সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

যতীনের পৈতে কাটা

অকুল বিরহের বেদনায় যেদিন জীবন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পরলো সেদিন সবাই শুনলো সে ভালোবাসতো কালিদাস বাবুর বড় মেয়েকে। এর পর থেকেই প্রত্যেক সন্ধ্যায় জীবনের মা এর মুখব্যাদন আর অশ্রুপাত শুরু। অবশেষে কালিদাস তার জমি জায়গা জলের দামে বিক্রি করে অন্য এক পাড়ায় পাড়ি দিলেন।

পাড়া বলতে তখন এই বিশর পাড়ায় পাঁচ-ছটা পরিবারের বাস। এই গলিতে তিনটে পরিবার থাকে। প্রথম বাড়ির মালিক যতীন, পদবী বিশারদ, পেশায় পুরোহিত। এছাড়াও তিনি কোনো এক গেঞ্জি মিলের মাস্টার। ইনি আবার স্বভাবে বদরাগী ও সাহসী।

আর একজন তিন নম্বরে পরেন। তিনি অতি সাম্য, সংযমী ও শিক্ষিত। তিনি এই কালিদাস বাবু। তিন মেয়ে আর দুই ছেলে নিয়ে তার পরিবার। 

এই দুটো পরিবারের মাঝখানে এই সমাদ্দার বাড়ি। এই জমির মালিক ছিলেন একজন প্রথিতযশা মুসলমান পরিবার। আজকের দিনেও ইদু হাজি নামটাই যথেষ্ট। 

দেশ বিভাগের অনেক আগে থেকেই এখানে কালিদাস বাবু আর যতীন বাবু থাকতেন। ইদু হাজির সাথে তাদের সম্পর্কও ছিলো অভিন্নহৃদয়। 

দেশ বিভাগের পরে যখন হিন্দু -মুসলিম রায়ট শুরু হয়, তখন ইদু হাজির বাড়িতে চড়াও হয় অসংখ্য ওপার বাংলা থেকে আসা হিন্দুরা। ইদুর দুটো হাত ওরা কেটে দিয়েছিল। ইদু দৌড়ে প্রাণ বাঁচাতে এসেছিলো যতিন বাবুর বাড়িতে।

সে দিন সারারাত ইদুর হাতদুটো সুতির মশারি দিয়ে বেঁধে রেখেছিলেন যতীন বাবু। যখন তিনি মারা গেলেন তখন দেওয়ালে ঝোলানো রাম দাঁ হাতে নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়ালেন।

ইদু হাজির কবরে মাটি দিয়ে ফিরে তার দুই ছেলে ভোলানাথ আর শম্ভুনাথ কে বললেন, অসহায় মানুষের পাশে এভাবেই দাঁড়াবি।

ইদু হাজির জমিটায় সমাদ্দার পরিবার এর পরেই বসতি স্থাপন করে। যতিন বাবু মন থেকে এটা মানতে পারেন নি।

প্রতিদিন সকালে শালগ্রাম শিলায় তুলসী দেওয়ার আগে তিনি তার রাম দাঁ তে শান দিতেন। তিনি বুঝেছিলেন সম্প্রদায় নয়, মূল বিষয় আসলে লুঠ। এই লুটেরাদের বিরুদ্ধে তার একটা রাম দাঁ ই যথেষ্ট।

যতীন বাবুর বড় ছেলে মানসিক ভাবে একদম যতীন বাবুর মতন। কালী পূজোর সময় এক হাতে রাম দাঁ দিয়ে সে পাঁঠা গুলোকে ছিন্নমস্তা বানিয়ে রুধির এর পাত্র ভরিয়ে দিতেন। আর ছোটো ছেলে শম্ভু দুটো কাঠি হাতে নিয়ে ঢাক বাজিয়ে মাতিয়ে তুলতেন এই মন্ডপ। সেই ঢ্যাং কুরাকুর  শব্দে শুধু পাঁঠা নয় মানুষের শরীরেও একটা পাশবিকতা এসে পরতো।

যতীন বাবু জানতেন এরপর এই বিশর পাড়ায় ডাকাত পরবে, এই ডাকাতির দায় পরবে ইদু সম্প্রদায়ের মাথায়। তিনি বুঝতেন এটা একটা মিথ্যার, অনাচারের এক নতুন পথনাটক শুরু হবে। 

এজন্যেই তিনি শুধু নিজের রাম দাঁ নয় অন্য যারা আছেন এই পাড়ায় তাদের রাম দাঁ তেও ধার দিয়ে রাখতে বলেছিলেন।

ধ্রুবতারার মতন সেটাই সত্যিই সত্য হলো। ডাকাত পড়লো বিশর পাড়ায়। লুঠপাট এর শেষে শুরু হলো নারী নিগ্রহ।

মধ্যরাতে যতীন বাবু শেষ বারের মতন রাম দাঁ হাতে নিয়ে দৌঁড়লেন। পিছনে তার দুই ছেলে ভোলা আর শম্ভু। ধরা পরার পর দেখা গেলো, না এরা ইদুর কেউ নয়।রক্তাক্ত রাম দাঁ এরপরে আর পাঁঠার শিরচ্ছেদ করে নি।

জীবন এর মৃত্যুর পর রোজ সন্ধ্যায় জীবনের মা হাঁক পেড়ে কাঁদতে বসতেন। তার সুরেলা কন্ঠে ধ্বনিত হতো ' আমার জীবন না খাইলে আমি খাবো না রেএএএএ'।

দিন সপ্তাহ নয়, মাস শেষ হলো এই অশ্রুজলহীন ক্রন্দনে। এই কারনেই অতিষ্ঠ হয়ে কালিদাস বাবু তার জমি বাড়ি বিক্রি করে অন্য পাড়ায় পাড়ি দিয়েছিলেন। এর পরেও ওই নাকি কান্না চলতেই থাকলো। 

একরাতে যতীন বাবু রামদা হাতে নিয়ে পৌঁছলেন সেখানে। 

বললেন কোন বিবেকানন্দের জন্ম দিয়েছিস মাগি?

কোন বিরহে মরেছে এই চরিত্রহীন জীবন?

কত মুসলমান পরিবার কে উৎখাত করেছিস তোরা?

জীবনের মা মুখ খোলার আগেই দেখলো যতিন বাবুর সেই পুড়ানো রাম দাঁ টা। সে জানতো কি ভাবে সেদিন ইদুর দেহে মাটি দিয়ে দুই ছেলের হাত ধরে এই যতীন বাবু বাড়িতে ফিরেছিলেন।

সামান্য সময়ের মধ্যেই খাঁড়াটা নেমে এলো জীবনে মা এর কাঁধে। ঠিক পৈতার মতন দু টুকরো হয়ে গেলো জীবনের মা।

এই ঘটনার পর সমাদ্দার পরিবার পালিয়েছিলো বিশর পাড়া থেকে।

আর যতীন বাবুর কি হলো?

তিনি পাগল হয়ে গেলেন। সারাদিন সারারাত তিনি শুধু একটা মা দূর্গার হাতের থেকে নেওয়া টিনের তলোয়ার দিয়ে নিজের শরীরকে আঘাত করে চললেন।

শেষে তার সারাটা শরীর সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হলো। 

তিনি মৃত হলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন