শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

খালাসি

শুরুটা অভাব থেকে আর শেষটা নিয়মের সাথে বাধা। ট্রাক এর বাঁ দিকের সিটে বসে দরজা চাপড়ে এগিয়ে চলতে গিয়ে ইচ্ছে হয়েছিল ওই গোল স্টিয়ারিং টা ধরার। সময় লেগেছে অনেক গুলো বছর। খাবার বানিয়ে একসাথে রাস্তার পাশে বসে খাওয়া, খুঁজে পেতে মাটন কিনে আনা, মশলাপাতি দিয়ে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে একটু বিশ্রাম, তারপর আবার দরজা চাপড়িয়ে সমুখে এগিয়ে চলা।
প্রথম যে দিন পরিতোষ স্টিয়ারিংয়ে বসেছিল সেদিন ওই ট্রাকের সারথি মদ খেয়ে চুর। পিছনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। তারস্বরে তারা হর্ন বাজাচ্ছে। সারথি বলবীর সিং তখন নিপাট মাতাল। অগত্যা সেই প্রথম বার পরিতোষ বসলো ড্রাইভার এর সিটে। প্রথমে গিয়ার টা নিউট্রাল আছে কি না দেখে চাবিটা ঘোরালো। শুরু হলো গাড়ির ইঞ্জিনের গর্জন। আলতো করে ক্ল্যাচে পা রেখে সে গিয়ার টার এক নম্বরে দিয়ে এক্সেলেটর এ চাপ দিলো। গাড়িটা একটু এগিয়ে থেমে গেলো। পিছনের ট্রাক এর ড্রাইভার মনে হয় কিছু বুঝতে পেরেছিল সে দিন। তিনি এলেন দেখালেন এবং বললেন তু বহৎ জলদ ড্রাইভার হোনেবালা হ। বলবীর মেরা দোস্ত হ, মে উনকো বতাদেঙ্গে।
এরপর পরিতোষকে আর ভাবতে হয় নি।
তবে এটুকু সে বুঝেছে রাস্তায় হেঁটে চলা তিন পেয়ে থেকে তিনশো পেয়ে বিশাল দেহ গুলো আসলে নির্বোধ। সে নিজে চলতে জানে না ড্রাইভারের হাত ধরে তাকে চলতে হয়। তার মনে হয়েছে সেও একদিন মা-বাবার হাত ধরে চলতে শিখেছিল, তারপর আর হাত ধরে তাকে হাঁটতে হয় নি কিন্তু এদের সেই মস্তিষ্ক নেই।
মানুষ না চালালে সে হয়ে পরে পক্ষাঘাতগ্রস্ত স্থবির।
সারি সারি গাড়ি চলেছে লাল পিঁপড়ের মতন লাইন দিয়ে আর বলবীর নাক ডাকছে গভীর ঘুমে।
হবে নাই বা কেন?
কমপক্ষে প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় মানুষ ঘুমিয়ে থাকে,আর বলবীর?
বছরে দু মাস সে বাড়িতে থাকে। পরিবারের সাথে থাকতে পারে এই সামান্য সময়, বাকিটা পথে।
চলমান পথ সে দেখতে পায়, পালানোর পথ সে খুঁজে পায় না। যখন সংসারে ফিরে আসে সে দেখতে পায় ছোট্ট মেয়েটা বেশ বড় হয়েছে, বড় ছেলেটার বিয়ে হয়েছে তবে রোজগার নেই বলে নানান অশান্তিতে সে ম্রিয়মাণ।
আসলে ইচ্ছে থাকলেও বেশ গুছিয়ে বড় হওয়ার ইচ্ছা বুভুক্ষু মানুষের কাছে আজ খুব কঠিন।
সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে না দাঁড়িয়ে থাকে মানুষ।
এখন প্রশ্ন ওঠে মানুষ বলতে এই পৃথিবী কি বোঝে?
বুঝতে শেখাটাও এখন একটা বোঝা। এই দুই বোঝা নিয়ে এগিয়ে চলছে সমাজ।
এ কোন সমাজ?
পরিতোষ কে বলবীর হাতে ধরে গাড়ি চালানো শিখিয়েছে কিন্তু একালে গাড়ির স্টিয়ারিং ধরতে কোনো পরিতোষ লাগে না। গাড়িটা এগিয়ে চলে, কথা বলে, থামে, দৌড়োয়। কে তাকে চালায়? পঁচা গলা পুরোনো গাড়ি গুলো এ কথা এখন ভাবে। সে জানে বুক ধরফর করা অথবা চাকার কম হাওয়া যারা দেখতো তেমন কেউই নেই। সে চলছে থামছে আবার চলছে।
কোনো অভিভাবক নেই তার ঠিক অতীতের সিটে বসা বলবীর কিংবা পরিতোষ এর মতন।
এ যন্ত্রণা সে সহ্য করতে পারে না। বিদ্রোহ করে। যান্ত্রিক আর অযান্ত্রিক অর্থ এই প্রথম এসেছে জীবনে। 
পরিতোষ এ সব বুঝতে নারাজ। তার না আছেন মা না ছিলো বাবা, না আছে ঘর না আছে সংসার শুধু সে আছে আর একটা স্টমাক আছে।
পরিতোষ আসলে একটা পাহাড় হতে চায় নি, সে চেয়েছিল একজন ড্রাইভার হতে।
সে খালাসি ছিল এখনও খালাসিই আছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন