সোমবার, ৩ মার্চ, ২০২৫

প্রাণের বন্ধু অখিল শুনলাম পাগল হয়ে গেছে। বিশ্বাস হলো না, চললাম ওর বাড়িতে। ওর মা একজন ইউনিভার্সাল মাদার। উনি আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় মাসিমা। বারান্দায় বসলাম, অখিল এলো, মাসিমা চা নিয়ে এলো সাথে টা ও আছে। 
অখিল বলছিল কিরে কলেজ, ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে। এখন শুধু টিউশন পড়ানো আর চাকরির পরীক্ষার প্রস্তুতি। এর বাইরে আর কি কিছু ভাবছিস?
বললাম না তেমন কিছু নয়।
বললো বিপ্লব নিয়ে রক্ত গরম এখন আর নেই?
ভেবেছিলাম কিছু বলবো না, অথচ প্রতি মূহুর্তে শুধু ওটাই ঘুরে ফিরে আসে। একটু সামলে নিয়ে বললাম, না।
অখিল মায়ের দিকে তাকিয়ে শুরু করলো আর শেষ করলো আমার হাত দুটো ধরে।
কি শুরু করেছিল সে?
বত্রিশ পাটি দাঁত বার করা হাসি, হাসতে হাসতে কান্না আর শেষ আমার দিকে তাকিয়ে বললো, জানিস কোথাও শান্তি নেই!
আমার ঠোঁট দুটো কাঁপছিল শব্দ তৈরী হয়ে ওঠে নি, আমার হাত দুটো মুঠো পাকিয়ে ছিল কিন্তু ঘুষি মারে নি, আমার মন বিদগ্ধ হয়েছিল কিন্তু অখিল কে পাগল বলতে সাহস করে নি।
অখিল বললো নিখিল তুই কি ভাবছিস বলবি?
কিছু বলতে পারলাম না শুধু মনে পরলো আমার নাম নিখিল। মনে পরলো ছাত্র জীবনে একসাথে হাত ধরে চলেছিলাম একটা আদর্শ আঁকড়িয়ে, অথচ এখন?
মনে পরলো বস্তু নিষ্ঠ আর ন্যায় নিষ্ঠ বিষয়। মনে পরলো বস্তু বাদ আর ভাব বাদ বিষয়। যেটা মনের আড়ালে অখিলের বাড়ির বারান্দায় বসে শেষ বারের মতন মনে পরলো সেটা শরীর আর সেপ্টিসেমিয়া। 
কিছুই কিন্তু হয় নি আমাদের। শুধু ছাত্র জীবনের আগে যা কিছু হয় নি সেটার সাথে কিছুতেই নিজেদের কে মেলাতে পারছিলাম না।
অখিল আবার বলে উঠলো, কোথাও শান্তি নেই। বুঝলাম এটাই দার্শনিক মানুষের শেষ শব্দ। সত্যিই কোথাও শান্তি নেই, কারন সামাজিক শুদ্ধতা এভাবে হয় না, হয় শিক্ষার বিস্তৃতি দিয়ে।
আমি এরপরে মাসিমার পায়ে হাত দিয়ে ফিরে গেলাম বাড়িতে।
নিজের মনেই অট্টহাসি হেসে বললাম, অখিল পাগল!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন