শেষ ঘুমের ট্যাবলেট টা খেয়ে নিখিল একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। রোজ রাতে দুটো ট্যাবলেট ওকে খেতে হয়। রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। পাশে শুয়ে রাণী ঘুমিয়ে পরে। মাঝ রাতে যখন ঘুমটা একটু আলগা হয় পাশে হাত দিয়ে সে নিখিল কে খোঁজে। পাশে না পেলে সে বারান্দায় যায়। একটু ঝাঁঝিয়ে বলে ফেলে এতরাতে সিগারেট টা কি না খেলেই নয়? ঘুম আসবে কি ভাবে?
নিখিল উত্তর দেয় না।
রাণী অভিমান করে বলে শরীরের দিকে কখনো তাকিয়ে দেখেছো? বলে মেয়েটা এখনো পড়ার মধ্যে আছে, বড় হয়েছে। তোমার কিছু হয়ে গেলে আমাদের অবস্থার কথাটা ভেবেছো?
নিখিল কিছুই বলে না।
অভিমান করে রাণী চলে যায়।
নিখিল হাতটা ধরে বলে, দেখো জন্ম-মৃত্যু আমাদের কথায় চলে না। যেদিন সে আসবে কোনো ভাবেই তাকে ফিরিয়ে দেওয়া যায় না।
এবার একটু রাগের সুরে রাণী বলল, বেশ তোমাকে আর কিছু বলব না।
নিখিল হাতটা ছাড়ে না। বলে এইযে কত বছর ধরে শুধু ওষুধ আর ওষুধ খেয়ে চলেছো এভাবে কি মৃত্যুকে আটকে রাখতে পারবে?
রাণী এর পরে আর কিছু বলে না।
নিখিল আধপোড়া সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়। বলে চলো ঘুমের চেষ্টা করি।
এটা ওদের প্রত্যেক রাতের একটা রুটিন হয়ে পরেছে। ওরা দুজনেই অসুস্থ। একজন ইনসোমনিয়া নিয়ে চলে আর অন্যজন .....
না থাক সে কথা।
তাদের একমাত্র মেয়ে কণা রোজ পড়ার মাঝেও এগুলো দেখে। আগে বাবাকে বারণ করতো, এখন শুধু দেখে।
মা-বাবার এই বেঁচে থাকার ইচ্ছা, যুক্তি, কুযুক্তি শুনতে তার ভালোই লাগে।
ভালো লাগে এই অপরিসীম ভালোবাসার বিষয়টা। মনে মনে এটাও আজকাল তার মনে হয়, এই সত্যিকারের ভালবাসাই ওদেরকে বাঁচিয়ে রেখেছে।
না হলে মা অনেক আগেই চলে যেত। কিডনির খারাপ অবস্থা তার আজ থেকে তো নয়। সপ্তাহে দুবার ডায়ালাইসিস নিয়ে হাত দুটো কালো হয়ে গেছে।
বাবা তাকে নিয়ে উদ্বিগ্ন এ কথাও সে বোঝে। বাবার রাতে ঘুম না আসার কারণটাও সে বুঝতে পারে। কিন্তু চুপ করে থাকার একটা অভ্যাস সে রপ্ত করে ফেলেছে।
কম্পিউটার টা বন্ধ করে সে বললো, চলো ঘরে যাই।
সত্যিই এবার তারা শুয়ে ঘুমিয়ে পরেছে। কণা এক মনে এই আলো আঁধারে তাদের মুখ দুটো দেখতে দেখতে কখন ঘুমিয়ে পরেছিল জানে না।
সকালে মা এর ডাকে সে চোখ খুললো, দেখলো ঘড়িতে তখন প্রায় আটটা বাজে।
আটটা রোজই বাজে তবু আজকের আটটা একটু আলাদা।
কোনো এক সময় নিখিলের ঘুম ভাঙতো ভোর বেলায় প্রথম ট্রামের ঠং ঠং শব্দে।
তখন তার ছিল ঠিকানা উত্তর কোলকাতা। কলু টোলা পার করে সামান্য এগিয়ে যে রাস্তা আসে তার নাম জাকারিয়া স্ট্রিট। কোন এক অতীতে সেখানে থাকতেন জিন্না সাহেব। রাস্তার ওপারে আজকের মহম্মদ আলি পার্ক। কে জানে এটা কার বাড়ি। নিখিল এগুলো জেনেছে তার বাবার কাছে। কুমুদ বাবু বলতেন এই পাড়াতে না না করেও তিন পুরুষ আছেন। ঠিক এর পরের গলিতেই রবিঠাকুরের বাস ভবন।
এই নষ্টালজিক অনুভূতি সে রাণীকে বলতো। রাণীও কম নয় এ ব্যাপারে। তার পূর্ব পুরুষ হরি ঘোষের গোয়াল দেখেছে। দেখেছে টেক চাঁদ প্যারি চাঁদ ঠাকুরের বাসা।
কণা এসব কিছুই দেখেনি শুধু শুনেছে। কিছু না বললেও কণা ক্ষুদ্র নয় এ কথা রাণী আর নিখিল দুজনেই বুঝতে পারে।
নিখিলের বাবা তার মায়ের ইচ্ছাতে সেকালের কোনো এক গন্ড গ্রামে একটা বাগান বাড়ি কিনেছিলো। নিতান্তই একটু জমি আর খড়ের চালা।
কুমুদ বাবু এই বাগান বাড়ির নাম রেখেছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর পত্নীর আসল নাম ছিল মীনাক্ষী। তিনি নিজের নামের সাথে স্ত্রী প্রত্যয় যোগ করে বাড়ির নাম দিয়েছিলেন কুমুদিনী।
কুমুদ বাবুর মৃত্যুর অনেক আগেই মীনাক্ষী চলে যায় এই নিখিলকে রেখে।
এরপর এই কুমুদিনী নামের বাড়িতে চলে আসা। অনেক আশাপূরণ না হলেও রাণী আর নিখিল আকাশ কুসুম ছেড়ে এই প্রথম মাটিতে এসেছে।
এরপর কুমুদ বাবুও চলে গেছেন। শুধু রেখে গেছেন তার সাজ পোশাক।
নিখিলের ঘুম বড়ো অপছন্দের ছিল ছাত্রাবস্থায়। সে সময় গরম চা বানিয়ে চলত রাতভর অঙ্ক কষা। নিশিথে পাপিয়া যখন নিজের মনে সুর ভাজতো নিখিল এক মনে শুনতে শুনতে বারান্দায় এসে একটা সিগারেট ধরাতো। এই সিগারেট ছিলো সামান্য একটা ব্রেক এর মতন। কখন সকাল এসে পরেছে সে বুঝতে পারতো না। চিতপুর এর ট্রাম লাইন দিয়ে ঠং ঠং শব্দ শুনে মনে হতো একটু দু চোখের পাতা একটু এক করতে হয়।
বড় মধুর ছিল এভাবে জেগে থাকা। সেই সময়েও সকাল হতো ঘড়িতে আটটা বাজতো, বাবার ভারি গলা শুনে ধরফর করে সে উঠে বসতো। সারাদিন চোখ কড় কড় করতো। চলতো কলেজের ক্লাস, হঠাৎ করে ঝিমিয়ে পড়ায় মাশুল দিতে হত অথচ রাত এলেই আবার সেই জেগে থাকা সেই পাতার পর পাতা অঙ্কের সাথে নিরলস মনের কেমন যেন এক মেলবন্ধন।
কুমুদ বাবু ভাবতেন এত রাশি রাশি যুক্তির রসায়ন যার পছন্দের তার গায়ে কালো কোট পরাতে পারলে ভবিষ্যতে নিশ্চিত ভাবে নিখিল হয়ে উঠবে একজন প্রতাপশালী আইনজ্ঞ কিন্তু তা হয় নি, হয়ছে ইনসোমনিয়া। পাসে শুয়ে রাণী যখন নাক ডাকায়, নিখিল ঠিক পুরানো অভ্যাস মতন একটা সিগারেট ধরায় বারান্দায় দাঁড়িয়ে।
নিখিল ভাবতেই পারে না যে তার ছোট্ট মেয়েটা এখন বড়ো হয়েছে। কণা কখন কিভাবে এমন বড় হয়ে উঠলো সে ভেবে পায় না। সে যখন হাওয়ার পক্ষে সিগারেটের ধোঁয়া নিয়ে মুখ থেকে রিং বানিয়ে হাওয়ায় উড়িয়ে দেয়, রিং টা ভেঙে যায়। আবার চেষ্টা করে, সেটাও যখন নিষ্ফলা হয় বিরক্ত হয়ে সিগারেট টা এ্যসট্রেতে গুঁজে দেয়।
কণা এসব দেখে। হাসি চেপে রাখতে চেষ্টা করে তবুও বিলম্বিত লয়ে কে যেন হেসে ওঠে।
কণা বুঝতে পারে পড়াশোনার জিবনটা অন্য কিছু থেকে একটু আলাদা। সে জানে তার মা রাত জাগার ব্যাপারে পিছনের সারিতে থাকলেও ভোরের সূর্যের প্রথম আলো দেখতে সে অভ্যস্ত। এই যেমন আজকের সকালটাও সে প্রথম দেখেছে।
বস্তুত রাণী নিশাচর হয়ে উঠতে পারে নি। সে নিখিলের সাথে নিখাদ বিবাহিত জীবন কাটিয়েছে ঠিকই কিন্তু নিশীথে নিশ্চিন্তে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট এ সুখটান দেওয়াটা সে দেখে নি। দেখেছে সদ্য বড় হয়ে ওঠা ছোট্ট এই মেয়েটা।
নিখিলের গান শোনার অভ্যাস ছোটোবেলা থেকে। মা মীনাক্ষী ভোর বেলায় উঠে ফুল তুলতো আর গান গাইতো নিজের আনন্দে।
মধুমাখা কন্ঠস্বর শুনতো সবাই। তিনি ফুলের সাজি ভরিয়ে বাড়িতে ফিরে হাততালি দিয়ে নতুন দিনের ভোর হয়েছে জানাতো ঘুমন্ত ঈশ্বর কে।
কোনো এক সকালে এভাবেই ফুলের সাজি রেখে তার ঘুম ভাঙিয়ে স্নান সারতে আধুনিক বাথরুমে সাওয়ার এর নিচে নিশ্চিন্তে শেষ বারের মতন বসলেন। সৎকারের আগে এটাই তার শেষ স্নান।
হায়রে, ঈশ্বর সেদিন মীনাক্ষীর হাতের সেবা না পেয়েও এক বিন্দু চোখের জল ব্যায় করে নি। চোখের জলে বুক ভেসে গেছে সন্তান সন্ততির। আসলে এটাই বাস্তবতা। সামান্য এক অতীত ঠিক যেন ভবিষ্যৎ জীবনকে আড়াল করে।
আড়ালে আবডালে যা কিছু হয়ে ওঠে নি সেটা এই মৃত মিনাক্ষী জানতেন। থাক সে কথা।
নিখিলের ভোরবেলায় গান শোনার অধ্যায় শেষ হয়েছে। এখন সে রাত বিরেতে গান গায়। তার গলায় গান শুনলেই মা তাকে বলতো তোর কন্ঠস্বর ঠিক আমার বাবার কন্ঠস্বর এর মতন। বলতেন পাঁচ ভাই বোন নিয়ে তখন এক অসহায় অবস্থায় গোটা পরিবার। অকালে মা চলে যাওয়ায় বড়দিদি মীনাক্ষীই তখন সংসারের একমাত্র অবলম্বন। নিঃশব্দ অন্ধকার পথ দিয়ে ফিরতো তার বাবা, আর মীনাক্ষী অপেক্ষা করতো বাবার কন্ঠে হাওয়ায় ভেসে আসা কোনো এক সুরেলা কন্ঠের মোহে।
এই মোহ নতুন সংসারে এসে সে ভুলতে বসেছিল। নিখিলের একটু বড় হওয়ার পর নতুন করে সে তার বাবাকে ফিরে পেয়েছিল।
এর পর?
ঠিক বাবা যেমন হারিয়ে গিয়েছিল তেমন নয়, তবুও এই কন্ঠস্বর আর হাওয়ায় ভেসে আসতো না।
এই আফসোস সে কখনো বলে উঠতে পারে নি তবে তার অন্তরাত্মা বুঝেছিলো নিখিল একান্তে সুখে আছে এই জঙ্গলে তার ফিরে আসার কোনো দরকার নেই। পাছে আরো পাঁচ সাত কথা শুনতে হয় এজন্যেই নানান শব্দ শুনেও একটা শব্দও সে বলে নি।
নিখিল যে রাতে উচ্চ গ্রামে গান গায় সেই রাত তার বড় সুখের। পরের দিন সকালে স্বপ্নে তার মায়ের গান শুনেই ঘুম ভাঙে।
অতীত কে সামনে রেখে তার সমীক্ষা করা, জলে ভরা চোখ দেখতে কণা সাবলীল। সে এসব দেখছে ছোটো বেলা থেকে। ভূত ভবিষ্যত নিয়েও দেখেছে। শুধু বাকি ছিল বর্তমান নিয়ে সংবেদন দেখা।
রাণী দিনে দিনে অসুস্থ থেকে মৃতপ্রায় হতে চলেছে দেখে যেমন নিখিল কে সে দেখে ঠিক একই ভাবে সে তার মা কে দেখে।
ডায়ালাইসিস এর সময় শরীরের কষ্টে যখন নিখিলের হাত চেপে ধরে রাণী বলে আমি বাঁচবো তো, নিখিল তখন কণার হাত দুটো মা এর মাথায় রাখতে বলে। সে একটু স্বস্তি পায় এই কঠিন কঠোর অবস্থায়।
কণা কখনো কাঁদে না। সে এই হরি ঘোষের গোয়ালেই বড় হয়েছে। শুধু বুঝতে পারে এই মানুষ দুটো একাঙ্গী।
সে ভাবে এই অঙ্গের সাথেই সে সংযুক্ত। এরা একজন না থাকলে অন্যজন ও থাকবে কি?
সেদিন চোখে জল এসেছিলো তবে বর্ষায় নি। প্রথমে তার মনে পড়ল আম্মার কথা, একটু পরেই সে তার বাবার মুখটা দেখলো, শেষে মৃতপ্রায় মা।
এই কণা কখনো স্বপ্ন দেখে নি। অতীত তার কাছে সামান্য। সে শুধু বর্তমান নিয়ে চলে।
এই বাস্তব বোধ সেদিন রাণীকে শান্ত করেছিল। রাণী বুঝেছে সে চোখ বুজলে নিখিল কে নিয়ে তার আর ভাবতে হবে না।
এরপর কেটেছে বেশ কয়েক মাস। নিখিল নতুন পথে পা রেখেছে যেখানে তার পরিবারের মৃত মানুষেরা জেগে আছেন। হায় রে স্ত্রী প্রত্যয়। এটা ঠিক প্রত্যয়ীত নকল জীবনের মতন। কালক্রমে সেটা আসল হয়েছে ঠিকই তবুও একটা আসল এসেছে এই আধুনিক ভাবধারায়।
কঠিন বাস্তব কণা দেখে নি, আধপেটা খাওয়ার অর্থ তার কাছে অজ্ঞাত, যেটা সে বুঝেছে সেটা আসলে বেঁচে থাকা। সেখানে সে শ্রেষ্ঠ।
এইমাত্র রাণী চলে গেছে। সে নিখিলের কাছে পৌঁছেছে। সে রেখে গেছে একটা মণিহার।
কণা অতীত বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায় নি কখনো, সে বাস্তব নিয়ে ভালোই আছে।
রাণী, নিখিল অথবা কুমুদিনী মাঝে মধ্যেই তার মনে পরে, বিশেষ পাত্তা দেয় না সে।
সে শুধু কঠিন বাস্তব বুঝতে চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন