:১:
বাস এ উঠে টিকিট কেটে জানলার কাঁধে মাথা রেখে একটা ঘুম দিয়ে সবেমাত্র চোখ কচলে শ্যামল বুঝতে চাইছে কোথায় পৌঁছেছে। বাসটা তখন খিদিরপুর এর একটু আগে পান বাজারে দাঁড়িয়ে হেঁকে চলেছে হাবড়া হাবড়া। শ্যামল আবার আরেক ঘুম দিতে জানলায় মাথা রাখলো। যখন ঘুম ভাঙলো তখন ভোর শেষ হয়েছে। যে ট্রেন ধরতে এদিন আধো রাতে ঘুম ভেঙেছিল সেই ঘুম তাকে তাকে ট্রেনে উঠতে দেয় নি। গাড়ি ছাড়ছে স্ট্যান্ড থেকে। সিট গুলো ভরাট হয় নি। হর্নের শব্দে যখন চোখ খুললো ঘড়ির সময়ে তখন ট্রেন ছুটেছে নিজের সময় মেনে। শ্যামল হাওড়া স্টেশনের পাশের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বাড়িতে ফোন করলো। ফোনটা বেজে বেজে থেমে গেলো। এরপর আরো দুবার। এরপর শ্যামল স্টেশন এর প্লাটফর্মে লোকাল ট্রেনের টিকিট কেটে কয়েক কাপ চা খেয়ে শুধু সময়ে হোক অথবা না শুধু পৌঁছতে চাইলো। যখন পৌঁছল তখন বেলা দ্বিপ্রহর। ইতস্তত পায়ে সে চললো হোটেলের দিকে। পৌঁছেই সে বুঝলো যে উত্তাপে উত্তপ্ত এই সমুদ্র প্রান্তর এটা তার পরিচিত নয়। মেরিনা অপেক্ষায় ছিলো, সে বললো কি করবে বলো। কিছু না বলেই সে মেরিনা কে সাথে নিয়ে চললো রেল স্টেশনে। পৌঁছে বললো বাদ দাও এই সমুদ্র শহর, চলো যাই কোলকাতায়।
মেরিনার হাসি তখন দেখে কে?
মেরিনার সাথে পরিচয় হয়েছিলো এই মেরিন ড্রাইভে। ও ঘোড়া ছোটাতো বাচ্চাদের ঘোড়ার পিঠে চাপিয়ে। ও নিজেও ঘোড়ার পিঠে চড়ে প্রবল বেগে দৌঁড়াতো এই বালুতটে। কোনো এক সন্ধ্যায় এই সৈকতে ওর সাথে পরিচয়। এরপর নানান কথায় মেরিনার অসহায়তার পরিবেশে একবারে সহায় সম্বলহীন বড়ো হওয়া, ঘোড়সওয়ার হওয়া, নপুংসক পৌরুষের বিচিত্র ভোগবিলাস, আরো কত কি। সে অরক্ষণীয়া হতে চায় না, সে চায় না ভাদ্রের কুকুরের কাম তাড়নার কাছে বিলুপ্ত হতে। সে চায় সুন্দর এক জীবন। যেখানে সে আছে, আছে আরো একজন, আর আছে তাদের প্রতিনিধি।
আকাশ এ সব অন্তরীক্ষে থেকে দেখতে পায়, বুঝতে পারে কিন্তু নির্বাক থাকে। যখন রাগ হয় প্রকৃতির বিকৃত উচ্ছাস তখন বজ্রপাত হয়ে সে প্রতিবাদ করে।
মেরিনার সাথে এই কারনেই সখ্য।
:২:
খুব সুমধুর এই জীবনের প্রতিদিনের কথোপকথন। যেখানে মা আছেন, বাবা-কাকা-জ্যাঠা-পিসা সবার কথাই জীবনের উপজীব্য। এই কথাতেই সংসারের পথ চলা আর এই চলাতেই উপভোগ্য আনন্দের সাগর। এখানেই খুঁজে পাওয়া যায় প্রাণ। এই প্রাণ শুধুমাত্র হৃদস্পন্দন নিয়ে বাঁচে না, এই প্রান জল স্থল অন্তরীক্ষে একসাথে বেঁচে ওঠে।
এই বেঁচে ওঠার জগৎ আজ নিমজ্জিত রাহুর রোষে। রোষানল যখন সমাজের অভ্যন্তরে প্রবেশ করে তখন রৌদ্রের উত্তাপও হার মানে।
আলোকের, উত্তাপের বিচ্ছুরণ জানান দিলো নতুন একটা মেরিনার জীবনের শুরু থেকে এই মধ্যগগনে পৌঁছনো পর্যন্ত ঘটনার শেষ পঙক্তিতে পৌঁছে। সেখানের সেই যৌবনের অশ্বারোহণ হয়ে উঠলো এক যৌবনের উল্কাপাত।
পুকুরের মাছগুলো সেই থেকে চোখ বুজে ঘুমোয়, সেই থেকে ঘোড়াও আর চোখ খুলে দাঁড়িয়ে ঘুমোনো বন্ধ করলো।
শুরু হল নতুন ভাবে অন্ধ গৃহকোণ সৃষ্টির প্রকল্প। সমাজ সেঁদিয়ে গেলো সেই গৃহে।
যে গৃহে সব সহযাত্রীরা অতি নিকটকেও অনেক দূরে ভাবতে শিখেছে। শিখেছে শ্যামল আর মেরিনার আত্মিক সহাবস্থান কে কূটকৌশলে কালিমালিপ্ত করে উদ্ভ্রান্ত আদিমতার সাথে নবীনের নৈকট্য।
কি হয়েছে না হয়েছে সেটা ওই সদ্য জন্মানো বাচ্চাটা বোঝে না। যার মুখে শব্দ ফোটে নি তার কানে শব্দ আসলে নয়েজ। এজন্যেই বাচ্চাটা উচ্চস্বরে কেঁদে উঠলো।
এখানেই বোম ফাটানোর শেষ নয়। এরপরে শব্দের ঝাঁকুনিতে ভেঙে পরলো খিড়কি থেকে সিংহদুয়ার। শুরু হলো পৃথিবী পারাবারে নতুন এক জরিপ প্রকল্প। যদিও খুব বেশি বাড়তে পারেনি এর পরিমাণ।
মেরিনার মনের মধ্যের ব্যাপ্তি এরা জরিপ করে উঠতে পারে নি। যেটুকু হয়েছে সেটা ওই ভূমিষ্ঠ বাচ্চাটার না কথা বলার মতন।
:৩:
অতঃপর ভূমিষ্ঠ শিশু হাত পা ছুড়লো নিজের মতন। এরপর হট্টমূলার গাছে হাত পা তুলে থাকলো ঝুলে। এরপর সে কথা বললো কোনো এক অজানা ভাষায়। এরপর এক সুনির্দিষ্ট ভাষা শিখলো তার মা এর ভাষায়। মিষ্টি বুকের দুধ আর মিষ্টি মুখের কথা তাকে ছটফটে করে তুললো। এলোমেলো পায়ে দৌঁড়াতে গিয়ে আছাড় খেলো বিস্তর তবে হাঁটাটাও শিখলো এভাবেই।
একটু একটু করে বেড়ে উঠলো শরীরটা। বাচ্চাটা বড়ো হলো। বাবা মা এর দেওয়া নামটার সাথে সে বালক থেকে যুবক হলো। না তারপর আর মা-বাবাকে ভাবতে হয় নি। মেরিনা নিজের কাছে খুব সুস্থির ছিলো। সে বুঝেছিলো তার সন্তান তারই সন্তান।
যতদিন ওই না বলা কথার শিশু কান্না হাসি নিয়ে ছুটে বেরিয়েছে ততদিন তাকে সবাই বলতো বাচ্চা। যখন কথা বলতে শিখলো তখনও নামকরণ নিয়ে না ভেবেছে মেরিনা না ভেবেছে শ্যামল। স্কুলে ভর্তির আগে নামটা প্রয়োজনীয় হয়ে পরলো। শ্যামল বললো বাচ্চা নামটা থাকলে মন্দ কি? মেরিনা বললো ওর নাম হোক মানুষ। নিয়ম মেনে দুটো নামই থেকে গেলো।
এই প্রথম একটা বাচ্চা মনেহয় মানুষের স্বীকৃতি পেলো।
:৪:
অকুতোভয় স্বনির্ভর সাধারণ সমস্ত মানুষ ধ্রুবতারা দেখে পথ চলে। অন্যেরা না দেখে তারা না দেখে সমুদ্রের পথ চলার বিধি নির্দেশ। শুধু একটা বিরক্তিকর দুর্গন্ধে ভরা সমাজ সন্দিগ্ধ ভাবে কথা আর বার্তায় আঙুল তোলে। রুচি আর সুরুচির মধ্যে এই প্রথম একটা পার্থক্য ঠিক বাঁধ ভাঙা ঢেউয়ের মতন এসে পরলো। পর্দার আড়ালে নয় পর্দার সামনে সব কিছু স্বচ্ছ আর সুন্দর হয়ে উঠলো। আসলে বাস্তব ঠিক এই রকম।
আকাশ চুম্বি বাড়ির ছাদে উচ্চাকাশে উড়ে বেড়ানো বিহঙ্গ বিশ্রাম নেয় না, ওই বাড়ির আশেপাশে থাকে না কোনো পথ হারানো পথিক, থাকে না বুভুক্ষু ভিখারী কূল।
কে থাকে সেখানে?
কে থাকে বলতে হলে অতীতকে সমুখে রাখতেই হয়। অতীতে রাজদরবারে কারা থাকত? কারা অতন্দ্রপ্রহরী হতো?
খুব সুন্দর সে ডাকাত সর্দারের সহজ কথা অথচ লোমহর্ষক।
এখানে কে জাগে?
হাতি জাগে, ঘোড়া জাগে, তালপত্র খাঁড়া জাগে, বিক্রমাদিত্য রাজা জাগে।
এই শব্দ স্তুতির পরেই যাত্রাপালার হৈহৈ করা শত কন্ঠের একটাই শব্দ পালা পালা পালা।
এই যুগে সেই অতীতের আবহ দিব্বি রয়ে গেছে। লক্ষ কোটি জনতার উন্মাদ আর্তনাদের পরেও যা আমরা অর্জন করতে সমর্থ হয়েছি সেখানে পক্ষী থেকে এই জারজ মানুষ সবাই কোনো এক শক্তির বিপক্ষে অশক্তই থেকে গেছে।
কখনো মনে হয় যন্ত্রণা শেষ হবে, ঠিক পরক্ষণেই মনে হয় এই যন্ত্রণা মানুষের কাছে এসে পৌঁছেছে বাই ডিফল্ট।
হ্যাঁ সব রয়ে গেছে। যা আজও হয়ে ওঠেনি সেটা সভ্যতার বিকাশ। অসভ্যতা নিয়ে এই সভ্যের ছদ্মবেশ মাতিয়ে তুলেছে নানান আঙ্গিকে এই আধুনিক উন্নত সমাজ ব্যবস্থায়।
শ্যামলের এই নানা শব্দে আধুনিক সমাজ ব্যবস্থা বর্ণনা ক্রমশ ভূমিষ্ঠ শিশুর ঘিলুতে যুক্তির প্রস্তাবনার মতন গ্রথিত হলো। এরপর মেরিনার আদর আত্বী হয়ে উঠল দৃঢ়তার সপ্তপদী।
ছেলেটার জন্যে যে নাম দুটো ওরা দুজনে ভেবেছিলো সে নামটা থেকে গেলো তাদের অন্তরাত্মায়। মানুষের দরবার বললো, না হয় ওর নাম হোক ক্ষণজন্মা।
সত্যিই তাই, ভূমিষ্ঠ শিশু প্রথম যে শব্দ উচ্চারণ করলো সেটা ক্ষুধা , এরপর একের পর এক যে শব্দ তার মুখ থেকে শোনা গেলো সেগুলো ওই "ক্ষ" দিয়ে। একটা ক্ষয় অন্যটা ক্ষোভ।
:৫:
শ্যামল আর মেরিনা দুজনেই বুঝতে পারে তাদের শিশুর নামটা প্রতীকী। সামাজিক অবক্ষয় এর বিরুদ্ধে স্বজন যারা তাদের এমন ভাবনা আসাটাই দস্তুর। সমস্ত ভূমিষ্ঠ শিশু ঋনের বোঝা নিয়ে জীবন শুরু করছে এ কথাটা না শোনালে গোপনীয়তা নিয়ে অদূর ভবিষ্যতে প্রশ্নের সামনে যাদের দাঁড়ানো চিরসত্য তারা নিশ্চয়ই এরকম একটা নাম এর প্রবক্তা হবে।
গতানুগতিক যে নামকরণের পদ্ধতি সেখানে চরিত্র গঠনের কিছু গোপন ইচ্ছা নামকরনের পিছনে সুপ্ত থাকতো। যেমন মা ভাবছেন মেয়ে তার কন্ঠশিল্পী হবে। এই ভাবনার সাথেই তিনি নাম রাখতেন সোহিনী। একজন বাবা ভাবছেন ছেলেটা তার উপার্জনের উচ্চে পৌঁছবে, তিনি নাম দিতেন কুবের।
এ ছাড়াও অনেক সূত্র কাজ করতো এই নামকরণে সেটা রসায়ন শাস্ত্রে জৈব রসায়নে যেভাবে সমাদৃত ঠিক সেরকম।
আরো আছে। আছে সমাজের অভ্যন্তরে নানান ইচ্ছে আর অভিব্যক্তি নিয়ে। যেমন নক্ষত্র ধ্রুবতারা থেকে ধ্রুব, সপ্তর্ষি মন্ডল থেকে সপ্তর্ষি অথবা উজ্জ্বল এক নক্ষত্র লুব্ধক এর মতন।
মেরিনা বলল তোমার শব্দ বন্ধন যে নাম গুলো বলেছে তার বাইরেও অনেক নাম আছে। আছে ব্রুটাস আছে যুডাস আছে যিশু।
এরপরে ওরা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে শুধু একটাই নাম সেদিন বলেছিলো। বলেছিলো তার প্রিয় কথার কয়েকটা পংক্তি।
" তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো
দেখো আমি তোমার কাছেই আছি
আমি মন্দিরে নেই মসজিদে নেই
মক্কায়ও আমাকে পাবেনা, কৈলাশেও নয়।
যদি তুমি সত্যিই আমাকে চাও
এক মূহুর্তের মধ্যে দর্শন পাবে।"
এখান থেকেই শুরু হয়েছিল ভাববাদের কোলে বস্তু নির্ভর সামাজিক পরিবর্তন। সুফিবাদ আসলে একটা নতুন যুগের ভোর অথবা সূচনা।
নানান যুক্তি তর্ক গল্পের শেষে মেরিনা আর শ্যামল যৌথ ভাবে তার নাম রাখলো পথ।
পথ এর পরিক্রমা কখনো শেষ হয় নি। পথ সবকিছু দেখেছে, প্রতিবাদ করে নি। তাকে ভেঙেছে, কেটেছে, জুড়েছে অনেক স্বেচ্ছাচারী। সব সহেছে সে। যেদিন ওই মিলিটারী এই শকট ভরেছে সে বুকের ভার সহ্য করেছে। যেদিন ভূকম্পন হয়েছে সেদিনও সে ছিলো নিরুত্তর। যেদিন আকাশ থেকে অজস্র আগুনের বোমা পরলো তার পিঠে সেদিন সে তার প্রকৃত রূপ দেখাতে বাধ্য হল।
বাড়লো সূর্যের দাঁত বার করা, বাড়লো আকাশ ভেঙে বর্ষা, শুরু হলো কোটালের জলোচ্ছ্বাস, শুরু হলো ঝঞ্ঝা ঝর মৃত্যু দুর্বিপাক।
পথ স্বাক্ষী হয়ে থাকলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন