বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাত সতেরোর

বিবেক বলতো রাতে গান শোনা একটা নিয়মের মতন হয়েছিল আমার মা এর কারনে। তিনি বলতেন একটা গান শুনতে শুনতে রাতে চোখ দুটো এক করবি। এই কারনেই রাতে খাওয়াদাওয়ার পরে গান শোনাটা তার অভ্যাস।

সেই রাতে যে গানটা সে শুনছিলো সেটা মান্না দের কন্ঠে। শব্দগুলো একজন প্রেমিক কেবল বুঝতে পারে।

গানটার প্রথম কলি টা বলি?

" কি এমন কথা তাকে বলা গেলো না..."

সে বেশ আচ্ছন্ন হয়ে পরেছিলো সুর আর কথায়। মনে এলো অন্য আরেক কথা। মনে হলো এই গানটা মান্নাদার বদলে অনুপ ঘোষাল এর কন্ঠে আরো বেশী সুর রিয়ালিস্টিক হতো।

মোবাইল ফোন টা হাতে নিয়ে সে মা কে ফোন করলো। ফোনটা বেজে বেজে শেষ হলো। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো তার মা এখন ঘুমিয়ে পরেছে।

পরের দিন সকালে বিবেক ঘুম থেকে উঠে স্নান সেরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। অন্যপ্রান্ত থেকে একটা ফোন এলো। ফোনটা এই সময়ে সাধারণত আসে না, তাই হ্যালো করলো।

একটা অপরিচিত কান্নার স্বর শুনে বৌকে বললো দেখোতো কে?

মা কে আর নতুন কারোর গলায় গানটা কেমন হতো সেটা শোনা হয়ে ওঠে নি।

কিছুতেই আজকাল আর গান শুনতে ইচ্ছে হয় না তার, যদিও হয় গাণিতিক কেওস নিয়ে একটু ভাবতে ইচ্ছে হয়। কোনো এক খেয়াল যখন সুরের সাথে মন মিলিয়ে ফেলে, তখন তার চোখ দুটো ঝাপসা হয়ে পরে।

বিবেক বুঝতে পারে সুর-লয় এমন এক বিষয় যেখানে তার মন বিরাজ করে। গান শুনতে শুনতে তার মনে হয় অদ্য সময় অতীত হয়েছে কল্য প্রাতে না হয় শুনবো!

এভাবেই সে কালের প্রহরায় পরে গেলো। প্রতিদিনের সকাল তার কাছে আজ। এভাবেই আবার সুর-তাল-লয় ফিরলো বিবেকের কাছে।আশ্চর্য এক তাল মিল নাম আর মনের সাথে।

বিবেকের বিবেক দংশন হয় যখন সে মদ গেলে ঘরে বসে। কোনো অপছন্দের বিষয় আজ তার বড়ো পছন্দের।

গজল, উচ্চাঙ্গ দিব্বি বেজে চলে সাথে ঠিক এক পেয়ালা কিছু। না পেয়ালা নয়, এখানে সঠিক শব্দ গ্লাস।

মদের পেয়ালা আর গানের সুর নিয়ে বিবেক খুব আনন্দে আত্মহারা। নতুন গ্লাসে বরফ আর জল ঢেলে সবে মুখে তুলেছে; তার মাথাটা ঘুরে গেলো বিরাশি দশ আনা একটা চরে।

হায়রে, মাথাটা তখনো গান শুনে চলেছে ঠিক সাত সতেরোর মতন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন