শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সীমার মাঝে অসীম তুমি

এটা ছিল আশির দশক। একটা সাংস্কৃতিক পরিমন্ডল ছিল ।        সেটা কোন সংস্কৃতি ?
সময়টা বামপন্থার বিদর্ভ যুগ। 
কেন?
অনেকটা আকাশে ধান চাষের মতন।
আকাশে কেন?
একটা শূন্যতা ছেয়ে ফেলেছে সমাজ জীবনকে।
একটু অস্বস্তিতে পরলেন বিদগ্ধ মানুষ জন।
স্থিতিশীল জীবনের যে ইচ্ছা অন্তরে বিচরণ করতো সেখানে একটা 
প্রশ্নচিহ্ন এসে পরেছে।
খুন হলে রক্ত ঝরে কিন্তু এখানে কোনো রক্তের দাগ নেই।
তাহলে কি হয়েছে?
কেনো মানুষের মনে মননশীলতার আঘাত ঘটছে না?
কেন সমাজ অন্ন-বস্ত্র-বাসস্থান না পেয়েও নিঃশ্চুপ?
কোন সোনার কাঠির ছোঁয়ায় তারা তখন সুখী?
অসীম বাবুর মনে হয়, এখানেই সংস্কৃতির সাফল্য। এখানেই ভোর বেলায় একটা হারমোনিয়াম গলায় ঝুলিয়ে প্রভাতফেরি। এখানেই একটা বাচ্চা মঞ্চের কোনায় গুটি গুটি পায়ে উঠে আকাশের দিকে তাকিয়ে আবৃত্তি করছে
 ' তালগাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে....।'
এখানেই নাট্যমঞ্চে নবান্ন। এখানেই সিনেমা হলে হংসরাজ। এখানেই সম্রাট ও সুন্দরী অশ্লীলতার দায়ে। এখানেই কবিতার পংক্তি ' অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।"
তখন পয়লা বৈশাখে বসতো গোষ্ঠের মেলা। পাড়ার গোবিন্দ কাকু খুলতো জলছত্র সঙ্গে ভেলিগুড় আর কাঁচা ছোলা।
সন্ধ্যায় ছালা টাঙিয়ে শুরু হতো রামের পালা।
শুরু হত মালা কেনার উচ্ছাস।
রাম আর সীতা মালার গান শেষে যখন একসাথে বিড়ি জ্বালাতো, সেই ধোঁয়ার ঘ্রাণ টাও মনে হত সুঘ্রাণ।
এটাই সমাজ, এই টাই বাস্তবতা।
অসীম বাবু এইসব দেখেই লিখেছিলেন "অবক্ষয়িত সংস্কৃতির বিরুদ্ধে সমাজ প্রগতিশীল" এই বিষয়ে বিশ্বাসী ছিলেন।
সেই থেকেই শুরু হয়েছিলো প্রগতি।
মানবিক মূল্যবোধ সংস্কৃতি এই বিশ্বাস তার এখান থেকেই।
প্রগতিশীল মানুষের মাইথোলজি আর ইতিহাস বিষয় নিয়ে এই সত্যি প্রকাশ করাটা আজকের দিনে তার কাছে খুব সংগত মনে হয়।
কেন, কি সেই কারন?
অসীম হাসতে শিখেছিলেন আনন্দে।
কাঁদতে শিখেছিলেন দুঃখে।
এখন সে সব আর আসে না। ভাব গম্ভীর মুখে শুধু দুগালে হাত রেখে ভেবে চলেন, কি করেছি এই সমস্ত জীবন ধরে?
ইচ্ছে হয় লেনিন কে কবর থেকে তুলে আধুনিক সভ্যতার স্বরূপ দেখাতে।
ইচ্ছে হয় মাওসেতুং কে ঘাড় ধরে তুলে আনতে।
ইচ্ছে হয় রবি ঠাকুরকে বলতে।
শুধুমাত্র নিজের কাছে একটা কথাই সে শুনতে পায় যে কথা শরৎ বাবু নির্লিপ্ত ভাবে বলে গেছেন, "কারণ সমস্ত ধর্মই মিথ্যা,—আদিম দিনের কুসংস্কার। বিশ্বমানবতার এতবড় পরম শত্রু আর নেই।"
এভাবেই শেষ হয়েছে প্রথম পেয়ালা, দ্বিতীয় টাও প্রায় শেষ পর্যায়ে।
তৃতীয় পেয়ালাটায় একটু মাত্রা বেশী হয়েছিল সেদিন।
চোখ দুটো আপ্লুত হয় নি।
ব্রেন টা স্থূল হয়ে পরে নি।
কান টা বধির হয় নি।
শুধু কন্ঠটা হয়ে উঠেছে আগের থেকেও অনেক সাবলীল। স্বর হয়ে উঠেছে শেষ সপ্তকের অনেক উপরে।
হাতের মুঠোয় সেদিন পাথর গুঁড়িয়ে গেছে।
শেষে দুচোখ বেয়ে জল এসেছে ব্যার্থতার কারনে।
তিনি স্বগতোক্তি করেছেন কি করেছি এতকাল ধরে?
সেই সুদূর বিভাগের পর থেকে?
আমিওতো ওই বিভাগের শিকার, তবুও অধিকার নিয়ে শাসক আর শোষক বিষয় বুঝিয়েছি।
অথচ এসব উচ্ছন্নে গেলো?
ফিরে এলো ধর্মীয় অশিক্ষার বাতাবরণ?
বাস্তবতা এতো কঠিন?
পরে পাওয়া চোদ্দ আনা এখনও সেই ধর্ম?
এলোমেলো হাতে তিনি লিখেছিলেন গীতার একটা শ্লোক।
"কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ, পুন্য নেতানি তীর্থানি" ইত্যাদি।
অসীম বাবু মানুষের কথা নিয়ে পথ চলেন, ধর্মকে নিয়ে থাকেন না।
বই পত্র তার সম্বল, মানুষ তার কাছের, সমাজ গড়া তার স্বপ্ন।
এসব তার জীবদ্দশায় হয়ে ওঠেনি। মৃত্যুর পরে সবাই বলেছে এরা সবাই নন প্রোডাক্টিভ।
তবে একটা আধুনিক গীতার আবিষ্কার হয়েছে তার কথার তিমিরে।
কাব্যিক অক্ষরে সেটা এরকম।
"সীমার মাঝে অসীম তুমি।"








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন