্মের কাছে ছিল এক অসম্ভব বিষয়। ওই বৃদ্ধ মানুষের কথার স্রোত তাকে বসিয়ে রাখলো দোকানের বেঞ্চে। সেই বৃদ্ধ দু-টুকরো করা বিট লবণ লাগানো ডিমটা মুখে তুলে সেদিন দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, ছাত্র জীবনে প্রথম যোগ অঙ্ক শিখলাম আর শেষে শিখেছিলাম ভাগ অঙ্ক। দেশ বিভাগের পরে প্রথম বুঝলাম ওটা ভুল শিক্ষা। ছাত্র  হিসাবে সেদিন জানতাম যোগ খুব সহজ আর ভাগ খুব কঠিন। যে দিন এই দেশটাকে দুভাগে ভাগ করা হলো সেদিন থেকে আমি নতুন অঙ্ক বুঝলাম। বুঝলাম ভাগ সহজ, যোগ বড়ো কঠিন।

এই স্মৃতি বিজড়িত কথাগুলো সুখেন ভুলতে পারে নি। বঙ্গভঙ্গ তার পূর্ব পুরুষ মানতে পারে নি আর ভারত বিভাগ করার পর্যায়ে সেই বিভাজন বহাল রাখা সে মানতে পারে নি।

দু-টুকরো করা ডিম এর পরের টুকরো টা সে পাতে রেখে উঠে পরলো। আমার পাশে বসে থাকা অচিন মানুষটাকে বললাম উনি না খেয়ে উঠে গেলেন কেনো? তিনি বললেন তুমি বুঝবেনা ভায়া। এটা এক প্রাত্যহিক বিষয়। অনেকে অনেক প্রশ্ন করেছেন, উত্তর পাওয়া যায় নি।

পরের দিন যথা সময়ে সুখেন এলো সেই চা দোকানে। তিনিও এলেন। সুনির্দিষ্ট ভাবে আধখানা ডিম না খেয়ে তিনি উঠে গেলেন। সুখেন চললো তার পিছু পিছু। পথ আটকে তাকে বললো মামা আপনি কেন এমন আধখানা ডিম প্রতিদিন না খেয়ে উঠে পড়েন? নাছোড় সুখেন কে সেদিন তিনি উত্তর না দিয়ে যেতে পারলেন না। 

তিনি কি উত্তর দিয়েছেন সুখেন তা বলে নি। শুধু তার চোখ সেদিন কথা বলেছে। 

"২"

বাঙালির জাত্যাভিমান ও তাদের মেরুদন্ড এই পৃথিবী তিন বার দেখেছে। প্রথম দেখা মিলেছিলো ১৯০৫ খৃষ্টাব্দে। সেই সে প্রথম আঘাত। 

ব্রিটিশ রাজতন্ত্রের ভীত কেঁপে গিয়েছিলো সেদিন। বাঙালীর উত্তাপ পৌঁছেছিল গোটা দেশ থেকে দেশান্তরে। ১৯১১ খৃষ্টাব্দে  বঙ্গভঙ্গ রদ হলেও তার আঁচ ছড়িয়ে পরেছিল গোটা দেশে। শেষে ১৯৪৭এর সকাল। আয়ারল্যান্ড যা পারে নি এই বাংলা তা করে দেখিয়েছিলো। এটাই বাংলার মানুষের মেরুদন্ড। 

দেশ বিভাগ এই পর্যায়ের নতুন এক প্রক্রিয়া। জাতিয়তাবাদী উন্মেষ এর শিখরে ছিলো মূলত তিনটে রাজ্য। প্রথম বাংলা দ্বিতীয় পঞ্জাব আর তৃতীয় মহারাষ্ট্র। অন্যান্য রাজ্যের নিরিখে এটা ছিলো ব্যাক্তি স্বার্থের  একটা লাভ-ক্ষতির হিসেব কষা। হয়ত এজন্যেই দেশ বিভাগের পর্যায়ে বাংলা আর পঞ্জাব কে লক্ষ্য করে যত রকমের অবিচার করা সম্ভব সেটা সংগঠিত হয়েছিলো। পঞ্জাব মেনে নিলেও বাংলা গর্জে উঠেছিলো পূর্ব পাকিস্তানে। 

১৯৪৮ খৃষ্টাব্দের শেষে সবে মাত্র অবিভক্ত চব্বিশ পরগনার তেভাগা আন্দোলন ফসল তুলেছে এপারে আর ওপারে শুরু হয়েছে ভাষার লড়াই। ১৯৫২ র ২১শে ফেব্রুয়ারি নিয়ে এলো এক যুগান্তকারী রক্তক্ষয়ী জয় এর পতাকা। সেই পতাকা আজও পতপত করে ওড়ে বিশ্বের দরবারে।

এর পরে এলো সেই মুক্তিযুদ্ধের দিন। তেভাগায় লড়াই করা মানুষের মনে সেদিন জেগে উঠেছিল অবিভক্ত বাংলার এক স্বপ্ন। এপার থেকে জনে জনে মানুষ মুক্তি যোদ্ধার বেশে সেদিন পাকিস্তানের পূর্ব প্রান্ত ভরিয়ে দিয়েছিলো। সলিল এর সুরে গান ধরেছিল " আয়রে পরাণ ভাই আয়রে রহিম ভাই।" এর পরে তৈরী হয়েছিলো বাংলাদেশ। এ যেন ঠিক 'জয় বাংলার জয়।"

হয়তো এই বাংলা রাজ্য না হয়ে যদি রাষ্ট্র হত, বার্লিনের প্রাচীর ভেঙে যেমন দুই জার্মান তার জাত্যাভিমান দেখিয়েছিলো বাংলাও দেখাতে পারত। 

আসলে এই আয়ারাম গয়ারাম এর দেশে জাত আছে কিন্তু অভিমান নেই। শুধু বাঙালি সম্প্রদায়ের মানুষ জন এই ভাবাবেগ নিয়ে চলে। অন্যান্য পড়শীরা বলে 'হে পৃথ্বী স্থিরা ভবঃ'।

আজ মধ্যগগনে পৌঁছে মৃত মামার সেই পুরোনো কথপোকথন আজ সবার সামনে এনেছে সুখেন। যদিও দোলাচলে চলে যাওয়া বৃদ্ধ মামা ঠিক চাঁদ মামার মতন এক আন্তর্জাতিক মানুষের রূপ পেয়েছেন। 

তিনি সুখেন কে বলে গেছেন একটা কথা মনে রাখবি ' য তিষ্ঠতি স্ব জীবতি।'

সুখেন নিজের মামার কথা আজও স্মরন করছে অহোরাত্র।





মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মথিত রাধার প্রেমে

এহেন ফাগু প্রেম কে দেখেছে? বেশ এক ঝকঝকে সফেদ মেয়েটা গোলাপি আবির মেখে মোহিত। অন্যদিকে কানু সেই আবির মেখে যার পর নেই বেকুব এক রূপ ধারণ করে অগণিত ভক্ত প্রেমিকার সাথে আলাপচারিতায় ব্যাস্ত। Then what to do?

আসরে আসিলো রাধা 

অতিশয় গলা সাধা,

প্রেম আসক্ত শরীরে।

লীলা ছেড়ে কেষ্ট

অত্যন্ত অতিষ্ঠ

রাধার এই রং রূপ দেখে।

শেষে হাত ছেড়ে হাত

পেলেন নতুন রাত

রাধার অভিশাপ গায়ে মেখে।

কাব্য ভয়ঙ্কর। সেখানে বাচ্য থাকে বাক্য থাকে না। সেখানে লক্ষ্য থাকে, উপলক্ষ থাকে, হৃদয় আর মন থাকে এক সুরে বাঁধা। এ জন্যেই এত কথা কাব্যে গ্রথিত কৃষ্ণের নামে নয় রাধার নামে বাঁধা।

শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এজন্যেই এই রাধা আরাধ্য। এর পর অত কাব্য কত গ্রন্থ কত উপন্যাস কে লিখেছে কেন লিখেছে জানি না।

শুধু জানি নৈসর্গিক প্রেম রাধার মতন কেউ করে নি।

আসলে কানু প্রেমে মথিত নয় মানুষ, মানুষ মথিত আসলে রাধার প্রেমে। 

সোমবার, ২৫ মার্চ, ২০২৪

হয় হয় বুইতে পারো না

স্বেচ্ছায় নয় চাপ এ পরে মুসলিম হয়ে সামান্য আকার ইকার বদল করে পিতৃদত্ত নামটা সে রাখতে পেরেছিলো। ঠিক মনিষী-মনীষ, সহিস-সহসা অথবা আশিষ-আশিক। দুর্লভ এই নাক রেখে শূর্পনখা হওয়া ধর্মের নির্মম অত্যাচারে। এরপর কমল নামটা হয়েছে কামাল, সজল নামটা হয়েছে ফজল, শহীদ হয়েছে শাহিদ আরো কত কি।  এক এক সময় মনে হয় কৃষক আর কিষান নিয়ে কোনো মতভেদ নেই, কালি আর আর কালিয়া নিয়েও নেই, কলিম হলেই যতেক সমস্যা। আসলে এই কলিম হলো জগৎ এর কালিমা। এবার একটু জগৎ বুঝতে হয়। এখানে রাজ হাসের ভূমিকা প্রাসঙ্গিক। রাজহাঁস দুধ খেয়ে জল রেখে যায়। 

সত্য স্বীকার করা যদি দস্তুর হয় তবে মিথ্যা প্রবচন লঙ্ঘন করাও আজ দস্তুর। কোন হালায় বলেছে বলো দেখি? কোন হংস দুধ আর জল আলাদা করতে পারে? এটা ঠিক হাঁস এ খেয়ে যাওয়া ব্যাপার। এখানে ব্যাপারী কে? 

এখানেও সেই কুটিল বাক্যালাপ। শ্রীকৃষ্ণ কতটা শিক্ষিত ছিলেন জানা নেই আর রামচন্দ্র?  হায় রামচন্দ্র কথার মধ্যেই সেটা নিহিত। 

আসলে আবেগ আর অবিশ্বাস নিয়েই শ্বাস প্রশ্বাস চলছে। কতটা কার্বন-ডাই-অক্সাইড অথবা কতটা অক্সিজেন এর হিসেব কে রাখে?

রাম জানতেন না, রাবণ জানতেন না, শ্রীকৃষ্ণ কখনো বলেন নি তিনি জানেন, তবুও অজ্ঞানতা থেকেই মানুষ এসব জানে। 

মনে পরে সেই নাটকের সংলাপ? হয় হয় বুইতে পারো না। 

জনগন মূর্খ থাকছে ভেবে কল্পনার জাল বিস্তারে ব্যাস্ত কতিপয় নয় সমগ্র রাজনৈতিক ব্যাক্তিবর্গ। 

না সাবধান বলছি না। বলছি একটু বইপত্র পড়ুন।

রবিবার, ২৪ মার্চ, ২০২৪

হিরণ্যকশিপু আর বলদ

হিরণ্যকশিপু তার পুত্র সন্তান, কন্যা সন্তান অথবা পুরাতন সংগৃহীত তথ্য অনুযায়ী দোল পূর্ণিমার আগের রাতে ঘর বানিয়ে আগুন জ্বালিয়ে স্ফুলিঙ্গের দর্শন আধুনিক জীবনের কাছে নব্য। পুরাতন সত্য হলো বসন্তে ঝড়ে পরা শুকনো পাতা জ্বালিয়ে আবর্জনার স্তুপ ধ্বংস করা। আধুনিকতার যুগে পলিউশন বলে একটা কথা আছে। পুঁতি গন্ধ আবর্জনার স্তুপে সামান্য কিছু ঝড়ে পরা পাতা আজ বড় অসহায়। 

এই ঝরা পাতারা চিরকালই ঝরে পরে পথের পাশে, ঝাঁটার বাড়ি খেয়ে আবর্জনার মতন জীবন তাদের কাছে নতুন নয়। 

নতুন কথা হলো বুড়ির ঘরে কে গিয়েছিলো, কে আগুনকে আঙুল দেখিয়ে জ্যান্ত ফিরেছে।

ঠিক স্টিফেন কোর্টের মতন একটা বিষয়। যদিও ওই পুত্র সন্তান ঝাঁপ দিয়ে প্রান বাঁচাতে যান নি। কোনো এক বিচিত্র কারনে আগুন তাকে স্পর্শ করে নি। 

হায় হোলিকা হায় হায়। অন্যথায় জেনে বুঝে ওই জতূগৃহে তুমি যেতে? 

আদি অকৃত্রিম একটা প্রবাদ আছে। সেটা হলো মূর্খ মানুষ কে যদি একবার বোঝাতে পারা যায় বাঘ একটা জন্তু আর তুমি? তুমি মানুষ, তোমাকে হারাবে কে? 

এভাবেই ঝাঁপিয়ে পরতো দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী। 

এভাবে স্বাধীনতা আন্দোলনের শহীদদের অপমান করতে চাই না। শুধু একটা কথা স্পষ্ট ভাবে বলতে এই সামান্য লেখা লেখি।

বাংলার মানুষ কিন্তু মানুষ, তারা শিংওয়ালা বলদ নয়। কাজেই বলদের তিন ঠ্যাঙ এ গু লাগলে আমার কোনো আপত্তি নেই। তবে আমরা কিন্তু ওই গোত্রের নই।


শনিবার, ২৩ মার্চ, ২০২৪

আলালের ঘরের দুলাল।


আলালের ঘরের দুলাল।

নামে সে তৃপ্তি হলেও জীবন বোধ এ সে এক অতৃপ্ত আত্মা। জনসমুদ্রে সে পৌঁছতে পারে নি, তার পরিসর ছিলো স্ট্রিট কর্নার থেকে পপুলার চা এর দোকান পর্যন্ত। সে বলতো প্রেম বা ভাবাবেগ থেকে নয়, শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা বিষয়ে কবির কথায় এক নগ্ন উপলব্ধির কটা পংক্তি; ' কেউ কথা রাখে নি।" 

বলবে নাই বা কেনো? পাঠ্যক্রমের বাইরে পড়ে ফেলা লেখাগুলো আজেবাজে কোনো লেখা নয়। কখনো রবীঠাকুর কখন এই আমাদের শরৎবাবু। ওঁরা বলতেন সাম্রাজ্যবাদী, পাঠান, কখনো মোঘল। এর পর এসেছিলো স্বাধীনতা। 

অতৃপ্ত তৃপ্তি চা এক কাপে ঝড় তুলে বলতো বসন্তে ঠাকুর আসুন অথবা শরৎ এ শরৎ এলেও এ যুগে দৃপ্ত কন্ঠে বলতে পারতেন না 'ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।"

বলতো তবুও ভালো ছিলো ওই সব লুঠেরা ভাগ্যিস নিয়ে গেছিলেন ঐতিহাসিক সম্পদগুলো, না হলে কোনো এক গোখরো সাপের মস্তিষ্ক অলঙ্কৃত করতো কোহিনূর মণি। 

বিরাট এক থাপ্পর পরলো তৃপ্তির গালে। মোলার দাঁতটা নাড়াতে পারে নি ওই থাপ্পর। নাক এর পাশ দিয়ে রক্ত পরছিলো আর তৃপ্তি হাসছিলো। 

পরের দিন চা এর দোকানি তৃপ্তিকে বললো আপনি না এলে ভালো হয়। আমার দোকানে সব ধরণের মানুষ আসেন, আপনিও আসেন তবুও কি যে হয়েছে জানি না। সেদিনের পর থেকে অনেকেই এখন আর আসে না। সেদিন তৃপ্তি দোকানি দুলালকে বললো তোমার বাড়িতে গেলে এরকম এক কাপ চা খাওয়াবে তো?

দুলাল মানুষ নিয়ে চলতে অভ্যস্ত। এই দোকান দু পুরুষের। অসংখ্য মানুষ এই বেঞ্চ আর টেবিল এ বসেছে। সত্তর এর দশকে এরকম কিছু অঘটন সে শুনেছে বাবার মুখে। তবুও এই আধুনিক জীবনের সাথে সে অতীত কে এক করতে পারছিলো না।

এরপরে তৃপ্তি আর আসে নি। 

ইলেকশন এ সিলেকশন এর পর একদিন বিকেলে তৃপ্তি রাস্তার পাশে গজিয়ে ওঠা কোনো একটা চা এর দোকানে বসে বাঙময় শব্দে পাগলামো করছিলো। রাস্তায় মানুষের ভিড় দেখে দুলাল দাঁড়িয়ে পরলো। তৃপ্তি তখন চা এর কাপটা সবে মাত্র হাতে তুলেছে। 

না দুলাল এসব দেখেও সেদিন কিছু বলে নি। আসলে পিতৃ পিতামহের সাথে প্রজন্মের পার্থক্য আজকের সমাজে দস্তুর। 

রোজগারের স্বার্থে কেনো এ কথা সে বুঝবে ?

তৃপ্তি মাঝে মধ্যেই ইঙ্গিত এর মতন শব্দে জনসমক্ষে বলে, এখন আমাদের জীবনটা ঠিক নির্দায়ী ডিভোর্সির মতন। সমাজ সংগঠনে যেমন রাজনীতিকদের দায় নেই ঠিক তেমন সংসারে আবদ্ধ জীবন আজ নির্দায়ী ডিভোর্সি।

আবার শুরু হলো " লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা" মানুষের আনাগোনা। তারা তৃপ্তির কথা এখন বাক্য মনে করে।

তৃপ্তি সংযত ভাবে বললো, বিকেল বেলায় দুলালের দোকানে এক পেয়ালা চা ছিলো অনেকটা অভ্যাসের মতন। সেই অভ্যাস ত্যাগ করে এখন এই পথ পারে গড়ে ওঠা উদ্বাস্তু পরিবারের শরিক হয়েছি। সেদিনই বুঝেছিলাম দুলাল ব্যবসা বুঝলেও মানুষকে তেমন গুরুত্ব দেয় না। ওর কাছে আমরা সবাই ক্রেতা আর বিক্রেতা সম্পর্কের বাইরে কেউ নই। 

তফাৎ গড়ে দিয়েছে বাবুই আর চড়াই। আমি অনেক দিন ছিলাম চড়াই এর দরবারে। এখন বাবুই এর সাথে বেশ আছি। না হয় লিকার একটু কম হলো, না হয় চিনি নিয়ে একটু ছিনিমিনি হলো, না হয় দুধটা ভালোভাবে ফোটানো হয় নি। তবুও বলতেই হয় আন্তরিকতায় কিছু কম নেই, মানবিকতায় তারা রাস্তার পাশের উদ্বাস্তু, চঞ্চলতায় তারা আজানুলম্বিত।

এভাবেই দুলাল নামটা ভুলে গেছে তৃপ্তি। সে তৃপ্ত আজ গগন তলে।









বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

শালিখ দুটো

রমা কখনো স্বপ্ন দেখতে শেখে নি। সে প্রকৃতি দেখতে দেখতে যখন জানলা বন্ধ করতো তখন দিনের শেষ হয়ে সন্ধ্যা নামছে। এর পর ক্ষমা করতো তারার আলোয় ছায়াপথে পা বাড়িয়ে। উৎসবের দিনগুলো তার খুব খারাপ লাগতো। উৎসবে ঝকমকে আলোতে সন্ধ্যা নামতো না। না দেখা যেতো সন্ধ্যা তারা না থাকতো পঞ্চমীর চাঁদ। শুকতারা সুরের আকাশ খুঁজে না পেয়ে বিদায় জানাতো উৎসব এসে যাওয়ার অনেক আগেই। এই সময়টা রমা পাকা ধানের গন্ধ নিতো, ধান খেতের পাশে বিজলীর আলোয় বসে সে গঙ্গাফরিং ধরে ব্যাগে পুরতো। পরের সকালে তার পোষা শালিখ দুটোর আনন্দ আর ধরে না। রমা ওই দুটোকে খুব গালি দিতো। বলতো সন্ধে থেকে অনেক রাত অব্দি তোদের জন্য বসেছিলাম ধান খেতের পাসে। পেঁচা গুলো বলছিলো এখানে কেন এসেছিস? বললাম আমার দুটো শালিখ আছে। বললাম ওরা ফরিং খেতে ভালোবাসে। ওরা বললো আমাদের পুশবি? এর পরেই আমি চললাম বাড়ির দিকে, তখন তোরা ঘুমোচ্ছিস। ভাবলাম সকালে উঠে প্রিয় খাবারে ভরিয়ে দেব মন, তোরা গাল ফুলিয়ে মুখ বেঁকিয়ে ঝগড়া করে শেষে বলবি পেট ভরেছে মনিব। তোরা এমন কিছু বলিস নি বরং ছোলার ছাতু পেয়ে দু-পা তুলে ঝুলে পরলি কাপর মেলার দড়িটায়। এরপর আমি আর তোদের জন্য ফরিং আনবো না।

একটা শালিক গাল ফুলিয়ে রাগ দেখিয়ে ড্রেনের পাশে গিয়ে পোকা মাকড় খেয়ে অন্যটাকে ডাকলো। সেই সেখানে গেলো না। সে রমার কাঁধে বসে নানান শব্দে বললো তুমি যখন ধান খেতের পাশে যাবে আমিও যাবো। তুমিও ধরবে আমিও ধরবো, তারপর বাড়ি ফিরবো গাড়িতে করে ফরিং এর পাহাড় নিয়ে। 

রমা তার কাঁধে বসে থাকা শালিক টাকে ফিরিয়ে দিলো এই প্রকৃতির কাছে। বললো তোরা দুজন খুঁটে খেয়েই ভালো ছিলি। আবার আগের মতন খুঁটে খা।

শালিখ দুটো আকাশের দিকে উড়ে গেলো।


সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সহেলী

সহেলী:

সহেলীর ইমোশান কিছুতেই আর শেষ হয় না। ছোটোবেলায় একতলার ওই ছোট্ট ঘর ছিলো পড়ার ঘর। এক পাশে দাদা অন্য পাশে সে। টেবিল চেয়ার না থাকার জন্য অভিমান, অভিযোগ আরো কত কি।

এরপর বাড়িটা দ্বিতল হলো। সেখানে মা-বাবার সাথে সে আর দাদা নিচতলায়। 

বৌদিকে নিয়ে দাদা যে দিন নিচতলা ছেড়ে ষোলো তলার অট্টালিকায় চলে গেলো সেদিন থেকেই ওই নিচতলায় সে এসেছিল। দাদার সাথে কখনো কথা হতো কখনো কথার মাঝখানে বৌদি এসে দাঁড়াতেন। 

শেষ কথা হয়েছিলো মা এর মৃত্যুর পর। বাবা চলে যাওয়ার পরে মা ছিলেন একেবারে একা। যখন তিনি চলে গেলেন এই স্মৃতির বাড়িটা হয়ে পরলো পোড়ো বাড়ি। 

ততদিনে দাদাও চলে গেছেন বাবা-মা এর পরিবারে। এই একা আমি সেদিন খুঁজছিলাম এমন সেই কোনো কাউকে যে এই বাড়িতে আসত, বসতো, গল্প করতো, দাবা খেলতো দাদুর সাথে, গান গাইতো নিজের মনে, অঙ্ক করতো মুখে মুখে। তাকে খুঁজে পাওয়া যায় নি। 

এরপর শুরু হলো ঠিক নিজের শরীরের মতন বড় হয়ে ওঠা ওই বাড়িটার পলেস্তরা খসে পরা। দরজা ভেঙে চোরেরা কিছু না পেয়ে ফিরে গেলো। হাট করে খুলে দেওয়া দরজা দিয়ে একে একে পায়রা, ইঁদুর ঘড় বাঁধলো আমার থাকার নিচ তলায়।

এর পরেও কেটে গেছে দু দুটো যুগ। 

একদিন সহেলী খবর পেলো কোনো এক অর্বাচীন এসেছে এই বাড়ির খবর নিতে। বয়েসের নিরিখে তিনি মধ্য বয়সী। তিনি এসেছিলেন স্মৃতি মন্থর কোনো এক ইচ্ছায়। এই পলেস্তরা খসে পরা বাড়িটা তার চেনা। 

আসেপাশের মানুষ তখন নতুন। পুরাতনের খোঁজ তিনি পান নি। পাসের বাড়ির ছোট্ট মেয়েটাকে সে বলে গেছে ঠিক তোর মতন একটা মেয়ে থাকতো এই বাড়িতে। খুব সুন্দর দেখতে। চোখ দুটো ঠিক তোর মতন। কথা বলতো ঠিক তুই যেমন মা এর চোখের দিকে তাকিয়ে কথা বলছিস ঠিক তেমন। 

সহেলী সেদিন পুড়ানো জং পরা তালাটা খুলতে পারলো না। হাঁক পেরে ডাকতেও পারলো না আসে পাসের কোনো প্রতিবেশীকে। 

ওই ছোট্ট মেয়েটা দৌড়ে এলো তার কাছে। বললো জানো এই কদিন আগে একটা সুন্দর লোক এসেছিলো। বলেছিলো ঠিক তোর মতন একটা মেয়ে থাকতো এই বাড়িতে। মা আমাকে কিছু বলতে দেয় নি।

সহেলী ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে বললো, এর পর ওই লোকটা যদি আবার আসে তোর মা কে বলিস সে যেন এভাবে ফিরে না যায়। মেয়েটা এই কথার মানে বুঝলো না বুঝলো ওর মা। 

বললো দিদি কেনো এমন বললেন?

সহেলী নতুন একটা তালা লাগিয়ে চাবিটা হাতে দিয়ে বললো আজ থাক এসব কথা। 

আমি নিশ্চিত ভাবে বুঝি ফিরে যাওয়া লোকটা আবার আসবে।




রবিবার, ১৭ মার্চ, ২০২৪

শান্ত হনু

শান্ত হনু:

কলেজ জীবনে বন্ধু শান্তনুর নতুন নামকরণ হয়। সবাই ওকে শান্ত হনু বলে ডাকতো। রূপে শান্ত শিষ্ট হলেও প্রফেসর কূল বলতেন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট অবশিষ্ট। এই অসামান্য ব্যাখ্যা তার কেমন লাগতো বলতে পারবো না তবে লেজ দেখতে না পেলেও ও যে একটা জন্মগত ভাবে লেজ পেয়েছিলো সেটা ওর প্রতিনিয়ত জীবন প্রক্রিয়ায় আজ নিরপেক্ষ সত্যি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

গণিতের প্রফেসর প্রনব বাবু বলতেন, তোর মতন নির্বোধ এর বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে হওটাই দুর্বোধ্য। বাংলা পড়াতেন দেবব্রত বাবু। রবিঠাকুরের গান্ধারীর আবেদন পড়ানোর শেষে এই শান্ত হনু কে বলেছিলেন কিছু বুঝেছিস?

তার কথা শুনে তিনি বলেছিলেন হিংসা-বিদ্বেষ থেকে যেদিন মুক্ত হতে পারবি সেদিন বুঝবি মাতৃত্ব। 

শান্ত হনু সেদিনও নির্বিকার। 

এর পরে যুগপৎ উন্নতি করেছে শান্তনু, তবে শান্ত হনু নামটাই তার থেকে গেছে।

শান্ত হনুর লেজ এর প্রভাব দেখে তার ঘনিষ্ঠ আত্মীয় একদিন তাকে বললো লেজ না থাকলে অভিযোজন জেনেও হনুমান যে আজ মানুষ হয়েছে তা বুঝতাম না।

বন্ধুমহল আজকাল ইষৎ উষ্ণ শব্দে ডাক পেড়ে বলে, লেজ থাকলেই ভালো হতো।

তবে এই ক্রমবর্দ্ধমান লেজ বাড়তে বাড়তে পৌঁছলো আরব্য রজনীর যুগে। সেখানে হনুমানের লেজ বিপজ্জনক। তবুও কোনো এক নির্বোধ মুখ বয়ব তাদের পছন্দ হলো। 

তাদের দরবারে খোজা প্রয়োজন। এই আধুনিক যুগে এই প্রথম একটা খোজার সন্ধান পেয়ে তারা মুগ্ধ। 

এরপর শান্ত হনু আর থেমে থাকে নি। সাফল্যের গ্রাফ বিশ্বব্যাপি নোবেল লরিয়েট দের কেও লজ্জা দিয়েছে।

শান্তনু চশমার আড়ালে মৃদু হেসে সেদিন স্বীকার করলো আমার কলেজের নাম আজ সার্থক।

আমি সত্যিই শান্ত হনু।


শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মামা ভোলানাথ

ভোলানাথ শেষ নিঃশ্বাস ছাড়লেন। ফুসফুসে সরাসরি অক্সিজেন দেওয়া হয়েছিলো। হৃদপিণ্ডের কার্বন ডাই অক্সাইড নিয়ে তেমন কোনো কাজ ছিলো না। পুলিশ নাতজামাই ডাক্তারি শিখে সরকারি হাসপাতালে ভোলানাথ এর নাকে নল লাগিয়ে অক্সিজেন কন্ট্রোল করতে ব্যাস্ত ছিলো। ওই কি এক  ৯৪, ৯৫ ইত্যাদি বিষয়ক কিছু কথা বলে বুদবুদ ওঠা কাঁচের শিশি দেখিয়ে অত্যন্ত স্মার্ট বয় এর মতন বিদায় নিলো। 

ভোলানাথ এর ভাগ্নে এসব দেখে ভেবেছিলো, ইনি জুনিয়র ডাক্তার হবেন। 

পরের সকালে ভোলানাথ প্রাণ হারিয়ে হাসপাতালের বেড খালি করলেন। ভাগ্নে হাসপাতালে পৌঁছে পাশের বেড এর রুগীর কাছে শুনলেন কেউ কাছে না থাকলে এমনই হয়।

আফশোস হলেও তখন আর কিছু করার ছিলো না শুধু ভিজে ওঠা চোখ দুটো মোছা ছাড়া।

হ্যাঁ ভোলানাথ মারা গেছেন। সরকারি হাসপাতালের বেড এ বুকের উপরে সেদিনও জেগে ছিলো সে অনাদি অনন্ত নিজের হাতে বানানো যজ্ঞপবীত পড়া সেই দুগ্ধ ধবল শ্বেত উত্তরীয়। তার ওষ্ঠতে বসে থাকা মাছি গুলো তাড়িয়ে রুমালে চোখ মুছে সেই শেষ বারের মতন তার ভাগ্নে বাড়ি ফিরলো।

এরপরে আর কখনো সে মামা বাড়ির পথে পা রাখেনি।


শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

গ্রহের আগ্রহে

ডিফারেন্সিয়েসন এমন একটা গাণিতিক ধারণা যেখানে এমন একটা কথা বা কনসেপ্ট বলা হয়েছে "হে বৎস তুমি যত ক্ষুদ্র ভাবতে পারো তুমি তার থেকেও ক্ষুদ্র।" হায় রাম এও সম্ভব?

এভাবে ভাবলে এ কথা বলা যেতেই পারে তুমি নিজেকে অসৎ ভাবতে পারো তুমি তার থেকেও অসৎ। এর বিপ্রতীপ বিষয়টাও ওই অর্থে সঠিক।

আচ্ছা ভাগ্য নির্বাচনে কি হতে পারে? 

আপনি নিজেকে যতটা দুর্ভাগা ভাবেন আপনি তার থেকেও বেশি দুর্ভাগা অথবা আপনি নিজেকে যতটা অর্থবান মনে করে করেন আপনি তার থেকেও অনেক বেশি অর্থবান। 

গণিত প্রক্রিয়ায় এক বিশাল সামাজিক সমস্যা তৈরী হয়েছে। মূর্খ না মানলেও মানুষ এসব কঠিন অঙ্ক সহজ ভাবে বুঝতে পারে। 

ধরা যাক লঙ্কায় রাবণের জায়গায় বিভীষণ এলো। অর্থাৎ বেশ এক সৎ ব্যাপার। গাণিতিক ভাবে বললে বলতে হয় যত সৎ ভাবতে পারো তার থেকেও সৎ কিছু হয়।

পৃথিবীব্যাপী বামপন্থার যুগে এই বহমান গণিত এই তত্ত্ব মেনেও অযুত নিযুত মানুষের কাছে না পৌঁছতে পারার কারণ এই গাণিতিক তত্ত্ব।

আসলে গণিত যে পথ বেয়ে চলে সে পথ সরল হলেও না-শিক্ষিত বুদ্ধি মানুষ গুলো নং ধাতু রূপ নিয়ে বাক্য তৈরী করে সমাজকে অনন্য এক কীর্তিতে শুধু বঞ্চিত করে তুষ্ট হয়েছে।

না আর রাজনীতি নয়, এবার ইউক্লিড আর সত্যেন্দ্রনাথ বসু বড়ো প্রয়োজন।

এনারা দ্বন্দ্ব মূলক বস্তুবাদের বিপরীতে দাঁড়িয়ে গাণিতিক ভাবে বলে দিতে পারবেন, " তোরা গ্রহান্তরের মানুষ। তোরা এই গ্রহের মানুষকে বোকা ভাবিস না"।


বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

টিকটিকির টক্ টক্

ছল করে জল আনতে যাওয়ার  অ্যাফারমেটিভ  প্রেম অতীত কালের আবহে দেখতে নিজের মন টা একটু ডগমগ হয়ে উঠতো। অন্যমনে মনে হয় এমন কোনো কেউ যদি এভাবে ছল করে আমার জন্যে নদীতে জল নিতে কাঁখে কলসী নিয়ে লাল পাড় শারি পরে বেশ আলুথালু ভাব ভঙ্গি নিয়ে যাত্রা করতো, আমি সপাট সেই কলসী কাঁধে নিয়ে নির্বাক প্রেমে আপ্লুত হয়ে তার বাড়ি পর্যন্ত সৌজন্য মূলক ভাবে নয় একান্ত প্রেমাবেগে পৌঁছে দিতাম তার ঘড়ের দোরগোড়ায়। 

জন্মান্তরবাদ না মানলেও পুনর্জন্ম ভেবে এই যে স্বপ্ন, দেখতে নেহাৎ মন্দ লাগে না।  এই স্বপ্ন বা ভাবনা  জীবনের সায়াহ্নে এসে ভাবতে এখনো পর্যন্ত আকুল হতে পারি নি। তবে অনেকেই হয়।

তবে যে বা যারা এমন অবস্থানে পৌঁছন তাদের আসে পাশে যারা অবস্থান করে তারা শরৎবাবুর চরিত্রের মতন ভাব ভঙ্গিতে বলে ওঠেন, " লাও তো বটে, কিন্তু আনে কে?"

এটা সত্যিই অসাধ্যসাধন। হনুমানের লেজে আগুন ধরানো ও যেমন দুঃসাধ্য ঠিক তেমনই বহুরূপী হনুমানের লেজ কেটে আনাও কম দুঃসাধ্য নয়। 

এই আমাদের মতন সাধারণ মানুষের আজ বড় সংকট। আমাদের হৃদয়ে না আসে প্রেম না সেই নৈসর্গিক প্রেমের সাথে সহাবস্থান। অতঃপর?

অতঃপর একটাই ভাবনা মানুষকে বেশ তাতিয়ে রাখে, "য তিষ্ঠতি স্ব জীবতি।" 

নৈতিকতার দাঁড়িপাল্লা যখন অনৈতিক অর্থের অসামান্য কার্যক্রমে ব্যাস্ত সেখানে ওই আগের যতসব নৈব্যাক্তিক নাচার না হয় না'ই ভাবলাম। না হয় না'ই নেচে কুঁদে বললাম " আমরা এনেছি কাশের গুচ্ছ, আমরা এনেছি শেফালী মালা।"

শেফালী কে আমি এক সাধারণা হিসেবে চিনি আর কাশ? কাশ হলো কুশ, জাতে ব্রাহ্মণ, ধারে তীক্ষ্ণ, দেখতে কৃশ। কুশ অঙ্গুরী স্বর্ণ অঙ্গুরীর থেকেও উৎকৃষ্ট। অনামিকা এই অঙ্গুরী তে দর্পনাথ হয়ে পরে।

কোনো এক চাণক্য সেই সে কালে কুশ বনে আগুন লাগাতো। সেই বনে বসবাসকারী বিষাক্ত গোখরো দৌঁড়তো ঊর্ধ্বশ্বাসে। শেষে একদিন কৌটিল্য মহাশয় তাঁর টিকি কেটে নগ্ন হয়ে আধুনিক সমাজে অবতীর্ণ হলেন।

টিকটিকি গুলো টক্ টক্ করে ঘর ছাড়লো।

মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

গর্দভ উবাচ

ছোলা আর আঁছোলা শব্দের মধ্যে কোনো গুনগত পার্থক্য নেই। ছোলা খায় গাধাটা আর আঁছোলাও খায় সেই গাধাটা। 

সুকুমার রায় মহাশয় গাধা নিয়ে অতি সুন্দর এক ছড়ার নিবন্ধে বাস্তবতা বুঝিয়েছিলেন। এখানে সেই ছড়াটা একটু শোনাতেই হয়।

"গাধাটার বুদ্ধি দেখো

চাট মেরে সে নিজের গালে,

কে মেরেছে দেখবে বলে

চড়তে গেছে গাছের ডালে।"

আজকে সাধারণ মানুষের এই অনুভূতি বাস্তবে অনুভূত। আজকে ইলেক্সানে সিলেক্সাসানে ঠিক যেমন ছোলা আছে, আছে আঁছোলাও। 

আগে ঋষিরুবাচ লিখে ঋষি মুনির কিছু কথা পরিবেশন করা হত। সময়ের সাথে সাথে ঋষির বচন শেষ হয়েছে, পরিবর্তে উপদেশাবলীতে এসেছে নতুন সংলাপকারী।

এখন লেখা হয় গর্দভ উবাচ। তাদের বাক্য মঁহহকা মঁহহকা। কখনো এই শব্দের অর্থ মওকা মওকা।

বস্তুত বোঝা বইতে বইতে এই গর্দভেরা আজ মওকা খোঁজে। এটা আসলে পরিত্রাণের একমাত্র পথ।

সাধারণ ভাবে এই আমি আর আপনি সাত্ত্বিক অজ। গাধা কখনো পিঠে তুলো নিয়ে কখনো পিঠে লবন নিয়ে নদী পারাপার করত প্রভুর আজ্ঞায়। 

মেধা তালিকায় এই অজ প্রকৃতির মানুষ যেদিন প্রথম সারিতে এলো প্রভূর অস্বস্তি দেখে কে। 

গৌরাঙ্গ মহাপ্রভুর ভঙ্গিতে প্রভু আপ্লুত কন্ঠে বললেন "বাঁচিতে চাহি না আমি সুন্দর ভূবনে,…….................... মানুষের মাঝে আমি বাঁচিবারে চাহি।"

অজ, অজর, অমর কান মুললেন।



রবিবার, ১০ মার্চ, ২০২৪

সন্ধিক্ষণ


সন্ধিক্ষণ

সুন্দর এর কাছে কখনো কোনো সুন্দরী এসে হাত মেলায় নি। সুন্দর ভালোবেসেছে কুৎসিত কে আর সুন্দরী বেছে নিয়েছে অসুন্দর। এটা ঠিক আলো আর অন্ধকারের মতন। একজন না থাকলে অন্যজনকে দেখতে পাওয়া কঠিন। এ জন্যেই সুন্দর আর কুৎসিত বলে জগৎ সংসারে কিছু হয় না। সব' ই  সুন্দর। যেমন কাশফুল ঠিক তেমনই মাধবীলতা, যেমন শিউলি ঠিক তেমনই শিমূল, যেমন বেলা শেষ ঠিক তেমন সকাল বেলা, যেমন সূর্যাস্ত ঠিক তেমন সূর্যোদয়।

এই জগৎ কালো-সাদা রূপে বাধা। এই রূপ আসলে অরূপ অন্যথায় কি তার স্বরূপ বোঝা যায়?

প্রেমের স্বাদ নিহিত বিরহে। এ যুগে এ সমস্ত কথা বললে বিদ্রোহ হবে। যে নৈসর্গিক বিষয় এই যুগে বহমান না থেকেও বারংবার প্রশ্ন বাণে ভরিয়ে তোলে। 

রাত না থাকলে দিন অথবা দিন না থাকলে রাত ঠিক সাদা আর কালোর আন্তরিক সহাবস্থান।

সেই সেদিন হয়ত এ কারণেই দুজনের ভালোবাসা থেমে গেছে। সুন্দর সুন্দরের সাথে মেলেনি। ভেবেছে কম কেঁদেছে অনেক। পরস্পর পরস্পরকে খুঁজে বেড়িয়েছে আর শূন্য হাতে ফিরেছে।

এইসবের পর এক দৃঢ় সত্যে তারা পৌঁছেছে। দিন আর রাত কোনো এক সন্ধিক্ষণে মিলবেই।


শনিবার, ৯ মার্চ, ২০২৪

অনুভব

প্রেম যেখানে বাসা বাঁধে রাগ সেখানে প্রতিস্পর্ধী তবুও রাগ হয় বিরাগ আসে। অনুভূতির কম্পাঙ্কে প্রেম এভাবেই অনন্ত প্রেম হয়ে ওঠে। এগুলো জীবন বিষয়ক। মৃত্যু নিয়ে সে প্রেম নিশ্চল নিরাকার। প্রেম নিরাকার নয়। সে ক্রমে ক্রমে বৃহৎ থেকে অতি বৃহৎ হয় মননের নিয়মে। যে অধ্যায় শুরু হয় সে অধ্যায় অনাদি অনন্ত। এই প্রাঞ্জল রূপ অহিরূপ নয়, এটা স্বরূপ।  

এসব রাধিকা-কৃষ্ণ, রোমিও -জুলিয়েট বা স্যামসন-ডালিলা  পড়ে অনুভব করা কঠিন। সহজ হয়ে পরে তখন, যখন অতীত আর বাস্তব কোনো বিন্দুতে কোনোভাবেই মেলে না। মনে হয় সেটাই ঠিক ছিলো আবার এও মনে হয় এটাই ঠিক। 

পুরাতনী গান যেমন মন মাতায় ঠিক তেমন আধুনিক গানও মনের দুয়ারে মন রাখে। সুর বাজে একেবারে নিজের নিয়মে নিজের সত্বায়। 

এ এক নির্লিপ্ত মন্ত্রের মতন। মন্ত্র মন বাদ দিয়ে নয়, তাই সে মন্ত্র। 

আসলে দুধ যখন গরমে উতলিয়ে পরে তখন সে দুধ আর যখন ওই উতলিযে পরা গরম দুধ এ লেবুর রস দেওয়া হয় তখন সে জল আর ছানা।

মন হলো গরম দুধ, মন্ত্র হলো ছানা।

আজকের ছানারা এসব বুঝতে চায় না। ইচ্ছে হয় ব্যাখ্যা দিতে। 

এ সব ব্যাখ্যা তারা মানবে কি?

বুধবার, ৬ মার্চ, ২০২৪

আনন্দের শেষ তিমির


আনন্দের শেষ তিমির

১ম নাম দিয়েছিলেন পিসেমশাই স্কুলে প্রথম হওয়ার কারনে। ক্রমে ক্রমে নামটা ভাইরাসের মতন ছড়িয়ে পরল। আসল নামটা যে কয়েক জন জানতো তারা সবাই সহপাঠী। আসল নামটা আসলে হারিয়ে যাওয়ার নামান্তর। এজন্যেই অচিন কে ১ম নামেই সবাই ডাকতো। ফাল্গুনে যেমন আম গাছে মুকুল আসে ঠিক তেমন অচিন এর বাড়িতে দূর্গা আসেন। দূর্গার পুরোনো কাঠামোটা দোলযাত্রার দিনে নতুন ভাবে জাগে। এরপর তার উপর মাটির প্রলেপ, গঙ্গা মাটির প্রলেপ অবশেষে তেঁতুল দানা সেদ্ধ করে সেই আঠালো তরলের সাথে রঙ মিশিয়ে শুরু হয় রঙের প্রলেপ। 

চৈত্রের কাঠফাটা দিনে ঘাম ঝরিয়ে প্রতিমা বানান পাল মশাই, মুচি কাঁধে করে নিয়ে আসে ঢাক আর পুরুত মশাই ঘেমে নেয়ে চন্ডীপাঠ করেন মা দূর্গার সামনে বসে। নবমীর দিন যখন পাঁঠাটা বলীর পাঁঠা হিসেবে হাঁড়িকাঠে গলা দেয়, অচিন বিরক্ত হয়। ঢাক বাজাতে বাজাতে হাতের কাঠি ছিটকে পরে। ঘরে এসে সে মা কে বলে আমি কখনো আর বলীর বাজনা বাজাবো না। মা মিনাক্ষী হেসে বলে কেনো কি হয়েছে? অচিন কিছুক্ষন চুপ করে থাকে, শেষে বলে স্কুলে যারা পড়া পারে না তাদের মাষ্টারমশাই মারেন। 

আমি একদিন বলেছিলাম কেন মারছেন? 

বলেছিলেন ও একটা পাঁঠা।

মা বললেন তাতে কি হয়েছে?

বললাম এই পাঁঠা বলি দেওয়া দেখলেও আমার ওদের কথা মনে হয়। মনে হয় যে ভুল মাষ্টারমশাই করছেন সেই ভুল এখানেও হচ্ছে। স্কুলে ওরা যেমন অবলা এখানেও ঠিক তেমন। বলীর পাঁঠার শেষ ডাকটা আমার হাত থেকে ঢাকের কাঠি ফেলে দেয়।

অচিন এর এই কথাগুলো মিনাক্ষী কে অবাক করেছিলো, আর সেই থেকেই গিন্নির কথায় অতীন বাবু বলি দেওয়া ছেড়েছেন। 

একটু সময় চলে গেছে কোনো এক ঘড়ির ঘূর্ণনে। ১ম নাম অচিন নামে বিস্তৃত হয়েছে। ১ম নামটা থেকে গেছে সেই ছোটবেলার ঘনিষ্ঠ কারোর কাছে।

অচিন এখন অন্য গ্রহের মানুষ। বিজ্ঞানের ছাত্র এখন সাহিত্য নিয়ে দিন কাটায়। সাহিত্যের পথ বেয়ে সেদিন কোনো এক চা এর দোকানের আড্ডায় এক সহপাঠী বান্ধবীর সাথে দেখা হলো। তিনি বাগ্মী এবং প্রতিষ্ঠিত একজন লেখিকা। 

একটু ইতস্তত ভাবে বললেন আপনি ছোট বেলায় অন্য কোনো নামে স্কুলে, পাড়ায় অথবা পরিবারে পরিচিত ছিলেন?

অচিন ওই মহিলার মুখটাকে কিছুতেই মনে করে উঠতে পারে নি। কিন্তু বড় পরিচিত এ মুখ, এজন্যেই বেঞ্চ ছেড়ে উঠে চা এর দাম মিটিয়ে সামান্য অযাচিত কথার উত্তর না দিয়ে নিজের মতন বাড়ির পথে পা রাখলেন।

তিনিও উঠে দাঁড়িয়ে বললেন তুই কি আমাকে চিনতে পারিস নি?

অচিন কিছু বলে নি তখন, শুধু বলেছিলো একটু ভাবতে হবে। বলেছিলো এই পরিমন্ডলে আমি নবীন। আমি কখনো অঙ্ক কষি কখনো বাংলায় তরজমা করি নানান বিষয় নিয়ে। 

তিনি বললেন তাপসী নামটা তোর মনে পরে? 

অচিন অনেক কিছুই ভাবছিলো, শুধু যেটা তার ভাবনার অতীতে ছিলো সেটা সেই সামান্য নাম এর পরিচিতি। সে যেদিন অচিন নামের চেনা মুখ হয়েছে সেদিন থেকেই সেই পুরাতনকে সে ভুলেছে। হঠাৎ এই চা এর আড্ডার স্বল্প পরিসরে কোনো একজন মহিলা তাকে এভাবে চিনতে পেরেছেন দেখে অতীতের কিছু কথা মনে পরলো। সে দেখতে পেলো পুড়ানো চোখে কোন এক প্রাথমিক স্কুলের পরিপাটি পড়াশোনা। সেখানে যে বা যারা সেদিনের প্রতিদ্বন্দ্বী এই মুখটা ঠিক যেন তাদেরই কারোর।

সেদিন অচিন কিছু না বলেই বাড়িতে ফিরলো। নিজের মনকে সে বললো তিষ্ঠ বৎস তিষ্ঠ। 

সেই রাতটা অচিন ঘুমোতে পারে নি। বাড়িতে ফিরে আসার পর থেকেই মোবাইল ফোনটা বেজে চলেছে। ট্রু কলার কখনো দেখাচ্ছে তাপসী, কখনো মালা, কখনো নাতাশা, কখনো কেয়া, কখনো সুব্রত, কখনো জয়ন্ত আরো অনেক অনেক নাম।

অচিন ফোনটা বন্ধ করে নিজের প্রতিদিনের কাজ অসমাপ্ত রেখে শান্তিতে ঘুমিয়ে পরলো। পরের সকালে ফোন খুলে সে বুঝলো ছোটো বেলার অসমাপ্ত জীবনের এক নতুন হাতছানি। এখানে যদিও তার থাকার ইচ্ছে নেই তবুও এই ঘেরাটোপ তাকে ঘিরে ধরলো। 

ফোনটাকে নিঃশব্দ করতে সে নিজের টাইম লাইনে লিখলো হ্যাঁ আমি সে।

"২"

অতীন বাবু অনেক চেষ্টা করেও অচিন কে সংসারী করতে পারেন নি। সংসার আর সমাজ এর একটাই ফারাক। একটা ছোটো আর অন্যটা বড়ো। ওই বড়ো বিষয়টা অচিন এর কাছে গ্রহণযোগ্য। পরিসর বড় হলেও কথায় সে বড় হয় নি কখনো। এই পরিসরে সে এক টুকরো কাঠ ধরে নিজেকে জলের উপরে ভাসিয়ে রেখেছে। কখনো তার মনে হয়েছে এই কাঠের টুকরোটা যদি পচে যায় সামাজিক প্রবাহে দমবন্ধ হয়ে তাকে মরতে হবে, তবুও অটুট ভরসা ঐ কাঠের টুকরোর উপর। সে তার শিক্ষায় বুঝেছে মানুষ পচে যেতে পারে, পরিবার গলে যেতে পারে, সমাজ কখনো শেষ হয়ে যায় না। সেখানে সারি সারি ভালো মন্দের আসা যাওয়া, সেখানেই শিক্ষা, সেখানেই সাত সাতটা রঙ বিরাজ করে, সেখানেই এই সাত রঙের মিশ্রন হয়, সেখানেই আলো ফোটে নিজের মতন ভাবে, সেখানে রঙ কোনো প্রাধান্য পায় না শুধু আলো আর আলো।

হাতে ধরে রাখা ফোনটা কর্কশ ভাবে শব্দ করলো প্রথমে ইচ্ছে হয়েছিল কেটে দিতে, অজান্তেই সে বললো হ্যালো। অন্য প্রান্ত প্রশ্ন করলো, চিনতে পেরেছিস?

কান থেকে নামিয়ে হাতে রেখে সে হাঁটতে শুরু করলো। অনেক পথ হেঁটে চলার পথে আর নতুন কোনো ফোন আসে নি। ফোনের পর্দায় চোখ দিতেই সে বুঝলো ঠিক তার মতন অন্যপ্রান্তে অন্য কোনো জন তার কথা শোনার জন্য অপেক্ষা করছে।

মন চাইলেও প্রান চাইলোনা, এভাবেই পরে থাকলো ফোনটা। খাওয়া হলো রাত শেষ হয়ে দিন গড়ালো। সকালে ফোনটা হাতে নিয়ে সে বুঝলো অন্যপ্রান্তে এখনো কোনো একজন ঠাঁয় তার সাথে কথা বলার অপেক্ষায় অপেক্ষারত।

সেদিন তার সম্মান মনে হয় বাঁচিয়ে ছিলো অন্য প্রান্তের মোবাইল ফোন এর ব্যাটারি। হয়ত এজন্যেই সেদিন আর অচিন কে কথা বলতে হয় নি।

এই প্রথম তার মনে হলো পরিবার বাদ দিয়ে সমাজ হয় না। মনে হলো সেই কোন কালে ছেরে আসা পরিবার আজও তাকে ফিরে পেতে আগ্রহী অথচ সে?

সেদিন সকাল সন্ধ্যা শেষ করে মধ্যরাতে সে ফোন করলো ওই ধরে রাখা ফোন নাম্বারে। 

উত্তর এলো এক কর্কশ পুরুষ কন্ঠ থেকে। তিনি বললেন যার সাথে আপনি কথা বলেন নি, তিনিও আর কথা বলবেন না।

অচিন বললো কেনো?

উত্তর এলো, তিনি কখনোই আর কথা বলবেন না।

অচিন ওই মাঝ রাতে দৌঁড়লো সেই না কথা বলা চা এর দোকানে। 

সেখানে তখন অন্ধকার।

শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মুখাগ্নি


মুখাগ্নি 

স্বাধীন বাবু চাকুরী সূত্রে বিহার রাজ্যের প্রত্যন্ত বৈশালীর বাসিন্দা। যে মেয়েটার সাথে তিনি ঘর বেঁধেছিলেন তিনিও নিতান্তই এক গৃহস্থালি সামলানো বাঙালি পরিবারের। না শতাব্দী নয় কয়েক দশক হবে। বৈবাহিক জীবনটা শুরু থেকেই এই বৈশালী তে। স্বাধীন বাবুর আঞ্চলিক নাম মাষ্টার বাবু আর নিয়ম মেনে অন্যজন দিদিমনি। যেদিন তাদের প্রথম সন্তান জন্মালো লাড্ডু বিতরন করেছিলেন দিদিমনি। নামকরণ হয়েছিলো স্বাধীন বাবুর ইচ্ছায়। নিজের নামের সাথে সাজুয্য রেকে তিনি নাম রেখেছিলেন সূর্য। পরবর্তীতে নামটা অনেকটা অপিনিহিতির ডং এ হয়ে পরলো সূরজ। পরে যে ছেলেটা জন্মালো একই নিয়ম মেনে দিদিমনি নাম দিয়েছিলেন চন্দ্র। বর্ণ  বিপর্যয় হয়ে তার নাম হয়েছিলো চুন্দার।

এই বৈশালী তে তাদের সবাই এই নামেই চেনে। বয়েস বেড়ে ওঠার সাথে নানান সমস্যায় জর্জরিত হয়ে একদিন স্বাধীন বাবু মূক-বধির হয়ে পরলেন। পরিবারের লোকেরা বলতেন তিনি মূক নন, বধির। দিদিমনি বলতেন যার কান নেই তার মান নেই।

এসব বাংলা কথার অর্থ বোঝার মানুষ ছিলো না এই বিহার রাজ্যে। শুধু আনন্দ পেতো সূরজ। সে বুঝতো স্বাধীন নামের মানুষটা সব শুনতে পায়, সব বুঝতে পারে শুধু কথা বলেন না। সূরজ বাবার এই অভিমান বুঝেও কখনো তাকে প্রশ্ন করে নি।

শোনা যায় এই সূরজের জন্মের অনেক আগেই তার এক দিদির জন্ম হয়। সে সময় দিদিমনি থাকতেন কোলকাতায় আর মাষ্টার বাবু এই বৈশালীতে। ক্রমে ক্রমে স্বাধীন বাবুর এই একা থাকার কারনে তার বাবা বৌমাকে এই বৈশালীতে পাঠান। এর পরেই দিদিমনি সূরজের জন্ম দেন।

সংসারের নানান বিষয় যেদিন থেকে তার খারাপ লাগতে শুরু হয় সেদিন থেকেই শুরু হয় এই বধিরতা। শোনা যায় রিটায়ারমেন্ট এর পরে তিনি মূক হয়ে পরেন। যারা কিছু বোঝেন না তারা না হয় নাই বুঝলেন কিন্তু সময় সময় মুচকি হাসি দেখে সূরজ এ কথা বুঝেছে, বাবার এখন কথা বলতে ইচ্ছে করে না। 

বৈশালী র মানুষেরা শ্রদ্ধার সাথে বলে বেড়ান "মাষ্টার বাবু আভি মৌন মে হ।"

সূরজ আর স্বাধীন বাবু চিরকালই সমমেলে বেজে ওঠা দুটো তার। এজন্যেই সূরজ এর যৌবন আর স্বাধীন এর বার্ধক্য ঠিক অভিযোজন এর মতন। স্বাধীন দরীদ্র ভারতবাসী আর সূরজ অর্থশালী। যদিও সূরজ এর এই অর্জিত অর্থ কখনো অনর্থ বাধায় নি। সূরজ যখন উপার্জনের টাকা ঘরে আনতো তার হিসেব রাখতো চন্দ্র। প্রায় এক দশক এটাই ছিলো নিয়ম। এরপর স্বাধীন বাবু, দিদিমনি আর কোলকাতার দিদি- জামাইবাবু বাউন্ডুলে সূরজ কে সংসারী করতে স্বজাতীয় একটি মেয়ে নির্বাচন করলেন। যথা সময়ে মেয়েটা স্বাধীন বাবুর ঘরে এলো। আর সেদিন থেকেই তার বধির অবস্থা বেড়ে উঠলো। 

চন্দ্র, দিদিমনি আর জামাই বাবাজি তখন এক নতুন পরিকল্পনায় ব্যাস্ত, আর স্বাধীন বাবু ব্যাস্ত বধির থেকে বধির তর হতে। এর পর সূরজ যেদিন তাঁর বৌমাকে নিয়ে ঘর ছাড়লো সেদিন তিনি মূক হয়ে পরলেন।

তারপর?

সে এক অন্য জীবন স্বাধীন এর। সপ্তাহ, দু সপ্তাহ তিনি মূক, আর যেদিন সূরজ আর বৌমা বাড়িতে এলো সেদিন তিনি তা নন।

বেলা গড়িয়ে দুপুর আসার আগেই তিনি বৌমাকে হাঁক পেড়ে বলতেন, আসন করবে কখন?

সূরজ আর স্বাধীন টেবিল এ বসে কথা বার্তায়, হাসি ঠাট্টায় খেয়ে দেয়ে মুখ ধুয়ে চন্দ্রকে বলতো এই তোরা এবার খেয়ে নে। দিদিমনির কাছে এটা ছিলো খুব রসগ্রাহী।

দুটো আলাদা সংসারের সুখ বেশিদিন স্থায়ী হয় নি। কোলকাতার দিদি জামাইবাবু চন্দ্রের জন্যে সংসার পাতার সংস্থান করে বৃদ্ধ বৃদ্ধার আগামী দিন ভালো থাকার পরিকল্পনায় সফল হলেন।

সূরজ খুশি হলো। সে বুঝলো চন্দ্র আর চন্দ্রানী থাকলে বাবা-মা ভালো থাকবেন। না তা হলো না। দিদিমনি, চন্দ্র বুঝেও অবুঝ কারন পাছে সূরজ জাঁকিয়ে বসে।

ঠিক এর পরেই স্বাধীন মূক ও বধির হয়ে পরেন। এর পরেও সূরজ আর তার বৌমা গেছেন। ঠিক আগের মতই তিনি বলেছেন বৌমা আসন পাতো। সেই অতীত ফিরে এসেছে দৈনন্দিন দিনে।

তারপর?

না এইভাবে বেশীদিন চলে নি। তিনি মূক বধির থাকেন নি। তিনি চলে গেলেন মহাপ্রস্থানের পথে।

সূরজ সেদিন তাঁর মুখাগ্নি করেনি।