আজকে মনে হয়েছিল দেখবো বাড়ির সদর দরজায় একটা প্রদীপ জ্বলছে, রাস্তার পাশে দাঁড়িয়ে মা-বাবা দেখছে ছোট্ট নাতি নাতনী বাজি জ্বালাচ্ছে আরও কত কি।
মনে হওয়া আজ মিথ্যা হয়েছে। অন্ধকার গিলে নিয়েছে ওই বাড়িটাকে। বাতি দিতে আজ কেউ আসে নি। ইচ্ছে হয়েছিল একটা মোমবাতি ধরিয়ে দিতে ঠিক মূল দরজার সামনে, তবে সাহস হয় নি। আমি সাহসী তবুও কোনো একজন আমাকে বলেছে দুঃসাহস দেখাস না। অন্তঃপুরের শব্দটা আমি শুনেছি, বুঝেছি, আর নিজের দিকে তাকিয়ে শুধু ভেবেছি এ আমি কেমন আমি? বাড়ির সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। সেখানেও একটু ইতস্তত হয়েছে, পাছে কেউ দেখে ফেলে। না এখানে দেখার মতন কেউ নেই। সাহসটা বেড়ে উঠলো। একটা মোমবাতি জ্বালিয়ে দরজার সামনে গেঁথে দিলাম। কোনো মানুষ আমাকে কিছু বললো না। এরপর কড়া নাড়লাম। সিঁড়ি দিয়ে উপর তলা থেকে কোনো কারোর পায়ের শব্দ শোনা গেলো না। এরপর কলিং বেলের সুইচে হাত দিলাম। গোটা শরীরটা আমার ঝিনঝিন করে উঠলো। তবুও থামলাম না, আবার সুইচটায় চাপ দিলাম। এবার কে যেন আমাকে বললো কাকে খুঁজছেন? ইচ্ছে হচ্ছিল বলি আপনার দরকার আছে? একটু সামলে নিয়ে বললাম এ বাড়ির লোকজনকে। আরো একটু আগ বাড়িয়ে বললাম আপনি কে? তিনি বললেন ভায়া তুমি কে আগে বলো, পরে আমি আমার পরিচয় দেবো।
একজন মহিলাকে যা ইচ্ছা বলা যায় না, না হলে বলতাম তুই কে?
মনের তাপ নেভাতে আর একটা সিগারেট ধরালাম। সুখটান দিয়ে অন্ধকারে ডুবে যাওয়া বাড়িটার দিকে আর একবার তাকালাম, তারপর কয়েকটা মুখ চোখের সামনে ভেসে উঠলো।
একজন বললো কিরে তুই কেমন আছিস? বললাম বেশ। আরেকজন বললো আমি জানতাম তুই একদিন নিশ্চয়ই আসবি। বললাম এইতো এসেছি।
এরপর আর কোনো কথা সেদিন হয় নি। পরের দিন সকালে আমার বেডের চারপাশে কত মানুষ। গিন্নী বললো কি হয়েছিল তোমার? ভাই, বোন, বন্ধু সকলেই বলে উঠলো ওই মরা পোতার জঙ্গলে তুই কেন গিয়েছিলি?
কিছু বলতে পারিনি তখন। চোখের সামনে তখনও সেই নিষ্প্রদীপ বাড়িটা আর ভয়ঙ্কর মনস্তাপ আমাকে বিদ্ধ করছে।
সেদিন বাড়ি ফেরার পথে একটা ফোন এসেছিল মোবাইলে। আমি হ্যালো বলার পরেই সে বললো তুই যে এতটা পাগল তা বুঝতে আমার একটু সময় লেগেছে। আমি নিশ্চিত ভাবেই বলছি, আমি ফিরে আসবো আবার।
বৌ সুছন্দা বললো, সত্যিই তুমি দুর্লভ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন