শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিঃশব্দ

শুরু করেছিলো নিখিল। এরপর একের পর এক একই পথের পথিক। রবি গেছে অস্তাচলে। এবার মনিও চলে গেলো। অযান্ত্রিক জীবনযাত্রা শেষ হলো, শুধু যন্ত্রটা দাঁড়িয়ে থাকলো। যন্ত্রটাকে নিজের মতন বাজতে শেখায় নি কোনো কেউ। যন্ত্র গুলোর অবস্থা ঠিক বেশোর কাঠের মতন। বেশোর কাঠ দাঁড়িয়ে থাকে পুকুর ঘাটে আর এরা সোজা হয়ে নিশ্চুপ থাকে কোনো একটা ঘরের কোনায়। ক্রমে মরিচা পরে সাত সাতটা তারে। রাতের অন্ধকারে টং করে একটা শব্দ হয়। তার গুলো এভাবেই ছিঁড়ে যায়। সে তার আর বাজে না। পরে থাকে একটা কারুকার্য খচিত কাঠ। হয়তো এটাই মৃত শিল্পীর বেশোর কাঠ। এখানেই এক অযান্ত্রিক শরীরের সাথে যান্ত্রিক জীবনের পার্থক্য। আমার একটা হাত অকেজো হয়ে পরার পর এভাবেই আমি যন্ত্রটার যন্ত্রণা বুঝেছি। এভাবে পচে গলে মরা কতটা বেদনার, সেটা একজন শিল্পীর থেকে বেশী বোঝার কেউ নেই। সত্যিই তার ছিঁড়ে গেছে। আধুনিক জীবনের সাথে এই যন্ত্রের সখ্যতা নেই। থাকবেই বা কেনো? এই সাত সপ্তক নিয়ে সাত সহস্র সুর কেনোই বা তারা ভাববে? তাদের ভাববার অবকাশ ও নেই। পেট চালাতে কুকুর পাগল হওয়ার পরিবেশে সৃষ্টির সাথে একাত্ম হওয়া যায়? মরিচার প্রভাব সর্বত্র। মরিচা ধরেনি শুধু কলমে। এখনো কলম ছুঁটে চলতে পারে। রোজ সে থুতু ছেঁটায়। থুতু তার শেষ হয় না। নানান এনজাইম সমৃদ্ধ এই থুতু। সব কিছুই তার দ্বারা সহজ পাচ্য হয়ে ওঠে। পরিপাক হয় সমাজ জীবনের পরিপাক যন্ত্রে। 

প্রতিবর্ত ক্রিয়া সবথেকে বেশী অনুভব করেন শিল্পীরা। কন্ঠ গেয়ে চলে, হারমোনিয়ামে হাতদুটো চলে সমান গতিতে।কখনো ভুল হয় না। মস্তিষ্ক যেমন ভাবছে হাত চলছে ঠিক তার মতন। যারা তারের বাদ্যে অভ্যস্ত তাদের কাছে এটা আরো বেশী করে ভাবায়। ভাবায় শুরুর দিনগুলোর বিরক্তিকর বিষয়, ভাবায় অনেক অনেক সময়ের শেষে ঠিক একই ঐক্যে বেঁধে থাকা শরীর আর মন। অনেক সংখ্যক মানুষ আছেন এই পৃথিবীতে যাদের হাত আর মস্তিষ্ক হয়ত একভাবে, একসাথে একাত্ব হতে শেখেনি। সেখানে আছে মস্তিষ্ক আর কান। কান অবচেতন মনেও অনেক কিছুই শুনতে পায় ঠিক স্বপ্নালু একটা অভ্যাসে। দুটো চোখ ঘুমিয়ে পরে সুর আর লয় এর সাথে।

বিজ্ঞান ও বিজ্ঞানীরা বলেন ব্রেন ইজ ওয়েল ওয়্যার্ড। আমরা যারা শিল্পী তাদের ভাবনার সাথে বিজ্ঞানীর ভাবনার মাঝে একটু তফাত আছে। বিজ্ঞানী যেটা তারের সংযুক্তি ভাবেন শিল্পীরা ভাবে ইট ইজ ওয়্যারলেস একটা প্রযুক্তি। এই কারনেই হয়ত আধুনিক জগতের নানাবিধ সুর সামগ্রী আগের মতন মিষ্টি হয়ে ওঠে না। যে যন্ত্র গুলো একটা সুইচ, একটা বৈদ্যুতিক সংযোগ দিয়ে এগিয়ে চলে সেগুলোর যে গোড়ার প্রোগ্রাম সেটা যে হাতের স্পর্শে মধুর থেকে অতি মধুর হয়ে উঠতো, তা হয় না। এখানেই মস্তিষ্কের সাথে দৈহিক প্রতিবর্ত ক্রিয়ার ভাববাদের তফাত।

একটা সুর বৃষ্টি নিয়ে আসতো, একটা সুর আগুন বয়ে আনতো আবার একটা সুর আবেগমথিত ভাবে হয়ে উঠত মেডিটেশন। আধুনিক যন্ত্র বা যন্ত্রবিদ এই খানেই পিছিয়ে। 

ইদানীং সময়ে কন্ঠের প্রচলন বেড়েছে। ওই সাত সপ্তক কে অনেক বেশী উচ্চতায় নিয়ে পৌঁছতে পারছে মানুষের কন্ঠ। একটু ভাবলেই অনুভব করা যায় এর কারণ। 

মানুষই প্রথম অনুভব করেছিলো কাকের স্বর কর্কশ, কোকিল অথবা পাপিয়ার স্বরের মধুরতা। এটা আসলে ফ্রিকোয়েন্সির সাথে মানুষের সম্পৃক্ততা। 

মানুষের অনুভবেই একই পাখির বিভিন্ন গায়কি। একটা ঘুঘু সূর্য উদয়ের পরে যে স্বরে সুর শোনায় সেটা ছন্দবদ্ধ ভাবে তাল ও লয় সংযুক্ত করে মানুষের শ্রবণ ইন্দ্রিয়ের অভিব্যাক্তি যে সুর সেটা এইরকম ' ঠাকুর গোপাল ওঠো ওঠো।' আবার সন্ধ্যায় তার কন্ঠে বেজে ওঠে 'ঘুম ঘুম ঘুম।'

আবার ভরদুপুরে কাঠঠোকরা পাখি ঠকাঠক শব্দে কর্মব্যস্ত অথচ ঠিক সন্ধ্যায় বাসায় ফেরার আগে ডাক ছেড়ে বলে যায় বাড়িতে অতিথি আগমনের কথা। আশ্চর্য লাগছে না?

ছোট্ট একটা হলুদ কালো পাখি নিজের মনে গাছের কোনো একটা অদৃশ্য ডালে বসে গেয়ে চলেছে ' বউ কথা কও।' আবার কখনো সে শোনাচ্ছে 'কুটুমালি।'

এই পাখির দল আসলে কন্ঠশিল্পী। এদের মৃত্যুর পর সুর আর লয় ছাড়া কিছু পরে থাকে না। অথচ আমার বাঁশি ওই সুর লয় অবিকল একভাবে শেষ করার পরেও যখন ঠোঁট দুটো থেমে যায় তখন পরে থাকে একখন্ড বাঁশের নষ্ট হয়ে যাওয়া, ফুঁটো করা টুকরো। 

এই জীব জগতের নানাবিধ পশু, পাখি সহ বহু স্বর ও সুর একটা মস্তিষ্ক আপন করে নিতে পারে। এজন্যই এই অযান্ত্রিক শব্দের উদ্ভব। অর্থাৎ মানুষের অনুভবে অনেক কিছু বেজে ওঠে জীব জগতের জাগতিক অরূপ নিয়ে, যা একটা যন্ত্রের মাধ্যমে হয়ে ওঠে না। যদিও আধুনিক প্রযুক্তির AI অদূর ভবিষ্যতে কি পারবে, কতটা পারবে সেটা ভাবতেই হয়। তবুও এই পর্যন্ত মানুষের মস্তিষ্কের যে সূক্ষ্ম অনুভব বাস্তব জগৎ আর ভাব জগতের মেলবন্ধনের সাথে সম্পৃক্ত হতে পেরেছে সেই পর্যায়ে মস্তিষ্ক ব্যাতিরেকে সৃষ্টি করতে পারবে কি? সেই দিন এই বেশোর কাঠ অথবা নষ্ট করা বাঁশের টুকরোগুলো মূল্যহীন হয়ে পরবে কি? 

হয়ত হবে, হয়তোবা হবে না। কিন্তু একটা কথা না বললে এ লেখা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হল মস্তিষ্ক কখনোই যন্ত্র হয়ে ওঠেনি এবং যন্ত্রও কখনো মানুষের ভাবাবেগ থেকে উচ্চে অবচারণ করবে না।

আমার মনে হয়েছে নিঃশব্দ বিষয়টা শুধুমাত্র মানুষেরই অনুভব হতে পারে, যন্ত্র সেখানে নৈব নৈব চ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন