রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

কত সুধারস হানে জীবনে

কত ক্রোশ পায়ে হেঁটে চললে পা দুটো ভারী হয়ে পরে? বাবু দা বললো জানি না। বললাম কত ক্রোশ কতদিন ধরে হেঁটেছো? বললো প্রায় দু-বছর। বললাম দূরত্ব কতটা জানো না? 
এর পরে বাবু দা এক ছিলিম গাঁজা সাজলো। ভিজে কাপড় দিয়ে কল্কেটায় সুখটান দিয়ে দুটো চোখ লাল বানিয়ে বললো ওই নরক ছেড়ে এসে এখন ভালো আছি। এখানে আত্মীয় পরিজন নেই, বন্ধু বান্ধব নেই, প্রকৃতির সৌন্দর্য্য আছে, শুধু আমি আছি এর সাথে। একবেলা শুধু এক পাকে ভোজন, এর পর ফলাহার।
আমি পুরোনো কথা ধরে আবার জিজ্ঞেস করলাম কত কিলোমিটার হবে?
এবার বাবুদা তার আদি অকৃত্রিম চরিত্রে ফিরে এলো। আমাকে পাঁঠা সম্বোধন করে বললো মোবাইল ফোন বার করে নর্মদা পদব্রজে কত কিলোমিটার দেখে নে। এরপর শুরু করলো আমাদের কমনসেন্স দিন দিন কমে যাওয়া নিয়ে। বললো আমাদের সাধারণ ভাবে এক কিলোমিটার পথ চলতে এক কোয়ার্টার ঘন্টা সময় লাগে সুস্থ শরীরে। আমার বছর দুই লেগেছে সেটাতো বলেছি। এর থেকে খাওয়া, ঘুম, মলত্যাগ বিষয়ে ধরে নে আঠেরো মাস লেগেছে, বাকি মাস গুলো আমি হেঁটেছি। সাধারণ পাটিগণিতের হিসাবে সেটা মাস ছয়েক হবে।
আমি বললাম তোমার পাটিগণিত কিন্তু দূরত্বের সাথে মিলছে না। 
বাবুদা বললো তাহলে চল আর একবার পরিক্রমা করি। এরপর আবার কেউ আসবে, একই প্রশ্ন করবে, তাকে নিয়েও চলবো নর্মদা পরিক্রমা করতে। সেটা হবে আমার স্বর্গে পৌঁছনোর পরিক্রমা।
আমি বলে ফেললাম, না তোমাকে স্বর্গে যেতে দেবো না। এই মর্তের যেমন আছো তেমন থাকো। তুমি সামাজিক আখ্যানে নামের দিক থেকে বাবু হলেও বস্তুত তুমি একজন পথিক যে বা যিনি পথ হারায় নি।
বাবুদা ছিলিমটা শেষ করে আমার নাম ধরে বললো সাবির গাঁজা খায় রাজা জানিস তো?
বললাম হ্যাঁ এটা প্রাচীন প্রবাদ।
বললো এখানে আমার আখরায় এসেছিস কেনো আমি জানি না, তবুও বলছি ছিলিম টায় মুখ লাগা; অন্তত একদিনের রাজা হয়ে দেখ।
বাবুদার কথা শুনে আমার ওয়ান ডে সিএম সিনেমাটা মনে পরলো, মনে পড়লো দুর্নীতির বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভের বহিঃপ্রকাশ। নতুন ভাবে মনে পরলো সন্ন্যাসী আন্দোলনের কথা। বুঝতে পারলাম বাবুদা অনেক দূর দেখতে পায়।
:২:
বাবুদা যেদিন পৃথিবীর পথে পা রাখে ঠিক তার একমাস আগে তার হার্টের সমস্যায় স্টেন্ট বসানো হয়েছিল। বাবুদার ছোড়দা আমাকে বলেছিল এই পাগলা মনে হয় আর থাকবে না। 
তার কথা সত্যি হয় নি এ কথা আর বলার অপেক্ষাই রাখে না। ছোড়দা আমাকে বলেছিলো সাবির চল্ যাই বাবুর বানানো আখরায়। আমি রাজি হলাম কিন্তু ছোট বৌদি বাধ সাধলেন। বললেন যারা গৃহী, গৃহ তার কাছে মন্দির। দরকার নেই কোনো সাধুবাবার আশ্রমে যাওয়ার।
এরপরে আর ছোড়দা কে আমি অনুরোধ করি নি। এমনকি বাবুদাকেও জানাই নি যে যাচ্ছি তার বানানো আখরায়। ভেবেছিলাম পৌঁছনোর পরে পুরানো বাবুদা কে নতুন ভাবেও পেতে পারি। না তেমন হয় নি। 
সেদিন ছিলিম নেওয়ার পর মাথাটা ঝিমঝিম করছিলো ঠিক শাওয়ার এর ঠান্ডা জল মাথায় পরলে যেমন হয়। 
বাবুদা বললো সাবির রাতে কি খাবি?
মুখে এসে গেছিল চিকেন, শুধরে নিয়ে বললাম দুটো রুটি হলেই হবে।
বললো সাথে?
বললাম একটু শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যা হোক কিছু পেলেই হবে।
বাবুদা বললো চিকেন চলবে?
একটু সন্দেহ জাগলো। এই আখরার ভিতরে থাকলেও আকাশ দেখা যায়। দেখলাম সবাই থেকেও তারা তাদের রূপ দেখাচ্ছে না। 
আমি আমার নিজের দিকে তাকালাম, দেখতে পেলাম বেশ লাগছে আমাকে দেখতে। হয়ত আমি তারা নই, গ্রহ নই, উপগ্রহ পর্যায়েও পৌঁছতে পারিনি। 
বুঝলাম এ সবের বাইরেও থাকা যায়। মানুষ আকাশের দিকে তাকিয়ে তাদেরকেও দেখে এবং ভয় পায়। 
আমাকে আমি সেদিন থেকেই উল্কা ভেবেছি। ভেবেছি আমি সেই খসে পড়া তারা।
ঘোর ভাঙালো বাবু দা। বললো চিকেনটা আমি নিজের হাতে বানিয়েছি, চেখে দেখ।
তখন পরিস্কার আকাশ, চাঁদ -তারা কেউ নেই সেখানে। শীতের সকালে সূর্য আড়চোখে তাকিয়ে এই পৃথিবীর পথে।
বাবুদাকে বললাম হয়তো অনেক রাজা এই গাঁজা খেয়ে বুঁদ হয়ে থাকে। আমি সেই পর্যায়ে পৌঁছতে পারিনি।
আমি এক অপদার্থ।
প্রায় প্রায় সেই মাসটা কাটলো ওই আখরায়। ইচ্ছে হয়েছিল নিজের পরা পোশাক টা বদলে নিতে। বাবু দা কে বলতে পারিনি ভয় আর শ্রদ্ধায়।
যেদিন শিপ্রা এক্সপ্রেস এ উঠে বসলাম তখন সব ভয় শেষ হয়ে গেছে। সাহস করে বললাম, একটা আখরা বানাও ওই সাতনা অথবা সাগর স্টেশানের পাশে।
এখানে অনেক মানুষ আসে। দৌড়ে চলে খাজুরাহের পথে। সেখানে তুমি কি থাকতে চাও না?
প্রায় এক মাস পর আজ বাবুদাকে হাসতে দেখলাম। হয়তো নিজের মনেই সেদিন সে বলেছিলো ধন্য আমি, প্রকারান্তরে আমি দেখেছি এক কাতর আহ্বান।
এটা আসলে আমার ফেরার কারনে কোনো এক অপ্রকাশিত অশ্রুপাত।
:৩:
বাবু দার সাথে পরিচয় ছোড়দার সাথে পরিচয়ের অনেক কাল আগে। তখন গোটা বিশ্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ চলছে। তখন সোভিয়েত ইউনিয়ন সস্তায় এদেশে নানান পুস্তক সহ কোনো এক উদ্ভাবন দেখাতে উদগ্রীব। সকলে তখন নিজেকে অ্যাথিস্ট বলতে চায়। এই শব্দটি তখন মানবতার গর্ব-অহংকার।
অন্যদিকে গ্রীবা উঁচিয়ে দক্ষিণ পন্থারও বিকাশ চলেছে দুর্মর ভাবে। সবাই তখন বলতো কে আগে KGB না CIA.
এই বাম আর ডান দিকে দিকে মানুষকে পথের দিশা দেখাতে উন্নয়ন কে হাতের তালুতে রেখে যার পর নেই ব্যাখ্যায় মত্ত।
তখন বাবুদা বামপন্থার বিপক্ষে আর ছোড়দা পক্ষে। তবুও কেন অথবা কি কারণে তাদের সখ্য তৈরী হয়েছিলো সেদিন সেটা তারাই বলতে পারবে।
আমি সামগ্রিক ভাবে যেটা বুঝেছি সেটা একটু আলাদা। আসলে গৃহী আর সংসারীর পার্থক্য সেই প্রথম থেকেই ছিল অথচ তারা দু-ভাই অভিন্ন হৃদয়।
আমার কখনো কখনো মনে হয় বাম বা দক্ষিণ যে পন্থীই হই গূঢ় অর্থে আমরা আসলে মানুষ। এই লড়াইটা আসলে মনুষ্যত্বের।
হয়ত এ জন্যই যখন ওই খাজুরাহ কে কেন্দ্র করে একটা আখরা তৈরীর কথা বলেছি তখন বাবু দা তার পুরোনো সত্তা কে আজকের পরিসরে খুঁজে পেয়েছে। 
প্রকারান্তরে হয়ত বুঝেছে সাবির আর ছোড়দা একই ছোলার দুটো দানা। হালকা হাসিতে শুধু বুঝিয়ে দিলো দেখি নতুন আরো একটা আখরা এই সাগর সাতনার কাছাকাছি বানাতে পারি কি না?
মনস্তাত্ত্বিক ভাবে বাবুদা কয়েক যুগ ধরে মানুষের আপনজন। বাহ্যিক ভাবে অত্যন্ত রুঢ়। তবুও সাদা দাঁড়ি রুগ্ন শরীর আজও সেই রূপটাই অরূপ ভাবে রয়ে গেছে। হয়তো তিনি আজ সাধু কিন্তু এর পরের শব্দটাই বাবু। উচিতার্থে বললে সঠিক শব্দ বন্ধনে তাকে সাধুবাবু নামেই ডাকলে একটা সুন্দর চেহারা চোখে আসে।
এরপর বাবুদা সাগর স্টেশানের পাশে একটা আখরা বানালো রেলের জমির উপর। ভেবেছিল এই আখরাটা সরকার ভেঙে দেবে। না সেটা দিব্বি আছে ।
আমি পৌঁছলাম সেখানে।
:৪:
আখরাটা বেশ আধুনিক ঢঙের। এখানে সাধুবাবা নয় সাক্ষাত একজন ভিখারী সাহেব। এখানে কোলো আলখাল্লা নয়, স্যুটেড- বুটেড। এখানে কথাবার্তায় দেহাতি হিন্দি শব্দ নয় স্মার্ট ইংরেজি। শুধু দাড়ি, গোঁফ আর মাথার চুলগুলো অপরিবর্তিত। চাহনি টাও আগের মতন নয়। ওখানে যে রক্ত চোখ দেখেছিলাম সেটা এখানে নেই বরং সেই স্কুল কলেজ জীবনের যে দ্যুতিময় চোখ আমি দেখেছি ঠিক তেমন। আসলে মুখার্জী বাড়ির এই ছেলেটা পৃথিবীর সমস্ত পথের জন্যই যেন তৈরি। 
এই এখানে বিদেশি পর্যটকদের ঢল নামে শীতের শুরু থেকে, সাবির এসব জানতো। মৈহর এ সাবির আসতো সুরের মন্থনে মন মাতাতে। আসাটাই সার, বস্তুত মনের ভিতরে যে সুর ওর খেলে বেড়ায় যন্ত্রে সে সুর বাজানোর মেহনত সে করে উঠতে পারে নি। এটা একেবারেই তার শারীরিক প্রতিবন্ধকতা। তবুও হাল ছাড়ে নি। বছরের শেষে ছাত্রদের পড়ানো থাকতো না। সাবির আসতো এখানে তার মনের পাঠ নিতে। যখন সুরের আলয় সে ছাড়তো তার মন চলতো ওই খাজুরাহের পথে। হয়ত এই কারনেই এত আকর্ষণ, এই কারনেই বাবুদাকে বলা এখানে একটা আখরা বানাও।

বৈচিত্র্য জীবনের প্রান ভোমরা এ কথা সাবির বিশ্বাস করে কিন্তু সে বৈচিত্র্য শিক্ষা সংস্কৃতির অঙ্গ। সংস্কৃতি শব্দটা স্থান কাল ও পাত্রে বিভিন্ন। একথা না বললে ভুল হবে যে এই প্রকৃতির প্রভাব আছে সংস্কৃতির উপর। সামাজিক মাধ্যম গুলোতে এই বিষয়টা বারংবার উঠে এসেছে। যদিও বাঙালির মন সমস্ত সংস্কৃতিতে একটা মেল বন্ধন রেখে চলে। হয়ত এজন্যেই বাঙালির সংস্কৃতি দেশ কাল মানে না। এ যেনো সব খানেই সম্পৃক্ত। এই বিষয়ে বাবুও যেমন সাবিরও অনুরূপ।
দুজন দুজনের সমাজের কাছে একেবারেই কাফের। একটা বৈসাদৃশ্য ও আছে। সাবির কাফের হয়েছিলো সুরের স্বর্গে আর বাবু খাদ্যাভ্যাসে। সাবির সুরের তর্যমায় যখন ব্যাস্ত থাকে তখন তার হাতে থাকে সুরার পাত্র আর বাবু যখন পথ চলে তখন সে ইউরোপীয় খাদ্যের সাথে দিব্বি তাল মেলায়। থাক এসব বিশ্লেষণ।

বেশ কষ কষে ঠান্ডায় সেদিন ভোর বেলায় সাবির একটু সুর ভাজছিলো, ডাক পরলো বাবু দার। বললো কিছু সাদা চামড়ার পর্যটক এসেছে এখানে। রেল স্টেশনে তাদের রাত্রে থাকার ব্যবস্থা করেছিল বাবুদা। কথা হয়েছিল আজকে তাদেরকে নিয়ে মৈহর যাওয়ার কারন এখানে আমি আছি।
চললাম কথামতো রিয়ালিস্টিক সুরের দরবারে। তবে সে দরবার ওই সফেদ নারী -পুরুষের মন মাতালেও বাবু দার কাছে ছিলো আদরবার। 
সেদিন আমি ছিলাম তাদের সহচর এবং বাবু দার কাছে এক বিস্ময়। 
বাবুদা ফিরে গেলো আখরায়, রেখে গেলো আমাকে না চেনা কয়েকজনের সাথে। সেই রাতটা বড় সুন্দর, বিস্ময় ও কম নয়। সেই কোন সূদূর ইউরোপ থেকে এসে শব্দের ঝঙ্কারের সাথে তালে তাল ঠুকে গোটা রাতটা একটা নিমেষেই যেন শেষ হয়ে গেলো।
সেই রাতে পারস্পরিক ভাষার সংকটকে ঢেকে দিয়েছিলো সুরের ভাষা। সেই সুরের রেশ থেকে গেছিলো পরের সকালে ফিরে আসার পরেও অনেক অনেক সকাল।
বাবু দার কাছে এই নতুন আখরা ক্রমেই হয়ে উঠলো ' বাণিজ্যে বসতে লক্ষ্মী'।
:৫:
এই সাধু বাবুর জীবন শৈলী নিয়ে কিছু বিস্তারিত না লিখলে এই অসাধারণ পৌরুষ অদৃশ্য থেকে যাবে। প্রথম যখন তার সাথে পরিচয় হয় তার বাপ কেলে নামটা সে নিজেই ভুলতে বসেছিলো। সে পরিচিত হয়ে উঠেছিলো বাঁদর বাবু নামে। এই নাম তার স্কুল জীবনেই প্রদত্ত। মুখার্জী পরিবারের এক কৃতি ছাত্রের মুখাবয়ব ছিলো মানুষের পূর্বপুরুষ এর সাথে সদৃশ। সুন্দর পেটাই চেহারা, রংটা কালো না বলে কৃষ্ণবর্ণ বললে সুন্দর শুনতে লাগে। চকচকে দুটো চোখ সব সময় অনেক কিছু দেখতে পেত যেগুলো অন্যান্য দের চোখে ধরা পরতো না। চিকন ঠোঁট দুটো সাহেবদের মতন গোলাপী। 
সেই ছোটো থেকেই কপালে তার তিনটে বলিরেখা যা দেখে স্কুলের শিক্ষকদের কাছে সে ছিলো আলোচনার বস্তু। 
আরো কিছু বৈশিষ্ট্য ছিলো যা সাধারণত সবার থাকে না। যেমন ব্যাথা বেদনা বোধ তা সেটা শারীরিক হোক বা মানসিক।
দুষ্টুমিতে সেরা হওয়ার কারনে হামেশাই দু হাত পাততে হত শিক্ষকদের কাছে। বেত উঠত নামতো নির্মম ভাবে কিন্তু ছাত্র দিব্বি হেসে চলেছে। ইতিহাসের শিক্ষক যখন বাংলার স্বাধীনতার ইতিহাস পড়াতেন তখন বুড়িবালমের তীরে যতীন দাস মৃত্যু অথবা মাষ্টার দার ফাঁসির ইতিহাস শুনতে শুনতে তার চোখ ভিজে উঠতো অথচ পরিবারের কোনো প্রিয়জনকে হারালে সে থাকতো একেবারেই নির্বিকার। 
কোনো একজন শিক্ষক তাকে এ বিষয়ে একবার প্রশ্নবাণে বিঁধে ছিল। উত্তর টা সেই ছোট্ট ছাত্রের মুখে শুনতে পাবেন তিনি আসা করেন নি। সে বলেছিল এমন মৃত্যু তো কতই ঘটে। এতে দুঃখেরই বা কি আছে কিই বা আছে মনে রাখবার? না এরপর কখনো কেউ ওকে কিছু আর বলেন নি। হয়তো এমন কঠিন এক সত্য এই ছোট্ট ছেলেটার উপলব্ধিতে আসাটাই ছিলো এক বিষ্ময়। হয়তো এই কারনেই মুখার্জী পরিবারের সুব্রত  যখন স্বনামধন্য হয়েছিলো বাঁদর বাবু নামে তখন সেও নিজেকে ধন্য মনে করেছিল।
:৬:
সময়ের সাপেক্ষে জিবন বোধ বদলায়। কৈশোরে যা সত্যি ও সঠিক মনে হয় যৌবন কখনো অবিকল সেই পথ ধরে চলে না। যৌবনের অন্তিমে সাংসারিক জীবনে আবার আরো এক নতুন পথের সন্ধান মেলে। অতীতের প্রতিটা পল সে ফিরে পেতে চায় কিন্তু পায় না। অতীত  মানুষের জীবনে একাধারে যেমন নষ্টালজিক অন্যভাবে বললে বলতেই হয় প্রাত্যহিক জীবনই মানুষের কাছে একটা চলমান পথ। আসলে গতির সাথে এগিয়ে চলা জীবন কখনোই জগদ্দল পাথর হতে পারে না। এই কঠিন সত্যও যে অসত্য হতে পারে, বাঁদর বাবু তার এক জলজ্যান্ত উদাহরন। দীর্ঘ বছর নানান পথ বেয়ে চলা বাবুদা একটুও বদলায়নি কখনো। 
সাবির, বাবু দার জীবন শৈলীর সাথে সম্পৃক্ত হওয়ার পর এই জ্ঞান গর্ভ কথাগুলো সেদিন বলেছিলো সমসাময়িক বন্ধুদের আড্ডায়। এই কথাগুলোকে কোনো বন্ধু হেসে উড়িয়ে দিয়েছিল, কোনো বন্ধু বলেছিল ও চিরকালই নটরিয়াস।
কয়েক জন বলেছিল ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদের মনে হয়েছে কি করলাম এই দীর্ঘ পথ হেঁটে? 
সেই স্কুলের বই থেকে কলেজ, ইউনিভার্সিটি পেড়িয়ে আমরা কোথায় পৌঁছেছি?
সেই সামান্য একটা দশটা ছটার ঘেরাটোপ, সেই কয়েক বর্গফুট বাসস্থান আর প্রতিদিন হাতে করে বাজারের থলি বয়ে চলা ছাড়া?
আমরা গতানুগতিক জীবনের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারি নি। আমরা কোনো এক সিউডো ফোর্সের কাছে মাথা নুইয়েছি আর বাবু ছিটকে বেরিয়ে গেছে।
একটু বিশদভাবে বাবুদার জীবন শৈলী না লিখলে দু-দশ জনের কাছে এক সাধুবাবা হিসাবেই সে থেকে যাবে। বস্তুত সে তা নয়। এই ক্ষুদ্র পরিসর তার পরিচয় হতে পারে না হয়ত এজন্যেই এই বিশদভাবে ভাবে তার জীবন চর্চার কথা আমি ভেবেছি। 
ঠিক যেমন তার ছাত্র জীবনের শেষ অধ্যায়। এক কৃতি ছাত্র বিজ্ঞান অথবা কলা নিয়ে পড়বে এটাই নিয়ম। সেখানেও সে ব্যাতিক্রমী। বাণিজ্য বিভাগে পড়ে, উচ্চতায় পৌঁছে তার প্রথম গৃহত্যাগ। তার বাবা রুধির বাবু ছিলেন নিরুত্তাপ। তার মা অশ্রুপাত করেছেন, শিব ঠাকুরের মাথায় বেল পাতা দিয়েছেন, শালগ্রাম শিলায় তুলসী দিয়েছেন, না জানি আরো কত কি তিনি করেছেন। তবে ছেলে ফিরে আসে নি। সে ফিরেছে জীবন বোধ এর সাধারণ প্রক্রিয়ায়। 
অর্থের অনর্থ তাকে সাধারন পর্যায়ে বেঁধে রাখতে পারে নি। সূদূর রাজস্থান এ পৌঁছতে রেলপথ তাকে পৌঁছে দিয়েছিল বেশ কয়েক মাস ধরে, কারন সে ছিলো বিনা টিকিটের যাত্রী। যখন পৌঁছল তখন কপর্দকহীন বলবো না বরং বলতেই হয় দিন কয়েক বেঁচে থাকার জন্য যেটুকু আর্থিক সঙ্গতি প্রয়োজন ঠিক সেটুকুই তার সম্বল।
সেদিন সে হিসেব কষতে বসলো। সে বুঝলো ভাত, তরকারী খেতে হলে একদিন চলতে পারে, আর রুটি গোস খেলে চলে যাবে সপ্তাহ খানেক।
সেই প্রথম তার রুটি আর গোস খাওয়ার শুরু। ওই আমিষ বলয়েই পরিচয় হয় আনোয়ার এর সাথে। আনোয়ার কঠোর পরিশ্রমী। আনোয়ারের কথাতেই শুরু হয়েছিলো নতুন একটা জীবন ওই মরু প্রাঙ্গণে।
এরপর তার আর থামা হয় নি। লেবার থেকে অপারেটর, অপারেটর থেকে সুপারভাইজার। হঠাৎ একদিন মনে পরলো বাড়ির কথা, মনে পরল মা তার কাঁদছে, মনে পরল অনেক কাল সে সবুজের সমারোহ থেকে দূরে। সিদ্ধান্ত নিতে তার সময় লাগে নি। পরের দিন সকালে সে চললো বাড়ির পথে। তবে এটাই শেষ নয় আরো আছে।
:৭:
এক চিরসবুজ যখন বাংলার সবুজ এয়ারপোর্ট এ পা রাখলো তখন সূর্য পূবের আকাশ ছেড়ে পশ্চিমে হেলে পরেছে। বালির তাপ সওয়া প্রান সবুজের রুদ্র তাপে পৌঁছে একটা বারোয়ারী বাস এ উঠে বসলো। চাকা গুলো নিজের নিয়ম মেনে ঘুরতে ঘুরতে এক সময় থামলো। বাবুদা নামলো।

যে কপাল মানে না সে ভাগ্যের অন্বেষণে  ক্রীচ্ছসাধন করতে ঘর ছেড়েছে এ কথা বলার স্পর্ধা আমার নেই। তবুও প্রশ্ন করেছিলাম। উত্তরে বলেছে একটু জীবনানন্দ পড়, দেখবি ট্রাম গাড়িটা নিশ্চিন্তে তাকে দু টুকরো করেছিলো। লোহার চাকা গুলো একবারও ভাবে নি মানুষটার কথা। 
আবার বললাম তাহলে কেনো এই বাড়িতে ফেরা?
বললো ডানা না হাওয়ায় ভর করে উরে চলা কতগুলো কাক পাখি একদিন সকালে বলছিলো তোর মা বড় দুঃখে আছে। আমি ওদের ভাষা বুঝি। 
বললাম তুমি মিথ্যা বলছো।
বললো সত্যি কে বলে বলতে পারবি? স্বয়ং স্বীকৃত সত্যবাদী ও সেই সত্য লঙ্ঘন করেছে। 
বললো আমরা সকলেই এই সত্য আর মিথ্যার মাঝখানে সামান্য কিছু বছর বেঁচে থাকি। একজন সংসারী, অন্যজন সংসার পাতে বিহঙ্গের সাথে। সেই বিহঙ্গ আকাশ থেকে নিচে নেমে আসে নিস্প্রাণ হয়ে কেউ তার খবর রাখে?
এরপর আর কিছু বলার ভাষা পায় নি সাবির।

রুধির বাবু মৃত্যুর আগে একটা উইল দস্তাবেজ রেখে গিয়েছিলেন। জল ছবি আঁকা সেই কাগজে তিনি লিখেছেন আমার মৃত্যুর পর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি, মাথার উপর রেখে যাওয়া সমস্ত ঋন তৎসহ অন্যান্য দায়ভার তার পোষ্য এবং অতি অনুগত শেরিনাকে তিনি দিয়ে গেলেন। না অবিশ্যি খেয়ে নয়, কোনো এক মৌতাতের সাথে বাবুদা তার পিতৃদেব কে স্যালুট জানালো। বললো কষ্টার্জিত অর্থ অথবা ফেলে যাওয়া ঋন সব তিনি যার নামে উৎসর্গ করেছেন সে তার ছেলে নয়, মেয়ে নয়, বউ নয় অথচ পোষ্য। 
আসলে শেরিনা একটা জার্মান শেফার্ড সারমেয়।

রুধির বাবুর মৃত্যুর পর তার ধর্মপত্নী বেশি দিন থাকেন নি এই ভূমে। যতদিন ছিলেন বাবুদাও ছিলো। একদিকে মা অন্যদিকে বাবার সেই পোষ্যের স্বার্থে। যেদিন তিনি চললেন অনন্তের পথে বাবুদা তার কানের কাছে গিয়ে বলেছিলো, এর পরেও কি তুমি ওনার সাথে জীবন বাঁধবে ওই অন্য লোকে?
না কিছুই বলেন নি, শুধুমাত্র ওই সারমেয় ছাড়া।

কি অদ্ভুত সব বাস্তব। কখনো পিতা পুত্র, কখনো স্ত্রী পুত্র, কখনো এসবের বাইরে অন্যকিছু। 
বাবু দা চললো তার আখরায় সাথে তার বাবার পোষ্য শেরিনা।
না ফ্লাইট এ যাওয়া হলো না। ঝিকঝিক ট্রেনের একটা কামরা বুক করলো বাবুদা সাথে আছে শেরিনা।
চললো সারমেয় নতুন এক জৈবিক জীবনে।

:৮:
যে অভাগার রাজ্যে শেরিনা এসেছে সেখানে মুরগির গিলে-মেটে দুঃস্বপ্ন। সেখানে মাছ, ডিম কিছুই পাওয়া যায় না। আছে মোটা রুটি, আলো চালের ফেন জড়ানো ভাত আর আছে বেসনের মিষ্টি যা কখনো আগের বছর গুলোতে সে চোখেও দেখেনি। 
কয়েকদিন কিছু না খেয়েই কাটলো। ব্রেন ছোটোখাটো হলেও প্রভুভক্তিতে তাদের জুড়ি মেলা দুস্কর। এজন্যেই যাবতীয় স্বত্ব স্বামীত্ব ছেড়ে দু এক টুকরো রুটি চিবিয়ে একান্তই দেহ রক্ষা সে শুরু করলো।
মধ্য রাতে সে অস্ফুট গলায় আকাশের দিকে তাকিয়ে চিৎকার করতো। এখানকার আশ্রমিক যারা তারা বিরক্ত হয়েও কখনো প্রতিবাদ বা অভিযোগ জানায়নি পাছে স্বর্গের পথপ্রদর্শক ক্ষুন্ন হয়।
বাবুদা একদিন তাদের কাছে বিজ্ঞান বোঝাতে ওই কি সব আলট্রা সাউন্ড ইত্যাদি প্রভৃতি বলে শেষে হাল ছাড়লো।
কিছুদিন এভাবেই কেটেছিল শেরিনার। এর পরে সে বুঝলো এই উৎকৃষ্ট স্বর্গে খিচুড়ি হল পরমান্ন। সেই থেকে সে খিচুড়িভোজী। রোজ সকাল থেকেই ভোজ লাগে। ডান হাত বাঁ হাত এক করে চেটে চুটে অনন্তের অন্বেষণ চলে। পরের দিন আবার শুরু হয় যুগপৎ প্রক্রিয়া।
সে লেজ নেড়ে ঘুরে বেড়ায়, কখনো কখনো ভাত জোটে, আর জোটে ফেন। সুখ কাকে বলে সে কথা সে বুঝতে পারে।
মাঝেমধ্যে রাতের দিকে সে শিকার করতে যায়। পাওয়ার মধ্যে আছে একমাত্র তিতির। ঘাড় মটকে দিয়ে কচমচ করে চিবিয়ে একটু আমিষের স্বাদ নিয়ে সে সুন্দর বেঁচে আছে।
বেশ চলছিল এভাবে তবে বেশি দিন নয়। সে ধরা পরলো মানুষের কাছে আর মারা পরলো গণ প্রহারে।
না এটা আমিষ ভোজ নয়!
শেরিনার থাবার ছাপ নিয়ে বাবুদা ব্যাঙ্কের দরবারে ঘোরে নি। শুধু হেসেছে আর বলেছে স্বর্গের পথ দেখানোর জন্যে বাবা তোকে রেখে গিয়েছিলেন, কালের নিয়মে তুইও মারা গেলি।
অবশেষে সমস্ত নিয়ম নির্ঘন্ট মেনে বাবুদার বৃদ্ধ প্রপিতামহের সমস্ত স্থাবর অস্থাবর হয়ে পরলো সরকারের। এটা হওয়ায় প্রথমে কিছু মনে হয় নি তার। সে ফকির, তার সম্বল সহায় শুধু যশ। যশস্বী হতেও সামনে এলো নতুন এক বিড়ম্বনা। রেল এর জায়গায় যে আখরা সে খুলে ছিলো সেটা সেদিন কয়েক ঘন্টায় মাটিতে মিশে গেলো। যে আখরা ওই নদী নর্মদার তীরে মহাকালেশ্বর এর পাশে সুন্দর ভাবে বহুত্ববাদ নিয়ে নানান স্বপ্নের সাথে এগিয়ে চলছিলো সেটাও ঠিক তেমনই হয়ে পরলো। তখন সে মহাভারতের শেষ পর্যায়ে পৌঁছলো। শেরিনা কে একটা মর্মর মূর্তি বানিয়ে শুরু করলো যম উপাসনা।
এটা প্রথম নয়। লাল মাংস আর রুটি, রাজস্থান এ কাটানো, ফিরে আসা অথবা আরো অনেক কিছু। এরপরও একটা ছোট্ট কাল এসেছিলো। যমদূতের পোষাক নিয়ে জীবন্ত এক মানুষ হয়ে কৃয়ৎকাল। 
সে ভুলতে বসেছিলো সে অবিমিশ্রকাল। শেরিনার মৃত্যু তাকে বুঝতে শেখালো। সে ভাবতে বসলো জীবন টা এমন কেন হয়। ভাবলো বাবা তার কেন স্ত্রী, পুত্র, কন্যার কথা না ভেবে শুধু এই সারমেয়র কথা ভাবলো।
বুঝলো রুধির বাবু ভুল কিছুই ভাবেন নি। মহাভারতের শত মিথ্যা, লক্ষ ভ্রষ্টাচার এর পরেও একা কুম্ভের মতন যে লঘিষ্ঠ স্তন্যপায়ী হুঙ্কার করতো সে এই সারমেয়।
এরপর শুরু হলো সারমেয় পর্যায়ের উত্তরাধিকার পর্যায়।
বাবুদা উচ্চ স্বরে হাই তুলে বললো, হায় মানবেন্দ্র!

:৯:
শত লক্ষ সমস্যা যখন ধর্মকে ঘিরে ধরে তখন ধর্মের সংকট হয়। শুধু প্রাণীকুল নয়, অহী নকুল গোত্রের সম্প্রদায়ও আকাশ পাতাল নিয়ে ভাবতে বসে পরে। 
শিক্ষা আর অশিক্ষার পরেও যারা পথেঘাটে, পুকুরে প্রান্তরে, সাগরে পাহাড়ে সময় কাটাতে অভ্যস্ত তারাও এবার ভাবছে। তাদের ভাবনা শুধু ব্যাক্তি নয় বরং সমষ্টিগত।
এই যে রুধির বাবুর সিদ্ধান্ত, অতঃপর সরকারের সিদ্ধান্ত দুটোই নং ধাতু পর্যায়ের।
এর পর থেকেই ওই রক্তিম ওষ্ঠ শুরু করলো কথা। সেখানে অবশ্য ব্যাথার কোনো স্থান নেই, আছে আত্মিক বোঝাপড়া। কে কুকুর কে মানুষ সেটা অপ্রাসঙ্গিক, যেটা বলা নাগরিক সমাজের দস্তুর সেই কথা দিয়েই কথা শুরু করলো বাবুদা। বললো অধিকার বুঝে নেবো।
দলিল দস্তাবেজ এ "হকহকুক" শব্দটা খুব ভালো লাগলো। ভালো লাগার কারনটা আজকের উপপাদ্যের প্রধান বিষয় হয়ে উঠেছে। এ যেনো সেই লম্ব আর উচ্চতার সাথে অতিভূজের বহিঃপ্রকাশ। 
এই আইনি লড়াইয়ে বাবুদার পাশে নিষ্কণ্টক ভাবে সাবির দাঁড়িয়ে পড়ল।
ভূমি সংস্কার বিষয়টা সাবির খুব ভালো জানে। সে এই রফা সূত্র শিখেছে আকবরের দৃষ্টি কোন থেকে। 
সে জানে যদি তার বাপের পাঁচটা বৌ পঁচিশ টা বাচ্চা আর আটটা ভাই-বোন থাকে, সেক্ষেত্রে বন্টন নামাটা কেমন হবে। 
তবে কুত্তার নামে সম্পত্তি বিষয়টা তার অজানা। যাই হোক নতুন কিছু শিখতে সে বাবু দার সাথে থেকে গেলো।
মহামান্য বিচারক যখন বলছেন সারমেয়র সম্পত্তিতে কখনোই কোনো মানুষের অধিকার থাকতে পারে না, তখন প্রথম মুখ খুললো বাবুদা। নির্লিপ্ত ভাবে বললো হুজুর মানুষ যখন সারমেয়র নামে কিছু দিতে চায় দিব্বি সেটা হয়ে পরে আইনানুগ, অথচ উল্টো রথ আপনি মানছেন না।
সাবির বললো কোথায় উল্লেখ আছে শেরিনা সারমেয়?
মুসলমান পরিবারে যেমন জরিনা আছে ঠিক তেমন শেরিনাও আছে। জরিনা মহিলা আর শেরিনা পুরুষ।
আমি সেই শেরিনা।
জজ সাহেব তখন একবার এদিকে একবার অন্যদিকে তাকিয়ে নানান চিন্তায় মগ্ন। আর বাবুদা সাবিরের দিকে দাঁত খিঁচিয়ে জিজ্ঞাসা করছে তুই কি আমাকে ফুটিয়ে দিয়ে নিজের নামে দখল নিবি?
সেই কথার শেষে অসংখ্য জুডিশিয়াল স্ট্যাম্পে সাবির সিগনেচার করে বাড়িতে ফিরে এলো। সে সেদিন থেকেই বুঝলো ধর্ম শব্দটাই নোংরা মানুষের সম্পদ। 
এর পরে বাবুদা সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলো কিন্তু সাবিরকে আর ফিরে পায় নি।
:১০:
সত্যিই তিনি জীবনানন্দ। তার কথাতেই বলতে হয় ' সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে'। ঠিক একি প্রকারে ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে ছিল সুব্রত। যে সুকুমার সমাজ এই সুব্রত কে প্রথমে পিতৃদত্ত বাবুর সামনে বাঁদর শব্দে অলঙ্কৃত করেছিলেন তাদের এই নামের স্বার্থকতা আজ সামনে এসে পড়লো।
সাবির এর জিবন বোধ সখ্যতা বিরোধী। সে সাদাকে সাদা আর কালো কে কালো বলতে অভ্যস্ত, সেখানে যখন মহম্মদ থাকেন তখনও যেমন, দেবাদিদেব থাকলেও ঠিক তেমন। একজন যোদ্ধার জিবন সে বেছে নিয়েছিল যৌবনে। আজ এই মধ্য বয়েসে সেই বিন্দু থেকে সরে যাওয়ার মতন কোনো বৈপ্লবিক উপাদান সে খুঁজে পায় নি, পেয়েছে অর্থ আর অনর্থের এক সামাজিক সহাবস্থান।
সে বুঝেছে সামাজিক বিভেদ ধর্মের উপর নির্ভরশীল নয়, এটা আর্থিক। সমস্ত ধর্ম এক মোহনায় এসে মেলে যেখানে অন্ন বস্ত্র বাসস্থান একমাত্র উপপাদ্যের।
এই যে পাঠান, মোঘল অথবা খৃষ্টান নিয়ে গরীব গুর্ব মারামারি করে ওখানে ধর্ম নেই আছে অর্থের প্রকোপ।
সমস্ত সম্পত্তির অধিকার পেয়ে সাধু প্রকৃত বাবু হয়ে উঠলো। 
রুধির বাবুর নাম ফলক বসলো ওই শেরিনার নামের পরিবর্তে। আবক্ষ মূর্তি স্থাপন হলো নির্নিমেষে। 
শুরু হলো সেই সহজ রোজগার প্রকল্প। 
সাবির এর পরে তার নামটা বদল করেছে। সে তার নতুন নাম নিয়েছে কাদের। আসলে সে আজও বুঝে উঠতে পারে নি সত্যিই সে কার?

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মহাতামা

মন্দিরার মন ভালো নেই। নিজেই নিজেকে প্রশ্নবাণে জর্জরিত করে পরিত্রাণ চেয়ে আকাশের লুব্ধক কে ঠিক নিজের সামাজিক পরিচয়ে পরিচিত হতে সে চায় না। এই শিকারী কুকুরের পরিচয় তার কাছে সম্বাদিত নয়। নানান কারনে ক্ষমতায় ধরে রাখতে একুশে আইন সে তৈরী করেছিল। এই আইনের প্রতিষ্পর্ধা দেখে, মানুষের প্রতিক্রিয়া দেখেও তার চেতনা ফেরে নি। যখন এই টেম্পোরাল পাওয়ার সূর্যাস্ত গেলো সেদিন তার অন্তরাত্মা উন্মোচিত হলো। 
এটা স্বৈরাচারী শাসকের বোঝা নয় এটা মাথার উপর চেপে থাকা বোঝা।
মন্দিরা কখনো বঁধূ হয় নি, তবে প্রেম তাকে বারবার নানান পথে নানা মন্দিরে, মসজিদে, গীর্জায় কখনো সফেদ হস্তিনী, কখনো ওই কি সব মুখ চোখ ঢাকা আবার কখনো আস্তিন গুটিয়ে অশ্বের সাথে অশ্বারোহীর মতন দিগবিদিক শূন্য হয়ে রাজনীতি নামের আড়ালে অসামান্য শারীরিক বিষয় কে পাথেয় করে সিংহাসন দখলে তিনি সমর্থ হয়ে, নাচারী হয়েছেন।
মন্দিরা শাসক হওয়ার আগে এবং পরে তার শিক্ষাগত যোগ্যতা জানতে অসংখ্য মানুষ প্রশ্ন করেছিলো।
উত্তর মেলে নি।
মিলবেই বা কি ভাবে?
কিছুই অর্জিত হয় নি তার মেধার ভিত্তিতে, এজন্যেই বাহ্যজ্ঞান তার নেই। এজন্যেই কেউ তাকে রাণী বললেও যে আরাম পায় তার মন ডাকাত রাণী বললেও তদ্রুপ। কেউ নারী বললেও সে যে আনন্দ পায় বরনারী বললেও তদ্রুপ। কেউ সুস্থ মনস্ক বললেও সে যতটা দাঁত বার করে  অসুস্থ  মনস্ক বললে সেই চকচকে সাদা দাঁত বেড়িয়ে পরে।
আসলে মন্দিরা মদিরায় মগ্ন। তার কাছে রাত-দিন, ভালো-মন্দ, বাঘ-ছাগ সমগোত্রীয়। 
মন্দিরার সহচর-সহচরীরাও তদ্রুপ। 
মানুষ ভেবেচিন্তে একটা কবিতা পরিবেশন করেছিলো মন্দিরার কাছে। কবিতাটা সে ভেবেছিল তারই লেখা কারন মন্দিরা সর্বগুণে সম্পন্ন।
একটা বাচ্চা শুরু করলো সেটা আবৃত্তি করা।
" কাল ছিলো ডাল খালি
   আজ ফুলে যায় ভরে
   বল দেখি তুই মালী
   হয় সে কেমন করে?"
নাটকের সংলাপ হিসেবে বললে বলতে হয়, ' হয় হয় জানতি পারো না।'
কবিতা আর নাটকের এই সংলাপ গুলো মন্দিরা নিজের নামে, নিজের পৈত্রিক বিষয় আশয় হিসেবে এতকাল দিব্বি স্টেজে লিপিং দিয়ে পাতে ঝোল টেনেছিল। 
সেখানেই প্রশ্নের চিহ্ন এঁকে দিলেন সুশিক্ষিত কিছু মেধাবী সমাজের স্বজন।
মন্দিরার এই প্রথম পাটা টলমল করে উঠলো। মনে পরলো ছোটো বেলার টলমল পা এর কথা। মনে পরলো মহাত্মা কে ঢাল করে তাঁকেই মহাতামা শব্দে সমাজে প্রতিষ্ঠিত করার পর এক দূর্লভ সাফল্যের ইতিহাস। যেটা ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে সেটা ইতিহাস। সেখানে সুখ্যাত আর কুখ্যাত দুটো হরফ বদ্ধ হয়ে সমাজকে সচেতন করতে স্বাক্ষী হয়ে আছে।
মন্দিরা ভয় পেলো। এর পরেও ক্ষমতা প্রয়োগ করে সামান্য কিছু দিন মন্দির , মসজিদ, গীর্জা প্রদক্ষিণ করে সামাজিক ভাবে কোনো একটা নতুন আছিলায় নিজেকে তাবড় মন্দিরা বানাতে চেষ্টা করলো।
না সেই মন্দিরা আর বাজলো না।

বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বাংলা আজও আছে এই বাংলায়

এই বাংলায় সংসদীয় গনতন্ত্র শব্দটা এখন ওই নামের সাথে একেবারেই মেলে না বরং মনে হয় ওই শব্দবন্ধ আজকের প্রশাসকদের পোষাক হতে পারে না। তাদের পোষাক, তাদের নখদন্ত দেখে মনে হয় ওই শব্দের আড়ালে কোনো এক ফুয়েরার আজ শাসকের আসন উজ্জ্বল করছেন।
শিক্ষার নিরিখে এই বাঙালি জাতিকে যতই পিছিয়ে দিতে চেয়েছে শত এক প্রশাসক, এই জাতি পিছোয় নি। প্রকারান্তরে বলা উচিৎ এই জাতির বৈশিষ্ট্য হলো দেওয়ালে পিঠ ঠেকলেই প্রশাসককে এরা নফর পর্যায়ে পৌঁছে দেয়। এর পরের পর্যায় হলো গোবর। অর্থাৎ প্রশাসকের মস্তিষ্ক যে গোবরে ভরা সে কথাই বারবার সুনির্দিষ্ট ভাবে অতীতে ও বর্তমানে প্রতিভাত হয়েছে।
পুরোনো একটা প্রবাদ আজ মনে পরছে। কার অনুভবে এই শব্দবন্ধ এসেছিলো আমার জানা নেই কিন্তু চিন্তায়, শিক্ষায় এটা একটা চির সত্য উক্তি।
" ব্যাধের বেদ পাঠ।"
আসলে একপাতা পড়া আইনজ্ঞ, দু-পাতা পড়া ইঞ্জিনিয়ার, পাতা না উল্টে হওয়া ডাক্তার এবং লুম্পেন এর শক্তিতে তৈরী হওয়া রাজনৈতিক দল যে ভাবে কাজ করে সে ভাবেই প্রায় এক দশক শেষ হয়েছে এই বাংলার প্রশাসন। 
এই প্রহসন এই মূর্খ বাঙালি আজকে বুঝতে পেরেছে। এজন্যেই জাতির সম্মান রক্ষা করতে একত্রিত হয়েছে আপামর বাঙালি।
এই বাংলার উদারতার কারনে এখানে অন্য রাজ্যের অসংখ্য পরিবার এসেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। তারা এই বাঙালি জাতিকে উচ্চাসনে রাখতে চায় না। এরা স্বাধীনতা আন্দোলনের সময় ছিলেন না, এখনও নেই।
আরো অনেকেই আছে এই বাংলায়। এদের কাছে জাতিসত্তার কোনো মূল্য নেই। এই কারনেই এই প্রশাসক নিশ্চিন্তে আছে। তারা ভেবেছে এই দ্বিখন্ডিত বাংলার মেরুদন্ড ব্রিটিশ রাজ ভেঙে দিয়ে গেছে কাজেই ফুয়েরার রাজ চালাবো ঠিক বাপকেলে সম্পত্তির মতন।
নতুন প্রজন্ম কে তারা বুঝতে পারে নি। কিভাবেই বা বুঝবে? শিক্ষা না থাকলে এমনই হয়।
এই ফুয়েরার আর সংসদীয় গনতন্ত্রের নাম নিয়ে এই জাতিকে বেআব্রু করতে পারবে না।
বাঙালি তার দৃঢ় মেরুদন্ড নিয়ে বুক চিতিয়ে প্রশাসক কে বলবে তোমার শস্ত্র তোমাকে সুনির্দিষ্ট যায়গায় পৌঁছে দেবে যথা সময়েই।
আজ সেই সময় এসেছে, দম থাকলে প্রতিরোধ করে দেখাও।

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

উর্মিলার ভূ-কৈলাশ

ঊর্মিলার ভালো লাগছে না। বছরে একবার পাহাড় পর্বত পার করে সপরিবারে সে হাজার বছর ধরে আসতে অভ্যস্ত এই বাংলায়। এ বাংলা তার বড় প্রিয়। এখানে কুশ বনে ফুল ফোটে, শিউলি গাছের নিচে সাদা পাঁপড়ি লাল বৃন্তের ফুল, দূর্বাঘাস ধরে রাখে শিশিরের জল তার পত্র পটে। 
আরো আছে, আছে অনেক কিছু। 
যেমন সামাজিকভাবে অতিশয় ঘৃণ্য অথচ মেঘমালার মতন রূপ নিয়ে ক্ষুদ্রান্ত্র কে সুস্থ সবল রেখে বৃহদান্ত্রের বৃহৎ অংশ পায়ুপথে মলত্যাগ করে প্রতিদিন সকাল সন্ধ্যায় আহ্বান করে শেষে পালাবার পথ না পেয়ে উর্মিলার প্রতিপক্ষ কে ব্যবহার করে গলা ছেড়ে বেসুরো গান শুনিয়ে দাঁত বার করে মৃত মেয়েগুলোর ধর্ষকদের সাহায্য করতে উৎসবের নামে ব্যাভিচারের সুতো বুনে ধর্মের নামে অধর্মের পরিসর তৈরী করে, গরীব গুর্ব শিক্ষিত-শিক্ষিতা দের তুচ্ছ ভেবে আপন মনে ভ্রষ্টাচারী হয়ে নিজেকে উচ্চাসনে বসাতে উন্মত্ত, এটা ঊর্মিলা মানতে পারে না। ঊর্মিলা মাএর জাত।
না মানব সভ্যতা এই নষ্টনীড় প্রত্যাশা করে না। মানুষ সভ্যতার নিরিখে বেড়ে উঠেছে, অসভ্যতার সাথে তার কোনো সখ্যতা নেই।
ঊর্মিলা বললো চলো ফিরে যাই ওই ভূ-কৈলাশে। 

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

কতটুকু হুঁশ হলে মানুষ হয়?

মানুষকে বিশ্বাস করা পাপ এই প্রচলিত কথা আমি মানতাম না। এখনও আমার আস্থা অথবা বিশ্বাস মানুষের উপরে আছে তবে অনতি দিনে হয়তো তা থাকবে না।
প্রখর গ্রীষ্মের দিনে কুকুর গুলোর যে ধূলো শোঁকে সেই পর্ব আজ মূহ্যমান। কুকুর গুলো ড্রেনের জল খেয়ে জীভ বার অরে লীন তাপ থেকে নিজের শরীরকে ঠাণ্ডা রাখতে শিখেছে। 
মানুষ এসব শেখে না। সে উন্নত মস্তিষ্ক। সে অবাক জলপান এ অভ্যস্ত। রসাত্মক ভাবে ঠকানোর যে নাটকীয় সংলাপ রচিত হয়েছিল সেটা আজও বহমান। পার্থক্য একটা আছে, সেটা ব্যাক্তি নিরপেক্ষ।
ধরা যাক পিঁপড়ে গুলো দলবেঁধে মানুষের ঘরে ঢুকছে। এই প্রকৃতির রোষ প্রকাশ করার মতন ভাষা তাদের নেই। এই দলবদ্ধ থাকার কারণ লক্ষ কোটি বছরের সঞ্চিত কোনো এক জ্ঞান। 
শহর গ্রাম যখন হারে রেরে রেরে শব্দে পথে নামলেন  তখন না ছিল জনমত  গঠন করার প্রক্রিয়া না ছিলো শাসকের অগ্নি চোখ। 
এটাও ঠিক প্রকৃতির এক স্বাভাবিক স্বত্বা। ওখানে ওরা আর এখানে আমরা। 
সহজ ভাষায় বললে একথা বলা যেতেই পারে পিপিলিকার ও মেরুদন্ড আছে।
এটা ওই আদিম বেঁচে থাকা আরশোলার ও আছে। ওরা ওদের ভাঙা পাখনায় দিব্য আকাশে উড়তে থাকে যখন ওদের জীবন বিপর্যস্ত হয়ে পরে।
হায়রে, পতঙ্গ বুঝতে পেরে পাখা মেলে, পাখিও বুঝতে পারে, বুঝতে পারে মাটির নিচে থাকা সরিসৃপ। শুধু এই টুকুই নয়, গভীর জলে থাকা মাছগুলো গভীর জল থেকে উপরে উঠে এসে দম নেয় ঠিক উরুক্কু মাছের মতন।
আসলে সামাজিক বিপর্যয় বা দুর্বিপাক স্থাবর অস্থাবর বুঝতে পারে না‌, বুঝতে পারে প্রাণ। এই প্রাণ শুধু মানুষের নয়, এই প্রান মানুষের, কুকুরের আরো অনেকের।
লড়া কিংবা হারার গুহ্য কারন প্রাণ। মানুষ এই প্রান নিয়ে তখন ভাবে যখন অন্ন, বস্ত্র থাকে না; যখন তার নগ্ন দশা হয়ে পরে। অন্যথায় আগে ধন পরে প্রান। এই কারনেই মানুষ বলতে শিখেছে " আমাকে ধনে প্রানে মেরো না।" প্রানে ধনে না বলে ধনের সাথে মানুষের সার্বিক উড্ডয়ন ওতোপ্রোতভাবে যে ঘিরে রাখে সে কথা তার মুখ থেকেই শোনা এই সভ্যতায়।
আচ্ছা মানুষ শব্দের সংজ্ঞাটা বদলে দিলে কেমন হয়? আরো কিছু সংজ্ঞা পরিবর্তন করা প্রয়োজন। যেমন মানবিকতা, মনন, মান্যতা, মর্যাদা অথবা মনুষ্যত্ব?
প্রাত্যহিক জনারণ্যে যা কিছু আজ নেই তাকে রক্ষা করার জন্যে নতুন শব্দবন্ধ তৈরী হলে ক্ষতি কি?
নিজেকে প্রাণী শ্রেষ্ঠ বলে নিজেই নিজের পিঠ চাপরে এই অসত্য কে সত্যে পরিণত করে কি লাভ?
এত কথার পিছনে যে কথাটা আজ বলা প্রয়োজন সেটা হলো একটা অন্তহীন আজকে অসত্য হয়েও সত্যের সংসারে দম্ভ করছে।
আজকাল পশুরাও এই মানুষ নামের অমৃতের সন্তান কে মানতে চায় না। তারাও মধূসুদনের বাক্যে বলতে চায় মারি অরি পারি যে কৌশলে।
হায়রে কৌশল্যাও কখনো ভাবেন নি যে সন্তান সে পেটে ধরেছে সে কার। কোন শৌর্য বীর্যে সে এসেছিল। শেষ ভাবনাটা এসেছিলো পবন পুত্রের মনে।
ওই পশু শ্রেষ্ঠ হনুমান বুঝেছিলো ইন্দ্রজিৎ এর মৃত্যু। বুঝেছিলো রাবণের রাগ, তদাপি মৃতপ্রায় সাধের ভাই এর জীবন বাঁচাতে উর্ধ্বশ্বাসে দৌঁড়েছিল কি এক বিশল্যকরণী খুঁজতে কোনো এক পাহাড়ে।
খুঁজে পেয়েছিলো বলেই আমার মনে হয়, তথাপি এই মনুষ্য সভ্যতাকে যে ঘৃণার চোখে সে দেখেছিলো সেই সত্তার বহিঃপ্রকাশ ওই বয়ে আনা‌ গোটা গন্ধমাদন।
এরপর থেকেই হনুমান ঈশ্বর আর মানুষ তার উপাসক।
অনেক কথার ফলে মূল কথাটা হারিয়ে যাচ্ছে। না হারালে চলবে না। 
মানুষের প্রভুত্ব পাশবিকতা কে হার মানায়। আর যৌনতা?
সেখানে সে সেকেন্ড, মিনিট, ঘন্টা দূর অস্ত এটা কুকুর, বেড়াল অথবা শেয়াল সিংহের ধারে পাশে আসে না।


বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বিন্দি

ওর বিন্দি নামটা শুনলেই মনে হয় ও এ বাংলায় জন্মায় নি। কিন্তু একদম একজন বঙ্গ সন্তান বললেও কিছু কম বলা হয়। বিন্দি দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী। এই অতি আধুনিক সমাজে থেকেও ধর্ম তার পথ ছাড়ে নি। প্রতিটা পদক্ষেপ একটা ধর্মীয় বাতাবরণ তাকে প্রশ্ন করেছে, এ কেমন সমাজ? বিন্দি এর উত্তর জেনেও কখনও প্রকাশ করে নি কারণ পাছে বামপন্থী শব্দের সাথে তাকে দাগিয়ে দেওয়া হয়?

বিন্দি দর্শনের ছাত্রী আর তার দর্শন আসলে চক্রহীন সুদর্শন। সেখানে পরাক্রম অসি তে নেই আছে মশি তে। সেই চিন্তার ঘেরাটোপ তাকে মশি ধরিয়েছে। সে শুরু করলো কাগজে কালি দিয়ে বর্ণের সাথে সামান্য কিছু লিখতে। সেই সামান্য বর্ণ শব্দকল্পদ্রুম হয়ে অলিতে গলিতে এইরকম প্রতিষ্ঠা পাবে এ ছিলো তার কাছে স্বপ্নের অতীত। কিন্তু সেটাই হয়ে উঠলো।

যে উন্মাদনায় যে সমাজ প্রতিদিন এগিয়ে চলে এটাই তার লেখার প্রতিপাদ্য। ধর্মের আধুনিক ব্যাখ্যা যতকিছু সে পড়েছে, সেখানে যেটা তার কাছে অত্যন্ত সহজ এবং গ্রহণযোগ্য মনে হয়েছে সেটাই সে সঠিক ভাবে সেদিন লিখেছিল। লিখেছিল ধর্ম আসলে হৃদয়হীন পৃথিবীর হৃদয়, লিখেছিল ধর্ম আসলে বুভুক্ষু মানুষের কাছে দীর্ঘশ্বাস, লিখেছিল ধর্ম আসলে আপামর বুভুক্ষু মানুষের কাছে ঠিক আফিম এর আসক্তি।

বিন্দির উপলব্ধির এই প্রকাশ তাকে এই আধুনিক সভ্যতা একটা নতুন আসনে বসিয়ে দিলো। মুক্ত মনের বহিঃপ্রকাশ সেই সেদিন থেকে শুরু। বিন্দির কপাল শুধু ঘামে ভিজে জবজব করতো। সেখানে কোনো টিপ অথবা চিহ্ন কখনো সে রাখে নি। শুধু শুষ্ক কপালের পিছনে একটা বিমুক্ত রং স্থান পেয়েছে। সে এর পর লিখেছে বিজ্ঞান দর্শন-নিরপেক্ষ? লিখেছে পসচুলেট ছাড়া বিজ্ঞান কখনো এগিয়েছে? 

পসচুলেট কি? 

এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনা থেকেই শুরু হয় নানান পর্যবেক্ষণ। শেষে যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই সত্য-অসত্য প্রকাশ্যে আসে। 

বিন্দি এই কথাগুলো লিখেছিলো। এই সুনির্দিষ্ট লেখাটা অখন্ডনীয় বুঝে সে দিন থেকেই শুরু হয়েছিল তার পিছু নেওয়া। 

কারা ছিলো সেই দলে?

রাজা ছিলো, রাণি ছিল; ছিলো মন্ত্রী-সান্ত্রী, এছাড়াও ছিলো বেআব্রু বেহায়া কিছু ওনাদেরই প্রতিনিধি। এরা ঢাল, তরোয়াল, বন্দুক বগলে নিয়ে বিপ্লবাত্মক ভাবে রাষ্ট্রকে বাঁচায়।

বিন্দি একদিন গম্ভীর মুখে এই সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলেছিল। সে তার একটা হাত ওই সম্প্রদায়ের কোনো একজনের কাঁধে রেখে বলেছিলো স্বেচ্ছা মৃত্যুর অধিকারও তোকে দেবো না, মৃত মানুষের পাশে বসিয়ে রেখে ওদের পা টেপার কাজে নিয়োগ করবো।

বিন্দি বললো অপরাধীর মৃত্যু যখন শিরোধার্য হয়ে যায় তখন সে হয়ে পরে নিরপরাধী। সে বললো শ্মশানের আগুন হয়ে পরে নিরুত্তাপ, কবরের মাটি হয়ে পরে অনুর্বর। সে বললো এই নিশ্ছিদ্র আকাশ তখন সবকিছু দেখে এবং একমাত্র সে এসবের সাক্ষী হতে চায়।

কিন্তু কে শুনবে ওই আকাশের কথা?

সত্যিই এসব শোনার মানুষ খুব কম। তারা তখন একথা শুনতে পায় যখন আকাশ থেকে এই নির্লজ্জ অসভ্যের মাথায় বাজ ভেঙে পরে।

আরো কিছু সময় আছে যখন তারা আকাশ পানে চোখ রাখে; যখন অতি নিকট হয়ে পরে সুদূর অথবা সুদূর হয়ে পরে খুব কাছের।

এই নিকট আর সুদূরের একটা ব্যাখ্যা দিয়েছিলো বিন্দি। বলেছিলো যখন নিজের ঘরে চাল থাকে না তখন সে ভিক্ষা করেও খেতে পায় না, আর যখন ঘরে চাল উদ্বৃত্ত হয় তখন সেই চালগুলো কুকুর বা পাখিদের খাইয়ে আনন্দ পায় তবুও মানুষকে খেতে দেয় না।

সে মাঝে মধ্যে নিজের মনেই সংলাপ করে, সভ্যতার আধুনিক রূপ প্রাগৈতিহাসিক। ঠিক লড়াই করে বাঁচার ইচ্ছার মতন, ঠিক সম্পদ লুঠ করার মতন, ঠিক সুখি মানুষের জুতো আবিস্কারের মতন।

এগুলো সে শিখেছে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত নানান সংবেদনশীল নামধারী মানুষের কূপমন্ডুকতার অভীপে। বিন্দি রেল ব্রিজের উপর দাঁড়িয়ে তার গতি আর ঝমঝম শব্দ শুনে হামেশাই ভাবে এই ব্রিজটা এবার নিশ্চিত ভেঙে পরবে। সে শুনতে পায় অতীতের সেই বুটের শব্দ, যে শব্দে ভেঙে পরেছিলো ব্রিজ।

বিন্দি বললো এই কম্পাঙ্ক আজকাল আর মাপা হয় না।হৃদয়ের কম্পন যখন সমাজের সাথে মিশে যাবে সেই দিন নির্ঘাত ভেঙে পরবে জরাসন্ধ।

বিন্দি বললো মহাভারত কোনো ধর্মীয় পুস্তক নয়, এটা সমাজের অভ্যন্তরীণ রূপরেখা। সেখানে সব ধরনের মানুষ কে একদম বিন্দু বিসর্গ বিবেচনার শেষে তাকে তার পথে যেতে বলার এক সংবিধান।আসলে সমাজ বিরোধীরা এসব বুঝতে পারে না। এটা বুঝতে অন্তর্দৃষ্টি লাগে। 

শেষে সামান্য কথা বলে সে অন্তরীক্ষ দেখতে নাসার আধুনিক মহাকাশ যানে চড়ে বসলো। সেই মহাকাশ যান ছাড়ার আগে সে বললো " আমি মহাকাব্যের পথের পথিক। যদি ফিরে আসি মানবসভ্যতার শেষ কথা আমি লিখে যাব।"

বিন্দি ফিরে ছিলো, তখন কয়েক হাজার বছর পার করেছে এই পৃথিবী। বিন্দি এখানে পৌঁছে বুঝলো এরা কখনোই সভ্য হবে না, এখানে পাশবিকতা জয়ী ছিলো, আছে এবং থাকবে।