:১:
কয়েদি আনন্দ নেয় প্রতিদিনের এই ব্রেকফাস্টের ভাগাভাগির সৌন্দর্যে।
একদিন দুপুরের খাবারের সাথে জোটা মুরগির টুকরোগুলো সে ছুঁড়ে দিচ্ছিলো। আকাশের অনেক উপরে পাখা মেলে উড়ছিল একদল শকুন। এই মাংসের টুকরো তাদের চোখ এড়ায়নি। ঠিক টর্নেডোর মতন ঝাঁপিয়ে পড়লো একটা শকুন। জেলার সাহেবের কাছে খবর গেছিলো সে দিন। সামান্য মারধোরও জুটেছে।
কিন্তু এই ছুঁড়ে দেওয়া খাবার ছুঁড়ে দিয়েই তার আনন্দ আর মারধোর তার কাছে খুব প্রিয় খাবার।
শরীরটা শুকোচ্ছিল প্রতিদিন।
তার মনে একটা স্বপ্ন ছিল। সে চোখ খুলেই দেখতে পেত সেই স্বপ্ন। সে দেখতো দুটো বড়ো বড়ো পাখা গজিয়েছে তার দুহাতে। সে খোলা আকাশে উরে চলেছে আনন্দে ওই পাখিদের সাথে।
তবে প্রাণবায়ু থাকা পর্যন্ত তার হাত দুটো হাতই থেকে গেছে, পাখনা হয়ে ওঠে নি।
জেলে আসার পিছনে একটা ইতিহাস থাকে। সেটা অপরাধের ইতিহাস। যখন ঘুম আসে তখন সে সেই দৃশ্য দেখতে পায়। দেখতে পায় মৃতদেহ কিভাবে হাওয়ায় হারিয়ে যায়!
:২:
সাত সকালে শোরগোল বাঁধেনি। সূর্য ওঠার আগেই মর্নিং ওয়াকার যারা, তারা দেখতে পেয়েছেন। তবে ঘাঁটান নি। এরপরে ব্যাগ হাতে বাজার করতে গেছেন বহুলোক। তারাও আকাশ দেখেছেন।
এরপর স্কুলের ছেলেমেয়েরা ড্রেনের মধ্যে পরে থাকা একটা মানুষ দেখতে পেয়েছিল।
এটাও সঠিক নয়, আসলে অসংখ্য কাক কা কা রবে ওই ড্রেন টা পরিক্রমা করছিল।
একটা মানুষ এ ভাবেই কাদায় মুখ গুঁজে পরেছিল কিন্তু দেখেও কেউ তাকে দেখে নি।
ঠিক সময়ে দেখলে না জানি কি হতো?
পুলিশ আসার আগেই পাশের চা এর দোকানের মালিক বললো, অত মদ গিললে ড্রেনের জলই মরার সময় গিলতে হয়।
গম ভাঙানোর দোকানের মালিক বললো, দারু পিনেসে ইয়ে হোতাই রহতা।
ড্রেনের পাশের বাড়ির এক ভদ্রমহিলা বললেন, ও গগন, কারোর কথা গ্রাহ্য করতো না।
পুলিশের লোক বডিটা তুলেই বললো, আরে এতো রিক্সা ওয়ালা গগন।
ভালো হয়েছে।
ভ্যানওয়ালা বাহক মদ্যপ অবস্থায় বললো, গগন এখন গগনে।
এর পরে প্যাডেলে সে চাপ দিলো।
শেষে পৌঁছল থানায়।
আসলে এই গগন তার পূর্বপরিচিত।
রাস্তার পাশে পচা গলা দেহ নয় বরং একটু বাংলা মদ গলায় ঢেলে একজন জ্যান্ত মানুষ নিয়ে রিক্সার প্যাডেলে সে পা দিত, অন্যজন প্রাণপনে দূর্গন্ধের দেহ বয়ে নিয়ে চলত।
এটা আসলে ইতিহাস।
বাস্তবটা একটু আলাদা।
কারন গগন তার খুব কাছের।
একজন পঙ্খীরাজ এর মতন ভ্যান নিয়ে ছুটতো কাটা পুকুরের দিকে আর অন্যজন বাংলা মদের শক্তিতে ভর করে প্রাণপনে ছুটে চলতো জ্যান্ত মানুষ নিয়ে।
মৃতদেহ জ্বলে উঠতো পরের দিন, জ্যান্ত মানুষগুলো এভাবে কখনো জ্বলে নি। হয়তো একদিন তারাও জ্বলবে তবে আগুনে নয় উত্তাপে।
:৩:
এই দোকানটা খুব রেওয়াজী। এখানে গায়ক, গগন, বাহক, লেখক, শিল্পী সবাই আসেন। এরা সমাজের রং দেখতে পায়, বুঝতে পারে। তুলির নরম পরশ, কলমের তীব্র শব্দ যেমন তৈরী হয় ওই সাদা জলের প্রভাবে ঠিক একই ভাবে গগন জ্যান্ত মানুষ নিয়ে দৌড়ায় আর বাহক বয়ে চলে মৃত দেহ মহানন্দে।
আরো আছে। আছে উজবুক, আছে যুবক, আছে যুবতী ও।
দোকানদার শুধু কার্টোন গুলো গুছিয়ে রাখে। শুধু সাদা জল বিক্রি করে তার পেট ভরে না, ওই কার্টোন বিক্রির টাকাটাও তার চাই।
শিল্পী এই সব দেখে আর আঁকে, লেখক ভাবে আর লেখে।
বাহক আর গগন এ সবের ঊর্ধ্বে।
ওরা পান করে। ওরা তৃষ্ণার্ত, ওরা শুধু খায় আর মরে।
ওদের চিত্র, ওদের জীবন, ওদের আত্মা যারা এই সাদা জল পানের পরে দেখতে পায় তাদের সুখ সমৃদ্ধি, তাদের তাপ উত্তাপ, তাদের ভাব ভাবনা সবকিছু ভেসে ওঠে এই সাদা জলের উপরে।
এটা আসলে জৈবিক ব্যবস্থার প্লবতা। এটা স্রোতস্বিনী। এটা মসৃণ। এটা উত্তর মেরু আর দক্ষিণ মেরুর সঙ্ঘবদ্ধ সহাবস্থান।
এই সব বিষয় বাহক কিংবা গগন বুঝতে শেখে নি।
সে জানেই না যে, সে শিল্পী অথবা লেখকের কাছে একটা সামাজিক উপাদান।
তবে কাক গুলো এসবের বাইরে থেকেও ড্রেনের পরে থাকা মানুষের অবয়ব বুঝতে শিখেছে।
অন্যেরা?
সমস্যা একটাই, ভাবনার কোনো কষ্টিপাথর হয় না। ঘষে দেখা যায় না প্রকৃত সোনা অথবা প্রকৃত ভাবনা।
এই সাদা জলের স্বাদ শুধু চাতকের দল বুঝতে পারে।
:৪:
গগন প্রথমে আকাশ দেখেছিল তবে সেখানে পৌঁছয়নি। বাহক দেখেছিল ড্রেনের জল খাওয়ার পরেও সে হাত নাড়ছে।
ওসি কে সে বললো গগন হাত নাড়ালো।
তিনি বললেন ক' বোতল গিলেছিস?
বাহক এরপর আর কিছু বলার সাহস পায় নি।
রাস্তার পাশে বসে নতুন একটা সাদা জল সে গলায় ঢেলেছে।
একটা চাপা দুঃখ তার চোখের জলে ভেসে গেছে মৃত গগন কে ভেবে।
কখনো তার মনে হয়েছে, কোনো একদিন ঠিক এইরকম একটা ড্রেনে সে পরে থাকবে। অন্যকোনো বাহক তাকে বয়ে আনবে। সহস্র তাচ্ছিল্য করার পরেও তার শেষ ঘুম আর ভাঙবে না।
এরপর সে ভ্যানের প্যাডেলে পা রাখলো। তড়িৎ গতিতে ছুটলো তার ভ্যান। শুধু চোখ দুটো সজল।
এটা একমাত্রিক বন্ধুত্ব।
সন্ধ্যা বেলায় লাইনে দাঁড়ানো।
তারপর ঢুক ঢুক করে গেলা।
তারপর ?
না ঠিকানা নেই তাদের তেমন কিছু।
ঠিকানা একটাই।
সন্ধ্যা বেলায় ওই বাংলা মদের দোকান।
হায়রে ভবিতব্য, গগন কখন ধপাস করে রাস্তার পাশে পরে গেছে, সে জানে না।
গগনের মুখে এক ফোঁটা জল কে দিয়েছে, সেটাও সে জানে না। নেশার ঘোরে শুধুই সে আচ্ছন্ন ছিল একটা প্রাত্যহিক সম্পর্কে।
ভ্যানটা সেদিন মৃত দেহ নিয়ে কাটা পুকুরের মর্গে পৌঁছয়নি।
পৌঁছেছে নেশাগ্রস্ত বাহক।
বাহকের জেল হয়েছিল এ রকমই একটা কারনে।
আর গগন?
ভ্যানের তড়িৎ গতিতে তার নেশা ছুটে গেছে সেদিন।
বাহকের ভ্যান তাকে জ্যান্ত করে তুলেছে।
রাস্তার পাশে গঙ্গার জলে গা-মাথা ধুয়ে ফুটপাতে একটা আনন্দের ঘুম।
:৫:
একটা সত্য অনেক মিথ্যাকে ঢেকে রাখে।
বাদির আবাদি শেষ হয়, থেকে যায় মৃত আর অমৃতের সহাবস্থান।
যেমন গগন আকাশে পৌঁছায় না তেমন বাহক জেলের ঘানি টানে।
বড় বিদর্ভ বিষয়।
জেলফেরত বাহক যখন আকাশের দিকে তাকিয়ে, তখন শিল্পী ওই পুরানো দোকানে মদ কিনতে ব্যাস্ত।
যখন গগন থেকে আকাশ হয়েছে, তখন বাহক আকাশের দিকে তাকিয়ে গগন কে খুঁজতে ব্যাস্ত।
লেখক দেখেছেন আর হেসেছেন।
নিজের ভাষায় সমস্ত বিষয় লিখেছেন ঘটনাক্রম দেখে।
দোকানদার নিস্পৃহ।
পাছে বেচাকেনার উপর প্রভাব পরে?
সেদিন আকাশের দিকে চোখ রেখে বাহক বলেছে গগন কে, 'কেমন আছিস তুই আকাশের জেলে।?
শীতের শেষে বৃষ্টি নামলো।