প্রথম ষাট এম এল সবে সবে শেষ হয়েছে, আরও একটু চাপিয়ে এক টুকরো মাছের টিক্কা মুখে নিয়ে পরবর্তী পরিকল্পনা। পিন্টু বোতলের দিকে চোখ রেখে ছিপ এর ফাতনাটা দেখছিলো। যেই না ফাতনা ডুবলো বেদম প্রতাপে হ্যাঁচকা টান দিলো পিন্টু। শোল মাছটা ধরা পরলো। হায়রে দুর্ভাগা শোল, আসলে খাদ্যের নির্বাচনে মাছের টিক্কা খাওয়ার বিষয়টা এই শোল বা সোল তার প্রজাতিই বুঝতে পারে নি। জলজ হয়েও জলের কথা না বোঝার অপরাধে সে আজ ধৃত।
এই পিন্টু আসলে সেই পুরনো শোলে সিনেমার গব্বর। মাছেরা না বুঝলেও এটা তার বড়দা নিরপেক্ষ ভাবে বোঝে। সামরিক অস্ত্র নয় খাদ্যের অন্বেষণে ঘুরে বেড়ানো ক্ষুধার্ত যারা তাদের বঁড়শিতে গেঁথে তুলতে তার বড়দা সিদ্ধহস্ত ছিলেন এটা সে দেখেছে, সে দেখেছে
"এপার থেকে মারলাম ছুরি লাগলো কলাগাছে,
হাঁটু বেয়ে রক্ত ঝড়ে কার বাবার সাধ্যি?"
আসলে কবিতা কখনো কখনো কপিতা হয়ে পরে, এটা আপাত আড়ম্বরের আড়ালে অতি সত্যি সহজ শব্দবন্ধ।
বুঝতে একটু সময় লাগে, সেটা অনন্ত সময় নয়।সে সময় অত্যন্ত ন্যূনতম। সেটা ন্যানো সেকেন্ড বললেও বেশি বলা হয়। যদিও এই বোতাম টেপার যুগে বাস্তব বুঝতে আমৃত্যু ভাবতে হচ্ছে। মহাকাশ এ এখন কুকুর নয়, পুরুষ নয়, মহিলাও যাচ্ছে। অথচ এই শব্দবন্ধ বুঝতে কোনো মস্তিষ্কের এখন আর বহিঃপ্রকাশ দেখা যায় না।
পিন্টু দুইয়ে দুইয়ে চার বিষয়টা করতে পারে আর বাকি সব করে রব নেট এর লাইন ফুরাইলো।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে বড়দা পুকুরের দিকে তাকিয়ে বললেন হায় রামচন্দ্র। ঠিক তখন একটা শোল ঘাই দিলো।
শুরু হলো নতুন ভাবে চিনা প্রযুক্তির সাথে সাযুজ্য রেখে প্রাকৃতিক খাদ্যে মৎস্য কন্যা ও পুরুষকে আকর্ষণ করা।
স্নেক যেমন শীত ঘুমের শেষে ক্ষুধার্ত হয়ে ওঠে স্নেক হেড ফিস গুলোও তেমন। পুকুরের জলের উপরিতল যখন উত্তপ্ত হয়ে থাকে তখন তারা পাঁকে মাথা গুঁজে রাখে। শীতের শেষে গ্রীষ্মের প্রাক্কালে তখন এদের পেটে থাকে ছুঁচোর ডন। পোড়া চিংড়ি মাছের আদিম ঘ্রানে সে মাথা তুললো ওই পাঁক থেকে।
এরপর এই পোড়া চিংড়ির সুগন্ধের সন্ধানে চোখ বুজে সে এগিয়ে চললো।
অবশেষে সামনে এলো সেই সুখাদ্য। গপ করে ঐ খাবারে প্রথমে পেট ভরিয়ে আর লেজের পাখনা ঝাঁকিয়ে সে দিয়েছিলো দৌড়।
জলের উপরে যে একটা ফাতনা আছে, সেটা ওই পুকুরের জলে ভাসে আর ডোবে সে বিষয় ছিলো তার কাছে অজানা। যখন সুতোয় টান পরলো সে চার পাখনা তুলে ঝুলে পড়লো আকাশের অভিমুখে।
আজীবন পঙ্কে ডুবে থাকার ফল এই সম্প্রদায় বুঝতে শেখে নি। যুগ যুগ ধরে এই বঁড়শিতে যারা তাদের গাঁথে তাদের সাথে এই এখন সামান্য কিছু তারা বুঝতে শিখলো।
এরপর থেকেই আর চারে মাছ আসে না, ফুট দেয় না। আর পিন্টুও একটা দোলনায় চেপে পুকুর পারে বসে ওই ষাট এম এল এর স্বাদ ভুলেছে।
পিন্টুর বড়দা ওই ষাট এম এল নিয়ে এই লেখাটা শুরু করেছিল, লেখাটা শেষও হলো ওই ষাট এম এল এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন