মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কলকাতার উত্তর দক্ষিণ

কলকাতার উত্তর দক্ষিণ 

কোলকাতা শহর এর ঘেরাটোপ সলিল দেখেছে। আদি ও অকৃত্রিম কোলকাতার সুতানূটি তে সে জন্মেছিলো। পশ্চিমের বহমান গঙ্গার হাওয়া গায়ে মেখে কম আলোর বৈদ্যুতিক বাল্বের আলোয় শুরু হয় পড়াশোনা। সকালে গঙ্গায় বাবার হাত ধরে স্নান সারা সাঁতার শেখা, টং টং করে চলা ট্রামে চেপে মিত্র ইন্স্টিটিউশন স্কুলে যাওয়া-ফেরা, বিকেলে হেঁদুয়া পার্কে আড্ডা দেওয়া, সন্ধ্যা নামার আগে মুক্তারাম বাবুর রাস্তা ধরে সিমলা ছাড়িয়ে লক্ষ্মীদত্ত লেন এর বাড়ি পৌঁছনো প্রথম জীবনের স্মৃতিতে আজও চক চক করে ওঠে। 

এর পরে স্কটিশের দিনগুলোর শেষে কলেজ পাড়ার ইউনিভার্সিটি, কফি হাউসে সিগারেট মুখে নিয়ে ব্ল্যাক কফির কাপে চুমুক দেওয়া, কলেজ স্কোয়ারে হিন্দু স্কুলের পড়া কচি কাচা ছাত্রদের সাথে সামান্য পড়াশোনার তালিম দেওয়া, সচেতন ভাবে রাজনীতির পাঠশালায় সামান্য পাঠ নেওয়া, আদর্শবান হওয়ার স্বপ্ন ফেরি করা, অবশেষে ভারতের সেনাবাহিনী তে চাকরি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এক নিয়মানুগ জীবন যাপন। 

গোটা বিষয়টা ঠিক পর্যায় সারণীর নিয়মে বাধা তিড়িশটা বছর। এর পর সংসারী হয়ে ওঠা, কোলকাতার দক্ষিন প্রান্তে এঁদো পুকুর, উঠে যাওয়া রেল লাইনের ধারে হোগলা বন আর সবুজ ধান খেতের পাশে ছোটো একখন্ড জমি কিনে নতুন বাড়ী বানিয়ে মা-বাবা, ভাই-বোনদের নিয়ে আরও এক নতুন অধ্যায়ের শুরু। ওই ফেলে আসা সুতানূটির বাড়িতে আজও যাওয়া আসা আছে, তবে সেটা নিছক পুড়োনো বাড়ীর ভাড়াটিয়াদের কাছে মাসের ভাড়া আনতে। ওখানে শ্যামাচরণ কাকু এখন নেই আছে তার ছেলেরা। ওরাই এক কথায় ওই পু্রোনো বাড়ীটাকে আগলিয়ে রেখেছে।

এই এঁদো দক্ষিণে এসে নতুন বসতি বানানোর একটা কারন ছিলো। সলিলের বাবা বলতেন যাকে তুই এঁদো বলে নিচে রাখিস সেখানে এই সুতানূটি, গোবিন্দপুর, কোলকাতার মালিকের সাবেক নিবাস। 

কথাটা অকাট্য। বাড়ো শিব মন্দিরের পাশে মেয়েদের স্কুল। চন্ডী মন্ডপ, চন্ডী মেলা, রায়চৌধুরী পরিবারের সাবেক বাড়ি এসব সত্যিই এখানে আছে। আছে পাঠা বলি, মোষ বলি, চড়ক যেগুলো সলিল আগে কখনো দেখেনি। 

সলিল দেখে নি সাঁওতাল সম্প্রদায়ের বিয়ে, তাদের ভাম বিড়াল শিকার করে কাঁধে ঝুলিয়ে নিয়ে আসা, গেঁড়ি-গুগলী-ঝিনুক  রান্না করে খাওয়া। সে দেখে নি ধান খেতে, কাশের বনে দোলা লাগা, শীতকালে শিউলি দের খেজুরের গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা, ক্ষেতে সরষে ফুল ফোটা, পুকুরে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরা এরকম অজস্র বিষয়।

যদিও আজকের নিরিখে এটা অতীত। এখন ধান-হোগলার জলা জমি নেই। আছে অপরিকল্পিত ঝুপড়ি কোঠা বাড়ি, খোলা নর্দমা, উঁচু ইমারত যার কোনো শ্রী নেই। আছে উন্মুক্ত ইলেকট্রিক লাইন, ল্যাম্পহীন ল্যাম্প পোষ্ট, পঙ্কে নিমজ্জিত পার্ক, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের হুঙ্কার, আছে মৃৎ শিল্পীর অব্যবহৃত চাক, সন্ধ্যা গড়ালেই উৎপটাং কিছু মদ্যপ লোক জনের বেলল্লাপনা, আছে মোটর লাগানো দু'চাকার কর্কশ শব্দ, আছে মূর্খের আস্ফালন আরো কত কি!

আসলে ছোটো থেকে বড় হয়ে ওঠা পর্যায়ে যে সংস্কৃতি ওখানে পেয়েছে এখানে সে সব নেই। শিয়াল হুক্কা হুয়া এখানে এখন করে না সেটা করে বেড়ায় মানুষ। 

এখানকার পাড়া গুলোর নামও কেমন ব্যাতিক্রমী। ছোটো বেলা অথবা এর পরে যে পাড়া গুলোর নাম বা রাস্তার নাম এখনও মনে আসে সে গুলো নিজেদের নামেই সমৃদ্ধ। যেমন কুমোরটুলি, জোড়াসাঁকো, নলিনি সরকার স্ট্রিট, রামতনু লাহিড়ি, বিবেকানন্দ রোড, শোভারাম বসাক স্ট্রিট, কেশব সেন স্ট্রিট যাক এসব।

এখানে আছে মুচি পাড়া, মাইতি পাড়া, চোঙার বন, নব পল্লী, পূর্ব বড়িশা, নতুন পাড়া, নতুন পল্লী এই সব নানাবিধ। আজকাল অবশ্য জাতে ফেরার স্বার্থে কতিপয় মনিষীর নামে রাস্তার-পাড়ার নাম হচ্ছে। তবে পোঁদ পাড়ার নাম যতই পূর্ব পাড়া হোক না কেন চরিত্রগত ভাবে ওটা পোঁদ পাড়াই থেকে গেছে।

এই এঁদো দক্ষিণেই প্রথম শরৎকালে থিম পূজোর প্রাদূর্ভাব। আমরা এজন্যেই এই উৎসবে এখানে নেই আছি ওখানে। 

দিদির মেয়ে বলুন, বোনের ছেলে বলুন অথবা আমরা সবাই এই পূজোতে বাগবাজার যাই। ওখানে পূজোর কদিন পুরোনো বাড়িতে থাকি।

বড়ো আক্ষেপ হয় বাবা শেষ বয়েসে অ্যালজাইমার এর ফলে নিজেকেই নিজে চিনতে পারতেন না। তবু শেষ পূজোয় তিনি নিজের পুরোনো বাড়িতে থেকে আনন্দে মা দূর্গার মুখ দেখে স্বর্গে গেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন