সামাজিক সমীক্ষায় তার ভাই একজন মস্তান।
রক্তের নেশা তার চালিকা শক্তি।
সময় সংযমের বাঁধ ভেঙে দেয়।
ঠিক তেমনি হয়েছিল সেই সময়।
জামাইবাবুর কিডনি বিপন্ন। তিনি অসুস্থ।
রেখার ভাই প্রদীপ তখন জেলখানায়।
খবর পৌঁছল দিদির কাছে। প্রদীপ লিখেছে
একটা কিডনি সে দিতে আগ্রহী।
রেখা তখন বড় উদ্বিগ্ন।
নমিতা বললো চলো যাই আলিপুর জেলে।
প্রদীপ এলো, কাগজে সই করলো আর চলে গেলো।
সময়ে সে এসেছে, কিডনি দিয়েছে, সুস্থ হওয়ার পর সে আবার চলে গেছে ওই জেলখানায়।
তার জামাইবাবুর মৃত্যুর খবর পেয়েছিল ওই জেলে বসে।
এই সমরেখ মানুষ গুলো সবাই রেখা কে দিদি বলতে অভ্যস্ত।
তারা সকলেই স্কুল শিক্ষক-শিক্ষিকা।
আশ্চর্যের এটাই, একটা মস্তানের জীবন জীবিকা শিক্ষকতার সাথে
সমবিন্দু হতে পারে না।
যিনি মৃত তিনিও মস্তান কে বিষচক্ষে দেখতেন।
বিচিত্র এই মানুষের মস্তিষ্ক।
কয়েক মাসের ব্যবধানে প্রদীপ নির্দোষ হিসাবে খালাস হয়েছিল।
রেখাদি তখন বড় একা।
যে তার পাশে সব সময় থাকতো তিনি আজ নেই।
স্কুলে পড়ানোর শেষে তিনি রাখালকে বললেন, কাল প্রদীপ ছাড়া পাচ্ছে। ওকে আনতে যাবো আলিপুর জেলখানায়।
রাখাল সবটা শুনে বললো, ও আচ্ছা।
এরপর একে একে মৃদূল, বঙ্কিম, নমিতা সবাই শুনলো রেখাদির কথা।
এর পরে চা এলো, সিগারেট জ্বললো।
রেখা হাসি মুখে বাড়ি ফিরলেন।
বুঝলেন তার সাথে যাওয়ার মতন কেউ নেই। যিনি যেতেন তিনিও আজ নেই।
একবার তার নিজেকে খুব একা মনে হলো, পরক্ষণেই মনে হলো তার ভাইই তো আছে।
পরের দিন স্কুলে নয়, পৌঁছলেন জেলখানার দরজায়।
প্রদীপ এলো, কাঁদল আর বললো, তোর সাথে কেউ আসেনি না?
বললো আসবেই বা কেনো?
বললো দিদি জানিস, কয়েদি মুক্তি পায় কিন্তু ওদের মুক্তি কখনো হয় না।
বললো সামাজিক জেলখানায় ওরা বন্দী।
ওরা কোনোদিন বেকসুর খালাস হতে পারবে না।
রেখা তখন কষ্ট করে চোখের জল আটকে রেখেছিলো।
এভাবেই কয়েকটা মাস শেষ হলো।
প্রদীপের অভাবের সংসারে যেটুকু সম্ভব রেখা সে সব করেছে।
শুধু প্রদীপ কে কিডনি দিয়ে বাঁচাতে পারে নি।
প্রদীপ নিভে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন