শেষ অধ্যায়
:১:
আকাশ আর ভারী হয় না। পতিত জমিতে কুশের বনে ফুল এসেছে। দক্ষিণ দরজা খোলা ছিলো। হাওয়া দিচ্ছে। মাঠের জলে ঢেউ উঠছে। এই দখিনে হাওয়া কে বলে ঢেউ কাঁপা হাওয়া।
কুমোরটুলি রং এ রং মিশিয়ে মাটির মূর্তির গালে আঁক কাটছে। দূর থেকে তাকিয়ে দেখছিলো সুমিতা। ওর বাড়ি ওই কুমোরটুলি থেকে একটু পিছিয়ে।
শুনেছি ওই জায়গাটা ভালো নয়। তবুও গিয়েছিলাম ওর বাড়িতে। ওর মা আছে বাবা আছে। এটাই ওর পরিবার। সিঙ্গারা আর বাগবাজার এর রসগোল্লা আনালো। খেলাম আর উঠলাম।
বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মূর্তি গুলো ঢাকতে বেজায় ব্যাস্ত কুমোরেরা।
আর আমি ব্যাস্ত বাড়িতে ফিরতে।
এই সুমিতার সাথে পরিচয় এর পিছনে একটা অধ্যায় আছে। কোনো এক শ্রাবণের সন্ধ্যায় কলেজ পাড়ার বই এর দোকানে ওর সাথে শাওনের পরিচয়। পরিচয় এর সময় শাওন কে সুমিতা নাম দিয়েছিলো সন্ধ্যার শাওন। এর পর সম্পর্কটা থেকে যায়। ক্রমে নাবালক থেকে সাবালক হয়ে ওঠে সম্পর্ক। কোন এক পিছু টান বার বার একসাথে এক পথে নিয়ে আসে শাওন বুঝতে পারে না। তবে আজকাল সে বোঝে কোনো এক অচিন সম্পর্কে সে বেশ জড়িয়ে পরেছে।
সেদিন বেশ বেগ পেতে হলো শাওনকে। ট্রামলাইন, বাস রাস্তা সব জল জমে একাকার।
যখন ধর্মতলায় পৌঁছল ঘড়ির কাঁটা রাত এগারোটার কাছে। ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল করতে যাবে, সুমিতার ফোন এলো।
বললো বাড়িতে পৌঁছে গেছো?
ইতস্তত ভাবে বলল, ধর্মতলায় সাটেল ট্যাক্সির অপেক্ষায় আছি।
বললো গাড়ি আছে?
মিথ্যে বলতে যাবে ভাবছে, তবে বলতে হলো না। সুমিতা বললো ফিরে এসো। থেকে যাও রাতটা।
ভাবনার ইতি পড়লো বাড়ি থেকে আসা মা এর ফোনে।
বললো আজ বড় দুর্যোগ রাতটা নাহয় ওখানেই থেকে যা।
হতভম্ব হয়ে পড়লো শাওন। একদিকে দুর্যোগ, অন্যদিকে সুমিতার বাড়িতে ফিরে যাওয়া।
সুমিতা তখন স্কুটি নিয়ে শাওনের পাশে দাঁড়িয়ে।
:২:
আকাশ পাড়ে পূবের কোণে কখন যেন অন্য মনে এই ভাবনা এসেছিল। সে ভাবনা সেখানেই এতকাল থেমে ছিলো। এই শরৎ এর রাতে সে জেগে উঠলো। এ মন বললো শাওন তুমি কোথায় চলেছো? অন্য মন বললো তুমি তো এরই অপেক্ষায় ছিলে।
ভাবনাটা শেষ হলো সুমিতার বাড়ির সামনে পৌঁছে। এ যেন কোনো এক বাস্তবতার প্রকাশ। এ যেনো মা এর আশীর্বাদ। এ যেন অলীক ভাবনার কোনো এক বাস্তবতা।
এর পর রাত পোহালো ফর্সা হলো। তবে কোনো ফুল ফুটলো না। সারা রাত ধরে ধর্ষিত গাছ গুলো ঘুমিয়ে আছে। ভ্রূক্ষেপ নেই সূর্যের আলোর।
সকালে বিছানা ছেড়ে উঠে নিত্য দিনের মতন দাঁত ব্রাশ করা হলো না। আঙুলে পেস্ট লাগিয়ে মুখ ধুয়ে শাওন বেড়িয়ে পরল বাড়ির দিকে।
এই প্রথম সুমিতার নিজেকে হীন ক্ষীণ মনে হলো। মনে হলো এমন বন্ধুত্ব তার চাই না।
অন্য মন বললো বাস্তবতাই জীবন, তাকে মেনে নিতেই হয়। এরপর এক নিস্তব্ধতা তাকে ঘিরে ধরলো। ইচ্ছে হলো না আর শাওনের সাথে কথা বলবার।
শাওন বাড়ি পৌঁছে সুমিতাকে ফোন করলো। ধরলো না। আবারও করলো তখনো ধরলো না। তৃতীয় বার যখন নিঃশব্দ থাকলো তখন বড় খেদ লাগলো।
মা এসে বললো বড় মলিন লাগছে তোকে। তোর কি হয়েছে বলবি?
চোখের জল চেপে শাওন বললো সুমিতা আমার ফোন ধরছে না।
মা বললেন পাগল ছেলে তুই। হয়তো কোনো কাজে ব্যাস্ত। বললো এমনও তো হতে পারে ও অসুস্থ।
বললো দে ওর নাম্বার টা দে, দেখি একবার।
কথা হয়েছিল বিস্তর তবে কি কথা হয়েছে মা আমাকে বলে নি। কথার শেষে শুধু বললো, চল্ একদিন যাই ওদের বাড়িতে।
এত সব কথার মধ্যেই সুমিতার ফোন এলো। শাওন সে ফোন ধরেনি।
:৩:
মান অভিমান বিষয়টা মানসিক। এর ফল কখনো সুখ স্মৃতি হিসেবে মনে গেঁথে থাকে কখনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়।
শাওনের অভিমান সুমিতাকে সেদিন বন্ধন মুক্ত হতে বললো। বললো তোমার শিক্ষা যা'ই হোক এই পঙ্কে নিমজ্জিত পরিবেশ তোমাকে সুশীল সমাজে স্থান দিতে চায় না। এই যে সারা রাত ব্যাপি দেহ উৎসব, শরনার্থীদের ভীড় সেই কলুসতা তোমার মনে না হলেও শরীরে গেঁথে গেছে সামাজিক কোনো এক অসহনীয় ধৃষ্টতায়।
শাওন এ কথা তখন বুঝে উঠতে পারেনি। পারলো সেদিন, যেদিন মা আর দিদিকে নিয়ে পৌঁছল সুমিতার বাড়িতে।
তখন বেলা গড়িয়ে দুপুর হয়েছে। এ সময় কখনো কলিং বেলটা বাজে না। দরজা খুলতে এসে সুমিতা একটু অস্বস্তিতে পরল। ও আশা করেনি এই সময় শাওন এভাবে আসতে পারে।
স্নান শেষে ধূপ জ্বেলে সবে মাত্র দুপুরের খাওয়ার আয়োজনে ব্যাস্ত সুমিতার মা। দুদন্ড কাটলো এই অবস্থা সামলে নিতে। দরজা খুলে দিয়ে ওদের বসালো। মা'কে বললো শাওনরা এসেছে।
আতিথেয়তায় ভাটা পরলো না। অনেক গল্প কথার পর বিকেল গড়ালো। ল্যাম্প পোষ্টের আলো জ্বললো। শুরু হলো কেতাবী ঢংয়ে বাবুদের গাড়ী আসা। মৃতপ্রায় পাড়াটা হঠাৎ যেন জীবন খুঁজে পেলো। ফুচকা, ঝাল মুড়ি, ছটফটি, ভেলপুরির দোকান গুলো সারি বেঁধে রাস্তার দুপাশ ভরিয়ে তুললো। চা'এর দোকানে কাঁচা কয়লা জ্বলতে শুরু করলো কালো ধোঁয়া উড়িয়ে। কচি-কাচাদের খোলা রাস্তায় খেলা শুরু হলো, আরো বিচিত্র কত কিছু!
শাওন তার মা আর দিদিকে নিয়ে যখন রওনা দেবে তখন বুঝতে পারলো সুমিতাদের আজ দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয় নি।
সুমিতা প্রশ্নের সুরে দিদিকে বললো, আবার আসবেন তো?
কারো কিছু বলার আগেই শাওন বললো হ্যাঁ আসবো।
বাড়িতে ফিরে শাওন বুঝলো দুটো আগ্নেয়গিরি দুভাবে জ্বলছে। একজন গরম লাভার স্রোতের মতন। সে সুমিতাকে ভাজ মানতে নারাজ আর অন্যজন তাকে ছেলের বৌ মেনে নিয়েছে।
আর সুমিতা?
কোনো এক ভাবাবেগে দু চোখ তার জলে ভরে উঠলো। সুমিতার এই অশ্রু কারো কাছে আনন্দাশ্রু আবার কারো কাছে এই পুঁতি গন্ধ সমাজে বেড়ে ওঠার আক্ষেপ এর বহিঃপ্রকাশ ।
অন্য প্রান্ত শাওন এর দিদি শিউলির নারাজ হওয়ার বিড়ম্বনা তার মা'কেও অশ্রুসিক্ত করে তুলল। তিনি প্রশ্ন করলেন মানুষের দরবারে। মনের কথা প্রকাশ করলেন পুরোনো এক প্রবাদ দিয়ে। বললেন, তবে কি গোবরে পদ্ম ফুটতে পারে না?
শাওন দিদিকে বললো, এই পরিবেশের স্রষ্টা কে একথা একবার ভেবে দেখিস। আমি না হয় সুমিতাকে নিয়ে আর ভাববো না।
শিউলি কোন উত্তর দিলো না। সেদিন টা এভাবেই শেষ হলো।
রাতে শাওনের মা রাতে স্বপ্ন দেখলেন। দেখলেন এই পথ বেয়ে হেঁটে চলেছেন রবীন্দ্রনাথ, স্বামীজি, বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণ, নাট্যাচার্য গিরিশ ঘোষ আরো অগুন্তি মনিষী। তাঁদের চোখে যদি এ সমাজ অস্পৃশ্যের না হয়ে থাকে তাহলে আমরা কেনো এই নিয়ে এত ভাবছি?
তিনি গাছের ফুটে থাকা ফুল দিয়েই ঠাকুরকে পুজো করতে দৃঢ় সংকল্প হলেন গাছের শেকড় কোন নর্দমার পচা জলে বড় হয়েছে তা দেখার কোনো প্রয়োজন মনে করলেন না।
পরের দিন সকালে শাওনকে ডেকে একটাই কথা তার মুখে এলো।
এই মেয়েকেই আমি বৌ করে ঘরে আনবো।
:৪:
স্বভাব সুলভ ভাবেই শাওনের মনের কথা কখনো প্রকাশ্যে আসে নি কিন্তু মা কিংবা দিদির ইচ্ছার বিষয়েও সে ছিলো নিশ্চুপ।
সময় প্রবহমান। সেই আবহেই অতিবাহিত হল সময়ের কাঁটা। শাওন চাকরি পেলো কলেজ পাড়ার হিন্দু স্কুলে। মা-ছেলের সংসার দিব্বি চলমান হয়ে পরলো। পাঁচ বছর আগে এভাবেই সকাল থেকে শুরু হতো তার মা এর রান্না পাঠ। শাওন তখন মাস্টার্স পড়ছে কাজেই তার ইউনিভার্সিটি যাওয়া আর তার বাবার অফিসে যাওয়ার আগে ছিলো রান্না ঘরের ব্যাস্ততা। এর পর দুপুর থেকে সন্ধ্যা কাটতো শিউলি আর ছোট্ট নাতিকে নিয়ে। আর যেদিন মেয়ে-নাতি আসতো না সেদিন গল্পের বইয়ে চোখ বুলিয়ে কখন ঘুম এসে পরতো সে নিজেও বুঝত না।
সন্ধ্যার পর একে একে বাপ-ছেলে বাড়িতে ফিরতো। গল্প গুজবের সাথে সারাদিনের পরিক্রমা শুনে সামান্য কিছু খাবার এর সাথে পরের সকালের কিছু কাজ এগিয়ে রেখে তার রাতের নিদ্রার সময় হতো।
অবসরের পর বছরও ঘোরে নি শাওনের বাবার চলে যেতে। এরপর শুধু মা আর শাওন। শিউলি বা নাতির আগের মতন আসা যাওয়া ছিলো ঠিকই কিন্তু কোথায় যেন কিছু একটা না থাকার অনুভূতি তাকে নিস্প্রাণ করে রাখতো। শাওন চাকরিটা পাওয়ার পর মনে হয়েছিলো একটা বৌ ঘরে আনবে। জুটেও গেছিলো সময়েই। মনে হয়েছিলো সুমিতা ছোটো থেকে না হয় তার বাড়ির পরিবেশে বড় হয় নি কিন্তু ওই সামান্য সময়ের আচার আচরণ তাকে মুগ্ধ করেছিলো।
শাওনের আফশোস হয় মা এর সে আশা পূরণ হয় নি। কোনো এক সন্ধ্যায় মা অসুস্থ হলেন। খবর পৌঁছলো স্কুলে। বাড়িতে ফিরে লোকজনের ভীড় আর দিদির কান্না দেখা ছারা তার আর কিছু করতে হয় নি।
তারপর?
তারপর কোলকাতার চার কামরার বাড়িতে সে একা। প্রথম কিছু দিন শিউলি আসতো। তবে তারও সংসারের কাজ বেড়েছে। ছেলের স্কুল, অফিসের রান্না এসবের পর এখন আর তেমন আসা হয়ে ওঠে না।
এখন শাওন সকালে সামান্য চাল-ডাল ফুটিয়ে নেয় আর রাতে আড্ডার শেষে হোটেল থেকে হাতে সেঁকা রুটি আর তড়কা হয়েছে নিত্য সঙ্গী।
কখনো কখনো সুমিতার কথা মনে পরে কিন্তু দেখা করতে মন চায় না। ও জানে সুমিতাও এখন সরকারি চাকুরে। বৃদ্ধ মা-বাবার যত্ন-আত্তির পর সে ও কাটায় নিজের পৃথিবী নিয়ে।
আশ্চর্য এই যে এত সব কিছুর পরেও বাড়ির তুলসী মঞ্চটা প্রদীপ হীন ভাবে দাড়িয়ে আছে, ফুলের টব গুলোয় আগাছার ভীড়, ঠাকুর দেবতার ছবি গুলোতে মাকড়শা জাল বিছিয়েছে, রান্না ঘরের জানলাটা খোলা থাকতে থাকতে ঝুলে পরেছে, থাকার মধ্যে আছে শুধু বাবার কেনা বই গুলো। ওগুলোই শুধু আজও প্রানবন্ত।
তার মা যেভাবে এগুলোকে যত্নে রাখতো, ধুলো ঝাড়তো, সময় পেলে দুপুরে বা রাতে মা-ছেলে দু পাতা উল্টে পাল্টে দেখতো, শাওন সেই অভ্যাসটা ভুলতে পারে নি।
এখানে সে ওই দুজনকে প্রতিদিন খুঁজে পায়!
:৫:
নষ্টনীড় বা না-চারী নয় এরা কেউ। এদের প্রেমও নৈস্বর্গিক নয়। বরং কঠিন কঠোর বাস্তব ছিলো এদের জীবনের প্রতিপাদ্যে। এরা কখনো একে অপরকে ভোলেনি, দোষারোপ করেনি, ভাগ্যের দোহাই দেয়নি। এরা চলেছে নিজের নিজস্বতার সাথে। প্রেম এর মধুরতা এরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে প্রতি দিন প্রতি মূহুর্তে।
এই আনন্দ সকলের কপালে জোটে না। প্রেম যখন জৈবিক সত্তা ছেড়ে শিক্ষা-সংস্কৃতির পর্যায়ে পৌঁছয় তখন এমন হয়।
সুমিতার বাবা যেদিন অসুস্থ হলেন সেদিন হাসপাতালের লাউঞ্জে বসে তার প্রথম মনে পড়লো শাওনের কথা। কোনো এক আত্মিক গরিমা বাধ সাধছিলো শাওনকে ডাকতে। কিছু মূহুর্ত এভাবে কাটলো। মনে পড়লো প্রথম পরিচয় এর কথা। মনে পড়লো শাওনের মা এর মুখটা। আয়নার দিকে তাকিয়ে সে বুঝলো সে এখন শাওন কে বাদ রেখে আর কোনো অবলম্বন দেখতে পাচ্ছে না। মনে পড়লো সেই বৃষ্টির রাত যেদিন শাওনকে প্রেমের বন্ধনে বেঁধে বাড়িতে নিয়ে এসেছিলো।
সুমিতার ডাক পরলো । ডাক্তার বললেন রক্ত লাগবে। সুমিতার চোখে জল এলো না। সে সরাসরি ফোন করলো শাওন কে। বললো বাবা অসুস্থ। রক্ত লাগবে। কি করি বলোতো।
সুদীর্ঘ নির্লিপ্ত জীবনের শেষে, মধ্যরাতে এমন এক আবেগঘন আবেদন শাওনকে ছুঁয়ে গেলো। কয়েক কিলোমিটার পথ পৌঁছতে ঘড়ির কাঁটার সময় মিললো না।
সুমিতা বললো এইতো তুমি এসে গেছো। আমি নিশ্চিন্ত হলাম।
রক্ত, অক্সিজেন সব শেষ হলো হৃদস্পন্দন থেমে যাওয়ার সাথে।
শাওনের বুক সেদিন ভিজে গেছিলো সুমিতার চোখের জলে। এরপর আর ওরা দূরে থাকেনি।