বুধবার, ২ অক্টোবর, ২০২৪

বিন্দি

ওর বিন্দি নামটা শুনলেই মনে হয় ও এ বাংলায় জন্মায় নি। কিন্তু একদম একজন বঙ্গ সন্তান বললেও কিছু কম বলা হয়। বিন্দি দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী। এই অতি আধুনিক সমাজে থেকেও ধর্ম তার পথ ছাড়ে নি। প্রতিটা পদক্ষেপ একটা ধর্মীয় বাতাবরণ তাকে প্রশ্ন করেছে, এ কেমন সমাজ? বিন্দি এর উত্তর জেনেও কখনও প্রকাশ করে নি কারণ পাছে বামপন্থী শব্দের সাথে তাকে দাগিয়ে দেওয়া হয়?

বিন্দি দর্শনের ছাত্রী আর তার দর্শন আসলে চক্রহীন সুদর্শন। সেখানে পরাক্রম অসি তে নেই আছে মশি তে। সেই চিন্তার ঘেরাটোপ তাকে মশি ধরিয়েছে। সে শুরু করলো কাগজে কালি দিয়ে বর্ণের সাথে সামান্য কিছু লিখতে। সেই সামান্য বর্ণ শব্দকল্পদ্রুম হয়ে অলিতে গলিতে এইরকম প্রতিষ্ঠা পাবে এ ছিলো তার কাছে স্বপ্নের অতীত। কিন্তু সেটাই হয়ে উঠলো।

যে উন্মাদনায় যে সমাজ প্রতিদিন এগিয়ে চলে এটাই তার লেখার প্রতিপাদ্য। ধর্মের আধুনিক ব্যাখ্যা যতকিছু সে পড়েছে, সেখানে যেটা তার কাছে অত্যন্ত সহজ এবং গ্রহণযোগ্য মনে হয়েছে সেটাই সে সঠিক ভাবে সেদিন লিখেছিল। লিখেছিল ধর্ম আসলে হৃদয়হীন পৃথিবীর হৃদয়, লিখেছিল ধর্ম আসলে বুভুক্ষু মানুষের কাছে দীর্ঘশ্বাস, লিখেছিল ধর্ম আসলে আপামর বুভুক্ষু মানুষের কাছে ঠিক আফিম এর আসক্তি।

বিন্দির উপলব্ধির এই প্রকাশ তাকে এই আধুনিক সভ্যতা একটা নতুন আসনে বসিয়ে দিলো। মুক্ত মনের বহিঃপ্রকাশ সেই সেদিন থেকে শুরু। বিন্দির কপাল শুধু ঘামে ভিজে জবজব করতো। সেখানে কোনো টিপ অথবা চিহ্ন কখনো সে রাখে নি। শুধু শুষ্ক কপালের পিছনে একটা বিমুক্ত রং স্থান পেয়েছে। সে এর পর লিখেছে বিজ্ঞান দর্শন-নিরপেক্ষ? লিখেছে পসচুলেট ছাড়া বিজ্ঞান কখনো এগিয়েছে? 

পসচুলেট কি? 

এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনা থেকেই শুরু হয় নানান পর্যবেক্ষণ। শেষে যখন সিদ্ধান্ত নেওয়া হয় সেখানেই সত্য-অসত্য প্রকাশ্যে আসে। 

বিন্দি এই কথাগুলো লিখেছিলো। এই সুনির্দিষ্ট লেখাটা অখন্ডনীয় বুঝে সে দিন থেকেই শুরু হয়েছিল তার পিছু নেওয়া। 

কারা ছিলো সেই দলে?

রাজা ছিলো, রাণি ছিল; ছিলো মন্ত্রী-সান্ত্রী, এছাড়াও ছিলো বেআব্রু বেহায়া কিছু ওনাদেরই প্রতিনিধি। এরা ঢাল, তরোয়াল, বন্দুক বগলে নিয়ে বিপ্লবাত্মক ভাবে রাষ্ট্রকে বাঁচায়।

বিন্দি একদিন গম্ভীর মুখে এই সম্প্রদায় সম্পর্কে কিছু কথা বলেছিল। সে তার একটা হাত ওই সম্প্রদায়ের কোনো একজনের কাঁধে রেখে বলেছিলো স্বেচ্ছা মৃত্যুর অধিকারও তোকে দেবো না, মৃত মানুষের পাশে বসিয়ে রেখে ওদের পা টেপার কাজে নিয়োগ করবো।

বিন্দি বললো অপরাধীর মৃত্যু যখন শিরোধার্য হয়ে যায় তখন সে হয়ে পরে নিরপরাধী। সে বললো শ্মশানের আগুন হয়ে পরে নিরুত্তাপ, কবরের মাটি হয়ে পরে অনুর্বর। সে বললো এই নিশ্ছিদ্র আকাশ তখন সবকিছু দেখে এবং একমাত্র সে এসবের সাক্ষী হতে চায়।

কিন্তু কে শুনবে ওই আকাশের কথা?

সত্যিই এসব শোনার মানুষ খুব কম। তারা তখন একথা শুনতে পায় যখন আকাশ থেকে এই নির্লজ্জ অসভ্যের মাথায় বাজ ভেঙে পরে।

আরো কিছু সময় আছে যখন তারা আকাশ পানে চোখ রাখে; যখন অতি নিকট হয়ে পরে সুদূর অথবা সুদূর হয়ে পরে খুব কাছের।

এই নিকট আর সুদূরের একটা ব্যাখ্যা দিয়েছিলো বিন্দি। বলেছিলো যখন নিজের ঘরে চাল থাকে না তখন সে ভিক্ষা করেও খেতে পায় না, আর যখন ঘরে চাল উদ্বৃত্ত হয় তখন সেই চালগুলো কুকুর বা পাখিদের খাইয়ে আনন্দ পায় তবুও মানুষকে খেতে দেয় না।

সে মাঝে মধ্যে নিজের মনেই সংলাপ করে, সভ্যতার আধুনিক রূপ প্রাগৈতিহাসিক। ঠিক লড়াই করে বাঁচার ইচ্ছার মতন, ঠিক সম্পদ লুঠ করার মতন, ঠিক সুখি মানুষের জুতো আবিস্কারের মতন।

এগুলো সে শিখেছে প্রতি পদক্ষেপে প্রতিনিয়ত নানান সংবেদনশীল নামধারী মানুষের কূপমন্ডুকতার অভীপে। বিন্দি রেল ব্রিজের উপর দাঁড়িয়ে তার গতি আর ঝমঝম শব্দ শুনে হামেশাই ভাবে এই ব্রিজটা এবার নিশ্চিত ভেঙে পরবে। সে শুনতে পায় অতীতের সেই বুটের শব্দ, যে শব্দে ভেঙে পরেছিলো ব্রিজ।

বিন্দি বললো এই কম্পাঙ্ক আজকাল আর মাপা হয় না।হৃদয়ের কম্পন যখন সমাজের সাথে মিশে যাবে সেই দিন নির্ঘাত ভেঙে পরবে জরাসন্ধ।

বিন্দি বললো মহাভারত কোনো ধর্মীয় পুস্তক নয়, এটা সমাজের অভ্যন্তরীণ রূপরেখা। সেখানে সব ধরনের মানুষ কে একদম বিন্দু বিসর্গ বিবেচনার শেষে তাকে তার পথে যেতে বলার এক সংবিধান।আসলে সমাজ বিরোধীরা এসব বুঝতে পারে না। এটা বুঝতে অন্তর্দৃষ্টি লাগে। 

শেষে সামান্য কথা বলে সে অন্তরীক্ষ দেখতে নাসার আধুনিক মহাকাশ যানে চড়ে বসলো। সেই মহাকাশ যান ছাড়ার আগে সে বললো " আমি মহাকাব্যের পথের পথিক। যদি ফিরে আসি মানবসভ্যতার শেষ কথা আমি লিখে যাব।"

বিন্দি ফিরে ছিলো, তখন কয়েক হাজার বছর পার করেছে এই পৃথিবী। বিন্দি এখানে পৌঁছে বুঝলো এরা কখনোই সভ্য হবে না, এখানে পাশবিকতা জয়ী ছিলো, আছে এবং থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন