মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

লক্ষ্মী চললো তর্জনী উঁচিয়ে

একটা প্রবাদ বাক্য মনে পরল লক্ষ্মীকান্তর। অতীত ঘাঁটলে জানা যায় লক্ষ্মী চিরকালই একজন সুবোধ বালক। শুধু অশুদ্ধ পরিকল্পনায় শুদ্ধ জল ঢেলে নিজেকে এবং সহচরদের সুস্থ রাখতে সে অগ্র পদ ছিলো। শৈশবে নয় কর্মজীবনে এসে নানান সমস্যায় জর্জরিত হয়ে এই প্রথম সে প্রবাদ বাক্যের সত্যতা উপলব্ধি করলো। 
বহুবার বহু মানুষের মুখে সে শুনেছে ' সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বেঁকা করতে হয়।' কখনো সেই প্রবাদ বাক্য ব্যাক্তি-জীবনে প্রয়োগ করা হয়ে ওঠে নি। ভেবেছে পাছে কারো ক্ষতি হয়ে যায়, পাছে লোকে কিছু বলে, পাছে মানবিক রূপটা পাশবিক পর্যায়ে পৌঁছে যায়?
এখন সেই ভুল ভেঙে গেছে। সে বুঝতে পেরেছে সুদীর্ঘ পথ সহজ ভাবে চলার কারনে আজকাল সকলে তাকে নির্বোধ ভাবে। মানুষজন যখন মুখের সামনে দাঁড়িয়ে বলে ওঠে ' যার নয় এ হয় না তার নব্বই এও হয় না' তখন সমস্ত বাঁধ ভেঙে যায়।
লক্ষ্মী শুরু করলো আঙুল বাঁকাতে। হাতের পাঁচটা আঙুল দেখে আর ভাবে এই সরল সোজা আঙুল গুলো কি ভাবে বাঁকাবে? বুড়ো আঙুল তাকে বুড়ো আঙুল দেখালো। মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা তথৈবচ। শেষে তর্জনী পথ দেখালো। পঞ্চপান্ডব এর মধ্যে যেমন অর্জুন, পাঁচ আঙুলের মধ্যে তর্জনী ঠিক তেমন। লক্ষ্মী বুঝতে পারলো 'র্জ' এর বৈশিষ্ট্য।
তর্জন গর্জন থেকে শুরু করে বর্জন, অর্জন সবখানে ওই 'র্জ'। এই 'র্জ' যেদিন জর্জরিত শব্দে স্থান পেলো সেদিন থেকেই লক্ষ্মী তর্জনী ওঠাতে শিখেছে। 
বর্গীয় 'জ' বড় বিভ্রান্ত। মাথায় 'র' সে উপলব্ধি করেছে কিন্তু করায় 'র' তাকে থামিয়ে রেখেছিল ঠিক লক্ষ্মীকান্তর মতন। অবশেষে লক্ষ্মীর মতন সে শেষের 'র' অর্থাৎ রহে শব্দের সাথে দ্বিমত হয়ে পরলো। তার মনে হলো 'যে সহে সে রহে' এটা ব্রহ্ম বাক্য কখনোই হতে পারে না। বরং তর্জনী তুলে হেলিয়ে দুলিয়ে মাথায় রেফ লাগিয়ে চলাটাই এক স্বাভাবিক অসুস্থ সমাজের সাথে সুন্দর সহাবস্থান।
লক্ষ্মী চললো তর্জনী উঁচিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন