পুকুর পাড়ের বুড়ো কুল গাছটা চৈত্র মাসের ঝড়ে কাত হয়ে পরেছিল পুকুরের গায়ে। একসাথে বড় হয়ে ওঠা ঠিক তার পাশের কাঁঠাল গাছটা হাঁ করে দেখেছিলো। জাম গাছটাও সমবয়সী। শরীরে বাসা বেঁধেছে লাল কাঠ পিঁপড়েরা। ওর ফল গুলো সব লাল পিঁপড়ে রাই খেয়ে ফেলে। দানা গুলো থেকে নতুন চারা গজায়। গাছতলা ভরে ওঠে জাম গাছের জঙ্গলে। এক সারিতেই দাঁড়িয়ে আছে একটা টোকো আমড়ার গাছ। ফল হয় বেজায় তবে খায় না কেউ। একটু হলুদ হয়ে যখন মাটিতে ঝড়ে পরে তখন আঁটি সর্বস্ব ফলটা নিয়ে একটু আগ্রহ জন্মায়। কারণ পিতল-কাঁসার বাসন মাজার জন্যে সবাই রোজ সকালে আমড়া গাছের তলায় গাছ থেকে পরে ফেটে যাওয়া আমড়া কুড়োতে আসে।
গাছের সারিতে দাঁড়িয়ে থাকা বেল গাছটা দিব্ব আছে। সে ছোটবেলা থেকেই মানুষের স্পর্শ পেয়েছে। ফল ধরুক বা না ধরুক পাতা আছে কাণ্ডে। এই নিয়েই নানান বিভ্রাট নানান কান্ড। শিবরাত্রি বা নীলের উদযাপন নয়, সারাটা বছর ধরে চলে তার পাতা নিয়ে উৎপাত। অসহ্য হয়ে সে শিব কে বলেছে ওরা যত পাতা ধরে টানবে ততই আমি তোর জটা ধরে ঝুলবো।
কোনো লাভ হয় নি এ সব বলে, শুধু কচি পাতায় ভরে উঠেছে সে শারীরিক নিয়ম মেনে। ফলটাও তার কম যায় না। কচি অবস্থায় যারা ঝড়ে যায় তাদের কে কুড়িয়ে নিয়ে বেল শুট বানায় আর বেল পাকলে মানুষের আনন্দ হলেও কাক তাকে লাথি মারে।
পুকুর পারে কান ঝুলিয়ে থাকা কলা গাছটার পাতা গুলো মানুষ কেটে টুকরো টুকরো করে গরম ভাত নিয়ে সুখে খেয়ে ওঠে। মৃত পাতা টা গরম ভাতের তাপে কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না । তার শরীর জাত সদ্য ভ্রূণ যখন কেটে কুচিয়ে সবাই সুস্বাদু বলে গল্প করে তার ভয় হয়। সে ভাবে যদি ভ্রূণে ই তার সন্তান শেষ হয়ে যায় সে বাঁচবে কি নিয়ে।
আদিবাসী সম্প্রদায়ের মানুষ আবার তার দেহের রস সংগ্রহ করে। তার রক্তের তারা নাম দিয়েছে ক্ষার। শুকরের মাংস, কুকুরের মাংস অথবা সব মাংস এই ক্ষারের আওতায় এসে নরম হয়ে পরে।এরপর শুরু হয় আদিম স্বাদ গ্রহনের পালা। তার রক্ত রসে সিক্ত হয়ে যে মাংস হয়ে ওঠে সুখাদ্য সেই খাদ্য শুধু মানুষই খেতে অভ্যস্ত।
এ কেমন মানুষ?
এখানেই সভ্যতার উত্তরাধিকার নিয়ে ভাবতে হয়। কোনো এক শুষ্ক রুক্ষ মরু প্রান্তর অথবা স্রেফ বরফ আবৃত যত ভূমি আছে সেখানে কিভাবে উত্তরিত হয়েছে এই মানুষের দল?
কৃষি কাজ যেখানে হয় না সেখানে পশু পালন একটা বৃত্তি। কোনো পথ ভরে থাকে ভেড়ার পাল আবার কোথাও গ্রীবা উঁচিয়ে সটান দাঁড়িয়ে থাকে উট। যেখানে খাদ্য বলতে খেজুর, সেখানে যেমন উট পাওয়া যায় ঠিক তেমন ওই বরফের প্রান্তর যেখানে ভেড়ার পাল ছুটে বেড়ায় সেখানে অসংখ্য ফল ফলে অথচ ভেড়ার শরীর এখানে আমিষ খাদ্য। কি অদ্ভুত, সেখানে ফল খুব স্বয়ম্ভরা হলেও এতে পেটটা ভরে না এই মানুষের।
খিদের জালায় জুতোর পেরেক ছাড়িয়ে খাওয়া সিনেমার পর্দায় দেখেছে সবাই। পোকামাকড় ধরে খুব সুখে খেতে দেখেছে এই সভ্যতা। দেখা গেছে উড়ন্ত পাখি থেকে দুগ্ধ শাবক দের আগুনে পুড়িয়ে লেবু লঙ্কা সহযোগে সুস্বাদু খাদ্য নির্মাণ ও ভক্ষণ।
অতএব এটা শেষ সত্যের মতন সত্যি হয়ে পরেছে স্টমাক ভরাতে শুধু খাদ্যই প্রয়োজন। যদিও এই সত্যটা শুধু মানুষের কাছেই সত্য। অন্যান্য স্তন্য পেয়েরা এমন নয়। গরু, গাধা, ঘোড়া, ছাগল অথবা হাতি শুধু কচি গাছের পাতা অথবা নরম কান্ডের অংশ নিদেন পক্ষে খরখরে বাঁশ পাতা অথবা কচুর-আলুর কন্দে সন্তুষ্ট। মানুষ কিন্তু এতেই সন্তুষ্ট নয়। তারা শুধু আরো আরো বলে চলেছে। না পেলেই সংগ্রাম।
এই সংগ্রাম গু গোবর সহ অন্যান্য শত এক বস্তু সাথে নিয়ে কোনো এক স্টমাক ভরানোর আধুনিক পরিকল্পনা। এটা বুঝতেই হবে মানুষের অতীত ও আধুনিক সংজ্ঞা যদি না গঙ্গা লাভ করে থাকে।
সভ্যতা বেঁচে থাকে কোনো এক হৃদয় নিয়ে। হৃদয় নয় শরীর। এটা কখনো হৃদি কখনো হৃদয় হীন কখনো শুধু এই নরদেহ।
কি ভাবে বুঝবো এই বিষয়?
এই আলঙ্কারিক বিষয়টা সূর্য নিভলে জ্বলে ওঠে না। যে অলঙ্কার আজকের দিনে ভূষণ সে শুধু ওই সূর্যের আলোর অপেক্ষায় থাকে।
এবার আরো একটু ভাবতে হয়। কারনে অথবা অকারনেই হয়তো এ সমস্ত ভাবনা আসে আবার মুছে যায়।
নিজের অনুভূতি এ কথা বলে কোনো কিছুই মুছে যায় না। সব কিছু সুরক্ষিত থাকে কোনো এক সময়ের অপেক্ষায়। সময় শেষ হয় , শুরু হয় নতুন সময়। সেখানে শেষ হওয়া সময়টা উঠে পরে শিখরে।
আসলে সভ্যতা শুধু সেন্ট্রিপিটাল ফোর্স দেখে সন্তুষ্ট নয়, সভ্যতা আজ সেন্ট্রিফিউগাল ফোর্স ও বুঝতে শিখেছে।
বিজ্ঞান বুঝতে শেখার অনেক আগেই সে বলেছে ইট ছুঁড়লে পাটকেল টাও ফেরত আসে।
আসলে এই বিজ্ঞান বুঝতে পারা মনটা প্রশ্ন করে, সমাজ নিয়ে নানান প্রশ্নোত্তর পর্বে যারা দিব্বি প্রজ্ঞাবান হিসেবে খ্যাত তারা কি এই সমাজে কুখ্যাত জ্ঞানী?
এই জ্ঞানী মানুষ জন্যেই কি গ্যালিলিও, সক্রেটিস এবং আরো অনেক জ্ঞানি মানুষকে অজ্ঞানতার তাপে নির্বিপাকে ছুড়ে ফেলে দিয়ে নিজেকে নতুন এক সিনেমার পর্দায় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে অশিক্ষার সাথে সমাজের বৃহত্তর অংশ কে সহচর বানিয়ে লুন্ঠন করেছেন?
না এটা ঠিক এমন নয়। না পড়া না জানা না বোঝা মানুষের এই সক্রিয়তা একটা বৃহৎ বোঝা হয়ে পরেছে সাধারণ সম্প্রদায়ের কাছে।
ভেড়া দিয়ে লোম চাষ হতে পারে কিন্তু মানুষ দিয়ে এসব হয় না।
বুদ্ধি যে প্রাণীর বৃত্তি তাকে বেশি দিন এভাবে প্রলোভিত করা যায় না একথা আজকাল ছাগলেও বোঝে।
মনে হচ্ছে আগল খুলে সবুজ ঘাসের উপর চরে বেড়ানো স্তন্যপায়ী এই কথার প্রতিবাদ করবে। সে বলবে আমি যে ফলমূল, পাতা, দূর্বা অথবা মা এর বুকের দুধ খাই তোমরাও তা খাও। তুমি তৃষ্ণা মেটাও আমিও মেটাই। শুধু পার্থক্য একটাই, তুমি রক্তের স্বাদ জানো আর আমি তার তাপ বুঝি।
তুমি বলতেই পারো এ কথা, রক্তের স্বাদ তো বাঘ, সিংহ, শিয়াল অথবা হায়না ও বোঝে।
আমি একটা ছাগল হিসেবে যদি প্রশ্ন করি আমার বুদ্ধির ভান্ডার নিয়ে কেন এমন ইলোপ?
কেন রক্তের স্বাদ পাওয়ার পরেও বুদ্ধি বিষয়ে এই নিরীহ তৃণ ভোজী প্রানী কে সামনে রাখা?
কেনো কখনো মানুষের ইচ্ছে হয় নি একটা দুধেল বাঘিনী নিয়ে পথ পরিক্রমা?
ছাগলের দুধ কেন এত প্রিয় তোমাদের? তোমরাই সেদিন বলেছিলে বাঘের দুধ খুব গাঢ়।
যদিও এখন ভাষা বদলে গেছে । উটের দুধ নিয়ে আরোহন অবরোহন করে সুন্দর সুরেলা স্বরে নতুন এক জল সঞ্চয়ী, মরুভূমির বুকে বুক ফুলিয়ে হেঁটে চলা নতুন এক তৃণভোজী পেয়েছ।
তোমার শরীর নিশ্চিত পুষ্ট হতে পারত ওই বাঘিনীর বুকের দুধে।
আমি নিশ্চিত তোমার এই শরীরের গঠন হয়ে উঠত পেশি বহুল। আমি নিশ্চিত তোমরা সকলেই হতে পারতে এক এক শেরশাহ। কিন্তু তেমন হতে ইচ্ছে হয় নি। ভয় ছিলো, পাছে খাদ্য আর খাদক বদলিয়ে যায়?
এই পৃথিবীর পথে ব্যাঘ্র যেমন বেড়ে উঠছে , বেড়ে উঠছে ব্যাঘ্রাচার্য। মাঝখানে পরে থাকা পদগুলোতে তেমন কিছু হয়ে ওঠেনি।
এই সেদিন একটা পাঁঠা ম্যা ম্যা করে বলে উঠলো সে নাকি আর পাঁঠা নয়।
মা ছাগল বললো কেনো বাবা?
আরো কয়েকবার একই শব্দে ভূবন ভরিয়ে সে বললো আমি এখন এক খোজা।
ছাগল খোজা শব্দে শিক্ষিত নয়। সে বলল বাবা তুই বল আমি খুঁজব টা কি?
পাঁঠা পাঁঠার ভাষায় বললো যদি মানুষ হতাম নাম হতো খোজা। থাকতাম রাজ দরবারে, শতেক নারী দেহ সামলাতে আমাকে হারেমের রক্ষক বানিয়ে রাখা হতো।
একটা পাঁঠা এমন নয়। তাকে খাসি করা হয় আলোক গতিতে তার শরীর কে বেশ সুস্বাদু খাবার বানাতে।
ছাগল কাঁদতে শেখে নি।
মানুষ কিন্তু কান্না, হাসি সব শিখেছে। সভ্যতার অঙ্গার সে জানে সাথে অঙ্গারাত্তীকরণ শিখেছে উদ্ভিদ এর মতন।
এই আত্তীকরণ একটু আলাদা ধরনের। সূর্য উঠুক না উঠুক খাদ্য প্রস্তুত তার হেঁসেলে।
এ এক উন্নত হেঁসেল। এখানে লক্ষ বছরের পুরানো ফসিল দাউ দাউ করে জ্বলে, সেই উত্তাপে হিমবাহ কঠিন থেকে তরল হয়, হয় বাষ্প।
নিঃশেষে সে বাষ্প তরল হয়, তরল হয় কঠিন শুধু জ্বলে মরে ফসিল।
মানুষ শব্দ টা ঠিক আবক্ষ মূর্তির মতন আজকে অপাংক্তেয়। ঠিক কাক বসার মতন এক উচ্চাসন। সেখানে বসা যায় চিৎকার করা যায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায়। বুকের নিচে স্টমাক নেই সেখানে, না আছে হাত-পা অথবা অন্যকিছু।
তবে কি এরা মানুষ নয়?
অলীক রূপ দর্শন হয়েছে কোন প্রাণীর সে কথাও একমাত্র উৎকৃষ্ট ঐশ্বরীক প্রাণীই বলতে পারবে।
হায়রে বৃত্তি আর বিত্ত এখানে এক মেরু হয়ে পরেছে।
বৃত্ত শব্দের প্রতিফলন ঘটে এই বৃত্তি শব্দে। সেখানে সরলরৈখিক পথ সামান্য বক্র হয়ে পরে। এই পথ ধরে ঘুরে মরে সমাজ।
কতিপয় পাঁঠা গোত্রের প্রাণ এ কালে একটা কাঁচের ঘর বানিয়েছে। সে কাঁচ ঘষা নয় স্বচ্ছ। এপার ওপার দুই পার দেখা যায় সেই ঘরে বসে। সেই কাঁচ অশক্ত নয় বরং অতি শক্ত। এই অপ্রতিরোধ্য কাঁচের ঘরে বসে পর্যায়ক্রমে সে সমাজ দেখছিলো।
উন্নত একটা পাঁঠা কাদা লেপে দিলো ভিতরে নয় বাইরে। বড় ভ্রম বাঁধল। যেখানে সে দেখছিল বাহির সেখানে সে দেখতে পেলো অন্তরীক্ষ।
এই রূপ তারা কখনো দেখেনি।
ইচ্ছে হলো এই দাঁত নখ ওয়ালা শ্বাপদ কে মেরে দিতে। বন্দুক হাতে নিয়ে সে উঠে দাঁড়ালো। সে দেখলো অন্যপ্রান্তে ও কারা যেন দাঁড়িয়ে ঠিক তার মতন বন্দুক হাতে নিয়ে। সে ট্রিগার টিপলো। ট্রিগার টা একই ভাবে চেপে ধরলো বিপরীতে।
কোনো কাঁচ টুকরো হয় নি, কোনো গুলি প্রবেশ করে নি, অথচ কাদার প্রলেপ এর মধ্যে কিছু বিন্দু তৈরী হয়েছে।
সেই বিন্দুতে চোখ রাখতে ভরসা পেল না কাঁচের ঘরে বসে থাকা পাঁঠার দল।
কারণ পাছে কাঁচটা ফুঁটো হয়ে যায়।