রবিবার, ২ জুলাই, ২০২৩

যদি ভ্রূণ না আসে?

যদি ভ্রূণ না আসে?

:১:

মা এর হাত ধরে ছোট্ট ছেলেটা চলেছে থানায়। ডাক পরেছে। ছেলেটার হাতে একটা চিপসের প্যাকেট। সে খুলতে পারে না। মা খুলে তার হাতে দেয়। মায়ের পাশে তাকে না বসিয়ে চিপসের প্যাকেট দিয়ে বাইরের বেঞ্চে তাকে বসিয়ে রেখেছে পুলিশ। একটু মন কেমন করা বিষয় নয় কি?

মরে যাওয়ার কদিন আগে ডেকেছিল তার বাবাকে। বাড়ি ফিরে সে রাতে চোখে তার ঘুম আসে নি। ভোরের অন্ধকারে মাঠের কাজে গেছিলো সে। না সে ফেরে নি। মানষিক চাপে মাঠেই তার প্রান চলে যায়। কেমন একটা সন্দেহ জাগে না?

বিধবা বৌ সেদিন কাঁদে নি। কেঁদেছিল তার মা-বাবা। উত্তর খুঁজেছেন ছেলেটা কেনো চলে গেলো? উত্তর খুঁজেছেন এই ছোট্ট ছেলেটার যে দীর্ঘ জিবন পরে আছে তাকে চলতে এগিয়ে নিয়ে যাবে কে? এমন ছোটো বয়সে পিতৃ হারা হওয়া কি সৌভাগ্যের?

এ কোন সভ্যতা? শিশুদের দুমুঠো ভাত ডাল খাইয়ে স্কুলে যেতে আগ্রহ তৈরী করা। স্বাভাবিক উৎকর্ষ এই প্রজন্মের মধ্যে কি এখন আর আসে না! অর্থনৈতিক অবস্থা কি অতীতের থেকেও আরো নিচে নেমে এসেছে? তাতো নয়। এই বিরূপ পরিকল্পনার উৎস কোথা থেকে উদ্ভাবন?

এর উত্তর এক বৈপরীত্য দিয়ে গনিতের হিসাবে মিলিয়ে দেওয়া সম্ভব। তথাপি মাঠে মৃত্যু হয়, সদ্য বিধবাকে ছোটো ছেলের হাত ধরে থানায় যেতে হওয়া, দুমুঠো ডাল ভাতের লোভ দেখিয়ে শিক্ষায় আকৃষ্ট করতে হওয়ার ভিত্তি কি?

সমাজের এই সাংস্কৃতিক অবনমন অতি সূক্ষ্ম ভাবে মানুষের অন্তরে পৌঁছে দেওয়া হয়। এটা পাইয়ে দেওয়া।আজকের আধুনিকতার যুগে এই প্রক্রিয়ার বিরুদ্ধে কখনোই কোনো বিশ্লেষণ করা হয় না।

ফলতঃ সমাজ আজ পশ্চাৎ পদ। সামান্য পেট ভরাতে শিক্ষা, সংস্কৃতি বিসর্জনের বাজনা বাজানো বেড়ে চলা এক নিত্য দিনের কাজে কর্মে জায়গা করে নিয়েছে। 

এর বিরুদ্ধে এক নতুন মনস্কতা সৃষ্টি হয়েছে। সেটা পাওয়া না পাওয়ার সমাজ। কর্মহীন সমাজ, অনুৎপাদক বৃদ্ধির সমাজ। এই সমাজ কখনো এগিয়ে চলতে পারে না। এ হলো একটা জাতির কফিনে পেরেক পুঁতে দেওয়া সমাজ।

আমরা কি এই সমাজ চাই? 

এই আলোচনার পরিবেশও আর নেই। এটা শাসকের বিরুদ্ধাচারণ। এটা গরিব অভুক্ত-অর্ধভুক্ত মানুষকে খেপিয়ে তোলার প্রক্রিয়া। এ ভাবে না কি সমাজ এগোয় না। সমাজ হয়ে ওঠে রুদ্র রুক্ষ। শাসক হয়ে পরে সামাজিক উন্নয়নের পরিপন্থী এক সমাজ বিরোধী। 

শুরু হয় ধর পাকর। সচেতন করার কাজ যাদের হাতে তাদের নামের পাসে নতুন তকমা যুক্ত হয়। শাসকের যন্ত্রে নাম গোত্র হীন হয়ে পরে এসব এক লহমায়। ভয় চেপে বসে মাথার উপর। না জানি কোন দিন মধ্যরাতে দরজার কড়ায় আওয়াজ উঠবে হারান বাড়িতে আছে? ওপার থেকে গৃহবঁধু উত্তর দেওয়ার ভাষা হারিয়ে চুপ করে থাকে। বাচ্চাটা কেঁদে ওঠে বাইরে ভাড়ি বুটের শব্দ শুনে।

পরদিন থেকে হারান এর আর রাতে বাড়ি ফেরা বন্ধ হবে। লুকিয়ে কাটবে কিছুকাল। ছেলেটা স্কুলের পথে পথ হারাবে। বাড়িতে তালা ঝুলবে। সময়ের নিয়মেই গ্রীষ্ম বর্ষার শেষে থাকবে না তালা দেওয়া ঘরটা। রাতের অন্ধকারের মতন গোটা পরিবারে নেমে আসবে রাত।

আমরা কি এমন শাসন চেয়েছি? তবে কেন এমন হয়? এবার কি অন্যান্য প্রাণীর মতন মানুষও নির্বাক হবে? 

না তা হয় না। হবেও না। মুখে শব্দ শেষ হওয়ার বদলে শুরু হবে নতুন বাক্য রচনা। শিখবে সবাই।

কয়েক যুগ ব্যাপি চলছে এমন এক সময়। কখনও কেশব, কখনও হারাণ, কখনও সিরাজ, মফিজ, কখনো কিস্কু, হেমব্রম, কখনো সাংমা, মারাক এ এক বহমান মানুষের মঞ্চ। 

এরা আসছে সচেতন করতে। হারিয়ে যাচ্ছে অচেতন নিয়মে। সমাজ রোজ এ দৃশ্য দেখছে। অন্তরে কিছু থেকে যাচ্ছে যুগ যুগ ধরে। 

গড়ে উঠছে সচেতন এক সত্তা। সেই সত্তা থেকে শুরু হচ্ছে কলম ধরা। দাড়ি চুল কাটার সময় হারাচ্ছে কিছু মানুষ, লিখে যাওয়ার এক তাগিদে। ছড়িয়ে যায় লেখার পাহাড় মানুষের জঙ্গলে। সেখানে সামাজিক কোনো এক অনুষ্ঠানে কোনো একটা রামায়ন গান বেজে ওঠে।

অসহনীয় এই কান্ড কারখানা দেখে অসন্তোষ দানা বাঁধে। ভাঙা হয় মঞ্চ। জ্বালানো হয় পুস্তক পুঁথি। এ আমাদের চেনা সমাজেরই এক চিত্র।

চিত্রকার এ সব দেখে ছবি আঁকে। ভাঙা মঞ্চের পাশে পরে থাকা চটি, জুতো, তবলা, ঢোল, মাদল। ভাম বেড়াল বাদ্য যন্ত্রের চামড়া গুলো খাচ্ছে মনের সুখে। 

এতেও রক্ষা নেই। শিল্পীরও ডাক পরে। তুলি, কাগজ, রং সব কেড়ে নিয়ে বলে যা এবার এঁকে দেখা। পোড়া কাঠকয়লা নিয়ে পথঘাট, মাটির দেওয়াল ভরে ওঠে শিল্পীর হাতে। না এর পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে হারিয়ে যায়, বেঁচে থাকে তার সৃষ্টি। এই হতচ্ছাড়া সৃষ্টি নিয়েই যত সমস্যা। এ ঠিক পাহাড়ের গা বেয়ে হেটে চলা নদীর মতন। এ নদী বাঁধ মানে না বরং ভেঙে তছনছ করে। এতে ভর করে ভেসে যাওয়া শুরু হয় সমতলে। এর পরে সমুদ্রের ঢেউ এর মতন সে আছড়ে  পরে।

:২:

কেশবে'র ছেলেটা বড় হয়েছে। পড়াশুনা সামান্য হলেও গভীরতায় অনেক। হারাণে'র মেয়েটা সুন্দর গান বাঁধতে শিখেছে। ঢাকনা ছারা হারমোনিয়াম টা ওর দাদুর। দাদু ভিক্ষা করতো লোকাল ট্রেনে। মফিজ এর ছেলেটা বাবার গুন পেয়েছে। ছোটো বেলা থেকেই প্রকৃতির  ছবি এঁকে দিন কাটাতো। বাকি ছবি গুলো ওর মা এর কথার ছবি। এসব যেনো যুগপৎ এক বিষয়। 

বহমান বিষয়টা যারা জানে তারা প্রবাদ বাক্য শোনায়।বলেন বাঁশ গাছের গোড়া থেকে বাঁশ জন্মায়, আর নল বনে নল। কথাটার অর্থ আজ ওরা বুঝতে পারে। তবুও বাপ কাকার মতন ঘর ছাড়া হওয়ার কোনো ইচ্ছে নেই ওদের। রোজগারের তাগিদ আছে। মা এর মুখ আছে। ফেলে আসা ভিটে আছে। আধ পেট খেয়ে বড় হওয়া স্মৃতিতে আছে।

আর আছে এই সব কিছুকে বুঝে নেওয়ার অদম্য সাহস। সে ইচ্ছার বহিঃপ্রকাশ নেই। অন্তর ধরে রাখে ওগুলো। 

কিস্কু আর হেমব্রম অরণ্যে থাকতো। মহুয়ার গাছ ওদের আরাধ্য। ওদের রান্নার শুকনো কাঠ থেকে ফাঁদ পেতে ধরা কোয়েল, খরগোশ সব কিছুই জঙ্গলের। জঙ্গলে খাওয়ার সামগ্রী জুটেছে অপ্রতুল বাকি যা কিছু সেসব আসতো ভিক্ষার পাত্র নিয়ে লাইন দিয়ে। বই, খাতা কলম, পেন্সিল দিতে আসতো সমতলের কিছু মানুষ। পড়া শুরু তখন থেকে। সুব্রত, পিনাকী, সহিস জঙ্গলে আসতো পড়াতে। নিজের ভাষায় নয়। তবুও কোনো এক তাগিদে শুরু এই লেখা পড়া না জানা ভাষায়।

ওরা বলতো, এই তোর কথা বুঝতে সময় চলে যায়। আমার মতন কথা বলতে পারবি? পিনাকী বললো শেখাবি? লজ্জা পেলো। সেদিন থেকে পিনাকী জঙ্গলে থেকে গেলো। খাওয়া, থাকা, পড়া সব একসাথে। তার কাছে ওদের ভাষা শেখাটাই প্রথম। নতুন ভাষা শিখতে ঘুরে গেলো পুরোটা বছর। পিনাকী শিখে ফেললো ওই সাঁওতাল ভাষা। 

কিস্কু বললো দাদা তোর ভাষা খুব মিষ্টি। পিনাকী বললো কেনো? বললো সেই কবেই আমরা বলতে শিখেছি। আমার মা বাবু বাড়িতে কাজ করতো। ও শিখেছে ওখানে। বাবা কাজ করতো চাষ এর। ও শিখেছে মাঠে। আর আমি লিখলাম তোর কাছে।

কিস্কুর বাবা চাক ভেঙে মধু আনতো। শহরের বাবুর বাড়িতে নিয়ে যেত। কাগজের উপর মধু রেখে নিচে দ্বিপ জ্বালতো। মধু ফুটতো জলের মতন। কিস্কু বলতো খাঁটি মধু। 

বাবুরা বলতেন কাগজের উপর জল দে। নিচে দ্বিপ জ্বালা। ও জ্বালাতো। জল ফুটতো। মুখের দিকে তাকিয়ে কিস্কু বলতো জানি না বাবু। এতো আমার চার পুরুষের শিক্ষা। বাবু হাসতেন। মধু কিনতেন সারা বছরের জন্য।

এসব বিষয় কিস্কু জানে। এই সব শহরের শিক্ষিত সমাজ তার পছন্দের নয়। ও পিনাকী কে বললো, এই শহুরে মানুষ আজও আমাদের জঙ্গলের মানুষ ভাবে।

পিনাকী উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেলো না। এই শহরেই তার জন্ম কর্ম। শেষে বললো এক ঠোঙা দুধ নিয়ে যাবি। দ্বীপ জ্বালাবি ঠোঙার নিচে। দুধ ফুটবে। বলবি এটা দুধ।

কিস্কু খুশি হলো। পিনাকী শুরু করলো নতুন পাঠ। বললো তুই যেমন আমিও তেমন তফাৎ শুধু সারল্যে। তুই তোর পরিবার পরিজন, তোর সমাজ সব কিছু আমাকে বলে ফেললি। অথচ আমি?

পিনাকির মনে পরলো তার বাবার কথা। মা বলতেন তোর বাবা ছিলো এক সহজ সরল মানুষ। তার সত্তায় ঘা দিয়েছিলো তারা। তাতে ভয় পায় নি কিছুই। মাঠের রোদ তার জীবনের সঙ্গী ছোটো থেকে। শরীর তার কাক পাখির মতন। মৃত কাকের শরীর দেখতে পেলে কাকের দল আকাশ ঘিরে ফেলে। এই দেখে সবাই ভয় পায় অথচ কাকগুলো সূর্যকে আড়াল করে মৃত কাকটার শরীর শীতল করতে চায়। এ এক ধরণের প্রতিবাদ। যদিও স্বাভাবিক নিয়মে যে কাক মরে, তার দেহ খুঁজে পাওয়া যায় না। কাকেরাও বোঝে অস্বাভাবিক মৃত্যু কিন্তু মানুষ বোঝে না।

মাঠ থেকে কেশবের দেহটা বাড়িতে তুলে আনার লোক ছিলো না সেদিন। বুড়ো বাপ-মা আর ছোট ভাই পৌঁছেছিল মাঠে। আর কেউ যায় নি!

নিঃশ্বাস ত্যাগ করার পড়েও সেদিন তার নিঃশ্বাসে বিষ।

:৩:

উত্তর পূর্বের তুরা পাহাড়ে সুব্রত আর সহিস এর সাথে প্রথম পরিচয় পিনাকির। ওরা দুজন পাহাড় চড়তো, আকাশ দেখতো হাতের মুঠোয়। পাখি উরে যেত ওদের গা ঘেষে। কখনো কখনো ঠোকর দিতো। শীতের পোষাক ভেদ করে চঞ্চু দেহকে ছুঁতে পারতো না। 

ওদের গাড়ি ছিলো, ঘোড়া ছিলো, টাকাও ছিলো। যা ছিলো না সেটা ওরা প্রথম বার পেলো পিনাকির কাছে। এটা অনেকটা অদৃষ্টের মতন। 

সুব্রত পাহাড় চড়া ছাড়াও গল্প লেখে ছেলেবেলা থেকে। পুরস্কার ও পেয়েছে অনেক। প্রথম শ্রেনীর পত্রিকাতেও ছাপার অক্ষরে প্রকাশ পেয়েছে ওর লেখা। আর সহিস? সত্যিই সে সহিস।

কলেজ জীবনে সে ঝড় তুলতো কথার জালে। ছাত্র-ছাত্রী সকলে শুনতো তার কথা। অশ্বমেধের ঘোড়া ছুটতো দিগন্তের দিকে। সেই ঘোড়া কখনো থামেনি। সহিস কখনো থামতে বলে নি।

এক সহস্রাব্দ প্রাচীন জীবন, আধুনিকতার সাথে যারপরনাই একাঙ্গী হয়ে পরেছে। পিছনের রহস্যটা কি? 

সেখানেও সেই সমাজ। সেই চরৈবেতি চরৈবেতি। এজন্যেই সুব্রতর গল্প আর সহিসের ঘোড়া ছুটে চলে সমান তালে। 

কখনো সুব্রত লেখে  কাহারবা নয় দাদরা বাজাও আর সহিস বলে উল্টো পাল্টা মারছো চাটি। আর আকাশের শশী সূর্য খুঁজে শেষে বলেই ফেলে ভাগ্যি তুমি ছিলে!

:৪:

এ যেনো এক ত্রহ্যস্পর্শ। কোথায় পাহাড় কোথায় নদী কোথায় সমতল। সব তল এক তলে। আসলে ত্রিমাত্রিক বিষয় গুলো এ রকমই হয়। চোখে দেখা যায়, ছোঁয়া যায়,পরখ করা যায়। এর পরে বহুমাত্রিক বিষয় এসেছে। সেখানে মানুষ নেই। কোনো এক অন্তরীক্ষ তৈরী হয়েছে নতুন কলেবরে।

আগামীর হাতছানি, নতুন জগৎ, যাযাবর থেকে ঘুঘু পাখি সব আছে এই তিন্নির বাস্তবে। 

গৃহস্থালির কাজে সময় বয়ে যায়। যাওয়া হয় না। ইচ্ছাগুলো দীর্ঘশ্বাস ফেলে। বয়েস বেড়ে চলে পলে পলে।মন বেদনায় সংসার ছাড়তে ইচ্ছে হয়। হয় না কিছুই। কখনো ছোট্টো বাচ্চাটা, কখনো গৃহবঁধূ লাগাম টেনে ধরে। নাক থাকলেও নাকের ব্যাথায় শরীর মন কাতর হয়। বয়ে আনে কোনো এক না পাল্টানোর খেদ।

সেদিন সহিস ভুট্টা এনেছিলো পাহাড়ের গা থেকে। হলুদ রঙের পাকা আনারস তার সাথে। কচি ভুট্টা আর পাকা আনারসের স্বাদে সেদিন পেট না ভরলেও মন ভরে ছিলো। এরপর আর এমন স্বাদ ওরা পায়নি।

শুধু কয়েক রাজা উজিরের স্বপ্ন, শব্দকল্পদ্রুম হয়ে বিলাপ করলো রাত দিন।

এই প্রথম সাধ হলো মরতে। সাহস বেড়ে উঠলো। কাঁশি,ঘন্টা,ঢাক,ঢোল সব বেজে উঠলো একেবারে নিজের নিয়মে।

আসলে নিয়ম যে বানানো যায় না, প্রথমবার বুঝলো সমাজ। কিন্তু এ কোন সমাজ?

:৪:

সমাজের এই ভাবনা তাদেরকে ব্যাস্ত করে তোলে। লোকাল ট্রেনের হকার থেকে সরকারী চাকুরে সবাইকে ওদের বলতে ইচ্ছে করে এ কোন সমাজ? প্রশ্ন করে ফেলে এক পেট ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা পথের পাসে পরে থাকা মানুষ গুলোকে। যে স্কুল থেকে তাদের এই সামান্য শিক্ষা, সেই স্কুলের শিক্ষককে অবলিলায় বলে ফেলে এ কোন সমাজ?

যারা এই রাষ্ট্র যন্ত্রের প্রতিভূ তাদের চোখ পরে ওদের উপর। তারা ডাক পাঠায়। পৌঁছনোর পর নানান প্রশ্নের তাদের কাছে সমাজ বিবর্জিত প্রশ্ন মনে হয়। তবে সমাজ পর্যবেক্ষণে তারা যা যা দেখেছে, নির্ভয় নির্ভর ভাবে বলতে কুন্ঠা হয় নি। রক্ত চক্ষুর আড়ালে যে রক্তহীন শরীর তারা দেখেছে, তাতে তাদের ভয় হয় নি বরং মনে হয়েছে এই প্রশ্নগুলো তাদের মনের আড়ালেও উঁকি দেয়। এরপরেই ওরা লিখে ফেললো এক নৈব্যাক্তিক অভীক্ষা। লেখাটা পৌঁছলো তিন তলে। অতলে তলিয়ে যাওয়া আদর্শবাদ প্রশ্ন করলো মানুষকে। মানুষ যে সমাজ দিয়ে প্রতিদিন চলে এই অভীক্ষা তাদের কাছেও পৌঁছলো।

আসলে সংস্কৃতির পরিসর অনেক বড়ো। সুভাষ চন্দ্র বসুর সেই অভীক্ষা শুরু হয়েছিলো তরুণের স্বপ্নে। দেশবন্ধুর যে নৈব্যাক্তিক অভীক্ষা তাতেই তিনি উদ্বুদ্ধ ছিলেন। এর পর বিদেশ বিভুঁইয়ে অনেক কিছু শেখা। তার পর? না তারপরে তিনি মৃত্যুহীন প্রাণ। তবুও দোষ তার পিছন ছাড়েনি। কখনো কুকুর, কখনো কোনো এক বৈদূর্য্য রহস্যের মাঝে একা কুম্ভ এই প্রকান্ড ভারতে। যে ভারত তার স্বপ্ন সে ভারত আজ নেই। শুধু নামভূমিকায় তার পদচারণা।

অঙ্গুলির হেলন তাদের হেলাতে পারলো না। পড়াপাঠ, সমাজ সমীক্ষণ চললো। মানুষের দরবারে পাত পেড়ে শুরু হলো খাওয়া। বাড়লো গ্রহনযোগ্যতা। মহাত্মার মতন চললো হেঁটে চলা। শহর নয়, গ্রাম থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে সমতল।

শৌখিন সমাজ রক্ষক বুঝে ফেললো এরা এখনো অরক্ষণীয়। ভেবেছিলো কিনে নিতে সামান্য খরচ হবে। 

না খরচ করতে হলো না। নতুন ভাবে জেনে বুঝে সামাজিক অবস্থান প্রকাশ পেলো নৈব্যাক্তিক নতুন এক অভীক্ষায়।

ডাক পড়লো পিনাকীর।

:৫:

লোহা গরম করলে নরম হয় ঠিকই তবে আবার যখন ঠান্ডা হয় তখন তার অশক্ত শরীর হয়ে ওঠে অনমনীয়। তখন তাকে আর বাঁকানো যায় না। যদিও বা জোর করে তাকে বাঁকাতে চায়, সে দু টুকরো হয়ে যায় ঠিক কাঁচের মতন। 

পিনাকী যখন থানা থেকে ফিরলো, ঠিক যেন গরম লোহা সবে ঠান্ডা হয়েছে। কে বাঁকাবে তাকে? স্বচ্ছ কাঁচ বাঁকে না, ইস্পাতের মতন কঠিন তার শরীর ঠিক ততটাই অনমনীয়। কারাগারের লোহার কপাট তাকে ভয় পেলো।

এরপর ডাক পরলো বাকি যে কজন আছে তাদের।

 সুব্রত গেলো না গেলো সহিস। এ গাধা-ঘোড়ার সহিস নয়, মানুষের সহিস। এ সমাজের ধাত্রী। যখন পৌঁছলো অনেক মানুষের ভীড় জমেছে সেখানে। পছন্দ হলো না সহিস এর। এই পরিবেশ সে চায় না। সে পাহাড়ে চড়ে নিজের পা এ ভর করে। সে নৌকো নিয়ে সমুদ্রের ঢেউ এ দোল খায়। প্রকৃতি তার বন্ধু। আকাশ তার সাক্ষী। বাতাস তাকে বয়ে নিয়ে চলে।

সেদিন যারা এসেছিলো তাদের স্থির চিত্তে সে বললো, আমি কি এতটাই দূর্বল? ওরা লজ্জা পেলো। 

শব্দের জাল বেড়েই চলেছে। মূলি বাঁশের বেড়ার পর ছোট্ট টগরের বেড়া। তারপর ইটের ইমারতে বিরাট উঁচু প্রাচীর। অনেক বড় জমির মাঝখানে সামান্য একটা বাড়ি। নোংরা দেওয়াল। গরাদ লাগানো একটা কুঠুরি। তার চার পাশ ঘিরে কয়েকটা ঘর। টিমটিমে আলোয় মনে হয় শীতল বায়ু বইছে।

এসব সহিস জানে। এর থেকেও শীতলতা সে দেখেছে-থেকেছে। এই ঘর গুলো যারা আগলিয়ে বসে আছে তারা এসব দেখেছে এখানে আসার পর।

সহিস কে যারা প্রশ্নবানে জর্জরিত করতে এলো তারা বুঝলো পূর্ণিমার চাঁদকে রাহু গিলে ফেলে আর সূর্যের জন্যে পৃথিবীই অনেক। 

এই প্রথম তারা বুঝলো, ছোটো ছোটো ভুলের পাহাড় তাদেরকে ঘিরে ফেলেছে।

সেদিন সহিস কে তারা বললো আপনি আসুন। ওরা আগে জানতো আগে ধন পরে প্রাণ। এই প্রথম বুঝলো এ কথা মিথ্যে। বুঝলো আগে প্রাণ পরে ধন।

হারানের মেয়েটা দাদুর রিড খোলা হারমোনিয়াম নিয়ে সেদিন বসলো নতুন গান বাঁধতে। কথাগুলো পুরাতন হলেও আধুনিক সুর তাকে সাধারন মানুষের কাছে পৌঁছে দিলো। ইমন সেদিন হয়ে উঠলো এ মন। গানটা গার্হস্থ্য জীবনের খুব কাছের। সুন্দর অনেক গুলো কথার বন্ধন। কন্ঠে শোনালো দাদুর হারমোনিয়াম টা বাজিয়ে। " যব দীপ জ্বলে আনা, যব শাম ঢলে আনা।"

বড়ো আশ্চর্য লাগে এই গান শুনে। এই গান অনেক কাল আগে শোনা। তাহলে কিভাবে এমন হলো? হারমোনিয়াম টা কোনো এক ভিখারীর। হারানের মেয়ে চোখ মুছলো তবে জল ঝরা বন্ধ‌ হলো না।

:৬:

এই প্রথম মেঘে ঢাকা তারা মেঘ সরিয়ে সামনে এলো। আলোর বিচ্ছুরণ এসে পরলো মাটিতে। আকাশ গর্জন করেছিলো বিকালে। বৃষ্টি এসেছিলো সন্ধ্যায়। সুতীক্ষ্ণ চোখ ফুটে উঠেছিলো তারার উপর ভর করে। যে বিচ্ছুরণ ফুটে উঠেছে, সেটা ওই চোখের জলের। তার লাল চোখ রক্ত চক্ষু নয়। জল ঝড়া চোখ লাল হয় তবে রক্তিম হয়েছে। এই চোখ ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং দুঃখের অতলে তলিয়ে যাওয়ার প্রতিসরণ।

না সে দল বানায়নি। দলবেঁধে সকলে এসেছে তার কাছে। মা, বোন, বধূর মাঝখানে এসে উপরে আঙুল তুলে বলেছে, এ কোন সমাজ? 

মহিলাদের একাত্বে নতুন কথা শুরু হলো সমাজে। ব্যাপ্তিতে ছড়িয়ে পরলো মা-বোন-বধূর মুখে মুখে। সে কথা বড়ো সহজ কথা নয়। তারা বললো আমরা স্বামী, পুত্র, কন্যা, পিতা,মাতা, ভাই, ভার্যা হারিয়ে আজ পথে। যেদিন এই বসুন্ধরা নতুন ভাবে এই দুঃখ কষ্টের পাশে এসে দাঁড়াবে সেদিন  থেকেই আমার নতুন শিশুর জন্ম দেব, নচেৎ নয়। ওরা সেদিন থেকে হারাণের মেয়ের নতুন নাম দিলো মন্দিরা।

এতেও শান্ত হলো না এই সমাজ। বেড়ে উঠলো ধর্ষক। শুরু হলো প্রতিবাদ। ফিরে এলো পুরনো সেই জহর ব্রত। এটা কি হলো ওরা বলতে চাইলো না। অতীতের সামন্ত প্রভু থেকে শেষ ভারত বিভাগ পর্যন্ত যা ঘটেছিলো এই প্রতিবাদ একেবারে তার তির্যক স্বরূপ।

না তিনি ঘোড়ার পিঠে চেপে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে যাননি। তিনি ঝাঁসির রাণী নন। তার লড়াই কেবল নিজের স্বার্থ চরিতার্থের নয়। এটা আদর্শের লড়াই। এটা সমাজ রক্ষার লড়াই। ভাগ বাটোয়ারার পর পরে থাকা ভারত রক্ষার লড়াই।

পাশবিকতার রং প্রকাশিত হলো অসামাজিক এক নগ্ন  সভ্যতায়। সেখানে একজনকে যদি খ্যাপা মোষ বলি অন্যজন কামতাড়িত কুকুর।

:৭:

মন্দিরা নামটা খুব পছন্দ হলো তার। মনে পড়লো স্বাধীনতার ইতিহাস। মনে পড়লো গান্ধী বুড়ির কথা। মনে পড়লো তমলুক। ওই প্রত্যন্ত গ্রামে ইংরেজ রাজ তাকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করেছিলো। মনে পড়লো তার আসল নাম। সে নামের সাথে এই দেওয়া নামটা খুব সাযুজ্যের। তার মনে হলো এবার না হয় সে'ই হবে আধুনিক মাতঙ্গিনী। 

না সে আহ্লাদে আটখানা হয়নি। তার মনে পড়ল কাব্যের পিতামহ রবিঠাকুরের কবিতা 'আরোগ্য'। মনে পড়লো কয়েকটা পংক্তি।

" রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে,        জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে।"

এই আধুনিক সমাজ'ও শিশু পাঠ্য কাহিনীতে মুখ ঢেকে রাখলো। বেজে উঠলো সময়ের ঘড়ি। সূচিত হলো বিদ্রোহ বিক্ষোভ। সামনের সারিতে মন্দিরা।

অনেককাল পরে এই প্রথম কামতাড়িত কুকুরের লেজ সোজা করার প্রক্রিয়া শুরু হলো। রাত ভোরে কোনো এক অলক্ষুণে কুকুরের কান্না ছড়িয়ে পড়লো পাহাড় থেকে সমুদ্র-সমতলে। কিন্তু এরা কোন জাতের কুকুর? 

একালে যেমন সংস্কৃতির শ্রেণী বিভাগ হয়েছে, হয়েছে কুকুরের'ও। এখন কুকুর গুলো প্রভুকে'ও চোখ দেখায়। চোখ নয় রক্ত চক্ষু। এটা অনেকটা অতীতের সেই 'আলীবাবা চালিশ চোর' সিনেমার মতন।

এই সমস্ত কুকুরের দল প্রতিবাদ করে বললো শালা সমাজ শেখাচ্ছিস? 

মন্দিরা এই প্রথম মুখ খুললো।  বললো ওরে মূর্খ  রবিঠাকুরের কবিতাটা পাঠ কর। ইচ্ছে হয়েছিল এই ছাগল পড়ে দেখ বলতে কিন্তু বাধ সাধলো সংস্কৃতি।

শুরু হলো স্বাভাবিক শব্দের ব্যবহার। মিটিং মিছিলে নয়, কলমে। শতাংশ বিচারে তারা অর্ধেক আর ক্ষমতায়? এই শূন্যতা এখানে কেনো? এর থেকে বেশী কিছু বলাও সমস্যার। ওখানে নারী পুরুষের প্রসঙ্গ এসে পরে। কলম তাই থামলো। আবার চললো নতুন গতি নিয়ে। সেখানে অধুনা গণতন্ত্রের স্ক্যালিটন বেড়িয়ে পড়লো। 

গনতন্ত্রের নাম নিয়ে অসম সমাজ হেলে দুলে এগিয়ে চলছে তাকে থামাতে শুরু হলো লেখা। 

এক্ষেত্রে বলতেই হয় ইতিহাসের রিপিটেশন। সেই পুরোনো প্রোভার্ব। একটা জাতি শুধু পুরুষের নয়।সেখানে অর্ধেক মহিলা। তাদের বাদ দিয়ে সমাজ,জাতি এগোতে পারে না। স্বাধীনতার ইতিহাস দেখলে সব দেশের ক্ষেত্রেই এ কথা সত্য প্রমাণ করা যায়। এই ভূ-ভারত আজও উদ্ভ্রান্ত আদিম যুগের সাথে তালে তাল মিলিয়ে চলে। এটা অশিক্ষার ফল।

সেই স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভে রাজা রামমোহন রায় ফিরে এলেন মন্দিরা'র কলমে।

:৮:

ভারতের মানচিত্র দেখতে বসলো মন্দিরা। সবখানেই বাংলা আর বাঙালী। একদিকে রামমোহন রায় আর বিদ্যাসাগর অন্যদিকে বিবেকানন্দ আর অরবিন্দ। একদিক বাস্তব এর সাথে অন্যদিক অজানা আলোকে।এই প্রথম মনে হল পড়া পাঠ আরো বেশি বেশি দরকার। 

প্রথম নজরে এলো মাতাল গিরীশ ঘোষ। উনি মাটির ভাঁড়ে পান করতেন আর ভাঁড়টা ছুঁড়ে ফেলতেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। 

অথচ ঠাকুর তাকে স্বাদরে বরণ করে নিলেন। এই ঠাকুরের পছন্দের যারা তারা হয় তামাক নয় সোমরসে রসান্বিত। এই নিয়ে অনেক রসায়ন সে পড়ে ফেললো। 

সেদিন তার ইচ্ছে হলো আকন্ঠ মদ গিলতে, ঠিক গিরীশ ঘোষের মতন। পারলো না।

এরপর সে বসলো এক ছিলিম গাঁজা নিয়ে। কাশি হলো বেজায়। স্বাদ? না তেমন কিছু নয়। তবে গন্ধে তার ভ্রুকুটি ভাঙলো। তার মনে হলো কোনো এক শ্মশানে বসে আছে সে।  অসহ্য মরা পোড়ার গন্ধে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। বুঝলো এসব নৈব্যাক্তিক কিছু এক বিষয়। যে বিষয় তার জৈবজ্ঞানে আসে না।

এরপরে সামান্য কিছু পর্যবেক্ষণ শেষ হলো অরবিন্দের অজানা সম্মুখে। বুঝলো এসব মায়া আর কায়া। এ এক বাস্তব বহির্ভূত জগৎ। যেখানে এই বুভুক্ষু মানুষ শুধু বছরে কয়েকদিন ভান্ডারার খিচুরী খেয়ে হেগে মুতে শ্বাস ছাড়ে।

বুঝলো এ পথ ভিখারীর খাদ্য পাওয়ার পথ। যোগ্যতার নিরিখে না বিচার্য বিষয়। 

তার কাঙালী ভোজন দিয়ে পাপ পুণ্য বিচার পছন্দের নয় বরং সুস্থ স্বাভাবিক বহমান মানুষের সমাজ তার ইচ্ছে।

এই লৈখিক বিষয় পরিযায়ী মানুষেরা গ্রহণ করলো। আর যারা অতন্দ্র প্রহরী তারা তাকে হাতে শিকল পরিয়ে ধরে নিয়ে গেলো।

শুরু হলো কারাগারে বসে নতুন ভাবে কলম ধরা। 

সমাজ তখন ভেবে নিয়েছে এই মেয়েটার কোনো গতি হবে না। রাস্তার পাশে পুকু্র পাড়ে যেমন বেশোরকাঠ দাঁড়িয়ে থাকে ঠিক তেমন জীবন ভেবে তাকে কাটাতে হবে আগামী দিন। 

কতিপয় মানুষ বললো সমাজের অভ্যন্তরীন সত্য সে বুঝে ঘরে ফিরবে। সে লিখবে শত সহস্র পাতা। ছাপা হবে বই। সে বই টা ছাড়পত্র পাবে না প্রশাসনের। মন্দিরার মন্দন মন্দ্রিত হবে জনগনের মুখে মুখে। বরমাল্য না জুটলেও জুটবে জনমানুষের জাহ্নবী। 

সময়ের ঘন্টা ব্রহ্মপুত্র কে গঙ্গায় মেলালো। তার প্রথম লেখায় প্রকাশ পেলো এক নতুন আবেগ। সে লিখলো ভাগ্যিস স্বর্গের অপ্সরারা আমার সাথে নেই। ভাগ্যিস এই নরকে এসে ছিলাম। না হলে স্বর্গ আর নরক আমার জীবনে অধরা থেকে যেত। 

সে দিন সাহা বাবুর সুরার দোকানটা খুলেছিল সময়ের কিছু আগে। থানার দারোগা খবর দিয়েছিলো। তিনি বোঝেননি। লম্বা লাইন যেনো আর শেষ হয় না। রিক্সা, ঠেলা, অটো লাইন দিয়েছে সেদিন। মদ কিনতে নয়, মদ বিক্রি বন্ধ করতে। কারণ সেদিন মন্দিরা কে মুক্তি দিয়েছে প্রশাসক। হক বুঝতে সেদিন এই লাইনে প্রথম ক্রেতা মন্দিরা।

এ যেনো এক ট্রাইসনিক ইঞ্জিন।

:৯:

শব্দহীন উড়োজাহাজ বোম ফেলে চলে যাওয়ার পর শব্দ শোনা যায়। কে শুনতে পায় সেই শব্দ? শোনা যায় সারমেয় শুনতে পায়। নিঃশব্দ মধ্যরাতে ওরা গলা ছেড়ে গান গায়। ওদের স্বগোত্রীয় শৃগাল। তারাও নিশ্চিত কোনো শব্দ শুনে গলা ফাটায়। 

কিছু ম্যা ম্যা ডাক ছারা স্তন্যপ্ বললেন এই মন্দিরা সেই গোত্রীয়। সমাজ বললো এই তৃণভোজী সম্প্রদায় ভয় পেয়েছে। মন্দিরা হাসলো। বললো মানুষ মানুষকে এভাবে তখনই এ কথা বলতে পারে যখন সে নিজে নিজেকে সম্মান করতে ভুলে যায়। যখন সভ্যতার সাধারণ সত্য সে ভুলে যায়। যখন খরগোশ এর মতন গর্তে মুখ লুকিয়ে সে ভাবতে পারে তাকে কেউ দেখতে পাচ্ছে না।

সে স্মৃতিমেদুর হয়ে পরে। চোখের সামনে সে দেখতে পায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়দের। আশ্চর্য হয় একথা ভেবে, এ কোন সমাজ, যে সমাজ অতীতের স্মৃতি বিমূর্ত?

পিনাকী ধৈর্য হারালো। মন্দিরার হাত টেনে ধরলো। মন্দিরা তখনো পরে আছে সেই বৃটিশ রাজ, সতীদাহ, বিধবা বিবাহ এসব নিয়ে। পিনাকী'র হাতের উপর সে হাত রাখলো। বললো ভাবছিলাম এই ভারত বোধ যথেষ্ট নয়। এবার ভূ-ভারত ভাবাচ্ছে আমাকে।

সেই রাতে কুকুর গুলো কাঁদলো, শৃগাল রোল তুললো না। সহিস বললো সমাজ পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। মন্দিরা কথাটা মানলো না। মন্দিরা হেসে উঠলো। সহিস কে বললো পরিবর্তন প্রেম-বিরহ নয়। যৌবন নয়। ক্ষণস্থায়ী নয়। এটা রেডিকাল। এটা নতুন এক বাস্তব। এটা মৃচ্ছকটিক নয়।

সহিস এর চোয়াল যত শক্ত হচ্ছিলো সুব্রতর চোখ ঠিক ততটাই সজল হচ্ছিলো। সুব্রত এ কথা ভুলতে পারেনি শেষ চূড়ো তার অধরাই থাকতো যদি না সহিস থাকতো।

মন্দিরা দেখলো চোয়াল শক্ত হচ্ছে, হাত হচ্ছে মুষ্টিবদ্ধ। সে বুঝলো সমাজের জাহান্নামে যাওয়ার আগে একটা প্রকান্ড দেওয়াল গড়ে উঠেছে। সেখানে যেমন সে, তেমন সহিস, সুব্রত, পিনাকী আরো কতো এমন যৌবন।

যৌবনের চঞ্চলতা দেখে তৈরী হলো ফাঁসির দড়ি, তৈরী হলো গিলোটিন। সেখানেও যৌবনের উচ্ছলতা। কে হবে ফাঁসুরে? কে চালাবে গিলোটিন?

এই প্রথম মন্দিরা মুখ খুললো। বললো আমরা নেই এই দলে। আমরা মানুষের দরবারে সমাজ রক্ষার দায়িত্ব দিয়েছি।

শেষ কথা সে'ই বললো। বললো নতুন প্রজন্ম বলে কিছু থাকবে না। আগামীদিনে নতুন কোনো ভ্রূণ আসবে না আর এই শরীরে। 

এই প্রজন্মই হবে শেষ প্রজন্ম।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন