রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মধুরেণ সমাপয়েৎ

অমৃত কুম্ভের সন্ধান পেয়েছিলেন লেখক। দেখেছেন, বুঝেছেন নিজের জীবনবোধ থেকে, লিখেছেন মানবতার স্বার্থে। স্বামী বিবেকানন্দ যে ভাবে মানুষের কথা ভাবতেন লেখকের ভাবনা ঠিক তেমন নয়। বাস্তবতা আর নিরাকার ব্রহ্ম তিনি একভাবে দেখেন নি।
এই এখন স্বাধীনতার পঁচাত্তরের পূর্তিতে নতুন একটা অমৃত মহোৎসব এসেছে ঠিক ওই কুম্ভের মতন। 
ওটা ছিলো ধর্ম বিষয়ক আর এটাও শব্দের নিরিখে ধর্ম বললে সামান্য কিছুই বলা হয়।
সাধারণ মানুষ এই আজকের দিনে এই ভূমধ্যসাগরে সাঁতার কেটে পার হতে অনিচ্ছুক। তবুও কে যেন বলছিলো সাঁতার শিখতে হবে। ভেসে থাকতে হবে নির্বোধের মতন সুবিন্যস্ত পৃথিবীর তিন ভাগ জলরাজির উপরে।
কঠিন সময় এসেছে এ কথা মূর্খেরাও বোঝে। শুরু হলো কলাগাছ কেটে পুকুর, খাল, নদী, নালাতে ভাসানো। শুরু হলো তালগাছের গুড়ি দিয়ে শালতি, আমগাছের তক্তা দিয়ে নৌকো, শুরু হলো কচুরিপানার স্তুপ বানিয়ে তার বুকে চেপে বসা।
এ এক অপূর্ব অমৃত মহোৎসব এ কথা তারা হাড়ে হাড়ে বুঝতে পারলো।।
এখানে লেখক কে? কজন?
তারা কোন দেশের মানুষ?
কোন ভূস্বর্গ হয়ে পরেছে এই দেশ?
সবাই বলছে এ সব অবাঞ্ছিত প্রশ্ন। উত্তর একটাই তাদের কাছে সহনীয়। হাড়াহাড়ি সমস্ত ন্যায় অন্যায় বুঝতে পেরেছে তারা। হাতে পাওয়া ছুড়ে দেওয়া শুকনো রুটি কুকুরের মতন দাঁত দিয়ে চিবিয়ে তাদের বাঁচার যে অতীত, এই বর্তমান সময়ে সেভাবে তাদের বাঁচার ইচ্ছা নেই। বরং যে ভূস্বর্গ দেখিয়ে আজকে এই অমৃত মহোৎসব এর প্রচার চলছে সেটা জীবন জীবিকার প্রতিবন্ধী এই কথাই তার কাছে দস্তুর।
না অমৃত বলে কিছু আসে নি এই অমৃতস্ব পুত্রার কাছে। যা পৌঁছেছে সেটা আসলে বিষ।
বড় বিষাক্ত বড় বিষাক্ত হয়ে পরেছে নীতিহীনতা। মানুষ যখন সমাজবদ্ধ ভাবে চোখ মেলে দেখতে শেখে তখন মূর্খতা বিমুঢ় হয় না, বিমুঢ় হয়ে পরে শিক্ষা।
বড় সংকট।
এটা দুর্ভিক্ষ নয়।
দুর্ভিক্ষ বুভুক্ষু মানুষের পেট ও পুষ্টি।
বড় সংকট।
এটা অশিক্ষার শেষে সম্পদ রক্ষার ভীমরতি।
এবার সসম্মানে বাঞ্ছা দড়ি দিলেন গলায়।
সমাজনীতি যেভাবেই চলুক আধুনিক রাজনীতি ঠিক সেভাবে চলে না।
ব্যাধের হাতে বেদ পাঠ বিষয়টা বড় সুন্দর লাগে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগুয়ান হওয়ার দিবাস্বপ্ন দেখে।
এখন মানুষ রাত্রে পেটে গ্যাস হলে স্বপ্ন দেখে আর স্বপ্ন দেখে তখন যখন রাজনীতির আঙিনায় বেশ একটা মালামাল জীবন বোধ দেখতে পায়।
সত্যিই অমৃত।
মধুরেণ সমাপয়েৎ।
অর্থাৎ কুম্ভ হোক বা না হোক থাকুক সেখানে অমৃতের ভান্ডার। 
তবেই না শুম্ভ নিশুম্ভ!



শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বড় আশ্চর্য লাগে

মিডিয়া ছিলো স্তম্ভ আর এখন হয়েছে চাটুকার। এদের প্রচার বেড়েছে এ কথা সত্যি কিন্তু প্রসার? চাটুকার সব যুগেই  ক্ষণস্থায়ী। রাজা আসে রাজা যায় পর্যায়ের। কাজেই চাটুকারিতা নৈনিতাল এর মতন প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মেলে না।
কুলদীপ চিরকাল কুল ভেবে নিজেকে মেরুদন্ডী হিসেবে রেখে গেছেন।
আজ?
গোঁফ দাড়ি কামিয়ে শুধু কামানোর জন্যে হাত পা তুলে থাকছে ঝুলে নোংরা রাজনীতির কাছে।
না; কাছে বললে ভুল বলা হবে, এটা অন্তরে।
হায়রে মানুষ এই অন্তর কি বুঝবে ?
ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে নেই মানুষ। বর্তমান তার কাছে চীর সত্য হয়েছে। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে গণতন্ত্রের চতুর্থ আজ একটা চাটুকার হয়ে পরেছে এটা শুধু মানুষ নয় রাস্তার কুকুর গুলোও বুঝতে পারে।
এখন একটাই প্রশ্ন সামনে আসছে। এই চতুর্থ স্তম্ভ সম্মানটুকু কেড়ে নেওয়া প্রয়োজন। 
কাড়বে কে?
সেখানেও সেই প্রশাসক।
বড় বিপদে পরেছে সমাজ। যে লঙ্কায় যায় সে'ই রাবণ হয়ে পরে একথা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। 
একনায়কত্বের অর্থ নাৎসি রাজকার্য নয়, এটাও তারা জেনে ফেলেছে।
তাহলে উপায়?
উপায় একটাই সেটা পশুত্বের বিচার করা।
উন্নত পাশবিকতার বিচার করা।
কে হবেন সেই জজ সাহেব?
সভ্যতার ইতিহাস ঘাঁটলে এই পদটায় কখনোই মানুষ শব্দটা থাকবে না।
আসলে এজন্যেই ভগবান-খোদা-রোমান ক্যাথলিক আজকেও বহমান।
উন্নত পশু ব্যাতিরেকে অন্য কোনো পশুর কাছে এই প্রতিবন্ধকতা নেই ।
বড় আশ্চর্য লাগে।



বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গরু গু খায়

চলমান রাজপথের পাশে বসে হাপুস নয়নে কেঁদে চলেছেন সিদ্ধিদাতা গণেশ। এক বৃদ্ধা বললেন, গণেশ কান্দে ক্যান?
রাস্তার এক কোনায় দাঁড়িয়ে এক বৃদ্ধ বললেন, উনকা দুধ নেহি মিলা।
বৃদ্ধা আশ্চর্য হলেন। দেখলেন রাস্তার পাশে লম্বা লাইন ঠিক কাঙালি ভোজনের মতন। বললেন দুয়ার ধারে বানাইছো, গরীব গুর্ব খাইবো খন।
অতীতের ভানু বন্দ্যোপাধ্যায় এর কথা মনে পরলো।
এটা আপন খেয়ালে ভেবে একটু হেসে নিয়ে শরীর রক্ষা করুন।
এ এক অদ্ভুত পরিকল্পনা। দুয়ারে গণেশ কথাটা মনে হয় একদম সঠিক।
শুঁড়ের ওজনের কারনে এই গণেশ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে নি। সে এখন রাস্তায়? দ্যাখো কান্ড?
না আর কান্ড নয় এবার শাখা প্রশাখা।
এই খানে এই শাখা প্রশাখা এই গণেশের পেটে গুর গুর করে কথা বলে উঠলো।
নিয়ম মেনে ডাক্তার এলেন। বললেন ওখানে শাখাও নেই সিঁদুর ও নেই।
আসলে এই রাজপথে এই গণেশ অনভিজ্ঞ। তার ইচ্ছে হয়েছে একটূ্ কলাবাগান ঘুরতে।
সেখানেও সমস্যা। বুকিরা বলছে গাছ খেয়ে ফেললে কলা ফলবে কোথায়?
অতঃপর এসেছেন তার মা। হ্যাঁ আমি মা দূর্গার কথাই বলতে চাইছি।
তিনি বললেন বিয়ে দিলাম তোকে। খেয়ে ফেললি তাকে?
এরপর থেক গণেশ বড় অসহায়। কোলকাতার বস্তির পাসে পুঁতি গন্ধে তার আর কোনো অসুবিধা হয় না।
সে সবকিছু দেখে বুঝে বলেছে, শুধু কুকুর নয়, গরুও গু খায়।

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বিষয়টা কখনো পড়ে দেখিনি। দরকার হয় নি কখনো কারন এটা আমার কাজ নয়। আমি বাড়ির প্ল্যান বানাই অথবা কোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর বিল্ডিং রুল আর সার্কুলার দেখে কাজ করতেই অভ্যস্ত।
ইদানিং কয়েকজন অতিশয় অসহায় হয়ে আমার কাছে এসেছিলেন। 
অতঃপর একটু পড়ে দেখতে ইচ্ছা হলো। 
আশ্চর্য হলাম পড়ার পর।
মনে হয়েছে এটা হচ্ছে টা কি?
ট্যাক্সের ভয় দেখিয়ে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের কর্মীরা সাধারণ মানুষকে এভাবে লুঠ করতে পারে এমন ভাবনা কখনো আমার স্বপ্নেও আসে নি যা আজকের বাস্তবতা।
একজন ইঞ্জিনিয়ার হিসেবে ইচ্ছে হয়েছে এই লুঠ বন্ধ করবো।
এই স্থাবর সম্পদ অতীতে কিভাবে ওই কর্পোরেশন এ লিখিত আকারে লিপিবদ্ধ হয়েছিল?
এখন কেনো আবার নতুনভাবে এই সব প্রক্রিয়া?
এখানে একটু বিশদভাবে বলা প্রয়োজন।
কোনো একজন উচ্চ আধিকারিক এই ট্যাক্স আদায়ের ব্যবস্থাপনায় আছেন। তিনি অবিলম্বে বকেয়া ট্যাক্স আদায়ের ব্যাপারে খড়গহস্ত।
তিনি সৎভাবে সরকারের কোষ ভরাতে চান আর তার অধস্তন কর্মীরা বিন্দাস রিভ্যাল্যুয়েসন সহ নানান নোংরা অছিলায় ট্যাক্স দশ লাখ থেকে দশ হাজার করে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা উপরি আদায় করে বত্রিশ পাটি দাঁত দেখিয়ে উচ্ছ্বাস উল্লাসে আনন্দে ওয়ার্ডে ওয়ার্ডে অতিরিক্ত দৌড়ে নাজানি কোনো এক সরকারের কাছে নিজেকে নিবেদনের মাধ্যমে যার পর নাই মানুষকে লুঠ করে চলেছে।
একটু এই রিভ্যাল্যুয়েসন বিষয়টা বুঝতে এবং বোঝানোর জন্যই এই লেখা অথবা উপস্থাপনা।
বিষয়টা নিয়ে আরও একটু আগ্রাসী হওয়ার ইচ্ছার আগেই একটা প্রাতিষ্ঠানিক চাপ এলো পারিবারিক অনুভবে।
অনেক কথার শেষে আমি বলেছি সামাজিক বলাৎকার কখনোই পরিবার ব্যাতিরেকে হয় না। শরীর আর অশরীরী এক নয়। বলেছি এই সামাজিক বলাৎকারের শেষ না দেখে আমি ছাড়বো না।
শুরু হয়েছে নতুন ভাবে এই কর ব্যবস্থা নিয়ে প্রাতিষ্ঠানিক রূপের বর্ণনা। 
শুরু করতে চাই সব নিম্ন পদে বসে থাকা কর্মী ও তাদের ব্যবহারিক জীবন।
যেটা শুরু করতেই হচ্ছে সেটা কর্পোরেশন এর ট্যাক্স আদায় সংক্রান্ত সুনির্দিষ্ট রুল। এই বিষয়টা এবার একটু বিশদভাবে উপস্থাপন করছি।
প্রথম যেটা জানা দরকার, এই ট্যাক্স ব্যবস্থা কি কি বিষয় নিয়ে নির্মিত।
জানা প্রয়োজন কেন  এই self assessment?
জানা প্রয়োজন কেন সাধারণ মানুষ বাধ্য হচ্ছে সহি সাবদ করে দিতে?
এখানেই আছে খেজুর আর খেজুরের রস।
এবার factor গুলো বলতে হয়।
এই ট্যাক্স ক্যালকুলেশন অনেকগুলো factor নির্ভরশীল। এগুলো ইন্জিনিয়ার কোন ছাড় স্বয়ং ISI এর প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবীশ মহাশয় এর পক্ষেও একটু সময় সাপেক্ষ বিষয়। 
এখানে ৯টি factor আছে।
১. অংশ/ অবস্থান/ব্যাখ্যা ও একক।
২. ইহা কি অতীতে দৃশ্য ও পরিমাপ যোগ্য।
৩. আঞ্চলিক মূল্যমান।
৪. ছাদের মাপ।
৫. বয়স কত।
৬. চেহারা কতটা প্রাচীন।
৭. ব্যবহার গত পরিমাপ।
৮. অঞ্চল অবস্থান অনুযায়ী মূল্যমান।
৯. ব্যবহারিক বিষয়।
এই ন টি বিষয় নিয়ে তৈরী হয়েছে সম্পত্তির বার্ষিক মুল্য মূল্যায়ন।







বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাত সতেরোর

বিবেক বলতো রাতে গান শোনা একটা নিয়মের মতন হয়েছিল আমার মা এর কারনে। তিনি বলতেন একটা গান শুনতে শুনতে রাতে চোখ দুটো এক করবি। এই কারনেই রাতে খাওয়াদাওয়ার পরে গান শোনাটা তার অভ্যাস।

সেই রাতে যে গানটা সে শুনছিলো সেটা মান্না দের কন্ঠে। শব্দগুলো একজন প্রেমিক কেবল বুঝতে পারে।

গানটার প্রথম কলি টা বলি?

" কি এমন কথা তাকে বলা গেলো না..."

সে বেশ আচ্ছন্ন হয়ে পরেছিলো সুর আর কথায়। মনে এলো অন্য আরেক কথা। মনে হলো এই গানটা মান্নাদার বদলে অনুপ ঘোষাল এর কন্ঠে আরো বেশী সুর রিয়ালিস্টিক হতো।

মোবাইল ফোন টা হাতে নিয়ে সে মা কে ফোন করলো। ফোনটা বেজে বেজে শেষ হলো। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো তার মা এখন ঘুমিয়ে পরেছে।

পরের দিন সকালে বিবেক ঘুম থেকে উঠে স্নান সেরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। অন্যপ্রান্ত থেকে একটা ফোন এলো। ফোনটা এই সময়ে সাধারণত আসে না, তাই হ্যালো করলো।

একটা অপরিচিত কান্নার স্বর শুনে বৌকে বললো দেখোতো কে?

মা কে আর নতুন কারোর গলায় গানটা কেমন হতো সেটা শোনা হয়ে ওঠে নি।

কিছুতেই আজকাল আর গান শুনতে ইচ্ছে হয় না তার, যদিও হয় গাণিতিক কেওস নিয়ে একটু ভাবতে ইচ্ছে হয়। কোনো এক খেয়াল যখন সুরের সাথে মন মিলিয়ে ফেলে, তখন তার চোখ দুটো ঝাপসা হয়ে পরে।

বিবেক বুঝতে পারে সুর-লয় এমন এক বিষয় যেখানে তার মন বিরাজ করে। গান শুনতে শুনতে তার মনে হয় অদ্য সময় অতীত হয়েছে কল্য প্রাতে না হয় শুনবো!

এভাবেই সে কালের প্রহরায় পরে গেলো। প্রতিদিনের সকাল তার কাছে আজ। এভাবেই আবার সুর-তাল-লয় ফিরলো বিবেকের কাছে।আশ্চর্য এক তাল মিল নাম আর মনের সাথে।

বিবেকের বিবেক দংশন হয় যখন সে মদ গেলে ঘরে বসে। কোনো অপছন্দের বিষয় আজ তার বড়ো পছন্দের।

গজল, উচ্চাঙ্গ দিব্বি বেজে চলে সাথে ঠিক এক পেয়ালা কিছু। না পেয়ালা নয়, এখানে সঠিক শব্দ গ্লাস।

মদের পেয়ালা আর গানের সুর নিয়ে বিবেক খুব আনন্দে আত্মহারা। নতুন গ্লাসে বরফ আর জল ঢেলে সবে মুখে তুলেছে; তার মাথাটা ঘুরে গেলো বিরাশি দশ আনা একটা চরে।

হায়রে, মাথাটা তখনো গান শুনে চলেছে ঠিক সাত সতেরোর মতন।







শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জন্মাষ্টমী

 যখন কৃষ্ণ জন্ম নিলো দৈবকির উদরে

মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে।

তার অসাক্ষাতেই আজ তার জন্মতিথি পালন হয়েছে। এই তিথি পালন আমার কাছে ঠিক খৃষ্টের জন্মদিনের মতন। এখানে তাল বড়া ওখানে কেক। আমি একটা স্বাভাবিক নিয়ম বেছে নিয়েছি। তালের আকাল দেখে কেক কে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি জন্মদিন প্রসঙ্গে।

আমার সন্তানের জন্মদিন, আমার জন্মদিন, মম বধূর জন্মদিন তৎসহ এই কেষ্টর জন্মদিন আমি একই ভাবে পালন করতে অভ্যস্ত।

গোঁফ হীন কৃষ্ণ কেক খাওয়ার পর তার নাকের নিচে কেক এর ক্রিম লেগে থাকে ঠিক শিকনির মতন।

এটাও দেখতে আমি অভ্যস্ত।

আজ শ্রীকৃষ্ণ আমার বাড়িতে কেক কাটতে এসেছিলো। কেক এর স্বাদ গ্রহনের পর তার নৃত্য দেখে কে?

তিনি বলে গেছেন ওই সব ক্ষীর ননি তাল বড়া আর চাই না। এই কলিকাল হয়ে উঠুক কেক ভরা।

কথাগুলো শুনে মনজিনিসের নৃত্য দেখে কে?????

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

ভুলে ভরা চলার পথ


যেদিন প্রথম শুনলাম সে মারা গেছে বছর কয়েক আগে, মানসিক ভাবে আমি একটু অস্থির হয়ে পরেছিলাম। বাড়িতে ফিরে খাওয়া দাওয়ার শেষে কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে কি বোর্ডে হাত চলছিল না। নানান অতীত চোখের সামনে ভাসছিল। ফেলে আসা ছিটে বেড়ার স্কুল, মেঝে হীন মাটির উপরে বর্ষার জলে পিছলে মেঝেতে আছাড় খাওয়া, কাদা মাখা জামাকাপড় দেখিয়ে স্কুল ক্লাস না করে বাড়িতে ফেরার নাম করে মাঠে ঘাটে ঘুরে ভিজে সপসপে হয়ে মা এর কাছে বকা খাওয়া। আবার কখনো গ্রীষ্মের দিনে কাঁচা আম পেড়ে সবাই একসাথে জাবর কেটে দাঁত টকানো, তেঁতুলের দানা কাঠের আগুনে পুড়িয়ে দাঁতের সাথে অকপট যুদ্ধ, শিমুল তলায় ঝড়ে পরা লাল ফুলগুলো একসাথে গুছিয়ে ১, ২, থেকে ৯ অব্দি লেখা আর সেই মাটিতে সাজানো লেখাটা খাতার পাতায় এঁকে রং পেন্সিল দিয়ে রাঙিয়ে স্যার আর দিদিমনি দের দেখানো, তাদের কাছে আদর খাওয়া যতসব ব্যাপার।
খুব নষ্টালজিক লাগছিল এই মধ্যরাতে। বেরসিক ঘড়িটা কখন দুটোর কাঁটা পার করেছে হুস হয় নি। পাসের ঘর থেকে মেয়ে এসে বললো বাবা শোবে না? অন্য মনেই বললাম চল।
বিছানায় শুয়ে নানান কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়েছে বুঝলাম পাখির ডাকে। জানলার পাল্লার উপরের ঘষা কাঁচ থেকে সামান্য সূর্যের আলো সবেমাত্র এসেছে।
প্রতিদিনের সকাল একটা নতুন দিন আর নতুন দিন মানেই নতুন ভাবনা, পরিকল্পনা। ঠিক তেমনটাই হয়েছে পরের দিন সকালে। সুপ্রভাতে সজ্জন দুর্জন সবাই হেঁটে চলে রাস্তা দিয়ে। 
সবার সমস্যা এই শরীর নিয়ে। 
আমার অবশ্য ঠিক তেমন নয় তবুও সেদিন সকালে উঠে নিজের মনেই চললাম বড় রাস্তা ধরে। চেনা অচেনা নানান মানুষের ভীড়ে সেদিন বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছিল। 
বাড়িতে ফিরে প্রাতরাশ সেরে বৌকে বললাম, আজকে একটু পুরানো বাড়িতে যাবো।
সে বললো হঠাৎ কেনো?
ওর মুখের দিকে তাকিয়ে বললাম ইচ্ছে হয়েছে।
বললো বেশ যাও।
চললাম পুরানো পাড়ায়। এখানেই আমি বড় হয়েছি। সমস্ত বন্ধুবান্ধব এই পাড়ায় অথবা তার আশে পাশে।
সে সময় সুপ্রভাতে সুজ্জিমামা প্রশ্ন করতো ঘুম হয়েছে কেমন কাল রাত্রে?
ভোর বেলায় উঠে হেঁটে, বাড়িতে ফিরে আবার সেই পায়ে হেঁটে পথ চলার সময় বুঝলাম ঘুমটা পর্যাপ্ত হয় নি।
সেদিন প্রথম যে বাড়িতে কড়া নেড়ে ছিলাম সেই বাড়িতে এখন আর তারা থাকে না যাদের খোঁজ নিতে এই কড়া নারা।
এর পর একটু ধাতস্থ হয়ে  হাঁক পারলাম কোনো একটা নাম ধরে। দরজা খুলে তিনি বললেন, সলিল তোকে কত যুগ পরে আজ দেখছি।
বললাম কাকিমা কেশব আছে?
তিনি বললেন এই প্রচণ্ড গরমে, ছাতা ছাড়া এভাবে?
বললাম না বয়স বেড়েছে তবে আমি আছি ঠিক আগের মতন।
হয়তো অনেক ভাবনা তাকে ভাবিয়েছে, অনেক অতীত তাকে কাঁপিয়েছে, হয়তো এইসব নানাবিধ ভেবে তিনি বললেন, একটু ঠান্ডা হ, একটা ছাতা ব্যবহার কর। শেষে তিনি বললেন কেশব এখন  অন্যকোনো জগতে বিচরণ করে।
ভাবলাম এ কোন জগৎ?
ভুল ভাঙলো কাকিমার কথায়। তিনি বললেন কেশব মারা গেছে ছ'বছর আগে।
এরপর শুধু চোখ মুছেছি আর বুঝেছি আমার নাম সলিল।
সলিলের সরলতা গৃহবধূ বোঝে, তার চাঞ্চল্য সে জানে, তার ক্ষিপ্র পথচলা সে দেখেছে শুধু দেখেনি কোনো এক ভাবুক সলিল।
কখনো কখনো এই গৃহবধূ নতুন এক সলিলের সন্ধান পায়। সেখানে সে দেখতে পায় বন্ধু বান্ধবী, শত্রু মিত্র, পরিবার পরিজন, পথিক, ভিখারী আরও কত কি।
এজন্যেই সে সেদিন পুরানো পাড়ায় যেতে সম্মতি দিয়েছিল। এরপরে প্রতিদিন টিফিন খাওয়ার পর যখন সলিল ঘুরতে বেড়িয়ে যেতো, একটু ভাবতে হয়েছে তাকে।
যে দিন সলিল বাড়িতে ফিরলো সাদা ধুতি পরে বড় বিষ্ময় জাগলো। দুধ সাদা নতুন উত্তরীয়টাও তার চোখ এড়ায় নি। সাথে আছে নতুন একটা ন'দন্ডি পৈতা আর হলুদ রংয়ের একটা সোনার চেইন। 
বাড়িতে ফিরে শুধু নানান কথায়, নানান প্রশ্নের মুখে তার উত্তর একটাই। 
আমি সন্ন্যাস নিয়েছি।
হায়রে কর্মযোগী !
যেদিন আস্তাকুড়ে তার আনাগোনা ছিলো সেদিন তার এই ইচ্ছে হয় নি। যেদিন বিবাহিত জীবনের স্বাদ পায়নি সেদিনও হয় নি। যখন সুখ-সমৃদ্ধি এসেছে সেদিন তার ইচ্ছে হলো সন্ন্যাসের।
প্রবাদ আছে ' ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।' একটা আধিভৌতিক উদ্বেগ, তার গৃহিণী, সীমার মাথায় চেপে বসলো। আসলে সীমা সলিলকে খুব কাছ থেকে চেনে।
সে রাত সেভাবেই শেষ হলো, পরের সকালে সলিল স্নান সেরে নিজের ডেস্ক থেকে আর নড়লো না। খাবার খেলো প্রতিদিনের মতন।
এর পরে সীমা আর কিছু জানে না। সে রাতে তার ঘুম ছিলো অতি গভীর। সকালে উঠে সে দেখেছে সলিল তার নির্দিষ্ট ডেস্কে বসে লিখে চলেছে।
নিয়ম মত দু কাপ চা নিয়ে সে বললো, চা ঠান্ডা হয়ে যাবে যে!
সীমার কপালে একটা চুমু দিয়ে শুরু হলো নতুন আরো একটা দিন ঠিক আগের মতন।
বিশ্বকর্মা পূজো আসলে মা দূর্গার আবাহন এই বাংলায়। করিৎকর্মা বিশ্বকর্মা বাঁশ কাঠ ইট পাথর অথবা লোহা টিন নিয়ে কর্মযজ্ঞে মেতে ওঠে আশ্বিনের প্রথম সকাল থেকেই। 
এই পর্যায়ে সলিল খুব সুন্দর ভাবে পুজোর আনন্দ নিয়ে পরিবারের সাথে হাটে বাজারে অথবা রাস্তায় হেঁটে বেড়িয়েছে। নতুন কাপড় জামা সব কিছুই এসেছে ঠিক আগের বছরের মত। শুধু বাকি ছিলো সলিলের পরিধান। 
সীমা ভেবেছিল একটা সুন্দর ধুতি কিনবে সলিলের জন্য। সীমা কখনো ভাবতেই চায় না সংসার ছেড়ে অন্য কোনোখানে চলে যাক তার সলিল।
সেই চওড়া পাড়ের ধুতি সীমা বাড়িতে আনতে পারেনি। ধুতিটা দোকানির সাজানো সেল্ফে রয়ে গেছে। সীমা ভেবেছিল একদিন একসাথে একবার ওই দোকানে দুজনে পৌঁছবে। সেটা হয়ে ওঠে নি কারণ চিরাচরিত নিয়ম মেনে সলিল আবার স্যুটেড ব্যুটেড হয়ে সেদিন সীমার সীমান্তে পা রেখেছে।
সীমা অনেক চিন্তা করেছে এর আগে, কখনোই সেই চিন্তা আদর্শের রূপ পায় নি। যা ভেবেছে তার সমাধান উপস্থাপন করেছে তার সলিল। এই এখন আজকে সলিল সেরকম কিছুই বলে নি, ফলে সীমার চিন্তা হয়ে পরেছে একটা দর্শন। নতুন ভাবে সে বুঝতে পেরেছে সাদা কাপড় থেকে এই অভিযোজন আদতে তাকে ব্যাতিরেকে অন্যকিছুর উপস্থাপনা।
সেই রাতটাও সলিল কম্পিউটার এর সামনে বসে মাউস টাকে নানান ভাবে ঘুরিয়ে চলেছে নানান ফাইলে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাদুটো দুলিয়ে মাথার চুল গুলো আউলাচ্ছে। 
তখন কম্পিউটারের স্ক্রিনে খুব মন দিয়ে একটা ছবি দেখছিল সে। একটা ছোট্ট বাচ্চার মাথায় একটু হাত রাখলো, হাসলো, বিড়বিড় করে কি সব বললো। এর পরে একজন মহিলার ছবির দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। না এরপরে আর কিছু সে করার সুযোগ পায় নি।
 হঠাৎ লোডশেডিং হওয়ায় হাত পা ছুড়ে সপাট মেঝেতে সে পরে গেছে। মা আর মেয়ে কখন তাকে বিছানায় শুইয়ে দিয়েছে সে জানে না।
পরেরদিন সকালে ঘুম ভাঙ্গার পর সে বুঝতে পারলো শরীর জুড়ে ভীষণ ব্যাথা। ছোটো বেলায় অনেক বার সে আছাড় খেয়েছে, পরের দিন আবার ছুটেছে প্রতিদিনের মতন।
এদিন সে সেসব পেরে উঠলো না। কষ্ট করে কম্পিউটার এর মাউসটা ধরে সে মেয়েকে ডাকলো। মেয়ে এলো না। সীমার নাম ধরে চিৎকার করে উঠলো। না সীমাও সেদিন আসে নি। এরপর তার আর কিছু মনে নেই।
সেদিন তার মেয়েটা এসেছিলো তার ডাক শুনে, সীমা এসেছিলো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অথচ সলিল সে সব দেখতে পায় নি।
মুঠো করা হাত জোড়া সে দিন প্রথম খুলেছিল কিন্তু কিছুই সে আর ধরতে পারে নি।