হাঁটছিলাম সাগরের ঢেউ এর উপর পা দিয়ে। জেলে ডিঙি গুলো আমার পাশ দিয়ে চলেছে গভীর সমুদ্রে। আমিও চলেছি। মাছগুলো আমাকে এভাবে এগোতে দেখে হতবাক। তবুও আমি চলেছি আমার মতন। এরপর যখন মাঝ সমুদ্রে পৌঁছলাম তখন ঝড় উঠলো।মাছ গুলোর তখন ফূর্তি দেখে কে? আমি দেখলাম। দেখলাম জলের উচ্ছাসের সাথে জলজ দের উচ্ছাস। একবারও আমার মনে হয় নি আমি এর পর কোনো এক অন্তরীক্ষেও চলে যেতে পারি।
মাছেরা মনে হয় বুঝেছিলো। ওরা দল বেঁধে এলো ঢেউ এর নিচে। উত্তাল সমুদ্রকে লেজের ঝাপটায় ওরা প্রথমে ঢেউহীন করলো। তারপর আমকে নিয়ে চললো সমুদ্রের তীরে।
ওরা সবাই চলে গেলো সমুদ্রে। আমি তখন তারে বেতারে ওদের খোঁজ নিতে ব্যাস্ত।
আসলে দূর্গা পূজার ভীড়ের ঢেউয়ে সবাই গা ভাসিয়েছিল, আমি অ্যাম্বুলেন্সে আমার এক বন্ধুকে নিয়ে চলেছিলাম হাসপাতালের পথে। পৌঁছোনো হয়নি কখনো। ছুটে এল কতিপয় লোকজন। মৃত বন্ধুকে নিয়ে পৌঁছলাম হাসপাতালে। ডাক্তারেরা তখন ছুটিতে আছেন। শ্মশান থেকে ফিরে আসার পর সমুদ্রের ঢেউয়ে পা দিয়ে চলা আমার শুরু, মাছেরা কিন্তু আমায় ডাঙায় ফিরিয়েছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন