মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সমাপ্ত ভালোবাসা

তবে কি কিছু ভুল হয়েছিল সেদিন? কুশল অনেক কিছুই বুঝতে পারে তবুও শ্মশানের পথে সেদিন কুশল হেঁটেছিল। যিনি নিঃস্পন্দ হয়ে পরেছিলেন নিজের ঘরে সেই ঘরে তার পরিবারের সবাই থাকতো কোনো একদিন। তারা এখনও আছে তবে এই ঘরে নয় বাইরে। এ সবের পরেও একজন তার খবর রাখতো। সুস্থ আর অসুস্থতার মাঝখানে একটা সুন্দর প্রতিবাদী মুখ কুশলের কাছে অননুমেয় ।

দেহটা ভষ্মীভূত হওয়ার পরে সে বুঝলো তার চতুষ্কোণে অসংখ্য চোখ । সেই চোখ গুলো খুব হিংস্র। সেখানে এমন একজন আছে যার চোখ হিংস্র না হওয়ারই কথা ছিল। সেই সুন্দর চোখ দুটো কেনো এমন হিংস্র হয়ে উঠেছে কুশল ভাবতে বসলো। 

কুশলের ইচ্ছা ওই চোখটায় চোখ রাখতে। এই আজকের দিনে নিমেষেই যোগাযোগ গড়ে ওঠে। সেই পন্থা কুশলের পছন্দের নয়, সে সেদিন তার বাড়িতে পৌঁছে কলিং বেল এর বোতামে চাপ দিলো। ঘন্টা বেজেই চললো। একবার, দুবার, তিন বার; শেষে সে ফিরে গেলো। শুধু একটা চিরকুট সে ফেলে এসেছিল ওই বাড়ির মুক্ত বারান্দায়। সে  লিখেছিল কুশল এসেছিলো তোর বাড়িতে কিন্তু কোনো কুশল তোর জানতে পারলাম না। আবার আসবো নিজের ইচ্ছায় আর তাগিদে।

চিরকুটটা পরের সকালে পেয়ে বালিশের তলায় রেখে দিল সুচিত্রা। 

সুচিত্রা চিরকাল অতি সুন্দরী। এখনও সে ঠিক যেন তেমনি আছে।

আসলে ওই চিরকুট টা পেয়ে সুচিত্রা শুধু কুশল কে চোখ বুজে স্মরণ করেছে। সে জানে বড় সুদর্শন এই কুশল। সে জানে তার মা নিজের ছেলে-মেয়ের পাশে আরো একটা ছেলে পেয়েছিলেন। সেই ছেলেটাই তার মৃত মুখে আগুন দিতে অস্বীকার করেছিলো। 

এখানেই সেই অতীত সুচিত্রা কে টেনে নিয়ে গেছিলো অন্য এক চিন্তায়। সেখানে যেমন কুশল ঠিক তেমন অন্য কোনো একজনও ছিল ।বিবাহিত জীবনে সে কিছুকাল ছিল তার সাথে। এরপর কিছু অনিয়ম, অসংযম এসেছিলো, সেখান থেকেই তার প্রশ্নের শুরু। সময় প্রবাহমান, সময়ই জীবনের শেষ কথা বলে এই বিশ্বাস থেকেই সে কোনো এক অবস্থার প্রেক্ষিতে আজ একেবারে একা।

সন্তান আসার পরে প্রায় আঠেরো মাস সুচিত্রা ছিলো মায়ের আওতায়। সুন্দর শিশুর যত্ন আত্মী সে শিখেছে তার মা এর কাছে। বাচ্চাটা যখন কথা শিখেছিল প্রথম মা বলেছিল এরপর আম্মা; অথচ বাবা বলতে শেখে নি। সাথে ছিলো জীবনের নতুন এক ন্যারেটিভ এই কুশল এর আসা যাওয়া। কুশল ছিলো তার মা এর কাছে সন্তান সম নয় বরং সন্তানের ঊর্ধ্বে।

এজন্যেই সে তার চোখের আলোতে চোখ রাখতে চায় নি। এর আগে একটা সামাজিক বিবাহের সাথে যে পুরুষ তার সন্তানের বাবা তাকেও সে ত্যাগ করেছে।

সুচিত্রা ভেবেছিল অনন্ত কাল তার মা-বাবা বেঁচে থাকবে। দাদা আর বৌদিকে নিয়ে সেই ভাই আর বোন সাথে সন্তান বেশ একসাথে একটা সুন্দর পরিবার থাকবে।

যেদিন দাদা বৌদি বাড়ি ছাড়লো সেদিন সে ছিলো ওই বাড়িতে। এরপর অন্য বাড়িতে পৌঁছে কিছু সময় সাকুল্যে একটা সন্তান। এর পরে এই শুধু আক্ষেপ আর আক্ষেপ। এর পরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু, শেষে একেবারে একা হওয়া। মা এর কাছে থাকাটাও শেষ হয়েছিলো দাদা-বৌদির নানান কটুক্তির পর। আর এরপর থেকে এই কুশল শুধু এই বাড়িতে এসেছে প্রতিদিন। কোনো স্বার্থে নয় শুধু শ্রদ্ধা আর ভালোবাসায়।

এই প্রথম এক সংকটে পরেছে সুচিত্রা। চোখের সামনে আসতে যেমন ইচ্ছে হয় পরক্ষণেই মনে হয় তার মাএর ভালোবাসার ধন আমার কাছেও কি আপন? সম্ভবত নিজেকে সাবমিশন করার মতন কোনো শব্দ আজ এই জৈবিক সায়াহ্নে একটা লজ্জার মতন হয়ে পরেছে।

এর পরে কুশল আবার একদিন কলিং বেল বাজালো, দরজাটা খুললো, কিছু সময় সে বসলো কিছু কথা বললো, উঠে গেলো। সুচিত্রা কিছু বলতে পারে নি। আসলে ভালোলাগাকে সে দুর্বলতা বলতে দ্বিধাবোধ করে। তার কাছে ভালোবাসা এক দুর্লভ বস্তু। প্রায় পাঁচ যুগ শেষ হয়েছে, কুশল আছে কুশলেই। সেখানে কোনো পাপ, কোনো দুরাচার, কোনো অসহিষ্ণুতা ধরা পরে নি এখনো। কখনো মনে হয় বড় ভুল হয়ে গেছে, পরক্ষনেই মনে হয় সময়ের পাঠশালায় সবকিছুই সঠিক। সুচিত্রা বুঝতে পারে সময়ের সাথে সে বদলাচ্ছে। রদবদল শব্দটা এই প্রথম বুঝতে পারলো। জীবনে কখনো কখনো কিছু সময়কে বাদ দিতে হয় আর এর পর নিজেকে বদলাতে হয় নানান জিজ্ঞাসা কে উপেক্ষা করে। যে ক্যানভাস টা সে আঁকতে শুরু করেছিলো যৌবনে সেখানে ঠিক যেন এখন শেষ তুলির আঁচড় দেওয়ার সময় এসেছে।

কুশলের ব্যবহারিক জীবনটা একটু অন্যরকম। শিক্ষার পরিসরে সেটা প্রলম্বিত। সে ছাত্র পড়ানো শুরু করেছিল কৈশোরে। এরপর যৌবন পার করে  এই ভাবেই সে চলতে অভ্যস্ত হয়ে পড়েছে।তার পরিবারের সাথে সাজুয্য রেখে সে চলতে ভালোবাসে। সেখানেই এই দূরত্ব, সেখানেই ব্যাক্তিত্বের সংঘাত। এজন্যেই মা যে ছেলেটাকে তার ভালোবাসার ধন বলতেন তার সাথে সখ্যতা সুচিত্রার ভালো লাগেনি। অথচ কোনো এক অনু গল্পে কুশল তার কাছে একটা ধীর স্থির সংকল্পের একমাত্র উদাহরণ।

নিজেকে নিজের কাছে হারিয়ে ফেলে নতুন করে কিছু পাওয়ার জন্যে সুচিত্রা ভেবেছে, না হয় একবার আমি কারোর কাছে একান্ত আপন হতে নিজেকেই বিলিয়ে দিলাম!

শেষবারের মতন সেদিন কুশল সুচিত্রার বাড়িতে কড়া নাড়লো। সুচিত্রা দরজা খুললো। কুশল বললো বোন তুই কেমন আছিস? সুচিত্রা কিছু বললো না। উদ্বেগের সাথে কুশল আবার বললো, কিরে কিছুতো বল?

সুচিত্রা চা এর কাপ দুটো রেখে বললো, ভালো আছি। কুশল বললো এই টুকু বলতে এতটা সময় লাগে? 

সুচিত্রা চুপ করে কুশলের চোখের দিকে তাকিয়ে রইল। কোনো কথা তার মুখে এলো না। কুশল উঠে দাঁড়ালো, বললো তাহলে আজ চললাম। সুচিত্রা শুধু শুনলো কোনো উত্তর দিলো না।

মনে মনে সে ভেবেছে এটাই যৌবনের শেষ অধ্যায় নিয়ে ভাবনার একমাত্র বিকল্প পথ-পরিক্রমা। যে পথ দিয়ে এতগুলো বছর শেষ হয়েছে সেই পথের পরেও একটা পথ আছে। সেটা আসলে পৃথিবীর পথ।

কুশল এত সমস্ত ভাবতেই চায় না। ছাত্রেরা আসে যায়। প্রাতিষ্ঠানিক ভাবে উন্নতির শিখরে ওঠে। কখনো সখনো মনে পরে শিক্ষক কুশল কে। এক প্যাকেট দামি সিগারেট দিয়ে যায়। এতেই কুশল খুশী। সুচিত্রা  হয়তো এমন নয়! তবে সে জানতো কুশল অত্যন্ত সুরোরিয়ালিস্টিক। সে শিস দেয় পাখির মতন। তার ঠোঁট দুটো সুর সৃষ্টিতে অথবা পরিবেশনে সক্ষম। 

শীতের দিনে সন্ধ্যা এসে পরে দৈনিক দিন শেষ  হওয়ার একটু আগে। পাখিরা বাসায় ফিরে পরের দিনের অপেক্ষায় মাঝ রাতেই জেগে ওঠে। অন্ধকার থাকলে আবার লেজের কাছে ঠোঁট গুঁজে ঘুমিয়ে পরে। পূর্ণিমার রাতে তাদের বিভ্রম বাঁধে। ভোর হয়েছে মনে করে তারা শুরু করে কুজন।

কুশল ব্যাতিক্রমী নয়। সেদিন পূর্ণিমার সন্ধ্যায় সে শিষ দিয়ে একটা গান শুরু করলো সুচিত্রার বাড়ির পথে। সেই গানটা অসম্ভব সুন্দর সুর ও কথায়।  

তার ঠোঁটে ফুটে উঠলো  সেই কথা আর সুর। কথাটা  বড়ই সুন্দর " না মন লাগে না। এ জীবনে কিছু যেন লাগে না।"

দু'তলার বারান্দায় বসে সেই ঠোঁটের সু্রেলা শব্দে সুচিত্রা রাস্তার দিকে চোখ রাখলো। দেখলো কুশল নিজের মতন চলেছে। অভ্যাসের সাথে অনেক কিছু আজও থেকে গেছে কুশলের কাছে। এই অভ্যাস পূর্ণিমা -অমাবস্যা মানে না। সেদিন সুচিত্রার ইচ্ছে হয়েছিল কুশল কে ডাকতে কিন্তু পারেনি।

পারবেই বা কি ভাবে?

রীতি মেনে মালাবদল হয়ে ওঠেনি তবুও বকুল ফুল কুড়িয়ে মালা গাঁথা হয়েছিল একদিন। এটা আসলে সুচিত্রার স্কুল জীবন। সুন্দর একটা দৃশ্যে সে বকুল ফুলের মালা গেঁথে নৃত্যনাট্যে অংশ নিয়েছিল। যদিও কুশল কখনোই এই সব রঙ্গ মঞ্চে সামিল হয় নি। ছোটো বেলা থেকেই সে একটু সেকি স্বভাবের। বড় হয়ে কেনো যেনো তার ইচ্ছে হয় নি নিজেকে বদলাতে। তার কাছে কাগজ,কলম, পুস্তক খুব কাছের। বাড়ির পুষ্করিণী তার খুব পরিচিত। সেখানে দিব্বি ঝাঁপ দেওয়া যায়, সাঁতার কাটা যায়, ডুব দিয়ে অতলে পৌঁছে মাটি আনা যায়। সেখানে হাঁস এর জলকেলি দেখা যায়, গাঁয়ের বঁধূর বাসন মাজার দৃশ্য দেখা যায়, দেখা যায় পাশের গাছের ডাল থেকে ঝুপ করে এসে মাছ ধরে নিয়ে যাওয়া মাছরাঙা, পানকৌড়ির ডুব কিংবা সাদা ও সাদা-ধূসর রং এর বক পাখিদের জিরাফের মতন গলা উঁচিয়ে কাঁদায় পা ডুবিয়ে ছোটো ছোটো মাছ ধরা। এগুলো কুশলের খুব ভালো লাগে। ছোটো বেলায় সে দুপুর কাটাতো এই পুকুরের পারে। স্বযত্নে মনের মণিকোঠায় সেই স্মৃতি গুলো এখনো জ্বল জ্বল করে।

এছাড়াও আছে অনেক কিছু। যেমন গলায় গুলতি ঝুলিয়ে শিকার করা, বকুল এর দানা দেওয়ালে ঘষে সেফটিপিন দিয়ে শাঁস বার করে সিটি বাজানো, আছে হোগলার শিষ এর মিষ্টি স্বাদ নেওয়া, আছে বাবলা গাছের গা থেকে আঠা সংগ্রহ করে ঘুড়ি বানানো আরো কতো কি! এগুলোই কুশলের জীবনবোধ এ সৃষ্টির রসদ যোগায়।  সেই ছেলেবেলায় শুধু সন্ধ্যা সকালে পড়া পাঠ ছাড়াও অংক কষা ছিল তার নেশার মতন। তার বাবা বলতো কি খুঁজে পেয়েছিস অংক কষে? বাবাকে সে কিছু বলতে পারে নি তবে শুধু সেই দিন নয় আজও সে অংক থেকে বেরোতে পারে নি, সঙ্গে রয়ে গেছে সুরের স্বর্গ।

কুশল সত্যিই বাহির নয় অন্তরেও এক সুবোধ বালক। এই মধ্য বয়েসেও সে একই  রয়ে গেছে। সুচিত্রার কাছে এটাই বড় আশ্চর্যের।

আসলে সন্ধ্যাতারা সন্ধ্যা বেলায় যেমন তার সহচরদের নিয়ে বিস্তীর্ণ আকাশে এসে পরে কুশল সেই তারার দলে থেকেও তেমনটা পারে না। ওই অসংখ্য আলোক দ্যুতির মধ্যে থেকেও সে একদম একা। পছন্দ বা অপছন্দ বিষয়ে সে কখনো ভাবতে শেখেনি। সে শুধু তার সামান্য কিছু ভালোলাগার চর্চা করে গেছে।

আসলে ফুল কেনো ফোটে, কখন ফোটে, কেনো ফোটে এটা তার কাছে বিচার্য বিষয় নয়। তার কাছে বিষয় হলো ফুল ফোটে।

মানুষের জন্ম অথবা মৃত্যু বিষয়টা তার কাছে কোনো বিষয় নয়, তার কাছে বিষয় একটাই তা হলো জগৎ সংসার মানুষের দ্বারা পরিপূর্ণ।

আরো একটা বিষয় সে নির্দ্বিধায় বুঝতে পারে সেটা এই মানুষ শব্দটা। বড় বিপদে ফেলে এই শব্দ।

যেহেতু এই শব্দের স্রষ্টা তার কাছে প্রণিধানযোগ্য তাই সে বার বার বলে মানুষ কথাটা আধুনিক জীবনের সাথে অন্য একটা দূরত্বে পৌঁছে গেছে। 

এরপর কুশল আবার ফিরে গেছে নৈব্যাক্তিক কুশলে। সুচিত্রা শুধু ব্যাকুল হয়েছে, ইচ্ছে হয়েছে কিছু বলার, তবুও কিছু বলার স্পর্ধা সে দেখাতে পারে নি। আসলে আপাত আড়ম্বরে আড়ালে যে ভালোবাসা তৈরী হয়েছিলো সেটাকে সে বাঁচিয়ে রাখতে চায়।

এবার একটা পারস্পরিক সম্পর্কের আড়ালে একটা স্পর্ধার কথা বলতেই হয়। শুরুতেই সুচিত্রা বললো সুরের আকাশে শুকতারা হয়ে কি লাভ। এই কাল্পনিক সৌন্দর্যের সাথে আমি নেই। আমি আছি সেই নাবিকের সাথে। যেখানে একটা ধ্রুবতারা দিকদর্শন জীবন-জিজ্ঞাসায় প্রাসঙ্গিক। সেখানে যেমন নিজের মা আছেন তেমন আরো অনেকেই আছে, সেখানে যেমন ভগ্নী- ভার্যা অথবা আরো অনেক অনেক আপনজন আছেন ঠিক তেমন।

আসলে এই কুশল শুধু কুশলের সাথে আছে, কৌশলে নেই। সে কোনো দোহাই মানে না। সে আন্তরিক আবেদন শুনেও ঘাটে ডিঙি লাগিয়ে পান খেতে অভ্যস্ত নয়। সে রবিঠাকুরের শব্দবন্ধ মানে না। সে কখনোই বলে না অন্ধ আমি অন্তরে বাহিরে।

সে ব্যাতিক্রমী নয়, সে লম্বোদর নয়, সে অর্বাচীন নয় সে কুশল। তার বাপ কেলে নামেই সে সন্তুষ্ট।

এই প্রথম সুচিত্রা ব্যাথিত হলো। বুঝলো এই ছেলেটাকে ভালোবাসতে জানতে হয়। বুঝলো তার মা কেনো এতো আপন ভাবতো কুশল কে। যেটা না বোঝা থেকে গেছে সেটা সে হয়তো বলতে চাইলেও আজ তার জীভ নড়বে না। না কোনো আসক্তি নয় শুধু শক্তির সন্ধান খুঁজে বেড়ায় সুচিত্রা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন