মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

শব্দ করিতে মানা

অদ্য তৃতীয় দিবস। প্রথম দিবসে অগ্ন্যুৎপাত হইয়াছিল। দ্বিতীয় দিবস ও ওইরূপ, শুধু পার্থক্য ইহাই অগ্ন্যুৎপাতের মাধ্যম কন্ঠ। তৃতীয় দিবস সামান্য তির্যক বৈকি!

এইদিন না হইল অগ্ন্যুৎপাত না রহিল কন্ঠ, যাহা রহিয়াছে তাহা দম্ভ বলিলেও কম বলা হয়।

মিথ্যার বেসাতিতে ইহা নতুন কিছু নয়। অতীতেও ছিলো এবং পুরুষানুক্রমে ইহা বস্তুত বরাভয় অপেক্ষায়ও বৃহত্তর হইয়াছে। সামান্য পার্থক্য ব্যাতিরেকে ইহা সামান্য ব্যতিক্রমী।

ইতিপূর্বে শিক্ষিত মনুষ্যবর্গ মিথ্যা বলিতে দ্বিধা সন্ত্রস্ত থাকিতেন, আজ রাজনীতিতে মূর্খের পদার্পণ এর কারনে ইহাও আর নাই। 

গীতায় হাত রাখিয়া অথবা পাছায় হাত রাখিয়া ' যাহা বলিব সত্য বলিব...' এক ও অভিন্ন হইয়া ইতর অবস্থায় দন্ডায়মান।

গম্ভীরাচার্য অতঃপর দন্ত বিকশিত করিলেন। বহুযুগ দন্তের পরিচর্যা যে হয়নাই ইহা তাহার দন্তেই প্রস্ফুটিত।

কত গুটকা, কত খৈনির একাত্মতায় ইহা এইরূপ রূপান্তরিত হইয়াছে কেবল দেবাদিদেবই ইহা সম্যক ভাবে জানেন বলিয়া মনে হয় না; এই জনসাধারণের অভ্যন্তরে যাহারা স্তাবক পর্যায়ের নন তাহারাই নিশ্চিত ভাবে ইহা জানেন।

আগুনের শরীরের উত্তাপ আজ আর নাই। শীতল হইতে ইচ্ছাও তাহার মনে আসে না। অগ্নি, বরুণ, পবন এক উৎকট পরিস্থিতির সম্মুখে। 

আসার ইচ্ছাও নাই, তবুও নৈব্যক্তিক কারণে এই আনয়ন। ফিরিবার পথ নাই এই সত্যের সম্মুখে সমস্ত স্বর্গের রাজন্যবর্গ।

সম্ভবনাময় প্রোজেক্ট পাইয়া সূর্য সুখী বলিলেও সামান্য বলা হয়। মৃত তারাদের সাথে তিনি ছিলেন আছেন এবং থাকবেন, ইহাই বিজ্ঞান।

এই প্রথম বীর হনুমানের বগল ভস্মীভূত হইল, সূর্যের অবর্তমানে লক্ষ্মণ মরিলো, সন্ধ্যা আসিল রাত্রের শেষে।

কাক কাকা রবে সেদিন জাগে নাই, শ্বাপদের দল দিব্য আছে খোশ মেজাজেই। শুধু সারমেয়র ক্রন্দন রহিল অহরাত্রি।

ভ্রম ভাঙিতে পেঁচক টু শব্দেও জানান দেয় নাই। সে জানে এ রাত্রে কন্ঠ রুদ্ধ রাখিতে হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন