বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

কেশের গল্প

একটু ভাবতে বললেন ভগবান। একটু ভাবতে বললো ভূত পেত্নী। একটু উচ্চে বুঝতে পারলো মানুষ।
ভগবান বলতে কী বোঝায়?
মানুষ বললো যারা ভাগ্যবান।
আচ্ছা পেত্নী বিষয়টা কি?
মানুষ বললো পতনের পরেও যিনি পত্নী।
শুরু হলো বারোদুয়ারিতে বিঘ্ন।
শক্তি সেখানে প্রথম বক্তা। 
রিক্সা এলো শক্তি চললো।
এলেন সুনীল।
চুরুট তখন আগমার্ক থেকে একটু পিছিয়ে।
মিষ্টি গুড়ের স্বাদ।
গুঢ় অর্থে মধুর।
এখানে না কি মধুকবিও আসতেন। থাক সে কথা।
কারন ব্রাত্য সামাজিক পরিসরে কিছু বাওয়াল করেছেন।
মন্ত্রী বলে কথা, কাজেই ...  থাক ওই ঠুঁটো।
এর পরে দানোর আবির্ভাব।
দেখতে অনুস্কা হলেও রূপে অশরীরী।
চলতে শিখেছে। 
দৃষ্টি ঠিক শকুনের মতন।
শকুন্তলা চিন্তায় পরেছে।
বিস্তর প্রেমের শেষে সন্তান সম্ভবা।
দুষ্মন্ত এদিক ওদিক দেখে বুঝলো ধর্ষনের থেকে বাঁচার একমাত্র উপায় পিতা হওয়া।
মনে হল যদি অন্য কেউ হয়?
আসলে এপিক আর মিথ এর সংঘর্ষ।
এখানে হারলো কে আজ জিতলো কে এটা প্রাসঙ্গিক নয়।
তবুও?
লক্ষ্মীছাড়া শুধু নষ্ট করে। তারা লক্ষ্মীন্দরের ঘরে কালসাপ পৌঁছতে একটা ছিদ্র রেখে যায়।
কালসর্প দোষ গুণ বিচার করতে পারে এখন ওঝা। এজন্যেই সহস্র ছিদ্র তৈরী হয়েছে।
সে যাকে পায় তাকেই কামড়ায়।

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

হৃদকম্প

পশ্চিমবঙ্গ এখন বারোয়ারি উৎসবের প্রাণকেন্দ্র। মহারাষ্ট্রে শিবাজী ছিলেন, গণেশ আছেন। দক্ষিণে আছে পোঙ্গল, ওনাম। উত্তরে স্বয়ং রামচন্দ্র। পশ্চিমে শ্রীকৃষ্ণ।
বাংলায় সব আছে। কাকে চান?
রূপকথার গল্প এখনো বেশ মনে আছে।
এখানে হাতি জাগে, ঘোড়া জাগে, তাল পত্র খাঁড়া জাগে, আর বিক্রমাদিত্য রাজা জাগে।
এখন একটুখানি আলাদা।
এখানে এখন গদি জাগে, ক্ষমতা জাগে, জাগে অসংখ্য আবাল।
শুধু মনুষ্যত্ব জাগে না।
জাগবেই বা ক্যান?
এই রাজ্যে শোক আছে? সন্তাপ আছে? 
কি আছে অবশিষ্ট?
আছে আছে অনেক কিছু আছে। 
কথা আছে, সুর আছে, লেখা আছে, ছবি আছে, শিল্প আছে, শিল্পী আছে, শিক্ষা আছে।
যদি কিছু বাদ পরে যায় সেটা কভার করার জন্য একজন আছেন।
বিতর্ক করার প্রাঙ্গণ এখন নেই।
কে যাবে বিতর্কে?
আমরা এনেছি কাশের গুচ্ছ, আমরা এনেছি শেফালী মালা।
এখন ছাত্রের কাশের গুচ্ছ দেখার সময় শেষ হয়েছে, মিস শেফালি কে আমি দেখেছি।
ওয়াও সেক্সী।
মাধব এতক্ষণ দেখছিলেন।
কথা বলার কোনো ইচ্ছা ছিলো না, তথাপি এই শেফালী নিয়ে আর মুখ বুজে থাকা যায় না।
ব্যাধ এর সেই বিষাক্ত তীর তার পায়ে লেগেছিল।
সেখানে তার পরিচয় শ্রীকৃষ্ণ।
তাহলে এই মাধব কে?
স্কুলের সেই পাটিগণিত মনে আছে?
সেখানে যাদব ছিলো, মাধব ছিলো , আর কেশব ছিলো।
সেই অঙ্কটাই আজ নতুন অঙ্কের সারবত্তা।
গদি আর ক্ষমতা এসব বুঝতে শেখে নি এটা আপামর মানুষ সামান্য বুঝতে পারছে।
পুরোটা বুঝতে সময় লাগবে, কারণ তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
নব কংস, নব গোকুল, নব কৃষ্ণ।
রাস্তা দিয়ে একটা পাগল মায় মানুষ যাচ্ছিল। মুখে তার একটাই কথা, " কোথাও শান্তি নেই।"
এখন পাগলের কথা মানুষ বোঝে না।


মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

শব্দ করিতে মানা

অদ্য তৃতীয় দিবস। প্রথম দিবসে অগ্ন্যুৎপাত হইয়াছিল। দ্বিতীয় দিবস ও ওইরূপ, শুধু পার্থক্য ইহাই অগ্ন্যুৎপাতের মাধ্যম কন্ঠ। তৃতীয় দিবস সামান্য তির্যক বৈকি!

এইদিন না হইল অগ্ন্যুৎপাত না রহিল কন্ঠ, যাহা রহিয়াছে তাহা দম্ভ বলিলেও কম বলা হয়।

মিথ্যার বেসাতিতে ইহা নতুন কিছু নয়। অতীতেও ছিলো এবং পুরুষানুক্রমে ইহা বস্তুত বরাভয় অপেক্ষায়ও বৃহত্তর হইয়াছে। সামান্য পার্থক্য ব্যাতিরেকে ইহা সামান্য ব্যতিক্রমী।

ইতিপূর্বে শিক্ষিত মনুষ্যবর্গ মিথ্যা বলিতে দ্বিধা সন্ত্রস্ত থাকিতেন, আজ রাজনীতিতে মূর্খের পদার্পণ এর কারনে ইহাও আর নাই। 

গীতায় হাত রাখিয়া অথবা পাছায় হাত রাখিয়া ' যাহা বলিব সত্য বলিব...' এক ও অভিন্ন হইয়া ইতর অবস্থায় দন্ডায়মান।

গম্ভীরাচার্য অতঃপর দন্ত বিকশিত করিলেন। বহুযুগ দন্তের পরিচর্যা যে হয়নাই ইহা তাহার দন্তেই প্রস্ফুটিত।

কত গুটকা, কত খৈনির একাত্মতায় ইহা এইরূপ রূপান্তরিত হইয়াছে কেবল দেবাদিদেবই ইহা সম্যক ভাবে জানেন বলিয়া মনে হয় না; এই জনসাধারণের অভ্যন্তরে যাহারা স্তাবক পর্যায়ের নন তাহারাই নিশ্চিত ভাবে ইহা জানেন।

আগুনের শরীরের উত্তাপ আজ আর নাই। শীতল হইতে ইচ্ছাও তাহার মনে আসে না। অগ্নি, বরুণ, পবন এক উৎকট পরিস্থিতির সম্মুখে। 

আসার ইচ্ছাও নাই, তবুও নৈব্যক্তিক কারণে এই আনয়ন। ফিরিবার পথ নাই এই সত্যের সম্মুখে সমস্ত স্বর্গের রাজন্যবর্গ।

সম্ভবনাময় প্রোজেক্ট পাইয়া সূর্য সুখী বলিলেও সামান্য বলা হয়। মৃত তারাদের সাথে তিনি ছিলেন আছেন এবং থাকবেন, ইহাই বিজ্ঞান।

এই প্রথম বীর হনুমানের বগল ভস্মীভূত হইল, সূর্যের অবর্তমানে লক্ষ্মণ মরিলো, সন্ধ্যা আসিল রাত্রের শেষে।

কাক কাকা রবে সেদিন জাগে নাই, শ্বাপদের দল দিব্য আছে খোশ মেজাজেই। শুধু সারমেয়র ক্রন্দন রহিল অহরাত্রি।

ভ্রম ভাঙিতে পেঁচক টু শব্দেও জানান দেয় নাই। সে জানে এ রাত্রে কন্ঠ রুদ্ধ রাখিতে হয়।



সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

শত্রুঘ্ন

চতুর্দিকে শুধু আগুন আর আগুন। জ্বলছে শুধু জ্বলছে। কোথাও বস্তি, কোথাও বহুতল, কোথাও বাজার, কোথাও বিরোধী মঞ্চ। 
সব জ্বালিয়ে দিয়ে লাভ কোথায়?
সূত্রের খবর লিখতে লিখতে সাবির ক্লান্ত হয়ে পরেছে। চোখের ঠুলিটা ইচ্ছে হয় খুলে ফেলার।
পারছে না, পেরে উঠছে না।
একদিকে প্রজ্ঞাবান নিশ্চুপ অন্যদিকে স্বাদ ভক্ষণের মাসিক কিস্তি পাওয়া পঞ্চাশ শতাংশ নিশ্চুপ।
আসলে এই গোপনীয়তার এখন একটা মালিকানা হয়েছে। 
অর্থাৎ তুমি শিক্ষাবিদ হতে পারো, তোমার নাম মরন, তুমি পাল বংশীয়, তুমি বশংবদ।
আবার কাগজের পাতার তর্জমা।
লিখেছে সিগারেট এ গাঁজার স্বাদ পাওয়ার ইতিহাস।
থানায় নিঃষ্পাপ কমবয়সী অনেকগুলো ছেলে বসে আছে।
তাদের মা-বাবা কাপড়ে মুখ ঢেকে মূক বধির হয়ে তাকিয়ে আছে প্রতিবাদী নিষ্কলঙ্ক সন্তানের মুখের উপর।
সাবির নাকের উপর থেকে চশমাটা নামালো। সে দেখলো সংবাদ পরিক্রমার কারনে তাকে ঘিরে রেখেছে কিছু ব্যক্তি বা ব্যক্তিত্ব। 
তাদের ইচ্ছার থেকে কিছু আলাদা খবর সে লিখেছে তার কলমে।
একজন শক্ত হাতে তার কলমটা কেড়ে নিলো। ফাঁসির আদেশের পরে যেভাবে কলমের নিব ভাঙা হয় সে ভাবে সে সেটা ভাঙলো।
এই সামান্য সময়ের ব্যবধানে সাবির হয়েছেন শত্রুঘ্ন। হাতে তার স্বয়ংক্রিয় ক্যামেরা, পাশে দাঁড়িয়ে দুজন ষন্ডামার্কা চেহারার যুবক।
শত্রু ঘন সমাজের মাঝে সুন্দর একটা ছেলে। 
ছেলে নয় পুরুষ। না পুরুষ নয়, মানুষ।
সবাই তাকিয়ে তার দিকে।
মনেহয় যেন অনেক আলোকবর্ষ শেষে একটা মৃত নক্ষত্র আজ জেগে উঠেছে। আলোর বন্যা সেদিন ছিল না।
শুধু একটা শরীর, একটা সবল হাত, একটা সুন্দর চাহনি, একটা শীত চলে যাওয়ার আগের বৃষ্টি।
এখানেই সব আগুন নিভে গেছে।
পোড়া দেহের ঘ্রাণ শেষ হয়েছে।
ছোটো বাচ্চা গুলো বৃষ্টির কাঁদায় মাখামাখি।
জলের সাথে জ্বলন্তের কখনো সহাবস্থান হয় না।
হয়ও নি সে দিন।
যে নিভিয়ে দিয়েছে, এখন তাকে খোজার পালা।
প্রথমে এলেন শিক্ষিতেরা, এরপর অশিক্ষিত অর্ধশিক্ষিত, এরপর এসেছে কিছু লোক যাদের সমাজে পরিচয় নেই।
এরা খুব অসহায়। এরা খজা প্রকৃতির।
শুরু হলো শত্রুঘ্নর শত্রু চেনার প্রাথমিক পর্যায়।
প্রথম যার কলার সে ধরলো, তিনি শিক্ষিত, শেষটা কোনো এক খজার।
শেষ জন সেদিন স্তাবকের পর্যায়ে পৌঁছয়নি।
পৌঁছেছে ক্লীব ।








শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

দূরদৃষ্টি

বিচ্ছিরি একটা জীবন যাপন। এখানে মিথ্যা বেশী সত্যি কম। সবচেয়ে বেশী যেটা সেটা সত্যি আর মিথ্যাকে একসাথে রেখে কথা বলা।
সমস্যা এখানেই।
পৃথিবীর কোনো সভ্যতা এই সংস্কৃতি কে সমর্থন করে না।
এটাই হিটলারি সভ্যতা।
বাংলায় বিদর্ভ বাঙালি নেই।
বাংলায় বিধর্মী রাজনীতিক আছেন।
ধর্ম মানে হিন্দু -মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ-জৈন নয়।
বিদর্ভ বাঙালি নিস্তেজ হয়ে পরেছে এ কথা যেমন ঠিক, ঠিক তেমন বাঙালির বিনিদ্র রজনী কাটে শুধু ধর্মহীন কোনো একটা সমাজের সাথে মানুষের বেড়ে ওঠার জন্য।
এই ভারত এ কথা বুঝতে অক্ষম এমন নয়।
যে বুঝতে পারে সে বোঝে, আর বাকি যারা তারা এখন পর্যন্ত বুঝতে পারেনি, আগামী দিনেও বুঝবে না।
ধর্ম মূর্খ বুঝতে পারে যখন শিক্ষা প্রসারিত হয়।
এই ভঙ্গ বঙ্গে ধর্ম কখনো প্রাতিষ্ঠানিক রূপ এর আগে পায় নি।
এমন হয়েছে কেনো?
রাবীন্দ্রিক যুগের অনেক পূর্বে  কোনো এক কবি লিখেছেন,
" ধর্ম যে দিন যাইবে দুনিয়া ছাড়ি
সব তলোয়ার হইবে সেদিন 
কাষ্ঠের তরবারি।"
না কবির কথা এখনও পিছনে রয়ে গেছে।

















সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

যিনি পড়েন তিনি লেখেনও বটে!

মাধ্যমিকের অন্যান্য বইগুলোর তুলনায় ইতিহাস বইটা একটু মোটা হওয়ায় সূচিপত্র আর শেষের পাতার বর্ষপঞ্জি ছিঁড়ে যায়। রেয়ান খুব যত্ন করে বইটা বাইন্ডিং করে রাখলো। তার ইচ্ছে টা ঠিক ওই সময় থেকেই শুরু হয়। ইতিহাস খুব ভালো লাগে তার।
তার মা তাকে বলতো, প্রতিদিন একপাতা লিখবি। লিখবি কি হয়েছে, কি হয় নি। পরের দিন আবার সেদিনের সমস্ত সুখ দুঃখ সাথে কালকের নতুন পরিকল্পনাটাও লিখে রাখবি।
রেয়ানের খুব ভাল লেগেছিল মা এর এই কথা গুলো। সেই মত সে লিখতেও অভ্যস্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। 
এই মাধ্যমিক পরীক্ষার আগে তার মনে হলো ইতিহাস থাক। বইটাও থাকুক।
একদিন তার মা থাকবে না, থাকবে তার মা এর কথা অনুসারে লিখিত একটা ইতিহাস।
যখন সে বড় হবে সে দেখতে পাবে কিছু লেখা যেখানে শুধু সে নয়, তার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ভেসে উঠবে তার চোখের সামনে।
এই আনন্দই তাকে ইতিহাস বইয়ের বিষয়ে জাগিয়েছে। সে বুঝতে পেরেছে, ইতিহাস লিখতে হয়।
বইটা এখনো আছে, খাতার পাতাগুলো জীর্ণ হলেও পড়া যাচ্ছে। 
সমস্যা একটাই, এসব কিছু পড়বে কে?
এ সত্বেও লেখা থামতে পারে না বরং সে আরও বেশি গতিশীল হয়ে ওঠে এ কথাই সত্য।
রেয়ান কাগজ-কলম নিয়ে লেখা একেবারে ছেড়েছে এমন নয়, শুধু লিপিবদ্ধ করতে আজকে তার ঘর বোঝাই করা বন্ধ হয়েছে।
আধুনিক প্রযুক্তির সাথে তাল রেখে সে তার তিন আঙুলে আঁকরে রাখা কলম এখন আর ধরে না, একটা আঙুল বসে পরে বর্ণের উপরে। তৈরী হয় শব্দ, শব্দের একাত্মতায় তৈরী হয় বাক্য।
সমস্ত চিন্তা, সমস্ত কল্পনা, সমাজ, সংস্কৃতি সব কিছুই এক লপ্তে জ্বল জ্বল করে ওঠে মনিটরের পর্দায়।
কিন্তু পাঠক বেড়েছে কি?
সামাজিক আবর্ত রেয়ানের কর্মস্থল। সে বুঝতে পারে পাঠকের সংখ্যা দিনে দিনে কমছে।
তাহলে লিখে কি লাভ?
রেয়ান মৃদু হেসে সেদিন লিখেছে, পড়ার মানুষ কমলেও লেখার মানুষ বাড়ছে, এটা প্রতিপাদ্য হলে কেমন হয়?
তার মা তাকে বললেন, মন্দ নয়।
রেয়ান গোঁফের নিচের তির্যক হাসিতে নতুন ভাবে বললো; তাহলে কি পাঠক যে লেখকও সে?
মা তাকে বললেন, বাছা কালে কালে এভাবেই ইতিহাস পরিবেশিত হয়ে এসেছে। আজকেও হচ্ছে, পার্থক্য একটাই ইতিহাসের সাথে সামান্য একটু তুঁতে মিশিয়ে দেওয়া।
এইমাত্র রেয়ান চিন্তা আর উপলব্ধি বিষটা বুঝলো।
তার মনে হলো সঠিক আর বেঠিক পাশাপাশি অবস্থান করে। 
ইতিহাস থেকে সঠিক খুঁজে আনে এই মানুষ।
সে বুঝতে পারছে লিখতে হবে আরো বেশী বেশী করে।
সুরক্ষিত না থাকলেও অসংখ্য লেখার নিচে চাপা পরে যাবে এই সফটওয়্যার।
ডেটাবেস হাতজোড় করে বলবে ঠিক পুরানো দিনের প্রবনতার মতন।
ভাই একটু পড়ে দেখো!





















শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

অয়মারম্ভ শুভায় ভবতু

হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরী।
এটা উপলব্ধি।
এর পরে তিনি লিখলেন, কাটাইনু কিছু দিন দিক পরিহরি।
পরিহার করেছেন কেন?
কি হইয়াছে?
বড় কষ্ট হয় ।
প্রথম গ্লাসের শেষে নতুন করে পাওয়ার আশায় দ্বিতীয়।
এটা তামা ধাতুতে তৈরী।
না, কজে আসছে না।
আসবেই বা কেনো?
ইব্রাহীম, আব্রাহাম কে বললো তুই জানিস বাংলার রাজধানী কোথায়?
বললো মুর্শিদাবাদ।
আব্রাহাম বললো, ক্যালকাটা।
মধু বললো ওখানে আমার বাড়ি।
অয়মারম্ভ শুভায় ভবতু!
ঠিক তাই, রাজধানী কোলকাতায় হলেও এখন সেটা গঙ্গার ওপারে।
উপরে নয় ওপারে।
মধু তৃতীয় গ্লাসে জল বাঁধলেন।
জল কম।
মধু আর বেশি জল মাপতে চায় না।
নরকের জল মাপার কাজ তিনি তাকে দিলেন, জীবন যার মধুরেণ অসমাপিকা ক্রিয়া।
মুর্শিদকুলি খাঁ এর সাথে মধুর পরিচয় এই নরকে।
প্রবাদ প্রতিম দুজনে সেদিন দুলে ছিলেন নরকে।
সেখানে ফুল ছিলো না।
ফুলডোর এজন্যই হয়ে ওঠেনি।
এতক্ষণ ১৭৫৭খৃঃ চলছিল। এরপর ১৮৫৭।
আসলে এই মধূ যেমন ১৭৫৭ সনে মুর্শিদাবাদ এর পতন দেখেছেন, তেমন ১৮৫৭ সনে সিপাহী বিদ্রোহও দেখেছেন।
হ্যাঁ, তিনি দ্রোহের সাথে সম্পৃক্ত।
এরপর বাংলা বিভক্ত হয়।
ভক্তদের কাছে আজ অপ্রাসঙ্গিক মধু দু'চার কথা বলতে চায়।
ইব্রাহীম নিষেধ করলো।
আব্রাহাম বললো বাঙলা আর বাঙ্গালীর স্বার্থ তোমার খুব স্নেহের। তুমি না বললে আর কে বলবে?
স্বর্গ-নরক বিষয়টা নিয়ে যিনি সন্দিহান তিনি বাস্তবে এসে পৌঁছলেন।
বললেন হুগলি নদীর ওই পারে সারি জুটমিল গুলো কোথায়?
বললেন বাঙালির হৃদযন্ত্র স্তব্ধ করতেই সেদিন ভারতের রাজধানী কোলকাতা থেকে দিল্লিতে পৌঁছেছিল; ঠিক যেমন আজ এপার থেকে ওপার।
মধুসূদনের শেষ প্রশ্ন ওপারে নবান্ন বিষয়ক।
এক অর্বাচীন তার সামনে এসে দাঁড়ালো।
সে বললো এই তুই কে বে?
তিনি বললেন আমি মধূসুদন দত্ত প্রযত্নে মাইকেল।
সে বললো কি কারনে আপনার আগমন?
তিনি বললেন মূর্খ আর শিক্ষিতের সহাবস্থান হবে কি?
এই আধুনিক যুগে যা হয় তাই হলো।
শালার ফোনটাও আর কাজ করলো না।
শেষে হ্যালো করলো রবিঠাকুর।
তিনি বললেন,
কৃতৈতৎ তর্পণ কর্মাচ্ছিদ্রমস্তু।


বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মাতালের মূর্ছনা

ইদানিং কালে শ্যামা মা কাপড় পরেন। 
স্যরি পরেন না, পরান। কে পরিয়েছেন এই কাপড়?
মা মনে মনে মুচকি হাসেন।
তিনি বলেন মানে মানে কেটে পর।
কে কেটে পরবে?
লজ্জা ঘৃণা ভয়, নাই নাই নাই।
এটা অনেকটা দুই মাতালের সভ্যতা বিষয়ক পুরোনো গল্পের মতন।
দুই মাতাল মদ খেয়েছে নাক পর্যন্ত।
বাড়ির পথ খুঁজে পাচ্ছে না কেউ।
হঠাৎ পথ খুঁজে পেলো এক মাতাল।
সে নদীর পারে রেখে এসেছে তার ধুতি।
গঙ্গা স্নান শেষে সামান্য সুরা।
এরপর বাড়ির পথে।
দ্বিতীয় মাতাল দেখেছে তার বন্ধু বস্ত্র বিবর্জিত।
সৌজন্যের স্বার্থে নিজের পরিধান সে খুলে ফেললো।
বন্ধুকে সে বললো, তুই সভ্য সমাজে থাকিস। এভাবে...
এটা মাতালের বস্ত্র বিয়োজন।
মশয় কেমন লাগছে?
ফোঁড়ার ব্যাথা কুঁচকির পাশেই কি?
মাতাল কিছুক্ষন রাস্তার পাশে পা ফাঁক করে দাঁড়িয়ে মুতছিলো।
ফলে নেশা ফেটে গেছে। সে বুঝতে পারলো প্যান্ট শার্ট পরে তার বন্ধু সভ্য সমাজে দিব্য পৌঁছে গেছে।
এরপর সে বুঝলো সকল মুত লেগেছে তার পা এ।
এই প্রথম মা কথা বললেন।
বললেন নগ্নতা একটা স্বাভাবিক শরীরেরই ছবি।
কোন চোখ কিভাবে দেখছে, সেটা না হয় আজকে আমি না ই বললাম!
তিনি বললেন আমি জীভ বার করেছি লজ্জায়।
আমি পা রেখেছিলাম সভ্যতার স্বার্থে, এরপরে বুঝেছি আমি আর মা নই।
হায়রে অভিব্যক্তি।
শুধু মা মা  মা।
মা মন থেকে যে কথা বললেন সেটা কৃত্রিমতা কে অস্বীকার করে।
অনেক অনুরোধ সত্ত্বেও মা বসন পরেন নি।
স্তাবক এসব বোঝে না।



মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

কুদ্দুস

কুদ্দুসের নাম নেই লিষ্টে। তার বাপ ঠাকুর্দার নামও নেই। 
যে জমিতে ফসল ফলতো না সেই জমি এখন সুফলা। বাপ ঠাকুর্দার কালে জমিদার ছিলো। তারা ফসল ফলার পরে আসতো। 
থাকতো লাঠিয়াল,  থাকতো খাতা নিয়ে নাকের ডগায় চশমা পরা কিছু সাকরেদ।
না প্রথার পরিবর্তন হয় নি, শুধু নাম গুলো বদলে গেছে।
শেষ বারের মতন যখন তার চোখ দুটো খুললো সে চিৎকার করে উঠলো ।
সে বললো "এ মালিক টকা দে।"
কুদ্দুস এ ভাবেই শেষ দিন শেষ কথা বলেছে।
মালিক বদলেছে, প্রথা বদলায় নি।
কুদ্দুসের পোষ্য গুলো সকালে ভাতের ফেন আর রাতে রুটির উচ্ছিষ্ট টুকরো পেতো প্রতিদিন।
কুদ্দুস নেই তাই তাদের খাবার কিছু নেই।
কুদ্দুস এর কবরে যারা মাটি দিয়েছে তারা একবারও ভাবে নি এই পোষ্যের দল তাকে মাটি খুঁড়ে নিয়ে আসবে।
সংকট!
মানুষের নয় অ্যনিমালের।
কুদ্দুসের কবরের উপরে পোঁতা খেজুর গাছ টা মারা গেছে।
কুকুর গুলো আঁচরে কামড়ে ওই গাছটাকে উপড়ে ফেলেছে।
হায়রে, সুগন্ধ আর দুর্গন্ধের পার্থক্য কে বা বুঝতে পারে?
হ্যাঁ ওরা পারে। ওরা ভালোবাসতে পারে।
ওরা কারা?
ওরা মানুষ নয়, শুধু মানুষের সাথে থাকাটাই ওদের জীবন বোধ।
চোখ আর বাধ মানে না। কুদ্দুস শুধু কেঁদে চলে।
এই কান্না কবর থেকে ওঠে তার পোষ্যদের কথা ভেবে।
না, মালিক তাকে টাকা দেয় নি। তার জমিতে তৈরী হয়েছে কারখানা।
কারখানা, কার খানা?
হয়তো এটাই নিয়ম।
হয়তো এভাবেই কুদ্দুসেরা মরে।
হয়তো এভাবেই জীবন্ত হয়ে ওঠে।
পোষ্যেরা যখন মাথায় নিয়ে লাফাচ্ছে, তখন কুদ্দুস যে প্রানহীন এ কথা বোঝে নি।
বুঝেছে কবর থেকে তুলে আনার পর।
কুদ্দুস এ জন্য আজও মরে বেঁচে আছে।





শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সীমার মাঝে অসীম তুমি

এটা ছিল আশির দশক। একটা সাংস্কৃতিক পরিমন্ডল ছিল ।        সেটা কোন সংস্কৃতি ?
সময়টা বামপন্থার বিদর্ভ যুগ। 
কেন?
অনেকটা আকাশে ধান চাষের মতন।
আকাশে কেন?
একটা শূন্যতা ছেয়ে ফেলেছে সমাজ জীবনকে।
একটু অস্বস্তিতে পরলেন বিদগ্ধ মানুষ জন।
স্থিতিশীল জীবনের যে ইচ্ছা অন্তরে বিচরণ করতো সেখানে একটা 
প্রশ্নচিহ্ন এসে পরেছে।
খুন হলে রক্ত ঝরে কিন্তু এখানে কোনো রক্তের দাগ নেই।
তাহলে কি হয়েছে?
কেনো মানুষের মনে মননশীলতার আঘাত ঘটছে না?
কেন সমাজ অন্ন-বস্ত্র-বাসস্থান না পেয়েও নিঃশ্চুপ?
কোন সোনার কাঠির ছোঁয়ায় তারা তখন সুখী?
অসীম বাবুর মনে হয়, এখানেই সংস্কৃতির সাফল্য। এখানেই ভোর বেলায় একটা হারমোনিয়াম গলায় ঝুলিয়ে প্রভাতফেরি। এখানেই একটা বাচ্চা মঞ্চের কোনায় গুটি গুটি পায়ে উঠে আকাশের দিকে তাকিয়ে আবৃত্তি করছে
 ' তালগাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে....।'
এখানেই নাট্যমঞ্চে নবান্ন। এখানেই সিনেমা হলে হংসরাজ। এখানেই সম্রাট ও সুন্দরী অশ্লীলতার দায়ে। এখানেই কবিতার পংক্তি ' অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।"
তখন পয়লা বৈশাখে বসতো গোষ্ঠের মেলা। পাড়ার গোবিন্দ কাকু খুলতো জলছত্র সঙ্গে ভেলিগুড় আর কাঁচা ছোলা।
সন্ধ্যায় ছালা টাঙিয়ে শুরু হতো রামের পালা।
শুরু হত মালা কেনার উচ্ছাস।
রাম আর সীতা মালার গান শেষে যখন একসাথে বিড়ি জ্বালাতো, সেই ধোঁয়ার ঘ্রাণ টাও মনে হত সুঘ্রাণ।
এটাই সমাজ, এই টাই বাস্তবতা।
অসীম বাবু এইসব দেখেই লিখেছিলেন "অবক্ষয়িত সংস্কৃতির বিরুদ্ধে সমাজ প্রগতিশীল" এই বিষয়ে বিশ্বাসী ছিলেন।
সেই থেকেই শুরু হয়েছিলো প্রগতি।
মানবিক মূল্যবোধ সংস্কৃতি এই বিশ্বাস তার এখান থেকেই।
প্রগতিশীল মানুষের মাইথোলজি আর ইতিহাস বিষয় নিয়ে এই সত্যি প্রকাশ করাটা আজকের দিনে তার কাছে খুব সংগত মনে হয়।
কেন, কি সেই কারন?
অসীম হাসতে শিখেছিলেন আনন্দে।
কাঁদতে শিখেছিলেন দুঃখে।
এখন সে সব আর আসে না। ভাব গম্ভীর মুখে শুধু দুগালে হাত রেখে ভেবে চলেন, কি করেছি এই সমস্ত জীবন ধরে?
ইচ্ছে হয় লেনিন কে কবর থেকে তুলে আধুনিক সভ্যতার স্বরূপ দেখাতে।
ইচ্ছে হয় মাওসেতুং কে ঘাড় ধরে তুলে আনতে।
ইচ্ছে হয় রবি ঠাকুরকে বলতে।
শুধুমাত্র নিজের কাছে একটা কথাই সে শুনতে পায় যে কথা শরৎ বাবু নির্লিপ্ত ভাবে বলে গেছেন, "কারণ সমস্ত ধর্মই মিথ্যা,—আদিম দিনের কুসংস্কার। বিশ্বমানবতার এতবড় পরম শত্রু আর নেই।"
এভাবেই শেষ হয়েছে প্রথম পেয়ালা, দ্বিতীয় টাও প্রায় শেষ পর্যায়ে।
তৃতীয় পেয়ালাটায় একটু মাত্রা বেশী হয়েছিল সেদিন।
চোখ দুটো আপ্লুত হয় নি।
ব্রেন টা স্থূল হয়ে পরে নি।
কান টা বধির হয় নি।
শুধু কন্ঠটা হয়ে উঠেছে আগের থেকেও অনেক সাবলীল। স্বর হয়ে উঠেছে শেষ সপ্তকের অনেক উপরে।
হাতের মুঠোয় সেদিন পাথর গুঁড়িয়ে গেছে।
শেষে দুচোখ বেয়ে জল এসেছে ব্যার্থতার কারনে।
তিনি স্বগতোক্তি করেছেন কি করেছি এতকাল ধরে?
সেই সুদূর বিভাগের পর থেকে?
আমিওতো ওই বিভাগের শিকার, তবুও অধিকার নিয়ে শাসক আর শোষক বিষয় বুঝিয়েছি।
অথচ এসব উচ্ছন্নে গেলো?
ফিরে এলো ধর্মীয় অশিক্ষার বাতাবরণ?
বাস্তবতা এতো কঠিন?
পরে পাওয়া চোদ্দ আনা এখনও সেই ধর্ম?
এলোমেলো হাতে তিনি লিখেছিলেন গীতার একটা শ্লোক।
"কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ, পুন্য নেতানি তীর্থানি" ইত্যাদি।
অসীম বাবু মানুষের কথা নিয়ে পথ চলেন, ধর্মকে নিয়ে থাকেন না।
বই পত্র তার সম্বল, মানুষ তার কাছের, সমাজ গড়া তার স্বপ্ন।
এসব তার জীবদ্দশায় হয়ে ওঠেনি। মৃত্যুর পরে সবাই বলেছে এরা সবাই নন প্রোডাক্টিভ।
তবে একটা আধুনিক গীতার আবিষ্কার হয়েছে তার কথার তিমিরে।
কাব্যিক অক্ষরে সেটা এরকম।
"সীমার মাঝে অসীম তুমি।"








শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

অটোকথনাস

নিছক একটা মানুষ। মনীষী নয় নিছক মানুষ। মানুষ কি? না মানুষ নয় অতি মানুষ। সেটা কি? ঠিক ভগবানের আগের পর্যায়। ভগবান কি??
হায় ভগবান এটুকুও অজানা? 
জানা অজানা সব কিছুই এখন বদলে গেছে। ভগবানও আজকাল বদলান। 
বিচ্ছিরি ব্যাপার। না হলে ভগবান?
জীভ টা তখন টক খাচ্ছিলো। জীভ স্বাদে পরিপূর্ণ হলেও দাঁত এই টক এর প্রেমে পর্যদুস্ত।
একটা স্টমাক শব্দ করলো। শরীর বুঝতে পারলো এম্পটি ড্রাম সাউন্ড মাচ। 
অর্থাৎ পেট খালি হয়ে আছে।
পেটটা কার?
প্রথম গাল পারলো কুকুর। 
আসলে কুকুরের পেট সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন হয় নি।
এর পর শুরু করলো শকুন।
সে বললো যমরাজের বাহন গাল পারলে আমাকেও কটু বাক্য সমৃদ্ধ হতেই হবে।
এরপর এলেন নিছক মানুষ।
ছক করে বড়ো হয়নি এমন কিছু মানুষ।
রাজনীতির আঙিনায় ইচ্ছে হয় না পৌঁছতে যাদের, এরা সেই মানুষ।
এরপর এলেন ভগবানের আগের পর্যায়ে যাদের স্থান।
কুকুর গুলো শুরু করেছে চিৎকার চ্যাঁচামেচি।
শকুন মৃত মানুষের গন্ধের সাথে তখন ভাগাড়ে পেট ভরাচ্ছে।
টকে যাওয়া দাঁতটা ক্রমশঃ টক খেতে খেতে অবশেষে দাঁত হীন হয়ে পরেছে।
দাঁত টকলেও স্টমাক টকে যায় না একথা অনেকেরই অজানা ছিলো। শুরু হলো সেই এম্পটি ড্রাম এর বজ্রনিনাদ।

সামগ্রিক বিচারে এই বেঁচে থাকা মানুষজন, বন্ধুবান্ধব, পরিবার একটা প্রশ্ন করলো।
কি সেই প্রশ্ন?
এত  সম্পদ তোমার কি কাজে লাগবে?
প্রশ্নটা সহজ সরল। উত্তর খুবই কঠিন।
একটা পেটমোটা ভোঁদোর, তার সম্পদ আছে  সমুদ্রে । 
জলে থাকার অভ্যাস করো বন্ধু।
এরপর এলো পিপীলিকা।
বললো মাটির নিচে যা সব আছে, আমার কাছ খবর আছে।
ভূপৃষ্ঠে না থেকে একটু ভূকেন্দ্রের খবর রাখো।
এলো আরশোলা।
ইনি হাজার নয় লক্ষ বছর ধরে পথ হাঁটছেন এ পৃথিবীতে।
কোনো এক বদান্যতায়, নারকেল গাছের পাতার গোড়াটায় তার বর্তমান আবাস। 
লবনাক্ত জমিতে তার বড় হওয়া, ঠিক তালসারির মতন।
যদিও তাল গাছে তার বাসস্থান জোটেনি।
জন্মেছিলো কোথায় সে জানে না, বেঁচে আছে ওই বিরাট সমুদ্রের পারে শুধু কিছু নারকেল গাছের কাছে।
পরিবার পরিকল্পনা সে মানে নি। ফলে মানুষের আঁতারে নোংরা বেসিনের নিচে আস্তাকুড়ে বেঁচে থাকতে সে সম্মত হয়েছে।
অভিযোজন এখানেই প্রাসঙ্গিক।
বেঁচে থাকার অভ্যাস নিয়ে ভাবলে আরশোলা অনেকটা মানুষের মতন।
আবার শুরু হলো পাত্র মিত্র সভাসদ।
পাহাড় কাটতে আপত্তি, গাছ কাটতে আপত্তি, খাল বোজাতে আপত্তি, নদী ভরাতে আপত্তি।
তাহলে এই পৃথিবীতে আজকে আর কোনো কিছুই করার নেই।
কাকগুলো কা কা শব্দ করছে, কুকুর ঘেউ ঘেউ করছে এগুলো নাহয় মেনে নেওয়ার মতন।
তবে কিনা আরশোলা?
সেদিন সঙ্গীতাঞ্জলিতে একটা গান বাজছিলো।
বড়ো সুন্দর সেই কথাগুলো।
' অনাদি অনন্ত অরূপ হে অক্ষয়।'
একটা মানুষ কীটনাশক স্প্রে করলো তার ঘরে থাকা বেসিনের ফুঁটোতে।
আর একটা মানুষ স্প্রে হাতে নিয়ে চলল ওই লম্বা লম্বা গাছের নিচে।
একটা ছাগল তখন তার পুত্রের জন্য ব্যাকুল।
একটা দুধেল তখন বাছুর প্রসবে অসক্ষম।
একটা বানর তখন এক গাছ থেকে আরেক গাছে দাপিয়ে বেড়াচ্ছে।
বেয়াদব বানরগুলোর থাকার আর কোনো জায়গা নেই।
শেষে এসেছে একটা হনুমান।
বীর হনু।
আজকাল সে আর কলার বিচার করে না।
কেনো?
সে বুঝেছে নাই তাই খাও, থাকলে কোথায় পেতে?
না পাওয়া বিষয়টা নৈঋত , পাওয়াটা ঊর্ধ্ব এবং অধঃ।
একদম স্বাভাবিক নিয়মে ঋতু পরিবর্তন হলো। গাছ গুলো মাথা তুলে দাঁড়ালো, পাহাড় নাক দেখালো , মাছগুলো জলকেলিতে মেতে উঠলো, পাখিরা সবাই আকাশ পথের সঙ্গে প্রেম করলো।

বাকিটা শুধুই এই আমি আর আপনি।














শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

গরুর রচনা

যাদব বাবু জল মিলিয়েছিলেন দুধে। মাধব দেখলো ননী তো দূর অস্ত ছানাও হচ্ছে খুব কম। ফলে মাধব গেলেন গরুর দরবারে। গৃহপালিত গরু প্রথমে বললেন বাছুরটা দুধ পায় না। দিনে দিনে সে রুগ্ন হয়ে পরছে। 
মাধব সন্তুষ্ট নন। তিনি বললেন তুই দুধ দিচ্ছিস পাতলা, গুড় খাচ্ছিস অনেক। কি ব্যাপার বলবি?
গরু বললেন আমার সন্তান রুগ্ন হয়ে যাচ্ছে এটা কি আপনি দেখতে পাননি?
মাধব বিলক্ষণ দেখেছেন তবুও সংশয়ের সাথে তিনি বললেন আপনি কি জল বাড়িয়েছেন?
গরু কিছুক্ষণ চুপ করে থাকলেন, শেষে বললেন দুধ শেষ হলে যাদব, মাধব আপনারা কোথায় থাকেন? বললেন বৃদ্ধ বয়সে এই দোষ কখনো আমার মাথায় চাপে নি। একটু দুর্বল হয়েছি দুধ শেষ হওয়ার পর। আরো দুর্বল হয়েছি যখন আমার সন্তান আমার থেকেও বেশী দুর্বল হয়ে পা লেচকে হেঁটে বেরিয়েছে আমার সামনে দিয়ে আমার জীবদ্দশায়।
এই গরু প্রথমে একটা পুত্র সন্তান প্রসব করেন। সে সন্তান বড় হওয়ার আগেই হারিয়ে যায়। তাকে শেষবার যখন তিনি দেখেছেন, সে এক হৃষ্ট পুষ্ট চেহারার। তিনি শুনেছেন যাদবের ঘর থেকে পরিত্রাণ পাওয়ার পর তার সুখাদ্য জুটেছে। খোল-ভুষি, ঘাস পাতা , গুড় আরো কত কি উৎকৃষ্ট খাবার-দাবার। ক্রমেই সে বড় হয়ে উঠেছে, শিং গজিয়েছে। এরপর?
বাপের নাম সে জানতো না জানতো মা এর নাম। মাঠ ঘাট রাস্তায় মাঝে মধ্যেই সে মা বলে ডাকতো। শেষ মা বলে ডাকাটা ঠিক শেষ যাত্রার আগে। তখন তার মা উত্তর দেয় নি।
না দেওয়াই স্বাভাবিক ।
তখন তার বুকে দুধ নেই, শরীরে বল নেই, পাশে সন্তান সন্ততি নেই। প্রথম সন্তানের মা ডাকে সাড়া দিতে না পেরে তার আফসোস হয়েছিল, ইচ্ছে ছিল বাকি সন্তানের কোনো কেউ তারস্বরে মা বলে হাঁক পারলে সাড়া দেবেন।
তেমন ডাক তার কানে পৌঁছতে পারে নি।
কারন এই নয় যে তার সন্তান তাকে মা বলে ডাকে নি, কারণ এই নয় তার পুষ্টিকর খাবারের অভাব হয়েছে, কারণ এই নয় তিনি বৃদ্ধ হয়েছেন।
মা গরু এসব ভাবতে ভাবতে মৃত হলেন। শুধু থেকে গেলো তার দেহটা। এরপর ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে.....। থাক এসব।
আসলে মাধব খোঁজে ননী, যাদব খোঁজে জল।
সবটাই শুধু স্বাদ।
এই শকুন যাকে মানুষ গৃধ বলে জানে সেও মাংসে নুন মাখিয়ে খায় না, খায় অথচ !
থাক গরু আর গরু কথা। শুধু হৃষ্ট পুষ্ট ছেলেটা হাত তুলে স্যালুট করেছেন তার মা কে।
সে বলেছে আমি সুখে ছিলাম মৃত্যুর আগে পর্যন্ত, তুমি কিন্তু এই সুখ পাও নি।
গিলোটিনে গলাটা কাটার মুহূর্তে তার মা শেষ বারের মতন চিৎকার করে ডেকে উঠেছিল।
ওটা হাম্বা শব্দ নয়, ওটা মা এর কাছে শেষবারের মতন আদর খাওয়ার শেষ ইচ্ছা।
যাদব বা মাধব কোনো কেউ তাকে ভালোবাসে না।