বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেষ অবস্থান

বাঙালির আজ বড় সংকট। যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যের শিরে সংক্রান্তি। এ কথা শুনে বিন্দুর বড় কষ্ট; কষ্টটা বিন্দুর না কি হিন্দুর ?
বিন্দু জানে শত শত বিন্দুর সহাবস্থান হলে একটা রেখা তৈরী হয়। সে জানে সেই রেখা সরল অথবা বক্র অথবা দুটোই হতে পারে।
এই ক্ষেত্রে এটা বক্র ঠিক সিন্ধু নদের মতন।
কন্যা থেকে যেমন বন্যা ঠিক একই ভাবে বিন্দু থেকেই সিন্ধু।
আজকে বাংলাভাষা বাঁচাতে ধর্মতলায় বাঙালির ভীড় হয় নি। যেটুকু ভরেছে সেটা বিহারের হিন্দি ভাষাভাষী মানুষ জন।
এনারা বিহারী হলেও কেউ রাজপুত নন, কেউ ভূমিহার নন, যাদবরাও নেই এখানে।
আছে তথা হইতে আগত সংক্ষেপে তথাগত কিছু অহিন্দু সম্প্রদায়ের মানুষ। তারা হকার, তারা হিন্দি ভাষায় কথা বলে। তারা নিয়ম মেনে ফুটপাতে বসে যেমন ব্যবসা করে ঠিক তেমন নামাজ পরে। এসব দেখলে কখনোই মনে হয় না এই ভারত বিভাজিত। 
যা ই হোক আপত্তি নেই এই সবে।
একটা সংঘবদ্ধ সহাবস্থানের পরিবেশ আছে এই পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থলে ।
এই অঞ্চলের কয়েকটা ফুডমার্টে ভীড় দেখে বুঝতে পেরেছি নতুন কিছু বিষয়।
নিজাম এর সামনে লম্বা লাইন; আমিনিয়ায় ও তথৈবচ। বাকি ছিল রাস্তায় বসে থাকা বিরিয়ানী বিক্রি করা হকার।
সেখানেও হাঁড়ির নিচে পরে আছে শুধু বনস্পতি।
এটা কেমন লাগছে এই বাস্তব জীবনে?
হকারের দল জীবন জীবিকার জন্য বুঝে না বুঝে ওই ধর্মতলায় ধর্মভীরু। পাছে বে রোজগার হয়ে পরে?
বেশ চলছে ভাষা আন্দোলন।
একটা প্রশ্ন করেছে বিন্দু।
বিন্দু হিন্দু আর হিন্দি নিয়ে প্রশ্ন করেছে।
প্রশ্নটা সে কাকে করেছে ?
প্রশ্নটা করেছে এই মোরে মোরে দোড়ে দোড়ে যারা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না বুঝতে পেরে একটু নাড়িয়ে দেখতে চায়।
আসলে অতীতের মনোলিথিক আর আজকের মনোলিথিক শব্দের মধ্যে একটা বস্তুগত পার্থক্য আছে।
আগেরটা ছিল আদর্শগত আর এটা ব্যাক্তিগত।
এখানেই বেহাগ আর বসন্তের পার্থক্য। এখানেই সোহাগ আর বেহাগ কে এক করে দেওয়া চলছে। এখানেই একটা গাধা বুদ্ধিমান হয়ে তুলোর বস্তা পিঠে তুলে জলে নেমেছিল।
লবন জলে মিশে যায় আর তুলো জলে সিক্ত হয় এই বিষয়টা গাধা বুঝতে পারে নি। এরপর বোঝার ভারে গাধাটা ঠিক সুকুমার রায় মহাশয়ের গাধাটার বুদ্ধি দেখো কবিতার সাথে একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে।
এটাই আজকের বাংলায় ব্যাক্তি আদর্শের প্রাতিষ্ঠানিক রূপ।
না রূপ নয় অরূপ।
আসলে টাকা মাটি মাটি মাটি টাকা কথাটা যেভাবে সমাজ সংসারকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে সেই আদর্শের সাথে আজকের ব্যাক্তি একেবারেই আলাদা।
তিনি ছিলেন ঠাকুর আর ইনি?
থাক ভুল করেও কিছু বলা ভ্রম হয়ে পরবে।
এখন ত্যাগ আর ভোগ একমাত্রিক, ঠিক খাওয়া আর না খাওয়ার মতন।
গাধা আর ঘোড়াও একমাত্রিক, তবে একটা গতিশীল অন্যটা স্লথগতি।
এখানেই এসে পরে বৃত্তি, বিত্ত, পবিত্র, অপবিত্র ঠিক গায়ত্রী মন্ত্রের মতন।
সমাজে কিছু স্তাবক সম্প্রদায়ের লোক এসব বোঝে না ঠিক অতীতের নবকুমারের মতন।
যদিও সেই নবকুমার ব্যাঘ্রাচার্য্য বৃহল্লাঙ্গুল বিষয়ে সম্যক জ্ঞানী ছিলেন। 
এরা ঠিক তেমন নয়,  এরা অর্থের সাথে অনর্থের পার্থক্য বুঝতে পারে না। এদের শিক্ষা ও তদ্রুপ
থাক এসমস্ত।
বিন্দু অনুশ্বর, বিস্বর্গ, চন্দ্রবিন্দু চেনে শুধু জানে না নিজের নামের গাণিতিক ব্যাখ্যা।
প্রশ্ন এলো মনে, মোবাইল ফোনটা হাতে নিয়ে শুরু করলো বিন্দু, বিন্দু নিয়ে গুগল রিসার্চ।
সে যা কিছু পেয়েছে সেটা বিন্দু নয়, সেটা শূন্যতা যে মহাশুন্যে আজ সমাজ।
সেখানেও সেই কোন আর্য ভট্ট।
বড় বিপদে পরেছে বিন্দু হিন্দু আর অহিন্দু নিয়ে। সেখানেও আবার নানা জাতি নানা মত নিয়ে।
অনেক দশক পরে সে তার কালি দোয়াত নতুন ভাবে আবিষ্কার করলো।
কালি আর কলম দুটোই একদম ঠিক আছে। 
শুরু হলো সাদা কাগজে কালো কালির লেখা। শুরু হলো আবালের বালখিল্য লিখনের বিরূদ্ধে ভোঁতা কলম। শুরু হলো অকস্মাৎ কিছু আবাল প্রকৃতির দানব দানবীর পরিকল্পনার বিরুদ্ধে লিখিত দলিল।
স্বার্থক তার লেখা।
মৃত্যুটা একটু অন্যভাবে হয়েছিল। দেহটা রেল লাইনের পাশে দাঁড়িয়ে ছিল।
এটাই বিন্দুর শেষ অবস্থান।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন