বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৩




নিজেকে খুঁজি

সুবীর চৌধুরী



সুদেব-এর মনটা আজ বড় উদাস। একটা একাকীত্ব চেপে ধরছে বারবার কিন্তু মেনে নিতে পারছে না। নির্জন রেলষ্টেশনে বসে আজ বড় বেশী বন্ধু-বান্ধব, পরিজনদের কথা মনে পড়ছে। নির্জনতা ভেঙে ষ্টেশনে একটা ইন্টার সিটি এক্সপ্রেস এসে দাঁড়ালো। ভ্রূক্ষেপ নেই সুদেবের কারণ এই ট্রেন থেকে তার কখনো কোনো রোজগার হয় না। ঘন্টার ঢং ঢং শব্দে মুখ তুললো সুদেব। এক মনে দেখতে লাগলো ট্রেন থেকে নামা সব যাত্রীদের। প্রত্যকেরই তাড়া, পৌঁছতে চায় যেখানে তার যাওয়ার। এইসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই একটা চেনা মুখ তার সামনে ভেসে ওঠে। অনেকক্ষন তাকিয়ে থাকে তার দিকে। চিনতে ভুল হয় না। সুদেব ডেকে ওঠে... তিতলি, ...তিতলি, ...... এই তিতলি।


সাহেবের সাথে সংসার পাতার দিন থেকেই তুলি’র আবদার, একবার চলনা যাই খাজুরাহ। সাহেবের কাজের চাপ আর তুলির বাচ্চা মানুষ করতে করতে কেটে গেছে অনেক গুলো বছর। এলাহাবাদ থেকে ট্রেন ধরে ভর দুপুরে সাতনা ষ্টেশন। এখানে অপেক্ষা করতে হবে প্রায় দু-ঘন্টা।
কিন্তু তিতলি ...তিতলি ডাকে সে চমকে ওঠে। এই নামটার একটা মাদকতা আছে। কলেজ জীবনে বন্ধুরা ওকে এই নামটা দিয়েছিল। কিন্তু কে এই নামে কাকে ডাকছে?
তুলি দাঁড়িয়ে পড়ায়, সাহেব বিরক্ত হল।  কী হল দাঁড়িয়ে পড়লে যে?
না মানে... ।
কী রে তিতলি চিনতে পেরেছিস?
সাহেব রেগে ওঠে।
তুলি, অনেকক্ষন তাকিয়ে থাকে সুদেবের দিকে। তুলি কিন্তু চিনতে পেরেছে।
অচেনা নির্জন রেল ষ্টেশনে তুলির একজন পুরুষের দিকে হ্যাংলার মতন তাকিয়া থাকা সাহেবের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। তুলি...কী ব্যাপার বলতো?  ওনাকে চেনো?
চিনবো না, ওকে ভোলা যায়? কীরে সুদেব কিছু বল্‌।
......সাহেব নিজের মনেই তুলির এই তিতলি নাম হওয়াটা’র কারণ খুঁজতে থাকে, কিছুটা আনমনাও হয়ে পরে। এত বছর বিয়ে হয়েছে, কিন্তু এই নামটা, তুলি এর আগে কখনোই  সাহেবকে জানায় নি!
 .....তুলি কিন্তু দিব্যি কথা বলতে থাকে সুদেবের সাথে।

তুলির ডাকেই সাহেবের হুঁশ আসে। খানিকটা নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ বলো কী বলছো?
এখানে  একটু বসো না, আমাদের হাতে তো কিছুটা সময় আছেই।
হ্যাঁ কিন্তু এখানে? এসো, সুদেবের সাথে তোমার আলাপ করাই। ...... বলতে থাকে, জানো কলকাতায় আমরা একই কলেজে পড়াশুনো করেছি।
সুদেব বলে, আচ্ছা, তিতলি তোর মনে আছে, কী ভাবে তোকে আমি তিতলি নাম দিয়েছিলাম?
বাব্বা, এটা আবার ভুলে যাবো?
সাহেব ঠিক এই প্রশ্নেরই উত্তর এতক্ষন ধরে খুঁজে যাচ্ছিল।
তুলি লাজুক মুখে সুদেবকে বলে, এই বলনা নাম পাল্টে দেওয়ার ব্যাপারটা।
দেখিস বাবা ঘটনাটা শুনে তোর সাহেব আবার বিবাগি না হয়ে যায়।
সাহেব তুলির সামনে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না;  কারণ, সুদেবের নাম আজ পর্যন্ত কখনো ও শোনেনি তুলির মুখে অথচ এরা পরষ্পরের এত কাছের বন্ধু?
সুদেব চিরকালই একটু দার্শনীক। ও বুঝতে পারে, সাহেব অন্য কিছু ভাবছে। প্রসঙ্গটা  ছেড়ে সাহেবকে বলে ............
বসুন না; দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয়? বাধ্যহয়ে হোক বা তিতলি’র ইতিহাস জানার জন্যই হোক, সাহেব না বসে পারলো না।

তিতলি, তোরা কোথায় চল্‌লি বলতো?
সাহেব এবার কথা শুরু করে। জানো সুদেব, বিয়ের ঠিক পড়েই আমি তুলিকে একটা বেড়াতে যাওয়ার স্পট সিলেকসান করতে বলেছিলাম। ওর ফার্স্ট প্রেফারেন্স ছিল খাজুরাহ। প্রায় পনেরটা বছর চলে গেছে, হয়ে ওঠে নি। তবে তুলিও কখনো বলেনি যে খাজুরাহতে আরও একটা আকর্ষণ আছে ওর কাছে! ভাবতে পারো পনেরটা বছর তিতলির মানসিক যন্ত্রনাটা? সাহেব তির্যক হেসে তুলির দিকে তাকায়।
সাহেবের এই কথা গুলো খুব ন্যারো মনে হয় তুলির, আর সুদেবের অট্টহাসি আরো বিমর্ষ করে তোলে ওকে। 
সুদেব বুঝতে পারছে হাসি-আড্ডার মাঝে কেমন যেন একটা সন্দেহের বাতাবরণ তৈরী হয়েছে;  এত বছর পরেও তুলি কিন্তু সুদেবের চোখকে ফাঁকি দিতে পারে না।
বিষয়টাকে  হালকা করার জন্য চিরকাল যে দাওয়াই সুদেব দিয়ে এসেছে সাহেবকে ঠিক সেই পথে গিয়ে, ছোট্ট করে বললো, সাহেব বাবু, আপনিতো রসিক কম নন। পনের বছর ধরে এই ভাবে তিতলিকে রাগিয়ে আর রাগ ভাঙিয়ে বেশ আছেন, তাই না। আমরা কলেজেও ওকে তাই করতাম।

আচ্ছা সাহেব বাবু, আপনাকে তিতলি কখনো বলেছে, ও ছাত্র জীবনে রাজনীতি করত?
না বলেনি, তবে  রাজনীতিতে ওর খুব এলার্জী দেখেছি।
কারণ?
সেটা ও’ই জানে।
এটা নিয়ে কখনো আপনার কোনো সন্দেহ হয়নি?
না; কারণ ওটাতে আমি নিজেও কোনো রস-কস পাইনা।
বুঝতে পারছি তিতলি কেন আপনার কাছে একান্তই তুলি?
......কেন? কেন, এরকম বলছো?
মানে... আমি, ইন্দ্র, অলক এইসব বন্ধুদের প্রসঙ্গটা জানার মতন পরিবেশ কখনো আসেনি; আর হয়তো এজন্যই এই অনন্য নামটাও বলার মতন ওর সুযোগই হয় নি! জানেন, নামটার পিছনে যে সুন্দর একটা গল্প আছে ওটা তুলির মুখে শুনলে খুব আনন্দ পাবেন। আর আপনি যে কথা এত বছর ধরে ভাবতে চান নি হয়তো বা সে কথাটাই নতুন করে ভাবতে ইচ্ছা হবে।*****

সুদেবের ভারী অবাক লাগে, সম্পর্ক কত ঠুনকো হয় এই দেখে আর সাহেবের মন মানতে চায় না সম্পর্কের বৈপরীত্য। কিন্তু এমন হওয়াটাই বোধ হয় স্বাভাবিক। জীবন বোধ কালে কালে বদলায় আর আমরা প্রতিনিয়ত সেই নতুন বোধ এর সাথে মানিয়ে নিতে চাই। হয়তো তাত্‌ক্ষনিক ভাবে সেখানে সফলও হই; আবার যখন সেগুলোকে জীবনের কোনো এক প্রান্তে এসে ভাবতে বসি তখন হারিয়ে যায় আগেকার মানিয়ে নেওয়া সেই সমস্ত তাত্‌ক্ষনিক সিদ্ধান্ত গুলো; ভেসে ওঠে ভাবের গভীরে লুকিয়ে থাকা সেই ঘটনা বহুল জীবন, যা কিনা হারিয়েও হারায় নি, অনেকটা দিনের আলোয় লুকিয়ে থাকা তারাদের মতন।


(২)

সুদেব সাহেবের হাতে একটা খাজুরাহ’র ট্যুরিস্ট ম্যাপ দেয়।
তিতলি সুদেবকে বলে তুই এখন কী করিস বলতো?
কেন? আমি এখনো বেকারই আছি। বল না কোনো কাজ আছে? করে দিতে হবে?
সত্যি তোর নাটুকে ভাবটা এখনও দিব্যি ধরে রেখেছিস। সত্যি কথা বলতো এই বিদেশ বিঁভূইয়ে তাহলে চলে কী ভাবে?
ছাড়না ওসব কথা; তুইতো আমায় জানিস; আমি চিরকালই জিপসি। এখনও তাইই আছি। কখনো অজন্তা-ইলোরা, কখনো মার্বেল রক, আবার কখনো জয়সলমির।
কিন্তু  ভাই এতে তো পয়সা লাগে সেটা কোথা থেকে আসে?
তুইতো জানিস আমার বাবার যা সঞ্চয় তা আমি এক জীবনে খেয়ে শেষ করতে পারবো না। তবে প্রথম প্রথম বাবার কাছে চেয়েচিন্তে চলত, কিন্তু বাবা মারা যাওয়ার পর আর নিতে পারিনি। এখন পথই আমাকে পয়সা যোগায়।
একটু খুলে-মেলে বল না ভাই; ছাড় না সেই পুরনো ছাত্র জীবনের দার্শনিক মেজাজটা।
সুদেব হেসে ওঠে। জানিস তিতলি ভালো লাগলো যে, তুই মনে রেখেছিস আমি কেমন ছিলাম কলেজে;  এসব কজনেই বা আর মনে রাখে বল!
...... আচ্ছা, তোর বাড়িতে এখন কে কে আছে?
কেন,  সবাই’ই আছে, তবে বাড়ির ঠিকানাটা চেঞ্জ হয়েছে।
মানে, তোদের শ্যামপুকুরের বাড়িটা বিক্রি হয়ে গেছে?
আরে না না। মানে, বোন ছাড়া সকলেরই বর্তমান ঠিকানা স্বর্গলোক।
বুকটা ধড়াস করে ওঠে তিতলির।
সাহেবও কথা গুলো শুনছিল, দীর্ঘশ্বাস সাহেবও চেপে রাখতে পারে না।
সুদেব হেসে ওঠে।
তিতলি উদ্বেগ  চেপে রাখতে পারে না। বলে, তাহলে অতবড় বাড়িটা? ওখানে কেউ নেই?
সুদেব বলে, আছে রে আছে। মনে আছে সেই এন্টিক লেটার বক্সটা? ওটা আছে।  ওপরে বড় বড় করে লেখা, ডঃ যাদব মৈত্র, সুলেখা মৈত্র, সুদেব মৈত্র... ১৩, শ্যামপুকুর লেন, কলকাতা-১৯। ও হ্যাঁ, সেই গোলা পায়রা গুলোও আছে।
কথা গুলো বলতে বলতে, সুদেব নিজের মধ্যে হারিয়ে যায়; যা সাহেব-তুলির চোখ এড়ায় না...।
আচ্ছা তুইতো কখন কোথায় থাকিস তার ঠিক থাকে না, তোর সাথে যোগাযোগ করবো কীভাবে? তোর মোবাইল নাম্বার বা ই-মেল, কিছু একটা তো দে।
কেন? তোকে তো আমার বাড়ীর ঠিকানাই বললাম। এছাড়া আমার আর কোনো কিছু নেই। চিঠি লিখিস, যখন কোলকাতায় যাই তোদের পাঠানো চিঠি গুলোই আমার খোরাক। লেটার বক্সটা ভরে থাকে অজস্র কাগজে। বাবাকে পাঠানো জার্নাল, সবুজ রংয়ের ইলেকট্রিক বিল, টেলিফোনস এর আউটস্টান্ডিং ডিউস, বিয়ের কার্ড, ব্যাক্তিগত চিঠি আরও কত মজার মজার জিনিস পত্র। ওগুলো পড়েই দিনগুলো কেটে যায়।

তুলির জানার ইচ্ছা যেন আর শেষ হয় না। সাহেবও গিলছে সুদেবের আপন মনে বলে যাওয়া কথা গুলো। সাহেব বলেই ফেলে, তুমি কোলকাতায় কতদিন ছাড়া ছাড়া যাও?
ওটা ঠিক থাকে না। কখনো বছরে, কখনো দু-বছরে, কখনো বা ...সুদেব থেমে যায়। আসলে কলকাতায় যাওয়ার মতন  ট্যুরিস্ট পেলে ওদের নিয়ে কলকাতায় যাই। এছাড়া কলকাতায় বড়ো একটা যাওয়া হয় না।
তিতলির ইচ্ছার বাঁধ ভেঙে যায় সুদেবের মুখের দিকে তাকিয়ে থাকে এক ভাবে, তারপর কিছুটা কাটিয়ে উঠে বলে, তার মানে এখন তুই এক জন ট্যুরিস্ট গাইড। তোর ঠিকানা হল ভারতবর্ষ, প্রযত্নে পৃথিবী। কী তাইতো?

কথা বলতে বলতে প্রায় দেড় ঘন্টা কেটে গেছে। প্লাট ফর্মে দূরপাল্লার ট্রেন শিপ্রা এক্সপ্রেস ঢুকছে। সুদেব চঞ্চল হয়ে উঠেছে। যাত্রীরা নামছে আর সুদেব তাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছে বিদেশি ট্যুরিষ্ট। সুদেব পেয়েও গেছে এক বিদেশিনীকে।
রোজগার করার এক অদম্য ইচ্ছায় সুদেব তুলিকে বলে আজ আর সময় নেই রে। আমার কাজ শুরু করতে হবে।
সাহেব, একটু হতভম্ব হয়ে পরে, জমে ওঠা আড্ডাবাজির এই হঠাত্‌ যবনিকাতে।
তিতলি বলে ওঠে কাজ মানে?
সুদেব তুলিকে দেখায় প্লাটফর্মে  দাঁড়িয়ে থাকা সেই বিদেশিনি মহিলাকে; বলে ওনাকে নিয়ে খাজুরাহ যাব।
সাহেব তুলির মুখের দিকে তাকায়, বড় বিমর্ষ দেখায় তুলিকে।
সাহেব অনুরোধের সুরে সুদেবকে বলে, এবার খাজুরাহ আমাদের সাথে থাকলে হতো না?
সুদেব, সাহেবের কথা শোনে, তিতলির বিষন্ন মুখের দিকে তাকায়,  আর আপন মনেই ভাবতে থাকে, কী করে সে বলবে যে কয়েক মাসের রোজগার ছেড়ে ওদের সাথে যাওয়া সম্ভব নয়। বন্ধুত্বের তাগিদ তাকে মৌন করে রাখে অনেকক্ষন; এক সময় মনে হয়, রোজগারের সাথে আপস করে, এবার না হয় তিতলিদের সাথে নিয়েই কাটলো কটা দিন। বন্ধুত্বের মূল্য না হয় ডলারে নাই মাপলাম, রোজগার না হয় না’ই হলো এবার। একটা নতুন ঘটনা জীবনে যুক্ত হওয়ার মূল্যটাই বা কম কিসে?
সাহেবের কথা সুদেব ফেলতে পারে না।


তারিখ: ১৫/০৪/২০১৩
-------------------------------০০০--------------------------------------
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন