শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বন্ধু

প্রথমে আমি অত্যন্ত পরিকল্পিতভাবে বলেছিলাম আপনি তো এমন ছিলেন না। আমার মুখের দিকে তখন সে একদৃষ্টে তাকিয়ে। একটু বিভ্রম বাঁধলো। বললাম কি ব্যাপার বলুন তো। বললাম আপনি কি আমাকে চেনেন? প্রত্যুত্তরে সে তার চোখ নামালো। শেষে ঔদ্ধত্য দেখিয়ে বললাম, তুই আমাকে চিনিস? তখন সে আঙুল গুলো ফট্ ফট্ করে ফাটাচ্ছে আর কাঁচা সর্দি লাগলে যেভাবে নাক টানে ঠিক সেই ভাবে নাক টানছে। এর পর অতিষ্ঠ হয়ে বললাম একে কাষ্টোডিতে নিয়ে ইন্টেরোগেট করতে হবে। সাব ইন্সপেক্টর ইতস্তত ভাবে তাকে লক আপ এ বন্দী করলো অত্যন্ত সুনির্দিষ্ট আমার কথায়। বস্তুত এই পুলিশের চাকরিটা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন বাণে বেঁধে। শুরুতে ভেবেছিলাম অপরাধ আর অপরাধী নিয়ে অতীতের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো এই চাকরির সুবাদে। এরপরে অনেকদিন অনেক পচাগলা মৃতদেহ ঘেঁটে, সদ্য মৃত দেহের পাশে বসে থাকা প্রান্তিক মা-বাবার সাথে আন্তরিক কথাবার্তার শেষে এখন বুঝি এ আমার কাজ নয়। তবুও মনকে প্রাণকে বুঝিয়ে বলিয়ে এক পদ থেকে অন্য পদ পেয়ে শেষে যখন উচ্চাসন পেলাম সেদিন আমার কাছে হয়ে পরলো একটা কঠিন সময়। মনেহলো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফেরা দরকার। যে মহিলাকে খুব পরিচিত ভেবে কথা শুরু হয়েছিলো তার ওই তুই সম্বোধনের পরে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম।
দেখলাম গোঁফ জোড়া ঠিক আগের মতই মোটা আছে শুধু রাত ছেড়ে এখন দিনের আলোর রং নিয়েছে। দেখলাম মাথার চুলগুলো মরুদ্যান থেকে মরুভূমির পর্যায়ে পৌঁছেছে। দেখলাম ভেসে থাকা চোখে বেশ মোটা একটা ঠুলি পরেছে। শুধু যেটা অদেখা থেকে গেলো সেটা এই বয়েসের ভার। এই চেনা অচেনার ভীড় আমাকে আমার এই বয়েসের পরিক্রমায় একটা প্রশ্নচিহ্ন এঁকে দিলো।
সেদিন সে কিছু বলেনি। বললো কোর্ট লক আপে পৌঁছনোর কিছু আগে। 
সেদিন আদালতের রায় অনুযায়ী তিনদিনের পুলিশ হেফাজত হয়েছিলো। সেদিনের শেষ পরিক্রমা একটা সুস্পষ্ট কথা বলার সুযোগ করে দিয়েছিলো। 
থানায় পৌঁছতে দেরি হলো রাস্তার কারনে। লক আপ এর চাবি সেদিন আমি আমার কাছে রাখলাম। আসলে মহিলা সুরক্ষা বিষয়টা আমি উপলব্ধি করেছিলাম যখন প্রথম কাজে যোগদান করেছিলাম। আমি জানি এই রাত নিশিথে সুরক্ষা দেওয়ার মানুষ গুলো কখন কি হয়ে ওঠে! এজন্যেই সেদিন চাবিটা আমি নিয়েছিলাম।
পরের সকালে খুব সুন্দর ভাবে আলো ফুটে ছিল, বাগিচায় ফুলগুলো ছিলো ঠিক আদি অনন্তের মতন। যা ছিলো না সেটাই এখন লিখতে ইচ্ছে হচ্ছে।
যে মেয়েটাকে বাঁচাতে চাবি নিয়েছি নিজের হাতে তিনি কে?  কখন রাত শেষ হলো ভোর হলো এটা আর কোনো স্থান কাল পাত্র মানে না।
এ যেন শুধু পাওয়া আর খোয়া যাওয়া কিছু সময়। শেষ সময়ে যা হয় সেটা সেদিন হয়ে ওঠেনি।
দুটো হৃদয় এক সাথে এক ভাবে চলতে পারে তখন যখন অন্তরাত্মা একেবারে এক হয়ে পরে।
সেদিন দুটো চোখ স্পষ্ট ভাবে চোখে চোখ রেখে একে অপরকে চিনতে পেরেছে অকপট ভাবে। 
যৌবনের রাতুল তার সঙ্গিনীকে অনেক খুঁজেছে, পায়নি এমনও নয়। রাতুল প্রথম পেয়েছিলো ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়াল এর পথে। সেদিন রাতুলকে সে চিনতে পারে নি শুধুমাত্র ওই একটা পোষাক দেখে। এরপর যখন সে তাকে চোখের আড়ালে নয় মনের আড়ালেও থাকতে দিতে চাইলো না সে তার পরিচয় রাখলো জজ সাহেবের দরবারে।
সে নিজের পরিচয় দিয়েছে একেবারে একজন প্রেমিকার মতন। সে সেদিন সবার সামনে ছলছল চোখে বললো রাতুল আমার স্কুলের বন্ধু। জানি না ও আমাকে কতটা ভালোবাসে কিন্তু ওকে আমি এখনও বন্ধুই ভাবি।
এ এক এমন কথা যেটা রাতুলের ভাষায় 'লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা'।
রাতুল বাক্যহারা হয়নি, শুধু প্রত্যুত্তরে সে বলেছে তুই কি সেই কলেজ জীবনের কবিতা?
যদি তাই হয় তবে কাব্যিক ভাবেই বলছি ' কবিতা তোমায় দিলাম আজকে ছুটি '।
এর পর থেকে কবিতা শুরু করলো অসংখ্য অসম্বাদিত অসংখ্য সম্পর্কের সুন্দর ও অসুন্দর নানান নামবিহীন কথোপকথন।
কে কতটা কদর্য ভাবে ও ভাষায় শুনেছে সে বিষয় না জানে কবিতা না জানে রাতুল। ওটা স্মৃতির খাতায় নিয়ম মেনেই আজও থেকে গেছে। অনেক কিছুই আছে যা সহজে হারিয়ে যায় না। সুদূরের সাথে নিকটের আত্মীক সম্পর্ক চিরকালই ছিল, যেটা অব্যাক্ত ছিলো সেটাও পুরাতন শব্দের সাথে এখনো সখ্য রেখে মুখের বুলি হয়ে ছড়িয়ে পরে নির্দিষ্ট দিশায়; যেটাকে এক কথায় বললে বলা যায় ইতিহাসের পুনরাবৃত্তি আসলে জীবনের কাছে একটা প্রতিষ্ঠিত নিয়ম।
কবিতা আদালতের নির্দেশে জামিন পেলো।
রাতুল উচ্চ শিক্ষিত নয় সায়েন্স গ্রাজুয়েট। ঠিক এর পরেই পথ দুর্ঘটনায় তার মা মারা যায়। সংসার বলতে তখন সে আর তার বাবা। খুব বিচলিত একটা সময় পরিক্রমা। এ জন্যই এরপর আর বেশি কিছু পড়া পাঠ হয়ে ওঠেনি। যেটা হয়েছিল সেদিন শুধু একটা চাকরীর জন্য প্রাণপাত করা। চাকরিটা জুটেছিল শুধু স্বাস্থ্য আর শিক্ষার দৌলতে। কর্মজীবনে প্রতিটা পদে রাতুলের মনে হয়েছে এই স্বাস্থ্যটা জীবনের প্রতিটি অধ্যায়ে তাকে ধোঁকা দিয়েছে, কারন এই সুস্থ্য সবল সুউচ্চ শরীরটা না থাকলে এই পুলিশের চাকরিটা তার হতো না। চাকরীর জীবনের শুরুতে বন্ধু-বান্ধব, আত্মীয়, পরিজন তাকে তীক্ষ্ণ আক্রমন করেই থামেনি প্রকারান্তে তাকে এ কথাও শুনতে হয়েছিলো তার এই রুজি অনেকটা ওই দেহব্যবসায়ীর মতন। সে সময় সে তাদের কথা খন্ডন করে বলতো দেশের জন্যে প্রত্যেকের অন্তত পক্ষে পাঁচটা বছর এই রুজি তে থাকা উচিৎ।
এরপরে সে এসব কথা শিকেয় তুলে দিয়েছিলো। অন্তরাত্মা তাকে বলেছে ভুল করেছিস রাতুল ভুল করেছিস।
তবুও একটা রোবোটিক জীবন কখনো পরাহত পিস্তল নিয়ে কখনো ঝুলন্ত দেহটাকে মাটিতে রেখে আবার কখনো আকন্ঠ মদ গিলে দেহ বেচে বেঁচে থাকা অস্বাস্থ্যকর জীবনের কোনো এক মেয়ে অথবা মহিলাকে লকআপে এনে কাম তাড়নায় লিপ্ত হয়ে পরের দিন সকালে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়ে আবার পরের রাতের অপেক্ষায় এই নগ্ন ভোগ বিলাস নিয়ে সমাজ রক্ষক নাম নিয়ে বাড়িতে স্ত্রী-কন্যার সাথে সারাটা চাকরির সময়কাল শেষ করে অবশেষে ন্যায় নীতির দাঁড়িপাল্লায় একেবারে নিষিক্ত হয়ে নতুন ভ্রূণের মতন মৃত্যু।
আহা  এ বড় গর্বের। 
এই ভাবে রাতুল গর্বিত হতে চায় না। 
আজকে যে কবিতার সুরক্ষা করতে লক আপের চাবিটা সে নিজের হাতে তুলে নিয়েছিল এর পিছনে অনেক কারন ছিলো।
ঠিক এই মূহুর্তে নয় এর আগে এই থানায় আসার শুরুতে একটা অভিযোগ করেছিলেন কোনো একজন পুরুষ। তিনি তার প্রাক্তন ছাত্রীর কাছে লুন্ঠিত। ওই ময়দান অঞ্চলের পরিসরে সেদিন তার কাছে কোনো এক প্রাক্তনী তাকে স্যার বলে সম্বোধন করে। 
তারপর?
তারপর সম্মান বাঁচাতে সব কিছু দিয়ে এসেছিলেন এই শেক্সপিয়ার সরণি থানায়। সাব ইন্সপেক্টর যখন নানা প্রশ্নে তাকে উত্তক্ত করছে তখন তিনি এলেন। না পায়ে হাত দিতে পারি নি তার আপত্তিতে। 
আসলে আমিও একজন প্রাক্তনী। 
বলেছিলাম স্যার চলুন আপনাকে বাড়িতে পৌছে দিয়ে আসি। তার আপত্তিতে সেদিন সে ইচ্ছে পূরণ হয় নি। কিন্তু সেই রাতেই সেই মেয়েটিকে থানায় উপস্থিত করেছিল ওই সাব ইন্সপেক্টর। মুখটা দেখে আমি সেদিন আমার অধস্তন কে কিছু বলিনি। কষ্টটা সেদিন সহ্য করে তাকে ছেড়ে দিয়েছিলাম। এটা আসলে একটা বিরাট ভুল।
আজকে এই সত্যিটা উপলব্ধি করলাম।
জীবন বোধ কখনো বদলায় না। যখন সামান্য বিভ্রান্তি এসে পরে তখন তার অন্তরাত্মা প্রতিবাদী হয়ে ওঠে। তখন সে নতুন ভাবে আয়নার সামনে এসে দাঁড়ায়। সে দেখতে পায় সব কিছু ওই সাদাকালো দিয়ে। একবার বলে আমি কি বদলে গেছি?
স্ত্রী বলে তুমি ঠিক আগের মতই আছো, ছেলে বলে বাবাকে বদলাবে কে? 
বৃদ্ধ বাবা বলেন তুই আর কবে বদলাবি?
শেষ কথাটা সেদিন মেয়েটার মুখে শুনলাম। ও বললো তুমি শেষ দিন পর্যন্ত ওই কবিতা মেয়েটাকে পাহারা দিয়ে গেছো কেনো?
বলোতো উনি তোমার কে হন?
প্রথমে কিছু বলতে সংকোচ এসেছিলো, এ সব কাটিয়ে ওকে বললাম ও আমার কলেজের বন্ধু।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন