বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

জগতের কারিগর আমরাই

:১:

সময়টা সত্তরের দশকের শেষের দিক। তখন জন বিস্ফোরণ হয় নি এই বাংলায়। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। নতুন দেশ হিসেবে বাংলাদেশ  সবে জন্মেছে। তখন সাতচল্লিশ এ ছেড়ে আসা এ বাংলার মানুষগুলো অবিভক্ত বাংলার স্বপ্নে মশগুল। না তা হয় নি। নতুন এই দেশ ভারতের অন্তর্ভুক্তি চায় নি। অবিভক্ত বাংলার স্বপ্ন সপ্নই থেকে গেছে। দলে দলে মানুষ নতুন করে ও দেশ ছেড়ে এদেশের দিকে পা বাড়িয়েছে বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর। নতুন এক জন বিস্ফোরণ ঘটেছে এই পশ্চিমবঙ্গে। দিন দিন শুধু বেড়ে উঠেছে অভাব, অনটন। কর্মহীন মানুষ অন্ন-বস্ত্র-বাসস্থান পেতে সুদুর সুন্দরবন থেকে মরিচঝাঁপি পৌঁছেছে শুধু এক সুরক্ষিত জীবনের বাসনায়। অনেক মানুষ আবার সাময়িক ভাবে পরিবার নিয়ে ঘর বেঁধেছে রেল লাইনের গা ঘেষে সরকারি জমির উপর। এরপর তারা ঘুরে ফিরেছে কিছু একটা কাজ পেতে। যা পেয়েছে সেটাই তার কাছে তখন অমূল্য। দু-চারটে লাউ, কুমড়ো, পুঁইশাক লাগিয়েছে বস্তির আস পাস দিয়ে শুধুমাত্র শাক-ভাত দিয়ে পেট ভরানোর আশায়। 

এই দেশ তখন সদ্য জন্মেছে। এক পুরুষ সবে যৌবন পেয়েছে। কর্ম সংস্থান তখন দূর অস্ত। ওই ওপার থেকে আসা মানুষ গুলোর সাথে একটাই শুধু পার্থক্য। এদের পৈতৃক ভিটে মাটি আছে। সামান্য চাষ আবাদ আছে। একটা ছোট্ট পুকুর আছে। পুকুরে মাছ আছে। এক কথায় পেটের জোগান আছে। ওপার বাংলার মানুষের চোখ পরলো ওই সমস্ত পরে থাকা চাষ যোগ্য জমি গুলোর উপর। তাদের ইচ্ছায় আবেগে ওই সব জমিতে শুরু হলো চাষ। নতুন ভাবে মাঠ ভরে উঠল ফসলে। এই চাষ আবাদের মূলে যে মানুষ গুলো সেদিন হাত বাড়িয়ে ছিলো শুধুমাত্র কর্মসংস্থান এবং তার সাথে পরিবারের এক মুঠো অন্যের যোগান এর জন্য, সেটা এক নতুন দিক খুলে দিল। 

আবার ফিরে এলো আনন্দের বাংলায় সেই পুরোনো নবান্ন উৎসব। সে উৎসবে আমি ছিলেম না। 

:২:

এই উৎসবে সামিল হলাম সাতাত্তরে। আমি তখন দশ পেড়িয়ে এগারো। পাঁচ ক্লাস এ ভর্তি হয়েছি বৃত্তি পরীক্ষার পর।  মন্বন্তরের পরে যেভাবে জীবন চলে ফেরে ঠিক সেভাবেই শুরু । তখন আর্থ-সামাজিক অবস্থা এরকম ছিল না। অভাব ঘরে ঘরে। 

আমাদের পরিবার ওপার বাংলা ছেড়ে এপারে এসেছিলো পঁয়তাল্লিশ এ। তখন বাংলা একটাই।পেশা সূত্রে বাপ-ঠাকুর্দা বরাবরই কোলকাতায় কাটিয়েছেন। থাকার মধ্যে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় চার পুরুষের বাস ও সম্পত্তি বলতে শুধু একটা সাবেকি বাড়ি। দেশ বিভাগের শব্দ ঠাকুর্দা শুনেছিলেন অনেকের থেকে কিছু আগে। তাই সাত তারাতারি ও বাংলা ছাড়া। তবে নতুন করে এই নতুন এক শহুরে জীবনের সাথে পরিবারকে  মানিয়ে উঠতে সময় শেষ হয়েছিলো আলোর গতিতে।

বাংলা ইংরেজ রাজের সময় থেকেই সমাজ সচেতন। মনীষীদের মনীষার ফল স্বরূপ কোনো দিন নিরুত্তাপ হয় নি বাঙালি। এ কথা ওপারেই বাংলার ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য। বিভক্ত বাংলার এক পারে ভাষা আন্দোলন অন্য পারে তেভাগা আন্দোলনের রেশ গোটা জাতিকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের সামনে। আজকের বেতো বাঙালি তখন গোটা বিশ্বের কাছে বিশ্ময়। 

কিন্ত অভাব তার পিছু ছাড়েনি। আন্দোলনের ঢেউ এ এসেছে নতুন আদর্শ। সমৃদ্ধ হয়েছে কৃষ্টি তবে আর্থিক বঞ্চনা হয়ে উঠেছে দুর্নিবার। ওপার বাংলা যেমন লড়াই করে আলাদা জাতিসত্তা বজায় রেখেছে, এপারে কিন্তু  তা হয় নি। 

আসলে এপার ছিলো বাবু বাঙালি তে সমৃদ্ধ। কতিপয় বাবু বাঙালি আর মহামহোপাধ্যায় এর দাম্ভিক পদচারনা সেদিন থেকেই গোটা জাতিকে বেতো বানানোর অনুঘটক  হিসেবে কাজ করেছিল। কোলকাতা কেন্দ্রীক বাংলায় এজন্যেই সেদিন থেকে শুধু নাম বদলের উন্নয়ন হয়েছে। যা কিছু নতুন পরিকল্পনা তৈরী হয়েছিলো তা রূপায়নের অনেক আগেই ঝরে পড়েছিল রূপ হীন দীর্ঘ মেয়াদী এক সময়ের বেড়াজালে।

স্বাধীন ভারত গঠনের পর প্রথম যে নাম বদলের স্বাক্ষি আজকেও কোলকাতার বুকে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে সেই মূর্তি স্থাপন নিয়ে দু-চার শব্দ লেখা প্রয়োজন।

কোলকাতার প্রতিটি মর্মর মূর্তি যে গুলো স্বাধীনতা সংগ্রামের প্রতিভূ তাদের মূর্তি যে স্তম্ভের উপর সদর্পে দাঁড়িয়ে তার উপরের বাঁধানো পাথরের খন্ড তুলে দিলেই চোখে পরবে বৃটিশ রাজবংশের কোনো এক সৌষ্ঠভের  ফলক। যেখানে পাওয়া যাবে বৃটিশ বীরত্বের মহিমা। আশ্চর্য লাগে এ কথা ভেবে এই সামান্যতম রিনোভেটিব কাজটা অসম্পূর্ণ। এ আমাদের লজ্জা।

ব্যাতিক্রম মাত্র দুটি মূর্তির ক্ষেত্রে। একটি মূর্তি হাইকোর্ট গেট এর সামনে দাঁড়ানো শহীদ ক্ষুদিরাম অন্যটি দিকপাল ফুটবলার গোষ্ঠ পাল। এদুটি প্রতিষ্ঠার কারিগর তৎকালীন শ্রমমন্ত্রী সুবোধ বন্দ্যোপাধ্যায়। 

এছাড়া ও মনুমেন্টের মুন্ডুটা লাল রঙে রাঙিয়ে কোনো এক অস্থায়ী শহীদ মিনার মাথা তুলে ছিলো যা আজও ইউনিয়ন জ্যাক লাগানো যুদ্ধ জয়ের প্রতিকৃতি।

এসব এ বাংলায় ঠিক যেন অসম্মানের কষাঘাত। আর এরকম একটু একটু করেই এ বাংলা বিপরীত অভিযোজন এর ফলে ক্রমাগত ম্যামাল থেকে অঙ্গুরীমাল পর্যায়ে পৌঁছেছে। স্বাধীনতার পর এরাই হলেন উত্তর পুরুষ।

তবে সবে ধন নীলমণি আকাশবাণী নামভূমিকায় আজও অকৃত্রিম ভাবে শোভা পাচ্ছে গঙ্গার পাড়ে। যেখানে প্রথম বেতার বার্তা পৌঁছেছিল " আমি সুভাষ বলছি।"

:৩:

অবিভক্ত বাংলা তথা বাঙালির আর্কিটেকচার, আজকের সাথে কোনোভাবেই মেলানো যায় না। শহরের ইমারত পৌঁছেছে গ্রামে। বাংলার গ্রামে কোঠা বাড়ি হয়েছে বিস্তর তবে ঘর থেকে বারান্দা বড়। আসলে কাঁচা বাড়ির সাথে সমতা রেখে এসব গড়ে উঠেছে। ঠিক চিতা সাজানোর আগেই যেনো সমাধি বেদি নির্মিত। এ সব আসলে এই কতিপয় কাল ধরে অর্থের অনর্থ। খেটে খাওয়া মানুষ গুলো এমন কোঠা বাড়ির স্বপ্ন দেখে আর রাজনীতির কারবারীরা প্রমাদ গোনে পাছে খেতে না পাওয়া মানুষ গুলো নতুন কোনো এক আদর্শে ছাদ পেয়ে যায়?

পেটে কাপড় বেঁধেও কোঠা বাড়িতে থাকার ইচ্ছা তাদেরকে বুড়ো আঙুল বাড়িয়ে দিতে বাধ্য করে। এ একালের নতুন ব্যাসন। এই ব্যাসন ওই সব কারবারীদের আসন বাড়ায়। এ ছাড়া চাল, ছোলা, গম, ছাতু আর নিদেনপক্ষে কষ্ট করে প্রসব করা মুরগীর অনিষিক্ত ভ্রূণ। 

আজ ঘোষিত গোবলয় সম্প্রদায় উচ্ছসিত এই ইলোপিত গনতন্ত্রে। সাংখ্যে তারা বীর্যবান। আগামী দিনে এই ইলোপিত গণতন্ত্রে তারা কয়েক যোজন আগুয়ান আর বাংলা? না তারা তেজ বীর্য সব হারিয়ে আজ ঠুঁটো। তাদের সব কিছুই ঠুঁটো। হাত, পা, মস্তিস্ক তো বটেই এমন কি সন্তান ধারণেও সে ঠুঁটো। 

আজ এই বাংলার রূপ এমন হয়ে পড়েছে যে সেই ঠাকুর যদি পুনর্বার ফিরে আসেন তিনি নদী, নালা দেখেই ফিরে যাবেন। সাগরের সাথে তার আর দেখা হবে না।

:৪:

আসলে আগ্নেয়গিরির উৎস মুখ বন্ধ করে দিলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এক ভাবেই নদীর উৎস হিমবাহের মুখ বন্ধ করলে সেও ফেটে বেড়িয়ে আসে প্রাকৃতিক শক্তিতে ভর করে; আর সমুদ্র? যে তিন ভাগ এর মালিক বাকি এক ভাগ গিলে ফেলতে তার সময় লাগে না। সে সুনামি নিয় ঝাঁপিয়ে পরে বাকি এক ভাগের উপর।

সভ্যতাও ঠিক একই ভাবে স্রোতস্বিনী। তাকে যত বেশী বাধার সম্মুখীন হতে হয় সে ততই শক্তি সঞ্চয় করে। এটাকের ইংরিজিতে পোটেনশিয়ালিটি বলে। এই যে নানান শাসক শক্তি সে সামন্ত প্রভু হোক অথবা পুঁজিবাদ হোক এদের প্রাত্যহিক নির্যাতন মানুষের মধ্যে এক ভয়ঙ্কর পোটেনশিয়াল এনার্জির জন্ম দেয়। এই এনার্জিই আগামী দিনের নতুন সমাজ গঠনের ভীত। এই নানাবিধ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েই মানুষ একদিন দুর্বার গতিতে পুরোনো সমাজ ব্যবস্থাকে আঘাত করবে এবং সেই সুনামিতেই শেষ হবে এই বর্তমানের বহমান বর্বর সমাজ ব্যবস্থা ।

তবে আমাদের আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। মনে রাখতে হবে জগতে যা কিছু সৃষ্টি তার কারিগর কিন্তু আমরাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন