"চলতি কা নাম গাড়ি" সিনেমার মতন চলছে। চলছে মানে দেশ চলছে। দেশ এর কথা একটু বড় ভাবে ভাবছে যারা তাদের কথা আমরা মানে ভারতের নাগরিকও ভাবছে। ভাবতে গিয়ে কিছু কথা জড়ো হচ্ছে। কথাগুলো সমাজ গ্রাহ্য হলেও রাষ্ট্রের শাসক দলের ভাবনার বিরুদ্ধ মত হতেই পারে। তবুও মানুষ ভাবছে। রাষ্ট্রনায়কের একাগ্রতা নিয়ে কোনো সংশয় নেই। সংশয় তার লক্ষ্য বস্তু নিয়ে। এটা পুরাতন দিনের কথা। যখন ব্রাক্ষ্মণ্যবাদ নিয়ে ব্রাক্ষ্মণ সমাজ থেকেই প্রতিবাদ এসেছিলো। গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্যের জন্ম হয়েছিল। এখন আবার রাষ্ট্রশক্তি সেই পুরাতনবাদ নিয়েই নিজেকে সনাতন হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। সামনে রাখছে সমস্ত ধর্মের আক্রমণ আর আক্রান্তদের। ইতিহাস কিন্তু এ কথা বলে না। তাই ওটাও নতুন করে লেখার কাজ এখন শুরুর পর্যায়। আশ্চর্যের ব্যাপার এই যে ভারতের কোনো রাজনৈতিক দল এ বিষয়ে কিছু বলছে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ভারত সরকার বাহাদুর এ রাজ্যের বাঙালির গর্ব খর্ব করার চেষ্টা চালাচ্ছে।
আজকাল হিন্দি ভাষাভাষী সম্প্রদায়ের কিছু লোক বাংলার শ্রদ্ধেয় ব্যাক্তিত্ত্বকে নোংরা ভাষায় আক্রমন করছে। নামগুলো আজ লিখতেই হয়। নীলরতন সরকার, বিধান চন্দ্র রায়, ত্রিগুনা সেন এমন কি অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ঐ হিন্দিভাষী লোকগুলো প্রশ্ন করছে যে দেশের জন্যে এরা কি করেছে? এটা কি হিন্দু জাতীয়তাবাদ? এরপর কি প্রশান্তচন্দ্র মহলানবীশ, সত্যেন্দ্রনাথ বসু অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকেও এরা একথা বলবে?
ধর্ম বিষয়টাই এরকম নয়। রাষ্ট্র কখনো এভাবে চলতে বা বলতে পারে না।
আমার দেশ বিভাগের সময় এই অস্ত্র ব্যবহার করেছিল ব্রিটিশরা। সাথে ছিলো কিছু কুৎসিত লোকের নেতৃত্ব। তাই এসব ঘটেছিল। আজ দেশের নাগরিক এর সারবত্তা বোঝে।
বাংলাকে নিয়েই রাজশক্তির মাথাব্যথা। তাই ১৯০৫ থেকে ২০২২ কিছু আলাদা বিষয় নয়। আমি মনে করিনা এই বাংলা তার বুদ্ধি ও বৃত্তি হারিয়ে বানের জলে ভেসে যাবে।