শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মামদো খুঁজতে এসে মানুষ খুঁজে পাওয়া

মামদো খুঁজতে এসে মানুষ খুঁজে পাওয়া 

:১:

কালজানি। না কাল নয় আজকের দেখা কাল জানি। আজকে এই ডিসেম্বরের শেষে সে বড় কৃশ। জল চলে গা বেয়ে কুলকুল করে ঘাম পরার মতন। মজে যাওয়া শুকনো পাড় সাদা বালি আর গোল গোল পাথরে ভরা।সেখানে ধান বোনে পাড় বেয়ে থাকা বাসিন্দারা। সারা বছরের না হলেও কয়েক মাসের ভাতের সংস্থান হয় বিনে খরচে। এর সাথেই চলে ওই সরু জলস্রোতে খ্যাপলা জালে ধরা পরা মাছ। নদীর পাড়ে বেয়ে ওঠা গুটি পাকানো পাতার ঢেঁকি শাক ও খেতে মন্দ নয়। বেশ কয়েক বান্ডিল কেটে আনতে পারলে বিকিকিনির পর তেল-নুন কেনার পয়সা ও এসে যায়।

সেদিন সুতলি পট্টির গলি পার হয়ে উল্টো দিকের শ্মশানে বসে শীতের দুপুরে রোদ পোয়াতে এসেছিলাম। এত ভাবনার উৎপত্তি এখানেই। শুনেছিলাম কালজানি ভয়ঙ্কর। শুনেছিলাম আলিপুরদুয়ার বড় ভয় পায় এই নদীকে। ওরা বন্যায় ডুবে ছিলো এই কালজানির স্রোতে। অনেকে ঘুম ভাঙার আগেই বাঁধ ভাঙার জলে ডুবে গেছিলো।

ওদের কাছে সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে। যাই হোক এক মোঠা ঢেঁকি শাক নিয়ে ঘরে ফিরলাম। এটা আমার শ্বশুরালয়। এত সব গল্প কথা এখানে এসেই শুনেছি। তাই এই প্রবহমান নদীর সৌন্দর্য ওদের কাছে আজও অধরা। ওদের ভয় হয় পাছে ভুটান থেকে জল ছেড়ে দেয়!

:২:

সেই সেবারের বন্যায় ডুবে মরে যাওয়া দেহ গুলো জল নামার পর ভেসে উঠেছিল উজানের শেষে। সেই সব পচা গলা দেহ গুলো উদ্ধারের পরে এই শ্মশানেই দাহ করা হয়।

সেই সময় থেকেই এই শ্মশানে ভূতের আবির্ভাব। কখনো কিন্নর রায়, কখনো লিম্পা লেপচা, কখনো মাটি না পাওয়া করিম। 

আসলে দেহ পরে থাকে। সে দেহে ধর্মের বাঁধন থাকে না। তথাপি এর থেকেই ভূতও শ্রেণী বিভাজিত। 

একদিকে শাকচুন্নি, অন্যদিকে ব্রহ্মদৈত্য। আর মামদো খালি চোখ কচলায়।

রাস্তার ধারের শেওড়ার বনে সেই রক্ত চোখ দেখার পর কোনো মানুষ সন্ধ্যার পর এই শ্মশানে যেতে আর সাহস করে না।

আমি চললাম শীতের সন্ধ্যায় সেই শ্মশান ঘাটে। 

এখানে উত্তরের হিমেল বাতাস সন্ধ্যার পরেও বয়ে চলে। নদীর গা ঘেষে বেড়ে ওঠা শেওড়ার বনে খস খস শব্দ হয়। পেঁচা গুলো শ্মশানের পাসে বট অশ্বত্থের ডালে বসে কুজনে কথা বাঁধে। শ্মশান কালী মন্দিরের দাওয়ায় বসে ভক্তের দল গান গায় খোল বাজিয়ে। মজলিস জমে ওঠে রাত বাড়ার সাথে সাথে। 

গাঁজা আর দেশী মদের নেশায় হাজার কান্না হাসির পরিক্রমায় তাল মেলায় তিরতির করে বয়ে চলা কালজানি। নদীর চরায় ধান গাছে গঙ্গা ফরিং ঝিঁঝিঁ রবে কোলাহল করে। শেওড়ার গাছ জোনাকির আলোয় আলোকিত হয়। 

পরিবেশ তৈরিতে একটুও ফাঁক নেই এই প্রথম দেখলাম। দেখলাম সদ্য নিয়ে আসা কোনো একজন কম বয়েসী মেয়েকে চিতায় চাপিয়ে আত্মীয়-বন্ধুদের দিব্বি খাওয়া দাওয়ায় মেতে ওঠা। মনটা বিষন্ন হয়ে এলো।

পাশের রেল পথ ধরে ঝিক ঝিক শব্দের তালে একটা মাল গাড়ি চলে গেলো। ঘড়িতে তখন প্রায় প্রায় রাত দশটা। তবে সেদিন মামদো ভূতের নাগাল পেলাম না। চললাম পায়ে হেঁটে বাড়ির পথে।

:৩:

পরের সকালটা এসে পরল চোখ বোজার নিমেষ কিছু পরেই। শীতের ভোর এখানে কুয়াশায় ভরে থাকে। টপ টপ করে জল পরে মনে হয় সবে যেনো বৃষ্টি থামলো। সূর্যের আলো ফুটতে সকাল গড়িয়ে যায়। এক কাপ চা হাতে নিয়ে আরো এক কাপ পাওয়ার প্রত্যাশা থাকে। মিলেও যায় নিমেষে। কেমন একটা স্যাঁতস্যাঁতে হাড় হিম করা ঠান্ডা। 

একটু একটু করে দুপুর গড়ায়। খাওয়ার পর সকলে কম্বল নিয়ে একটু শরীরটা গরম করতে চায়। আমার সে দিকে কোনো উৎসাহ নেই।

আসলে কাল রাতে লক্ষ্মী ডোম এর সাথে কথা বলা হয় নি। লক্ষ্মীকান্ত ব্যাস্ত ছিলো চিতা সাজানোর কাজে। মনে হলে দুপুরটা ওর সাথে গিয়ে একটু আড্ডা জমাই।

কালজানির কিনারায় পশ্চিমের রৌদ্রে শরীরটা বেশ গরম হলো। পাড় ঘেঁষে সুন্দর পাঁপড়ি মেলেছে ডালিয়া, চন্দ্রমল্লিকা। গেঁদা গাছগুলো হিমেল হাওয়ায় হেলে আছে নদীর দিকে মুখ নামিয়ে। নদীর চড়ায় গরু-বাছুর চরে বেড়াচ্ছে। ছোট ছোট হাত জাল নিয়ে ছোটো মাছ ধরছে নদী পারের বসবাস কারি বাসিন্দারা। এই স্বাধীনতা খুব মন কেরে নেয়। কিছুটা সময় এভাবেই পার হল। সূর্যের তেজ ফিকে হলো। লক্ষ্মী শুকনো পাতা আর কাঠ জ্বালিয়ে এই হিমেল ঠান্ডায় একটু হাত পা সেঁকতে বসেছে। হাতের টুকরিটায় সে ছোটো মাছ ধরে এনেছে। সেই কাঠের আগুনে আমি এলাম শরীর তাপাতে। 

এই আলো আঁধারি সন্ধ্যায় লক্ষ্মীর পরিবার ছাড়া শুধু আমিই এই শ্মশানে। শ্মশান কালী মন্দির আর কাঠ গুদামের মাঝখানে ছোট একটা ঘর আর বারান্দায় ওদের সংসার। বৃদ্ধ বাবা, বৌ আর মেয়ে নিয়ে লক্ষ্মীর সংসার। 

পরিচয় হল ওর বাবার সাথে। তাদের তিন পুরুষ কাটছে এই শ্মশানে। ওনার কাছেই শুনলাম, বাঁধ ভাঙার কাহিনী। শুনলাম সেদিনের সেই জনশূন্য অঞ্চলেও শ্মশানে ভীড় করা মৃত মানুষের কথা। 

না কোনো আত্মীয় পরিজন এদের আনেননি। এনেছে সরকারের উদ্ধারকারী দল। 

তিনি বলছিলেন কোনো দেহের মুখের দিকে আমি তাকাইনি। পাছে পরিচিত কেউ এসে পরে? আক্ষেপ করে বললেন সেদিন খুব কেঁদেছিলাম। সবাই একথা শুনে বলেছিলো ওটা মদের ঘোর! 

আমরা জাতে ডোম। আমাদের আবার মন, হৃদয়? 

না প্রতিবাদ করিনি কখনো। পাছে শ্মশানকালী মা ভুল করে জিভ কাটেন?

কথায় গল্পে অনেকটা সময় কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। বুঝলাম বাড়ির কোনো এক পরিজনের ডাকে। হাতে একটা টর্চ লাইট, একটা লাঠি নিয়ে সে আমাকে খুঁজতে এসেছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন