খুব নষ্টালজিক লাগছিল এই মধ্যরাতে। বেরসিক ঘড়িটা কখন দুটোর কাঁটা পার করেছে হুস হয় নি। পাসের ঘর থেকে মেয়ে এসে বললো বাবা শোবে না? অন্য মনেই বললাম চল।
বিছানায় শুয়ে নানান কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পার হয়েছে বুঝলাম পাখির ডাকে। জানলার পাল্লার উপরের ঘষা কাঁচ থেকে সামান্য সূর্যের আলো সবেমাত্র এসেছে।
প্রতিদিনের সকাল একটা নতুন দিন আর নতুন দিন মানেই নতুন ভাবনা, পরিকল্পনা। ঠিক তেমনটাই হয়েছে পরের দিন সকালে। সুপ্রভাতে সজ্জন দুর্জন সবাই হেঁটে চলে রাস্তা দিয়ে।
সবার সমস্যা এই শরীর নিয়ে।
আমার অবশ্য ঠিক তেমন নয় তবুও সেদিন সকালে উঠে নিজের মনেই চললাম বড় রাস্তা ধরে। চেনা অচেনা নানান মানুষের ভীড়ে সেদিন বাড়িতে ফিরতে একটু দেরি হয়েছিল।
বাড়িতে ফিরে প্রাতরাশ সেরে বৌকে বললাম, আজকে একটু পুরানো বাড়িতে যাবো।
সে বললো হঠাৎ কেনো?
ওর মুখের দিকে তাকিয়ে বললাম ইচ্ছে হয়েছে।
বললো বেশ যাও।
চললাম পুরানো পাড়ায়। এখানেই আমি বড় হয়েছি। সমস্ত বন্ধুবান্ধব এই পাড়ায় অথবা তার আশে পাশে।
সে সময় সুপ্রভাতে সুজ্জিমামা প্রশ্ন করতো ঘুম হয়েছে কেমন কাল রাত্রে?
ভোর বেলায় উঠে হেঁটে, বাড়িতে ফিরে আবার সেই পায়ে হেঁটে পথ চলার সময় বুঝলাম ঘুমটা পর্যাপ্ত হয় নি।
সেদিন প্রথম যে বাড়িতে কড়া নেড়ে ছিলাম সেই বাড়িতে এখন আর তারা থাকে না যাদের খোঁজ নিতে এই কড়া নারা।
এর পর একটু ধাতস্থ হয়ে হাঁক পারলাম কোনো একটা নাম ধরে। দরজা খুলে তিনি বললেন, সলিল তোকে কত যুগ পরে আজ দেখছি।
বললাম কাকিমা কেশব আছে?
তিনি বললেন এই প্রচণ্ড গরমে, ছাতা ছাড়া এভাবে?
বললাম না বয়স বেড়েছে তবে আমি আছি ঠিক আগের মতন।
হয়তো অনেক ভাবনা তাকে ভাবিয়েছে, অনেক অতীত তাকে কাঁপিয়েছে, হয়তো এইসব নানাবিধ ভেবে তিনি বললেন, একটু ঠান্ডা হ, একটা ছাতা ব্যবহার কর। শেষে তিনি বললেন কেশব এখন অন্যকোনো জগতে বিচরণ করে।
ভাবলাম এ কোন জগৎ?
ভুল ভাঙলো কাকিমার কথায়। তিনি বললেন কেশব মারা গেছে ছ'বছর আগে।
এরপর শুধু চোখ মুছেছি আর বুঝেছি আমার নাম সলিল।
সলিলের সরলতা গৃহবধূ বোঝে, তার চাঞ্চল্য সে জানে, তার ক্ষিপ্র পথচলা সে দেখেছে শুধু দেখেনি কোনো এক ভাবুক সলিল।
কখনো কখনো এই গৃহবধূ নতুন এক সলিলের সন্ধান পায়। সেখানে সে দেখতে পায় বন্ধু বান্ধবী, শত্রু মিত্র, পরিবার পরিজন, পথিক, ভিখারী আরও কত কি।
এজন্যেই সে সেদিন পুরানো পাড়ায় যেতে সম্মতি দিয়েছিল। এরপরে প্রতিদিন টিফিন খাওয়ার পর যখন সলিল ঘুরতে বেড়িয়ে যেতো, একটু ভাবতে হয়েছে তাকে।
যে দিন সলিল বাড়িতে ফিরলো সাদা ধুতি পরে বড় বিষ্ময় জাগলো। দুধ সাদা নতুন উত্তরীয়টাও তার চোখ এড়ায় নি। সাথে আছে নতুন একটা ন'দন্ডি পৈতা আর হলুদ রংয়ের একটা সোনার চেইন।
বাড়িতে ফিরে শুধু নানান কথায়, নানান প্রশ্নের মুখে তার উত্তর একটাই।
আমি সন্ন্যাস নিয়েছি।
হায়রে কর্মযোগী !
যেদিন আস্তাকুড়ে তার আনাগোনা ছিলো সেদিন তার এই ইচ্ছে হয় নি। যেদিন বিবাহিত জীবনের স্বাদ পায়নি সেদিনও হয় নি। যখন সুখ-সমৃদ্ধি এসেছে সেদিন তার ইচ্ছে হলো সন্ন্যাসের।
প্রবাদ আছে ' ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়।' একটা আধিভৌতিক উদ্বেগ, তার গৃহিণী, সীমার মাথায় চেপে বসলো। আসলে সীমা সলিলকে খুব কাছ থেকে চেনে।
সে রাত সেভাবেই শেষ হলো, পরের সকালে সলিল স্নান সেরে নিজের ডেস্ক থেকে আর নড়লো না। খাবার খেলো প্রতিদিনের মতন।
এর পরে সীমা আর কিছু জানে না। সে রাতে তার ঘুম ছিলো অতি গভীর। সকালে উঠে সে দেখেছে সলিল তার নির্দিষ্ট ডেস্কে বসে লিখে চলেছে।
নিয়ম মত দু কাপ চা নিয়ে সে বললো, চা ঠান্ডা হয়ে যাবে যে!
সীমার কপালে একটা চুমু দিয়ে শুরু হলো নতুন আরো একটা দিন ঠিক আগের মতন।
বিশ্বকর্মা পূজো আসলে মা দূর্গার আবাহন এই বাংলায়। করিৎকর্মা বিশ্বকর্মা বাঁশ কাঠ ইট পাথর অথবা লোহা টিন নিয়ে কর্মযজ্ঞে মেতে ওঠে আশ্বিনের প্রথম সকাল থেকেই।
এই পর্যায়ে সলিল খুব সুন্দর ভাবে পুজোর আনন্দ নিয়ে পরিবারের সাথে হাটে বাজারে অথবা রাস্তায় হেঁটে বেড়িয়েছে। নতুন কাপড় জামা সব কিছুই এসেছে ঠিক আগের বছরের মত। শুধু বাকি ছিলো সলিলের পরিধান।
সীমা ভেবেছিল একটা সুন্দর ধুতি কিনবে সলিলের জন্য। সীমা কখনো ভাবতেই চায় না সংসার ছেড়ে অন্য কোনোখানে চলে যাক তার সলিল।
সেই চওড়া পাড়ের ধুতি সীমা বাড়িতে আনতে পারেনি। ধুতিটা দোকানির সাজানো সেল্ফে রয়ে গেছে। সীমা ভেবেছিল একদিন একসাথে একবার ওই দোকানে দুজনে পৌঁছবে। সেটা হয়ে ওঠে নি কারণ চিরাচরিত নিয়ম মেনে সলিল আবার স্যুটেড ব্যুটেড হয়ে সেদিন সীমার সীমান্তে পা রেখেছে।
সীমা অনেক চিন্তা করেছে এর আগে, কখনোই সেই চিন্তা আদর্শের রূপ পায় নি। যা ভেবেছে তার সমাধান উপস্থাপন করেছে তার সলিল। এই এখন আজকে সলিল সেরকম কিছুই বলে নি, ফলে সীমার চিন্তা হয়ে পরেছে একটা দর্শন। নতুন ভাবে সে বুঝতে পেরেছে সাদা কাপড় থেকে এই অভিযোজন আদতে তাকে ব্যাতিরেকে অন্যকিছুর উপস্থাপনা।
সেই রাতটাও সলিল কম্পিউটার এর সামনে বসে মাউস টাকে নানান ভাবে ঘুরিয়ে চলেছে নানান ফাইলে। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো পাদুটো দুলিয়ে মাথার চুল গুলো আউলাচ্ছে।
তখন কম্পিউটারের স্ক্রিনে খুব মন দিয়ে একটা ছবি দেখছিল সে। একটা ছোট্ট বাচ্চার মাথায় একটু হাত রাখলো, হাসলো, বিড়বিড় করে কি সব বললো। এর পরে একজন মহিলার ছবির দিকে হাঁ করে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। না এরপরে আর কিছু সে করার সুযোগ পায় নি।
হঠাৎ লোডশেডিং হওয়ায় হাত পা ছুড়ে সপাট মেঝেতে সে পরে গেছে। মা আর মেয়ে কখন তাকে বিছানায় শুইয়ে দিয়েছে সে জানে না।
পরেরদিন সকালে ঘুম ভাঙ্গার পর সে বুঝতে পারলো শরীর জুড়ে ভীষণ ব্যাথা। ছোটো বেলায় অনেক বার সে আছাড় খেয়েছে, পরের দিন আবার ছুটেছে প্রতিদিনের মতন।
এদিন সে সেসব পেরে উঠলো না। কষ্ট করে কম্পিউটার এর মাউসটা ধরে সে মেয়েকে ডাকলো। মেয়ে এলো না। সীমার নাম ধরে চিৎকার করে উঠলো। না সীমাও সেদিন আসে নি। এরপর তার আর কিছু মনে নেই।
সেদিন তার মেয়েটা এসেছিলো তার ডাক শুনে, সীমা এসেছিলো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে অথচ সলিল সে সব দেখতে পায় নি।
মুঠো করা হাত জোড়া সে দিন প্রথম খুলেছিল কিন্তু কিছুই সে আর ধরতে পারে নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন