সোমবার, ২ জুন, ২০২৫

চাণক্য ভুল লিখেছেন

ভারতে এখন নোট এর উপর বেঁচে আছে চশমা। বাংলাদেশে শোনা যাচ্ছে বঙ্গবন্ধু নোট এর উপর থাকছেন না। পাকিস্তানে জিন্নাহ বেঁচে আছেন। কি অদ্ভুত এক ভারতবর্ষ। 
মহামতি অশোক আজকে যদি দেখতে পান ওই অত্যুতস্বর্গে বসে থেকে তিনিও হাঁ হয়ে যাবেন এই শ্বদাঁত বিশিষ্ট স্তম্ভ দেখে। 
অন্তর্যামী বড় অদ্ভুত। তিনি থাকেন হাসি কান্নায় হীরা পান্নায়। 
এই সভ্য মানুষ সম্পর্কে তার শেষ অভিব্যক্তি খুব সুন্দর। তার কাছে কুমির কাঁদলে তার কি এসে যায়?
অবশ্যই এসে যায়, কারন কিংকর্তব্যবিমূঢ় কোনো এক ব্যাক্তি নিজেই নিজের অস্তিত্বের সংকটে পরে অহর্নিশি গীতা পাঠ করছেন। অবশেষে সেই গীতা তাঁর বুকে চাপলো। দুঃখ শোকের শেষে ক্ষমতা স্বয়ংসিদ্ধ হয়ে পরলো। কে, কাকে অথবা কাকে এবং কি কারণে কোথায় পাঠিয়ে দিয়েছে সেই বিষয় জানে না কেউ।
স্নেহ, মোহ আর মোক্ষ এভাবেই জৈবিক জীবনে দৃশ্য হয়ে পরে। কেউ কাঁদে, কেউ হাসে অবশিষ্ট থাকা মানুষজন শুধু রোজকার খাবার খুঁজে বেড়ায়। সেখানে মৃত হয়ে পরে অমৃত আর অমৃত হয়ে পরে তিতো।
এই দৈনন্দিন অবস্থা নিয়ে সামান্য পর্যবেক্ষণ করলে এই শব্দের সত্যি সামনে এসে পরবে। পাছে সরকার কিছু বলে তাই সাধারণ মানুষ এখন চুপচাপ পেচ্ছাপ করে রাস্তার পাসে।
দেখা যাক এই পেচ্ছাপ এর গন্ধে কতজন কতবার কত কথা কিভাবে কারে কয়!
এই পেচ্ছাপের ঘ্রাণ রসায়ন শিক্ষায় অ্যামোনিয়া।এই ঘ্রাণ চোখে জল আনে। এই ঘ্রাণ ঠিক ছোটো বাচ্চাদের কাঁথায় পেচ্ছাপ এর গন্ধের মতন নয়। সেখানে মা ধুয়ে মুছে একটু আলাদা ঘ্রাণ দিয়ে ভরে রাখে নিজের কোল। যখন পেচ্ছাপ মুখে এসে পরে তখনও তিনি নিরুত্তাপ নিরুদ্বেগ। কিন্তু এই ঘ্রাণ কাঁথা কানির নয়, এই ঘ্রাণ মায়ের মুখ নয় তার প্রানে আঘাত করে। 
প্রতিপালন করার শেষে সন্তান আর বিছানায় নয়, প্রক্ষালয় গৃহে ধীরে সুস্থে পেচ্ছাপ করে, অতিরিক্ত পরিমাণে জল ঢালে তবুও সুস্থ মানুষের চোখ জ্বালা করে আর অতি সুস্থ নানাবিধ শব্দে ঘ্রাণ কে অগ্রহায়ণ বলে একটা সপাট চড় বসায় রসায়নের গালে।
আধুনিকতার সাথে থেকে আচারি আর নাচারি সহাবস্থান করলেও মানুষের নাক আর জীভ লঙ্কা মুখে দিয়ে ঝাল, গুড় মুখে দিয়ে মিষ্টি অথবা লবণের স্বাদ রক্তের স্বাদ যে এক রকমের সে কথা বলতে একটুও ভাবে না। সত্যিই সত্যি সত্য এই বিষয় তারা সহজ ভাবে বুঝেছে।
সহজ বিষয় সহজ ভাবে বুঝতে মানুষের জুড়ি মেলা ভার। এজন্যেই জগৎ চলছে।
জাতির জনক, জাতির নায়ক নিয়ে অত্যাধুনিক রাজনৈতিক ব্যাক্তিত্ব অথবা রাজনীতির ব্যবসায়ীরা যে ভাষায় এখন কথা বলেন সেটা অতীতের বিশ্ব সংস্কৃতিকে নিলম্বিত করে। যদিও এই সংস্কৃতির অভিজ্ঞতা মানব সভ্যতা দেখে নি এমন নয়। চলচ্চিত্রের চালচিত্রে এই সংস্কৃতির উলঙ্গ চেহারা দেখিয়েছিলেন চার্লি চ্যাপলিন। তার আঙ্গিকের উৎস মুখ ছিলো যাদুকরের মতন। তার হাঁটা চলা ছিলো সার্কাসের জোকারের মতন; আর মানুষের অভিব্যক্তি ছিলো অমানবিক বিষয় দেখে হাস্য কৌতুক ভেবে কিন্নর এর মতন রাস্তায় দাঁড়িয়ে হাততালি দেওয়া। 
এই সচিত্র মানুষ আবার আমরা দেখছি। সন্তান যখন তার বাবা-মা কে বেজন্মা বলে কিন্নর এর মতন তালি বাজায় তখন শুরু হয় সভ্যতার সংকট।
আজকের আধুনিক বিশ্ব ঠিক এই যন্ত্রণার স্বাক্ষী। আর কেন জানিনা আমরা মানুষরা, ঠিক অ্যালজাইমার আক্রান্ত স্থূলস্মৃতি বিশিষ্ট একজন লম্বা লেজধারী নরাধম হয়ে পরেছে।
রাষ্ট্র এখন বশীকরণ মন্ত্রে বিশ্বাসী। অহর্নিশি সেই মন্ত্রে সে কোটি কোটি মানুষকে নিজের কাছে মাথা নোয়াতে অষ্টপ্রহর জপ করে চলেছে যে স্তব সেটা এরকম। " ওঁ নমঃ আদিপুরুষায় মনুষ্যবর্গ আর্যিতং কুরু কুরু স্বাহা।" ফলতঃ মানুষ বশীভূত হয়েছে এই অসামান্য মন্ত্রবলে। বিজ্ঞান যখন ঘাস ছেঁড়ার সমান হয়, বৈজ্ঞানিক যখন সমাজ স্বার্থে কি করেছে প্রশ্ন ওঠে, নোবেলজয়ী যখন ব্যাক্তি স্বার্থ হিসেবে রাজনৈতিক ব্যাক্তির দ্বারা প্রচারিত হয় তখন সভ্যতার স্খলন হয়।
আজকের রাজনৈতিক পরিমণ্ডল ঠিক এইরকম। এক সহস্র শিক্ষিত মানুষ কে তিনশত কোটি অশিক্ষিত মানুষ আজ দমিয়ে রেখেছে কিছু রাজনৈতিক ব্যাক্তির নেতৃত্ব কে সামনে রেখে। এটাই একবিংশ শতাব্দীর অসুন্দর অ্যানিমাল ইনস্টিঙ্ক্ট।
সমাজের একটা সাধারণ রূপ দেখে এর চেয়ে বেশি আর কিছু বলা অসম্ভব। যেটা বলা সম্ভব সেটা চাণক্য শ্লোক হিসেবে আমরা ছোট কালে পড়েছি। পড়েছি "স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে।"
চাণক্য ভুল লিখেছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন