এটা একটা বধ্যভূমি। যেখানে সারি সারি মানুষ কপালে হাত দিয়ে নিশ্চিন্তে মৃত্যুর প্রতিক্ষায় অথচ কোনো ভয় নেই ওই মুখে।
এটা সমাজ পরিবর্তনের যুগ। না এসব হয় নি।
কি হয়েছে?
হয়েছে অসংখ্য মানুষের অসংখ্য কথা। কথা শেষ হয়েছে ঠিক মৃত মানুষের বয়বে।
এই মানুষটা লাশ কাটা ঘরে শুয়ে দিবাস্বপ্ন দেখেছে। সে বুঝেছে সে জ্যান্ত ছিল একটু আগেই। অধুনা সে মৃত।
তার পেট, মাথা, আরো কত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবচ্ছেদ হয়ে চলেছে ঠিক প্রাত্যহিক রুটিন মেনে। অথচ সে সেখানে নেই, আছে তার শরীর।
সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলো রাত পোহানোর পরে। সেই ছোটবেলায় মা এর মুখে শোনা সংস্কার টা কাটিয়ে ওঠা হয় নি, আর ওই পথ বেয়েই মনে হয়েছিল এই ইচ্ছে নিশ্চিত সত্য হয়ে উঠবে।
এখন তার মস্তিষ্ক টা ডিসেকশন চলছে। রক্তের ক্লট কাটানোর জন্য নয় তবু ডাক্তারের মনে হলো কোনো ক্লট নেই ব্রেনে।
সত্যিই তো, কারন ক্লট পরা ব্রেন টা এখনো দেখে চলেছে পরিবর্তন। বুঝতে পারছে এক ঝটকায় আরো অনেক মস্তিষ্কের সক্রিয় হয়ে উঠেছে।
সে বুঝতে পারছে যে, ডাক্তার বাবু মিথ্যা কিছু লেখেন নি। তার শ্যেন চক্ষে লাল রং ধরা পরে নি কারন অনেক লাল চোখ তাকে ক্রমশঃ কালার ব্লাইন্ড করে তুলছে।
এই টেবিলে শুয়ে থাকা অনেক শরীর সে এক সময় ডিসেকশন করেছে। হুড়মুড়িয়ে অসংখ্য অনুসন্ধিৎসু চোখ শব্দহীন ভাবে গুছিয়ে তুলেছে হরেক নমুনা। ল্যাবরেটরিতে কি অদম্য জ্ঞানের উৎকর্ষ থেকে নানান ব্যাখ্যায় ভরে উঠেছে একটা নর দেহ।
এই নর দেহ, নর কঙ্কাল শব্দ নিয়েও তর্ক বিতর্ক শুরু হতো। কারন মৃত শরীরের শব্দ বন্ধে কখনো নর-নারী কে সনাক্ত করার রীতি তৈরী হয় নি। শুধু বডি শব্দটাই মৃত্যুর পরের পরিচয়।
তার মনে হচ্ছে এখনো সুন্দর চিন্তা করতে পারছে সে। বুঝতে পারছে সে এখনো কালার ব্লাইন্ড হয়ে পরে নি। দিব্যি দেখতে পাচ্ছে জমে থাকা রক্তে রংটা ঠিক পাঁচ পাপড়ির জবা ফুলের মতন।
ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পরেছিল। প্রচন্ড তাপের ছেঁকায় সম্বিত ফিরলো। তখন তাকে কারা যেন টেবিল থেকে নামিয়ে একটা লেলিহান আগুনে পাঠিয়েছে শেষ বারের মতন ঘুম ভাঙাতে।
তখনও ব্রেন টা বিকট শব্দে ফেটে ওঠে নি। এবার আর সে সামলাতে পারছে না। তার চোখ, কান নাক সমস্ত ইন্দ্রিয় বুঝতে পারছে দাবানল ছড়িয়ে পরেছে সমস্ত জঙ্গলে।
দাবানল কিছু মানে না। সে অনেকটা স্বয়ংক্রিয় অস্ত্রের মতন। শুধু ধ্বংসে তার আনন্দ, লাল রঙে তার রং, পোড়া গন্ধে তার উগ্রতা।
সভ্যতার শেষ তবুও কিছু রেখে যায় ঠিক ফসিলের মতন।
এক কুনকে ছাই এর সাথে ঠিক তেমনই থেকে যায় একটা অস্থি। সভ্যতা এগিয়ে চলে নদ নদী পার হয়ে এক বিরাট জলরাশির মধ্যে। অস্থি বেঁচে থাকে পৃথিবীর পথে তার বিসর্জন হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন