মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ন-রসায়ন

প্রাইমারী স্কুলে একসাথে পড়ার সুবাদে মেলবন্ধন টা আত্মিক। যদিও সে সময় আর এই সময় এক নয় কারণ এখন আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি যেখানে মেয়ের ঘরের নাতি নাতনী নিয়ে বেশ আনন্দে সময় কাটাই। বয়েস যতই বাড়ে সহিষ্ণুতা ততই কমতে থাকে, তবুও ওই স্কুলের বন্ধুদের আহ্বান উপেক্ষা করতে সামান্য দ্বিধাবোধ কাজ করে।
এই কদিন আগে আমাকে ফোন করেছিলো গিরিজা দা। ওর ছোটো বোন আমার স্কুলের সহপাঠী ছিলো, এজন্যেই এই দাদা ঠিক নিজের দাদার মতন।
ব্যাস্ততার মধ্যেও ফোনটা ধরলাম। দাদা বললো সূনক তুই তো অনেক খবর রাখিস, তোর সাথে একটু কথা বলা যাবে?
বললাম বলো।
শুরুতেই বললো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পরেছে একটা ছেলে। ধরে নে ছেলেটা ঠিক তোর ছোটো ছেলেটার বয়সি। কি করা যায় বলবি?
একটু বিরক্ত হলাম। ভাবলাম এমন হয় কি করে? তারপর জানতে চাইলাম রত্নটি কে?
বললো এখন এতসব তোকে বলছি না, তবে ছেলেটার মা তোর সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে। 
বললাম উনি কোথায় থাকেন?
এবার গিরিজা দা বললো তুই ওর কান্না দেখতে পারবি? 
এই কথায় সূনকের সংযম ভাঙলো। সে বললো তিনি কোন হরিদাসী?
রাশি রাশি শব্দবন্ধের শেষে যেটা সামনে এলো সেখানে সূনক কখনোই যাবে না এ কথা ওই হরিদাসী জানেন, হয়ত এজন্যেই এই রৈখিক দূরত্বের পথে সে পা রাখে নি। সে হেঁটেছিল বৃত্তাকার পথে। 
সেই বৃত্ত একবারে শেষ পর্যায়ে পৌঁছতেই গোলাকার সূতো টা ছিঁড়ে গেলো, হয়ে পরলো একটা সরলরেখা।
সূনক এতটা ভাবতেই পারে নি।
শ্রাবস্তী নামটার মধ্যে একটা স্বাভাবিক অণুসৌন্দর্য্য আছে। সেটা যেমন কাব্যিক ভাবে বর্ণিত তেমন বাস্তবের সাথেও তার এক আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়। এই শ্রাবস্তীই সেই রত্নগর্ভা, গর্ব করে ছেলের নাম রেখেছিলেন শাক্য। 
সন্তান যখন গর্ভে এসেছিলো শ্রাবস্তী স্বপ্নে তার সন্তানের রূপ দেখতে পেয়েছিলো দেখেছিলো এক বুদ্ধ মূর্তি। 
তাহলে কেনো এমন হয়েছে?
শ্রাবস্তী আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে দেখেছে। এই প্রথমবার সে বুঝলো রূপের সাথে অরূপের পার্থক্য। বুঝলো যে বুদ্ধ তার কল্পনায় এসেছিলো সেটা সামাজিক পথ চলার সাথে রেসোনেন্স হয়ে ওঠে নি, বরং সেটা বেজে ওঠে একটা ইন্টারফেরেন্স হিসেবে।
এজন্যেই তার এই গিরিজা দার সাথে সামান্য সম্পর্কের কথা বার্তা আর সেই পথ থেকে অজান্তেই এসে পরেছে এই সূনক।
কোনো এক বয়সে এই সূনক তার খুব কাছের বন্ধু ছিলো, আজকে সে আর নিকটে নেই।
সাঁঝবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালানোর অভ্যাস শ্রাবস্তীর হয়ে ওঠে নি, সন্ধ্যাতারা দেখাটাও সে ভুলে গেছে, সে আকাশ দেখতে দেখতে কোনো এক সময় হারিয়ে যেত অথচ এখন তার আকাশ দেখার ইচ্ছাও হয় না।
এই শাক্যর কথা ভেবেই তার প্রথম মনে হলো ক্ষণিকের জৈবিক জীবনের কথা। মনে হলো সেই কোন কালে, কোন স্কুলে, কোন সূনক তার বন্ধু ছিলো। তার মনে পরলো সেই সূনক কোন দেশে, কোন ব্যবস্থায়, কিভাবে কত উচ্চতায় পৌঁছেছে!অথচ সে?
শ্রাবস্তী র চোখ দুটো জলে ভরে উঠল কোনো একটা নষ্টালজিক ভাবনায়। শ্রাবস্তী সত্যিই শ্রাবস্তী।
চোখের জল যারা দেখতে পায় তাদের মধ্যে শ্রাবস্তীর সন্তান শাক্যও আছে। শ্রাবস্তীর কারুকার্যের সমীপে সূনক কেও সে চিনতে পেরেছে। সে শুধু তার বাবা কে কখনও দেখে নি। না শাক্য পসথুমাস চাইল্ড নয়। মৃত পিতা নিয়ে তার কোনো চিন্তা নেই কারণ সে অবিমিশ্র একজন যে বা যিনি তার পিতা।
ইচ্ছে হলো এইসব ছাইভস্ম ছেড়ে সূনক আর শ্রাবস্তীর মাঝখানে একটা সাঁকো হতে।
ইচ্ছে হলো হাজার শব্দে প্রশ্ন করতে শ্রাবস্তী কে। আরো একটা ইচ্ছা ছিলো সেটা শাক্য বলতে পারেনি।
শাক্যর ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করার , তার মৃত্যুর  পরে জন্মের বৃত্তান্ত না হয় শ্রাবস্তীই দেবে!
না তেমন হয় নি।
সেদিন শ্রাবস্তীর বাড়িতে পৌঁছে সূনক শাক্য'র মাথার উপর হাত রাখলো। প্রথমে তার মনে হয়েছিল কে এই অর্বাচীন? পরক্ষনেই স্নেহের হাত পেয়ে সে কেঁদে উঠলো। সূনক এই কান্নার কারন বুঝতে পারে নি। সে বললো বাবা তোর কি হয়েছে বলবি?
শাক্য মুখ খুললো। বললো মা এর স্নেহ পেয়েছি অনেক কিন্তু বাবার হাত এই প্রথম। বললো এতকাল তুমি কোথায় ছিলে? সূনক শাক্যকে নিজের বুকে ধরে তাকে বললো এইতো এসেছি।
শ্রাবস্তী এরপরে আর স্থির থাকতে পারে নি। সূনকের পাশে দাঁড়িয়ে সে শুধু বলেছে শাক্য এরকম একটা পিতৃ স্নেহ চেয়েছিলো। এরপর থেকে শ্রাবস্তীর জীবনে এক নতুন অধ্যায় এসেছে। সেখানে সে, শাক্য আর সূনক।
সূর্যোদয় আর সূর্যাস্তের উত্তাপ সূনক জানে। সে চাঁদ কে ভালবেসে উত্তাপের থেকে উত্তাপ বিষয় থেকে বিরত থেকেছে। সে গ্রহ, উপগ্রহ অথবা মৃত নক্ষত্রের ঔজ্জ্বল্যে খুব ভালো থাকে। এই পৃথিবীতে থেকেও সূর্যকে কখনো জীবনের নিরিখে প্রাধান্য দেয় নি, কারন সে জানে সে অঙ্গারাত্তীকরণ করতে অক্ষম। সে জানে ওটা সবুজ কণার বিষয় আশয়। 
আজকের এই উদ্ভুত পরিস্থিতি তার কাছে বড়ো নতুন। ভাবনার অতীত এই বিষয়টা তার কাছে অনেক টা নতুন অঙ্ক কষার মতন।
তার গৃহিনী বললো যেভাবে হোক ওই ছেলেটাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনো; ছোটো ছেলেটা বললো যে ছেলেটা বিপথগামী তাকে জীবনের স্রোতে ফিরিয়ে আনার ঠিকা তুমি কেনো নেবে? বড় মেয়ে এসবের থেকে একটু আলাদা। সে বললো ভালোবাসার একটা অধিকার আছে। সেই অধিকারে তুমি কখনোই কষাঘাত করতে পারো না। বললো তোমার ইচ্ছা অনিচ্ছা নিয়ে কিছু বলবো না কিন্তু তোমার উপর যার ভরসা তাকে তুমি ফেরাবে কোন অজুহাতে?
সে দিন সূনক ছিলো নিঃশ্চুপ। সামান্য রাতের খাবারটুকুও তার গলা থেকে নামে নি। তার মনে হয়েছে সে আসলে এক দ্বিগু সমাস, যেখানে অসংখ্য সংখ্যার শেষে সে এক নাম পদ।
সূনকের মনে হয়েছে তার ছেলেটা ছোটো হলেও তার কথাগুলো অকাট্য, মনে হলো কথাগুলো অত্যন্ত পুরুষালি এবং এটাই ব্যাক্তি জীবনে মেনে চলা উচিৎ। তার গৃহিনী শাক্যকে নিয়ে ভেবেছে, ভেবেছে নিজের ছেলের আঙ্গিকে। যেটা সে ভাবে নি সেটা ভেবেছে তার মেয়ে। সেখানে ভালোবাসার অধিকার যেমন এসেছে, এসেছে এক অনন্ত ভালোবাসা ও অতীত। সূনক অতীত নিয়ে ভাবতে নারাজ কারন সে মনে করে অতীত মানুষকে পিছিয়ে দেয়। সে একথাও বলে যা গেছে তা যাক, সে বলে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাকে ভবিষ্যতের পথ দেখিয়েছিল সেই বেঞ্চে অথবা ডেস্ক এ সে কি এখন বসতে পারে? সেই বেঞ্চ বা ডেস্ক এর কাছে আজকে কি ফিরে যাওয়া যায়? 
অতীত মনে রাখা যেতেই পারে কিন্তু অতীতকে ফিরে পাওয়া আসলে এক ধৃষ্টতা।
ছোটো ছেলের হাত ধরে সূনক চলল শ্রাবস্তীর গৃহকোণে।
শ্রাবস্তীর অনুভবে এই ছেলেটা ঠিক যেন অতীতের সূনক। ওই বাস্তববাদীকে সে যেমন ভালোবাসতো ঠিক তেমন সে জানে কোনো ইমোশানের সে ধার ধারে না। সে জানে তার ছেলেটা মানসিক ভাবে ঠিক তার বাবার মতন। সে বুঝতে পারছে এই দুটো ছেলে কখনোই বন্ধুত্বের বন্ধনে জড়াবে না বরং তৈরী হবে নতুন এক ঘৃণা। সেখানে তাদের কাছে সে হয়ে পরবে অপাংক্তেয়। শ্রাবস্তী সূনকের হাতে হাত রেখে বললো তোকে এরপরে আর কখনো ডাকবো না। সূনক ছেলের হাত ধরে বাড়িতে ফিরলো। গৃহিণী বললো কিগো কিছু বলো? মেয়ে বললো বাবা সব কিছু ঠিকঠাক আছে?
সূনক ছেলের দিকে তাকিয়ে বললো, যা কিছু বলার তুই বল; নিজেকে বললো এ কাজ আমার নয়, পারলে তোমরা মা-মেয়ে যাও, আমি আমার মতন নিস্পৃহ থাকতে চাই।
সেদিন মাঝরাতে গিরিজা দার ফোন এলো, সূনক বিরক্ত হলো, দ্বিতীয় বারও সে ফোনটা ধরলো না, তৃতীয়বারের সময় সে নয় তার মেয়ে ফোনটা ধরলো। বললো জ্যেঠু বলো। সে বললো সূনক কি ঘুমিয়ে পরেছে? উত্তর দিতে একটু সময় লাগলো, সে মিথ্যা বলতে পারলো না বললো না বাবা ঘুমোয় নি।
গিরিজা দা বললো তুই বাবাকে বলে দিস শ্রাবস্তীর ছেলেটাকে আজ সেন্টারে দিয়ে এলাম। এরপর ফোনটা কেটে গেলো। মেয়ে তার বুঝেছে ফোনটা কেটে দিয়েছেন জ্যেঠু।
অভিমান সেদিন তার মেয়ে চেপে রাখতে পারে নি, শুধু বলেছে এরপরে আমি আর মা এই বিষয়ে কি এগোতে পারি?
সূনক কোনো উত্তর দেয় নি, তার মেয়েও কোন প্রশ্ন করে নি। 
এরপর মা-মেয়ে দুজনেই ভেবে নিয়েছে এই মূহুর্তে শ্রাবস্তীর পাশে থাকা খুব প্রয়োজন। তাদের এই ভাবনাটা ছিলো অত্যন্ত একান্ত। সেখানে না আছে সূনক, না আছে তার ছেলে। 
মা এর হাত ধরে পরের সকালে তারা পৌঁছলো শ্রাবস্তীর বাসায়।
না দেখা হয় নি।
তারা শুনেছে শ্রাবস্তী কাল বাড়িতে ফেরে নি।
এই উৎকন্ঠা কাটাতে মেয়ে প্রথমে ফোন করলো গিরিজা দা কে। ফোনটা তখনও বন্ধ, এরপর বাবাকে ফোন করলো। 
সূনক বললো হ্যাঁ বল। মেয়ে বললো শ্রাবস্তী ম্যাডামের নাম্বার টা দাও। 
সূনক একটু সময় নিয়ে বললো বাড়িতে ফিরে আয় শ্রাবস্তী এখন এখানেই আছে।
মা আর মেয়ের সংশয় যেনো আর শেষ হয় না। একবার তাদের মনে হয়েছিল বাবা অসত্য বলছে না তো? পরক্ষণেই তাদের স্মৃতিতে ফিরে এলো সূনক মিথ্যাচার থেকে শত হস্ত দূরে।
মেয়েটা তার মা এর কথায় কোনো এক অদৃশ্য সন্দেহের বশে আবার ফোন করলো সূনক কে। ফোনটা ধরলো শ্রাবস্তী, বললো মা তোরা এখন কোথায়?
উত্তর কিছু এলো না, তবে ওপারের ফোন টা কাটলো না। এপারেও ফোনটা ব্যাস্ত থাকলো। এভাবেই ঘন্টা কয়েক কেটেছিল।
বাড়িতে ফিরে যখন শ্রাবস্তীর সামনে মা ও মেয়ে এসে দাঁড়ালো তখন সূনক খোলা বারান্দায় বসে তার শেষ লেখাটা এডিট করছে।
আসলে এই সমকালীন নর ও নারী আজকে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে চায়। এই এডিটিং আসলে আজকের বাস্তবতা।
হয়তো সূনকের মেয়ে আর বঁধূ এটাই চাইছিল।
শ্রাবস্তী বললো সূনক একটুও বদলায়নি আর ওর ছেলেটা নিতান্তই প্রতীকি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন