রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কৈশোর

 সে কালে বাজি বানানো একটা ক্যারিসমা। বেশ লাগতো যখন মাটি খুঁড়ে গাড্ডা বানিয়ে, কাঠ পুড়িয়ে, কচু পাতা দিয়ে ঢেকে আগুন নিভিয়ে আঙার তৈরী করতাম। এরপর শুরু হত সেই আঙার গুড়ো করে কাপড়ের ছাঁকনিতে ছেঁকে মিহি কাঠকয়লা তৈরী। এটা আতস বাজির আগুন ধরে রাখার মাধ্যম।

এরপর সোড়া সিদ্ধ করে মেঘলা রোদে শুকিয়ে, গন্ধক গুড়ো করে বারুদ তৈরীর প্রাথমিক কাজ। এরপর শুরু হতো রং নিয়ে ভাবনা। লোহাচুর এর আগুন রং, অ্যালুমিনিয়াম চুরের সাদা রং, ম্যাগনেসিয়াম এর উজ্জ্বল সাদা আর তামার নীলাভ রং এর ছটা।

আরো কিছু বলার আছে এখানে সেটা মূলতঃ টাকার অভাব, বাবার আনন্দ আর মা এর ধমক। তবুও দিব্যি চলতো এই বাজি বানানো। এই উদ্যোগে সামান্য ঘৃতাহুতি দিতো ছোটো কাকা। বড় সুন্দর সেই যৌবন।

ছোট বড় নানান মাপের মাটির খোলে বারুদ ভরে কালি পূজোর সন্ধ্যায় শুরু হত আকাশের দিকে ফুলকির উন্মাদনা। 

এখানে একটু প্রেমের বিষয়ও লুক্কায়িত থাকতো বই কি। এই কেতা সবার কাছে থাকতো না, থাকতো কতিপয় কিশোর প্রেমিকের কাছে। 

এই কেতা শুরু হতো স্কুল পর্যায়ে এরপর কলেজ, ইউনিভার্সিটি সর্বত্র।

বাজি বানানোর চমক প্রেম বিষয়কে প্রলম্বিত করতো এ কথা বুঝেছি নিজের নানান এক্সপেরিমেন্ট এর মধ্যে থেকে।

সে বছর আমাদের ক্লাবের সামনে রাস্তার পাশে বয়ে যাওয়া খালের উপর দিয়ে চলছিল উড়ন তুবড়ি ওড়ানো। বাধ সাধলো ভাগ্যের কোনো এক বিড়ম্বনা। এখানেও সেই কেতা।

ফল হিসেবে হাতেই ফেটে গেছিল একটা উড়ন তুবড়ি। ডান হাতের চামড়া পুড়ে দগদগে হয়ে গেলো। 

না ডাক্তার আসেনি সেদিন। বার্নল হাতে নিয়ে এসেছিল প্রিয় বান্ধবী। কষ্টে ছটফট করা দেখে তার দুটো চোখ জলে ভরে উঠলো। রাতটাও কিছুতেই শেষ হচ্ছিলো না। ভোরের দিকে চোখ বুজে গেছিল সেদিন। চোখ খুললো মা এর ডাকে। তিনি বললেন, ওরে ওঠ, ইন্দ্রানী এসেছে।

সে এক অন্য সকাল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন