বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রামগরুড়ের ছানা

কতিপয় বামপন্থীরা উগ্র আন্তর্জাতীয়তাবাদকে মান্যতা দেয়। তারা রবীন্দ্রনাথের "দাও ফিরে অরণ্য লও এ নগর" কথার বিপক্ষে গিয়ে নানান কথায় তাঁকে জর্জরিত করেন। আজ তারা নপুংসক হয়েছেন। পৌরুষ শেষ হয়েছে আজকের দুনিয়ায় অরণ্য ফিরে পাওয়ার ইচ্ছা দেখে এবং তাঁর এই দুর্লভ দার্শনিক চিন্তার কারনে।  

বাঁ হাত জন্মগত ভাবেই ক্ষয়িষ্ণু এ কথা অন্তত আজ তারা স্বীকার করে। আসলে বই খুলে নিয়ে পরীক্ষা পাস এরা শিখিয়েছে। অনতিক্রমে তাসের ঘর ভেঙে পড়েছে গোটা দুনিয়ায়।

দার্শনিক মার্ক্স সাহেব বেঁচে থাকলে এসব দেখে নির্ঘাত মূর্ছা যেতেন। পরবর্তীতে লেনিন সাহেব কিংবা লং মার্চের প্রবক্তা জেদং আলটপকা এই সব স্তন্যপদের বলতেন তিষ্ঠ শিশু তিষ্ঠ। যা হোক এসব যখন হয়নি তখন এই স্বঘোষিত বামেদের আধুনিক কালো গন্ধগোকুল বা বাম বিড়াল বলা যেতেই পারে।

এই ভিন গ্রহের মানুষ গুলো পৃথিবীপৃষ্ঠে থেকেও সপ্তর্ষি মন্ডল অথবা ধ্রুবতারা না চেনা মানুষের দলে। 

এরা না কি মানুষকে মুক্তির পথ দেখাবে!

হাসতে আমার মানা।


বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

চললাম বাড়ির পথে

 চললাম বাড়ির পথে

অনিন্দ্যসুন্দর দেখতে এই ব্যানার্জী দা। রবীন্দ্রসঙ্গীত এর বিষয়ে পরাকাষ্ঠা। মেজ মেয়েটা উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শিনী। নাম আর কন্ঠ একেবারে সমমেলে বাজে। রূপ? না ততটা নয় যতটা ওর নাম আর কন্ঠের। লেখা'র সাথে এ ভাবেই পরিচয়। ওর দিদি আমার বান্ধবী। নাম কুহু। চেহারার বর্ণনা দিলে মধু কবির কথায় বলতে হয়। " আলুথালু হায় এবে কবরী বন্ধন।" থাক এসব। ছোটো বোন সুলেখা খুব মিষ্টি। একদম ব্যানার্জী দার মতন। কুহু আর সুলেখা, ব্যানার্জী দার সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠে " বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।" সত্যিই সে আনন্দ ধারা আমি দেখেছি।

আর লেখা? ওর ওই উদাসীন চোখ বড়ো কাছে টানে। তবে পৌঁছনো? না তা শত-লক্ষ প্রশ্নে ব্যাথিত।  

আসলে লেখা ছিলো উচ্চাঙ্গ মার্গ সঙ্গীতের মতন। যার মর্মার্থ কিছু বলতে গেলে গলার স্বর কেঁপে ওঠে। 

লেখা জিতে গেছে। আমাদের মতন ও কিন্তু সংসার পাতে নি। একা'ই ছিলো, আজও আছে।

এই ভাবে থাকা নিয়েই দু-চার কথা মনে এলো ওকে খুব ভালো ভাবে জানি বলে। ওকে কেউ কোনোদিন প্রেম নিবেদন করে নি।  শিল্পী সত্ত্বাকে ভালো বেসেছে সবাই এমন কি আমিও । ওর ও মনে হতো এটাই নিরাপদ। গাছের ফুল ফোটা আর ঝরা একটা সময়ের প্রকাশ। সে সময়টা একবার বসন্ত আর এক বছরের শেষে শীত। এই অনিবার্য বিষয় মেনে চলে আজ এক বার্ধক্যের প্রাক্কালে পৌঁছে তার যৌবন এর আহ্বান বার বার উপলব্ধি হয়। 

জিবন বিষয়টা এ রকমই। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি যখন শেষ হয় তখন ইচ্ছে হলেও আর স্কুলের ওই বেঞ্চটা নিজের বসার মতন থাকে না। 

ঝরা ফুল দিয়ে ফোঁটা ফুল বানানো যায় না এ কথা এই প্রথম বুঝলো লেখা।

সেদিনের না বোঝা বিষয় গুলো আজ ওর বড় বুঝতে ইচ্ছে করে। অসংখ্য বাড়ানো হাত যা ছিলো তার কাছে উপেক্ষিত সেই হাত গুলোকে সে হাতড়ে বেড়ায় তবে নাগাল পায় না।

সেই হাত গুলো অন্য কারোর হাত ধরে অনেক পথ পার হয়ে একই ভাবে যে বার্ধক্যের দোর গোড়ায় পৌঁছেছে সে কথা তার বিশ্বাস হয় না। 

পুরানো অনুভূতি আজও রয়ে গেছে সেই চলে যাওয়া সময়ের সাথে। বুঝতে পারে যা সে চায় তা এ জীবনে অধরাই থেকে যাবে।

আয়নার সামনে দাঁড়িয়ে লেখা নিজেকে দেখে। রং করা চুল গুলো বারবার রং বদলায়; আই লাইনার আর আই স্যাডো না থাকলে বোঝা যায় চোখের নিচে কালি পড়েছে; লিপস্টিক ছাড়া ঠোঁটটাও সেই গোলাপি রং এর নেই; উঁচু গালে চাকচিক্য নেই, আছে কালসিঁটে কিছু দাগ। 

চোখ বুজে সে দেখতে পেলো এই নরদেহ।

লেখার ইচ্ছে হলো একবার বেহাগ এ সুর বাঁধতে। শ্রবণে এলো কয়েকটা কথা রবিঠাকুরের স্বরে-সুরে। জীবন কে খুঁজে পেলো ওই শব্দের লহমায়। সত্যিই তো! " সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহো।"

তার মনে হলো অনেক দুরাত্মা ভাবতে গিয়ে আজ সে নিজেই হয়ে পরেছে এক পাপাত্মা। নিঠুর সেই অতীত তার কাছে আজ বড় অপাংক্তেয়।

আবার একথাও মনে এলো আজীবন যে সত্য নিয়ে চলার পথ কি ভুল হতে পারে? মনের এই তাপ আমাকে কি তাপিত করবে, নাকি সব শেষে ছাই ভষ্মের স্তুপ হয়ে নিন্দিত হব সমাজের বুকে? 

ভাবনার ইতি পরল কলিংবেলের শব্দে। দরজার সামনে দাঁড়িয়ে আমি এই আহাম্মক। 

সেদিন গিয়েছিলাম কতগুনো শব্দের কলি নিয়ে। সুরারোপও আমার। শব্দ আর সুর রাগ আশ্রিত। 

আমাকে লেখা কথা বলতে দিলো না। শুরু করলো মনস্তাপ। বললো খুব ভুল হয়ে গেছে। 

আমি নিরুত্তাপ। ওই ঠাকুরের ভাষাতেই বললাম " ঘটেছে যা ছিলো ঘটিবার, ফলিবে যা ফলিবার আছে"।

লেখা আমার কথা মানলো না।  বললো এই ভূত-ভবিষ্যৎ নিয়ে আমার অনুতাপ নেই। বর্তমান আমার কাছে বড় সত্য। 

বললাম তাহলে আজ আর নয়। না হয় কালকে এলাম এসব নিয়ে?

অনেকক্ষন মুখের দিকে চেয়ে থাকলো। শেষে বললো তোমরা সংসারী। তোমরা ভালো থেকো।

চললাম বাড়ির পথে।

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মনে রাখবেন ইঞ্জিনিয়াররা স্তাবক নয়

কতিপয় অপাংক্তেয় মানুষ আপন লোলুপ বজ্রধ্বনি শোনালেন। গাড়ির চালক সমাজ চালক হইলে ইহা ব্যাতিত কি হইবে? ইহাকে অসি নয় মসিবিদ্ধ করিতে হইবে । তিনি আবার মহানাগরিক। ভাগ্যিস নেতাজি  সুভাষচন্দ্র বসু আজ নাই। অন্যথায় তিনি  তাঁহার মহানাগরিক উপাধি ত্যাগ করিতেন। 

ইনি কোথা হইতে আসিলেন? যৎপরোনাস্তি ঐ খিদিরপুর ডক পার্শ্ববর্তী কোনো স্থান হইতে। শিক্ষা কতদূর? উইকিপিডিয়া বলিবে। ইহার আবার উইকিপিডিয়া?

উনি আমাদের সম্মান লঙ্ঘন করিয়াছেন। কাজেই উনাকে সম্মান করা বিদেহ নয়। 

উনি ইঞ্জিনিয়ারদের একশত দিনের কর্মী স্বরূপে দেখেন। উনি মনে করেন ইহা উহার পৈত্রিক বিষয় আশয়। 

এখানে ছিঃ বলিলেও কম বলা হয়। 

বাণিজ্য বিভাগের "শেষ বেঞ্চার্সরা" ইহা ছাড়া আর কি হইবে?

লক্ষণরেখা জানানোই আজকের শেষ স্তবক।

মনে রাখবেন ইঞ্জিনিয়াররা স্তাবক নয়।

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এ কোন গড়?

বণিকের মানদন্ড রাজ দন্ডে পরিণত হওয়ার প্রাক্কালে জন্ম হয়েছিলো ফোর্ট উইলিয়াম। সে সময়ের বাংলার স্বাধীন নবাব এই ফোর্ট বানানো বিষয়টি মেনে নিতে পারেন নি। শুরু হয় বৃহত্তর বাংলা বাঁচানোর লড়াই। পরবর্তীতে পানিপথের পরাজয়, মীরজাফরের লালসা এবং স্বাধীনতার কফিনে শেষ পেড়েক পুঁতে দেওয়ার কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শেষ হয়।

জঙ্গলে ভরা সেই পুরোনো ধর্মতলার পথ ধরে হাঁটতে হাঁটতে সেই ইতিহাস ভাবছিলাম। আমি আজ পাঁচশত বছর আগের স্মৃতি নিয়ে পথ চলছি। একপাশে ইডেন উদ্যান অন্য পাশে মোহনবাগান ক্লাব উদ্যান। একের পর এক ইস্টবেঙ্গল -এরিয়ান্স, মহমেডান মাঠ পেরিয়ে ফোর্ট উইলিয়াম গেটে পৌঁছলাম পায়ে হেঁটে। 

রানু বললো চল উল্টোদিকের ট্রাম ধরে নেই। বললো ট্রামটা মেয়ো রোড, ধর্মতলা, কার্জন পার্ক পরিক্রমা করে আবার ফিরে আসবে এই পথেই। তারপর গড়ের মাঠ এর পাশ দিয়ে টং টং করে ঘন্টা বাজিয়ে আমাদের পৌঁছে দেবে বেহালা ট্রাম ডিপোতে। 

বললাম চল না এই কিছুটা পথ একসাথে হেঁটেই যাই? 

বললো এটা অনেকটা পথ।

ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বলতো আরো কত পথ আমাদের চলা আছে বাকি?

কিছু আর বললো না। চললাম দুজনায় গড়ের মাঠ ধরে। 

রানু বললো আচ্ছা এটা গড়ের মাঠ কেনো। এটা আগে কার গড় ছিলো?

 হাত ধরে হাঁটছিলাম। হাত ছেড়ে রানুর কান ধরলাম।  বেজায় বিরক্ত হলো। বললো কানটা ছাড়। 

আবার হাত ধরলাম তবে এবার একটা নয় ওর দুটো হাত। বসলাম একটা প্রকান্ড বাদাম গাছের ছায়ায়। বললাম একটু ভাবতে চেষ্টা কর পাঁচশ বছর আগের দিন। তখন এখানে ঘন জঙ্গল। তখন এখানে ঘুরে বেড়ায় শ্বাপদের দল। সেই শ্বাপদ সরাতেই এই জঙ্গল কেটে সাফ করেছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানী। 

বললাম ফোর্ট অর্থ  দূর্গ আর দুর্গের আর এক নাম গড়। এজন্যেই এর নাম গড়ের মাঠ।

এই প্রথম রানু আমার হাত ধরলো। বললো এ হাত আর ছাড়ছি না।

আমি ওর কপালে একটা চুমু দিলাম।


শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নঃ যযৌ নঃ তস্থৌ

না আমি বুড়ো হতে চাই না। নাম দিয়েছেন যারা তাদের সাথেই থাকতে চাই ঠিক ছোটো বুড়োর মতন। একটা যৌথ পরিবার। শ্রাবণে মনসামঙ্গলের সুরলোলুপ কন্ঠস্বর, পাঠা বলি আরো কতো কি। ভাদ্রের শেষে দূর্গোৎসব। আশ্বিনের ঝড়ে সব কিছু লোপাট তার পরে বাড়িতে কালী পূজো। উড়ন তুবড়ির সাথে আছে বসন তুবড়ির ঘনঘটা।

না আমি বুড়ো হতে চাই না। কারণ এই পঞ্চাশ পার হয়ে বুঝলাম  "  যঃ পলায়তে সঃ জীবতে "। 

কিন্তু পলায়ন এক বিভীষিকাময়। সেখানেও গরম তেল আছে। ব্যাথা বেদনা এক মূহুর্তে শেষ হয়ে যায়।

অর্থাৎ আমি এখন নঃ যযৌ নঃ তস্থৌ। 

চোখ এসব বেদন মানে না। জল যেন আর শেষ হয় না এই চোখে।

থাক এসব।


শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

জবার প্রতিবাদ

ভেবেছিলাম গোলাপ ফুটবে। বৃষ্টি এলো। শীতের শেষে বসন্তে বৃষ্টি এলো। গোলাপবাগের গাছগুলো সব আকাশ দেখতে ব্যাস্ত হলো। চোখ তুলে বললো আমি না চোখ মেললে তূমি খুশি? বকুল বললো কেনো দিদি? রজনীগন্ধা বললো তুমি না থাকলে আমার কি হবে? গাঁদা বললো বেশ হয়েছে। জগৎ জুড়ে আমিই আছি। জবা বাঁধ সাধলো। রাগ করে হাত পা ছুড়লো। টগর কে বললো তুইও আর ফুটবি না। লাল দোপাটি বললো এই বর্ষায় আমি ফুটবো না। 

পদ্ম কিছু বললো না। কাঁটাগুলো তীক্ষ্ণ হলো। গোলাপি রং ছেড়ে সে শ্বেত পদ্ম হলো। সাপের দল পদ্মের সাথে সম্পর্ক ছিন্ন করলো।

এ সবের পর পদ্মের হাসি দেখে কে? দেখলেন মা দূর্গা। বললেন আমি যাবো না পৃথিবীতে। ওই  খাল, বিল, নদী, নালায় পঁচে মর তুই।

পদ্মকলি নয়ন তখন দৃষ্টি হারালো। শুধু কথা গুলো জ্যান্ত হয়ে উঠলো রবিঠাকুরের।

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়।

তবে, কেতকী কিছু বলেনি।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

জীবনের আতিশয্য l



জীবনের আতিশয্য l


ভরা যৌবনে খরা দেখে বহ্নির বান্ধবীরা বললো , কি রে বেঁচে আছিস? বহ্নি বললো জাহ্নবির সাথে চাঁদের আলোকে প্রাণ আমার যায় যায়। আঁখি বললো তাহলে নির্ঘাত চোখে আমার ঠুলি পড়েছে। কেয়া বললো, না বাবা আমার পাতায় নৌকো বানাস না, পাছে ডুবে যায়। হৃদি বললো মম মন্দির মাঝে যে বা যারা বিরাজে তাদের কথা শুনে আমি লজ্জা কোথায় ঢাকি? 

বহ্নি বিনা বাক্যে মুখে চোখে জলের ঝাপটা দিলো। আঁখি বললো আঁখি জল মোছাবে কে? কেয়া বললো এই নৌকোর সহচর হলে হৃদিই হবে।

ও যে সমাজের হৃদয়।

হৃদি হাঁ করে কেয়ার দিকে তাকিয়ে রইলো।

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সেকাল

পূজোপ্রাক্কালে  অফিসে থাকাকালীন সময়ের দু-একটা  রসিকতার কথা আজ মনে পরলো। আধুনিক কালে মা দুগ্গার কাউন্টডাউন শুরু হয় খোঁটা/খুঁটি পূজোর পর থেকে। ছেলে-মেয়ে, বাপ-ঠাকুর্দা, প্রপিতামহ-বৃদ্ধপ্রপিতামহ তৎসহ শালা-শালী, শাশুরি -শ্বশুর, তস্য পিতা মাতা প্রকারন্তরে গৃহপালিত গরু, ছাগল, কুকুর এছাড়াও কতিপয় কামকরণী-কামলা, ক্লার্ক-আমলা, প্রায় চোদ্দ পুরুষের দান সামগ্রীর ক্রয়ার্থে যার পর নেই উৎকোচ উপাদান সারাবছরের গ্রাফ এর নিরিখে তুঙ্গে পৌঁছত। 

আমরা যারা পেশাদার তাদেরও আয় প্রায় প্রায় সমানুপাতে বাড়তো। যদিও এখন পূজা-পার্বণ বিষয়টা সারা বছর ধরে চলে এবং যথারীতি উৎকোচ আরে-বহরে একেবারেই নৈব্যাক্তিক বিষয় হয়ে বসেছে। তবু কি যেন একটা বিষয় বাদ পরে গেছে। যেমন উড়িয়া কলিগকে আমরা বলতাম, ' কাকটা এই মাত্র উড়ে উড়ে মনুমেন্টের মাথায় গিয়ে বসলো'। আবার অফিসে পৌঁছনের সাথে সাথেই দেরীতে আসার কারনে বলতাম " দাদা পূজা অসিগেলা" দেরী করে এলে চলবে? রাগান্বিত হাসিমুখে চুপচাপ বসে পরত টেবিলে। কাজের ঘনঘটা চলতো সারাটা দিন বেশ রসে-বশে। এসব এখন নেই।

এবছর আবার মা আসছেন ঘোটকে, ফল ছত্রভঙ্গম। ফিরবেনও ঘোটকে অর্থাৎ সুনিপুণ নৈরাজ্যের এক হাতছানি। ছোনেলাল একটা পকেট দেওয়া জাঙ্গিয়া কিনেছে দেখে ফেলায় বিবাদ বাঁধলো।

নাড়ুদা বললো বুক পকেট, সাইড পকেট, পোঁদ পকেটেও টাকা আঁটছে না। তাই জাঙ্গিয়ার এখন পকেট থাকে। ছোনের রাগ আর ধরে না। সে বললো জাঙ্গিয়ায় নজর না দিয়ে ব্রেসিয়ার দেখো। ওখানে ডবল আনন্দ। 

আমরা সেকালেও ছিলাম আর একালেও আছি। আমরা মানে সিনিয়ররা পরেছি মহা সংকটে। 

আমার নষ্টালজিক চিন্তা মাথাকে ব্যস্ত করে তুললো। মনে করতে চেষ্টা করছিলাম কোথায় যেন এরকম একটা নষ্টালজিক লেখা পড়েছিলাম। 

জোড়াসাঁকোর ঠাকুর সেদিন স্বপ্নে দেখা দিলেন। বললেন হে বৎস আমাকেও তুমি ভুলতে বসেছো?

স্বপ্ন ভঙ্গ হলো। আয়নার দিকে তাকালাম।


সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

যে সময়ের কথা লিখছি তখনও প্লাস্টিক এর ব্যবহার সেভাবে শুরু হয় নি। পড়াশোনা তখনও শেষ হয় নি তবে শেষ পর্যায়ে পৌঁছেছে। এরপর চাকরির কথা ভাবতে হবে, কারিগরি শিক্ষায় জং ধরলে মুশকিল অথচ পরিসর খুবই সামান্য। 

কংগ্রেস দল সবে মাত্র ক্ষমতা হারিয়েছে। এসেছে নতুন এক সূর্যোদয়। শিক্ষাঙ্গন মন্ডল কমিশন এর রিজার্ভেশন নিয়ে উত্তাল। সেই প্রথম জাত-পাত দেখি এই বাংলায়। এক বেঞ্চে, এক টেবিলে বসে খাওয়ার আনন্দের শেষের শুরু। তখন বুঝিনি এর ভয়ঙ্করতা, যা বুঝলাম আজ ২০২৩শে এসে। তবে সাম্প্রদায়িক বিষয় তখনও মাথা তোলে নি।

শুরুতেই প্লাস্টিক এর ব্যবহার বলেছিলাম। এই লেখায় আসলে ওটাই প্রাসঙ্গিক। বাকিটা শুধুই সময়ের অবতারনা। 

আসলে সেই প্রথম জাতপাত নিয়ে আত্মাহুতি, হত্যা অথবা আজকের পরিসরের রেগিং চোখে দেখা। কোলকাতার কোনো এক শিক্ষাঙ্গনে এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সেই প্রথম বন্ধুর দেহ সনাক্তকরণের জন্যে কাটাপুকুর যাওয়া। স্বেচ্ছায় নয়, তবে সেখানে যাওয়ার মতন কাউকে না পাওয়ায় আমাকে যেতে হয়েছিলো। সে এক নরক দর্শনও বটে। 

খেজুর পাতার পাটিতে কলা পাতার উপর তাকে শোয়ানো। মুখের ভিতরের যন্ত্রনার রেশ তখনও কাটে নি। হাতে একখন্ড রুমাল নিয়ে সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিলো তোকে এভাবেই চলে যেতে হল?

তখন কাঁচের গাড়ি ছিলো না। উন্মুক্ত আকাশের নিচে তিন চাকার টেম্পু গাড়িতে ওই পাটিতে জড়িয়ে বাধা দেহে অগরু সেন্ট ছড়িয়ে রুমালে নাক চেপে চললাম কালীঘাট শ্মশানের দিকে। 

না আমার শরীরে কোনো জাতপাত, রেগিং বা হত্যার  স্পর্শ লাগে নি। চোখে প্রথমে দু-চার ফোঁটা জল এসেছিলো কিন্তু ওর বাবাকে দেখে সে জল গাল অব্দি গড়িয়ে পরে নি। 

আজও চোখ বুজলে সেই চিত্র ভেসে ওঠে। কৃতি ছাত্রী ছিলো এভাবে চলে গেলো এই ভেবে।

এসব এতকাল মনে পরে নি। হঠাৎ করেই আবার শুরু হয়েছে সেই অতীতের অধ্যায় ২০২০ সালের অতিমারির সময় থেকে। মৃত্যুর পরে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ নেই আস পাশে। প্লাস্টিকের আবরনে কারোর বাবা, কারো মা, ভাই, কাকা, দাদা আরো কত বয়ঃজ্যেষ্ঠ আত্মীয়। 

২০২০র পূজোর ঠিক আগে আর মন মানলো না। সব কিছুকে উপেক্ষা করে পরিচিতের ডাকে বেড়িয়ে পড়লাম। না সেই সব দেহগুলোর মুখ দেখা যায় নি। শুধু কতিপয় সরকারি কাগজ হাতে নিয়ে বাড়ি ফিরেছি। সেই নভেম্বরে আমাকেও ধরলো কোভিড। একে একে স্ত্রী, কন্যা সকলেই বিছানা নিলাম। হয়ত কালের নিয়মেই একে একে আমরা সকলে সুস্থ হয়েছি গৃহে বন্দি থেকে। তারপর? মানুষের শরীরে ট্রায়াল শুরু হলো ভ্যাকসিনের।

এসব কাটিয়ে ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অতিমারি শব্দটাই পরিত্যায্য করে দিলো। এ এক নতুন পরিহাস।

তবে সেই ১৯৯০ এর ভয়াবহ ছাত্র সংহার ফিরে এলো নিজের মহিমায়। প্রথম আই আই টি এর পর মেডিকেল কলেজ সর্বশেষ যাদবপুর। 

হিউম্যান বিং এর মধ্যে যে এনিম্যাল ইনস্টিংক্ট আজকের শতাব্দিতেও রয়ে গেছে সেটা নতুন করে বুঝিয়ে দেয়। সে ইনস্টিংক্ট কখনো রাষ্ট্রীয়, কখনো ব্যাক্তি মানুষে। 

কোনো এক শতাব্দী প্রাচীন দার্শনিক এর কথা মনে পড়ল। আমি তাঁকে ফ্রয়েড সাহেব নামে জানি। তিনি এই মানুষ সম্প্রদায়ের মধ্যে তিনটি ব্যাঞ্জনা দিয়ে ব্যাখ্যা করেছিলেন। ধুম পরে গেছিলো সমাজের অভ্যন্তরে। মানুষের আবার প্রকার ভেদ? 

সেই ইড, ইগো আর সুপার ইগোর যে ব্যাখ্যা সেটাও এই উন্নত সমাজের ক্ষেত্রে একেবারেই বেমানান হয়ে পরেছে। এক বাক্যে বললে বলতেই হয় মানুষের মধ্যে সত্যিই কোনো পরিবর্তন আসে নি। তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা। অন্যান্য স্তন্যপের মতন আজও আমরা এনিম্যালই রয়ে গেছি।

বিশ্বের প্রতিটা খন্ড চিত্র আজ সেকথাই আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে। 

শনিবার, ১২ আগস্ট, ২০২৩

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন

জাতীয়তাবাদী উন্মেষ ঘটাতে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা লাগিয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ছাপাতে হবে। আমি গফ্ফরকে বললাম তুই বাড়ির চার ধার শুধু পতাকায় ভরিয়ে তোল। মোবাইল ক্যামেরায় ভিডিও বানা। পুরো পরিবার যেনো এই ভিডিওতে থাকে। 

আমি ডিকোষ্টাকে বললাম এটা তোমাকেও করতে হবে।

 আমি আমাকে বললাম জাতীয়তাবাদী উন্মেষ এ রকম বালখিল্য বিষয় নয়। কাজেই এই মূর্খের সংসর্গে আমি নেই। 

এই বহুজাতিক সমাজে এই ধরনের বাধ্যতামূলক কার্যক্রম চলিত ভাষায় বললে বলতে হয় ছাগলামি। না আমি সে দলে নেই। 

ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো আছে, আছে ন্যায়ালয়, লাল কেল্লা এই সব প্রশাসনিক প্রতিষ্ঠান। 

তা বলে ঘরে ঘরে?  পতাকা কিনে বাড়িতে পৌঁছে দিলেও এই পতাকার অধিকার কে বোঝাবেন?

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন। 

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কোথায় চলেছি আমরা?

কোথায় চলেছি আমরা?
সকলে আমরা চলেছি। কোথায় চলেছি? কেউ বলতে পারে না সে কোথায় চলেছে। ঠিক হিমবাহের বরফ গলা জলের গতি পথের মতন। বরফ গলে জল হচ্ছে। প্রকৃতির নিয়মে তৈরী আছে তার গতিপথ। কখনো উত্তর থেকে দক্ষিণ কখনো দক্ষিণ থেকে পূর্ব আবার কখনো পূর্ব থেকে দক্ষিণ। পথ তাকে নিয়ে চলে না বরং নিজের চলার পথ নিজেকেই বানিয়ে নিতে হয়। 

কোন সেই গভীর সমুদ্রে তাপ বাড়ে কমে, জল বাষ্প হয়ে পাখা মেলে আকাশে। সে নিজেই জানে না সে কোন পথের পথিক। যখন তার পা ভারি হয়ে ওঠে তখন সে ঝরে পরে। ঝরে পরে মাঠ, ঘাট , নদী, পাহাড়, সমুদ্র সর্বত্র। ঘুরে ফিরে পৌঁছয় সেই পুরোনো বাসস্থান সমুদ্রে।

ঝড় ওঠে ঝড় থামে। গাছ গুলো ভেঙে পরে আবার নতুন শাখা গজায়। পূর্ণাঙ্গ সেই গাছ মাথা তুলে আকাশ দেখে। এ যেন এক ভাঙা গড়ার খেলা। এ যেন সৃষ্টি আর ধ্বংসের মেল বন্ধন। কখনো আশা জাগে ঠিক পরক্ষনেই ফিরে আসে হতাশা। 
এর মধ্যেই আমরা জীবন খুঁজে পাই।
একটা ফুটফুটে শিশু যখন প্রথম আলো দেখে তখন কেঁদে ওঠে। ডাক্তার এই কান্না দেখতে পেলে খুশি হয়। আর আমরা? আমরা শুধুমাত্র মায়ের কোলে সুন্দর একটা শিশুকে দেখতে পাই। কিন্তু কাল? কাল কি হবে এ কথা তখন ভাবি না। এরপর সে বড় হয় আর বুঝতে শেখে কোনো এক কারাগারে সে বন্দি। পথ খুঁজতে গিয়ে সে বুঝতে পারে এই লোহার গরাদ তাকে ভাঙতে হবে। এই প্রথম গর্ভের বাইরে এসে নতুন গরাদ দেখা। এরপর? 
পথ খুঁজে পাওয়া। নতুন আরো এক শৃঙ্খল রচনা। নিজেকেই নিজে বেঁধে সেই দড়ির বাঁধন খুলতে হাতরে যাওয়া। এটাই আসলে পথ খোঁজা। 
অন্তর আর আত্মা, কথা আর বার্তার পথ ধরে তৈরী হয় মন। সে মন তোর আর আমার। এই ভাবে মন্ত্রের জন্ম। 
ওই যে হিমবাহ, ওই যে সমুদ্র, ওই যে জল আর বায়ুর পথ বানানো ওটাই জন্মের পরে প্রথম শিক্ষার আধার। 
এসব বুঝতে বুঝতেই আমরা প্রথমে শপথ নেই তারপর? বিপথগামী হয়ে পরি। অথচ দুটোই তো পথ। কেনো এমন দুটো শব্দের সৃষ্টি? 
কথা গুলো শুনতে পেয়ে পাহাড় নড়ে উঠলো, সমুদ্র উত্তাল হলো, ঝড় উঠলো। 
সদ্য ভূমিষ্ঠ শিশুটা একথা বুঝলো না।



মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

স্মরণে শ্রাবণ তিথি

স্মরণে শ্রাবণ তিথি

সত্যিই প্রকৃতির আঁখি আজ অশ্রুস্নাত। সে অঝোরে কেঁদে চলেছে। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরি,যমুনা সব নদীর জল বেড়ে চলেছে প্রকৃতির এই অসীম ক্রন্দনে। তিনি সুরেলা ভাবেই লিখেছিলেন শ্রাবণের এই সৌন্দর্য। তাঁর মন সেদিন এই মেঘের সঙ্গী হয়েছিলো। তিনি তাল-তমালের বনে রূপোর ছটা দেখতেন এক চিলতে বারান্দায় বসে। কখনো সে বারান্দা কোলকাতার ঘেরাটোপে আবার কখনো শব্দহীন, জনহীন দূর কোনো এক পরবাসে। কখনো প্রবল বর্ষণের তোরে ভেসে যায় গ্রাম কখনো শিলং পাহাড়ের মৃত ঝর্ণার জীবন্ত হয়ে ওঠা। যে শ্রাবণের আনন্দে তাঁর মন ব্যাকুল হতো সেই শ্রাবণেই বাংলার চোখে ধারা নামলো। এই প্রথম আকাশ  দেখলো সমুদ্র থেকে হাওয়ায় ভর করে যে জলরাশি এসেছিলো সেগুলো লুট করে নিয়েছে এই ধরণীর মানুষেরা। 

না এই সিক্ত নয়ন আজও সিক্ত শ্রাবণের তৃতীয় সপ্তাহে। এ যেন ঠাকুরকে পেয়েও হারানোর অনুতাপ। নিমতলা ঘাটের সদর দরজাটা সেদিন ভেঙে পরেছিলো লোকের ভারে। আমার এ কথা বিশ্বাস হয় না। আমার মনেহয় এই প্রথম লোহার তৈরী গরাদটাও শোকে মূহ্যমান। সেও যেন সেদিন তার দাঁড়িয়ে থাকার অবস্থা হারিয়ে ভেঙে মিশে গেছিলো মাটিতে।

না ঠাকুর এসব দেখেননি। সেদিন প্রথম তাঁর চোখ অস্ত গেছিলো। এরপর একে একে গোটা দেহটা। যে অপরিসীম কষ্টে মেডিকেল কলেজের উন্মুক্ত বারান্দায় তিনি শেষ শ্বাস রেখেছিলেন সেদিন, আকাশ বুঝে উঠতে পারেনি। রাশি রাশি মেঘ হাওয়ায় ভর করে আসছে আর অচিরেই হারিয়ে যাচ্ছে। সে যখন একথা বুঝলো তখন আকাশের রবি অস্তাচলে।